সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
নিউইয়র্ক জেটসের ম্যাচ শেষে, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাইরে আগুন,  নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
নিউইয়র্ক জেটসের ম্যাচ শেষে, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাইরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মেটলাইফ স্টেডিয়ামের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) নিউইয়র্ক জেটস ও বাফেলো বিলসের মধ্যকার এনএফএল ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়ামের পূর্ব পাশের একটি অস্থায়ী তাঁবুতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। ধোঁয়া স্টেডিয়ামের ভেতরেও প্রবেশ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে নিউ জার্সি স্টেট পুলিশ।    এনবিসি নিউইয়র্কের প্রতিবেদন অনুযায়ী, রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ৫১ মিনিটের দিকে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামের লট এ পার্কিং এলাকার পাশে ধোঁয়া দেখতে পাওয়ার খবর পায় পুলিশ। স্থানটি স্টেডিয়ামের আমেরিকান এক্সপ্রেস বা অ্যামেক্স গেট এবং রেলস্টেশনের কাছাকাছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, ম্যাচ-পরবর্তী কার্যক্রমের জন্য স্থাপিত একটি তাঁবুতে আগুন জ্বলছে। এ সময় তাঁবুর ভেতরে কেউ ছিলেন না।   নিউ জার্সি স্টেট পুলিশের সার্জেন্ট চার্লস মার্চান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর নিউ জার্সি স্পোর্টস অ্যান্ড এক্সপোজিশন অথরিটি, মুনাকি ও কার্লস্টাড ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আগুনের ভয়াবহতা বিবেচনায় টু-অ্যালার্ম ফায়ার হিসেবে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে তাঁবুটি পুড়ে গেলেও আশপাশের অন্য কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।   এদিকে আগুনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দূর থেকেও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছিল। ইএসপিএনের নিউইয়র্ক জেটস বিষয়ক প্রতিবেদক রিচ সিমিনি জানান, অগ্নিকাণ্ডের সময় স্টেডিয়ামের ভেতরে থাকা ব্যক্তিদের পূর্ব পাশের প্লাজা ও রেলস্টেশনসংলগ্ন এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এর আগেই অধিকাংশ দর্শক স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছিলেন। ঘটনার কিছুক্ষণ পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।   অগ্নিকাণ্ডের আগে অনুষ্ঠিত ম্যাচে বাফেলো বিলসের কাছে ৩১-১২ পয়েন্টে পরাজিত হয় নিউইয়র্ক জেটস। এটি ছিল দলটির টানা পঞ্চম হার। ম্যাচ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট পর আগুনের ঘটনা ঘটে। পরাজয়ের পর স্টেডিয়ামের বাইরে অগ্নিকাণ্ডের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। তবে দলের পরাজয় কিংবা দর্শকদের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আগুনের সম্পর্ক রয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি।   নিউ জার্সি স্টেট পুলিশ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে নিউজার্সি ট্রানজিট কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেডিয়ামসংলগ্ন রেলস্টেশনের কাছে আগুন লাগলেও স্থানীয় ট্রেন চলাচলে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও বিপুলসংখ্যক দর্শকের সমাগমস্থলে এমন ঘটনা নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে সতর্কতার প্রয়োজনীয়তা সামনে এনেছে।   সংবাদসূত্র:   এবিসি ৭ নিউইয়র্ক, নিউ জার্সি স্টেট পুলিশ।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৯:৪৯
হ্যালোইন পার্টিতে 'পার্জ' মুখোশ পরে শিক্ষার্থীকে গুলি করে হ ত্যা
হ্যালোইন পার্টিতে 'পার্জ' মুখোশ পরে শিক্ষার্থীকে গুলি করে হ ত্যা, প্রধান সন্দেহভাজন শনাক্ত

কলোরাডোর বোল্ডারে হ্যালোইন পার্টিতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় প্রকাশ করা সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজনদের শনাক্ত করেছে পুলিশ। কলোরাডো ইউনিভার্সিটি বোল্ডার-এর ১৯ বছর বয়সী শিক্ষার্থী লুকা হ্যানলনকে হত্যার ঘটনায় ১৮ বছর বয়সী ওমর পেরেজকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বোল্ডার পুলিশের মুখপাত্র ডিওন ওয়াউ নিশ্চিত করেছেন যে, ভিডিও এবং ছবিতে থাকা অন্য সন্দেহভাজনদেরও শনাক্ত করা হয়েছে। প্রসিকিউটররা বর্তমানে এই ঘটনায় অতিরিক্ত অভিযোগ গঠনের বিষয়টি বিবেচনা করছেন।   পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী, গত ৩১ অক্টোবর হ্যালোইনের রাতে বোল্ডারের মেরিন স্ট্রিটের একটি বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল। অতিরিক্ত শব্দের অভিযোগ পেয়ে রাত ৯টা ৫৮ মিনিটে পুলিশ সেখানে গিয়ে পার্টি বন্ধের নির্দেশ দিলে শত শত মানুষ সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এর প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ আবারও ঘটনাস্থলে ছুটে যায়।   প্রত্যক্ষদর্শীরা জানান, পেরেজ শুরুতে বেরিয়ে গেলেও পরে আরও ছয়জনকে নিয়ে পার্টিতে ফিরে আসে। তাদের চলে যেতে বললে পেরেজ ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বসার ঘর ও বারান্দায় হাতাহাতি শুরু হয়। এ সময় পেরেজের পরনে সোয়াট (SWAT) ইউনিফর্ম এবং একটি 'পার্জ' (Purge) মুখোশ ছিল। একপর্যায়ে বাড়ির এক বাসিন্দা পেরেজকে জাপটে ধরলে সে বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যায় লুকা হ্যানলন এবং পায়ে গুলিবিদ্ধ হয় আরও এক শিক্ষার্থী।   এই নির্মম হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তারের পেছনে পেরেজের বোনের দেওয়া তথ্য বড় ভূমিকা রেখেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও ছবি প্রকাশ করার পর পোশাক দেখে নিজের ভাইকে চিনতে পারেন পেরেজের বোন। এরপর তিনি ‘লাইফ৩৬০’ (Life360) অ্যাপের মাধ্যমে ভাইয়ের অবস্থান যাচাই করে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।   তিনি পুলিশকে জানান, ঘটনার কয়েকদিন আগেই পেরেজ অবৈধভাবে একটি ১০ মিলিমিটারের গ্লক পিস্তল কিনেছিল। এমনকি ঘটনার পর একটি লাল রঙের অডি গাড়িতে পেরেজকে নিতে গেলে তিনি গাড়ির মেঝেতে ওই 'পার্জ' মুখোশটি দেখতে পান। পেরেজ কলোরাডো ইউনিভার্সিটির শিক্ষার্থী নয় এবং তাকে থর্নটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোল্ডার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের মুখপাত্র শ্যানন কারবোন।   পেরেজকে বর্তমানে জামিন অযোগ্য অবস্থায় কারাগারে রাখা হয়েছে এবং ২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি তার প্রাথমিক শুনানির দিন ধার্য করা হয়েছে। তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডার বা প্রথম মাত্রার খুনসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি হিসেবে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।   এদিকে নিহত লুকা হ্যানলন ছিলেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া প্রোডাকশন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে শোকাহত বন্ধু জ্যাক অ্যান্ডারসন জানান, লুকা ছিলেন একজন আদর্শ নাগরিক ও সেরা বন্ধু, যার মতো হতে চাইতেন তিনি নিজেই। এই মর্মান্তিক ঘটনা পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শোকের ছায়া ফেলেছে।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৯:৩২
জোহরান মামদানি পুলিশের একটি বিশেষ ও বিতর্কিত ইউনিট স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন। ছবি: সংগৃহীত
নিউ ইয়র্ক সিটির বিতর্কিত বিশেষ পুলিশ বাহিনী বিলুপ্ত, ঐতিহাসিক পদক্ষেপ মামদানির

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি পুলিশের একটি বিশেষ ও বিতর্কিত ইউনিট—স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ (SRG)—বিলুপ্ত করার যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। এই ইউনিটটি মূলত কাউন্টার টেররিজম এবং আন্দোলন-বিক্ষোভ দমনে কাজ করত। এর পরিবর্তে বিক্ষোভ মোকাবেলায় একটি অস্ত্রহীন বেসামরিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।   ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দিয়ে মেয়র মামদানি জানান, বিক্ষোভ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই পরিবর্তন পুলিশি দৃষ্টিভঙ্গির একটি বৃহত্তর পরিবর্তনের অংশ। সিটি হলের অফিস অব কমিউনিটি সেফটির অধীনে একটি নতুন “কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এসকালিয়েশন ডিভিশন” তৈরি করা হচ্ছে। এই বাহিনীতে কোনো সশস্ত্র বা ইউনিফর্মধারী পুলিশ থাকবে না, বরং বেসামরিক কর্মীরা আলোচনার মাধ্যমে বিক্ষোভ সামাল দেবেন। তবে আইনশৃঙ্খলা রক্ষায় বা প্রয়োজনে প্রশিক্ষিত পুলিশ অফিসারদের ডেকে গ্রেফতারের ব্যবস্থা বহাল রাখা হবে।   নির্বাচনী প্রচারণায় এসআরজি (SRG) ইউনিটটি বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। বামপন্থী মহলের দীর্ঘদিনের দাবির মুখে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রশাসনের প্রথম বড় ধরনের পুলিশি সংস্কার। পুলিশ বিভাগের মোট জনবল বা কর্মীর সংখ্যা অপরিবর্তিত থাকছে।   এদিকে, এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ইসরায়েল-সংক্রান্ত বিভিন্ন বিক্ষোভ ও ইহুদি অধ্যুষিত এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। বামপন্থী রাজনৈতিক চাপ এবং ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মাঝেই এই নতুন পদ্ধতির প্রবর্তন করলেন মেয়র। মামদানি আশা প্রকাশ করেছেন যে, এই সংস্কারের ফলে জননিরাপত্তা এবং জনগণের মৌলিক স্বাধীনতার সুরক্ষা আরও সুদৃঢ় হবে, যেখানে সব সম্প্রদায় সমানভাবে আস্থার পরিবেশ ফিরে পাবে।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৯:৩১
২০২৭ সালের গ্র্যামিতে সর্বোচ্চ ১১ মনোনয়ন ব্রিটিশ সংগীতশিল্পী রায়ের, তালিকায় ম্যাডোনা-অলিভিয়া
২০২৭ সালের গ্র্যামিতে সর্বোচ্চ ১১ মনোনয়ন ব্রিটিশ সংগীতশিল্পী রায়ের, তালিকায় ম্যাডোনা-অলিভিয়া

সংগীতজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ২০২৭ সালের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এবারের ৬৯তম আসরে সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে আলোচনার শীর্ষে রয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী রায়ে। তাঁর পরেই ৯টি মনোনয়ন নিয়ে রয়েছেন স্পেনের রোসালিয়া। অন্যদিকে অলিভিয়া রদ্রিগো, ফিবি ব্রিজার্স, মিরান্ডা ল্যামবার্ট ও এলা ল্যাংলি পেয়েছেন সাতটি করে মনোনয়ন। পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনাও একাধিক বিভাগে মনোনীত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের রেকর্ডিং একাডেমি আনুষ্ঠানিকভাবে মনোনীত শিল্পী ও গানের তালিকা প্রকাশ করে।   বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, রায়ের অ্যালবাম ‘দিস মিউজিক মে কনটেইন হোপ’ এবারের অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে মনোনীত হয়েছে। তাঁর ‘হোয়্যার ইজ মাই হাজব্যান্ড!’ গানটি রেকর্ড অব দ্য ইয়ার এবং সং অব দ্য ইয়ার বিভাগেও জায়গা পেয়েছে। এক বছরে ১১টি মনোনয়ন পেয়ে নারী শিল্পী হিসেবে বিয়ন্সের ২০২৫ সালের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। ক্যারিয়ারে এ পর্যন্ত ১৫টি গ্র্যামি মনোনয়ন পেলেও প্রতিযোগিতামূলক কোনো বিভাগে এখনো পুরস্কার জেতেননি রায়ে।   অন্যদিকে স্পেনের সংগীতশিল্পী রোসালিয়া তাঁর ‘লুক্স’ অ্যালবাম দিয়ে ৯টি মনোনয়ন পেয়েছেন। বছরের সেরা অ্যালবাম, রেকর্ড ও গানের মতো গুরুত্বপূর্ণ বিভাগেও রয়েছেন তিনি। সাতটি মনোনয়ন পেয়েছেন মার্কিন সংগীতশিল্পী অলিভিয়া রদ্রিগো। তাঁর তৃতীয় অ্যালবাম ‘ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভ’ বছরের সেরা অ্যালবামের প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। পাশাপাশি ম্যাডোনার ‘কনফেশনস টু’ সেরা ড্যান্স বা ইলেকট্রনিক অ্যালবাম এবং ‘আই ফিল সো ফ্রি’ সেরা ড্যান্স বা ইলেকট্রনিক রেকর্ডিং বিভাগে মনোনীত হয়েছে।   এবারের অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে আরও রয়েছেন টেইলর সুইফট, ব্রুনো মার্স, অলিভিয়া ডিন, এলা ল্যাংলি ও ফিবি ব্রিজার্স। টেইলর সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামও মনোনয়ন পেয়েছে। এ নিয়ে টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য বছরের সেরা অ্যালবাম বিভাগে মনোনীত হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। অন্যদিকে বিয়ন্সে তাঁর ক্যারিয়ারের শততম গ্র্যামি মনোনয়ন পেয়েছেন।   রেকর্ডিং একাডেমি জানিয়েছে, এবারের গ্র্যামিতে মোট ১০০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। নতুন পাঁচটি বিভাগও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেরা এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স ও সেরা লাতিন গান। মনোনয়নের জন্য ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে ২০২৬ সালের ২৮ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রকাশিত সংগীতকর্মগুলো বিবেচনা করা হয়েছে। বিজয়ী নির্ধারণে চূড়ান্ত ভোট গ্রহণ চলবে আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত।   আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৭ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি টেলিভিশন। পাশাপাশি ডিজনি প্লাস ও হুলুতেও দেখা যাবে। এবারের মনোনয়নে নারী সংগীতশিল্পীদের শক্তিশালী উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।   সংবাদসূত্র: রেকর্ডিং একাডেমি, অ্যাসোসিয়েটেড প্রেস, এবিসি নিউজ।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৯:২৯
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতি রোধে সব শিক্ষার্থীর চশমা নিবিড়ভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: সংগৃহীত
এআই দিয়ে পরীক্ষায় ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম: তোলপাড় দক্ষিণ কোরিয়ায়

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতি রোধে কঠোর অবস্থানে নেমেছে দক্ষিণ কোরিয়া। চলতি সপ্তাহে অনুষ্ঠেয় দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর চশমা নিবিড়ভাবে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি দেশটির অত্যন্ত কঠিন একটি পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অধিকারী এক পরীক্ষার্থী এআই ব্যবহার করে নকলের কথা স্বীকার করার পর এই জরুরি পদক্ষেপ নেওয়া হলো।   এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর দেশটির কঠোর পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী হান সুং-সুক সরকারি কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে তিনি শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন, পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের কাছ থেকে সব ধরনের স্মার্ট ডিভাইস জমা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে।   দেশের শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন পার্লামেন্টে জানান, সুষ্ঠু ও নিরাপদ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি সেশনে পরীক্ষার্থীদের সব চশমা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। ইতিমধ্যেই পরীক্ষার হলে নিষিদ্ধ পণ্যের তালিকায় 'স্মার্ট গ্লাস' যুক্ত করা হয়েছে। স্মার্ট ডিভাইস ব্যবহার করে কেউ নকল করলে তার বিরুদ্ধে ফৌজদারি শাস্তির বিধানও কার্যকর হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।   (সিএসএটি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। তীব্র প্রতিযোগিতাপূর্ণ কোরিয়ান সমাজে ভবিষ্যৎ সাফল্য ও সামাজিক মর্যাদার মাপকাঠি হিসেবে বিবেচিত এই পরীক্ষায় প্রায় ৫ লাখ ৫০ হাজার শিক্ষার্থী অংশ নেবে। প্রতিবছর এই পরীক্ষার দিন পুরো দেশ কার্যত স্থবির হয়ে পড়ে; এমনকি আধা ঘণ্টার ‘লিসেনিং’ পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে আকাশপথে উড়োজাহাজ ওঠানামাও বন্ধ রাখা হয়।   মূলত রোববার অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেশটির কর হিসাবরক্ষক (ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট) পরীক্ষায় প্রথম হওয়া এক শিক্ষার্থী জালিয়াতির কথা স্বীকার করার পরই নিয়মে এই কড়াকড়ি আরোপ করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষার ১৬০টি প্রশ্নের মধ্যে ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম হওয়া ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর রোববার তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। আইনজীবীর মাধ্যমে দেওয়া স্বীকারোক্তিতে ‘হান’ পদবির ওই পরীক্ষার্থী জানান, পরীক্ষার হলে একটিক্ষুদ্র ক্যামেরার সাহায্যে প্রশ্নপত্রের ছবি তুলে তা জেনারেটিভ এআইয়ের কাছে পাঠাতেন। পরে স্মার্টফোনে এআইয়ের দেওয়া উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখতেন।    চলতি বছরের এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা পরীক্ষার দুই ধাপেই প্রথম হয়েছিলেন হান। প্রথম ধাপের ৪০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৩৯৭ দশমিক ৫ নম্বর। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল হয়েছিল। তার এমন অবিশ্বাস্য ফলাফল ঘিরে কয়েক মাস ধরেই সন্দেহ তৈরি হয়েছিল। উঠেছিল স্মার্ট চশমা ব্যবহার করে জালিয়াতির অভিযোগও। তবে শুরুতে অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।    দক্ষিণ কোরিয়ার অ্যাটর্নি লি দন-হোর ইউটিউব চ্যানেলে দেওয়া এক বক্তব্যে হান বলেন, ‘আমি ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে প্রতারণা করেছি। সর্বোচ্চ নম্বর নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমার ন্যায্য পরিশ্রমের ফল নয়।’ এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন তিনি। সিউল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে তারা লিখিত স্বীকারোক্তি পেয়েছে। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এ ঘটনা দক্ষিণ কোরিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশটিতে সামাজিক অবস্থান ও পেশাগত ভবিষ্যৎ নির্ধারণে প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’।    এ পরীক্ষাকে সামনে রেখে এআই ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সামনে রেখে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) পরীক্ষায় সম্ভাব্য জালিয়াতির বিষয়টিও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।    এদিকে প্রধানমন্ত্রী হান সিয়ং-সুকও এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কায় জনসাধারণের উদ্বেগের কথা স্বীকার করেছেন। তার কার্যালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যাতে সুষ্ঠু, ন্যায্য ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত পুরো পরীক্ষাপ্রক্রিয়ার ওপর নজরদারি অব্যাহত থাকবে।   সূত্র : রয়টার্স।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৯:১৪
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করে আলোচনায় এসেছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার। ছবি: সংগৃহীত
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অনন্য মুহূর্ত! পবিত্র কোরআন তিলাওয়াত করে আলোচনায় মুসলিম ছাত্রী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করে আলোচনায় এসেছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার। ২০২৬ সালের ২৬ মে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে বিশ্ববিদ্যালয়টির ব্যাকালরিয়েট অনুষ্ঠানে তিনি কোরআনের দুটি সূরা থেকে নির্বাচিত আয়াত তিলাওয়াত করেন। তাঁর সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে।   হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কর্মসূচি অনুযায়ী, ২৬ মে হার্ভার্ড ইয়ার্ডের ঐতিহাসিক টারসেন্টেনারি থিয়েটারে ব্যাকালরিয়েট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের মূল সমাবর্তনের আগে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী আয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের প্রতিনিধিদের অংশগ্রহণ এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠের ব্যবস্থা ছিল।   বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত অনুষ্ঠানের সূচিতে দেখা যায়, মুসলিম ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসেবে সুহেইলা মুখতার পবিত্র কোরআনের সূরা আন নূরের ৩৫ নম্বর আয়াত এবং সূরা আল আলাকের প্রথম ১৪টি আয়াত আরবি ভাষায় তিলাওয়াত করেন। একই অংশের ইংরেজি পাঠ করেন হার্ভার্ডের আরেক শিক্ষার্থী আলায়ে আবুসাদ। ধর্মীয় বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে এই পাঠ ছিল নির্ধারিত কর্মসূচির অংশ।   সুহেইলার তিলাওয়াতের ভিডিও পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে সূরা আল আলাকের আয়াত তিলাওয়াতের অংশটি অনেকের নজর কাড়ে। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই সূরার প্রথম আয়াতগুলো মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অবতীর্ণ প্রথম ওহি। এতে পাঠ, জ্ঞান অর্জন ও সৃষ্টিকর্তার মহিমার বিষয়টি গুরুত্ব পেয়েছে।   সুহেইলা মুখতার হার্ভার্ডের ২০২৬ সালের স্নাতক ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি হিউম্যান ডেভেলপমেন্টাল অ্যান্ড রিজেনারেটিভ বায়োলজি বিষয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি তাঁর শিক্ষার অন্যতম ক্ষেত্র ছিল গ্লোবাল হেলথ অ্যান্ড হেলথ পলিসি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তিনি স্বাস্থ্যবিষয়ক কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন।   হার্ভার্ডের ব্যাকালরিয়েট আয়োজনের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের শিক্ষার্থীদের পবিত্র গ্রন্থ থেকে পাঠ করার সুযোগ দেওয়া হয়। ২০২৬ সালের অনুষ্ঠানেও মুসলিম ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি অন্য ধর্মীয় ঐতিহ্য থেকে পাঠের আয়োজন ছিল।   উল্লেখ্য, কোরআন তিলাওয়াতের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৬ মে। আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মূল সমাবর্তন অনুষ্ঠিত হয় ২৮ মে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই দৃশ্য মূল সমাবর্তনের নয়, বরং সমাবর্তন সপ্তাহের আনুষ্ঠানিক ব্যাকালরিয়েট আয়োজনের অংশ।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৯:২
অস্ত্রোপচারের ক্ষত শুকানোর আগেই সহপাঠীদের হামলা
অস্ত্রোপচারের ক্ষত শুকানোর আগেই সহপাঠীদের হামলা, উল্টো শাস্তি পেল আক্রান্ত কিশোর

আমেরিকার ক্যালিফোর্নিয়ার অভিজাত বেভারলি হিলস হাইস্কুলে এক কিশোরকে ঘিরে ধরে দলবদ্ধভাবে মারধরের চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এসেছে। গত ১২ মার্চ স্কুলের ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবারের সময় এই ভয়ংকর ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, ১৬ বছর বয়সী ওই কিশোরকে মেঝেতে ফেলে এলোপাতাড়ি কিল-ঘুষি মারছে একদল শিক্ষার্থী।   আশ্চর্যের বিষয় হলো, আক্রান্ত ওই কিশোর কয়েকদিন আগেই একটি গুরুতর অস্ত্রোপচার শেষে স্কুলে ফিরেছিল। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের চরম গাফিলতি এবং আক্রান্ত কিশোরকেই উল্টো শাস্তি দেওয়ার অভিযোগ তুলে লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।   মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন ক্যাফেটেরিয়ায় অন্তত ছয়জন শিক্ষার্থী ওই কিশোরকে ঘিরে ধরে। তারা তাকে গুলি করার এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর একজন শিক্ষার্থী হঠাৎ তাকে মাথায় ঢুস মারে এবং ঘুষি বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আরও বেশ কয়েকজন শিক্ষার্থী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অথচ ওই কিশোর গত ২৪ জানুয়ারি সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে একটি অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছিল।   চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী পাঁচ মাস তার যেকোনো ধরনের কন্ট্যাক্ট স্পোর্টস বা ভারী শারীরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ছিল। স্কুলের কর্মীদের কাছে তার স্বাস্থ্যগত এই বিধিনিষেধের ডাক্তারি সনদও জমা দিয়েছিল তার পরিবার। ভিডিওতেও শোনা যায়, মারধরের সময় জটলার ভেতর থেকে এক শিক্ষার্থী চিৎকার করে সতর্ক করে বলছিল যে, ছেলেটির সম্প্রতি অপারেশন হয়েছে। তবুও হামলাকারীরা থামেনি।   অভিযোগ উঠেছে, মারামারি থামাতে স্কুল কর্তৃপক্ষের চরম গাফিলতি ছিল। ক্যাফেটেরিয়ার দায়িত্বে থাকা এক কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণের বদলে সাহায্য ডাকার নাম করে সেখান থেকে চলে যান। তিনতলার প্যাটিও থেকে আরেক কর্মী ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হামলাকারীদের সরিয়ে নেওয়ার চেষ্টা চলাকালেও তারা মেঝেতে পড়ে থাকা ওই কিশোরকে ক্রমাগত লাথি ও ঘুষি মারতে থাকে। পরে তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে সিডারস-সিনাই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, সে মাথায় গুরুতর আঘাত (ক্লোজড হেড ইনজুরি) পেয়েছে।   সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ংকর ঘটনার পর ভুক্তভোগী কিশোরকেই স্কুল থেকে পাঁচ দিনের জন্য বরখাস্ত করা হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, সে মারামারিতে স্বেচ্ছায় বলপ্রয়োগ করেছে। পরে মায়ের ক্রমাগত আপত্তির মুখে বরখাস্তের মেয়াদ এক দিন কমিয়ে চার দিন করা হলেও কিশোরের রেকর্ড থেকে শাস্তির বিষয়টি সম্পূর্ণ মুছে ফেলতে অস্বীকৃতি জানায় স্কুল কর্তৃপক্ষ।   ভুক্তভোগীর মায়ের দাবি, তার ছেলে সম্পূর্ণ আত্মরক্ষার্থে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। স্কুল কেন প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আক্রান্ত ছাত্রকেই শাস্তি দিল, তা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, কোনো অভিভাবককেই সন্তানের নিরাপত্তার বিষয়ে স্কুলে এসে এতটা হয়রানির শিকার হওয়া উচিত নয়।   স্কুল ডিস্ট্রিক্টের কাছে এর আগে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা হলেও গত ২৮ জুলাই তা প্রত্যাখ্যান করা হয়। এরপর বাধ্য হয়ে বেভারলি হিলস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টসহ ৭৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করে পরিবারটি। এর মধ্যে দায়িত্বে অবহেলার জন্য স্কুলের ৫০ জন কর্মী এবং সরাসরি হামলায় জড়িত থাকার অভিযোগে ২৫ জন শিক্ষার্থীর নাম রয়েছে। শারীরিক ও মানসিক ক্ষতি এবং চিকিৎসার ব্যয়ভার মেটাতে স্কুল ডিস্ট্রিক্ট ও হামলাকারী শিক্ষার্থীদের কাছে ৩৫ হাজার ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৯:২
নিউইয়র্কের ব্রুকলিনে ভবনধসে ৮ জনের মৃত্যু, অনাগত সন্তানের মুখ দেখা হলো না এক শ্রমিকের
নিউইয়র্কের ব্রুকলিনে ভবনধসে ৮ জনের মৃত্যু, অনাগত সন্তানের মুখ দেখা হলো না এক শ্রমিকের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে ভবনধসে নিহত ২৬ বছর বয়সী নির্মাণশ্রমিক হোসে লুইস কাগুয়ানার শেষকৃত্য সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছয় বছর আগে ইকুয়েডর থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি। পরিবারের জন্য কাজ করছিলেন একটি নির্মাণ প্রকল্পে। কিন্তু গত বুধবার ভবনধসে প্রাণ হারান এই তরুণ। তাঁর স্ত্রী নাতালি কাগুয়ানা বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা। তাঁদের চার বছর বয়সী আরেকটি ছেলেও রয়েছে। এদিকে ভবনধসে নিহতের সংখ্যা আটজনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১৮ জন।   মার্কিন সংবাদমাধ্যম এবিসি ৭ নিউইয়র্কের প্রতিবেদন অনুযায়ী, ব্রুকলিনের সেন্ট বারবারা রোমান ক্যাথলিক চার্চে স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৯টায় হোসে লুইস কাগুয়ানার শেষকৃত্য নির্ধারণ করা হয়েছে। রোববার তাঁর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্য ও স্বজনেরা অংশ নেন। স্বামীর মৃত্যুতে শোকাহত অবস্থায় সেখানে উপস্থিত ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী নাতালি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, হোসে সংসারের জন্য কঠোর পরিশ্রম করতেন। অনাগত সন্তানের জন্মের অপেক্ষায় থাকা পরিবারটি এখন তাঁর আকস্মিক মৃত্যুতে বিপর্যস্ত।   গত বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার কিছু পর ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ১৩২১ নম্বর ভবনটি ধসে পড়ে। তিনতলা আবাসিক ও বাণিজ্যিক ভবনটি পাশের ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউয়ের নির্মাণাধীন জায়গার ওপর ভেঙে পড়ে। এ সময় সেখানে মাটি খননের কাজ চলছিল। ধসে পাশের আরেকটি ভবনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বাসিন্দা ও নির্মাণশ্রমিকেরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।   নিউইয়র্কের ফায়ার বিভাগের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে ৯ বছর বয়সী নিকোল ড্যানিয়েলা সালভাদা রদ্রিগেজ এবং ১০ বছর বয়সী কেভিন সান্তিয়াগো রেয়েস গনজালেস রয়েছে। তারা সম্পর্কে কাজিন। নিহতদের মধ্যে নির্মাণশ্রমিকও রয়েছেন। বৃহস্পতিবার উদ্ধার অভিযান শেষ করে দুর্ঘটনাস্থল ভবন বিভাগ ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।   এদিকে ভবনধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস। কর্তৃপক্ষ জানিয়েছে, পাশের নির্মাণ প্রকল্পটিতে মাটি খনন ও ভিত্তি নির্মাণের অনুমতি ছিল। তবে সেই নির্মাণকাজের সঙ্গে ভবনধসের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। তদন্ত চলাকালে সংশ্লিষ্ট নির্মাণস্থলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।   দুর্ঘটনার পর নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় মানুষ। রোববার রাতে ঘটনাস্থলের কাছে নিহতদের স্মরণে প্রার্থনার আয়োজন করা হয়। পাশের বেথেসডা চার্চ অব গডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন। এদিকে নিহতদের স্বজনেরা ভবনধসের প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও দায় নির্ধারণের দাবি জানিয়েছেন।   সংবাদসূত্র: এবিসি ৭ নিউইয়র্ক, নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৮:৪৫
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে টানা তিন বছর বৃদ্ধির পর এবার ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ৬ দশমিক ৫ শতাংশ কমেছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী কমেছে সাড়ে ৬ শতাংশ, বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে টানা তিন বছর বৃদ্ধির পর এবার কমেছে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশটিতে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ৬ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৪৩৫ জনে। একই সময়ে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত আন্তর্জাতিক শিক্ষার্থীবিষয়ক ওপেন ডোরস রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।   নিউইয়র্কভিত্তিক ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের (আইআইই) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬৩ হাজার ১৯ জন। এক বছরের ব্যবধানে এই সংখ্যা কমেছে ২৩ হাজার ৫৮৪ জন। তবে শিক্ষার্থী কমলেও টানা তৃতীয় বছরের মতো যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় উৎস দেশ হিসেবে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। দেশটির মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর ২৯ দশমিক ৬ শতাংশই ভারতীয়।   প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীর মোট সংখ্যাও কমেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশটিতে বিদেশি শিক্ষার্থী ছিলেন ১১ লাখ ৭৭ হাজার ৭৬৬ জন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ১৬৩ জনে। অর্থাৎ এক বছরে কমেছে প্রায় ২ দশমিক ৭ শতাংশ। সবচেয়ে বড় পতন ঘটেছে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে। নতুন শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ১২৩ জনে।   ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গ্র্যাজুয়েট পর্যায়ে। এই পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৪ শতাংশ কমে ১ লাখ ১৬ হাজার ৬০৯ জনে নেমেছে। অন্যদিকে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ শতাংশ কমেছে। তবে পড়াশোনা শেষে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটিতে অংশ নেওয়া ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৭ শতাংশ বেড়ে ১ লাখ ৮২ হাজার ২০১ জনে পৌঁছেছে।   অন্যদিকে বাংলাদেশের জন্য প্রতিবেদনে ইতিবাচক চিত্র উঠে এসেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের ২০ হাজার ১৫৬ জন থেকে বেড়ে ২২ হাজার ৫৩৪ জন হয়েছে। এতে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ নবম অবস্থানে উঠে এসেছে। একই সময়ে চীনা শিক্ষার্থীর সংখ্যা ৪ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫৮ জনে। বিপরীতে নেপালের শিক্ষার্থী বেড়েছে ১৬ দশমিক ৭ শতাংশ।   ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অভিবাসন ও স্টুডেন্ট ভিসার আবেদন যাচাইয়ে কড়াকড়ি, আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ এবং পড়াশোনা শেষে চাকরির সুযোগ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই শিক্ষার্থী কমার এই তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমার কথা জানানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৮ শতাংশ ভিসা আবেদনপ্রক্রিয়াকে এবং ৭০ শতাংশ ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধকে প্রভাবক হিসেবে উল্লেখ করেছে। তবে ভারতীয় শিক্ষার্থী কমার পেছনে একক কোনো কারণ নিশ্চিত করা হয়নি।   প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে রয়েছে গণিত, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গণিত ও কম্পিউটার সায়েন্সে ২ লাখ ৮৬ হাজারের বেশি এবং ইঞ্জিনিয়ারিংয়ে ২ লাখ ১৪ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন। সামগ্রিকভাবে নতুন শিক্ষার্থী ভর্তি কমলেও ওপিটিতে অংশগ্রহণ বেড়েছে ১৪ শতাংশ। ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও পড়াশোনা শেষে কাজের সুযোগের ক্ষেত্রে ভিন্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৮:৪৪
জন্মের পর অপরিণত শিশু হিসেবে যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটেই এখন সহযোগী অধ্যাপক ডা. শাওলী সরকার। ছবি: সংগৃহীত
যে হাসপাতালে অপরিণত শিশু হিসেবে ভর্তি ছিলেন, সেখানেই আজ সহযোগী অধ্যাপক ডা. শাওলী

জন্মের পর অপরিণত শিশু হিসেবে যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল, সেই হাসপাতালেই এখন সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. শাওলী সরকার। বাংলাদেশের শিশুস্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সঙ্গে নিজের জীবনের এই অসাধারণ যোগসূত্রের কথা জানিয়েছেন তিনি। বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা নতুন করে সামনে এনেছে অপরিণত শিশুদের চিকিৎসা ও দীর্ঘমেয়াদি পরিচর্যার গুরুত্ব।   রোববার (১৫ নভেম্বর) বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জীবনের এই গল্প তুলে ধরেন ডা. শাওলী সরকার। পোস্টের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্‌ক্তি ‘আমারে তুমি অশেষ করেছ’ উল্লেখ করে তিনি জানান, জন্মের পর অপরিণত শিশু হিসেবে তাঁকে বাংলাদেশ শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ পথ পেরিয়ে সেই হাসপাতালেই আজ তিনি চিকিৎসক ও শিক্ষক হিসেবে কাজ করছেন।   নিজের জীবনের এই ঘটনাকে সৌভাগ্য ও সৃষ্টিকর্তার বিচিত্র খেলা হিসেবে বর্ণনা করেন তিনি। হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আমাকে বাঁচানোর জন্য এবং অন্য শিশুদের বাঁচানোর সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।’ নিজের কর্মস্থল নিয়েও গর্ব প্রকাশ করেন এই চিকিৎসক।   বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, ডা. শাওলী সরকার বর্তমানে প্রতিষ্ঠানটির পেডিয়েট্রিক নিউরোসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক। শিশুদের স্নায়ুবিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসাশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। একসময় যে প্রতিষ্ঠানে নিজে চিকিৎসা পেয়েছিলেন, এখন সেই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।   চলতি বছর বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসের প্রতিপাদ্য ‘ছোট্ট শিশু, অপার সম্ভাবনা। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় ফলোআপ সেবায় বিনিয়োগ করুন।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ১০টি শিশুর মধ্যে প্রায় একটি শিশু নির্ধারিত সময়ের আগেই জন্ম নেয়। প্রতিবছর প্রায় দেড় কোটি শিশু অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করে। এসব শিশুর অনেকেরই শ্বাসপ্রশ্বাস, সংক্রমণ, শারীরিক বৃদ্ধি ও স্নায়বিক বিকাশসংক্রান্ত জটিলতার ঝুঁকি থাকে।   বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অপরিণত শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিকাশ পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রাখা জরুরি। সঠিক সময়ে চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা গেলে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব। চলতি বছরের প্রতিপাদ্যে বিশেষভাবে এই ফলোআপ সেবার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।   এর আগে প্রতিবছর ১৭ নভেম্বর বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস পালিত হতো। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তির পর ২০২৬ সাল থেকে দিবসটি ১৫ নভেম্বর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরায়ুমুখ ক্যানসার নির্মূলবিষয়ক আন্তর্জাতিক দিবসের সঙ্গে তারিখের সংঘর্ষ এড়াতেই এই পরিবর্তন।   অপরিণত শিশু হিসেবে চিকিৎসা পাওয়া ডা. শাওলী সরকারের সহযোগী অধ্যাপক হয়ে ওঠার গল্প তাই শুধু ব্যক্তিগত সাফল্যের ঘটনা নয়, বরং সময়মতো চিকিৎসা, নিয়মিত পরিচর্যা এবং শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরে।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৮:৩৩
পাহাড়সম ঋণ মেটাতে কিডনি ও অণ্ডকোষ বিক্রি করছেন অভাবগ্রস্ত ইরানিরা
পাহাড়সম ঋণ মেটাতে কিডনি ও অণ্ডকোষ বিক্রি করছেন অভাবগ্রস্ত ইরানিরা

ক্রমবর্ধমান ঋণের বোঝা ও নিত্যপণ্যের লাগামহীন দামে দিশেহারা হয়ে পড়েছেন ইরানের শ্রমজীবী মানুষ। সংসারের দৈনন্দিন খরচ মেটাতে এবং পাহাড়সম ঋণ পরিশোধ করতে বাধ্য হয়ে নিজেদের কিডনি, যকৃতের (লিভার) টিস্যু, এমনকি অস্থিমজ্জা বিক্রির পথে হাঁটছেন অনেকেই।   চরম দারিদ্র্যের কারণে তেহরানের বিভিন্ন সড়কের দেওয়াল ও ভবনের দরজায় এখন শোভা পাচ্ছে নিজেদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির মর্মান্তিক সব বিজ্ঞাপন। ইরানের শ্রমবিষয়ক সংবাদ সংস্থা আইএলএনএ এবং সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেশটির নাগরিকদের এই চরম দুর্দশার চিত্র উঠে এসেছে।   পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, তেহরানের ফারহাং হোসেইনি স্ট্রিট এলাকাটি এখন লোকমুখে ‘কিডনি স্ট্রিট’ নামে পরিচিতি পেয়েছে। সাদরা হাসপাতালের এক কর্মীর মতে, সেখানে একটি কিডনি সাধারণত ৩০ থেকে ৪০ বিলিয়ন রিয়ালে (প্রায় ১১ হাজার ৫০০ থেকে ১৫ হাজার ৩০০ ডলার) বিক্রি হচ্ছে। তবে বিরল রক্তের গ্রুপের ক্ষেত্রে এই দাম ৫০ বিলিয়ন রিয়াল পর্যন্তও পৌঁছাচ্ছে।   অভাবের তাড়নায় ৩৩ বছর বয়সী এক নির্মাণশ্রমিক নিজের ঋণ মেটাতে অস্থিমজ্জার পাশাপাশি কিডনি ও যকৃতের টিস্যু বিক্রির প্রস্তাব দিয়েছেন। এমনকি এক ব্যক্তি তো মরিয়া হয়ে অণ্ডকোষ বিক্রিরও বিজ্ঞাপন দিয়েছেন। আইএলএনএ-র প্রতিবেদক তাকে যখন জানান যে, ইরানে চিকিৎসাবিজ্ঞানে অণ্ডকোষ প্রতিস্থাপন করা হয় না, তখন ওই ব্যক্তি জানান যে বিষয়টি তার জানা ছিল না। মূলত ৭০০ থেকে ৮০০ মিলিয়ন তোমানের ঋণের চাপ সামলাতেই যে অঙ্গের দাম বেশি পাবেন, সেটিই তিনি বিক্রি করতে প্রস্তুত বলে জানান।   অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীরা মনে করছেন, আয় ও ব্যয়ের মধ্যে আকাশপাতাল ব্যবধানই সাধারণ মানুষকে নিজেদের শরীর বিক্রির মতো ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে। বর্তমানে দেশটিতে ন্যূনতম মাসিক মজুরি যেখানে মাত্র ১৬৬ মিলিয়ন রিয়ালের (প্রায় ৬১ ডলার) কাছাকাছি, সেখানে সংসার চালানোর ন্যূনতম দৈনন্দিন খরচ এর চেয়ে বহুগুণ বেশি। ইরানের শ্রম কর্তৃপক্ষের সূত্রমতে, বর্তমানে দেশটির প্রায় পাঁচ কোটি মানুষ দৈনন্দিন খাদ্য খরচের সংকটে রয়েছেন।   সাময়িকভাবে ঋণের চাপ কমাতে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা হলেও, বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে এটি এসব শ্রমজীবী মানুষের শারীরিক সক্ষমতা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৮:২৬
অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনায় ইউরোপের পাঁচ দেশ
অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনায় ইউরোপের পাঁচ দেশ

ইউরোপীয় ইউনিয়নের পাঁচ দেশ আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর যৌথ পরিকল্পনা নিয়েছে। দেশগুলো হলো জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস, ডেনমার্ক ও নেদারল্যান্ডস। সোমবার (১৬ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। এর আওতায় রুয়ান্ডায় একটি বিশেষ প্রত্যাবাসনকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে ইউরোপে থাকার আইনি অধিকার হারানো অভিবাসীদের পাঠানো হতে পারে। তবে প্রকল্পটি এখনো বাস্তবায়ন শুরু হয়নি। পরিকল্পনাটি সামনে আসার পর অভিবাসীদের মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।   বার্তা সংস্থা রয়টার্সের  প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে পাঁচ দেশ ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো রাষ্ট্রে প্রত্যাবাসনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। দীর্ঘ আলোচনার পর সম্ভাব্য গন্তব্য হিসেবে রুয়ান্ডাকে বেছে নেওয়া হয়েছে। ভিয়েনায় অনুষ্ঠেয় বৈঠকে পাঁচ দেশের স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক মন্ত্রীরা অংশ নেওয়ার কথা রয়েছে। রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতারও বৈঠকে যোগ দেওয়ার কথা। অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন যৌথভাবে পরিকল্পনার বিস্তারিত ঘোষণা করতে পারেন।   প্রথম পর্যায়ে পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে কয়েক শ অভিবাসীকে রুয়ান্ডায় পাঠানো হতে পারে। ২০২৭ সালের বসন্ত কিংবা গ্রীষ্মে কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের রুয়ান্ডায় থাকার অনুমতি দেওয়া হতে পারে এবং সেখানে চলাফেরা ও কাজের সুযোগও থাকতে পারে। তবে প্রকল্পের চূড়ান্ত শর্ত, মোট ব্যয় এবং কতজনকে স্থানান্তর করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।   এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউরোপে অ্যাসাইলাম আবেদন বিচারাধীন থাকা সবাইকে রুয়ান্ডায় পাঠানো হবে না। রয়টার্স জানিয়েছে, যাঁদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং ইউরোপে থাকার সব আইনি সুযোগ শেষ হয়ে গেছে, মূলত তাঁদের জন্যই এই ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ অ্যাসাইলামের আবেদন করা এবং চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়া এক বিষয় নয়। ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রত্যাবাসন বিধিমালা সদস্যদেশগুলোকে নির্দিষ্ট শর্তে ইউনিয়নের বাইরে প্রত্যাবাসনকেন্দ্র স্থাপনের সুযোগ দিয়েছে। তবে এ ধরনের চুক্তিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কদের এই ব্যবস্থার বাইরে রাখার বিধানও রয়েছে।   এর আগে যুক্তরাজ্য আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর একটি বিতর্কিত পরিকল্পনা নিয়েছিল। কিন্তু ২০২৩ সালে ব্রিটিশ সুপ্রিম কোর্ট সেই পরিকল্পনাকে বেআইনি ঘোষণা করেন। আদালত আশঙ্কা প্রকাশ করেছিলেন, রুয়ান্ডায় পাঠানো ব্যক্তিদের পরবর্তী সময়ে এমন দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখানে তাঁরা নির্যাতনের ঝুঁকিতে পড়বেন। পরে ব্রিটিশ সরকার প্রকল্পটি বাতিল করে। ইউরোপীয় পাঁচ দেশের নতুন উদ্যোগে যুক্তরাজ্যের সেই পরিত্যক্ত প্রকল্পের জন্য প্রস্তুত করা কিছু স্থাপনা ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।   এদিকে মানবাধিকার সংগঠনগুলো নতুন পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে। ড্যানিশ রিফিউজি কাউন্সিলের ইউরোপীয় ইউনিয়নবিষয়ক পরিচালক সেলিন মিয়াস প্রশ্ন তুলেছেন, রুয়ান্ডায় পাঠানোর পর কোনো অভিবাসীর অধিকার লঙ্ঘিত হলে তার দায় কে নেবে এবং কীভাবে প্রতিকার পাওয়া যাবে। কাউন্সিল অব ইউরোপও এর আগে এ ধরনের প্রত্যাবাসনকেন্দ্রে গুরুতর মানবাধিকার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিল। অন্যদিকে পরিকল্পনার সমর্থকদের দাবি, অবৈধ অভিবাসন ও মানবপাচার নিরুৎসাহিত করতে এই ব্যবস্থা কার্যকর হতে পারে। তবে সমালোচকেরা বলছেন, কঠোর প্রত্যাবাসননীতি দীর্ঘমেয়াদে অভিবাসন কমায়, এমন পর্যাপ্ত প্রমাণ নেই।   সংবাদসূত্র: রয়টার্স, ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৮:২৩
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন 'জয়েন্ট লিস্ট'-এর চেয়ারম্যান আহমেদ তিবি। ছবি: সংগৃহীত
ইসরায়েলি পার্লামেন্টের ভেতরে আজান দেয়া সেই আরব নেতা এবার হলেন ডেপুটি স্পিকার

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন দেশটির সংখ্যালঘু আরব রাজনৈতিক দলগুলোর জোট 'জয়েন্ট লিস্ট'-এর চেয়ারম্যান আহমেদ তিবি। গত মাসের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর উল্লেখযোগ্য সাফল্যের পর পার্লামেন্টের পদ বণ্টনের অংশ হিসেবে তাকে এই পদে নির্বাচিত করা হলো।   গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আরব ভোটারদের ব্যাপক উপস্থিতির ফলে আহমেদ তিবির জয়েন্ট লিস্ট এবং রাম (Ra'am) পার্টি সম্মিলিতভাবে ১৯টি আসন জয়লাভ করে। ইসরায়েলের পরবর্তী সরকার গঠনে এই আরব জোট এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিবি একই সঙ্গে 'তা’আল' (Ta’al) পার্টিরও প্রধান।   দীর্ঘদিন ধরে ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্ব করে আসা এই অভিজ্ঞ রাজনীতিবিদের জন্য এ নির্বাচন এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।   ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের প্রসঙ্গ টেনে তিবি আরও বলেন, ‘লিকুদ এবং বেন-গভির আমার নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের বেপরোয়া উসকানি সত্ত্বেও তারা ব্যর্থ হয়েছে।’   আরাফাতের উপদেষ্টা থেকে পার্লামেন্টে১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর তাইবে শহরে জন্মগ্রহণ করেন আহমেদ তিবি। ১৯৪৮ সালের ‘নাকবা’ বা বিপর্যয়ের সময় জাফা থেকে বাস্তুচ্যুত হয়েছিল তার পরিবার। শুরুতে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেন তিনি এবং ১৯৮৩ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সম্মাননাসহ স্নাতক সম্পন্ন করেন। তবে তার রাজনৈতিক সক্রিয়তা দ্রুতই চিকিৎসা পেশাকে ছাপিয়ে যায়।   ১৯৮৪ সালে তিউনিসিয়ার তিউনিসে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে সাক্ষাৎ করেন তিবি। সে সময় ইসরায়েলি আইনে পিএলও-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করা হতো। দেশে ফেরার পর ইসরায়েলি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলেও তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। পরবর্তীকালে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি ইয়াসির আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ওয়াই রিভার সম্মেলনে ফিলিস্তিনি প্রতিনিধিদলের মুখপাত্র হিসেবেও কাজ করেন তিনি।   তখন প্রথম মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন দেশটির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই সম্মেলনে দখলকৃত পশ্চিম তীরের কিছু অংশ থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছিল ইসরায়েল এবং বিনিময়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে রাজি হয়েছিল। তবে ইসরায়েল-ফিলিস্তিন অন্যান্য চুক্তির মতো ওয়াই রিভার স্মারকও দ্রুতই বাতিল করে দেয় ইসরায়েল।   সংসদীয় লড়াই ও প্রতিবাদ ১৯৯৬ সালে ‘তা’আল’ দল প্রতিষ্ঠা করেন আহমেদ তিবি এবং ১৯৯৯ সালে প্রথমবারের মতো নেসেট সদস্য নির্বাচিত হন। নিজেকে ‘ইসরায়েলি নাগরিকত্বধারী একজন আরব ফিলিস্তিনি’ হিসেবে পরিচয় দেওয়া তিবি দ্বি-রাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফিরে আসার অধিকারের পক্ষে সোচ্চার। তিনি ইসরায়েলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে সংজ্ঞায়িত করার ঘোর বিরোধী; বরং একে একটি ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে ‘সকল নাগরিকের জন্য রাষ্ট্র’ গঠনের দাবি জানিয়ে আসছেন।   তার এই স্পষ্টভাষী অবস্থান ও মাঠপর্যায়ের সক্রিয়তার কারণে তিনি বারবার ইসরায়েলি সরকার এবং সহিংস উগ্র ডানপন্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।   ২০০০ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় ইন্তিফাদা চলাকালীন আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এরিয়েল শ্যারনের (যিনি পরের বছর প্রধানমন্ত্রী হন) উসকানিমূলক অভিযানের প্রতিবাদ জানাতে গিয়ে ডান হাত ভেঙে গিয়েছিল তিবির।   ২০০২ সালে ইসরায়েলি সামরিক অভিযানের সময় জেনিন শরণার্থী শিবিরে প্রবেশ করে সৈন্যদের মুখোমুখি হওয়ার ঘটনায় ইসরায়েল তার সংসদীয় দায়মুক্তি (ইমিউনিটি) কেড়ে নেয়।   এ ছাড়া পার্লামেন্টে নাটকীয় প্রতিবাদের জন্যও বেশ পরিচিত আহমেদ তিবি। ২০১৬ সালে জেরুজালেম ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে লাউডস্পিকার নিষিদ্ধ করার লক্ষ্যে প্রস্তাবিত একটি ইসরায়েলি বিলের প্রতিবাদে তিনি নেসেট অধিবেশন কক্ষের ভেতরেই আজান দিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন।   এদিকে নির্বাচন-পরবর্তী পদ ভাগাভাগির অংশ হিসেবে ডানপন্থি দল 'ইসরায়েল বেইতেইনু'-এর নেতা আভিগদর লিবারম্যানকে নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পরপরই লিবারম্যান জানিয়েছেন, তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থা মোসাদ, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এবং পুলিশ কমিশনারকে কমিটির সামনে তলব করার পরিকল্পনা করছেন।   সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় লিবারম্যান বলেন, “পুলিশ এবং শিন বেতের মধ্যে অনেক বেশি ব্যবধান রয়েছে—যা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।” তিনি আরও জানান, নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টাসহ কথিত বিদেশি হস্তক্ষেপের বিষয়টিও তার কমিটি খতিয়ে দেখবে। পাশাপাশি সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ বা 'ফেয়ার কনস্ক্রিপশন ল' প্রণয়নের বিষয়েও কমিটি কাজ করবে বলে উল্লেখ করেন তিনি।   সূত্র: আল-জাজিরা

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৮:১৮
শীতকে অস্ত্র বানিয়ে ইউক্রেনীয়দের দুর্ভোগে ফেলতে বিদ্যুৎকেন্দ্রে  হা মলার পরিকল্পনা রাশিয়ার
শীতকে অস্ত্র বানিয়ে ইউক্রেনীয়দের দুর্ভোগে ফেলতে বিদ্যুৎকেন্দ্রে হা মলার পরিকল্পনা রাশিয়ার: ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভিযোগ করেছে যে, শীত ঘনিয়ে আসার মুখে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর উদ্দেশ্যেই শান্তি আলোচনাকে দীর্ঘায়িত করছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের জীবন আরও দুর্বিষহ করে তোলাই তাদের লক্ষ্য।   সোমবার ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বলা হয়, এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার হওয়া উচিত একটি যুদ্ধবিরতি কার্যকর করা এবং এরপর একটি প্রকৃত শান্তি চুক্তিতে পৌঁছানো। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বৈঠক শুরুর আগে স্পষ্ট জানান, রাশিয়া যুদ্ধবিরতির পরিবর্তে সংঘাত আরও উসকে দিচ্ছে। তিনি বলেন, প্রায় পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধের সূচনাকারী রাশিয়া, তাই ইউক্রেন বা পশ্চিমাদের কাছে নতুন করে শর্ত না দিয়ে তাদেরই আগে পিছু হটতে হবে।   গত সপ্তাহে আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনার পর যুক্তরাষ্ট্র ইউক্রেন ও তার মিত্রদের ইউরোপের জন্য একটি নতুন নিরাপত্তা কাঠামোর রুশ দাবি মেনে নেওয়ার পরামর্শ দিয়েছিল, যা শান্তি ফেরাতে সহায়ক হতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু ইউরোপীয় নেতাদের মতে, এটি ন্যাটোকে দুর্বল করার একটি সুকৌশলী রুশ চাল মাত্র।   এর মাধ্যমে সামরিক জোটটিকে ১৯৯৯ সালের আগের অবস্থায়—অর্থাৎ চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি এবং পোল্যান্ডের যোগদানের আগের সীমানায়—সেনা ও সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য করতে চাইছে মস্কো। কাজা কালাস এই দাবিকে সম্পূর্ণ 'অযৌক্তিক' আখ্যা দিয়ে বলেন, ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এই দেশগুলোর কেউই কখনও রাশিয়ায় হামলা চালায়নি।   জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেস্তুতিস বুদরিসও একই মত পোষণ করে জানান, ইউরোপের নতুন কোনো নিরাপত্তা কাঠামোর প্রয়োজন নেই; বরং বিদ্যমান কাঠামোর প্রতি সবার সম্মান প্রদর্শনই যথেষ্ট। সমস্যা নিয়মের নয়, বরং রাশিয়ার প্রতিনিয়ত নিয়ম ভাঙার প্রবণতার।   ইইউর বর্তমান ঘূর্ণায়মান সভাপতিত্বের দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি জানান, আলোচনার ডামাডোলের মধ্যেও রাশিয়া বেসামরিক নাগরিক ও অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে। এ কারণে রাশিয়ার যুদ্ধ পরিচালনার আর্থিক ভিত্তিকে দুর্বল করতে সোমবারই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে একমত হতে যাচ্ছে ইইউ।   একইসঙ্গে আসন্ন শীতে ইউক্রেনকে কীভাবে সহায়তা করা যায়, সেটি নিয়েও পর্যালোচনা করবেন মন্ত্রীরা। অন্যদিকে, মার্কিন মধ্যস্থতাকারী জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও এখনও পর্যন্ত দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধবিরতি অর্জিত হয়নি। দৃশ্যমান অগ্রগতি বলতে কেবল বন্দিবিনিময়ই হয়েছে, যা সাধারণত শান্তি আলোচনায় আস্থা অর্জনের কৌশল হিসেবেই ব্যবহৃত হয়।   গত সপ্তাহে ডাবলিন শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা একমত হন যে, ভবিষ্যতের যেকোনো শান্তি আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব করবে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি এবং পোল্যান্ডের নিরাপত্তা উপদেষ্টাদের একটি দল এবং ইইউর প্রধান প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা।   ইউরোপীয় নেতারা অকপটে স্বীকার করেছেন যে, ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক হিসেবে তারা সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারেন না। তাদের মূল লক্ষ্য হবে নিরাপত্তা ব্যবস্থা, পুনর্গঠন এবং ইউক্রেনের ভবিষ্যৎ নিশ্চিত করা। তবে তারা দৃঢ়ভাবে জানিয়েছেন, নিজেদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব সংক্রান্ত যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার কেবল ইউক্রেনেরই রয়েছে।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৮:৭
মিনাবে স্কুলে হামলার অভিযোগে দুই মার্কিন নৌ কর্মকর্তাকে খুঁজে বের করার হুমকি ইরানের
মিনাবে স্কুলে হামলার অভিযোগে দুই মার্কিন নৌ কর্মকর্তাকে খুঁজে বের করার হুমকি ইরানের

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী করে প্রকাশ্যে হুমকি দিয়েছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস। শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই দুই কর্মকর্তার ছবি প্রকাশ করে দূতাবাস লিখেছে, ‘তোমাদের খুঁজে বের করব।’ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় বহু শিশুসহ দেড় শতাধিক মানুষ নিহত হন। তবে ওই দুই কর্মকর্তা সরাসরি হামলার নির্দেশ দিয়েছিলেন বলে ইরানের অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।   মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, হুমকি পাওয়া দুই কর্মকর্তা হলেন মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লি আর টেট এবং নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক। এর আগে গত ২৮ মার্চ একই কর্মকর্তাদের নাম ও ছবি প্রকাশ করেছিল ইরানি দূতাবাস। সেদিন তাঁদের বিরুদ্ধে তিন দফায় টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেওয়ার অভিযোগ তোলা হয়। দূতাবাসের দাবি, ওই হামলায় মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ের ১৬৮ শিশু নিহত হয়েছিল।   তবে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে পার্থক্য রয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে ১৫৬ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যাঁদের মধ্যে ১২০ জন শিশু। সংস্থাটির স্যাটেলাইট ছবি, ভিডিও ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণে স্কুলটিতে মার্কিন বাহিনীর হামলার তথ্য উঠে এসেছে। অন্যদিকে রয়টার্সের মার্চ মাসের অনুসন্ধানে জানা যায়, পুরোনো গোয়েন্দা তথ্য ব্যবহার করে লক্ষ্যবস্তু নির্ধারণের কারণে স্কুলটিতে হামলা হয়ে থাকতে পারে। মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তেও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়। তবে হামলার নির্দেশদাতা হিসেবে নির্দিষ্ট দুই নৌ কর্মকর্তার ভূমিকা প্রতিষ্ঠিত হয়নি।   এদিকে ইরানের নতুন হুমকির দিনই দীর্ঘ সামরিক অভিযান শেষে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটিতে ফিরে আসে ইউএসএস স্প্রুয়েন্স। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, যুদ্ধজাহাজটি ৩৫৭ দিনের মোতায়েনকাল শেষ করেছে। এই সময়ে ৮৮ হাজার নটিক্যাল মাইলের বেশি পথ অতিক্রম করেছে জাহাজটি। গত ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে কয়েক ডজন টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ ছাড়া ১২টি ড্রোন ও চারটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার তথ্যও জানিয়েছে মার্কিন নৌবাহিনী।   ইরানের প্রকাশ্য হুমকিতে মার্কিন সামরিক কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের জ্যেষ্ঠ গবেষক বেহনাম বেন তালেব্লু। ফক্স নিউজকে তিনি বলেন, এ ধরনের হুমকিকে ওয়াশিংটন, পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তাঁর মতে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো হামলার পরিকল্পনা থাকলে তা আগেই শনাক্ত ও প্রতিহত করা জরুরি।   এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন, ইরান কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে হত্যা করলে তেহরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এমন পরিস্থিতিতে দুই নৌ কর্মকর্তার ছবি প্রকাশ করে ইরানের দূতাবাসের হুমকি দুই দেশের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট হামলার পরিকল্পনা রয়েছে, এমন প্রমাণ প্রকাশিত হয়নি। একইভাবে মিনাবের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেওয়ার অভিযোগেও তাঁদের ব্যক্তিগত দায় নিশ্চিত হয়নি।   সংবাদসূত্র: ফক্স নিউজ,মার্কিন নৌবাহিনী, রয়টার্স, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৭:৪৯
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর
জীবিত সেনাকে মৃত দাবি করে স্মৃতিচারণ, মেরিল্যান্ডের গভর্নরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের বিরুদ্ধে এক নিহত সেনার সঙ্গে কাল্পনিক বন্ধুত্বের দাবি করার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা এবং ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী মুর, ২০১৫ সালে প্রকাশিত তার আত্মজীবনী "দ্য ওয়ার্ক: সার্চিং ফর আ লাইফ দ্যাট ম্যাটারস"-এ এমন এক ঘটনার কথা উল্লেখ করেছেন, যা বাস্তবে অসম্ভব।   'স্পটলাইট অন মেরিল্যান্ড'-এর সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মুর তার বইয়ে দাবি করেছিলেন যে তিনি ২০০৫ সালের ১৭ ডিসেম্বর তার দাদার শেষকৃত্যে গিয়ে বন্ধু ও সেনা কর্মকর্তা ফার্স্ট সার্জেন্ট টোবায়াস "টোবি" মেইস্টারের মৃত্যুর শোকে কেঁদেছিলেন। অথচ বাস্তবে টোবি তখনো জীবিত ছিলেন এবং এর ১১ দিন পর, অর্থাৎ ২০০৫ সালের ২৮ ডিসেম্বর আফগানিস্তানে এক বোমা হামলায় তিনি নিহত হন।   এই অসঙ্গতি ও মিথ্যাচারের খবর প্রকাশ্যে আসার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন টোবির পরিবার ও সহযোদ্ধারা। টোবির বিধবা স্ত্রী অ্যালিসিয়া মেইস্টার জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পর সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ থেকে শুরু করে অনেক গণ্যমান্য ব্যক্তি এবং সেনা সদস্য তার সঙ্গে যোগাযোগ করলেও, তিনি কখনোই ওয়েস মুরের নাম শোনেননি। এমনকি তার স্বামীও কখনো মুরের কথা তাকে বলেননি।   সম্প্রতি 'স্পটলাইট অন মেরিল্যান্ড'-এর সঙ্গে কথা বলার পরই কেবল তিনি মুরের নাম জানতে পারেন। অবশ্য সংবাদটি প্রকাশের ঠিক আগে মুর তাকে ফোন করে শ্রদ্ধা জানিয়েছিলেন বলে জানান অ্যালিসিয়া। তিনি ব্যাপারটিকে কিছুটা নমনীয় দৃষ্টিতে দেখে বলেছেন, হয়তো কোনো মানসিক আঘাতের কারণে মুর এমন ভুল করে থাকতে পারেন, তবে ঠিক কী উদ্দেশ্যে তার স্বামীর নামটি ব্যবহার করা হয়েছে তা তার বোধগম্য নয়।   অন্যদিকে, মুরের এই দাবির কড়া সমালোচনা করেছেন টোবির সঙ্গে যুদ্ধ করা অন্যান্য সেনা কর্মকর্তারা। টোবির মৃত্যুর সময় তার পাশেই থাকা আর্মি লেফটেন্যান্ট কর্নেল প্যাট্রিক "পিট" মানস্টার স্পষ্ট জানিয়েছেন, টোবি কখনোই ওয়েস মুরকে চিনতেন না এবং তার সঙ্গে কোনো কৌশলগত কার্যক্রমে অংশ নেওয়ারও কোনো সুযোগ ছিল না। মানস্টার ক্ষোভ প্রকাশ করে মুরকে একজন 'মিথ্যাবাদী' হিসেবে আখ্যায়িত করেছেন।   হামলায় আহত আরেক অবসরপ্রাপ্ত মেরিন কর্পোরাল গ্যারি ওয়েইন এপারসনও মুরের এমন দাবির সত্যতা নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করেছেন। এর আগে মুর নিজের একটি ব্রোঞ্জ স্টার পাওয়ার বিষয়েও মিথ্যা তথ্য দিয়েছিলেন। সদ্য দ্বিতীয় মেয়াদে নির্বাচিত এই গভর্নর ও তার কার্যালয় থেকে এই নতুন কেলেঙ্কারির বিষয়ে সংবাদমাধ্যমের কোনো প্রশ্নের জবাব দেওয়া হয়নি।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৭:৩৮
নিউইয়র্কের বাস পরিষেবায় ২০০ মিলিয়ন ডলারের ঘাটতি, দায় ঠেলাঠেলি হোচুল-মামদানির
নিউইয়র্কের বাস পরিষেবায় ২০০ মিলিয়ন ডলারের ঘাটতি, দায় ঠেলাঠেলি হোচুল-মামদানির

গভর্নর ক্যাথি হোচুল এবং মেয়র জোহরান মামদানির রাজনৈতিক বোঝাপড়ার কারণে নিউইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির (এমটিএ) ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের বিশাল ঘাটতির বোঝা শেষ পর্যন্ত সাধারণ যাত্রীদের কাঁধেই চাপতে যাচ্ছে। 'রিইনভেন্ট আলবানি' নামের একটি পর্যবেক্ষক সংস্থা সম্প্রতি এ তথ্য জানিয়েছে।   সংস্থাটির মতে, শহরের বিশাল বাজেট ঘাটতি মেটানোর সুবিধার্থে চলতি বছরের শুরুতে মেয়র মামদানির প্রশাসনকে এমটিএ-র বাস পরিষেবার ওই বিপুল অর্থ পরিশোধ থেকে এককালীন অব্যাহতি দিয়েছিলেন ডেমোক্র্যাট গভর্নর হোচুল। সে সময় কথা ছিল, রাজ্য সরকার পরে এমটিএ-কে এই ঘাটতির সমপরিমাণ অর্থ দিয়ে দেবে। কিন্তু এখন হোচুল সেই প্রতিশ্রুতি রাখছেন না বলে পর্যবেক্ষক দলটির প্রতিবেদনে উঠে এসেছে।   প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য সরকার সন্তর্পণে এমটিএ-কে ক্ষতিপূরণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই বিশাল লোকসানের ভার শেষ পর্যন্ত এমটিএ এবং বাস যাত্রীদেরই বহন করতে হবে। 'রিইনভেন্ট আলবানি'-এর সিনিয়র পলিসি অ্যাডভাইজার র‍্যাচেল ফাউস রবিবার ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্য ও শহর কর্তৃপক্ষ যখন নিয়ম অনুযায়ী তহবিল জোগাতে ব্যর্থ, তখন যাত্রীদের ওপর এই বাড়তি চাপ চাপিয়ে দেওয়া চরম অবিচার।   এমটিএ-র তহবিলে আর কোনো আঘাত কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, সমাধান একটাই—গভর্নরকে এমটিএ-র এই ক্ষতি পুষিয়ে দিতে হবে। এই ঘটনাকে এমটিএ-র তহবিলের ওপর এক ধরনের ‘ডাকাতি’ বলেও আখ্যা দিয়েছে সংস্থাটি। অন্যদিকে, এমটিএ তাদের জুলাই মাসের আর্থিক পরিকল্পনায় জানিয়েছিল যে, তারা নিজেদের নিজস্ব সম্পদ দিয়েই এই ঘাটতি মেটাবে এবং যাত্রীদের বাস পরিষেবা আগের মতোই নিরবচ্ছিন্ন থাকবে।     উল্লেখ্য, মেয়র জোহরান মামদানি দীর্ঘদিন ধরেই শহরের বাস পরিষেবার উন্নয়নের কথা বলে আসছেন। গত বছর তিনি নিউইয়র্ক সিটিতে বিনা ভাড়ায় দ্রুতগতির বাস চালুর একটি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন, যা নিয়ে দায়িত্ব নেওয়ার আগে হোচুলের সঙ্গে আলোচনাও করেছিলেন তিনি।   পরে এই বামপন্থী মেয়র তার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে কিছুটা সরে এসে ছোট পরিসরে বিনা ভাড়ার বাস পাইলট প্রকল্প চালুর কথা জানান। এদিকে পুরো বিষয়ে এমটিএ কোনো মন্তব্য না করে গভর্নরের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে। হোচুলের প্রতিনিধি শন বাটলার এক ইমেইল বার্তায় দাবি করেন, এমটিএ এবং এর যাত্রীদের পাশে গভর্নর হোচুলের মতো আর কেউ দাঁড়াননি।   তিনি বলেন, এমটিএ-কে আর্থিক খাদের কিনারা থেকে হোচুলই রক্ষা করেছেন। তার মতে, শহরের বাজেট ঘাটতি কমানোর বৃহত্তর স্বার্থেই এই ভর্তুকি কমানো হয়েছে এবং এর ফলে সাধারণ যাত্রীদের বাস পরিষেবায় বিন্দুমাত্র প্রভাব পড়বে না।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৭:২০
দুবাইয়ের নতুন চমক, ২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা!
দুবাইয়ের নতুন চমক, ২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা!

বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা উপহার দেওয়ার পর এবার পর্যটকদের সোনার ওপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। শহরটির ঐতিহাসিক স্বর্ণের বাজার এলাকায় অবস্থিত 'দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট'-এ তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ও দীর্ঘতম ২৪ ক্যারেট সোনার ওয়াকওয়ে বা হাঁটার পথ। ২০২৬ সাল শেষ হওয়ার আগেই এটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে।   দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক খাতের জ্যেষ্ঠ পরিচালক রাশিদ আল হারমুদি জানিয়েছেন, এই প্রকল্পটি বিশ্বে প্রথম এবং এটিই হতে যাচ্ছে পৃথিবীর দীর্ঘতম সোনার ওয়াকওয়ে। চলতি বছরের জানুয়ারিতে এলাকাটির পুনর্উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বের প্রথম 'গোল্ড স্ট্রিট' বা স্বর্ণের সড়ক তৈরির ঘোষণা দেওয়া হয়েছিল।   তবে এই ওয়াকওয়েটির সুনির্দিষ্ট দৈর্ঘ্য কত হবে, এটি কীভাবে নির্মাণ করা হচ্ছে কিংবা এতে কী পরিমাণ সোনা ব্যবহৃত হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এমনকি উদ্বোধনের চূড়ান্ত তারিখও এখনো নির্ধারিত হয়নি, তবে বছরের শেষ নাগাদ তা চালুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।   দুবাইয়ের দেইরা এলাকায় ঐতিহ্যবাহী 'গোল্ড সুক'-এর পাশেই গড়ে তোলা হয়েছে 'দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট'। ইথরা দুবাইয়ের তৈরি এই বাণিজ্যিক অঞ্চলটি চলতি বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করে। স্বর্ণের খুচরা বিক্রেতা, গহনা ব্যবসায়ী, বুলিয়ান ট্রেডার এবং বিনিয়োগকারীদের এক ছাদের নিচে নিয়ে আসাই এর মূল লক্ষ্য। এখানে এক হাজারেরও বেশি দোকানে সোনা, হীরা-জহরত, সুগন্ধি, প্রসাধনী ও জীবনধারার নানা পণ্য বিক্রি হয়।   নতুন এই জেলাটি চালুর পর থেকে সেখানে স্বর্ণের ব্যবসা বেশ চাঙা হয়ে উঠেছে। কর্তৃপক্ষের তথ্যমতে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত পাইকারি স্বর্ণ কেনাবেচার অফিস বেড়েছে ২০ শতাংশ। পাশাপাশি গহনা, মূল্যবান পাথর ও বিলাসবহুল ঘড়ির নতুন দোকান বেড়েছে ১৫ শতাংশ।   সোনার রাস্তার এই ঘোষণার পাশাপাশি বিশ্ব রেকর্ডের খাতায়ও নাম লিখিয়েছে দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট। ২২ ক্যারেট সোনার তৈরি ১৬ দশমিক ৫১৪ কেজি ওজনের এক জোড়া ঝুমকা কানের দুলের জন্য দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বিশালাকার এই দুল জোড়া বিক্রির বদলে দর্শনার্থীদের দেখার জন্য সেখানে স্থায়ীভাবে প্রদর্শন করা হচ্ছে।     তবে বিলাসবহুল এই আয়োজন নিয়ে পর্যটন বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। একটি ভ্রমণবিষয়ক ওয়েবসাইটের মতে, সোনার এই পথটি কেবল ছবি তোলার বা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জন্য দারুণ একটি জায়গা হতে পারে; তবে এটিই দুবাই ভ্রমণের একমাত্র কারণ হওয়ার মতো যথেষ্ট নয়। তাদের মতে, রেকর্ডের পাশাপাশি পুরনো গোল্ড সুকের ঐতিহ্য, কারুশিল্প ও ইতিহাসই পর্যটকদের মূল আকর্ষণ হয়ে থাকা উচিত।   সংশ্লিষ্টদের পরামর্শ, পর্যটকরা সোনার রাস্তায় হাঁটার অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি দেইরার পুরনো বাজারের অলিগলি এবং দুবাই ক্রিকের ঐতিহ্যবাহী নৌকা 'আবরা' ভ্রমণের স্বাদ নিতে পারেন। উল্লেখ্য, দুবাইয়ের বাজারে আন্তর্জাতিক দর অনুযায়ী ওজনের ভিত্তিতে সোনা বিক্রি হয় এবং দিনের নির্ধারিত দর প্রায় সব দোকানের সামনেই প্রদর্শিত থাকে। মনোরম আবহাওয়া এবং আলোকসজ্জায় গহনার ঝলকানি উপভোগ করতে সন্ধ্যাবেলাকেই এখানকার বাজার ঘোরার সেরা সময় হিসেবে ধরা হয়। সূত্র: গালফ নিউজ।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৭:১২
গাড়ি ধোয়ার পর দেয়া হল ৭ হাজার ৩৪৫ ডলারের বিল! টেসলা মালিকের মাথায় হাত
গাড়ি ধোয়ার পর দেয়া হল ৭ হাজার ৩৪৫ ডলারের বিল! টেসলা মালিকের মাথায় হাত

স্বাভাবিক নিয়মেই নিজের প্রিয় গাড়িটি ধোয়ার (কার ওয়াশ) জন্য নিয়ে গিয়েছিলেন এক টেসলা মালিক। কিন্তু সেই সামান্য কাজটিই যে তার জন্য এক দুঃস্বপ্নে পরিণত হবে, তা তিনি কল্পনাও করেননি। গাড়ি ধোয়ার পর প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় সার্ভিস সেন্টারে নিলে তার হাতে ধরিয়ে দেওয়া হয় ৭ হাজার ৩৪৫ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকার বেশি) বিশাল মেরামত বিল।   সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নিজেদের এই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ২০২২ মডেলের একটি টেসলা 'মডেল ওয়াই' গাড়ির মালিক। তিনি জানান, গাড়িটি কার ওয়াশে নেওয়ার পরপরই এর প্রযুক্তিতে বড় ধরনের গোলযোগ দেখা দেয়। হঠাৎ করেই গাড়ির সব ক্যামেরার ফিড কালো হয়ে বন্ধ হয়ে যায় এবং অ্যাডাপ্টিভ হেডলাইটে সতর্কবার্তা দেখাতে শুরু করে।   পরে গাড়িটি সার্ভিস সেন্টারে নিয়ে গেলে প্রকৌশলীরা পরীক্ষা করে দেখতে পান, গাড়ির সামনের কাঁচ বা উইন্ডশিল্ডের সিল নষ্ট হয়ে যাওয়ায় ভেতরে পানি ঢুকে পড়েছে। আপাতদৃষ্টিতে এটি ছোট সমস্যা মনে হলেও এর ফলে গাড়ির ভেতরের যন্ত্রাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে বিমা কোম্পানিও এই পানির ক্ষতিকে 'দুর্ঘটনাজনিত ক্ষতি' হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে পুরো খরচই এখন গুনতে হবে ওই মালিককে।   কেন এত বেশি মেরামত বিল? সার্ভিস সেন্টারের তথ্যমতে, তিনটি প্রধান কারণে মেরামতের খরচ এত আকাশচুম্বী হয়েছে। প্রথমত, উইন্ডশিল্ডের সিল দিয়ে পানি ঢুকে সরাসরি গাড়ির প্রধান কম্পিউটার এবং ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটের অংশে পৌঁছে যায়। এতে একাধিক তারের সংযোগস্থল (ওয়্যারিং হারনেস) এবং কানেক্টর পিনে মারাত্মক মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত, আধুনিক টেসলা গাড়িগুলো একটি কেন্দ্রীয় কম্পিউটিং সিস্টেমের ওপর নির্ভরশীল, যা একইসঙ্গে ড্রাইভিং সিস্টেম, ক্যামেরা, অটোপাইলট এবং কেবিনের নানা ফিচার নিয়ন্ত্রণ করে। পানি ঢোকার ফলে অটোপাইলট ক্যামেরা, হেডলাইট এবং সেলুলার সংযোগসহ প্রায় সব কিছুই অচল হয়ে পড়েছে।   তৃতীয়ত, মজুরি বা লেবার কস্ট। নষ্ট হয়ে যাওয়া তারগুলো পরিবর্তন করতে টেকনিশিয়ানদের গাড়ির ড্যাশবোর্ড এবং ভেতরের বড় একটি অংশ খুলতে হবে, যা অত্যন্ত সময়সাপেক্ষ। এছাড়া ওয়ারেন্টি না থাকায় টেসলার নিজস্ব তৈরি যন্ত্রাংশ পরিবর্তন এবং অনুমোদিত টেকনিশিয়ানদের উচ্চ পারিশ্রমিকের কারণে বিলের অঙ্ক ৭ হাজার ডলার ছাড়িয়ে গেছে।   মজার বিষয় হলো, মেরামতের এই অর্থ দিয়ে অনায়াসেই একটি ভালো মানের পুরোনো জ্বালানিচালিত গাড়ি কেনা সম্ভব। এমনকি গাড়ি বেচাকেনার অনলাইন মার্কেটপ্লেসগুলোতে প্রায় ৮ হাজার ডলারের আশপাশে পুরোনো মডেলের সেকেন্ড-হ্যান্ড টেসলা গাড়িও পাওয়া যায়। তবে ২০২২ মডেলের আধুনিক গাড়ির কথা বিবেচনা করে শেষ পর্যন্ত পকেট থেকেই এই বিশাল অঙ্কের টাকা খরচ করা ছাড়া ওই মালিকের সামনে আর কোনো পথ খোলা নেই। সূত্র: সুপারকার ব্লন্ডি।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৭:১
ইরানের কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি এবং আফগানিস্তানের অর্থমন্ত্রী মৌলভি মোহাম্মদ হাসান আখুন্দ
বাণিজ্য ও বিনিয়োগে ঘনিষ্ঠ হচ্ছে ইরান-আফগানিস্তান, জোরদার হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক

কৃষি, পশুসম্পদ এবং ট্রানজিট খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও আফগানিস্তান। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় ইরানের কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি এবং আফগানিস্তানের অর্থমন্ত্রী মৌলভি মোহাম্মদ হাসান আখুন্দের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।   তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের যৌথ অর্থনৈতিক সহযোগিতা কমিটির শীর্ষ নেতারা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি পারস্য উপসাগর ও উন্মুক্ত জলসীমায় আফগানিস্তানের পণ্য পরিবহনের ক্ষেত্রে ইরানের ট্রানজিট সক্ষমতা ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।   ইরানের কৃষিমন্ত্রী জানান, প্রতিবেশী দেশগুলোতে আফগান পণ্য রপ্তানির ক্ষেত্রে ইরানের ট্রানজিট সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে চাবাহার অঞ্চলে আফগান বিনিয়োগকারীদের টার্মিনাল ও বন্দর সুবিধা গড়ে তোলার আহ্বান জানান তিনি। নুরি আরও জানান, আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক নিবিড় করতে ইতিমধ্যে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।   বর্তমানে দুই দেশের মধ্যে প্রায় ২.৭ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে, যার প্রায় এক-চতুর্থাংশই কৃষি খাতের। পারস্পরিক যোগাযোগের এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে বাণিজ্যের পরিমাণ আরও দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।   কৃষি ও পশুসম্পদ খাতে যৌথ কার্যক্রমের বিষয়ে নুরি বলেন, কৃষিকাজে যান্ত্রিকীকরণ, গবাদি পশু পালন, উন্নত জাতের উদ্ভিদ, ভেটেরিনারি ওষুধ, ভ্যাকসিন সরবরাহ এবং একদিন বয়সী মুরগির বাচ্চা উৎপাদনে আফগানিস্তানকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ইরান।   এছাড়া আফগান কৃষি বিশেষজ্ঞদের জন্য ইরানের গবেষণা কেন্দ্রগুলোতে ১০ থেকে ১৫ দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যা আফগানিস্তানের প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে। পাশাপাশি আফগানিস্তানে পপি চাষ নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে সেখানে বিকল্প অর্থকরী ফসল উৎপাদনে প্রযুক্তিগত সহায়তার আশ্বাসও দিয়েছে তেহরান।   সীমান্ত বাণিজ্যকে আরও গতিশীল করতে ২৪ ঘণ্টা কাস্টমস চালু রাখা, সীমান্ত আনুষ্ঠানিকতা সহজ করা এবং চোরাচালান রোধে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন দুই দেশের মন্ত্রীরা। ইরানের পক্ষ থেকে ইয়াজদান সীমান্ত ক্রসিং পুনরায় চালু এবং সীমান্ত বাজারগুলো সক্রিয় করার ঘোষণা দেওয়া হয়েছে। বৈঠকে আফগানিস্তানের অর্থমন্ত্রী মৌলভি মোহাম্মদ হাসান আখুন্দ খনিজ উত্তোলন, কৃষি, পরিবহন, ব্যাংকিং এবং জ্বালানি খাতে দুই দেশের যৌথ বিনিয়োগের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরে জানান, চোরাচালান রোধ করা গেলে দুই দেশের বৈধ বাণিজ্য আরও শক্তিশালী হবে।   বৈঠকের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ গম সরবরাহ নীতির নতুন সংস্কার নিয়েও কথা বলেন কৃষিমন্ত্রী নুরি। তিনি জানান, বাজার নিয়ন্ত্রণ সদর দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী দেশের শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোকে প্রথমবারের মতো সরাসরি গম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে এসব প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনীয় কাঁচামাল যেকোনো দেশ বা উৎস থেকে আমদানি করতে পারবে। এই যুগান্তকারী পদক্ষেপটি ইরানের অব্যবহৃত ময়দা ও খাদ্যশিল্পের উৎপাদন ক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাতে সাহায্য করবে।

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২৬ ৬:৫৪