সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমিতে প্রায় ১ লাখ ২৫ হাজার বছর আগের মানব কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করেছেন গবেষকেরা। ছবি: সংগৃহীত
সৌদি আরবে ১ লাখ ২৫ হাজার বছরের প্রাচীন মানববসতির নিদর্শন আবিষ্কার

সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমিতে প্রায় ১ লাখ ২৫ হাজার বছর আগের মানব কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করেছেন গবেষকেরা। দেশটির দক্ষিণাঞ্চলের নাজরান প্রদেশে অবস্থিত রুব আল-খালি মরুভূমিতে প্রাচীন একটি মিঠাপানির হ্রদের তীর থেকে হাজারো পাথরের হাতিয়ার এবং প্রাণী ও উদ্ভিদের জীবাশ্ম উদ্ধার করা হয়েছে। গবেষণায় উঠে এসেছে, বর্তমানে শুষ্ক মরুভূমি হিসেবে পরিচিত এই অঞ্চল একসময় ছিল সবুজ তৃণভূমি ও জলাশয়ে সমৃদ্ধ, যেখানে প্রাচীন মানুষের বসবাস ও শিকারের উপযোগী পরিবেশ ছিল। শনিবার (১৪ নভেম্বর) আরব নিউজের প্রতিবেদনে এই আবিষ্কারের বিস্তারিত তুলে ধরা হয়েছে।   সৌদি আরবের হেরিটেজ কমিশন, অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি এবং কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কাউস্ট) যৌথ গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্সে প্রকাশিত গবেষণাটি পরিচালিত হয়েছে নাজরানের উরুক আল-জুলাইবাহ প্রত্নতাত্ত্বিক এলাকায়। স্থানটি প্রাচীন মুন্দাফান হ্রদের তীরে অবস্থিত। গবেষকদের হিসাবে, প্রায় ১ লাখ ২৫ হাজার বছর আগে হ্রদটির আয়তন ছিল ৩৪০ বর্গকিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা ছিল প্রায় ২৯ মিটার। হ্রদটিকে ঘিরে বিস্তৃত ছিল তৃণভূমি ও বিভিন্ন ধরনের গাছপালা।   প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে গবেষকেরা ওই এলাকায় ১৩০টির বেশি প্রত্নতাত্ত্বিক স্থান শনাক্ত করেছেন। সেখান থেকে ৫০০টির বেশি প্রাণী ও উদ্ভিদের জীবাশ্ম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জলহস্তী, বিলুপ্ত দীর্ঘ শিংযুক্ত মহিষ, উট, আরবীয় অরিক্স, হরিণ ও উটপাখির জীবাশ্ম। পাশাপাশি মিঠাপানিতে বসবাসকারী বিভিন্ন প্রাণীর অবশেষও পাওয়া গেছে। এসব নিদর্শন থেকে গবেষকদের ধারণা, ওই অঞ্চলে একসময় পর্যাপ্ত পানি ও উদ্ভিদ ছিল, যা মানুষসহ বিভিন্ন প্রাণীর বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করেছিল।   গবেষণায় সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে ৫ হাজার ৫১১টি পাথরের হাতিয়ার। এর ৯৮ শতাংশের বেশি তৈরি করা হয়েছিল ফ্লিন্ট পাথর দিয়ে। গবেষকেরা জানিয়েছেন, এসব হাতিয়ার তৈরিতে লেভালোয়া নামের একটি উন্নত প্রাচীন কৌশল ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে পাথরের আকার পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করে ধারালো ফলক ও অস্ত্রের অগ্রভাগ তৈরি করা হতো। কিছু হাতিয়ারে আঘাতের চিহ্ন এবং হাতলের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে, যা শিকারের কাজে ব্যবহারের সম্ভাবনা নির্দেশ করে।   পাথরের হাতিয়ারগুলো পরীক্ষার সময় গবেষকেরা উদ্ভিদের আঁশ, কাঠ, আঠালো রজন, চর্বি ও প্রাণিজ কোলাজেনের অবশেষ শনাক্ত করেন। কিছু হাতিয়ারে এমন উদ্ভিজ্জ রাসায়নিক উপাদানও পাওয়া গেছে, যা ঐতিহাসিকভাবে শিকারের ক্ষেত্রে বিষাক্ত পদার্থ হিসেবে ব্যবহৃত উদ্ভিদের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে অ্যাকোকানথেরা শিম্পেরি নামের উদ্ভিদের উপাদানও রয়েছে। তবে গবেষকেরা সতর্ক করেছেন, এসব রাসায়নিক চিহ্ন থেকে প্রাচীন মানুষ বিষমাখা অস্ত্র ব্যবহার করত বলে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। বিষয়টি সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন।   গবেষণার সঙ্গে যুক্ত গ্রিফিথ ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল পেত্রাগলিয়া জানিয়েছেন, এই আবিষ্কার আরব উপদ্বীপে প্রাচীন মানুষের বসবাস ও চলাচলের ইতিহাস বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। কিং সৌদ ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ববিদ ড. আবদুল্লাহ আলশারেখের মতে, প্রাচীন মুন্দাফান হ্রদের তীরে পানি, বন্যপ্রাণী, উদ্ভিদ ও পাথরের সহজলভ্যতা মানুষের বসবাস, হাতিয়ার তৈরি এবং খাদ্য সংগ্রহের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছিল। গবেষণায় বালুর স্তর ও জীবাশ্ম দাঁতের বয়স নির্ধারণের পদ্ধতিসহ একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা ব্যবহার করা হয়েছে।   গবেষকেরা বলছেন, এই আবিষ্কার সৌদি আরবের প্রাগৈতিহাসিক পরিবেশ সম্পর্কে প্রচলিত ধারণাকে আরও সমৃদ্ধ করেছে। বর্তমানের শুষ্ক ও জনবসতিহীন মরুভূমির কিছু অংশ একসময় ছিল পানিসমৃদ্ধ সবুজ অঞ্চল। সেখানে প্রাচীন মানুষ বিভিন্ন সময়ে বসবাস, শিকার এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করত। নতুন এই গবেষণা আফ্রিকা থেকে প্রাচীন মানুষের বিস্তার এবং আরব উপদ্বীপে তাঁদের জীবনযাপনের ইতিহাস বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য যোগ করেছে।   সূত্র: আরব নিউজ

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ১০:৫৪
৪০ বছর বয়সী আর্তুরো কালজাদা-বেসেরিল এবং ৪১ বছর বয়সী এরেন্দিরা আমোলেস
দুই বছর ধরে বিছানায় শিকলবন্দি সাবেক স্ত্রী, মেরামতকর্মীর কানে পৌঁছাল আর্তচিৎকার

যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের ফারগো শহরে এক নারীকে দীর্ঘ দুই বছর ধরে আটকে রেখে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে তার প্রাক্তন স্বামীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ নভেম্বর ফারগো শহরের একটি অ্যাপার্টমেন্টে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করতে আসা এক কর্মী এক নারীর বাঁচার আকুতি শুনতে পান।   এরপর তিনি ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে দেখেন, এক নারী বিছানার সাথে শেকল দিয়ে বাঁধা অবস্থায় রয়েছেন এবং তার দিকে একটি ক্যামেরা তাক করে রাখা হয়েছে। এই ঘটনার পর পুলিশ ৪০ বছর বয়সী আর্তুরো কালজাদা-বেসেরিল এবং ৪১ বছর বয়সী এরেন্দিরা আমোলেসকে গ্রেফতার করে।   আদালতের নথিপত্র অনুযায়ী, ওই নারীর ডান গোড়ালির চারপাশে একটি প্যাডলক আটকানো ছিল এবং শেকলের অপর প্রান্তটি বিছানার সাথে শক্ত করে বাঁধা ছিল। ঘরটির জানালাগুলো টিন ফয়েল দিয়ে সম্পূর্ণ ঢাকা ছিল যাতে বাইরে থেকে কিছুই দেখা না যায়। ভুক্তভোগী নারী পুলিশকে জানান, তার প্রাক্তন স্বামী কালজাদা-বেসেরিল তাকে মেক্সিকো থেকে নিয়ে এসে দীর্ঘ দুই বছর ধরে এই অ্যাপার্টমেন্টে বন্দি করে রেখেছিল।   শুরুতে তাকে মাঝে মাঝে শোবার ঘরের বাইরে যেতে দেওয়া হলেও পরে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পুলিশ জানায়, কালজাদা-বেসেরিল তাকে দিনে মাত্র দুবার খাবার দিত এবং বাথরুম হিসেবে একটি বালতি ব্যবহার করতে বাধ্য করত।   ভুক্তভোগী ওই নারী আরও অভিযোগ করেন যে, কালজাদা-বেসেরিল এবং আমোলেস মিলে তাকে নিয়মিত মারধর ও যৌন নির্যাতন করত। পুলিশ ওই নারীর শরীরে এবং মুখে আঘাতের চিহ্নও পেয়েছে। পুলিশ যখন ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছিল, ঠিক তখনই আমোলেস তার আট বছরের সন্তানকে নিয়ে ওই অ্যাপার্টমেন্টে উপস্থিত হয়।   আমোলেস পুলিশের কাছে দাবি করে যে, সে নিজেই ওই দিন ওই নারীকে তালাবদ্ধ করে রেখেছিল, যাতে সে পালাতে না পারে। তবে কালজাদা-বেসেরিল এবং আমোলেস পুলিশের কাছে উল্টো অভিযোগ করে বলেছে যে, ওই নারীই নাকি তাদের ওপর হামলা চালিয়েছিল এবং একবার একটি ছুরি নিয়ে তাদের দিকে তেড়ে এসেছিল।   এই ঘটনায় কালজাদা-বেসেরিলের বিরুদ্ধে শারীরিক আঘাতসহ গার্হস্থ্য সহিংসতা এবং আমোলেসের বিরুদ্ধে সাধারণ হামলার অভিযোগ আনা হয়েছে। তবে তারা দুজনেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছে। এছাড়া তাদের দুজনের বিরুদ্ধেই প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে অপহরণ ও আতঙ্কিত করার গুরুতর অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ১০:৪৮
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের তিন প্রার্থীকে পরাজিত করে গভর্নর নির্বাচিত হয়েছেন ৩৭ বছর বয়সী জনাথন ক্রাইস-টমকিন্স। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলাস্কায় ২৮ বছর পর ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, গভর্নর হলেন জনাথন

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে প্রায় ২৮ বছর পর গভর্নর নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্র্যাট দল। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের তিন প্রার্থীকে পরাজিত করে গভর্নর নির্বাচিত হয়েছেন ৩৭ বছর বয়সী জনাথন ক্রাইস-টমকিন্স। পরাজিত প্রার্থীদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া বার্নাডেট উইলসনও রয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) ভোটের ফলাফল বিশ্লেষণ করে ক্রাইস-টমকিন্সকে বিজয়ী ঘোষণা করে অ্যাসোসিয়েটেড প্রেস। শনিবার (১৪ নভেম্বর) এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এই জয়ের মাধ্যমে ১৯৯৮ সালের পর প্রথম ডেমোক্র্যাট হিসেবে আলাস্কার গভর্নর নির্বাচিত হলেন তিনি।   অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, আলাস্কার সাবেক আইনপ্রণেতা ক্রাইস-টমকিন্স নির্বাচনে রিপাবলিকান দলের বার্নাডেট উইলসন, অ্যাঙ্করেজের সাবেক মেয়র ডেভ ব্রনসন এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ট্রেগ টেইলরকে পরাজিত করেন। ভোট গণনায় তিনি প্রথম পছন্দের ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ায় অতিরিক্ত ধাপের র‍্যাঙ্কড চয়েস ভোট গণনার প্রয়োজন হয়নি। নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানো, সরকারি স্কুলে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং জ্বালানি খাতের কোম্পানিগুলোর কাছ থেকে কর আদায়ের ওপর গুরুত্ব দেন তিনি।   মাত্র ৩৭ বছর বয়সে গভর্নর নির্বাচিত হয়ে আলাস্কার ইতিহাসে সর্বকনিষ্ঠ গভর্নর হওয়ার রেকর্ডও গড়েছেন ক্রাইস-টমকিন্স। তিনি এর আগে প্রায় এক দশক অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে আইনসভা ছাড়ার তিন বছর পর আবার নির্বাচনী রাজনীতিতে ফিরে আসেন। এবারের প্রচারণায় আলাস্কার প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ৪০ হাজার মাইলের বেশি ভ্রমণ করেছেন বলে জানিয়েছে তাঁর প্রচার দল। দুর্গম এলাকাগুলোতে নৌকা ও স্নোমোবাইল ব্যবহার করেও ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।   ক্রাইস-টমকিন্সের জয়ের পেছনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রিপাবলিকান সিনেটর লিসা মুরকাওস্কি নির্বাচনের আগে তাঁকে সমর্থন জানান। এ ছাড়া সাবেক রিপাবলিকান গভর্নর ফ্রাঙ্ক মুরকাওস্কি, স্বতন্ত্র সাবেক গভর্নর বিল ওয়াকার এবং ডেমোক্র্যাট সাবেক গভর্নর টনি নোলসও তাঁর পক্ষে অবস্থান নেন। বিজয়ের পর ক্রাইস-টমকিন্স জানিয়েছেন, তিনি শুধু ডেমোক্র্যাটদের নিয়ে নয়, রিপাবলিকান ও স্বতন্ত্র ব্যক্তিদের নিয়েও প্রশাসন গঠন করতে চান।   ১৯৯৮ সালে সর্বশেষ ডেমোক্র্যাট হিসেবে আলাস্কার গভর্নর নির্বাচিত হয়েছিলেন টনি নোলস। তিনি ২০০২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ সময় অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পাননি। বর্তমান রিপাবলিকান গভর্নর মাইক ডানলিভি টানা দুই মেয়াদ দায়িত্ব পালন করায় এবার আর নির্বাচনে অংশ নিতে পারেননি। আগামী ৭ ডিসেম্বর নতুন গভর্নর হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ক্রাইস-টমকিন্সের। তাঁর সঙ্গে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নেবেন স্বতন্ত্র প্রার্থী জ্যাক জনসন।   এদিকে আলাস্কার এই জয় যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের মধ্যবর্তী নির্বাচনের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে। এবারের নির্বাচনে টেক্সাস, জর্জিয়া, আইওয়া ও ওহাইওসহ কয়েকটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যেও গভর্নর পদে জয় পেয়েছে ডেমোক্র্যাট দল। আলাস্কাসহ মোট ৩০টি অঙ্গরাজ্যের গভর্নরের পদ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে যাচ্ছে। তবে আলাস্কার নির্বাচন কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে ফল প্রত্যয়ন করেনি। সরকারি সময়সূচি অনুযায়ী, ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের ফল প্রত্যয়ন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।   সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ১০:৪৪
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১২ বছর অ্যাসাইলাম শুনানির অপেক্ষার পর নিজ দেশে ফিরে গেছেন ভেনেজুয়েলার নাগরিক দিয়েগো ভেতেনকোর্ট। ছবি: সংগৃহীত
১২ বছরেও অ্যাসাইলাম শুনানি হয়নি, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র ছাড়লেন ব্যবসায়ী

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১২ বছর অ্যাসাইলাম শুনানির অপেক্ষায় থেকেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় শেষ পর্যন্ত নিজ দেশে ফিরে গেছেন ভেনেজুয়েলার নাগরিক দিয়েগো ভেতেনকোর্ট। ফ্লোরিডার মিয়ামিতে দীর্ঘদিন বসবাস করে একটি সফল ব্যবসা গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে পরিবর্তন এবং অ্যাসাইলাম আবেদনকারীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্ত নেন। গত ২৭ অক্টোবর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে সঙ্গে নিয়ে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ফিরে যান তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত মিয়ামি হেরাল্ডের প্রতিবেদনে তাঁর অভিজ্ঞতা উঠে এসেছে।    এল নুয়েভো হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১২ বছর আগে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামের আবেদন করেছিলেন দিয়েগো। সেই আবেদন বিচারাধীন থাকা অবস্থায় তিনি মিয়ামি-ডেড কাউন্টিতে ব্যবসা প্রতিষ্ঠা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণ এবং ডিজিটাল ক্লোনিং সেবা নিয়ে কাজ করত তাঁর প্রতিষ্ঠান। দিয়েগোর দাবি, ব্যবসা পরিচালনার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে ২০ লাখ ডলারের বেশি কর পরিশোধ করেছেন। তবে কর দেওয়ার এই অঙ্ক স্বাধীনভাবে যাচাই করা যায়নি।   দিয়েগো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাঁর ওয়ার্ক পারমিট ও সোশ্যাল সিকিউরিটি নম্বর ছিল। নিয়মিত কাজ ও ব্যবসা পরিচালনা করলেও দীর্ঘ ১২ বছরে অ্যাসাইলাম মামলার শুনানির জন্য তাঁকে কখনো আদালতে ডাকা হয়নি বলে দাবি করেছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকতে থাকতে যুক্তরাষ্ট্রেই নিজের জীবন ও ভবিষ্যৎ গড়ে তুলেছিলেন। তবে ওয়ার্ক পারমিট ও সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকা মানেই স্থায়ী বৈধ ইমিগ্রেশন স্ট্যাটাস পাওয়া নয়।   পরিস্থিতি বদলে যায় চলতি বছরের সেপ্টেম্বরে। গত ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বোর্ড অব ইমিগ্রেশন আপিলস এক সিদ্ধান্তে জানায়, জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তন দেশটির পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। ফলে ভেনেজুয়েলার অ্যাসাইলাম আবেদনকারীদের এখনকার পরিস্থিতিতে নিজ দেশে ফিরে গেলে নির্যাতনের আশঙ্কা কতটা রয়েছে, তা নতুন করে মূল্যায়নের প্রয়োজন হতে পারে। তবে এই সিদ্ধান্তে সব ভেনেজুয়েলানের অ্যাসাইলাম আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার নির্দেশ দেওয়া হয়নি।   মিয়ামি হেরাল্ডকে দিয়েগো জানান, দীর্ঘদিনের বিচারাধীন আবেদন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ায় তিনি যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর আশঙ্কা ছিল, ভবিষ্যতে জোরপূর্বক ডিপোর্টেশনের মুখে পড়তে হতে পারে। নিজের পাসপোর্ট না থাকায় ভেনেজুয়েলার কর্তৃপক্ষের দেওয়া বিশেষ ভ্রমণ নথি ব্যবহার করে স্ত্রীকে নিয়ে দেশে ফেরেন তিনি। দিয়েগোর মতে, নিজ দেশে নতুনভাবে জীবন শুরু করার মতো আর্থিক সামর্থ্য তাঁর রয়েছে। তবে একই পরিস্থিতিতে থাকা অনেক অভিবাসীর সেই সুযোগ নেই।   এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভেনেজুয়েলার নাগরিকদের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস এবং অন্যান্য অভিবাসন সুবিধার পরিবর্তন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এসব পরিবর্তন ও অ্যাসাইলাম মামলার দীর্ঘসূত্রতায় অনেক পরিবার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে প্রতিটি আবেদনকারীর আইনি অবস্থা, যুক্তরাষ্ট্রে প্রবেশের ধরন এবং পূর্ববর্তী আদালতের সিদ্ধান্ত আলাদা হওয়ায় সবার ক্ষেত্রে একই নিয়ম বা পরিণতি প্রযোজ্য নয়। দিয়েগোর ঘটনা দীর্ঘদিন বিচারাধীন অ্যাসাইলাম আবেদন নিয়ে অভিবাসীদের বাস্তব সংকটকে নতুন করে সামনে এনেছে।   সূত্র: মিয়ামি হেরাল্ড

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ১০:২৮
ছবি: কোলাজ আমেরিকা বাংলা
ইরান যু দ্ধ বন্ধে রিপাবলিকানদের সঙ্গে সরাসরি লড়াইয়ে নামছে ডেমোক্র্যাটরা

ইরানের সঙ্গে চলমান অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধের অবসান ঘটাতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান প্রশাসনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চলেছে ডেমোক্র্যাটরা। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয়ের পর তারা এখন ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে এক আক্রমণাত্মক কৌশল নিয়ে মাঠে নেমেছেন।   ভোটারদের কাছে জীবনযাত্রার ব্যয় কমানো ও এই দীর্ঘস্থায়ী যুদ্ধ বন্ধ করার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, তা রক্ষা করতে কংগ্রেসের ক্ষমতা ব্যবহার করে হোয়াইট হাউসকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট নেতারা।   প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য দাবি করে আসছেন যে এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জয়ী হয়েছে এবং যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে। ট্রাম্প প্রশাসন এখনো ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ-অবরোধ ধরে রাখার পাশাপাশি কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে। কোনো ধরনের আপস ছাড়াই পূর্ণ বিজয় অর্জনের এই সিদ্ধান্তে অনড় রয়েছে হোয়াইট হাউস।   অন্যদিকে, ডেমোক্র্যাটরা সাধারণ মানুষের দুর্দশা লাঘব এবং যুদ্ধ থামানোর তাগিদ থেকে ট্রাম্পের এই অনমনীয় নীতির মোকাবিলা করতে মূলত তিনটি কৌশল হাতে নিয়েছেন।   প্রথমত, কংগ্রেসে আইন পাস করে যুদ্ধ থামানোর আনুষ্ঠানিক চেষ্টা চালাবে ডেমোক্র্যাটরা। তবে ট্রাম্পের ভেটো ক্ষমতা থাকায় এবং এই ভেটো অকার্যকর করতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হওয়ায় এই পথে সফলতা পাওয়াটা বেশ কঠিন। দ্বিতীয়ত, সংসদীয় তদন্ত ও কড়া নজরদারির মাধ্যমে প্রশাসনের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করা।   তবে তাদের তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটি হলো সরকারের বাজেট বা তহবিল বরাদ্দের নিয়ন্ত্রণ। রাজনীতিতে যাকে ‘পাওয়ার অব দ্য পার্স’ বলা হয়, সেই বাজেট পাসের চাবিকাঠিকে ব্যবহার করেই মূলত ইরান যুদ্ধের আর্থিক রসদ আটকে দিতে চান তারা।   তবে এই কৌশলটি যতটা কার্যকরী, তার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। বাজেট নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডেমোক্র্যাটরা সরাসরি সংঘাতে জড়ালে শেষ পর্যন্ত সাধারণ সরকারি চাকরিজীবী ও জনকল্যাণমূলক কাজ ব্যাহত হতে পারে। পাশাপাশি, এই সুযোগ কাজে লাগিয়ে হোয়াইট হাউস ডেমোক্র্যাটদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তোলারও সুযোগ পাবে।   হরমুজ প্রণালির অচলাবস্থা, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং ওয়াশিংটনের অন্দরে এই ক্ষমতার দ্বন্দ্ব এখন বৈশ্বিক রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের পূর্ণ কার্যক্রম শুরু হলে ইরান যুদ্ধ থামানোর এই লড়াইয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের স্নায়ুযুদ্ধ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ১০:১৪
জর্ডানের কারাক প্রদেশে একটি গির্জায় সন্ত্রাসী হামলা চালিয়ে নয়জনকে হত্যার ঘটনায় তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত
জর্ডানে গির্জায় বন্দুক হামলায় ৯ জন নিহত, তিনজনের মৃত্যুদণ্ডের রায় আদালতের

জর্ডানের কারাক প্রদেশে একটি গির্জায় সন্ত্রাসী হামলা চালিয়ে নয়জনকে হত্যার ঘটনায় তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত। রোববার (১৫ নভেম্বর) আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন হাজ্জা জায়দান মোহাম্মদ, মিশাল জায়দান মোহাম্মদ ও আহমদ সামি হুসেইন। গত ২৩ অক্টোবর কারাকের হামুদ গ্রামের সেন্ট জর্জ গ্রিক অর্থোডক্স গির্জায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুক হামলায় নয়জন নিহত ও আরও অনেকে আহত হন। রায়ে তিন আসামিকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।   জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার প্রতিবেদন অনুযায়ী, ২৩ অক্টোবর হামুদ গ্রামের সেন্ট জর্জ গির্জায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। এ সময় অস্ত্রধারীরা সেখানে উপস্থিত ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালান। হামলায় ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট নয়জনের মৃত্যু হয়। রয়টার্সের প্রতিবেদনে ৩৪ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে। ঘটনাটি জর্ডানের খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও শোকের সৃষ্টি করে। হামলার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ।   হামলার তিন দিন পর ২৬ অক্টোবর বিশেষ অভিযান চালিয়ে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে জর্ডানের নিরাপত্তা বাহিনী। কারাকের একটি পরিত্যক্ত বাড়িতে তাঁদের অবস্থান শনাক্ত করেন কর্মকর্তারা। আত্মসমর্পণের নির্দেশ অমান্য করে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় তিনজনকে আটক করা হয়। অভিযানে তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের দুজন আপন ভাই এবং তৃতীয়জন তাঁদের আত্মীয়।   আদালতের রায়ে তিনজনকে যৌথভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে নয়জনের মৃত্যু ঘটানো, অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার, সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র রাখা, সশস্ত্র হামলার ষড়যন্ত্র এবং সন্ত্রাসী সংগঠনের মতাদর্শ প্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁদের একজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগও প্রমাণিত হয়েছে। জর্ডানের সন্ত্রাসবিরোধী আইন এবং অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইনের আওতায় এসব অপরাধের বিচার করা হয়।   এদিকে স্থানীয় সংবাদমাধ্যম রোয়া নিউজ জানিয়েছে, একই মামলার আরও দুই আসামিকে ছয় বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের আইনজীবী আমের হালসা জানিয়েছেন, আদালত ওই দুই আসামির বিরুদ্ধে অভিযোগের ধরন সংশোধন করে অস্ত্র রাখার অপরাধে সাজা দিয়েছেন। রায় ঘোষণার সময় এই দুই আসামি সরাসরি আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন। আদালতে নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।   হামলার পর জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশটির সরকারও উগ্রবাদী সহিংসতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার উদ্যোগ নেয়। তবে রোববারের মৃত্যুদণ্ডের রায় এখনই চূড়ান্ত নয়। জর্ডানের আইন অনুযায়ী, এই রায় স্বয়ংক্রিয়ভাবে দেশটির সর্বোচ্চ আপিল আদালত কোর্ট অব ক্যাসেশনে পর্যালোচনার জন্য যাবে। ফলে পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সাজা কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।   সূত্র: রোয়া নিউজ

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ১০:১১
মহাকাশ প্রযুক্তিতে নতুন সাফল্য অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণ টাওয়ারে অবতরণ, ইতিহাস গড়লো স্পেসএক্স

মহাকাশ প্রযুক্তিতে নতুন সাফল্য অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথ থেকে ফিরে উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুতে সফলভাবে ধরা পড়েছে স্টারশিপ মহাকাশযান। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রায় সাড়ে ২২ ঘণ্টার অভিযানে পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে মহাকাশযানটি। সফল প্রত্যাবর্তনের মুহূর্তে স্পেসএক্সের ধারাভাষ্যকার ড্যান হুয়োট উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিশ্বাস করতে পারছেন?’ তবে অভিযানের প্রথম ধাপের সুপার হেভি বুস্টারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) টেক্সাসের স্টারবেস থেকে স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করে স্পেসএক্স। প্রায় ৪০৭ ফুট উচ্চতার রকেটটির দুটি প্রধান অংশ রয়েছে। নিচের অংশ সুপার হেভি বুস্টার এবং ওপরের অংশ স্টারশিপ মহাকাশযান। উৎক্ষেপণের পর দুটি অংশ আলাদা হয়ে যায়। স্টারশিপ সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং ২৬টি উন্নত স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করে। পরে প্রায় ২৬৫ কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে স্টারশিপ। শনিবার কক্ষপথ থেকে পৃথিবীতে ফেরার প্রক্রিয়া শুরু করে মহাকাশযানটি। বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ সহ্য করে এটি ধীরে ধীরে টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রের দিকে এগিয়ে আসে। শেষ পর্যায়ে ইঞ্জিনের সাহায্যে গতি নিয়ন্ত্রণ করে প্রায় ১৭১ ফুট দীর্ঘ মহাকাশযানটি। এরপর উৎক্ষেপণ টাওয়ারের দুটি বিশাল যান্ত্রিক বাহু, যা ‘চপস্টিকস’ নামে পরিচিত, সেটিকে মাঝ আকাশে ধরে ফেলে। এর আগে স্পেসএক্স সুপার হেভি বুস্টার উদ্ধার করলেও কক্ষপথ থেকে ফিরে আসা স্টারশিপের ওপরের অংশ প্রথমবারের মতো এভাবে উদ্ধার করতে সক্ষম হলো। তবে অভিযানের সব লক্ষ্য পূরণ হয়নি। উৎক্ষেপণের পর সুপার হেভি বুস্টারটিরও টাওয়ারে ফিরে আসার পরিকল্পনা ছিল। কিন্তু ফেরার পথে এর ইঞ্জিন নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়। নিয়ন্ত্রণব্যবস্থা সমস্যা শনাক্ত করার পর বুস্টারটিকে মেক্সিকো উপসাগরের দিকে সরিয়ে নেওয়া হয়। পরে সেটি বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। ফলে একই অভিযানে রকেটের দুটি অংশই সফলভাবে উদ্ধার করার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। বুস্টারের ব্যর্থতার কারণ তদন্ত করছে স্পেসএক্স। স্টারশিপের সফল প্রত্যাবর্তন ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্পেসএক্সের লক্ষ্য, একই রকেট ও মহাকাশযান বারবার ব্যবহার করে উৎক্ষেপণের খরচ কমানো। কক্ষপথে পাঠানো মহাকাশযানকে অক্ষত অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনা সেই লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ। তবে উদ্ধার করা স্টারশিপটি আবার উৎক্ষেপণ করা সম্ভব হবে কি না, তা নিশ্চিত করতে আরও পরীক্ষা প্রয়োজন। এদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই সাফল্যকে স্বাগত জানিয়েছে। নাসার আর্টেমিস কর্মসূচিতে ভবিষ্যতে নভোচারীদের চাঁদের পৃষ্ঠে নামাতে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে স্পেসএক্সের। তবে এসব অভিযানের আগে মহাকাশে জ্বালানি স্থানান্তর, নিরাপদ অবতরণ এবং একই মহাকাশযান পুনরায় ব্যবহারের সক্ষমতা প্রমাণ করতে হবে। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৯:৫৮
হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লাগার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি অনুমোদনহীন পথ দিয়ে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় নৌমাইনে আঘাত লেগে বিস্ফোরণের পর জাহাজগুলোতে আগুন ধরে যায়। তবে ট্যাংকার দুটির পরিচয়, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।   রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, ট্যাংকার দুটি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চল দিয়ে চলাচলের চেষ্টা করছিল। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, জাহাজ দুটির নেভিগেশন ও স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ ছিল বলে অভিযোগ করেছে আইআরজিসি। ইরানের নৌবাহিনীর দাবি, মাইনে আঘাতের পর জাহাজগুলোতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। তবে কোনো আন্তর্জাতিক নৌনিরাপত্তা সংস্থা বা জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।   এর আগেও হরমুজ প্রণালিতে একাধিক ট্যাংকারে আগুন লাগার দাবি জানিয়েছিল ইরান। শনিবার (১৪ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই দিন তিনটি ট্যাংকার নৌমাইনে আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের নৌবাহিনী দাবি করেছে। এর মধ্যে একটি জাহাজ প্রণালির পূর্বাঞ্চলে এবং অন্য দুটি দক্ষিণাঞ্চলে চলাচল করছিল বলে জানানো হয়। ইরানের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ নৌপথ ব্যবহার এবং কর্তৃপক্ষের নির্দেশনা না মানার কারণে এসব ঘটনা ঘটেছে। তবে একইভাবে এসব দাবির সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। সর্বশেষ দাবিটি আগের ঘটনার পুনরাবৃত্তি, নাকি পৃথক ঘটনা, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।   হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই প্রণালি দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নৌপথে চলাচল নিয়ে উত্তেজনা বেড়েছে। ইরান দাবি করে আসছে, জাহাজগুলোকে প্রণালি অতিক্রমের আগে তাদের অনুমতি নিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, নৌপথের প্রধান চলাচলকারী অংশ থেকে মাইন অপসারণ করা হয়েছে।   এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরানের বিধিনিষেধের জবাবে দেশটির বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সামরিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে ওয়াশিংটন। নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের বিরোধ চলমান কূটনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে দুটি ট্যাংকারে আগুন লাগার সর্বশেষ দাবি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে জাহাজ দুটির প্রকৃত অবস্থা, আরোহীদের নিরাপত্তা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রকাশের অপেক্ষা রয়েছে।   সূত্র: আরব নিউজ

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৯:৪৫
যুক্তরাষ্ট্রে ধনীদের ওপর আরোপিত করের ৩১.২ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে শিশুদের ডে-কেয়ারে
যুক্তরাষ্ট্রে ধনীদের ওপর আরোপিত করের ৩১.২ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে শিশুদের ডে-কেয়ারে

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য শিশুদের ডে-কেয়ার বা শিশুযত্নের ব্যয় মেটাতে হিমশিম খাওয়া পরিবারগুলোর সাহায্যে এগিয়ে এসেছে। এজন্য উচ্চ আয়কারীদের ওপর আরোপিত কর বা ‘ফেয়ার শেয়ার’ রাজস্ব থেকে সংগৃহীত ৩১.২ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করেছে গভর্নর মউরা হিলির প্রশাসন।   এই পরিকল্পনার আওতায় রাজ্যের প্রায় ২,১০০ শিশু আর্থিকভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। ডিপার্টমেন্ট অফ আর্লি এডুকেশন অ্যান্ড কেয়ার-এর মাধ্যমে এই কর্মসূচির পরিসর আরও বৃদ্ধি করা হবে, যার ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ বা ‘ওয়েটলিস্ট’-এ থাকা পরিবারগুলো চাইল্ড কেয়ার ভাউচার এবং ডে-কেয়ারে সংরক্ষিত আসনের সুবিধা পাবে।   ২০২২ সালের নভেম্বরে ম্যাসাচুসেটসের ভোটাররা রাজ্যের উচ্চ আয়কারীদের আয়ের ওপর অতিরিক্ত ৪ শতাংশ সারচার্জ আরোপের পক্ষে ভোট দিয়েছিলেন, যা থেকে ‘ফেয়ার শেয়ার’ রাজস্ব সংগ্রহ করা হচ্ছে। ২০২৬ সালের এই ফেয়ার শেয়ার সাপ্লিমেন্টাল বাজেটে গভর্নর হিলি স্বাক্ষর করার পরই তা শিশুযত্ন সহায়তার জন্য ব্যবহৃত হচ্ছে।   যেসব পরিবার দীর্ঘদিন ধরে সহায়তার অপেক্ষায় আছে এবং আগের রাউন্ডের তহবিল থেকে কোনো সহায়তা পায়নি, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা প্রদান করা হবে। গভর্নর মউরা হিলি বলেন, "প্রতিটি পরিবারের জন্য সুলভ ও মানসম্মত শিশুযত্নের সুবিধা পাওয়াটা তাদের অধিকার, আর এই বিনিয়োগের মাধ্যমে হাজারো শিশু তাদের প্রয়োজনীয় সেবাটি পাবে।"   রাজ্য প্রশাসনের এক ঘোষণায় বলা হয়েছে, এই তহবিলের একটি বড় অংশ শিশুযত্ন ও প্রারম্ভিক শিক্ষা খাতে কর্মরত কর্মীদের সন্তানদের জন্যও বরাদ্দ থাকবে। রাজ্যব্যাপী অপেক্ষমাণ প্রায় ২,০০০ শিশুর মধ্যে অন্তত ৫৮০ জন কর্মীর সন্তানকে এর আওতায় আনা হবে।   এছাড়া, সহায়তার পরিধি বাড়াতে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার আয়ের সীমা আগের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে রাজ্যের মধ্যম আয়ের ৮৫ শতাংশ করা হয়েছে। রাজ্য সিনেটের প্রেসিডেন্ট কারেন ই. স্পিলকা জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক অস্থিতিশীলতার সময়ে এই উদ্যোগ তরুণ পরিবারগুলোকে স্বস্তি দেবে। সিনেটর জেসন লুইসের মতে, মানসম্মত এবং সাশ্রয়ী প্রারম্ভিক শিক্ষা ও শিশুযত্নের মতো জনকল্যাণমূলক কাজেই ফেয়ার শেয়ার সংশোধনী পাস করা হয়েছিল।   অপেক্ষমাণ তালিকায় থাকা পরিবারগুলোকে নতুন করে কোনো আবেদন করতে হবে না; বরং ডিপার্টমেন্ট অফ আর্লি এডুকেশন অ্যান্ড কেয়ার নিজে থেকেই আঞ্চলিক চাইল্ড কেয়ার রিসোর্স এবং রেফারেল এজেন্সিগুলোর সাথে সমন্বয় করে তাদের সাথে যোগাযোগ করবে। আর যারা এখনও এই তালিকায় নেই, তারা রাজ্যের বহুভাষিক অনলাইন পোর্টাল ‘MyChildCareMA’-এর মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।   ওরচেস্টার এবং সেন্ট্রাল ম্যাসাচুসেটসের বাসিন্দারা চাইলে সপ্তাহের যেকোনো কর্মদিবসে সকাল ৭টা থেকে বিকেল ৪টার মধ্যে তাদের আঞ্চলিক এজেন্সি (508-796-1821) নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৯:৪৪
অন্যের ডেবিট কার্ড চুরি করে পানির বিল পরিশোধ, নর্থ ক্যারোলিনায় গ্রেফতার নারী
অন্যের ডেবিট কার্ড চুরি করে পানির বিল পরিশোধ, নর্থ ক্যারোলিনায় গ্রেফতার দুই নারী

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার অ্যাবারডিনে চুরি হওয়া একটি ডেবিট কার্ড ব্যবহার করে অন্য এক নারীর পানির বিল পরিশোধের অভিযোগে আরও এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিয়ান্না রেনে লাকি (৩১) নামের ওই নারীর বিরুদ্ধে চুরি করা কার্ডটি সামান্থা সাবরিনা আইজ্যাক (৩২) নামের আরেক নারীর হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে, যা দিয়ে সামান্থা তার ১০২.৬৬ ডলারের পানির বিল পরিশোধ করেছিলেন।   এছাড়া তিয়ান্না ওই কার্ড ব্যবহার করে পাপা জনস-এ খাবারের অর্ডার দেওয়ারও চেষ্টা করেছিলেন বলে তার গ্রেফতারি পরোয়ানায় উল্লেখ করা হয়েছে। এই জালিয়াতির ঘটনায় তিয়ান্নার বিরুদ্ধে মোট ১০টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।   অ্যাবারডিন পুলিশের বরাত দিয়ে গত ১০ নভেম্বর স্যান্ডহিলস সেন্টিনেল এই গ্রেফতারের খবর প্রকাশ করে। পুলিশের তথ্যমতে, গত ৩০ সেপ্টেম্বর জার্সি মাইকস রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় এক গ্রাহকের ডেবিট কার্ড চুরি যায়। ওই গ্রাহক পুলিশকে তার কার্ডের লেনদেনের হিসাব সরবরাহ করেন, যেখানে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে ৮টি সফল বা ব্যর্থ লেনদেনের প্রমাণ পাওয়া যায়। এরপর রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্তকারীরা দেখেন যে, ওই দুই গ্রাহক (তিয়ান্না ও সামান্থা) মিলে কার্ডটি চুরি করেছিলেন।   এই ঘটনার জেরে গত ৩১ অক্টোবর সামান্থা সাবরিনা আইজ্যাককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধেও একই তদন্তের আওতায় অভিযোগ গঠন করা হয়। এর আগে ওয়েলথ অফ গিকস সামান্থার বিরুদ্ধে পানির বিল পরিশোধের অভিযোগটি প্রকাশ করেছিল। তবে গত ৩ নভেম্বর তিয়ান্নার নামে জারি করা ৬ পৃষ্ঠার গ্রেফতারি পরোয়ানায় এই জালিয়াতিতে তার সরাসরি জড়িত থাকার বিষয়টিও উঠে আসে।   পরোয়ানায় বলা হয়েছে, তিয়ান্না জেনেশুনে সামান্থাকে ওই চুরি করা কার্ডটি দিয়েছিলেন, যাতে সামান্থা প্রতারণার মাধ্যমে তার পানির বিল পরিশোধ করতে পারেন। এছাড়া সামান্থার সাথে যোগসাজশ করে কার্ড চুরির একটি আলাদা অভিযোগও তিয়ান্নার বিরুদ্ধে আনা হয়েছে। পাশাপাশি তিয়ান্নার বিরুদ্ধে পূর্বে থাকা চুরির ৪টি রেকর্ড উল্লেখ করে তাকে 'অভ্যাসগত চোর' বা হ্যাবিচুয়াল লার্সেনির দায়েও অভিযুক্ত করা হয়েছে।   আদালতের নথিপত্র অনুযায়ী, গত ৪ নভেম্বর ৫০ হাজার ডলারের সিকিউরড বন্ড বা জামানত জমা দেওয়ার মাধ্যমে তিয়ান্না লাকিকে মুক্তি দেওয়া হয়েছে। গত ১৩ নভেম্বরের আদালতের সারাংশ অনুযায়ী মামলাটি এখনও বিচারাধীন রয়েছে এবং আগামী ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় মুর কাউন্টি কোর্টরুম ৩২৭-এ এর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে মার্কিন আইন অনুযায়ী, চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত দুজনকেই নির্দোষ বলে গণ্য করা হবে।

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৯:২৮
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের এই হামলার প্রেক্ষাপটে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
বাহরাইনে ইরানি ড্রোন হামলা প্রতিহত, মার্কিন ঘাঁটিতে আঘাতের দাবি তেহরানের

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ নভেম্বর) একাধিক ইরানি আকাশপথের হামলা প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠিয়েছে তারা। তবে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার দাবি যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। হামলার আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করে বাহরাইন সরকার।   ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, রোববার ভোরে বাহরাইনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রথম দফায় এবং সকাল সাড়ে ৬টার দিকে আবারও বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানিয়েছে এএফপি। পরিস্থিতির মধ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার সতর্কতা জারি করে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়।   ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠানোর দাবি করেছে আইআরজিসি। ইরানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তাদের ড্রোন নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না কিংবা মার্কিন সেনাদের কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।   অন্যদিকে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের একাধিক আকাশপথের হামলা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, অন্য দেশের সঙ্গে বিরোধ মেটাতে বাহরাইনের ভূখণ্ড ব্যবহার গ্রহণযোগ্য নয়। এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে বাহরাইন সরকার। দেশটির নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানানো হয়েছে।   এর দুই দিন আগে শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল ইরান। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ওই দাবি প্রত্যাখ্যান করে। মার্কিন সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, সেদিন বাহরাইন লক্ষ্য করে পাঠানো দুটি ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছিল। এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সর্বশেষ রোববারের হামলার বিষয়ে মার্কিন সামরিক কর্তৃপক্ষের তাৎক্ষণিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।   বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনায় দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। প্রায় নয় মাস ধরে চলা সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকলেও স্থায়ী সমঝোতা হয়নি।   এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, ইরান কিংবা ইয়েমেনের ইরানসমর্থিত হুতি গোষ্ঠীর পক্ষ থেকে নতুন উসকানি না এলে তিনি ইরানে নতুন হামলা থেকে বিরত থাকার বিষয়টি বিবেচনা করতে পারেন। তবে ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ বহাল রাখার অবস্থানও জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে বাহরাইনে নতুন হামলা ও পাল্টাপাল্টি দাবি মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আবারও বাড়িয়ে দিয়েছে।   সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৯:২০
মেডিকেয়ার জালিয়াতিতে ১২৭ মিলিয়ন ডলার আত্মসাৎ, ডে-কেয়ার পরিচালকের দোষ স্বীকার
৮১ জনের ডে-কেয়ারে প্রতিদিন ৭০০ জনের বিল, নিউইয়র্কে ১২৭ মিলিয়ন ডলারের জালিয়াতি

  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি সোশাল অ্যাডাল্ট ডে-কেয়ার (এসএডিসি) সেন্টারের পরিচালক এক দশকেরও বেশি সময় ধরে চলা ১২৭ মিলিয়ন ডলারের মেডিকেয়ার এবং মেডিকেইড জালিয়াতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই স্বীকারোক্তির পর নিউইয়র্ক প্রশাসন এ ধরনের অন্যান্য সেন্টারের জালিয়াতি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং রাজ্য সরকার পুরো ডে-কেয়ার প্রোগ্রামটিই বাতিল করার কথা বিবেচনা করছে।   গত ৯ নভেম্বর কুইন্সের ফ্লাশিং এলাকার বাসিন্দা ড্যানিয়েল লি স্বাস্থ্যসেবায় জালিয়াতি ও অর্থপাচারের ষড়যন্ত্রে যুক্ত থাকার কথা মার্কিন বিচার বিভাগের কাছে স্বীকার করেন। ড্যানিয়েল লি মূলত ফ্লাশিংয়ের 'হ্যাপি লাইফ ইনকর্পোরেটেড' এবং 'রয়েল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার' নামক দুটি এসএডিসি সেন্টারের প্রোগ্রাম ডিরেক্টর ছিলেন।   ফেডারেল অভিযোগ অনুযায়ী, লি-র পরিচালিত সেন্টারগুলো মেডিকেইড সুবিধাভোগীদের সেন্টারে ভর্তি হতে নগদ অর্থের প্রলোভন দেখাত। ভর্তি হওয়ার পর তারা কোনো সেবা না নিলেও তাদের নামে ভুয়া বিল তৈরি করে মেডিকেইডের কাছে জমা দেওয়া হতো। এছাড়া লি এবং তার সহযোগীরা রোগীদের অপ্রয়োজনীয় প্রেসক্রিপশন দিয়ে একটি ফার্মেসি জালিয়াতির চক্রও চালাতেন। হ্যাপি লাইফ সেন্টারে তল্লাশি চালিয়ে কর্তৃপক্ষ ১ লাখ ডলারের বেশি নগদ অর্থ উদ্ধার করে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৯ লাখ ডলার বাজেয়াপ্ত করে।   এই ডে-কেয়ার সেন্টারগুলোর মূল লক্ষ্য হলো বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দিনের বেলা অতিরিক্ত সহায়তার মাধ্যমে বাড়িতেই সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করা। তবে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, প্রবীণদের লি-র সেন্টারে যোগ দেওয়ার জন্য মাসে ৫০০ ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হতো, যদিও উপস্থিত হওয়ার পর তা কমিয়ে ৩০০ ডলার করা হতো।   রয়্যাল অ্যাডাল্ট ডে-কেয়ারে মাত্র ৮১ জনের ধারণক্ষমতা থাকলেও তারা নিয়মিত দৈনিক ৭০০ জনের বেশি দর্শনার্থীর ভুয়া বিল জমা দিত। ২০২২ সালের আগস্টে তো তারা মাত্র একদিনেই ১,০৪১ জনের বিল মেডিকেইডের কাছে পেশ করেছিল। শুধু তা-ই নয়, ফার্মেসিগুলো প্রতিটি ৬০-প্যাচ ব্যথানাশক প্রেসক্রিপশনের জন্য ৫২৫ ডলার পেত এবং এর বিনিময়ে সদস্যদের ১০০ ডলার ফেরত দিত।   ড্যানিয়েল লি-র এই ঘটনাটি নিউইয়র্কের ডে-কেয়ার সেন্টারগুলোর বিরুদ্ধে চলমান অসংখ্য জালিয়াতির তদন্তের একটি অংশ মাত্র। গত অক্টোবরে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জালিয়াতি ও অসদাচরণের সন্দেহে ১০০টিরও বেশি সেন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।   তিনি পুরো প্রোগ্রামটি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন, যেখানে বর্তমানে ৪০০টিরও বেশি সেন্টারের মাধ্যমে প্রায় ৪৫,০০০ মেডিকেইড গ্রহীতা সেবা পাচ্ছেন এবং এর পেছনে করদাতাদের বছরে ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি খরচ হচ্ছে। নিউইয়র্ক স্টেটের কম্পট্রোলার থমাস ডিনাপোলির করা এক অডিটে এসএডিসি প্রোভাইডারদের দেওয়া ২৮৫ মিলিয়ন ডলারেরও বেশি মেডিকেইড পেমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যার মধ্যে ২৮.৬ মিলিয়ন ডলার এমন প্রোভাইডারদের দেওয়া হয়েছে, যারা আগে জালিয়াতির কারণে বাতিল হয়েছিল।   এই জালিয়াতির জেরে নিউইয়র্ক প্রশাসন আগামী ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত নতুন কোনো প্রোভাইডারকে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজ্য স্বাস্থ্য কর্মকর্তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে যে, এই প্রোগ্রামটি সংস্কার করা হবে নাকি পুরোপুরি বাতিল করে অংশগ্রহণকারীদের অন্য সেবায় স্থানান্তর করা হবে। আগামী ২০২৭ সালের ২ মার্চ ড্যানিয়েল লি-র সাজা ঘোষণার কথা রয়েছে, যেখানে তার সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৯:৪
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের উইল কাউন্টিতে গুলিবর্ষণের ঘটনায় এক নারী নিহত এবং এক পুরুষ গুলিবিদ্ধ হয়েছেন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে বন্দুক হামলায় এক নারী নিহত, সোয়াট অভিযানে সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের উইল কাউন্টিতে গুলিবর্ষণের ঘটনায় এক নারী নিহত এবং এক পুরুষ গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর একটি বাড়িতে অবস্থান নেওয়া সশস্ত্র সন্দেহভাজনকে আটক করতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশের সোয়াট টিম। কয়েক ঘণ্টার অভিযান শেষে সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শিকাগোর দক্ষিণাঞ্চলীয় শহরতলি বিচারে এ ঘটনা ঘটে। আহত পুরুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে বাড়ির ভেতর থেকে উদ্ধার করা গুলিবিদ্ধ নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।   মার্কিন সংবাদমাধ্যম  সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিকেল ৫টার কিছু পর বিচারের ওয়াটারফোর্ড লেন ও সমারসেট ড্রাইভ এলাকায় গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে এক ব্যক্তিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। জরুরি চিকিৎসাকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, সন্দেহভাজন বন্দুকধারী কাছের একটি বাড়িতে অবস্থান নিয়েছেন এবং বাইরে বের হতে অস্বীকৃতি জানাচ্ছেন।   পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। পরে উইল কাউন্টি শেরিফের কার্যালয়ের বিশেষ অস্ত্র ও কৌশলগত দল সোয়াটকে ঘটনাস্থলে ডাকা হয়। শেরিফের কার্যালয় জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে সোয়াট সদস্যরা অভিযানে যোগ দেন। এ সময় বাড়ির ভেতর থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে সন্দেহভাজনের বিরুদ্ধে। গুলিতে পুলিশের একটি সাঁজোয়া উদ্ধারযান ক্ষতিগ্রস্ত হলেও কোনো সোয়াট সদস্য আহত হননি।   পুলিশ প্রথমে সন্দেহভাজনকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করে। কয়েক ঘণ্টা আলোচনার পরও তিনি বের না হওয়ায় বিশেষ দল বাড়ির জানালা ভেঙে ভেতরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এরপর কর্মকর্তারা বাড়িতে প্রবেশ করে সন্দেহভাজনকে আটক করেন। রাত সাড়ে ৯টার দিকে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে হেলিকপ্টারে করে অন্য একটি চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে তিনি কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।   বাড়িতে তল্লাশির সময় গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে উদ্ধার করেন কর্মকর্তারা। তাঁকে জরুরি চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম, বয়স কিংবা সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক এখনো প্রকাশ করা হয়নি। একইভাবে প্রথমে উদ্ধার করা গুলিবিদ্ধ পুরুষের পরিচয়ও জানানো হয়নি। কী কারণে গুলিবর্ষণ শুরু হয়েছিল এবং নারীটির মৃত্যুর জন্য কে দায়ী, তা তদন্তাধীন রয়েছে।   অভিযান চলাকালে ওয়াটারফোর্ড লেন ও সমারসেট ড্রাইভের আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয় পুলিশ। এলাকায় ব্যাপক পুলিশি উপস্থিতির পাশাপাশি আকাশে হেলিকপ্টার দিয়ে নজরদারি চালানো হয়। বাসিন্দাদের ঘটনাস্থলে না যাওয়ার অনুরোধও জানানো হয়েছিল। বর্তমানে বিচারের পুলিশ বিভাগ ও উইল-গ্রান্ডি মেজর ক্রাইমস টাস্কফোর্স যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে। সন্দেহভাজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।   সূত্র: সিবিএস নিউজ শিকাগো

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৯:০
যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত ব্যবহারের জন্য চালকবিহীন সাইবারক্যাব গাড়ি কেনার সুযোগ দিতে শুরু করেছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ছবি: সংগৃহীত
প্রায় ৩০ হাজার ডলারে সাইবারক্যাব বিক্রি শুরু করল টেসলা, শর্তসাপেক্ষে কিনতে পারবে যে কেউ

যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত ব্যবহারের জন্য চালকবিহীন সাইবারক্যাব গাড়ি কেনার সুযোগ দিতে শুরু করেছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু গ্রাহককে ২৯ হাজার ৯৯০ ডলারে দুই আসনের এই গাড়ি কেনার আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে গাড়িটি চালাতে প্রতি মাসে অতিরিক্ত ২৯৯ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হবে। শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টেসলার রোবোট্যাক্সি অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়। ডিসেম্বর থেকে গাড়ি সরবরাহের প্রাথমিক পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোনালি রঙের সাইবারক্যাব গাড়িতে প্রচলিত স্টিয়ারিং হুইল কিংবা অ্যাক্সিলারেটর ও ব্রেক প্যাডেল নেই। গাড়িটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তিতে চলার জন্য তৈরি করা হয়েছে। এর দুটি আসন এবং বিশেষভাবে তৈরি দরজা রয়েছে। টেসলার প্রকাশিত অর্ডার পেজ অনুযায়ী, গাড়িটির দাম ২৯ হাজার ৯৯০ ডলার, যা করের আগের মূল্য। অর্ডার নিশ্চিত করতে ক্রেতাদের এক হাজার ডলার ফেরতযোগ্য নয় এমন ডিপোজিট দিতে হবে। তবে সাইবারক্যাব কিনলেই যুক্তরাষ্ট্রের সব সড়কে এটি চালানোর অনুমতি পাওয়া যাবে না। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, প্রাথমিকভাবে টেসলার রোবোট্যাক্সি সেবা চালু রয়েছে এমন নির্দিষ্ট এলাকায় গাড়িটি ব্যবহার করা যাবে। টেক্সাসের অস্টিনসহ সীমিত কয়েকটি এলাকায় গাড়ি সরবরাহের পরিকল্পনা রয়েছে। কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান অশোক এল্লুস্বামী জানিয়েছেন, রোবোট্যাক্সির জন্য নির্ধারিত এলাকাতেই ব্যক্তিগত সাইবারক্যাব চালক ছাড়াই চলতে পারবে। এদিকে গাড়িটির মাসিক সাবস্ক্রিপশন ফি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। টেসলার শর্ত অনুযায়ী, ২৯৯ ডলারের অটোনমি সাবস্ক্রিপশন চালু না থাকলে গাড়িটি ব্যবহার করা যাবে না। প্রথম মাসের ফি গাড়ির মূল্যের সঙ্গে অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তী মাসগুলোতে নিয়মিত অর্থ পরিশোধ করতে হবে। পাঁচ বছর গাড়িটি ব্যবহার করলে শুধু সাবস্ক্রিপশন বাবদ প্রায় ১৭ হাজার ৬০০ ডলার খরচ হতে পারে। ফলে কর, ইন্স্যুরেন্স ও চার্জিং খরচ ছাড়াই গাড়িটির মোট ব্যয় প্রায় ৪৭ হাজার ৬০০ ডলারে পৌঁছাতে পারে। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক নিজেও মাসিক ২৯৯ ডলারের ফি বেশি বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, অন্যান্য টেসলা গাড়ির ফুল সেলফ-ড্রাইভিং এবং কানেকটিভিটি সেবার সম্মিলিত খরচের কাছাকাছি, অর্থাৎ প্রায় ১১৫ ডলার হওয়া উচিত। তবে সাবস্ক্রিপশন ফি কমানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রজুড়ে সাইবারক্যাবের ব্যবহার সম্প্রসারণ করা হবে। অন্যদিকে ব্যক্তিগতভাবে কেনা সাইবারক্যাব দিয়ে আপাতত উবার, ট্যাক্সি কিংবা অন্য কোনো বাণিজ্যিক রাইডশেয়ারিং সেবা পরিচালনা করা যাবে না। টেসলার সাবস্ক্রিপশন চুক্তিতে এই বিধিনিষেধ রয়েছে। একই সঙ্গে স্টিয়ারিং ও প্যাডেলবিহীন গাড়িটি যুক্তরাষ্ট্রের প্রচলিত নিরাপত্তা মানদণ্ড পূরণ করছে কি না, তা নিয়ে ফেডারেল নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা চলছে। ফলে সীমিতসংখ্যক গ্রাহকের জন্য অর্ডার নেওয়া শুরু হলেও সাইবারক্যাবের ব্যাপক বাজারজাতকরণ ও দেশজুড়ে ব্যবহার এখনো সরকারি অনুমোদনের ওপর নির্ভর করছে। সূত্র: রয়টার্স

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৮:৪১
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ২০০ যাত্রীবাহী ক্রুজ জাহাজে ট্যাংকারের ধাক্কা I ছবি: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ২০০ যাত্রীবাহী ক্রুজ জাহাজে ট্যাংকারের ধাক্কা, হাসপাতালে ৩২ জন

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে নোঙর করা একটি যাত্রীবাহী ক্রুজ জাহাজে ধাক্কা দেওয়া বিশালাকার ট্যাংকারটির বিরুদ্ধে দীর্ঘদিনের যান্ত্রিক ত্রুটির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত শুক্রবার ‘আটলান্টিক অ্যাসফল্ট’ নামের ১৫ হাজার টনের বিশাল ওই ট্যাংকারটি নোঙর করে থাকা ‘আমেরিকান হেরিটেজ’ নামের একটি রিভারবোট বা নদীতে চলাচলের জাহাজে সজোরে ধাক্কা দেয়।   দুর্ঘটনার সময় আমেরিকান ক্রুজ লাইনসের ওই জাহাজটিতে প্রায় ২০০ জন আরোহী ছিলেন। এদের মধ্যে দুই বন্দর পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত আটজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।   নোল ডটকম (Nola.com)-এর প্রতিবেদন অনুযায়ী, ঘাতক ট্যাংকারটিতে নেভিগেশন বা দিকনির্দেশনা সিস্টেমের ত্রুটি থেকে শুরু করে জরুরি অবস্থায় লাইফবোট নামাতে না পারার মতো একাধিক সমস্যা ছিল। মার্কিন কোস্টগার্ড ছাড়াও কানাডিয়ান এবং ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো বিভিন্ন সময়ে ট্যাংকারটির এসব ত্রুটি চিহ্নিত করেছিল।   চলতি বছরের জুন মাসেই পাম্প রুমে ত্রুটিপূর্ণ ওয়্যারিংয়ের কারণে কোস্টগার্ড এটিকে সতর্ক করে। গত বছর অর্থাৎ ২০২৫ সালেও কানাডিয়ান কোস্টগার্ড এবং ইউরোপীয় নিয়ন্ত্রকরা এর লাইফবোটগুলোতে জরুরি অবস্থায় দ্রুত নামানোর মতো পর্যাপ্ত সরঞ্জাম না থাকার অভিযোগ এনেছিল। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে বাল্টিমোর যাওয়ার পথে ট্যাংকারটির স্বয়ংক্রিয় পাইলট সিস্টেম বিকল হয়ে যায় এবং এর দুই মাস পর ব্রিজ ও মূল ইঞ্জিনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটেছিল।   দুর্ঘটনার সময়কার ভয়াবহ ভিডিও ফুটেজে দেখা যায়, ট্যাংকারটি হঠাৎই তার স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারিয়ে নোঙর করা যাত্রীবাহী জাহাজটিতে সরাসরি আঘাত হানে। ধাক্কার চোটে জাহাজটি একপাশে আংশিক ডুবে যেতে শুরু করলে আতঙ্কিত যাত্রীরা প্রাণ বাঁচাতে জাহাজের রেলিং আঁকড়ে ধরেন। অনেকেই লাইফ জ্যাকেট বা রক্ষাকারী সরঞ্জাম নিয়ে নদীতে ভাসতে বাধ্য হন।   এই ঘটনার পর নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ ট্যাংকারটির লাইবেরিয়াভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান এবং সিঙ্গাপুরভিত্তিক ব্যবস্থাপনা কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। থালিয়া স্ট্রিট টার্মিনাল নামের যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে, তার মালিকানাও এই বন্দর কর্তৃপক্ষের।   সামুদ্রিক আইন বিষয়ক আইনজীবী কারা মিলার জানিয়েছেন, ট্যাংকারটির এই দীর্ঘ ত্রুটির ইতিহাস অত্যন্ত উদ্বেগজনক, বিশেষ করে যখন এটি একটি অপেক্ষাকৃত নতুন জলযান। তিনি বলেন, একটি নতুন জাহাজে রক্ষণাবেক্ষণের অভাবজনিত এত বেশি ত্রুটি থাকার বিষয়টি সত্যিই অস্বাভাবিক এবং আলাদাভাবে চোখে পড়ার মতো।

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৮:৩১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় একটি সমুদ্রসৈকতে সার্ফিং করার পর অসুস্থ হওয়ার অভিযোগ করেছেন বহু মানুষ। ছবি: সংগৃহীত
ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক মাত্রায় ব্যাকটেরিয়া, সার্ফিংয়ের পর অসুস্থ হচ্ছেন অনেকে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জনপ্রিয় একটি সমুদ্রসৈকতে সার্ফিং করার পর অসুস্থ হওয়ার অভিযোগ করছেন বহু মানুষ। সান ফ্রান্সিসকো বে এরিয়ার প্যাসিফিকা স্টেট বিচে পানির নমুনা পরীক্ষায় স্বাস্থ্যগত নিরাপত্তার নির্ধারিত সীমার চেয়ে বেশি ব্যাকটেরিয়া পাওয়া গেছে। নতুন ডিএনএ পরীক্ষায় পানিতে মানববর্জ্যের চিহ্নও শনাক্ত হয়েছে। স্থানীয় পরিবেশবাদী সংগঠনের জরিপে প্রায় ৩০০ জন পানিতে নামার পর বিভিন্ন স্বাস্থ্যসমস্যায় আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন। তবে তাঁদের অসুস্থতার সঙ্গে সৈকতের পানির সরাসরি সম্পর্ক চিকিৎসাগতভাবে নিশ্চিত করা হয়নি।   শনিবার (১৪ নভেম্বর) সান ফ্রান্সিসকো ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, লিন্ডা মার নামেও পরিচিত সৈকতটিতে দীর্ঘদিন ধরে ই-কোলাই ও এন্টারোকক্কাস ব্যাকটেরিয়ার মাত্রা বেশি পাওয়া যাচ্ছে। এসব ব্যাকটেরিয়া পানিতে মলজাত দূষণের নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় স্বাস্থ্য বিভাগ সৈকতের প্রবেশপথে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে। সেখানে ব্যাকটেরিয়ার মাত্রা স্বাস্থ্যগত মানদণ্ড ছাড়িয়ে যাওয়ায় পানিতে নামতে নিরুৎসাহিত করা হয়েছে।   ২০২৩ সালে এই সৈকতে সার্ফিং করার পর অসুস্থ হয়ে পড়েন মাত্তেও ফারিনাচ্চি। কয়েক দিন পর বিমানবন্দরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে পরীক্ষায় তাঁর শরীরে একাধিক সংক্রমণ ধরা পড়ে। একই দিনে তাঁর সঙ্গে সার্ফিং করা অন্যরাও অসুস্থ হয়েছিলেন বলে জানান তিনি। ফারিনাচ্চির ধারণা, সার্ফিংয়ের সময় দূষিত সমুদ্রের পানি গিলে ফেলায় তিনি সংক্রমিত হয়েছিলেন।   ২০২৪ সালে একই সৈকতে সার্ফিংয়ের পর গুরুতর অসুস্থ হন অ্যালেক্স ওর্তেগা। বমি ও মাথা ঘোরার কারণে তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা নিতে হয়। পরদিন পরীক্ষায় তাঁর ই-কোলাই সংক্রমণ শনাক্ত হয়। ওর্তেগা জানিয়েছেন, পরবর্তী কয়েক সপ্তাহে তাঁর ওজন ২০ পাউন্ডের বেশি কমে যায়। স্থানীয় জরিপে অংশগ্রহণকারীরা পেটের সমস্যা, কান ও চোখের সংক্রমণ, সাইনাসের সমস্যা এবং ত্বকের সংক্রমণের কথাও জানিয়েছেন।   দূষণের উৎস শনাক্ত করতে ২০২৪ সালে স্থানীয় কয়েকটি পরিবেশবাদী ও সার্ফিং সংগঠন মিলে লিন্ডা মার ওয়াটার কোয়ালিটি কোয়ালিশন গঠন করে। ২০২৫ সাল থেকে তারা পানির নমুনায় বিশেষ ডিএনএ পরীক্ষা শুরু করে। পরীক্ষায় মানুষের অন্ত্রে থাকা ব্যাকটেরিয়ার জিনগত চিহ্ন শনাক্ত হয়েছে। পাশাপাশি গত দুই বছরে সংগৃহীত নমুনার ৭২ শতাংশের বেশি বিনোদনমূলক জলব্যবহারের জন্য নির্ধারিত রাজ্য মানদণ্ড অতিক্রম করেছে।   সংগঠনটির ধারণা, প্যাসিফিকা শহরের পুরোনো পয়োনিষ্কাশন পাইপ থেকে বর্জ্য চুইয়ে কাছের সান পেদ্রো খালে মিশতে পারে। সেই খালের পানি সরাসরি সৈকতে প্রবেশ করে। তবে পাইপই দূষণের প্রধান উৎস, তা এখনো নিশ্চিত হয়নি। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোনো পাইপ পরিবর্তনের কর্মসূচি থাকলেও প্রতিটি বাড়ির সংযোগ পাইপ বদলাতে ১০ হাজার ডলারের বেশি খরচ হতে পারে। এ ক্ষেত্রে শহরের সহায়তার পরিমাণ প্রায় দুই হাজার ডলার।   প্যাসিফিকা কর্তৃপক্ষ এর আগে পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেছে। ২০২৪ সালে ছয় মাইল প্রধান পয়োনিষ্কাশন পাইপ পরিবর্তন করা হয়। শহরের ব্যবস্থাপক শন শারপেন্টিয়ে জানিয়েছেন, শীতকালীন ঝড় মোকাবিলার পর দূষণের উৎস আরও নির্দিষ্টভাবে শনাক্ত এবং খালের পানির মান উন্নয়নের পরিকল্পনা নেওয়া হবে।   বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বৃষ্টির পর দূষণ বাড়লেও শুষ্ক আবহাওয়াতেও অনেক সময় ব্যাকটেরিয়ার মাত্রা নিরাপদ সীমা ছাড়িয়ে যাচ্ছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিশেষজ্ঞ জিনা সলোমন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সৈকতের পানিতে না নামার পরামর্শ দিয়েছেন। দূষণের আশঙ্কায় স্থানীয় সার্ফিং ব্যবসাতেও প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।   সূত্র: সান ফ্রান্সিসকো ক্রনিকল

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৮:৩০
ক্যানসারের চিকিৎসা না পেয়ে কানাডা ছাড়লেন মার্কিন নারী, যুক্তরাষ্ট্রে ফিরেই জরুরি অস্ত্রোপচার
ক্যানসারের চিকিৎসা না পেয়ে কানাডা ছাড়লেন মার্কিন নারী, যুক্তরাষ্ট্রে ফিরেই জরুরি অস্ত্রোপচার

বিনামূল্যে উন্নত চিকিৎসার আশায় কানাডায় পাড়ি জমিয়েছিলেন এক দম্পতি। কিন্তু সেখানে গিয়ে তারা যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাকে ‘অমানবিক’ বা ডিস্টোপিয়ান বলে আখ্যা দিয়েছেন তারা। ক্যানসার চিকিৎসার বদলে কানাডার চিকিৎসাব্যবস্থা তাদের সামনে স্বেচ্ছামৃত্যুর (মেডিকেলি অ্যাসিস্টেড ডেথ) প্রস্তাব রাখায় বাধ্য হয়ে তারা যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন।   মার্কিন বিমানবাহিনীর সাবেক কর্মী ক্রিস্টিন লোগান স্টেজ ফোর ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত। তার স্বামী ডোনোভান জেমস একজন কানাডীয় নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছিলেন। যেকোনো বড় ধরনের স্বাস্থ্য সংকটে যেন তাদের আর্থিকভাবে দেউলিয়া হতে না হয়, মূলত সেই উদ্দেশ্যেই তারা কানাডার সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সেখানে গিয়েছিলেন।   কিন্তু তাদের সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। ফক্স নিউজ ডিজিটালকে জেমস জানান, "কানাডা ধীরে ধীরে একটি অমানবিক পরিস্থিতিতে তলিয়ে যাচ্ছে। তারা যেভাবে MAID (Medical Assistance in Dying) বা স্বেচ্ছামৃত্যু ব্যবস্থাকে বিস্তৃত করেছে, তা সত্যিই ভীতিকর। কোনো মানুষ অসুস্থ হলেই তাকে এভাবে মৃত্যুর প্রস্তাব দেওয়া হবে, এটি কখনোই কাম্য ছিল না; আমার কাছে এটিকে স্রেফ শয়তানি বলে মনে হয়।"   লোগান জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো তার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার জন্য ওই মাসেই তিনি কানাডা ছেড়ে যুক্তরাষ্ট্রে যান। এরপর ২০২৪ সালের মার্চে অন্ত্রের জটিলতায় (Bowel obstruction) ভুগে আবারও তিনি দেশ ছাড়েন। এপ্রিলে ফিরে আসার পর ডিসেম্বরে তার ক্যানসার পুনরায় ফিরে আসে।   সব মিলিয়ে বাধ্য হয়ে ২০২৫ সালের জানুয়ারিতে তারা কানাডা ছাড়ার সিদ্ধান্ত নেন এবং মে মাসে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে ফিরে যান। লোগান আক্ষেপ করে বলেন, "এটি আমার জীবনের সবচেয়ে হৃদয়বিদারক অভিজ্ঞতা ছিল। আমাকে কার্যত মৃত্যুর জন্য প্রস্তুত করা হচ্ছিল। আর যদি আমি বাঁচতে চাইতাম, তবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে দেশ ছাড়তে হতো। অনকোলজি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগেই আমাকে কীভাবে নিজের জীবন শেষ করতে পারি সে বিষয়ে তথ্য দেওয়া হচ্ছিল, যা ভাবলেই গা শিউরে ওঠে।"   কানাডার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, MAID হলো এমন একটি স্বাস্থ্যসেবা, যার মাধ্যমে যোগ্য ব্যক্তিরা চিকিৎসকের সহায়তায় নিজেদের জীবনের অবসান ঘটাতে পারেন। দ্য আটলান্টিকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় বর্তমানে প্রতি ২০টি মৃত্যুর মধ্যে একটি ঘটে এই MAID-এর মাধ্যমে।   ক্রিস্টিন ও ডোনোভান জানান, ক্যানসার ধরা পড়ার পর কানাডার চিকিৎসাব্যবস্থা তাদের প্রথম সমাধান হিসেবে এই MAID-এর প্রস্তাবই দিয়েছিল। জেমস অভিযোগ করেন, "তাদের উচিত মানুষকে বাঁচানোর দিকে মনোযোগ দেওয়া, কিন্তু তারা ধরে নেয় যে আপনি মরে যাবেন, তাই এই ব্যবস্থাকে একটি 'দয়ালু প্রস্তাব' হিসেবে প্রচার করছে।"   দীর্ঘ অপেক্ষার প্রহর এবং কানাডার স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় সম্পদের অভাবের কারণে লোগানকে তিনবার আমেরিকায় ছুটে আসতে হয়েছিল। একটি পর্যায়ে কানাডার চিকিৎসকরা পরিবারটিকে জানিয়ে দেন যে, ক্রিস্টিনের ওপর অস্ত্রোপচার করার কোনো পরিকল্পনা তাদের নেই এবং তাকে ভ্যাংকুভারে স্থানান্তরের জন্য হাসপাতালের কোনো হেলিকপ্টারও খালি নেই।   উল্টো এক চিকিৎসক পরামর্শ দেন, সামর্থ্য থাকলে তিনি যেন দেশ ছেড়ে যান। জেমস বলেন, "ক্রিস্টিনের অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল... শেষমেশ আমরা তাকে হাসপাতালের মেশিন থেকে বিছিন্ন করে জীবনের ঝুঁকি নিয়ে গাড়িতে তুলি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিয়াটলে ফিরে আসার পরই তার জরুরি অস্ত্রোপচার হয়। মার্কিন সার্জন জানিয়েছিলেন, আর একদিন দেরি হলে কানাডাতেই তার মৃত্যু হতো।" এই অমানবিক অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরে লোগান বলেন, "মাত্র ৪৩ বছর বয়সে ক্যানসার ধরা পড়ার পর কানাডার স্বাস্থ্যসেবা প্রতিটি পদক্ষেপে যেভাবে বাধা সৃষ্টি করেছে, তা আমাকে ক্ষুব্ধ করে তুলেছে।"

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৮:১৪
ক্যালিফোর্নিয়ার বিমানবন্দরে যাত্রীর স্যুটকেস খুলতেই বেরিয়ে এল দুটি জীবন্ত সাপ
ক্যালিফোর্নিয়ার বিমানবন্দরে যাত্রীর স্যুটকেস খুলতেই বেরিয়ে এল দুটি জীবন্ত সাপ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরে যাত্রীর স্যুটকেস তল্লাশি করতে গিয়ে দুটি জীবন্ত সাপ উদ্ধার করেছেন নিরাপত্তাকর্মীরা। সাপ দুটি একটি বালিশের কভারের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। প্রথমে এক্স-রে স্ক্যানারে এগুলোকে দড়ির মতো মনে হলেও পরে নড়াচড়া দেখে বিষয়টি বুঝতে পারেন কর্মকর্তারা। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে ব্যাগেজ পরীক্ষা বন্ধ রাখা হয়। ঘটনাটি ঘটে গত অক্টোবরে অন্টারিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। শুক্রবার (১৩ নভেম্বর) ঘটনার বিস্তারিত ও ভিডিও প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)।   মার্কিন সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেসের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরে নিয়মিত নিরাপত্তা পরীক্ষার সময় একটি চেকড ব্যাগের ভেতরে অস্বাভাবিক বস্তু দেখতে পান টিএসএ কর্মকর্তা বেঞ্জামিন আন্দ্রাদে-ক্যারিলো। এক্স-রে স্ক্যানে বস্তুটি দড়ির মতো দেখা যাচ্ছিল। পরে ব্যাগ খুলে একটি বালিশের কভার পরীক্ষা করার সময় তিনি বুঝতে পারেন, ভেতরের বস্তুটি জীবন্ত। সঙ্গে সঙ্গে তিনি তাঁর সুপারভাইজারকে বিষয়টি জানান।   এরপর ঘটনাস্থলে আসেন টিএসএর তত্ত্বাবধায়ক কর্মকর্তা সুগি ফ্লোরেস। তিনিও বালিশের কভারটি পরীক্ষা করে ভেতরে নড়াচড়া অনুভব করেন। পরে বিমানবন্দরের টিএসএ ম্যানেজার ফ্রান্সিসকো ক্যালডেরন, বিমানবন্দর পুলিশ এবং সংশ্লিষ্ট এয়ারলাইনসকে খবর দেওয়া হয়। কর্মকর্তারা নিশ্চিত হন, কভারের ভেতরে দুটি জীবন্ত সাপ রয়েছে। এনবিসি লস অ্যাঞ্জেলেসের প্রতিবেদনে টিএসএ কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, সাপ দুটির একটি র‍্যাটলস্নেক। তবে সিএনএনের সংক্ষিপ্ত প্রতিবেদনে সাপগুলোকে বিষহীন বলা হয়েছে। ফলে সাপের প্রজাতি সম্পর্কে প্রকাশিত তথ্যে অমিল রয়েছে।   সাপ উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় ব্যাগ পরীক্ষা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা শুরুতে নিশ্চিত ছিলেন না, সাপগুলো বিষধর কি না। ফলে যাত্রী ও নিরাপত্তাকর্মীদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। তবে পুরো বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম বন্ধ করতে হয়নি। এ ঘটনায় কেউ আহত হননি এবং বড় ধরনের ফ্লাইট বিলম্বের তথ্যও পাওয়া যায়নি।   পরে বিমানবন্দর পুলিশ স্যুটকেসটি এয়ারলাইনসের টিকিট কাউন্টারে নিয়ে যায়। সেখানে সংশ্লিষ্ট যাত্রী নিজেই সাপ দুটি বের করে তাঁর এক স্বজনের কাছে হস্তান্তর করেন। ওই স্বজন যাত্রায় অংশ নিচ্ছিলেন না। যাত্রী কর্মকর্তাদের জানান, সাপ দুটি তাঁর পোষা প্রাণী এবং এর আগেও অন্য একটি এয়ারলাইনসে সাপ নিয়ে ভ্রমণ করেছেন। তবে সেই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।   সাপ দুটি সরিয়ে নেওয়ার পর যাত্রীর ব্যাগ পুনরায় পরীক্ষা করেন নিরাপত্তাকর্মীরা। পরে তাঁকে সাপ ছাড়াই বিমানে ওঠার অনুমতি দেওয়া হয়। যাত্রীর বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে তথ্য পাওয়া যায়নি।   ঘটনার পর টিএসএ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, পোষা প্রাণী নিয়ে বিমানে ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের নিয়ম জেনে নেওয়া জরুরি। সব প্রাণী কেবিনে বা চেকড ব্যাগে পরিবহনের অনুমতি পায় না। বিশেষ করে সাপের মতো প্রাণী বহনের ক্ষেত্রে আলাদা বিধিনিষেধ থাকতে পারে। তাই বিমানবন্দরে নিরাপত্তাজনিত জটিলতা এড়াতে ভ্রমণের আগেই প্রয়োজনীয় অনুমতি ও পরিবহনসংক্রান্ত শর্ত নিশ্চিত করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।   সংবাদসূত্র: ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ),  এনবিসি লস অ্যাঞ্জেলেস।

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৮:৮
যুদ্ধের ধ্বংসযজ্ঞের মাঝেও গাজা নগরীতে আয়োজিত অনুষ্ঠানে এক হাজার কোরআনের হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
যুদ্ধের ধ্বংসস্তূপেও থামেনি কোরআন শিক্ষা, গাজায় সম্মাননা পেলেন এক হাজার হাফেজ-হাফেজা

যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি ও চরম প্রতিকূলতার মধ্যেও পবিত্র কোরআন মুখস্থ করার ধারাবাহিকতা ধরে রেখেছেন ফিলিস্তিনের গাজার বাসিন্দারা। ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা দিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি গাজা নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। আলজেরিয়ার দাতব্য সংস্থা আল-বারাকা অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন করা হয়।   ফিলিস্তিনি সংবাদ সংস্থা আল-রায়ের প্রতিবেদনে বলা হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানের আগে গাজা নগরীতে কোরআন পদযাত্রার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেন। হাতে পবিত্র কোরআনের কপি নিয়ে তাঁরা নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করেন। যুদ্ধের ক্ষতচিহ্ন ও ধ্বংসস্তূপের পাশ দিয়ে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম বলেন, এক হাজার হাফেজ-হাফেজাকে সম্মাননা দেওয়া শুধু পুরস্কার বিতরণের আয়োজন নয়। এটি ধৈর্য, অধ্যবসায় ও ধর্মীয় শিক্ষার প্রতি অঙ্গীকারের এক হাজার গল্পের উদ্‌যাপন। কঠিন পরিস্থিতির মধ্যেও গাজায় কোরআন শিক্ষা ও সংরক্ষণের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।   হাফেজ-হাফেজাদের উদ্দেশে মুহাম্মদ সালেম বলেন, কোরআন মুখস্থ করাই শিক্ষার শেষ ধাপ হওয়া উচিত নয়। বরং এর অর্থ বোঝা, আয়াতের শিক্ষা অনুধাবন করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনার ওপর গুরুত্ব দিতে হবে। সন্তানদের কোরআনচর্চা অব্যাহত রাখতে অভিভাবকদেরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।   অনুষ্ঠানে আল-বারাকা অ্যাসোসিয়েশনের সভাপতি শাদি জেনিনা বলেন, যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজার মানুষের কোরআন হিফজের ধারাবাহিকতা ধরে রাখার প্রচেষ্টা প্রশংসনীয়। মন্ত্রণালয় ও তাঁদের সংস্থার যৌথ সহযোগিতায় আয়োজনটি সম্ভব হয়েছে। ভবিষ্যতেও গাজায় কোরআন হিফজের কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় জানান তিনি।   হাফেজ-হাফেজাদের পক্ষে বক্তব্য দেন গাজা উপত্যকায় প্রথম স্থান অর্জনকারী হাফেজা হিবা আল-হিমস। তিনি বলেন, কোরআন হিফজের স্বীকৃতি শুধু পুরস্কার বা উপাধি অর্জনের বিষয় নয়। বরং কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার দায়িত্বও এর সঙ্গে জড়িত। কোরআনের অর্থ অনুধাবন এবং সেই শিক্ষার আলোকে চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেন তিনি।   এবারের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণদের দলটির নামকরণ করা হয়েছে প্রয়াত ঈসা আল-সায়েহের নামে। তিনি আলজেরিয়ার বুইরা প্রদেশে আল-বারাকা অ্যাসোসিয়েশনের আঞ্চলিক শাখার সাবেক প্রধান ছিলেন। কোরআন শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে তাঁর অবদানের স্মরণে এই নামকরণ করা হয়।   অনুষ্ঠানটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন যুদ্ধ ও বাস্তুচ্যুতির পাশাপাশি ভারী বৃষ্টিতে গাজার শিক্ষা কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরুতে বৃষ্টিতে শতাধিক অস্থায়ী শিক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক হাজার শিশুর পড়াশোনা ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও এক হাজার হাফেজ-হাফেজার সংবর্ধনার আয়োজন করা হয়েছে।   সূত্র: আল-রায়, আলজাজিরা, আল-শারক

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৮:৬
ভারতের সিকিমে চীন সীমান্তসংলগ্ন আকাশে একটি বিমানের গতিবিধি ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত
ভারত সীমান্তে চীনের দিক থেকে উড়ে এল বিমান, সতর্কবার্তার পরও ২৫ মিনিট চক্কর

ভারতের সিকিমে চীন সীমান্তসংলগ্ন আকাশে একটি বিমানের গতিবিধি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত ১২ নভেম্বর চীনের দিক থেকে আসা বিমানটি ভারতের আকাশসীমায় প্রবেশ করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট চক্কর দিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা সূত্র। এ সময় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা পাঠানো হলেও বিমানটি সরে যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিমানটি কোন দেশের মালিকানাধীন এবং কী উদ্দেশ্যে সেখানে এসেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।   ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে সেনা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে বিমানটির গতিবিধি প্রথম ভারতীয় বিমানবাহিনীর নজরে আসে। তখন বিমানটি প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। সীমান্তবর্তী আকাশে এর উপস্থিতি রেডারে ধরা পড়ার পর বিমানবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন।   সেনা সূত্রের দাবি, বিমানটির অবস্থান শনাক্ত হওয়ার পর ভারতীয় বিমানবাহিনী একাধিকবার রেডিও বার্তা পাঠায়। এসব বার্তায় বিমানটিকে অবিলম্বে ভারতের আকাশসীমা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বারবার সতর্ক করার পরও বিমানটি নির্দেশনা অনুসরণ করেনি বলে দাবি করা হয়েছে। বরং অন্তত ২০ মিনিট ধরে সীমান্তবর্তী আকাশে চক্কর দিতে থাকে।   প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি চীনের দিক থেকে সিকিম সীমান্তের দিকে উড়ে এসেছিল। তবে সেটি সামরিক নাকি বেসামরিক বিমান, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিমানটির মালিকানা, উড্ডয়নের উদ্দেশ্য কিংবা সেটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল, সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি। ভারতীয় বিমানবাহিনীও এখন পর্যন্ত ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।   বিমানটির গতিবিধি যে এলাকায় শনাক্ত করা হয়েছে, সেটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে আনন্দবাজার অনলাইন। ওই এলাকার কাছেই রয়েছে শিলিগুড়ি করিডোর, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগের প্রধান স্থলপথ। সরু এই ভূখণ্ড ভারতের প্রতিরক্ষা ও যোগাযোগব্যবস্থার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।   সেনা সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানটির অবস্থান থেকে শিলিগুড়ি করিডোরের ওপর নজরদারি চালানোর সুযোগ রয়েছে। তবে বিমানটি প্রকৃতপক্ষে ওই করিডোরের ওপর নজরদারি করেছে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে ঘটনাটিকে সরাসরি নজরদারি অভিযান হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই।   সিকিম সীমান্তে বিমানটির উপস্থিতি নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মহলে প্রশ্ন তৈরি হলেও বেশ কিছু বিষয় এখনো অস্পষ্ট। বিশেষ করে বিমানটি কারা পরিচালনা করছিল, কেন ভারতের আকাশসীমায় প্রবেশ করেছিল এবং সতর্কবার্তার পর কোথায় চলে যায়, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। আনন্দবাজার অনলাইন জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।   সূত্র: আনন্দবাজার অনলাইন

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২৬ ৭:৫৭