সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ভারতের আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ I ছবি: সংগৃহীত
ভারতের আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ২৪ জনের, আহ ত ১১

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে গত শুক্রবার একটি বাসের সঙ্গে একটি কনটেইনার ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রাজ্যের রাজধানী দিসপুর থেকে প্রায় ১৪০ মাইল পূর্বে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কাছাকাছি একটি মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এক শৃঙ্গযুক্ত গণ্ডারের জন্য বিখ্যাত এই উদ্যানটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা 'ইউনেসকো' স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।   কর্মকর্তারা জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিশু এবং ওই বাসের চালকও রয়েছেন। রাজ্যের মন্ত্রী অতুল বোরা এই দুর্ঘটনাটিকে আসামের ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন এবং পুলিশ এই সংঘর্ষের কারণ তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন।   আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, "এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।"   সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হারের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান অন্যতম।   বেপরোয়াভাবে গাড়ি চালানো, দুর্বল রক্ষণাবেক্ষণের রাস্তাঘাট এবং পুরোনো যানবাহনগুলোই দেশটিতে এমন দুর্ঘটনার পেছনের প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ১৩:২৬
অভিবাসীদের ডিপোর্ট করেছে আইসিই I ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে এক বছরে সর্বোচ্চ রেকর্ড ৪ লাখ ৮৩ হাজার অভিবাসীকে ডিপোর্ট করেছে আইসিই

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে নতুন রেকর্ড গড়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। ২০২৬ অর্থবছরে সংস্থাটি ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনকে ডিপোর্ট করেছে। একই সময়ে অভিবাসনসংক্রান্ত বিভিন্ন অভিযোগে ৪ লাখ ৯১ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। আইসিইর ২৩ বছরের ইতিহাসে এটিই সর্বোচ্চ বার্ষিক ডিপোর্টের সংখ্যা।   বৃহস্পতিবার, ১২ নভেম্বর প্রকাশিত সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতির ফলে অভিবাসীদের গ্রেপ্তার ও ডিপোর্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরের হিসাবে এই রেকর্ড তৈরি হয়েছে।   সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে আইসিই ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে ডিপোর্ট করেছিল। চলতি অর্থবছরে সেই সংখ্যা প্রায় ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে ২০২৪ সালে জো বাইডেন প্রশাসনের শেষ পূর্ণ অর্থবছরে ডিপোর্ট করা হয়েছিল প্রায় ২ লাখ ৭১ হাজার ৪৮০ জনকে। সেই তুলনায় ২০২৬ সালের সংখ্যা প্রায় ৭৮ শতাংশ বেশি।   গ্রেপ্তারের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে আইসিই প্রায় ৪ লাখ ৭৪ হাজার ৮৫০টি প্রশাসনিক গ্রেপ্তার করেছে। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৩৯ হাজার ৮৯০ এবং ২০২৪ সালে ১ লাখ ১৩ হাজার ৪৩০। প্রশাসনিক গ্রেপ্তারের পাশাপাশি অন্যান্য গ্রেপ্তার মিলিয়ে মোট সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে।   আইসিইর তথ্য অনুযায়ী, শুধু আগস্ট মাসেই ৫০ হাজার ৯২৫ জনকে গ্রেপ্তার করা হয়। সেপ্টেম্বরেও গ্রেপ্তারের সংখ্যা ছিল ৪৮ হাজারের বেশি। টানা কয়েক মাস ধরে ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে সংস্থাটি এই পরিসংখ্যান অর্জন করেছে।   হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন এক বিবৃতিতে বলেছেন, ২০২৬ অর্থবছরে আইসিইর ইতিহাসে সর্বোচ্চসংখ্যক ডিপোর্ট ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তিনি এই অর্জনকে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন আইন প্রয়োগের কঠোর নীতির ফল হিসেবে তুলে ধরেছেন।   তবে প্রকাশিত সরকারি পরিসংখ্যানের বিস্তারিত তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। কতজনকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তর থেকে আটক করা হয়েছে, কতজনকে সীমান্ত বা বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে এবং ডিপোর্ট হওয়া ব্যক্তিদের কতজনের অপরাধমূলক রেকর্ড ছিল, সেই তথ্য স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি।   ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের গবেষণা পরিচালক স্টিভেন কামারোটা আল জাজিরাকে বলেছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে ইমিগ্রেশন আইন প্রয়োগের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সরকারি হিসাবের কোন অংশ অভ্যন্তরীণ অভিযান এবং কোন অংশ সীমান্তসংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত, তা পরিষ্কার হওয়া জরুরি।   সম্প্রতি সিবিএসের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, তাঁর প্রশাসনের ইমিগ্রেশন নীতি অনেকের কাছে অতিরিক্ত কঠোর মনে হতে পারে। তবে তিনি দাবি করেছেন, অপরাধে জড়িত ব্যক্তিদের যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর প্রশাসন সফল হয়েছে।   এদিকে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অভিযান নিয়ে রাজনৈতিক বিতর্কও তীব্র হচ্ছে। আগামী বছর কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাওয়া ডেমোক্র্যাটরা আইসিইর অভিযান পরিচালনার পদ্ধতি এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কার্যক্রম তদন্তের পরিকল্পনা করছেন।   প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সম্ভাব্য চেয়ারম্যান, মিসিসিপির ডেমোক্র্যাট কংগ্রেসম্যান বেনি থম্পসন জানিয়েছেন, প্রশাসনের ইমিগ্রেশন নীতি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ক্ষমতা ব্যবহারের বিষয়গুলো তদন্ত করা হবে।   মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অভিযানের সময় দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনাও দেশজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে। এসব ঘটনার পর আইসিইর অভিযান, কর্মকর্তাদের জবাবদিহি এবং নাগরিক অধিকার রক্ষার প্রশ্ন নতুন করে সামনে এসেছে।   তবে আইসিইর নিজস্ব রেকর্ডকে যুক্তরাষ্ট্রের সব সংস্থা মিলিয়ে সর্বকালের সর্বোচ্চ ডিপোর্টের রেকর্ড হিসেবে বিবেচনা করা যাবে না। কারণ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনসহ অন্যান্য সংস্থার কার্যক্রম এবং স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার হিসাব পৃথকভাবে বিবেচনা করা হয়।   নতুন পরিসংখ্যান এমন সময় প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্রজুড়ে ইমিগ্রেশন আইন প্রয়োগ, ডিটেনশন এবং ডিপোর্টেশন নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্ক অব্যাহত রয়েছে। দেশটিতে বসবাসরত অভিবাসী কমিউনিটির জন্যও আইসিইর ক্রমবর্ধমান অভিযান গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ১৩:১
টিকটক ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই হামলা I ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা
টিকটক ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই হামলা, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’-এর বরাত দিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, পাকিস্তানে টিকটক ভিডিও ধারণের সময় বাঘের হামলায় ১৯ বছর বয়সি এক তরুণ নিহত হয়েছেন। লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিমালিকানাধীন খামারে মর্মান্তিক এই ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা নোমান হাসান ও ওই খামারের মালিক ফাইয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ।   জানা গেছে, খামারের একটি প্রজননকেন্দ্রে বাঘটিকে রাখা হয়েছিল। টিকটক ভিডিও ধারণের জন্য কনটেন্ট নির্মাতা নোমান হাসানের অনুরোধেই খাঁচা থেকে বাঘটিকে বের করা হয়। পুলিশ জানায়, টিকটকারের উপস্থিতিতে বাঘটি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং খামারের কর্মী তালহার ওপর হামলা চালায়।   হামলায় গুরুতর আহত তালহাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ আরও জানায়, শুরুতে ইনফ্লুয়েন্সার নোমান দাবি করেছিলেন যে কুকুরের হামলায় তালহা আহত হয়েছেন। তবে পুলিশি তদন্তে তার মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।   এই ঘটনার পর লাহোর পুলিশ এক বিবৃতিতে বলেছে, "টিকটকের প্রতি আগ্রহ কোনো মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে কারও জীবন ঝুঁকির মুখে ফেলার সুযোগ নেই। ঘটনা আড়াল করার চেষ্টা এবং অবহেলার প্রতিটি দিক তদন্ত করে দেখা হবে।" ওই খামারটিতে বাঘ রাখার বৈধ অনুমতি ছিল কি না এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, পুলিশ এখন তা খতিয়ে দেখছে।   উল্লেখ্য, কনটেন্ট নির্মাতা নোমান হাসান বাঘের সঙ্গে ঝুঁকিপূর্ণ ভিডিও প্রকাশের জন্য আগে থেকেই পরিচিত। ছবি ও ভিডিও আদান-প্রদানের মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত তার একটি ভিডিওতে দেখা যায়, শিকল দিয়ে বেঁধে রাখা একটি বাঘকে তিনি চুমু দেওয়ার চেষ্টা করছেন। অন্য আরেকটি ভিডিওতে একটি চিতাবাঘকে আদর করার সময় প্রাণীটি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আঁচড় দেয়।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ১২:৪১
যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ বিরোধী কঠোর অভিযান: বাতিল হলো ৬ হাজারের বেশি ভিসা
যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ বিরোধী কঠোর অভিযান: বাতিল হলো ৬ হাজারের বেশি ভিসা

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রবণতা বা ‘বার্থ ট্যুরিজম’ রোধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অবৈধভাবে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার এই প্রক্রিয়ায় জড়িত থাকা এবং তা সহজতর করার অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশের ৬ হাজারেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে।   স্টেট ডিপার্টমেন্টের অধীনে গঠিত ‘বার্থ ট্যুরিজম প্রিভেনশন টাস্কফোর্স’ এই বিশেষ অভিযান পরিচালনা করছে। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, এই অবৈধ কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত ব্যক্তি এবং যারা এই ধরনের ভ্রমণ ও সুবিধা আয়োজনের সাথে জড়িত, উভয় পক্ষের বিরুদ্ধেই জোরালো ব্যবস্থা নেওয়া হচ্ছে।   কর্তৃপক্ষ জানায়, মার্কিন অভিবাসন নীতি অনুযায়ী কোনো বিদেশি নাগরিকের প্রধান উদ্দেশ্য যদি যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের মাধ্যমে শিশুটিকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়া হয়, তবে সেটিকে অগ্রহণযোগ্য বলে গণ্য করা হবে। এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত পরিসংখ্যানে ভিসা বাতিলের সংখ্যা ৪ হাজার ছাড়ানোর কথা জানানো হয়েছিল। তবে সর্বশেষ এই পদক্ষেপে সংখ্যাটি ৬ হাজার ছাড়াল।   যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তাদের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে যে কোনো ভিসা আবেদনকারী যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের উদ্দেশ্যে ভ্রমণ করছেন, তবে তার ভিসা আবেদন নামঞ্জুর বা বিদ্যমান ভিসা বাতিল করা হতে পারে। একই সাথে এই চক্রের সাথে জড়িত ট্রাভেল এজেন্সি, মধ্যস্থতাকারী এবং সুবিধাভোগীদের বিরুদ্ধেও নজরদারি বাড়ানো হয়েছে। তবে এই ভিসা বাতিলের অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে অপরাধী সাব্যস্ত হয়েছেন বা প্রত্যেকেই দেশ থেকে বহিষ্কৃত হয়েছেন। সূত্র: ইকনোমিক টাইমস।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ১২:২০
মেকআপ করায় আফগানিস্তানে ৫২ নারীকে আটক করল তালেবান সরকার I ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা
মেকআপ করায় আফগানিস্তানে ৫২ নারীকে আটক করল তালেবান সরকার

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ গত কয়েক মাসে পোশাকবিধি লঙ্ঘন এবং পুরুষ অভিভাবক ছাড়া জনসমক্ষে আসার অভিযোগে কয়েক ডজন নারীকে গ্রেপ্তার বা আটক করেছে বলে গত বৃহস্পতিবার জানিয়েছে দেশটিতে থাকা জাতিসংঘের মিশন।   সংস্থাটির সহায়তা মিশন বা ‘উনামা’ জানিয়েছে, গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজধানী কাবুল এবং পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত থেকে অন্তত ৫২ জন নারী এবং এক বালিকাকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে—রঙিন স্কার্ফ বা ওড়না পরা, সাজসজ্জা (মেকআপ) করা, চুল খোলা রাখা অথবা চাদরের মতো পুরো শরীর ঢেকে রাখা পোশাক পরিধান না করা। উনামা জানিয়েছে যে, তারা এই গ্রেপ্তার, আটক এবং গ্রেপ্তারের হুমকির বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।   সংস্থাটি তাদের বিবৃতিতে জানায়, নিরাপত্তা শঙ্কা এবং সামাজিক কলঙ্কের ভয়ে অনেকেই অভিযোগ না করায় প্রকৃত সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে আরও বেশি হতে পারে। এছাড়া নারী দোকানিদেরসহ সাধারণ নারীদের ওপর মৌখিক গালাগাল, মারধর এবং হুমকির ঘটনাগুলো নিয়েও তারা চরম শঙ্কিত। তবে তালেবান সরকার এই বিবৃতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।   এর আগে গত জুন মাসে, পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে নারীদের গ্রেপ্তার ও আটকের প্রতিবাদে হেরাতে অনুষ্ঠিত এক বিরল বিক্ষোভে গুলি চালিয়েছিল আফগান কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী এবং জাতিসংঘ মিশনের তথ্য অনুযায়ী, সে সময় অন্তত একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছিলেন।   যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহারের পর ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকেই তালেবান সরকার ইসলামি বা শরিয়া আইনের কঠোর ব্যাখ্যার ওপর ভিত্তি করে বিভিন্ন নিয়ম জারি করেছে। দেশটিতে ভিন্নমত মোটেও সহ্য করা হয় না এবং সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদ করা সম্পূর্ণ বেআইনি।   এসব নিয়মের মধ্যে নারী ও মেয়েদের ওপর আরোপ করা কঠোর বিধিনিষেধও রয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের পর শিক্ষা গ্রহণে নিষেধাজ্ঞা এবং নারীরা কী ধরনের পোশাক পরতে পারবেন ও কোথায় যেতে পারবেন তার সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত রয়েছে।   নিয়মানুযায়ী, নারীদের জনসমক্ষে অবশ্যই পূর্ণাঙ্গ হিজাব পরতে হবে, যার মধ্যে মাথা ঢাকার আবরণ, শরীর ঢেকে রাখা লম্বা আলখাল্লা এবং মুখমণ্ডল ঢেকে রাখা বাধ্যতামূলক। দেশটির 'সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ' বিষয়ক মন্ত্রণালয় এসব নিয়ম কঠোরভাবে প্রয়োগ করে থাকে।  সূত্রঃ এপি  

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ১২:২
৩১ বছর বয়সী জন টিফিন I ছবি: নিউইয়র্ক পোস্ট
নিজের গাড়ি ফেরত চাইতেই মাকে চাপা দিয়ে হ ত্যা, গ্রেপ্তার এড়াতে ছেলের আ ত্মহ ত্যার চেষ্টা

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় নিজের ধার দেওয়া গাড়ি ফেরত চাইতে গেলে এক ব্যক্তি গাড়ি চালিয়ে তার মাকে পিষে হত্যা করেছেন। এরপর পুলিশ তাকে হত্যার দায়ে গ্রেপ্তার করতে গেলে তিনি নিজের গলা কাটার চেষ্টা করেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।   তুলসা পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ৩১ বছর বয়সী জন টিফিন তার ৬৯ বছর বয়সী মা কারেন কার্থয়েসকে হত্যা করেন। ওইদিন কারেন তার আরেক ছেলেকে নিয়ে টিফিনের কাছে গিয়েছিলেন, কারণ টিফিন তার কাছ থেকে ধার নেওয়া গাড়িটি ফেরত দিচ্ছিলেন না।   পুলিশ জানায়, ওই মা যে গাড়িতে করে এসেছিলেন এবং যে গাড়িটি টিফিন ফেরত দেয়নি—এই দুই গাড়ির মাঝখানে গাড়ি চলাচলের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কারেনের সাথে আসা তার অপর ছেলেটি গাড়ির ভেতরে থাকা জন টিফিন এবং তার ভাইয়ের মুখোমুখি হওয়ার জন্য গাড়ির দরজা খোলেন।   পুলিশ বিভাগ আরও জানায়, ঝগড়ার একপর্যায়ে টিফিন গাড়িটিকে পেছনের দিকে যাওয়ার গিয়ারে দিয়ে সজোরে গতির প্যাডেল চেপে ধরেন। এতে গাড়ির খোলা দরজার ধাক্কায় তার ভাই আঘাত পান এবং তার মা দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় কারেন কার্থয়েসকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিন পর তিনি মারা যান।   টিফিনকে প্রথমে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার একজন বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় স্বাক্ষর করেন। এরপর পুলিশ কর্মকর্তারা টিফিনের বাড়িতে পৌঁছালে তিনি বাইরে আসতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত পুলিশের প্রশিক্ষিত কুকুর একটি শোবার ঘর থেকে তাকে খুঁজে বের করে।   পুলিশ জানিয়েছে, "কর্মকর্তারা যখন টিফিনকে খুঁজে পান, তখন তিনি দুটি ছুরি হাতে নিয়ে নিজের গলা কাটার চেষ্টা করছিলেন।" পুলিশ কয়েকবার নির্দেশ দেওয়ার পর তিনি ছুরিগুলো ফেলে দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আগে শারীরিক ছাড়পত্র পাওয়ার জন্য পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।   পুলিশের তোলা আসামির শনাক্তকরণ ছবিতে দেখা যায়, টিফিনের শরীর রক্তে ভেসে যাচ্ছে এবং তার গলায় একটি কাটার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হত্যা, বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলা ও মারধর, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং সরকারি কর্মকর্তাকে কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সূত্রঃ  নিউইয়র্ক পোস্ট

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ১১:৩৩
ইরানি হুমকি পরোয়া করেন না: বাড়ি ছেড়ে পালানোর পর ঘোষণা মার্কিন অর্থমন্ত্রীর
ইরানি হুমকি পরোয়া করেন না: বাড়ি ছেড়ে পালানোর পর ঘোষণা মার্কিন অর্থমন্ত্রীর

ইরানের পক্ষ থেকে জীবনের ওপর হুমকির মুখে ওয়াশিংটনের বাসভবন ছেড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে আশ্রয় নেওয়া সত্ত্বেও দেশটির হুমকির কাছে কখনোই মাথা নত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।   ইরান অবশ্য মার্কিন ভূমিতে কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের ওপর হামলার যেকোনো পরিকল্পনা অতীতে অস্বীকার করেছে। তবে বেসেন্ট অভিযোগ করেছেন যে, ইরান বর্তমানে “কোণঠাসা এক হিংস্র প্রাণীর মতো” আচরণ করছে। তাই নিরাপত্তার স্বার্থে তিনি সিক্রেট সার্ভিসের নির্দেশনা মেনে নিজের বাসা ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন।   বাসা পরিবর্তনের নেপথ্য কারণ ব্যাখ্যা করে বেসেন্ট জানান, ২০২৫ সালের জানুয়ারি মাসে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জর্জটাউনে অবস্থিত তার বাসভবনের একটি আকাশ থেকে তোলা ছবি প্রকাশ করেছিল। বিষয়টিকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কার্যকলাপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।   এর আগে গত মাসের শেষের দিকে রয়টার্স কর্তৃক সংগৃহীত ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা মেমোতে সতর্ক করা হয়েছিল যে, মার্কিন কর্মী ও নাগরিকদের বিরুদ্ধে ইরানি চক্রান্ত এক বিপজ্জনক ও উন্নত পর্যায়ে পৌঁছে গেছে।   উল্লেখ্য, গত আগস্ট মাস থেকে ‘অপারেশন ইকোনমিক আউটকাউট’ নামক অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন স্কট বেসেন্ট। তেহরানকে সামুদ্রিক চলাচল বন্ধ রাখা থেকে বিরত রাখতে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে বাধ্য করার উদ্দেশ্যেই এই অর্থনৈতিক প্রচারাভিযান চালানো হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথটি মূলত বন্ধ রয়েছে।    এই অর্থনৈতিক চাপ সৃষ্টির অংশ হিসেবে ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাংকের শাখা এবং তেহরানের সাথে লেনদেন পরিচালনাকারী আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: সিএনবিসি, রয়টার্স।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ১১:২৩
রসগোল্লা ভেবে খেলেন বোমা, মুহূর্তেই ঝরে গেল ৩৫ বছর বয়সী যুবকের প্রাণ
রসগোল্লা ভেবে খেলেন বোমা, মুহূর্তেই ঝরে গেল ৩৫ বছর বয়সী যুবকের প্রাণ

ভারতের মধ্যপ্রদেশে জনপ্রিয় মিষ্টি 'রসগোল্লা'-র ছদ্মবেশে থাকা একটি বোমা খেয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। 'ইন্ডিয়া টুডে'-র প্রতিবেদন অনুযায়ী, ৩৫ বছর বয়সী নিহত যুবকের নাম রাজেন্দ্র বারোতিয়া। পরিবারের সঙ্গে রাতের খাবার শেষ করে তিনি বাড়ির বাইরে আগুনের কুণ্ডলীর পাশে বসেছিলেন। এমন সময় এক প্রতিবেশী তাকে ছানা দিয়ে তৈরি জনপ্রিয় মিষ্টি রসগোল্লার মতো দেখতে একটি জিনিস খেতে দেন।   আপাতদৃষ্টিতে ঐতিহ্যবাহী সেই মিষ্টিটি আসলে ছিল বারুদে ঠাসা ছানার একটি গোলা। মধ্যপ্রদেশের দিন্দোরি জেলার গ্রামবাসীরা বন্য শূকর মারার জন্য ফাঁদ হিসেবে এই কৌশলটি ব্যবহার করে থাকে। পুলিশ জানিয়েছে, রাজেন্দ্র সেটি মুখে দেওয়া মাত্রই বোমাটি বিস্ফোরিত হয়। এএফপি সংবাদ সংস্থাকে পুলিশ কর্মকর্তা রেখা সিং বলেন, "ওই এলাকার কিছু আদিবাসী বন্য শূকর মারার জন্য যে বোমা ব্যবহার করে, সেটিই এই ব্যক্তিকে দেওয়া হয়েছিল। এটি তার মুখের ভেতরেই বিস্ফোরিত হয়।"   জানা গেছে, বিস্ফোরণের ফলে রাজেন্দ্র গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেদন অনুযায়ী, রাম ভগত বারোতিয়া নামের ওই প্রতিবেশী এবং অন্য আরেকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই ব্যক্তি কীভাবে এই হাতবোমাটি সংগ্রহ করেছিল এবং কেন সে রাজেন্দ্রকে এটি খেতে দিয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।   পুলিশ কর্মকর্তা রেখা সিং বলেন, "তাকে হত্যা করার উদ্দেশ্যেই এটি করা হয়েছিল, নাকি এটি কোনো ভয়ংকর রসিকতা ছিল, তা আমরা এখনও জানি না। তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।"

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ১১:১০
যুক্তরাষ্ট্রে গুদামঘরকে অভিবাসী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা আবারও সক্রিয় করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রে গুদামঘরকে অভিবাসী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা আবারও সক্রিয় করল ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আটক ও বহিষ্কারের সক্ষমতা বাড়াতে বড় বড় শিল্পগুদামকে অভিবাসী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা আবারও সক্রিয় করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কয়েক মাস আগে দেশজুড়ে একাধিক গুদাম কেনার পর আইনি জটিলতা, স্থানীয় বাসিন্দাদের আপত্তি এবং পরিবেশগত উদ্বেগের কারণে এই উদ্যোগ বাধার মুখে পড়েছিল। তবে সম্প্রতি নিউ জার্সি ও অ্যারিজোনার দুটি স্থাপনায় নতুন অগ্রগতির তথ্য সামনে এসেছে।   ১২ নভেম্বর প্রকাশিত ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআরের প্রতিবেদন অনুযায়ী, নিউ জার্সির রক্সবেরি শহরে কেনা একটি বিশাল গুদামকে আটককেন্দ্রে রূপান্তরের জন্য ঠিকাদারি চুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে অ্যারিজোনার সারপ্রাইজ শহরের একটি গুদামকে আটককেন্দ্রে রূপান্তরের প্রস্তাব নিয়ে পরিবেশগত মূল্যায়নের খসড়া তৈরি করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তবে এসব উদ্যোগের অর্থ এই নয় যে দুটি কেন্দ্রই ইতোমধ্যে চালু হয়েছে। প্রকল্পগুলোর ক্ষেত্রে এখনো আইনি ও প্রশাসনিক জটিলতা রয়েছে।   সরকারি জবাবদিহি দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ১১টি গুদাম কিনতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১০৭ কোটি ডলার। এসব স্থাপনা অভিবাসীদের আটক, প্রাথমিক প্রক্রিয়াকরণ, স্থানান্তর এবং বহিষ্কারের কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে পরিকল্পনা পুনর্মূল্যায়নের অংশ হিসেবে কেনা ১১টি গুদামের মধ্যে সাতটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। অর্থাৎ সব স্থাপনাকে আটককেন্দ্রে রূপান্তর করা হচ্ছে না।   অ্যারিজোনার সারপ্রাইজ শহরের প্রকল্পটি বিশেষভাবে আলোচনায় এসেছে। প্রায় ৪ লাখ ১৮ হাজার ৪০০ বর্গফুটের ওই গুদামকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ অভিবাসী রাখার উপযোগী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। পরিবেশগত মূল্যায়নের খসড়া প্রকাশ করা হলেও সেটিকে চূড়ান্ত অনুমোদন হিসেবে দেখার সুযোগ নেই। এ বিষয়ে জনসাধারণের মতামত দেওয়ার সময়সীমা ৯ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।   অন্যদিকে নিউ জার্সির রক্সবেরি প্রকল্প নিয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। বাসিন্দাদের আশঙ্কা, এত বড় আটককেন্দ্র চালু হলে এলাকার পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, সড়ক ও জরুরি সেবার ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। আদালতের নির্দেশনা এবং আটক ব্যক্তিদের প্রাথমিক প্রক্রিয়াকরণ নিয়ে রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের মধ্যে আইনি বিরোধও দেখা দিয়েছে।   এদিকে জর্জিয়ার সোশ্যাল সার্কেলে একটি বড় গুদামকে আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও প্রশাসন পরিত্যাগ করেছে। স্থানীয় কর্মকর্তারা পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার সক্ষমতা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন।   সব মিলিয়ে, অভিবাসন অভিযান জোরদার করতে গুদামভিত্তিক আটককেন্দ্র তৈরির উদ্যোগ যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক তৈরি করেছে। একদিকে প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণ ও বহিষ্কার কার্যক্রম দ্রুত করার কথা বলছে, অন্যদিকে সরকারি ব্যয়, পরিবেশগত প্রভাব, স্থানীয় অবকাঠামো এবং আইনি বাধা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে এই পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হবে, তা এখনো অনিশ্চিত।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ১০:৫৭
‘ফেসস্টিলার’ ফাঁদ: যেভাবে ৪০ কোটি ডলার হাতিয়ে নিল উত্তর কোরিয়ার হ্যাকাররা
‘ফেসস্টিলার’ ফাঁদ: যেভাবে ৪০ কোটি ডলার হাতিয়ে নিল উত্তর কোরিয়ার হ্যাকাররা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভুয়া ভিডিও কল এবং পরিচয় চুরির অভিনব কৌশল ব্যবহার করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররা ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ তথ্য জানিয়েছে।   এফবিআই জানায়, ‘ফেসস্টিলার’ (FaceStealer) নামক অত্যন্ত সুপরিকল্পিত এক ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ বা মনস্তাত্ত্বিক প্রতারণার ফাঁদ পেতে গত ১৮ মাসে এই বিপুল পরিমাণ অর্থ চুরি করেছে হ্যাকাররা। মূলত ক্রিপ্টোকারেন্সি এবং ওয়েব-থ্রি (Web3) খাতের সাথে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে এই সাইবার হামলা চালানো হচ্ছে।   এর আগে চলতি মাসে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’ (Binance) থেকে ৬০০ কোটি (৬ বিলিয়ন) ডলার চুরির ঘটনায় উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট হ্যাকারদের অভিযুক্ত করেছিল এফবিআই। তবে পিয়ংইয়ং বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।   এফবিআইয়ের সাইবার শাখার অপারেশন ডিরেক্টর ব্রেট লেদারম্যান বলেন, "উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠী তাদের অবৈধ অস্ত্র কর্মসূচির তহবিল জোগাতে বড় আকারের ক্রিপ্টোকারেন্সি চুরির ওপর নির্ভর করে এবং সাম্প্রতিক বছরগুলোতে তারা এভাবে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে।"   যেভাবে কাজ করে ‘ফেসস্টিলার’ ফাঁদ: তদন্তকারীদের মতে, এই চক্রের হ্যাকাররা প্রথমে ভুক্তভোগীর পরিচিত কোনো ব্যক্তির ছদ্মবেশ ধারণ করে। এরপর বিশ্বাস অর্জনের জন্য এআই-চালিত ডিপফেক (Deepfake) ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীকে একটি ভিডিও মিটিংয়ে আমন্ত্রণ জানায়। ভিডিও কল চলাকালীন হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে ‘ভুয়া যান্ত্রিক ত্রুটি’র (Fake technical error) নাটক সাজায় এবং সমস্যা সমাধানের কথা বলে ভুক্তভোগীকে একটি নির্দিষ্ট লিংকে ক্লিক করতে বা কোনো প্রম্পট গ্রহণ করতে বলে। আর তাতেই ভুক্তভোগীর ডিভাইসে ক্ষতিকর ম্যালওয়্যার (Malware) ইনস্টল হয়ে যায়।   পরবর্তীতে ওই ডিভাইস থেকে ভুক্তভোগীর কন্টাক্ট লিস্ট, সোশ্যাল মিডিয়া এবং যোগাযোগের অ্যাপগুলোর নিয়ন্ত্রণ নিয়ে হ্যাকাররা তার ছদ্মবেশে পরবর্তী শিকার ধরার কাজ শুরু করে।   এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিসের সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি এই ঝুঁকির বিষয়ে সতর্ক করে বলেন, "ফেসস্টিলার এমন এক কার্যকর প্রতারণা কৌশল, যা অত্যন্ত দক্ষ প্রযুক্তিবিদ এবং নিরাপত্তা সচেতন কম্পিউটার ব্যবহারকারীদেরও সহজেই ধোঁকা দিতে সক্ষম। এটি জনপ্রিয় ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম এবং ব্যক্তিগত সম্পর্কের প্রতি আমাদের বিশ্বাসের সুযোগ নেয়। আপনি যদি ভাবেন যে আপনি এর শিকার হতে পারেন না, তবে আপনি যথেষ্ট সৃজনশীলভাবে চিন্তা করছেন না।"   এদিকে তদন্তের অংশ হিসেবে ‘ফেসস্টিলার’ প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীদের ৯০০টিরও বেশি ওয়েবক্যাম ভিডিও জব্দ করেছে বলে জানিয়েছে এফবিআই। সূত্র: এএফপি।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ১০:৩৬
পুতিনের সঙ্গে বৈঠকে ‘কোনো চমক’ না রাখতে ট্রাম্পকে অনুরোধ জার্মান চ্যান্সেলরের
পুতিনের সঙ্গে বৈঠকে ‘কোনো চমক’ না রাখতে ট্রাম্পকে অনুরোধ জার্মান চ্যান্সেলরের

আগামী সপ্তাহে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন ইস্যুতে প্রত্যাশিত বৈঠকে কোনো ধরনের অপ্রত্যাশিত সিদ্ধান্ত বা ‘চমক’ সৃষ্টি না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।   শুক্রবার (১৩ নভেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের একটি বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান চ্যান্সেলর এই উদ্বেগের কথা জানান।   আগের একটি ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ টেনে ফ্রিডরিখ মের্ৎস বলেন, “ডাবলিনে উপস্থিত অনেকেরই আশঙ্কা, আসন্ন এই বৈঠকটি হয়তো আরেকটি ‘দ্বিতীয় অ্যাঙ্কোরেজ মুহূর্ত’-এ পরিণত হতে পারে।”   যুক্তরাষ্ট্রের প্রতি ইউরোপীয় মিত্রদের অবস্থান স্পষ্ট করে জার্মান চ্যান্সেলর আরও বলেন, “তাই আমি যুক্তরাষ্ট্রের উদ্দেশে আমাদের বার্তাটি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—দয়া করে কোনো চমক দেখাবেন না। ‘টিম ইউরোপ’ এবং ‘টিম ইউক্রেন’-এর অংশ হিসেবেই আপনাদের ভূমিকা অব্যাহত রাখুন।” সূত্র: রয়টার্স।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ১০:২৩
বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হওয়া লালমনিরহাটের ‘হারানো মসজিদ’ ঘিরে রহস্য, ৬৯ হিজরি লেখা ইট ফের আলোচনায়
বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হওয়া লালমনিরহাটের ‘হারানো মসজিদ’ ঘিরে রহস্য, ৬৯ হিজরি লেখা ইট ফের আলোচনায়

বাংলায় ইসলামের আগমন কি সত্যিই ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যমে শুরু হয়েছিল? নাকি তারও কয়েক শতাব্দী আগে এ অঞ্চলে পৌঁছেছিলেন মুসলিম ধর্মপ্রচারক ও বণিকরা? এই প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে লালমনিরহাটের একটি প্রাচীন মসজিদকে ঘিরে। সেখানে উদ্ধার হওয়া একটি ইটে ৬৯ হিজরি সন লেখা থাকার দাবি থেকে ধারণা করা হচ্ছে, স্থাপনাটির ইতিহাস সপ্তম শতাব্দী পর্যন্ত বিস্তৃত হতে পারে। তবে এর প্রকৃত নির্মাণকাল এখনো বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হয়নি।   লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় অবস্থিত মসজিদটি স্থানীয়ভাবে ‘হারানো মসজিদ’ নামে পরিচিত। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের প্রায় এক কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। দীর্ঘদিন জঙ্গলঘেরা অবস্থায় থাকা স্থানটি স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পরিষ্কার করার সময় প্রাচীন ইট ও স্থাপনার ভিত্তির সন্ধান পাওয়া যায়।   লালমনিরহাট জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবরণ অনুযায়ী, এলাকাটি একসময় ‘মজদের আড়া’ নামে পরিচিত ছিল। জঙ্গল পরিষ্কারের পর মাটির নিচ থেকে ফুলের নকশা করা ইট এবং একটি পুরোনো স্থাপনার ভিত্তি বেরিয়ে আসে। উদ্ধার হওয়া একটি খোদাইকৃত ইটে আরবি ভাষায় কালেমা এবং ৬৯ হিজরি সনের উল্লেখ রয়েছে বলে সরকারি বিবরণে জানানো হয়েছে।   বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৩ থেকে ১৯৮৪ সালের দিকে এলাকাটিতে প্রাচীন ধ্বংসাবশেষের সন্ধান মেলে। পরে ১৯৮৬ সালের ১০ মহররম স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী একটি খোদাই করা ইট উদ্ধার করেন। এই আবিষ্কারকে কেন্দ্র করেই মসজিদটির বয়স ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।   স্থানীয়ভাবে পাওয়া ধ্বংসাবশেষের দৈর্ঘ্য প্রায় ২১ ফুট এবং প্রস্থ ১০ ফুট বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে প্রাচীন স্তম্ভের অবশিষ্টাংশ, কারুকাজ করা মেহরাব এবং প্রবেশপথের চিহ্ন পাওয়ার কথাও জানা যায়। বর্তমানে পুরোনো স্থাপনাটির জায়গায় নতুন মসজিদ নির্মিত হয়েছে। ঐতিহাসিক নিদর্শনের কিছু অংশ সংরক্ষণ করা হয়েছে মসজিদ প্রাঙ্গণে।   মসজিদটির সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-এর নামও জড়িয়ে রয়েছে স্থানীয় জনশ্রুতিতে। প্রচলিত ধারণা অনুযায়ী, চীনে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যাত্রার সময় তিনি এই অঞ্চলে এসেছিলেন। তবে তাঁর বাংলাদেশে আগমন কিংবা মসজিদটি নির্মাণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ এখনো প্রতিষ্ঠিত হয়নি।   ঐতিহাসিকভাবে বাংলায় মুসলমানদের রাজনৈতিক শাসন প্রতিষ্ঠা এবং ইসলাম ধর্মের প্রথম আগমন দুটি পৃথক বিষয়। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে বখতিয়ার খিলজির অভিযানের মাধ্যমে বাংলার একটি অংশে তুর্কি মুসলিম শাসনের সূচনা ঘটে। কিন্তু এর আগেও আরব বণিকদের সঙ্গে বঙ্গ অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ ছিল বলে ঐতিহাসিক গবেষণায় তথ্য পাওয়া যায়।   সম্প্রতি প্রকাশিত একাডেমিক গবেষণাতেও বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার আগের বাণিজ্যিক যোগাযোগ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পর্যালোচনা করা হয়েছে। গবেষণায় লালমনিরহাটের মসজিদটির সপ্তম শতাব্দীর নির্মাণকালসংক্রান্ত দাবিকে নিশ্চিত প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়নি। বরং স্থাপনাটির প্রকৃত ইতিহাস জানতে পদ্ধতিগত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।   গত ৩১ অক্টোবর বণিক বার্তায় প্রকাশিত প্রতিবেদনে রংপুর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ জানান, আলোচিত ইটটি নিয়মতান্ত্রিক প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে উদ্ধার করা হয়নি। এর সঠিক সময়কাল নির্ধারণে বৈজ্ঞানিক পরীক্ষা এবং উচ্চপর্যায়ের গবেষণা প্রয়োজন।   ফলে লালমনিরহাটের ‘হারানো মসজিদ’ বাংলায় ইসলামের প্রাথমিক ইতিহাস অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ স্থান হলেও এটিকে বাংলাদেশের প্রথম মসজিদ কিংবা সাহাবিদের নির্মিত মসজিদ হিসেবে নিশ্চিতভাবে ঘোষণা করার সুযোগ এখনো নেই। যথাযথ প্রত্নতাত্ত্বিক গবেষণাই নির্ধারণ করতে পারে এই স্থাপনার প্রকৃত বয়স এবং বাংলার ধর্মীয় ইতিহাসে এর অবস্থান।   সংবাদসূত্র: লালমনিরহাট জেলা প্রশাসন, বাংলাদেশ সংবাদ সংস্থা, বণিক বার্তা, Centre for Research and Publication Studies

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ১০:১৩
উষা ভ্যান্স থেকে প্রিয়া কৃষ্ণমূর্তি, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের ভারতীয় ৫ স্ত্রী আলোচনায় শীর্ষে
উষা ভ্যান্স থেকে প্রিয়া কৃষ্ণমূর্তি, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের ভারতীয় ৫ স্ত্রী আলোচনায় শীর্ষে

যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনৈতিক নেতাদের স্ত্রী হিসেবে পরিচিত হলেও নিজেদের শিক্ষা, পেশা ও ব্যক্তিগত পরিচয়েও স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন ভারতীয় বংশোদ্ভূত কয়েকজন নারী। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স থেকে শুরু করে কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তির স্ত্রী প্রিয়া কৃষ্ণমূর্তি পর্যন্ত পাঁচ নারীর জীবন ও পেশাগত পরিচয় নতুন করে আলোচনায় এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে তাঁদের তুলে ধরা হয়েছে প্রবাসী ভারতীয়দের সাফল্যের প্রতিচ্ছবি হিসেবে।   এই পাঁচ নারী হলেন উষা ভ্যান্স, সারা জুকাকু, অপূর্বা রামাস্বামী, ঋতু খান্না এবং প্রিয়া কৃষ্ণমূর্তি। তাঁদের কেউ চিকিৎসক, কেউ আইনজীবী, আবার কেউ ব্যবসা ও করপোরেট জগতের সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক নেতাদের জীবনসঙ্গী হলেও জনসমক্ষে তাঁদের উপস্থিতি এবং রাজনীতিতে সম্পৃক্ততার ধরন একেবারেই আলাদা।   সবচেয়ে পরিচিত মুখ উষা চিলুকুরি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী হিসেবে তিনি দেশটির ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ভারতীয় অভিবাসী পরিবারে বেড়ে ওঠা উষা ইয়েল বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরবর্তী সময়ে ইয়েল ল স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন।   পেশাগত জীবনে উষা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের অধীনে কাজ করেছেন। ২০২৪ সালে স্বামী ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার পর তিনি আইন পেশা থেকে সরে দাঁড়ান। বর্তমানে শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার উদ্যোগসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। ২০২৬ সালের জুলাইয়ে তাঁদের চতুর্থ সন্তানের জন্ম হয়।   আরেক আলোচিত নাম সারা জুকাকু। তিনি মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট নেতা আবদুল এল সাঈদের স্ত্রী। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে এল সাঈদ যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েছেন। আগামী জানুয়ারিতে তাঁর দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।   সারা পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম ও বেড়ে ওঠা হলেও তাঁর পরিবারের শিকড় ভারতের কর্ণাটক রাজ্যের ভাটকাল এলাকায়। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় এল সাঈদের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০০৬ সালে তাঁদের বিয়ে হয়। স্বামীর নির্বাচনী প্রচারণাতেও অংশ নিয়েছিলেন সারা।   তালিকার তৃতীয় নারী অপূর্বা রামাস্বামী। তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক ও ব্যবসায়ী বিবেক রামাস্বামীর স্ত্রী। অপূর্বা একজন চিকিৎসক ও সার্জন। ওহাইও স্টেট ইউনিভার্সিটির চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত তিনি। পড়াশোনার সময় বিবেকের সঙ্গে তাঁর পরিচয় হয়।   ২০২৬ সালে ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বিবেক রামাস্বামী। নির্বাচনী প্রচারণায় স্বামীর পাশে দেখা যায় অপূর্বাকে। তবে ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের কাছে পরাজিত হন বিবেক। চিকিৎসক হিসেবে নিজের পেশাগত দায়িত্বের পাশাপাশি পারিবারিক ও রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রেও উপস্থিত ছিলেন অপূর্বা।   ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্নার স্ত্রী ঋতু খান্নাও ভারতীয় বংশোদ্ভূত। বিয়ের আগে তাঁর নাম ছিল ঋতু আহুজা। ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান ঋতু ব্যবসা ও করপোরেট জগতে কাজ করেছেন। তাঁর বাবা মন্টে আহুজা যুক্তরাষ্ট্রের একজন পরিচিত ব্যবসায়ী।   ২০১৫ সালে রো খান্নার সঙ্গে ঋতুর বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। রো খান্না যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর অর্থনীতি, শ্রমনীতি এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখলেও ঋতু তুলনামূলকভাবে ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিয়ে থাকেন। রাজনৈতিক অনুষ্ঠানে মাঝেমধ্যে উপস্থিত হলেও নিয়মিত প্রচারণায় তাঁকে খুব বেশি দেখা যায় না।   পঞ্চম নারী প্রিয়া কৃষ্ণমূর্তি। তিনি ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তির স্ত্রী। পেশায় চিকিৎসক প্রিয়া স্বামীর রাজনৈতিক পরিচয়ের বাইরে নিজের কর্মজীবন গড়ে তুলেছেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে এবং তাঁদের পরিবার ইলিনয়ের শমবার্গ এলাকায় বসবাস করে।   রাজা কৃষ্ণমূর্তি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকদের অন্যতম পরিচিত মুখ। তবে তাঁর স্ত্রী প্রিয়া জনসমক্ষে তুলনামূলক কম উপস্থিত থাকেন। স্বামীর রাজনৈতিক কর্মকাণ্ডের চেয়ে চিকিৎসা পেশা ও পারিবারিক জীবনেই তাঁর পরিচিতি বেশি।   এই পাঁচ নারীর জীবন থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত পরিবারগুলোর ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা উঠে এসেছে। কেউ সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, কেউ সামাজিক উদ্যোগে কাজ করছেন, আবার কেউ রাজনৈতিক আলোচনার বাইরে থেকে নিজের পেশাগত জীবন চালিয়ে যাচ্ছেন।   ফার্স্টপোস্টের প্রতিবেদনে তাঁদের ভারতীয় প্রবাসী সমাজের সাফল্যের উদাহরণ হিসেবে তুলে ধরা হলেও বাস্তবে প্রত্যেকের জীবন ও রাজনৈতিক সম্পৃক্ততা আলাদা। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তাঁদের স্বামীদের অবস্থান যতটা দৃশ্যমান, নিজেদের শিক্ষা, পেশা ও সামাজিক পরিচয়ও ততটাই গুরুত্ব বহন করে।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ৯:৪৯
হঠাৎ গাড়ি নষ্ট হওয়ায় রাস্তায় বিপদে তরুণ,  সাহায্যে এগিয়ে এলেন জাস্টিন বিবার
হঠাৎ গাড়ি নষ্ট হওয়ায় রাস্তায় বিপদে তরুণ, সাহায্যে এগিয়ে এলেন জাস্টিন বিবার

রাস্তার পাশে হঠাৎ গাড়ি নষ্ট হয়ে বিপদে পড়েছিলেন এক তরুণ সংগীতশিল্পী। একের পর এক গাড়ি পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে এলেন এমন একজন, যাকে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না ওই তরুণ। তিনি আর কেউ নন, বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার। ২০২৫ সালের নভেম্বরে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।   ব্রিটিশ সংবাদমাধ্যম পিপলের প্রতিবেদন অনুযায়ী, বিপদে পড়া ওই তরুণের নাম বুকু। তিনি একজন স্বাধীন সংগীতশিল্পী। বড় শহরে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত নানা সমস্যার মধ্যে হঠাৎ গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আরও বিপাকে পড়েন।   সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে নিজের কঠিন সময়ের কথা বলছিলেন বুকু। এ সময় একটি গাড়ি থামতে দেখে তিনি বিস্মিত হয়ে পড়েন। কাছে আসা ব্যক্তিকে দেখে তাঁর মনে হয়, তিনি হয়তো জাস্টিন বিবার।   নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে তিনি সরাসরি জানতে চান, সত্যিই তিনি জাস্টিন বিবার কি না। জবাবে নিজের পরিচয় নিশ্চিত করেন জনপ্রিয় এই গায়ক। এরপর দুজনের মধ্যে আন্তরিক শুভেচ্ছা বিনিময় হয়। একপর্যায়ে বুকুকে জড়িয়ে ধরেন বিবার।   ভিডিওতে দেখা যায়, বিবার তরুণের কাছে জানতে চান কী ঘটেছে। বুকু নিজের জীবনের কঠিন পরিস্থিতির কথা বলতে শুরু করলে মনোযোগ দিয়ে তাঁর কথা শোনেন এই পপ তারকা। পরে তাঁদের কথোপকথনের বাকি অংশ ক্যামেরায় ধারণ করা হয়নি।   বুকু পরবর্তী সময়ে জানান, বিবার শুধু তাঁর কথা শোনেননি, তাঁকে সাহসও দিয়েছেন। এমনকি তাঁর জন্য প্রার্থনা করেছেন। পিপলকে দেওয়া সাক্ষাৎকারে বুকু বলেন, কঠিন সময়ে বিবারের আন্তরিক আচরণ তাঁকে নতুনভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে।   ওই তরুণ আরও জানান, কথোপকথনের একপর্যায়ে বিবার তাঁর নিজের তৈরি একটি গান শুনতে চান। একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পীর কাছ থেকে এমন আগ্রহ ও উৎসাহ পাওয়া তাঁর কাছে ছিল বিশেষ অভিজ্ঞতা।   ঘটনার ভিডিও টিকটকে ছড়িয়ে পড়ার পর লাখ লাখ মানুষ তা দেখেন। মন্তব্যের ঘরে অনেকেই জাস্টিন বিবারের আচরণের প্রশংসা করেন। একজন বিপদগ্রস্ত অপরিচিত মানুষের পাশে দাঁড়ানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া পায়।   পরে বুকু জানান, সেদিনের অভিজ্ঞতা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। বিশেষ করে কঠিন সময়ে নিজের পছন্দের একজন শিল্পীর কাছ থেকে পাওয়া সহানুভূতি, প্রার্থনা ও উৎসাহ তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে।   বিবারের সঙ্গে এই অপ্রত্যাশিত সাক্ষাৎ কেবল একটি ভাইরাল ভিডিওতেই সীমাবদ্ধ থাকেনি। ঘটনাটি নতুন করে আলোচনায় এনেছে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব এবং সামান্য সহানুভূতিও কীভাবে কারও জীবনে বড় প্রেরণা হয়ে উঠতে পারে, সেই বিষয়টি।   সংবাদসূত্র People, ABC Audio, iHeartRadio

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ৯:৩৯
মিশিগানে অর্ধেক ইহুদি ভোটারের সমর্থন পেয়েছেন এল-সায়েদ: নতুন জরিপে প্রকাশ
মিশিগানে অর্ধেক ইহুদি ভোটারের সমর্থন পেয়েছেন এল-সায়েদ: নতুন জরিপে প্রকাশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের নবনির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর আব্দুল এল-সায়েদ রাজ্যের মোট ইহুদি ভোটারদের ৫০ শতাংশের সমর্থন পেয়েছেন। সম্প্রতি একটি নির্দলীয় ইহুদি সংগঠনের অর্থায়নে পরিচালিত জরিপে এই তথ্য উঠে এসেছে।   জরিপের ফলাফল অনুযায়ী, নির্বাচনে এল-সায়েদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ৪৩ শতাংশ ইহুদি ভোটারের ভোট। পুরো অঙ্গরাজ্যজুড়ে ইহুদি ভোটারদের সমর্থনের দিক থেকে রজার্সকে ৭ শতাংশ ব্যবধানে পেছনে ফেলেছেন এল-সায়েদ।   নির্বাচনি প্রচারণার শুরু থেকেই ইসরায়েলবিরোধী কঠোর ও সোচ্চার অবস্থানের কারণে ইহুদি ভোটারদের সঙ্গে এল-সায়েদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। এ ছাড়া মিশিগানের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) সন্ত্রাসী হামলার পর ‘আহত মানুষরাই অন্যকে আঘাত করে’ (hurt people hurt people)—এমন মন্তব্য করে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। যদিও পরবর্তীতে ওই মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন।   ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের ইহুদি ভোটাররা বড় ব্যবধানে ডেমোক্র্যাটিক পার্টিকে সমর্থন দিয়ে এলেও, এসব বিতর্কের কারণে তারা এল-সায়েদকে ভোট দেবেন কি না তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল।   মার্কিউরি পাবলিক অ্যাফেয়ার্সের (Mercury Public Affairs) পরিচালিত এই জরিপটি গত ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৮৮৩ জন ইহুদি ভোটারের ওপর চালানো হয়, যার ত্রুটির মাত্রা (মার্জিন অব এরর) ছিল ৩ দশমিক ৯ শতাংশ।   জরিপে আরও দেখা গেছে, ইহুদি ভোটারদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে এল-সায়েদ মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাটিক গভর্নর জোসেলিন বেনসনের চেয়ে কিছুটা পিছিয়ে ছিলেন। বেনসন ইহুদি ভোটারদের ৬৯ শতাংশ ভোট পেয়েছেন।    অন্যদিকে, মিশিগানের ইহুদি-অধ্যুষিত ওকল্যান্ড কাউন্টিতে—যেখানে সিনাগগে হামলার ঘটনাটি ঘটেছিল—সেখানে ইহুদি ভোটারদের ভোটে এল-সায়েদকে হারিয়েছেন রিপাবলিকান প্রার্থী রজার্স। ওই কাউন্টিতে রজার্স ৫২ শতাংশ এবং এল-সায়েদ ৩৯ শতাংশ ভোট পেয়েছেন। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ৯:২৯
হেলিকপ্টার প্রকৌশলী থেকে জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট: ইতিহাস গড়তে যাচ্ছেন ইলসে আইগনার
হেলিকপ্টার প্রকৌশলী থেকে জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট: ইতিহাস গড়তে যাচ্ছেন ইলসে আইগনার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত ১২ জন প্রেসিডেন্ট পেয়েছে জার্মানি, যাঁদের প্রত্যেকেই ছিলেন পুরুষ। তবে দীর্ঘদিনের সেই প্রথা ভেঙে এবার প্রথমবারের মতো একজন নারী রাষ্ট্রপ্রধান পেতে যাচ্ছে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশটি। দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ ‘প্রেসিডেন্ট’ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন ৬১ বছর বয়সী বাভারিয়ান রাজনীতিবিদ ইলসে আইগনার।   চলতি সপ্তাহে জার্মানির চ্যান্সেলর ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতা ফ্রিডরিখ মের্জ প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে ইলসে আইগনারের নাম ঘোষণা করেন। তিনি বলেন, দেশের সর্বোচ্চ পদে একজন নারীর আসীন হওয়ার এখনই ‘উপযুক্ত সময়’।   আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ী হলে বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের স্থলাভিষিক্ত হবেন তিনি। পদটি অনেকটা আলঙ্কারিক হলেও এটিই জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ। চ্যান্সেলর মের্জের দল সিডিইউ ছাড়াও জোটসঙ্গী সোশ্যাল ডেমোক্র্যাট এবং বিরোধী দল গ্রিন পার্টির সমর্থন থাকায় আইগনারের নির্বাচিত হওয়ার পথ অনেকটাই মসৃণ বলে মনে করা হচ্ছে।   ইলসে আইগনারের এই উত্থান জার্মান রাজনীতিতে বেশ ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে। সাধারণত রাষ্ট্রপ্রধানদের আইন বিষয়ে ডিগ্রি বা প্রথাগত উচ্চশিক্ষা থাকলেও আইগনারের তা নেই। রাজনীতিতে আসার আগে তিনি হেলিকপ্টার তৈরির বিশেষজ্ঞ হিসেবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কারিগরি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং পেশায় একজন হেলিকপ্টার প্রকৌশলী ছিলেন। অবিবাহিত এই রাজনীতিককে নিয়ে জার্মানির বামপন্থী দৈনিক ‘টাজ’ (Taz) রসিকতা করে লিখেছে, “আইনের ডিগ্রি নেই, বিয়ে করেননি, এমনকি পুরুষও নন” — যা জার্মানির ইতিহাসে এক বড় পরিবর্তনেরই ইঙ্গিত দেয়।   তাঁর এই প্রার্থিতা ঘিরে জার্মানিতে ইতিমধ্যে ‘আইগনার-ওয়েভ’ বা আইগনার-ঢেউ তৈরি হয়েছে। জনপ্রিয় টিভি উপস্থাপক ও লেখক ইয়র্গ থাডেউস নিজের বাঁ বাহুতে ‘ইলসে’ নামটি ট্যাটু করিয়ে টেলিভিশনে দেখিয়েছেন, যা সংবাদমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তিনি মজা করে বলেছেন, “জার্মানির ইতিহাসে তিনিই প্রথম রাষ্ট্রপ্রধান হবেন, যিনি প্রয়োজনে নিজেই সরকারি হেলিকপ্টার মেরামত করতে পারবেন।”   ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের মন্ত্রিসভায় কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আইগনার। ১৯৯৮ সালে প্রথম জার্মান পার্লামেন্টে (বুন্দেসটাগ) প্রবেশ করেন তিনি। তবে তাঁর চলার পথ সহজ ছিল না। নব্বইয়ের দশকের শুরুতে ২৭ বছর বয়সে নিজ শহর ফেল্ডকির্খেন-ভেস্টারহামের মেয়র হতে চেয়েছিলেন। কিন্তু সে সময় ‘অবিবাহিত’ হওয়ার কারণে রক্ষণশীল দলের নেতারা তাঁকে মেয়র পদের জন্য ‘অনুপযুক্ত’ বলে প্রত্যাখ্যান করেছিলেন। এ ছাড়া ১৭ বছর বয়সে মেরুদণ্ডে টিউমার এবং ৪০ বছর বয়সে মন্ত্রী থাকা অবস্থায় থাইরয়েড ক্যানসারের মতো কঠিন রোগ জয় করে রাজনীতিতে টিকে আছেন তিনি।   আজও তিনি মিউনিখের দক্ষিণ-পূর্বে ১০ হাজার মানুষের ছোট্ট শহর ফেল্ডকির্খেন-ভেস্টারহামে বসবাস করেন, যেখানে তাঁর মা-বাবা একসময় ইলেকট্রনিকসের দোকান চালাতেন। তিন বোন ও তাঁদের সন্তানদের নিয়ে তিন প্রজন্মের যৌথ পরিবারে থাকেন তিনি। স্থানীয়দের কাছে তিনি অত্যন্ত প্রিয় ‘আমাদের ইলসে’ নামে পরিচিত, যিনি এখনো সাইকেল চালিয়ে বাজার বা স্থানীয় অনুষ্ঠানে যাতায়াত করেন।   রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘নারীবিদ্বেষী’ হওয়ার যে তকমা রয়েছে, আইগনারকে সমর্থন দিয়ে তিনি তা ঘোচানোর সুযোগ পেয়েছেন। তবে কট্টর ডানপন্থী বিরোধী দল ‘অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড’ (এএফডি) আইগনারের ওপর ক্ষুব্ধ। দলটির কাছে নিজের প্রার্থিতা উপস্থাপন করতে অস্বীকৃতি জানানোয় এএফডির সহ-নেত্রী অ্যালিস ভাইডেল তাঁর সমালোচনা করেছেন।   মনোনয়ন পাওয়ার পর এক বক্তৃতায় ইলসে আইগনার বলেন, “সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে প্রথম নারী হিসেবে আমি আমার ব্যক্তিত্ব ও সাধারণ পটভূমি দিয়ে দেশের মানুষের সামনে এগিয়ে যাওয়ার এক নতুন প্রতীক হয়ে দাঁড়াতে চাই।” গ্রিন পার্টির শীর্ষ এমপি ব্রিটা হাসেলম্যান আশা প্রকাশ করেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিভক্ত জার্মানিকে ঐক্যবদ্ধ করতে আইগনারের মতো মাটির কাছাকাছি থাকা একজন সংবেদনশীল মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ৯:১৬
নিউইয়র্কে বিনা মূল্যে ইংরেজি শেখার সুযোগ, জেনে নিন ভর্তি হওয়ার নিয়ম
নিউইয়র্কে বিনা মূল্যে ইংরেজি শেখার সুযোগ, জেনে নিন ভর্তি হওয়ার নিয়ম

নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য বিনা মূল্যে ইংরেজি শেখার সুযোগ রয়েছে শহরের বিভিন্ন পাবলিক লাইব্রেরি, কলেজ ও সরকারি শিক্ষা কর্মসূচিতে। এসব প্রতিষ্ঠানে ইংরেজিতে কথা বলা, পড়া, লেখা ও বোঝার প্রশিক্ষণ দেওয়া হয়। কোথাও আগাম রেজিস্ট্রেশন ছাড়াই ক্লাসে অংশ নেওয়া যায়, আবার কোথাও আবেদন, প্লেসমেন্ট টেস্ট ও ওরিয়েন্টেশন বাধ্যতামূলক। নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রকাশিত প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি কর্মসূচিতে এখনো ক্লাস চলছে এবং নতুন ব্যাচের জন্য ভর্তির কার্যক্রমও রয়েছে।   নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে রেজিস্ট্রেশন ছাড়াই ক্লাস   নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির We Speak NYC কর্মসূচি ইংরেজি শেখার অন্যতম সহজ সুযোগ। নির্ধারিত কনভারসেশন ক্লাসে অংশ নিতে আগাম রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না। সাধারণত ১৬ বছর বা তার বেশি বয়সী, যারা হাই স্কুলে পড়ছেন না, এমন ইংরেজি শিক্ষার্থীরা এসব ক্লাসে অংশ নিতে পারেন।   ক্লাসে বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতি নিয়ে তৈরি ভিডিও দেখানো হয়। চিকিৎসকের সঙ্গে কথা বলা, সন্তানের স্কুলে যোগাযোগ কিংবা দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে ইংরেজিতে আলোচনা করার সুযোগ থাকে। বিভিন্ন ব্রাঞ্চে শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী ক্লাসের ব্যবস্থা রয়েছে। তবে সব ব্রাঞ্চে একই সময়ে ক্লাস হয় না। তাই যাওয়ার আগে সংশ্লিষ্ট লাইব্রেরির ইভেন্ট ক্যালেন্ডার দেখে নিতে হবে।   ব্রুকলিন পাবলিক লাইব্রেরিতে নতুন ব্যাচের ভর্তি   ব্রুকলিন পাবলিক লাইব্রেরির Adult Learning কর্মসূচিতে বিনা মূল্যে ESOL ক্লাসের জন্য শিক্ষার্থী নেওয়া হচ্ছে। নতুন উইন্টার ব্যাচের ক্লাস ২০২৭ সালের ১১ জানুয়ারি শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে।   এখানে বিগিনার, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ক্লাসের ব্যবস্থা রয়েছে। সকাল, সন্ধ্যা ও শনিবারের ক্লাসের পাশাপাশি সরাসরি এবং অনলাইনে অংশ নেওয়ার সুযোগও রয়েছে। আগ্রহীদের প্রথমে ইনফরমেশন সেশনে অংশ নিয়ে ভর্তির নিয়ম ও আসনসংক্রান্ত তথ্য জানতে হবে।   যোগাযোগের ইমেইল Admissions@bklynlibrary.org। টেক্সট মেসেজ পাঠানো যাবে 732-930-0082 নম্বরে।   এ ছাড়া ব্রুকলিনের বিভিন্ন লাইব্রেরিতে ড্রপ-ইন ইংরেজি ক্লাসও চলছে। এসব ক্লাসের অনেকগুলোতে রেজিস্ট্রেশন লাগে না। তবে আসনসংখ্যা সীমিত থাকায় আগে পৌঁছানো ভালো। কুইন্স পাবলিক লাইব্রেরিতে অধিকাংশ আসন পূর্ণ কুইন্স পাবলিক লাইব্রেরির Adult Learner Program-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে বেশির ভাগ ক্লাসের আসন পূর্ণ। তবে লং আইল্যান্ড সিটির Adult Learning Center-এ কিছু আসন পাওয়া যেতে পারে।   এখানে ইংরেজিতে কথা বলা, বোঝা এবং বাস্তব জীবনে ভাষা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। কুইন্সের জ্যামাইকা, ফ্লাশিং, এলমহার্স্ট, জ্যাকসন হাইটসসহ বিভিন্ন এলাকায় Adult Learning Center রয়েছে।   লং আইল্যান্ড সিটিতে আসন সম্পর্কে জানতে 718-752-3723 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নিশ্চিত না হয়ে সরাসরি সেন্টারে যাওয়ার পরিবর্তে আগে ফোন করাই ভালো।   CUNY কলেজগুলোতেও ফ্রি ইংরেজি শিক্ষা   সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের CUNY Adult Literacy Program-এর মাধ্যমে বিভিন্ন ক্যাম্পাসে বিনা মূল্যে ইংরেজি এবং হাই স্কুল ইকুইভ্যালেন্সি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস পরিচালিত হয়।   ফল ২০২৬ সেশনের ক্লাসগুলো সরাসরি পরিচালনার পরিকল্পনা রয়েছে। কিছু ক্যাম্পাসে অনলাইন ও সরাসরি ক্লাসের সমন্বিত ব্যবস্থাও থাকতে পারে। আবেদনকারীদের নির্দিষ্ট কলেজের Adult Literacy বিভাগে যোগাযোগ করতে হবে।   ব্রুকলিনের City Tech Adult Learning Center এবং ব্রঙ্কস কমিউনিটি কলেজেও ফ্রি ইংরেজি ক্লাসের ব্যবস্থা রয়েছে। ব্রঙ্কস কমিউনিটি কলেজে ভর্তি প্রক্রিয়ায় প্লেসমেন্ট টেস্ট দিতে হয়। যোগাযোগের নম্বর 718-289-5834।   নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগের ফ্রি ক্লাস   নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগের Adult Education কর্মসূচিতেও বিনা মূল্যে ইংরেজি শেখানো হয়। পাঁচটি বরোর ১৭৫টির বেশি স্থানে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট এডুকেশন ক্লাস পরিচালিত হয়।   এই কর্মসূচিতে সাধারণভাবে অংশ নিতে আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। তাঁকে নিউইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে এবং যুক্তরাষ্ট্রের হাই স্কুল ডিপ্লোমা বা সমমানের সনদ থাকা যাবে না। তবে অন্য দেশের হাই স্কুল বা কলেজের সনদ থাকলেও আবেদন করা সম্ভব।   গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কর্মসূচির ইংরেজি ক্লাসে ভর্তির জন্য সোশ্যাল সিকিউরিটি নম্বর বা পরিচয়সংক্রান্ত ডকুমেন্ট বাধ্যতামূলক নয়। বিস্তারিত জানতে 646-481-8227 নম্বরে ফোন অথবা adultednyc@schools.nyc.gov ঠিকানায় ইমেইল করা যাবে।   University Settlement-এ আপাতত রেজিস্ট্রেশন বন্ধ   নিউইয়র্কের University Settlement প্রাপ্তবয়স্ক অভিবাসীদের জন্য বিনা মূল্যে ইংরেজি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। এখানে দিনের পাশাপাশি কর্মজীবীদের জন্য সন্ধ্যা ও উইকেন্ডে ক্লাসের ব্যবস্থা রয়েছে।   তবে প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নতুন রেজিস্ট্রেশন আপাতত স্থগিত রয়েছে। আগামী জানুয়ারি ২০২৭-এ নতুন তথ্য প্রকাশের কথা জানানো হয়েছে।   এই কর্মসূচিতে সাধারণত আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হয়। নিউইয়র্ক সিটিতে বসবাসের প্রমাণ, প্লেসমেন্ট টেস্ট এবং নিয়মিত ক্লাসে অংশ নেওয়ার প্রতিশ্রুতিও প্রয়োজন। যোগাযোগের ইমেইল literacy@universitysettlement.org।   ভর্তির আগে যেসব বিষয় জেনে নেবেন   সব প্রতিষ্ঠানের ভর্তির নিয়ম এক নয়। কোথাও ফটো আইডি, ঠিকানার প্রমাণ বা বয়সের তথ্য চাওয়া হতে পারে। আবার কিছু সরকারি ইংরেজি শিক্ষা কর্মসূচিতে এসব ডকুমেন্ট ছাড়াই অংশ নেওয়া যায়। তাই কাগজপত্র না থাকার কারণে আবেদন করা যাবে না, এমন ধারণা করা ঠিক নয়।   একইভাবে ফ্রি ক্লাসের ক্ষেত্রে সাধারণত টিউশন ফি লাগে না। তবে নির্দিষ্ট কিছু শিক্ষা বা কারিগরি প্রশিক্ষণে বই, পরীক্ষা কিংবা অন্যান্য উপকরণের জন্য আলাদা খরচ থাকতে পারে।   প্রবাসী বাংলাদেশিদের জন্য ইংরেজি শেখার এসব কর্মসূচি চাকরির ইন্টারভিউ, চিকিৎসাসেবা গ্রহণ, সন্তানের স্কুলের সঙ্গে যোগাযোগ এবং দৈনন্দিন কাজকর্মে সহায়ক হতে পারে। আগ্রহীদের উচিত নিজের বাসা বা কর্মস্থলের কাছাকাছি প্রতিষ্ঠানে যোগাযোগ করে ক্লাসের সময়, আসনসংখ্যা ও যোগ্যতা নিশ্চিত করা।   সংবাদসূত্র: নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন, ইউনিভার্সিটি সেটেলমেন্ট।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ৯:৩
নেদারল্যান্ডসে দত্তক, ৪৬ বছর পর জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে রাজিব ও সেলিনা
নেদারল্যান্ডসে দত্তক, ৪৬ বছর পর জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে রাজিব ও সেলিনা

মাত্র আড়াই বছর বয়সে বাংলাদেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন নেদারল্যান্ডসে। সেখানেই কেটেছে শৈশব, কৈশোর ও জীবনের দীর্ঘ সময়। কিন্তু ৪৬ বছর পরও জন্মদাতা বাবা-মায়ের পরিচয় জানতে পারেননি রাজিব উদ্দিন। ৪৯ বছর বয়সে আবারও বাংলাদেশে ফিরে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খুঁজে বেড়াচ্ছেন নিজের শিকড়। তাঁর সঙ্গে একই উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন নেদারল্যান্ডসে বেড়ে ওঠা সেলিনা গোমেজ।   ১৯৮০ সালে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয় রাজিবকে। সেখানে একটি পরিবারে বেড়ে ওঠেন তিনি। বর্তমানে পেশায় সমাজকর্মী রাজিবের নেদারল্যান্ডসে স্বচ্ছল জীবন থাকলেও নিজের জন্মপরিচয় না জানার আক্ষেপ কাটেনি। গত কয়েক বছরে ছয়বার বাংলাদেশে এসে বাবা-মায়ের সন্ধান করেছেন তিনি। কিন্তু এখনো কোনো নিশ্চিত তথ্য পাননি।   রাজিব বলেন, নেদারল্যান্ডসে তাঁর সবকিছু রয়েছে। সেখানে ভালো থাকলেও নিজের পরিচয় নিয়ে একধরনের শূন্যতা অনুভব করেন। আয়নার সামনে দাঁড়ালে তাঁর মনে প্রশ্ন জাগে, তিনি দেখতে বাবার মতো হয়েছেন, নাকি মায়ের মতো। এই প্রশ্নের উত্তর খুঁজতেই বারবার বাংলাদেশে ফিরে আসছেন তিনি।   রাজিবের পুরোনো পাসপোর্ট অনুযায়ী, তাঁর জন্ম ১৯৭৭ সালে। সেখানে বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি এবং দাদার নাম রহিম উদ্দিন উল্লেখ রয়েছে। গ্রামের নাম লেখা আছে পেয়ারাকান্দি। অস্থায়ী ঠিকানা হিসেবে রয়েছে ঢাকার বেবি হোমসের নাম। তবে পাসপোর্টে উল্লেখ করা গ্রামের অবস্থান নিয়েই তৈরি হয়েছে জটিলতা।   পুরোনো প্রশাসনিক সীমানা পরিবর্তনের কারণে পেয়ারাকান্দি গ্রামের সঠিক অবস্থান শনাক্ত করতে সমস্যায় পড়ছেন রাজিব। কখনো কুমিল্লা, আবার কখনো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনো এলাকার সঙ্গে ঠিকানাটির মিল পাওয়া যাচ্ছে। সর্বশেষ তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা চান।   এর আগে একটি গ্রামে খোঁজ করতে গিয়ে এক ব্যক্তির সন্ধান পান রাজিব, যিনি নিজেকে তাঁর বাবা বলে দাবি করেছিলেন। এতে আশার আলো দেখলেও পরে ডিএনএ পরীক্ষায় তাঁদের জৈবিক সম্পর্কের মিল পাওয়া যায়নি। ফলে আবারও নতুন করে অনুসন্ধান শুরু করতে হয় তাঁকে।   রাজিবের সঙ্গে বাংলাদেশে এসেছেন তাঁর বন্ধু সেলিনা গোমেজ। পেশায় গায়িকা সেলিনাও ছোটবেলায় দত্তক হিসেবে নেদারল্যান্ডসে যান। জন্মদাতা বাবা-মায়ের সন্ধানে এরই মধ্যে তিনবার বাংলাদেশে এসেছেন তিনি। তাঁর পুরোনো কাগজপত্রে কক্সবাজারের ঠিকানা থাকায় সেখানেও খোঁজ করেছেন। এবার রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন।   সেলিনা বলেন, নেদারল্যান্ডসে লালন-পালনকারী পরিবার থাকলেও নিজের জন্মদাতা বাবা-মাকে জানার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। সেখানে বেড়ে উঠলেও নিজেকে অনেক সময় বিদেশি মনে হয়। তিনি কিংবা রাজিব, যেকোনো একজন নিজের পরিবারকে খুঁজে পেলেও সেটি তাঁদের জন্য বড় প্রাপ্তি হবে।   রাজিব ও সেলিনাকে বাংলাদেশে সহযোগিতা করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওমর। তিনি জানান, পুরোনো পাসপোর্ট ও ঠিকানার তথ্য ধরে বিভিন্ন এলাকায় খোঁজ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে, যাতে তাঁদের পরিবারের সন্ধান পাওয়া যায়।   কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, রাজিবের কাগজপত্র পর্যালোচনা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গ্রামের সঙ্গে ঠিকানার মিল পাওয়া যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করতে সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।   তিনি আরও জানান, ঠিকানাটি সঠিক হলে রাজিবকে সেখানে অনুসন্ধানে সহযোগিতা করা হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সহায়তা করবে।   জন্মের পরপরই দেশ ছাড়তে হলেও বাংলাদেশের সঙ্গে রাজিব ও সেলিনার সম্পর্ক শেষ হয়ে যায়নি। দীর্ঘদিনের অনুসন্ধানের পরও তাঁরা এখনো নিজেদের পরিবারের পরিচয় নিশ্চিত করতে পারেননি। পুরোনো পাসপোর্টের কয়েকটি নাম ও ঠিকানাই এখন তাঁদের ভরসা। সেই সূত্র ধরেই জন্মদাতা বাবা-মায়ের সন্ধান চালিয়ে যাচ্ছেন দুজন।   সংবাদসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এনটিভি।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ৮:৫১
মেডিকেড কভারেজ ধরে রাখতে যোগ্য বাসিন্দাদের সহায়তা করছে অ্যালেগেনি কাউন্টি। ছবি: গ্যাবি সারটোরি
নতুন নিয়মে মেডিকেড কভারেজ হারানোর ঝুঁকি কমাতে রিনিউয়াল সহায়তা দিচ্ছে অ্যালেগেনি কাউন্টি

পেনসিলভেনিয়ার অ্যালেগেনি কাউন্টির কর্মকর্তারা মেডিকেড কভারেজ ধরে রাখতে বাসিন্দাদের সহায়তায় কাউন্টিজুড়ে প্রচারণা শুরু করেছেন। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন ফেডারেল যোগ্যতার শর্ত কার্যকর হচ্ছে।   ফেডারেল বিগ বিউটিফুল বিল অ্যাক্টের আওতায় নেওয়া এসব পরিবর্তনে অনেক মেডিকেড গ্রহীতাকে প্রতি ছয় মাসে কভারেজ রিনিউ করতে হবে। পাশাপাশি দীর্ঘ রিনিউয়াল ফরমে বাড়তি প্রশ্নের উত্তর দিতে হবে।   কাউন্টি কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা প্রদানকারীরা জানিয়েছেন, সময়সীমা ফসকে গেলে বা রিনিউয়াল প্রক্রিয়ায় সমস্যায় পড়ে যোগ্য বাসিন্দারা যেন কভারেজ না হারান, সেটি ঠেকানোই এ উদ্যোগের লক্ষ্য। অ্যালেগেনি কাউন্টির এক্সিকিউটিভ সারা ইননামোরাতো বলেন, "অনেক মানুষ কাজ করলেও বা ছাড়ের যোগ্য হলেও শুধু নতুন শর্তের কথা না জানার কারণে কিংবা কোথায় সাহায্য পাবেন তা না জানার কারণে স্বাস্থ্য কভারেজ হারানোর ঝুঁকিতে আছেন।"   অ্যালেগেনি কাউন্টি ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসেস স্বাস্থ্যসেবা প্রদানকারী ও কমিউনিটি সংগঠনগুলোর সঙ্গে মিলে প্রশিক্ষণ, জনসচেতনতামূলক সভা, টেক্সট রিমাইন্ডার ও অনলাইন বিজ্ঞাপনের ব্যবস্থা করছে।   ইউপিএমসি নেইবারহুড আউটরিচ সেন্টারের সঙ্গে অংশীদারত্বে তৃণমূল সংগঠনগুলো পেনসিলভেনিয়ার অনলাইন মেডিকেড সিস্টেম ব্যবহারে বাসিন্দাদের সহায়তার প্রশিক্ষণ পাবে। হাতে-কলমে সহায়তার জন্য কমিউনিটি অফিস আওয়ারও থাকবে। বাসিন্দারা যেন প্রশ্ন করতে পারেন, সে জন্য টাউন হল সভা হচ্ছে, যার প্রথমটি হয়েছে ২৮ অক্টোবর।   ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসেসের ডিরেক্টর অ্যালেক্স জুতকা বলেন, "বিশ্বস্ত অংশীদারদের সঙ্গে কাজ করে এবং বাস্তবসম্মত সরঞ্জাম, প্রশিক্ষণ ও তথ্য দিয়ে আমরা নিশ্চিত করতে পারি, যোগ্য বাসিন্দারা কী বদলাচ্ছে তা বুঝতে পারছেন এবং জানছেন যে এ পরিবর্তন সামলাতে তাঁরা একা নন।"   ইউনাইটেড ওয়ের পিএ ২১১ সাউথওয়েস্টও বাসিন্দাদের সহায়তাকারী সংগঠনের সঙ্গে যুক্ত করবে। সংস্থাটি সতর্ক করেছে, চাহিদা বেড়ে যাওয়ায় ফোনে সাড়া পেতে বেশি সময় লাগতে পারে।   সূত্র: ইউএসএ টুডে

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ৮:৪১
যুক্তরাষ্ট্রে নতুন কর আইনে বছরে ২৫ লাখ ডলার অতিরিক্ত কর দিতে হবে ইয়োকিচকে ডিজিটাল শিরোনাম
যুক্তরাষ্ট্রে নতুন কর আইনে বছরে ২৫ লাখ ডলার অতিরিক্ত কর দিতে হবে ইয়োকিচকে ডিজিটাল শিরোনাম

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে নতুন আয়কর ব্যবস্থা চালুর সিদ্ধান্তে বড় অঙ্কের অতিরিক্ত কর দিতে হতে পারে এনবিএ তারকা নিকোলা ইয়োকিচকে। ডেনভার নাগেটসের এই বাস্কেটবল খেলোয়াড়কে ২০২৭ সালে আগের তুলনায় প্রায় ২৫ লাখ ডলার বেশি আয়কর দিতে হবে বলে হিসাব করেছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টিকো। গত ৩ নভেম্বরের নির্বাচনে কলোরাডোর ভোটাররা উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর কর বাড়ানোর একটি সাংবিধানিক সংশোধনী অনুমোদন করেছেন। নতুন ব্যবস্থা ২০২৭ সাল থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, কলোরাডোর ভোটাররা 'অ্যামেন্ডমেন্ট ৮৭' নামের প্রস্তাবটি অনুমোদন করেছেন। এর মাধ্যমে অঙ্গরাজ্যটির দীর্ঘদিনের একক হারের আয়কর ব্যবস্থা পরিবর্তন করে আয় অনুযায়ী বিভিন্ন হারে কর নির্ধারণ করা হয়েছে। আগে কলোরাডোয় ব্যক্তিগত আয়ের ওপর সমানভাবে ৪ দশমিক ৪ শতাংশ আয়কর দিতে হতো। নতুন নিয়মে সর্বোচ্চ করহার নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ৪ শতাংশ। তবে এই হার সবার আয়ের ওপর প্রযোজ্য হবে না। বছরে করযোগ্য আয় ১০ লাখ ডলার ছাড়ালে কেবল ওই সীমার অতিরিক্ত অংশের ওপর সর্বোচ্চ হার কার্যকর হবে। স্পোর্টিকোর বিশ্লেষণ অনুযায়ী, নতুন করব্যবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন ডেনভার নাগেটসের তারকা খেলোয়াড় নিকোলা ইয়োকিচ। সার্বিয়ার এই বাস্কেটবল তারকা পাঁচ বছর মেয়াদি ২৭ কোটি ৬০ লাখ ডলারের চুক্তিতে খেলছেন। তাঁর চুক্তি অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে বেতন প্রায় ৫ কোটি ৯০ লাখ ডলার এবং ২০২৭-২৮ মৌসুমে প্রায় ৬ কোটি ২৮ লাখ ডলার। এই বিপুল আয়ের কারণে নতুন কর আইনের আওতায় ২০২৭ সালে আগের তুলনায় আনুমানিক ২৫ লাখ ডলার বেশি কর দিতে হতে পারে তাঁকে। তবে এটি একটি প্রাক্কলিত হিসাব, চূড়ান্ত করের পরিমাণ নয়। প্রকৃত কর নির্ভর করবে তাঁর করযোগ্য আয়, আয়ের উৎস এবং অন্যান্য প্রযোজ্য করবিধির ওপর। শুধু ইয়োকিচ নন, ডেনভারের অন্যান্য পেশাদার ক্রীড়াবিদও নতুন করব্যবস্থার প্রভাবে পড়তে পারেন। স্পোর্টিকোর হিসাবে, ডেনভার ব্রঙ্কোস, ডেনভার নাগেটস, কলোরাডো রকিস, কলোরাডো অ্যাভালাঞ্চসহ বিভিন্ন পেশাদার দলের প্রায় ১০০ জন খেলোয়াড় ২০২৭ সালে ১০ লাখ ডলার বা তার বেশি আয় করতে পারেন। স্থানীয় সংবাদমাধ্যম নাইন নিউজের তথ্য অনুযায়ী, ডেনভার ব্রঙ্কোসের সক্রিয় ৫৩ জন খেলোয়াড়ের মধ্যে ৫২ জনেরই বার্ষিক আয় ১০ লাখ ডলারের বেশি। ফলে করহার বৃদ্ধির প্রভাব শুধু একটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অতিরিক্ত করের মুখে পড়তে পারেন কলোরাডো রকিসের বেসবল তারকা ক্রিস ব্রায়ান্টও। আগামী দুই মৌসুমের প্রতিটিতে তাঁর নির্ধারিত বেতন ২ কোটি ৬০ লাখ ডলার। অন্যদিকে ইউনিভার্সিটি অব কলোরাডোর ফুটবল দলের প্রধান কোচ ডিয়ন স্যান্ডার্সের ২০২৭ সালে মূল বেতন নির্ধারিত রয়েছে ১ কোটি ১০ লাখ ডলার। নতুন নিয়মের ফলে তাঁদেরও আগের তুলনায় বেশি কর দিতে হতে পারে। তবে কর বৃদ্ধির পর খেলোয়াড়দের ভবিষ্যৎ চুক্তি বা দল নির্বাচনের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়। নতুন কর আইন শুধু ধনীদের কর বাড়ানোর জন্য তৈরি করা হয়নি। কলোরাডোর সরকারি নথি অনুযায়ী, বছরে ২৫ হাজার ডলার পর্যন্ত করযোগ্য আয়ের অংশে নতুন হার হবে ৩ দশমিক ৭ শতাংশ। পরবর্তী ১ লাখ ডলার পর্যন্ত আয়ের নির্ধারিত অংশে হার হবে ৪ দশমিক ২ শতাংশ। ১ লাখ থেকে ৫ লাখ ডলার পর্যন্ত আয়ের অংশে আগের মতোই ৪ দশমিক ৪ শতাংশ কর থাকবে। এরপর আয় বাড়ার সঙ্গে সঙ্গে করহার ৭ দশমিক ৪ শতাংশ, ৭ দশমিক ৯ শতাংশ এবং সর্বোচ্চ ৮ দশমিক ৪ শতাংশে পৌঁছাবে। অর্থাৎ তুলনামূলক কম আয়ের মানুষের কর কমলেও বেশি আয়ের ব্যক্তিদের কর বাড়বে। সরকারি প্রাক্কলন অনুযায়ী, নতুন করব্যবস্থা চালু হলে কলোরাডোতে বছরে অতিরিক্ত কয়েক বিলিয়ন ডলার রাজস্ব সংগ্রহের সুযোগ তৈরি হবে। এই অর্থ সরকারি স্কুলশিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিশু পরিচর্যা ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যবহারের বিধান রাখা হয়েছে। সংশোধনীর সমর্থকদের মতে, যাঁদের আয় বেশি, তাঁদের কাছ থেকে বেশি কর আদায়ের মাধ্যমে সরকারি সেবার অর্থায়ন শক্তিশালী করা সম্ভব হবে। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, উচ্চ করহার ধনী ব্যক্তি, ব্যবসায়ী ও উচ্চ বেতনভুক্ত পেশাজীবীদের অন্য অঙ্গরাজ্যে চলে যেতে উৎসাহিত করতে পারে। কলোরাডোর নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, প্রায় ৫১ দশমিক ৬ শতাংশ ভোটার সংশোধনীটির পক্ষে ভোট দিয়েছেন। নতুন করব্যবস্থা কার্যকর হলে সাধারণ চাকরিজীবীদের অনেকের কর কিছুটা কমতে পারে। তবে ইয়োকিচের মতো সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রীড়াবিদদের জন্য এর অর্থ হবে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত কর। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আয়কর ব্যবস্থার পার্থক্য পেশাদার খেলোয়াড়দের ভবিষ্যৎ চুক্তি ও অবস্থান নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন আলোচনার বিষয়। সংবাদসূত্র: নিউজউইক, স্পোর্টিকো, কলোরাডো লেজিসলেটিভ কাউন্সিল, কলোরাডো নির্বাচনী ফলাফল।

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ ৮:২৫