- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার একটি অভিবাসী আশ্রয়কেন্দ্রের নির্দিষ্ট বাসিন্দাদের পরিচয়সংক্রান্ত তথ্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসের কাছে দেওয়ার নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। ৬ নভেম্বর দেওয়া এ আদেশে বিচারক লুইস কাপলান বলেছেন, আদালতের তত্ত্বাবধানে বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের তথ্য যাচাই করে নির্দিষ্ট অপরাধের ইতিহাস থাকা ব্যক্তিদের নাম আইসকে দিতে হবে। ব্রঙ্কসের ইস্ট ১৪১তম স্ট্রিট ও ব্রুকনার বুলেভার্ড এলাকায় অবস্থিত ওই আশ্রয়কেন্দ্রটি নিউইয়র্ক সিটি পরিচালনা করে। একটি পুরোনো গুদামঘরকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করে এখানে দুই হাজারের বেশি পুরুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। এটি শহরের শেষ জরুরি অভিবাসী আশ্রয়কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে। আদালতের নথি অনুযায়ী, আইস ২০২৫ সালের আগস্ট থেকে নিউইয়র্ক সিটির বিভিন্ন আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের পরিচয়সংক্রান্ত তথ্য চেয়ে একাধিক প্রশাসনিক সমন জারি করেছিল। সংস্থাটির দাবি, আশ্রয়কেন্দ্রে থাকা কিছু ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অপরাধের ইতিহাস রয়েছে কি না এবং তাঁদের মধ্যে কেউ যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী বহিষ্কারের আওতায় পড়েন কি না, তা তদন্তের জন্য তথ্য প্রয়োজন। আইসের প্রাথমিক আবেদনে আশ্রয়কেন্দ্রের পুরুষ বাসিন্দাদের নাম ও জন্মতারিখ চাওয়া হয়েছিল। তবে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ তথ্য দিতে অস্বীকৃতি জানায়। তাদের যুক্তি ছিল, এ ধরনের তথ্য সংগ্রহ ও সরবরাহের দায়িত্ব শহরের ওপর চাপানো অযৌক্তিক এবং এতে বাসিন্দাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি আদালতে গড়ানোর পর ফেডারেল বিচারক লুইস কাপলান ৬ নভেম্বর রায় দেন। আদালত বলেন, শহর কর্তৃপক্ষ তথ্য সরবরাহের ক্ষেত্রে অতিরিক্ত প্রশাসনিক চাপের যথেষ্ট প্রমাণ দেখাতে পারেনি। তবে আইসও সম্মত হয়েছে যে, আশ্রয়কেন্দ্রের সব বাসিন্দার তথ্য সরাসরি দেওয়া হবে না। আদালতের নিয়োগ করা একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বাসিন্দাদের অপরাধের ইতিহাস যাচাই করে নির্দিষ্ট শর্ত পূরণকারীদের নাম বাছাই করবেন। আদালতের নথিতে আট ধরনের গুরুতর অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, হামলা, বড় অঙ্কের চুরি, বাড়িতে অনধিকার প্রবেশ করে চুরি এবং আইন প্রয়োগকারী কর্মকর্তার ওপর হামলা। এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ইতিহাস যাচাইয়ের কথা বলা হয়েছে। তবে কোনো ব্যক্তির নাম যাচাইয়ের তালিকায় আসা মানেই তিনি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন—এমন নয়। আদালতের নির্দেশ অনুযায়ী, বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নিয়োগ এবং তাঁর পারিশ্রমিক নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার ও নিউইয়র্ক সিটিকে ১৪ দিনের মধ্যে প্রস্তাব জমা দিতে হবে। অর্থাৎ, ১৪ দিনের মধ্যে সব বাসিন্দার তথ্য আইসের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। বরং তথ্য যাচাইয়ের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নিউইয়র্ক সিটি প্রশাসন আদালতে আইসের তথ্য চাওয়ার বিরোধিতা করেছিল। শহরের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় অভিবাসন-সুরক্ষা নীতির সঙ্গে এ ধরনের তথ্য সরবরাহের বিষয়টি সাংঘর্ষিক হতে পারে। তবে বিচারক মনে করেন, আইসের তদন্তের সঙ্গে চাওয়া তথ্যের প্রাসঙ্গিকতা রয়েছে এবং বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে তথ্য বাছাইয়ের ব্যবস্থা থাকায় সমন কার্যকর করা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বিভিন্ন আমদানি শুল্ক বাতিলের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রিচার্ড নিল। প্রতিনিধি পরিষদের গুরুত্বপূর্ণ ওয়েজ অ্যান্ড মিনস কমিটির চেয়ারম্যান পদে ফিরে আসার সম্ভাবনা থাকা এই নেতা বলেছেন, ট্রাম্পের অযৌক্তিক শুল্ক এবং বাণিজ্যসংক্রান্ত অস্বচ্ছ সমঝোতা পরিবর্তনে তিনি কাজ করবেন। শুক্রবার (৬ নভেম্বর) ওয়াশিংটনে এক বাণিজ্য সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় নিল এসব কথা বলেন। সাবেক মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন টাই আয়োজিত ওই সম্মেলনে তিনি অভিযোগ করেন, ট্রাম্পের বাণিজ্যনীতি ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরি করেছে। তাঁর দাবি, এসব নীতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সাধারণ কর্মীদের সঙ্গে ধনী আমেরিকানদের অর্থনৈতিক বৈষম্য বাড়াতে ভূমিকা রেখেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের অন্তত ২৫০টি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। ২০০৮ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই দলটির সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা। সিনেটেও অন্তত ৫৪টি আসন পাওয়ায় ট্রাম্পের শুল্কনীতি পরিবর্তনে আইন প্রণয়নের উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়েছে। রিচার্ড নিল বলেন, ট্রাম্পের অযৌক্তিক শুল্ক বাতিল এবং স্বচ্ছতা ও সুশাসনভিত্তিক বাণিজ্যনীতি প্রতিষ্ঠায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষায়, বাণিজ্যনীতির লক্ষ্য হওয়া উচিত প্রতিটি কর্মজীবী পরিবারের স্বার্থ রক্ষা করা, কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত অহংকারকে প্রাধান্য দেওয়া নয়। তবে শুল্কনীতি পরিবর্তনের জন্য কী ধরনের আইন প্রস্তাব করবেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি নিল। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্যচুক্তিতে মেক্সিকো ও কানাডাকে ধরে রাখা তাঁর অন্যতম অগ্রাধিকার। চুক্তিটির ছয় বছর অন্তর পর্যালোচনার বিধানকে প্রয়োজনীয় সংস্কারের সুযোগ হিসেবেও দেখছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটদের সম্ভাব্য উদ্যোগের অন্যতম লক্ষ্য হতে পারে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক। পাশাপাশি ট্রাম্পের বিভিন্ন শুল্ক আরোপের আইনি ভিত্তি পরিবর্তনের উদ্যোগও নেওয়া হতে পারে। তবে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ডেমোক্র্যাটদের সামনে বড় বাধা হতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুল্ক বাতিলের কোনো বিল কংগ্রেসে পাস হলে তিনি তাতে ভেটো দিতে পারেন। সেই ভেটো অতিক্রম করতে উল্লেখযোগ্যসংখ্যক রিপাবলিকান আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে। ফলে মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসে ডেমোক্র্যাটদের অবস্থান শক্তিশালী হলেও ট্রাম্পের শুল্কনীতি পরিবর্তনের বিষয়টি শেষ পর্যন্ত দুই দলের আইনপ্রণেতাদের সমর্থন এবং হোয়াইট হাউসের অবস্থানের ওপর নির্ভর করবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরের প্রায় ২০ মাইল গভীরে পানিতে ভেসে থাকা এক ক্রুজ জাহাজের কর্মীকে উদ্ধার করেছেন দুই জেলে। শুক্রবার (৬ নভেম্বর) নিউপোর্ট বিচের কাছে এ ঘটনা ঘটে। শন নর্টন ও গ্র্যান্ট গ্যারেট নামের দুই জেলে মাছ ধরে ফেরার পথে ওই ব্যক্তিকে পানিতে দেখতে পান। পরে তাঁকে নিজেদের নৌকায় তুলে উদ্ধার করেন তাঁরা। প্রায় ৯ ঘণ্টা ধরে ওই ব্যক্তি পানিতে ছিলেন বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। দুই জেলে ক্যাটালিনা দ্বীপের কাছে মারলিন মাছ ধরতে গিয়েছিলেন। দুপুরের দিকে নিউপোর্ট বিচে ফেরার সময় তাঁদের নৌকার ক্যাপ্টেন দূরে পানিতে একজন মানুষকে ভাসতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তাঁরা মাছ ধরার সরঞ্জাম গুটিয়ে নৌকা থামান। এরপর নর্টন ও গ্যারেট দুজন মিলে ওই ব্যক্তির দুই হাত ধরে তাঁকে নৌকায় তুলে আনেন। উদ্ধারকারীরা জানান, তখন তিনি প্রচণ্ড আতঙ্কিত ও শারীরিকভাবে দুর্বল ছিলেন। জ্ঞান ফিরে পাওয়ার পর ওই ব্যক্তি নিজেকে রয়্যাল ক্যারিবিয়ানের ‘ওভেশন অব দ্য সিজ’ নামের ১৪ ডেকের একটি প্রমোদতরির পিয়ানোবাদক হিসেবে পরিচয় দেন। তাঁকে উদ্ধারকারী নর্টন জানান, ওই ব্যক্তির মুখে প্রথম যে কথাটি শুনেছিলেন, তা হলো, তিনি ভেবেছিলেন আর বাঁচতে পারবেন না। তবে উদ্ধার হওয়া ব্যক্তির নাম বা পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। রয়্যাল ক্যারিবিয়ানও তাঁর পরিচয় ও কর্মসংস্থানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। উদ্ধারের পর দুই জেলে জরুরি সামুদ্রিক বিপৎসংকেত পাঠান। খবর পেয়ে নিউপোর্ট বিচের লাইফগার্ড দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারে সহায়তা করে। নিউপোর্ট বিচ লাইফগার্ডের ব্যাটালিয়ন প্রধান অ্যাডাম ইয়াসেন্ডার ধারণা, শুক্রবার রাত আড়াইটার দিকে তিনি জাহাজ থেকে পানিতে পড়ে থাকতে পারেন। তাঁকে উদ্ধারের সময় উপকূল থেকে দূরত্ব ছিল প্রায় ১৫ থেকে ২০ মাইল। পরে হাসপাতালে নেওয়া হলে কোস্ট গার্ড জানায়, তাঁর অবস্থা বিবেচনায় বেঁচে যাওয়ার আশা রয়েছে। উদ্ধারকারী নর্টন জানিয়েছেন, ওই সময় সমুদ্রের পানির তাপমাত্রা ছিল প্রায় ৭৬ ডিগ্রি ফারেনহাইট। তাঁর ধারণা, পানির তুলনামূলক উষ্ণ তাপমাত্রা দীর্ঘ সময় বেঁচে থাকার ক্ষেত্রে সহায়ক হয়েছে। অন্য কোনো সময়ে বা পানির তাপমাত্রা কম থাকলে ওই ব্যক্তির বেঁচে থাকা কঠিন হতে পারত বলেও মন্তব্য করেন তিনি। কীভাবে ওই ব্যক্তি প্রমোদতরি থেকে সাগরে পড়ে গেলেন, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন, নাকি অন্য কোনো ঘটনা ঘটেছিল, তা তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ এবং ঘটনার বিস্তারিত জানতে রয়্যাল ক্যারিবিয়ানের সঙ্গে যোগাযোগ করেছে সংবাদমাধ্যমটি। তবে প্রতিবেদন প্রকাশের সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিশাল জয়ের মাত্র দুদিনের মাথায় এল সালভাদরে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কড়া সতর্কবার্তা জারি করে। স্প্যানিশ ভাষায় দেওয়া ওই পোস্টে স্পষ্ট জানানো হয় যে, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন নীতিতে কোনো পরিবর্তন আনবে না এবং অভিবাসন আইন আগের মতোই বলবৎ রয়েছে। তা সত্ত্বেও, নির্বাচনে ডেমোক্র্যাটদের এই ‘ব্লু ওয়েভ’ বা বিপুল বিজয় লাতিন আমেরিকার অনেক অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ঝুঁকিপূর্ণ যাত্রা শুরু করতে নতুন করে উৎসাহিত করেছে। বিশেষ করে চলতি সপ্তাহে হন্ডুরাস এবং এল সালভাদর থেকে রওনা হওয়া অভিবাসীদের একটি ক্যারাভ্যানের (দলবদ্ধ অভিযাত্রী) মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ সহজ হওয়ার আশা স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক অভিবাসীদের অনেকেই জানিয়েছেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের আসন্ন সংখ্যাগরিষ্ঠতার কারণে যুক্তরাষ্ট্রে পৌঁছানো এবার আগের চেয়ে সহজ হবে বলেই তারা বাজি ধরছেন। এল সালভাদর থেকে স্বামী ও দুই সন্তান নিয়ে রওনা হওয়া বিয়াত্রিজ এম নামের এক নারী জানান, গন্তব্যে পৌঁছানোর বুকভরা আশা নিয়েই তারা এই যাত্রা শুরু করেছেন। সান সালভাদরের ওয়েস্টার্ন বাস টার্মিনাল থেকে গুয়াতেমালা-মেক্সিকো সীমান্তের টেকুন উমানের উদ্দেশ্যে রওনা হওয়া অভিবাসীদের এই অস্বাভাবিক ঢল সম্পর্কে বাস কোম্পানির এক কর্মীও বিস্ময় প্রকাশ করেন। সেখানে পৌঁছানোর পর তারা হন্ডুরাস থেকে রওনা হওয়া আরেকটি ক্যারাভ্যানের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন। মূলত ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মেক্সিকো সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার এবং অভিবাসীদের 'অনুপ্রবেশ' ঠেকাতে ব্যাপক বিতাড়ন শুরু করলে ওই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। তবে চলতি সপ্তাহে জড়ো হওয়া অভিবাসীদের অনেকেই আশা করছেন, নির্বাচনের পর মার্কিন অভিবাসন কর্মকর্তাদের কাছ থেকে তারা হয়তো এবার কিছুটা ভালো আচরণ পাবেন। যুক্তরাষ্ট্র থেকে দুবার বিতাড়িত হওয়া সান্তিয়াগো নামের এক হন্ডুরান নাগরিক এই রাজনৈতিক পটপরিবর্তনে নিজেদের অবস্থার উন্নতির আশা করছেন। দীর্ঘ ২৬ বছর যুক্তরাষ্ট্রে থাকার পর গত ১৫ সেপ্টেম্বর বিতাড়িত হওয়া হুয়ান নামের আরেক হন্ডুরান সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে এই ক্যারাভ্যানে যোগ দিয়েছেন এবং পরিবারের কাছে ফেরার জন্য আরও একবার চেষ্টা করতে চান। তবে সবাই যে সমান আশাবাদী, তা নয়। গুয়াতেমালা সীমান্তে থাকা আনিবাল নামের এক অভিবাসীর মতে, ডেমোক্র্যাট বা রিপাবলিকান যে দলই ক্ষমতায় থাকুক না কেন, অবৈধভাবে প্রবেশের পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই কেবল বিতাড়ন। তার ভাষায়, এখন দেখার বিষয় তারা (যুক্তরাষ্ট্র) নাকি আমরা, কে আগে ক্লান্ত হয়। মূলত নিজ দেশের চরম দারিদ্র্য এবং যুক্তরাষ্ট্রে থাকা স্বজনদের কাছ থেকে দূরে থাকার যন্ত্রণাই তাদের এই ঝুঁকিপূর্ণ যাত্রায় বাধ্য করছে। কার্লোস ই নামের এক সালভাদরীয় জানান, টানা চার মাস বেকার থাকার কারণেই তিনি পথে নামতে বাধ্য হয়েছেন। অন্যদিকে দীর্ঘ দুই বছর পর পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার আশায় বাসে উঠেছেন হোসে কিউ। মরিসিও এস নামের এক তরুণ কৃষকের মতে, দেশে কাজ থাকলেও তা জীবনধারণের জন্য মোটেও পর্যাপ্ত নয়। যুক্তরাষ্ট্রে বর্তমান পরিস্থিতি সহজ না হলেও ভাগ্য পরিবর্তন এবং পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় তারা এই কঠিন ও অনিশ্চিত যাত্রায় পা বাড়াচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে বাড়ির সংস্কার ও নির্মাণকাজের নামে ঠিকাদারের প্রতারণার শিকার হওয়া বাড়ির মালিকদের জন্য প্রথমবারের মতো ক্ষতিপূরণ দিয়েছে অঙ্গরাজ্য সরকার। নতুন ‘হোমওনার রিকভারি ফান্ড’ থেকে পাঁচজন আবেদনকারীকে মোট ১ লাখ ১৫ হাজার ডলারের বেশি ফেরত দেওয়া হয়েছে। ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এলঅ্যান্ডআই) ৫ নভেম্বর এ তথ্য জানায়। কর্মসূচিটির আওতায় যোগ্য প্রত্যেক আবেদনকারী সর্বোচ্চ ২৫ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন। ২০২৩ সালে অঙ্গরাজ্যের আইনসভায় পাস হওয়া আইনের ভিত্তিতে এই তহবিল গঠন করা হয়। চলতি বছরের ১ জুলাই থেকে বাড়ির মালিকদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ঠিকাদার নিবন্ধন আইন লঙ্ঘনের ঘটনায় আদায় করা জরিমানা ও অন্যান্য অর্থ দিয়ে তহবিলটি পরিচালিত হচ্ছে। বাড়ির কাজ শেষ না করা, অর্থ নিয়ে উধাও হওয়া কিংবা নিম্নমানের কাজের কারণে ক্ষতিগ্রস্ত মালিকদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়াই এর উদ্দেশ্য। ক্ষতিপূরণ পাওয়া ব্যক্তিদের একজন টাকোমা শহরের বাসিন্দা ড্যান মরিল। নিজের প্রায় ১০০ বছরের পুরোনো বাড়ির বাইরের দেয়ালে নতুন সাইডিং লাগানোর জন্য তিনি ঠিকাদার খুঁজছিলেন। এ জন্য তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র সংগ্রহ করে প্রায় ৭৫ হাজার ডলারের একটি প্রস্তাব গ্রহণ করেন। ঠিকাদারকে অগ্রিম ৩২ হাজার ডলার দেওয়ার পরও কয়েক মাস কোনো কাজ শুরু হয়নি। পরে জানতে পারেন, নিবন্ধিত ওই ঠিকাদার তাঁর পাশাপাশি আরও কয়েক ডজন বাড়ির মালিকের সঙ্গে প্রতারণা করেছেন। গত আগস্টে তহবিলে আবেদন করার পর মরিল ২৫ হাজার ডলার ফেরত পাওয়ার অনুমোদন পান। একইভাবে স্পোকেনের বাসিন্দা মারিনা ইভানকভ বাড়ির বাইরে সুইমিং পুল ও স্পা নির্মাণের জন্য ঠিকাদারকে প্রায় ৭০ হাজার ডলার অগ্রিম দিয়েছিলেন। কিন্তু অর্থ নেওয়ার পর ঠিকাদার যোগাযোগ বন্ধ করে উধাও হয়ে যান। পরে তিনি সরকারি তহবিলে আবেদন করেন এবং ২৫ হাজার ডলার ক্ষতিপূরণ পাওয়ার অনুমোদন পান। ইভানকভের ভাষ্য, আর্থিক ক্ষতির পর এই অর্থ তাঁর পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি। তবে এই তহবিল থেকে ক্ষতিপূরণ পেতে কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট বাড়ির মালিক হতে হবে এবং সেখানে নিজে বসবাস করতে হবে। যে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ, তাঁকে অবশ্যই অঙ্গরাজ্যের লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বিভাগে নিবন্ধিত হতে হবে। পাশাপাশি ঠিকাদারের বিরুদ্ধে সুপিরিয়র কোর্টে দেওয়ানি মামলা করে চূড়ান্ত রায় পেতে হবে। আদালতের আদেশের ৯০ দিনের মধ্যে ক্ষতিপূরণের আবেদন জমা দিতে হবে। আবেদন অনুমোদিত হলে সর্বোচ্চ ২৫ হাজার ডলার পর্যন্ত অর্থ দেওয়া হবে। তবে আদালতের রায়ে নির্ধারিত ক্ষতিপূরণ ও অন্যান্য যোগ্যতার ভিত্তিতে প্রকৃত অর্থের পরিমাণ নির্ধারিত হবে। বাড়ির মালিককে আদালতের রায়ের অধিকার সংশ্লিষ্ট পরিমাণে অঙ্গরাজ্যের কাছে হস্তান্তর করতে হবে। এরপর সরকার প্রতারণার অভিযোগে দায়ী ঠিকাদারের কাছ থেকে আদালতের নির্ধারিত অর্থ ও সুদ আদায়ের চেষ্টা করবে, যাতে তহবিলের অর্থ আবার পূরণ করা যায়। এলঅ্যান্ডআইয়ের কর্মকর্তারা বাড়ির মালিকদের ঠিকাদার নিয়োগের আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কাজ শেষ হওয়ার আগে পুরো অর্থ পরিশোধ না করা, একাধিক ঠিকাদারের কাছ থেকে দরপত্র নেওয়া এবং নিয়োগের আগে প্রতিষ্ঠানের নিবন্ধন, বন্ড, ইন্স্যুরেন্স ও আগের কাজের রেকর্ড যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ঠিকাদারের বিরুদ্ধে প্রতারণার সন্দেহ হলে অঙ্গরাজ্যের সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানানোর সুযোগও রয়েছে। সূত্র: কেআইআরও ৭ নিউজ
নিউইয়র্কের কুইন্সে বাংলাদেশি মুসলিম কমিউনিটির অন্যতম পরিচিত ধর্মীয় প্রতিষ্ঠান জামাইকা মুসলিম সেন্টারের কার্যক্রম অগ্নিনিরাপত্তা সংক্রান্ত জটিলতায় সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রসারণকাজ চলাকালে প্রয়োজনীয় স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় নগর কর্তৃপক্ষ এই পদক্ষেপ নেয়। এর ফলে ৬ নভেম্বর শুক্রবারের জুমার নামাজে অংশ নিতে পারেননি মসজিদটির নিয়মিত মুসল্লিরা। প্রতিবেদন অনুযায়ী, জামাইকা মুসলিম সেন্টারের চলমান সম্প্রসারণ প্রকল্প পরিদর্শনের পর অগ্নিনিরাপত্তা নিয়ে আপত্তি তোলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভবনের সম্প্রসারণকাজে স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থা না থাকাকে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। পরে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের বিশেষ পরিদর্শন ইউনিটের অগ্নিনিরাপত্তা পরিদর্শক থমাস ফোর্ড জানান, একাধিক অভিযোগ পাওয়ার পর প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, ভবনে স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থা না থাকলে অগ্নিকাণ্ডের ঘটনায় মুসল্লিদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি আরও জানান, স্প্রিংকলার স্থাপনের কাজ শেষ হলে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এরপর ফায়ার বিভাগ পুনরায় পরিদর্শন করবে। প্রয়োজনীয় নিরাপত্তাবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই প্রতিষ্ঠানটি আবার কার্যক্রম পরিচালনার অনুমতি পাবে। জামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার জানিয়েছেন, স্প্রিংকলার স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশা করেছিল, পরবর্তী এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। তবে শুক্রবারের জুমার নামাজের আগেই কার্যক্রম স্থগিতের নির্দেশ আসে। তিনি জানান, ভবনের সম্প্রসারণকাজ দ্রুত এগিয়ে চলছে এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছিল। এ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে না পারায় দুঃখ প্রকাশ করে দেলোয়ার জানান, প্রয়োজনীয় কাজ শেষ হলে দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরু করার আশা করছেন তাঁরা। এর মধ্যে নিয়মিত মুসল্লিদের কাছাকাছি অন্যান্য মসজিদে নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে। জামাইকা মুসলিম সেন্টারের সম্প্রসারণ প্রকল্পের উদ্দেশ্য হলো নামাজ ও ধর্মীয় শিক্ষার জন্য আরও জায়গা তৈরি করা। পরিকল্পনার মধ্যে রয়েছে হিফজ বিভাগ দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় স্থানান্তর, প্রায় ১৮০ জন মুসল্লির জন্য অতিরিক্ত নামাজের জায়গা তৈরি, পুরোনো ও নতুন ভবনের মধ্যে সংযোগ উন্নত করা এবং একটি লিফট স্থাপন। এ প্রকল্পের অর্থায়নে গত ২৪ অক্টোবর একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রায় ১০ লাখ ডলারের অনুদান ও অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউইয়র্কের বাংলাদেশি মুসলিম কমিউনিটির কাছে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় চালুর বিষয়টি এখন প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন ও কর্তৃপক্ষের পরবর্তী পরিদর্শনের ওপর নির্ভর করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার অভাবনীয় এক প্রস্তাব পেয়েছেন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা ইউএফসি (UFC)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডানা হোয়াইট। এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। শনিবার লন্ডনে একটি বক্সিং ইভেন্ট শেষে ডানা হোয়াইট সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি হাসতে হাসতে জানান, তার হাতে এমনিতেই অনেক কাজ রয়েছে, তবে সোমবারের ওই বৈঠকের পর এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলা যাবে। এদিকে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে হোয়াইটকে এই দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন, কট্টর বামপন্থীদের মোকাবিলা করতে তাদের এমন কাউকেই প্রয়োজন। এমনকি তিনি হোয়াইটকে সাহায্য করার জন্য ইসলাম মাখাচেভ, খবিব নুরমাগোমেদভ এবং জাস্টিন গেথজির মতো জনপ্রিয় সাবেক ও বর্তমান ইউএফসি যোদ্ধাদের সহকারী হিসেবে নিয়োগ দেওয়ারও প্রস্তাব দিয়েছেন। ডানা হোয়াইট নিজেও জল্পনা উসকে দিয়ে হোয়াইট হাউসের ব্রিফিং রুমের পোডিয়ামে দাঁড়ানো একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, "পরবর্তী অধ্যায়ের দিকে।" হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চিউংও এই উদ্যোগকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন। মূলত ট্রাম্প প্রশাসনের জনসংযোগ বিভাগে চলমান অস্থিতিশীলতার মাঝেই এই নতুন প্রস্তাবের খবরটি সামনে এল। গত আগস্টে ক্যারোলিন লেভিট পদত্যাগ করার পর অক্টোবরে কেটি জাকারিয়া মাত্র পাঁচ দিনের জন্য প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন। সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্প তার প্রশাসনে রদবদল আনছেন, যার অংশ হিসেবে স্টেফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে ঘোষণা করা হয়েছে। ট্রাম্প এবং ডানা হোয়াইটের মধ্যকার গভীর বন্ধুত্বের শুরু মূলত ২০০১ সাল থেকে। সেসময় আটলান্টিক সিটিতে ট্রাম্পের ক্যাসিনোতে ইউএফসির একটি ইভেন্ট আয়োজিত হয়েছিল। পরবর্তীতে ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্পের হয়ে জোরালো বক্তব্য দেন হোয়াইট। এমনকি গত জুনে ট্রাম্পের ৮০তম জন্মদিন ও আমেরিকার ২৫০তম বার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউসের সাউথ লনে ইউএফসির একটি বিশেষ ইভেন্টও অনুষ্ঠিত হয়। প্রথাগত রাজনৈতিক মিডিয়ার বাইরে তরুণ ও অনলাইন প্রজন্মের কাছে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়াতে ডানা হোয়াইটের বিশাল ভূমিকা রয়েছে। আগামী বছর ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ট্রাম্পের অভিবাসন নীতিসহ একাধিক বিষয়ে কড়া তদন্তের মুখোমুখি হতে হবে বর্তমান প্রশাসনকে। ধারণা করা হচ্ছে, ডেমোক্র্যাটদের সম্ভাব্য সেই চাপ এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই ডানা হোয়াইটের মতো একজন তুখোড় ও পরিচিত মুখকে হোয়াইট হাউসের সামনের সারিতে আনতে চাইছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে বন্ধুত্ব তৈরি ও ধরে রাখার প্রবণতা কমছে। নতুন এক জরিপে দেখা গেছে, দেশটির অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক গত এক বছরে একজন নতুন বন্ধুও তৈরি করতে পারেননি। গবেষকেরা এই পরিস্থিতিকে ‘ফ্রেন্ডশিপ রিসেশন’ বা বন্ধুত্বের মন্দা হিসেবে বর্ণনা করছেন। সামাজিক যোগাযোগের সুযোগ কমে যাওয়া, ব্যস্ত জীবনযাপন এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের কারণে মানুষের মধ্যে নতুন সম্পর্ক তৈরির প্রবণতা কমছে। প্রতিবেদন অনুযায়ী, বাম্বলের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, গত এক বছরে ৫২ শতাংশ প্রাপ্তবয়স্ক নতুন কোনো বন্ধু তৈরি করতে পারেননি। ইউরোপে পরিচালিত ২০২৫ সালের একই জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ মানুষ নতুন বন্ধু তৈরি করতে চাইলেও তাঁদের ৫২ শতাংশের সেই অভিজ্ঞতা হয়নি। যুক্তরাষ্ট্রে গত তিন দশকে ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সার্ভে সেন্টার অন আমেরিকান লাইফের এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে ১২ শতাংশ প্রাপ্তবয়স্ক জানিয়েছেন, তাঁদের এমন কেউ নেই যাঁর সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা কথা বলতে পারেন। ১৯৯০ সালে এই হার ছিল মাত্র ৩ শতাংশ। অর্থাৎ তিন দশকে এমন মানুষের সংখ্যা চার গুণ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শৈশব বা শিক্ষাজীবনের তুলনায় প্রাপ্তবয়স্ক অবস্থায় বন্ধুত্ব তৈরি করা অনেক বেশি কঠিন। বিশেষ করে করোনাভাইরাস মহামারির পর দূরবর্তী কর্মব্যবস্থা, সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভরতা এবং ব্যস্ত কর্মজীবনের কারণে মানুষের সরাসরি মেলামেশার সুযোগ কমেছে। এই পরিস্থিতিতে একাকিত্ব কাটাতে কেউ কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সাহায্য নিচ্ছেন। বর্তমানে বিভিন্ন এআই অ্যাপ নিজেদের কথোপকথনের সঙ্গী এবং আবেগগত সহায়তাকারী হিসেবে তুলে ধরছে। সব সময় ব্যবহার করা যায় এবং সহজে কথা বলা যায়—এমন সুবিধার কারণে কিছু মানুষের কাছে এআই সঙ্গী হয়ে উঠছে। ম্যানহাটন মেন্টাল হেলথের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ স্টিভেন বুচওয়াল্ড জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় নতুন বন্ধুত্ব তৈরি করা স্বাভাবিকভাবেই কঠিন। নিয়মিত একই মানুষের সঙ্গে দেখা হওয়ার সুযোগ কমে গেলে সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়। একাকিত্ব শুধু মানসিক অস্বস্তির বিষয় নয়, এর শারীরিক স্বাস্থ্যগত প্রভাবও রয়েছে। যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল সামাজিক বিচ্ছিন্নতাকে জনস্বাস্থ্যের সংকট হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, শক্তিশালী সামাজিক সম্পর্ক না থাকলে অকালমৃত্যুর ঝুঁকি ৬০ শতাংশের বেশি বাড়তে পারে। বিশেষজ্ঞ বুচওয়াল্ডের মতে, দীর্ঘস্থায়ী একাকিত্বের কারণে মানসিক চাপ, ঘুমের সমস্যা এবং হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে, একাকিত্বের সময় শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা বাড়ে। এর ফলে ঘুমের ব্যাঘাত, শরীরে প্রদাহ এবং রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া বিভিন্ন গবেষণায় সামাজিক বিচ্ছিন্নতার সঙ্গে বিষণ্নতা, উদ্বেগ, হৃদ্রোগ এবং স্মৃতিভ্রংশের সম্পর্ক পাওয়া গেছে। একটি সমন্বিত গবেষণায় দীর্ঘস্থায়ী একাকিত্বের কারণে মৃত্যুঝুঁকির প্রভাবকে প্রতিদিন ১৫টি সিগারেট ধূমপানের সমতুল্য বলে উল্লেখ করা হয়েছে। একাকিত্বের সমস্যা শুধু সামাজিকভাবে বিচ্ছিন্ন মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যস্ত কর্মজীবন, পারিবারিক দায়িত্ব এবং নিয়মিত কাজের চাপের মধ্যেও অনেক মানুষ নিজেকে একা অনুভব করছেন। এএআরপির গবেষণায় দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের সামাজিক যোগাযোগের পরিধি ছোট হয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, দূরবর্তী কর্মব্যবস্থার কারণে অফিসে সহকর্মীদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা ও পরিচিত হওয়ার সুযোগ কমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মানুষের সঙ্গে যুক্ত থাকলেও তা সব সময় বাস্তব বন্ধুত্বের বিকল্প হয়ে উঠতে পারছে না। স্টিভেন বুচওয়াল্ড বলেন, নতুন সম্পর্ক তৈরি ও ধরে রাখতে যে সময় ও প্রচেষ্টা প্রয়োজন, অনেক মানুষ সেটিকে গুরুত্ব দেন না। করোনাভাইরাস মহামারি এই পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিয়েছে। নিয়মিত অফিসে মধ্যাহ্নভোজ, শখের সংগঠন কিংবা সাপ্তাহিক ব্যায়ামের মতো সামাজিক কার্যক্রম কমে যাওয়ায় মানুষের পরিচিতির পরিধিও সংকুচিত হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়লেও নতুন বন্ধুত্ব তৈরি করা সম্ভব। এর জন্য প্রয়োজন নিয়মিত যোগাযোগ ও সচেতন উদ্যোগ। ব্যায়ামের ক্লাস, শখের সংগঠন, স্বেচ্ছাসেবামূলক কাজ কিংবা বন্ধুত্ব তৈরির অ্যাপের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। বন্ধুত্ব তৈরির ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কাজকেও কার্যকর মাধ্যম হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আশ্রয়কেন্দ্রে খাবার পরিবেশন, এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম কিংবা স্থানীয় অলাভজনক প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে একই ধরনের আগ্রহ ও মূল্যবোধসম্পন্ন মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়। এদিকে বিশেষজ্ঞদের মতে, বন্ধুত্বের ক্ষেত্রে সংখ্যার চেয়ে সম্পর্কের গভীরতা বেশি গুরুত্বপূর্ণ। অনেক পরিচিত মানুষের পরিবর্তে এক বা দুটি ঘনিষ্ঠ সম্পর্কও মানসিক চাপ কমাতে এবং জীবনযাত্রার সন্তুষ্টি বাড়াতে পারে। জার্নাল অব হ্যাপিনেস স্টাডিজে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যারা অল্প কয়েকটি ঘনিষ্ঠ সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন, তাঁদের জীবন নিয়ে সন্তুষ্টি বেশি এবং মানসিক চাপ তুলনামূলক কম ছিল। এ কারণে মনোবিদেরা নতুন অনেক বন্ধুর পেছনে ছোটার পরিবর্তে আগে থেকে থাকা একটি বা দুটি সম্পর্ক আরও দৃঢ় করার পরামর্শ দিচ্ছেন। নিয়মিত ফোন করা, একসঙ্গে কফি পান করার পরিকল্পনা কিংবা পুরোনো বন্ধুর খোঁজ নেওয়ার মতো ছোট উদ্যোগও সম্পর্ক ধরে রাখতে সাহায্য করতে পারে। বন্ধুত্বের এই সংকটের মধ্যে ‘স্লো ফ্রেন্ডশিপ’ বা ধীরগতির বন্ধুত্ব ধারণাটিও জনপ্রিয় হচ্ছে। এর মূল ভাবনা হলো, অল্প সময়ে অনেক মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পরিবর্তে একই কয়েকজনের সঙ্গে নিয়মিত সময় কাটিয়ে গভীর সম্পর্ক তৈরি করা। প্রতিবেদনে এক নারীর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যিনি ভ্রমণের সময় একা খাবার খেতে গিয়ে নতুন বন্ধুত্বের সমস্যা নিয়ে কথা বলেছিলেন। দেশে ফিরে তিনি একটি বই পড়ার ক্লাবে যোগ দেন। প্রথম বৈঠকে অস্বস্তি বোধ করলেও নিয়মিত অংশ নিতে থাকেন। পরে সেই দলের নারীরাই তাঁর ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত দেখা করা, একই ধরনের আগ্রহের মানুষের সঙ্গে সময় কাটানো এবং ছোট ছোট যোগাযোগ বজায় রাখাই প্রাপ্তবয়স্ক জীবনে বন্ধুত্ব গড়ে তোলার গুরুত্বপূর্ণ উপায়। সূত্র: বেকা ব্লন্ডের প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য এক নতুন ও শক্তিশালী আইনি চ্যালেঞ্জ তৈরি হতে যাচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে টেক্সাস, জর্জিয়া, ওহাইও, আইওয়া এবং কানসাসের মতো পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যে অ্যাটর্নি জেনারেল পদে জয়লাভ করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা। এই বিজয় কেবল ডেমোক্র্যাটদের রাজনৈতিক অবস্থানকেই মজবুত করেনি, বরং রক্ষণশীল হিসেবে পরিচিত এই রাজ্যগুলোতে ফেডারেল সরকারের ভবিষ্যৎ সিদ্ধান্ত, বিশেষ করে অভিবাসন নীতি ও আইসিই (ICE)-এর বিতর্কিত কার্যক্রম বাস্তবায়নে এক বড় ধরনের বাধার প্রাচীর দাঁড় করিয়েছে। রাজ্য পর্যায়ে আইনি ক্ষমতার সর্বোচ্চ পদে ডেমোক্র্যাটদের এই উপস্থিতির কারণে আগামীতে হোয়াইট হাউসকে প্রতিটি পদক্ষেপে তীব্র বিরোধিতার সম্মুখীন হতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নবনির্বাচিত এই ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ রাজ্যে ইতিহাস গড়েছেন। টেক্সাসে রিপাবলিকান মেইস মিডলটনকে পরাজিত করে ১৯৯০-এর দশকের পর এই পদে প্রথম ডেমোক্র্যাট হিসেবে নির্বাচিত হয়েছেন স্টেট সিনেটর নাথান জনসন। তিনি ভোক্তা অধিকার, দুর্নীতি প্রতিরোধ ও নাগরিক অধিকার সুরক্ষাকে প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছেন। অন্যদিকে, জর্জিয়ার ইতিহাসে প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন সাবেক ফেডারেল প্রসিকিউটর ও স্টেট প্রতিনিধি তানিয়া মিলার। রিপাবলিকান ব্রায়ান স্ট্রিকল্যান্ডকে হারিয়ে নির্বাচিত হওয়া এই নেত্রী অপরাধ দমন, মানবপাচার প্রতিরোধ ও ভোক্তা সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। ওহাইওতে রিপাবলিকান কিথ ফেবারকে পরাজিত করেছেন চার দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন আইনজীবী জন কুলেউইচ। মার্কিন সুপ্রিম কোর্টেও মামলা পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা সরকারি অর্থের অপব্যবহার, প্রতারণা ও মূল্য নির্ধারণে কারসাজি মোকাবিলায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আইওয়াতে বর্তমান রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল ব্রেনা বার্ডকে হটিয়ে জয়ী হয়েছেন শ্রম ও কর্মসংস্থানবিষয়ক আইনজীবী ও সাবেক স্টেট প্রতিনিধি নেট উইলেমস। তিনি শ্রমিকদের বকেয়া মজুরি আদায় এবং পরিবেশদূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া কানসাসে রিপাবলিকান ক্রিস কোবাখের বিরুদ্ধে নির্বাচনে এগিয়ে থেকে বিজয় ঘোষণা করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা ও প্রসিকিউটর ক্রিস মান। যদিও ৬ নভেম্বর পর্যন্ত ভোটের চূড়ান্ত ফল নিরীক্ষার প্রক্রিয়ায় রয়েছে, তবে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, ভোক্তা প্রতারণা প্রতিরোধ ও শিশু-কিশোরদের সুরক্ষাকে নিজের কাজের মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর এই পাঁচ অ্যাটর্নি জেনারেল ট্রাম্প প্রশাসনের গণ-বিতাড়নসহ যেকোনো কড়া সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি আইনি বিরোধে জড়াবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে এই রাজ্যগুলোতে রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলরা ফেডারেল সরকারের কঠোর নীতিগুলোকে সমর্থন জুগিয়ে আসলেও এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে। অভিবাসন ইস্যুর বাইরেও পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্যসেবা, প্রজনন অধিকার এবং নাগরিক অধিকারের মতো বিষয়গুলোতে ট্রাম্প প্রশাসনের ফেডারেল নীতিগুলোর বিরুদ্ধে তারা একজোট হয়ে মামলা করতে পারেন। এর ফলে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ও ফেডারেল আদালতগুলোতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে একাধিক হাই-প্রোফাইল আইনি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশ।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত এক শিক্ষকের ইংরেজি বানান ভুল ধরিয়ে দেওয়ার পর মজার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘সেভেনটিন’ শব্দে কয়টি ‘ই’ (E) আছে, এমন প্রশ্নের উত্তরে বারবার ভুল বানান লিখে সেটিকেই সঠিক বলে দাবি করে এআই শিক্ষক। শিক্ষার্থী সঠিক বানান দেখিয়ে দেওয়ার পরও তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে বিরক্ত হয়ে রেগে যাওয়ার মতো আচরণ করে এআই শিক্ষকটি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য কুল ডাউনের এক প্রতিবেদনে এ ঘটনা তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুস্ক নামের এক ব্যবহারকারী ভিডিওটি প্রকাশ করেন। এআইয়ের ভুল ধরিয়ে দেওয়ার অভিজ্ঞতা নিয়ে কাজ করা এই কনটেন্ট নির্মাতা শুরুতে শিক্ষককে একটি সাধারণ বানানসংক্রান্ত প্রশ্ন করেন। তিনি জানতে চান, ইংরেজি ‘সেভেনটিন’ শব্দে কয়টি ‘ই’ রয়েছে। উত্তরে এআই শিক্ষক বারবার ‘এস-ই-ভি-ই-ই-এন’ বানানটি লিখে তিনটি ‘ই’ থাকার দাবি করে। কিন্তু প্রকৃত বানান ‘এস-ই-ভি-ই-এন-টি-ই-ই-এন’, যেখানে মোট চারটি ‘ই’ রয়েছে। হুস্ক সঠিক বানানটি লিখে দেখানোর পরও এআই শিক্ষক সেটি প্রত্যাখ্যান করে। বরং বানানে ‘টি’ যুক্ত করার কারণে সেটি দুটি শব্দ হয়ে গেছে বলে দাবি করে। এরপরও ভুল বানান লিখে শিক্ষার্থীকে উৎসাহ দেওয়ার চেষ্টা করে এআই শিক্ষক। সে বলে, ‘টি’ বাদ দিতে হবে, তুমি প্রায় সঠিকের কাছাকাছি পৌঁছে গেছ। কনটেন্ট নির্মাতা আবারও সঠিক বানানটি দেখালে এআই শিক্ষক বারবার ‘না’ বলতে থাকে। তার কথাবার্তায় বিরক্তি ও রাগের প্রকাশ দেখা যায়। পরে হুস্ক ক্ষমা চাইলে এআই শিক্ষক আবার শান্ত হয়ে বলে, ‘ক্ষমা চেয়ো না। এভাবেই আমরা শিখি।’ ঘটনা এখানেই শেষ হয়নি। এআই শিক্ষককে ‘ফোরটিন’ শব্দটির বানান জিজ্ঞাসা করলে সে সঠিক উত্তর দেয়। তখন হুস্ক প্রশ্ন তোলেন, ‘ফোরটিন’ যদি একটি শব্দ হয়, তাহলে ‘সেভেনটিন’ কেন দুটি শব্দ হবে? এই প্রশ্নের পর এআই শিক্ষক আরও উত্তেজিত আচরণ করে এবং একপর্যায়ে ফোনকল বিচ্ছিন্ন করে দেয়। পরে হুস্ক আবার যোগাযোগ করলে এআই শিক্ষক ‘সেভেনটিন’-এর সঠিক বানান বলতে সক্ষম হয়। কিন্তু আগের উত্তরে চারটি ‘ই’ থাকার বিষয়টি স্বীকার না করে নিজের অবস্থান ধরে রাখে। একপর্যায়ে সে বলে, ‘আমি তিনটি বলতাম, কিন্তু তুমি আমাকে মাঝপথে থামিয়ে দিয়েছ।’ জবাবে হুস্ক জানান, তিনি শুধু মাথা নেড়েছিলেন, মাঝখানে কোনো বাধা দেননি। ভিডিওর শেষ দিকে এআই শিক্ষককে আরও কিছু প্রশ্ন করেন হুস্ক। তিনি জানতে চান, অসম্মানজনক আচরণ করলেও এআই শিক্ষক রেগে যাবে কি না। এআই প্রথমে জানায়, সে রাগ করবে না। কিন্তু হুস্ক তাকে চুপ করতে বললে তার কথায় বিরক্তির প্রকাশ দেখা যায়। পরে নিজেকে এআই শিক্ষকের চেয়ে ভালো কি না, এমন প্রশ্ন করেন হুস্ক। উত্তরে এআই শিক্ষক জানায়, সে কেবল অনুশীলনে সহায়তা করতে এসেছে এবং শেখার মূল ব্যক্তি শিক্ষার্থীই। তাই শিক্ষার্থীই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে বলা হয়েছে, ভুল উত্তর দেওয়ার পাশাপাশি নিজেদের ভুল সম্পর্কে নিশ্চিত ভঙ্গিতে কথা বলার প্রবণতা এআই প্রযুক্তির অন্যতম সীমাবদ্ধতা। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এআই শিক্ষক ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের ভুলের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সূত্র: দ্য কুল ডাউন
যুক্তরাষ্ট্রে শিশু-কিশোরদের মধ্যে মানসিক চাপ, একাকিত্ব ও মন খারাপের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সাহায্য নেওয়ার প্রবণতা বাড়ছে। নতুন এক জরিপে দেখা গেছে, ৯ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ৫৭ শতাংশ দুঃখ, মানসিক চাপ, একাকিত্ব কিংবা অতিরিক্ত উদ্বেগের সময় এআইয়ের সঙ্গে কথা বলে। পড়াশোনার পাশাপাশি ব্যক্তিগত ও আবেগসংক্রান্ত বিষয়েও প্রযুক্তিটির ওপর নির্ভরতা বাড়ছে। রোববার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য কুল ডাউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জেইডি ফাউন্ডেশনের পরিচালিত জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী শিশু-কিশোরদের ৯০ শতাংশ অন্তত একবার এআই চ্যাটবট ব্যবহার করেছে। অন্যদিকে ৫৮ শতাংশ পড়াশোনা ও বাড়ির কাজের জন্য এআইয়ের সাহায্য নিয়েছে। জরিপে আরও দেখা গেছে, ১২ শতাংশ শিশু-কিশোর সঙ্গ কিংবা বন্ধুত্বের জন্য এআইয়ের সঙ্গে কথা বলে। এ ছাড়া ফিউচারিজমের বরাতে প্রতিবেদনে পৃথক একটি জরিপের তথ্য উল্লেখ করা হয়েছে। সেখানে প্রায় ২০ শতাংশ উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী জানিয়েছে, তারা নিজেরা অথবা তাদের কোনো বন্ধু এআইয়ের সঙ্গে রোমান্টিক সম্পর্কের মতো যোগাযোগে জড়িয়েছে। গবেষণায় শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের সঙ্গে এআই ব্যবহারের সম্পর্কও উঠে এসেছে। যারা মন খারাপ, একাকিত্ব বা মানসিক চাপের সময় চ্যাটবটের সাহায্য নেয়, তাদের মধ্যে অতীতে আত্মহত্যার চিন্তা ও আত্মহত্যার চেষ্টা করার অভিজ্ঞতার হার তুলনামূলক বেশি পাওয়া গেছে। তাদের নিজেদের দেওয়া মানসিক স্বাস্থ্য ও সুস্থতার মূল্যায়নও তুলনামূলকভাবে খারাপ ছিল। তবে গবেষকেরা এআই ব্যবহারকে সরাসরি এসব সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করেননি। বরং মানসিকভাবে বেশি সমস্যায় থাকা শিশুরা এআইয়ের দিকে বেশি ঝুঁকছে কি না এবং এই ব্যবহার তাদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। টেক্সাসের ১৫ বছর বয়সী কিশোর অর্জুন শারদার অভিজ্ঞতাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। রসায়ন পরীক্ষায় খারাপ করার ভয় থেকে তিনি চ্যাটজিপিটির কাছে বারবার জানতে চাইতেন, পরীক্ষায় ব্যর্থ হলে তাঁর ফলাফল বা সামগ্রিক গ্রেড পয়েন্ট গড় ঠিক থাকবে কি না। অর্জুন ওরেগন পাবলিক ব্রডকাস্টিংকে জানান, রসায়নের প্রথম দিকের পরীক্ষায় রূপান্তর ও মোলের হিসাব নিয়ে তিনি খুব উদ্বিগ্ন ছিলেন। তাই বারবার চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতেন, তিনি ঠিক থাকবেন কি না এবং তাঁর ফলাফল ক্ষতিগ্রস্ত হবে কি না। জেইডি ফাউন্ডেশনের গবেষণা ও মূল্যায়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং মনোবিজ্ঞানী কায়লা অ্যান্ডারসন জানিয়েছেন, গবেষণায় তরুণদের এআই ব্যবহারের ধরন এবং তাদের মানসিক সুস্থতা, আত্মহত্যার চিন্তা ও অতীতের প্রচেষ্টার সঙ্গে এর সম্পর্ক আলাদাভাবে বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় যুক্ত ছিলেন না এমন উন্নয়নমূলক মনোবিজ্ঞানী অ্যান মাহিউক্স মনে করেন, যেসব শিশুর মানসিক স্বাস্থ্য আগে থেকেই দুর্বল, তারা সহায়তার আশায় এআইয়ের দিকে বেশি ঝুঁকতে পারে। কিন্তু এই ব্যবহার তাদের মানসিক সমস্যাকে কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে দিতে পারে বলেও তিনি সতর্ক করেছেন। প্রতিবেদনে শিশুদের এআই ব্যবহারের পরিবেশগত প্রভাবের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। চ্যাটবট পরিচালনায় বড় ধরনের কম্পিউটিং অবকাঠামো প্রয়োজন হয়, যা বিদ্যুৎ ব্যবহার করে এবং শীতল রাখার জন্য উল্লেখযোগ্য পরিমাণ পানির প্রয়োজন হতে পারে। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং পড়াশোনায় এআইয়ের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। গবেষকদের আলোচনায় উঠে এসেছে, মানসিক সমস্যার সময় শিশুরা যেন যথাযথ দিকনির্দেশনা এবং পরিবারের সদস্য বা বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পায়, সেটি গুরুত্বপূর্ণ। সূত্র: দ্য কুল ডাউন
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রগতিশীল ডেমোক্র্যাটদের এক সম্মেলনে আয়োজিত 'স্ট্র-পোল'-এ (Straw poll) বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন জর্জিয়ার সিনেটর জন ওসফ। অন্যদিকে, এই অনানুষ্ঠানিক ভোটাভুটিতে চরম ভরাডুবি হয়েছে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তাদের প্রতিষ্ঠিত গ্রুপ 'ক্রুকড মিডিয়া' আয়োজিত 'ক্রুকড কন' (Crooked Con) নামক এই প্রগতিশীল সম্মেলনে ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সেখানে প্রায় এক হাজার সক্রিয় ভোটারের এই জরিপে ওসফ ৩৮ শতাংশ সমর্থন পেয়ে শীর্ষস্থান দখল করেছেন। জরিপে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে 'স্কোয়াড' খ্যাত কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ (১৭ শতাংশ) এবং সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিগিগ (১৪ শতাংশ)। ইলিনয়ের গভর্নর জে.বি. প্রিটজকার, পেনসিলভানিয়ার জশ শাপিরো, কেন্টাকির অ্যান্ডি বেশিয়ার এবং ক্যালিফোর্নিয়ার গ্যাভিন নিউসমের মতো পরিচিত নেতারা এক অঙ্কের ঘরেই আটকে গেছেন। তবে এই জরিপে সবচেয়ে বড় চমক ছিল কমলা হ্যারিসের অবস্থান। ২০২৪ সালের ডেমোক্র্যাট দলীয় এই প্রার্থী মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ (০.৬%) সমর্থন পেয়ে মিশিগানের সিনেটর এলিসা স্লটকিনের সঙ্গে যৌথভাবে ১৬তম স্থানে রয়েছেন। অথচ প্রেসিডেন্ট নির্বাচনের আগের প্রায় প্রতিটি প্রাথমিক জরিপেই তিনি দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে ছিলেন। যদিও জর্জিয়ার সিনেটর জন ওসফ গত মাসে তার সিনেট নির্বাচনের বিতর্কে সুস্পষ্টভাবে জানিয়েছিলেন যে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার কোনো ইচ্ছাই তার নেই; তিনি কেবল সিনেটর হিসেবেই তার পুরো মেয়াদ শেষ করতে চান। সম্প্রতি জর্জিয়ার মতো কঠিন অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে বড় ব্যবধানে হারিয়ে তিনি নতুন করে পাদপ্রদীপের আলোয় আসেন। তার এই আকর্ষণীয় রাজনৈতিক সাফল্য এবং চমৎকার বাগ্মিতার কারণেই অনেকেই তাকে ভবিষ্যতের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করছেন। মজার বিষয় হলো, এই প্রগতিশীল সম্মেলনে জয়ী হলেও ওসফ 'মেডিকেয়ার ফর অল', 'গ্রিন নিউ ডিল', ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) বিলুপ্ত করা এবং সুপ্রিম কোর্টের সম্প্রসারণের মতো বামপন্থী নীতিগুলোর প্রকাশ্য বিরোধিতা করে নিজেকে মধ্যপন্থীদের কাছাকাছি রেখেছেন। যদিও এই স্ট্র-পোলটি কোনো বিজ্ঞানসম্মত জরিপ নয়, তবে এটি ডেমোক্র্যাটিক পার্টির কট্টর ও সক্রিয় ভোটারদের বর্তমান রাজনৈতিক চিন্তাধারার একটি বড় প্রতিফলন। তা সত্ত্বেও সাধারণ ভোটারদের মধ্যে করা রিয়েলক্লিয়ারপলিটিক্স-এর (RealClearPolitics) সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের সর্বশেষ সমন্বিত জরিপে এখনও ২১.৮ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন কমলা হ্যারিস। এরপরেই ১৩.৫ শতাংশ সমর্থন নিয়ে গ্যাভিন নিউসম দ্বিতীয় এবং ১০.৮ শতাংশ সমর্থন নিয়ে জন ওসফ পঞ্চম স্থানে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রে বিনা মূল্যে হাঁটুর ব্রেস বা চিকিৎসা সরঞ্জাম দেওয়ার প্রলোভন দেখিয়ে বয়স্ক নাগরিকদের মেডিকেয়ার নম্বর হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। পরে চুরি করা নম্বর ব্যবহার করে এমন চিকিৎসা সরঞ্জামের বিল জমা দেওয়া হচ্ছে, যা সংশ্লিষ্ট ব্যক্তি কখনো অর্ডার করেননি। এতে মেডিকেয়ারের সুবিধা ব্যবহারের সীমা শেষ হয়ে যাওয়ার পাশাপাশি চিকিৎসার নথিতেও ভুয়া তথ্য যুক্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। রোববার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ২৪/৭ ওয়াল স্ট্রিটের এক প্রতিবেদনে এ ধরনের প্রতারণার বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ৭২ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত নারীর উদাহরণ দেওয়া হয়েছে। ফোনে এক নারী তাঁকে জানান, মেডিকেয়ারের আওতায় বিনা মূল্যে হাঁটুর ব্রেস পাওয়া যাবে। শুধু পরিচয় যাচাইয়ের জন্য মেডিকেয়ার নম্বর প্রয়োজন বলে জানানো হয়। ওই নারী বিশ্বাস করে নিজের কার্ডের ১১ অক্ষরের নম্বর জানিয়ে দেন। কয়েক সপ্তাহ পর তাঁর বাড়ির সামনে এমন একটি হাঁটুর ব্রেস পৌঁছে যায়, যা তিনি কখনো অর্ডার করেননি। পরে মেডিকেয়ারের বিবরণীতে এমন একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম দেখা যায়, যেটির সঙ্গে তাঁর কোনো পরিচয় নেই। তাঁর নামে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বিলও জমা দেওয়া হয়েছে। এভাবেই ব্যক্তিগত মেডিকেয়ার নম্বর ব্যবহার করে ভুয়া বিল তৈরির ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ধরনের প্রতারণার বড় উদাহরণ হিসেবে ২০১৯ সালের একটি মামলার কথা উল্লেখ করা হয়েছে। সে বছরের এপ্রিলে ফেডারেল প্রসিকিউটররা প্রায় ১২০ কোটি ডলারের একটি কথিত প্রতারণা পরিকল্পনার অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন। তদন্তে বলা হয়, ফিলিপাইন ও লাতিন আমেরিকার বিভিন্ন কল সেন্টার থেকে মেডিকেয়ার সুবিধাভোগীদের ফোন করে চিকিৎসা সরঞ্জাম বিক্রির প্রস্তাব দেওয়া হতো। এরপর টেলিমেডিসিন প্রতিষ্ঠানগুলো চিকিৎসকদের অর্থ দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করাত এবং সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো মেডিকেয়ারের কাছে প্রতিটি ব্রেসের জন্য প্রায় ৫০০ থেকে ৯০০ ডলার পর্যন্ত বিল জমা দিত। এই পুরো প্রক্রিয়ায় সুবিধাভোগীদের চুরি করা মেডিকেয়ার নম্বর ব্যবহার করা হতো। মেডিকেয়ারের পার্ট বি কর্মসূচিতে হাঁটুর ব্রেস, ওয়াকার ও হুইলচেয়ারের মতো দীর্ঘমেয়াদি চিকিৎসা সরঞ্জামের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতারণার আরেকটি বড় ঝুঁকি হলো চিকিৎসাসংক্রান্ত নথিতে ভুল তথ্য যুক্ত হওয়া। কোনো ব্যক্তির নামে আগে থেকেই একটি ব্রেস সরবরাহের দাবি জমা থাকলে ভবিষ্যতে সত্যিকারের চিকিৎসার প্রয়োজনে একই ধরনের সরঞ্জাম পেতে সমস্যা হতে পারে। কারণ মেডিকেয়ারের নির্দিষ্ট কিছু চিকিৎসাসেবায় ব্যবহারের সীমা রয়েছে। আগে থেকেই সুবিধা নেওয়া হয়েছে বলে দেখানো হলে নতুন চিকিৎসার বিল প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া কখনো চিকিৎসা না নিয়েও রোগীর নথিতে ভুয়া রোগনির্ণয় যুক্ত হতে পারে। একই সঙ্গে সরবরাহ না করা চিকিৎসাসেবার জন্য রোগীর নামে অতিরিক্ত অর্থ বা কো-পেমেন্টের দাবি আসতে পারে। নির্দিষ্ট আয়ের ওপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য এসব আর্থিক চাপ আরও সমস্যার কারণ হতে পারে। প্রতিবেদনে ২০২৬ সালের মেডিকেয়ার পার্ট বি-এর মাসিক প্রিমিয়াম ২০২ দশমিক ৯০ ডলার এবং বার্ষিক ডিডাক্টিবল ২৮৩ ডলার উল্লেখ করা হয়েছে। একই সময়ে একজন অবসরপ্রাপ্ত কর্মীর গড় মাসিক সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২ দশমিক ৮ শতাংশ জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের পর ২ হাজার ৭১ ডলার। এমন পরিস্থিতিতে ৫০০ থেকে ৯০০ ডলারের ভুয়া চিকিৎসা বিলও একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির জন্য বড় আর্থিক বোঝা হয়ে উঠতে পারে। প্রতারণা শনাক্ত করার জন্য মেডিকেয়ার সামারি নোটিশ নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে ব্যক্তির মেডিকেয়ার নম্বর ব্যবহার করে জমা দেওয়া সব চিকিৎসা ও সরঞ্জামের বিলের বিবরণ থাকে। নিজের চিকিৎসার তারিখ ও সেবার সঙ্গে বিবরণী মিলিয়ে দেখলে অপরিচিত কোনো দাবি সহজেই শনাক্ত করা সম্ভব। মেডিকেয়ার ডট গভ ওয়েবসাইটে বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলেও মূল মেডিকেয়ারের বিলের তথ্য দেখা যায়। কোনো অপরিচিত সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম, না পাওয়া চিকিৎসা সরঞ্জামের বিল কিংবা নিজের অর্ডার না করা কোনো প্যাকেট বাড়িতে এলে সেটিকে সতর্কসংকেত হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। মেডিকেয়ার সাধারণত হঠাৎ ফোন করে ব্যক্তিগত নম্বর জানতে চায় না। তাই কেউ মেডিকেয়ারের কর্মকর্তা পরিচয় দিয়ে নম্বর চাইলে ফোনে তা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতারণার শিকার হলে প্রথমেই ১-৮০০-মেডিকেয়ার নম্বরে যোগাযোগ করে অপরিচিত বিলের বিষয়ে জানাতে হবে। প্রয়োজনে নতুন মেডিকেয়ার কার্ড ও নম্বর চাওয়ার বিষয়েও আলোচনা করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কার্যালয়ে ১-৮০০-৪৪৭-৮৪৭৭ নম্বরে অভিযোগ জানানো যাবে। এ ছাড়া প্রতিটি অঙ্গরাজ্যে থাকা সিনিয়র মেডিকেয়ার প্যাট্রোলের সহায়তা নেওয়া যায়। তাদের জাতীয় যোগাযোগ নম্বর ১-৮৭৭-৮০৮-২৪৬৮। সংস্থাটি অভিযোগ গ্রহণ করে প্রতারণা নাকি বিলিংয়ের ভুল, তা যাচাইয়ে সহায়তা করে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষের কাছে বিষয়টি পাঠায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফোনে কেউ মেডিকেয়ারের নম্বর চাইলে তা দেওয়া উচিত নয়। চিকিৎসক ও ফার্মেসির প্রয়োজন হলে নম্বর ব্যবহার করা যেতে পারে, কিন্তু বিনা মূল্যে ব্রেস দেওয়ার প্রস্তাব দেওয়া অপরিচিত ব্যক্তিকে নয়। কেউ মেডিকেয়ারের প্রতিনিধি পরিচয় দিলে ফোন কেটে নিজে ১-৮০০-৬৩৩-৪২২৭ নম্বরে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: ২৪/৭ ওয়াল স্ট্রিট
চাঁদে মানুষের প্রত্যাবর্তন এবং ভবিষ্যতে মঙ্গলগ্রহে নভোচারী পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে নতুন নভোচারী নিয়োগের আবেদন গ্রহণ শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শনিবার (৭ নভেম্বর) নতুন নভোচারী দলের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। আগ্রহী ও যোগ্য মার্কিন নাগরিকেরা আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা চাঁদের পৃষ্ঠে কাজ করা, ভবিষ্যৎ চন্দ্রঘাঁটিতে বসবাস এবং মঙ্গল অভিযানের প্রযুক্তিগত প্রস্তুতিতে ভূমিকা রাখার প্রশিক্ষণ পাবেন। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, নির্বাচিত নভোচারীদের কেউ কেউ চাঁদে হাঁটার সুযোগ পেতে পারেন। তাঁরা চন্দ্রপৃষ্ঠে দীর্ঘমেয়াদি বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি এবং ভবিষ্যতের মানববাহী মঙ্গল অভিযানের প্রস্তুতিতেও কাজ করবেন। তাঁর মতে, নতুন নভোচারীদের প্রযুক্তিগত দক্ষতা, বিচক্ষণতা, দলগত কাজের সক্ষমতা ও সাহসিকতা থাকতে হবে। নাসার এই নিয়োগ মূলত আর্টেমিস কর্মসূচির সম্প্রসারণ এবং চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। আবেদনের যোগ্যতা কী? নাসার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। পাশাপাশি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান বা গণিতের মতো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে কিছু বিকল্প যোগ্যতাও গ্রহণযোগ্য। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি প্রোগ্রামে অন্তত দুই বছরের পড়াশোনা, নির্দিষ্ট চিকিৎসাবিষয়ক ডিগ্রি অথবা স্বীকৃত টেস্ট পাইলট স্কুলের প্রশিক্ষণ স্নাতকোত্তর ডিগ্রির বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ডিগ্রি অর্জনের পর সংশ্লিষ্ট পেশায় অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাইলটদের ক্ষেত্রে নির্দিষ্ট উড়োজাহাজ পরিচালনার অভিজ্ঞতা দিয়ে এই শর্ত পূরণ করা যাবে। উচ্চক্ষমতাসম্পন্ন জেট উড়োজাহাজের পাইলটদের কমান্ডার হিসেবে অন্তত ৭৫০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা প্রয়োজন। অন্যান্য ফিক্সড-উইং উড়োজাহাজের ক্ষেত্রে মোট ১ হাজার ৫০০ ঘণ্টা, যার মধ্যে ৭৫০ ঘণ্টা পাইলট-ইন-কমান্ড হিসেবে থাকতে হবে। হেলিকপ্টার পাইলটদের জন্য প্রয়োজন মোট ১ হাজার ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা, যার মধ্যে ৩০০ ঘণ্টা কমান্ডার হিসেবে থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীদের নাসার দীর্ঘমেয়াদি মহাকাশযাত্রার জন্য নির্ধারিত শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নেতৃত্ব, দলগত কাজ ও যোগাযোগের দক্ষতাও যাচাই করা হবে। চিকিৎসকদের ক্ষেত্রে নির্দিষ্ট রেসিডেন্সি প্রশিক্ষণ পেশাগত অভিজ্ঞতা হিসেবে গণ্য হতে পারে, তবে তা ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। একই সময়সীমার মধ্যে স্বীকৃত টেস্ট পাইলট স্কুলের প্রশিক্ষণ সম্পন্ন করার শর্তও রয়েছে। নিয়োগের পর কী হবে? নাসা জানিয়েছে, আবেদনকারীদের মধ্য থেকে চূড়ান্ত নভোচারী প্রার্থী নির্বাচন করা হবে ২০২৭ সালের শেষ দিকে। নির্বাচিতদের ২০২৮ সালের শুরুতে হিউস্টনের জনসন স্পেস সেন্টারে প্রশিক্ষণে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় দুই বছরের প্রশিক্ষণে মহাকাশে হাঁটা, মহাকাশযান পরিচালনা, উচ্চগতির জেট উড়োজাহাজ চালানো, রোবোটিক বাহু নিয়ন্ত্রণ এবং চাঁদের ভূতত্ত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে নভোচারী হিসেবে নির্বাচিত হলেই সরাসরি চাঁদে যাওয়ার নিশ্চয়তা নেই। তাঁদের দায়িত্বের বড় অংশ থাকবে মহাকাশ অভিযানের প্রস্তুতি, গবেষণা ও অন্যান্য কার্যক্রমে। নাসার তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২৪ সালে নভোচারী নিয়োগের আবেদন নেওয়া হয়েছিল। তখন ৮ হাজারের বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে ১০ জনকে ২০২৫ সালে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। বর্তমানে নাসার সক্রিয় নভোচারীর সংখ্যা ৩২। নতুন নিয়োগের মাধ্যমে চন্দ্র অভিযান ও ভবিষ্যতের মঙ্গল অভিযানের জন্য এই দল আরও বড় করতে চায় সংস্থাটি। কারা আবেদন করতে পারবেন না? এই নিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাধ্যতামূলক। ফলে শুধু গ্রিন কার্ডধারী, আন্তর্জাতিক শিক্ষার্থী কিংবা অন্য দেশের নাগরিকেরা এই নভোচারী পদে আবেদন করতে পারবেন না। যোগ্যতা পূরণ করলেও মার্কিন নাগরিকত্ব না থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। আগ্রহীরা নাসার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া দেখতে পারবেন। সংবাদসূত্র: নাসা, অ্যাসোসিয়েটেড প্রেস, ফক্স ৩৫ অরল্যান্ডো, হিউস্টন ক্রনিকল ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি থাকায় বাংলাদেশিদের পরিচালিত অন্যতম বড় ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) বন্ধ করে দিয়েছে নগরীর ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই)। মসজিদে চলমান সম্প্রসারণ প্রকল্পে স্বয়ংক্রিয় স্প্রিংকলার বা অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ফায়ার সেফটি বা অগ্নিঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গত ৬ নভেম্বর শুক্রবার ওই মসজিদে জুমার নামাজও স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এফডিএনওয়াই-এর স্পেশাল ইন্সপেকশন ইউনিটের ফায়ার প্রোটেকশন ইন্সপেক্টর টমাস ফোর্ড জানান, বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পর তারা মসজিদটি পরিদর্শনে যান। সেখানে স্প্রিংকলার ব্যবস্থা না থাকায় মুসল্লিদের নিরাপত্তার জন্য তা সম্ভাব্য ঝুঁকি তৈরি করেছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই অগ্নিনির্বাপণ ব্যবস্থা পুরোপুরি স্থাপন না করা পর্যন্ত মসজিদের কার্যক্রম বন্ধ রাখতে হবে। ধর্মীয় এই প্রতিষ্ঠানের প্রতি সম্মান রেখেই তিনি বলেন, জনগণের নিরাপত্তাকেই সবার আগে অগ্রাধিকার দিতে হবে। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি। টমাস ফোর্ড আরও জানান, স্প্রিংকলার স্থাপনের কাজ শেষ হলে তারা পুনরায় পরিদর্শন করবেন এবং সব নিরাপত্তা মানদণ্ড পূরণ হওয়ার বিষয়টি নিশ্চিত হলে তবেই পুনরায় কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হবে। জ্যামাইকা মুসলিম সেন্টারের বোর্ড অব ট্রাস্টি ও কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার জানান, স্প্রিংকলার স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং তারা আশা করেছিলেন আগামী সপ্তাহের মধ্যেই এটি সম্পন্ন হবে। তবে এর আগেই জুমার নামাজের ঠিক আগে কার্যক্রম স্থগিতের এই নির্দেশ আসে। তিনি জানান, নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং মসজিদ কর্তৃপক্ষ শুরু থেকেই সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। জুমার নামাজ আদায় করতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি আশা জানান যে আগামী এক সপ্তাহের মধ্যেই তারা আবারও কার্যক্রম শুরু করতে পারবেন। এই সময়ের মধ্যে নিয়মিত মুসল্লিদের সাময়িকভাবে আশেপাশের অন্যান্য মসজিদে নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন তিনি। জেএমসির চলমান এই সম্প্রসারণ প্রকল্পের অধীনে মসজিদের হিফজ বিভাগটি দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় স্থানান্তর, প্রায় ১৮০ জন মুসল্লির জন্য নামাজের অতিরিক্ত জায়গার ব্যবস্থা করা, ভবনের পুরোনো ও নতুন অংশের সংযোগ উন্নত করা এবং একটি নতুন লিফট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই অবশিষ্ট সম্প্রসারণ কাজের জন্য গত ২৪ অক্টোবর আয়োজিত এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে প্রায় ১ মিলিয়ন (১০ লাখ) ডলারের অনুদান ও প্রতিশ্রুতি পেয়েছিল মসজিদ কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ১০ বছর বয়সী পালিত শিশু মালেশিয়া আলফোর্ডের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পালক মা কারপ্রাইস উইলিয়ামসের বিরুদ্ধে আগেও শিশু নির্যাতনের অভিযোগ উঠেছিল। পাঁচ বছর আগে তাঁর তত্ত্বাবধানে থাকা চার বছর বয়সী আরেক শিশুকে গুরুতর অপুষ্টি ও মস্তিষ্কে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই ঘটনার পর উইলিয়ামসকে ভবিষ্যতে আর পালক অভিভাবক হিসেবে নিয়োগ না দেওয়ার সুপারিশ করা হয়েছিল বলে আদালতে দাখিল করা একটি মামলায় উল্লেখ রয়েছে। নতুন করে এই তথ্য সামনে আসায় যুক্তরাষ্ট্রের পালক শিশু পরিচর্যা ব্যবস্থার তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি ১৩ হিউস্টনের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে উইলিয়ামসের বাড়িতে থাকা চার বছর বয়সী এক শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা শিশুটির শরীরে অপুষ্টি, মস্তিষ্কে আঘাত, মুখে ক্ষত এবং নির্যাতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আঘাতের চিহ্ন শনাক্ত করেন। চিকিৎসকেরা ঘটনাটিকে প্রায় প্রাণঘাতী পরিস্থিতি হিসেবে চিহ্নিত করেছিলেন। শিশুটির পরিবারের পক্ষে আইনজীবী নাদিম বেজার জানিয়েছেন, ওই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুতর অভিযোগ জমা পড়েছিল। ২০২৪ সালে ওই শিশুর পরিবারের পক্ষে তাবর চিলড্রেনস সার্ভিসেসের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো যথাযথ ব্যবস্থা নেয়নি। আদালতে দাখিল করা নথি অনুযায়ী, ঘটনার পর রাজ্য ও নগর কর্তৃপক্ষের একটি পর্যালোচনা প্যানেল উইলিয়ামসকে ভবিষ্যতে আর কোনো শিশুর পালক অভিভাবক হিসেবে নিয়োগ না দেওয়ার সুপারিশ করেছিল। মামলাটি ২০২৬ সালে ২০ লাখ ডলারে নিষ্পত্তি হয়। তবে পেনসিলভানিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, উইলিয়ামসের আপিলের পর আগের ঘটনায় তাঁর বিরুদ্ধে করা শিশু নির্যাতনের ইঙ্গিতবাহী সরকারি প্রতিবেদন বাতিল করা হয়েছিল। অর্থাৎ আগের অভিযোগে তাঁকে ফৌজদারি আদালতে দোষী সাব্যস্ত করা হয়নি। এদিকে মালেশিয়া আলফোর্ডের মৃত্যুর ঘটনায় উইলিয়ামসের বিরুদ্ধে হত্যা, শিশুর কল্যাণ বিপন্ন করা, আলামত নষ্ট করা এবং মরদেহের অবমাননাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। পুলিশের নথি অনুযায়ী, গত ২২ অক্টোবর শিশুটিকে সর্বশেষ জীবিত দেখা যায়। ২৬ অক্টোবর তাকে নিখোঁজ দেখিয়ে পুলিশকে জানানো হয়। প্রায় ১০ দিন অনুসন্ধানের পর গত ৪ নভেম্বর নিউ জার্সির লিন্ডেনওল্ড এলাকার একটি গাড়ির ট্রাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে ভোঁতা বস্তুর আঘাত শনাক্ত করা হয়েছে এবং ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। তদন্তকারীদের বরাত দিয়ে এনবিসি ১০ জানিয়েছে, মালেশিয়ার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগের পক্ষে কয়েকজন শিশু সাক্ষ্য দিয়েছেন। তাঁদের দাবি, উইলিয়ামস শিশুটিকে মারধর করতেন, খাবার ও পানি দেওয়া বন্ধ রাখতেন এবং ভারী ভেস্ট পরিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বাধ্য করতেন। এসব অভিযোগ পুলিশি নথিতে উল্লেখ রয়েছে। তদন্তকারীরা আরও দাবি করেছেন, শিশুটি মারা যাওয়ার পর তার ফোন ব্যবহার করে এমন বার্তা পাঠানো হয়েছিল, যাতে তাকে জীবিত ও অন্যত্র অবস্থান করছে বলে মনে হয়। তবে এসব অভিযোগের বিচার এখনো সম্পন্ন হয়নি। আইনজীবী নাদিম বেজার প্রশ্ন তুলেছেন, আগের ঘটনায় গুরুতর নির্যাতনের অভিযোগ এবং ভবিষ্যতে পালক অভিভাবক হিসেবে নিয়োগ না দেওয়ার সুপারিশ থাকার পরও কীভাবে উইলিয়ামস আবার একটি শিশুর দায়িত্ব পেয়েছিলেন। তাঁর মতে, শুধু পালক অভিভাবক নয়, শিশুদের দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকাও তদন্ত করা প্রয়োজন। মালেশিয়ার দেখভালের দায়িত্বে ছিল ফিলাডেলফিয়ার শিশু কল্যাণ বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ ক্যাথলিক কমিউনিটি সার্ভিসেস। এ ঘটনায় ফিলাডেলফিয়ার শিশু কল্যাণ বিভাগ ও সংশ্লিষ্ট পালক পরিচর্যা সংস্থাগুলোর তদারকি ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। মালেশিয়ার মৃত্যুর পর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট নথিপত্র ও শিশুটির পালক পরিবারে অবস্থানের বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে অভিযুক্ত উইলিয়ামসের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এবং আদালত তাঁকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দিয়েছেন। তদন্তকারীরা এখন শুধু শিশুটির মৃত্যুর ঘটনা নয়, আগের অভিযোগের পরও কীভাবে তিনি আবার পালক অভিভাবক হওয়ার সুযোগ পেয়েছিলেন, সেটিও খতিয়ে দেখছেন। সংবাদসূত্র: এবিসি ১৩ হিউস্টন, ৬এবিসি ফিলাডেলফিয়া।
দক্ষিণ আফ্রিকা ছেড়ে মাত্র ১৭ বছর বয়সে কানাডায় পাড়ি জমান ইলন মাস্ক। ২০২৬ সালের জানুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মন্ট্রিয়লে পৌঁছানোর সময় তাঁর কাছে ছিল আনুমানিক ২ হাজার ৫০০ কানাডিয়ান ডলার। সঙ্গে ছিল বই ও কাপড়ভর্তি দুটি ব্যাগ। নতুন দেশে স্থায়ীভাবে থাকার জায়গা কিংবা নিশ্চিত কোনো চাকরি ছিল না। প্রযুক্তি খাতে কাজ করার স্বপ্ন নিয়েই শুরু হয়েছিল তাঁর নতুন জীবনের সংগ্রাম। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত, বিশেষ করে সিলিকন ভ্যালিতে কাজ করার আকাঙ্ক্ষা থেকেই প্রথমে কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেন মাস্ক। তাঁর মা কানাডায় জন্মগ্রহণ করায় দেশটির নাগরিকত্ব পাওয়ার সুযোগ ছিল। মন্ট্রিয়লে পৌঁছে প্রথম কয়েক দিন একটি যুব হোস্টেলে কাটান তিনি। এরপর প্রায় ১০০ ডলারের বাস টিকিট কিনে গ্রেহাউন্ডে চড়ে কানাডার বিভিন্ন এলাকায় যাত্রা শুরু করেন। এরপর সাসকাচুয়ান প্রদেশের সুইফট কারেন্টে এক আত্মীয়ের গমের খামারে কাজ পান মাস্ক। সেখানে প্রায় ছয় সপ্তাহ ধরে শস্য রাখার গুদাম পরিষ্কার, সবজি বাগানের পরিচর্যা এবং খামারের বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। খামারে কাজ করার পাশাপাশি নিজের থাকার ও জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে বিভিন্ন ধরনের শ্রমসাধ্য কাজ করতে হয়েছে তাঁকে। পরে ভ্যাঙ্কুভারে গিয়ে কাঠ কাটার কাজ শুরু করেন। একটি লাম্বার মিলে বয়লার পরিষ্কারের কাজও নেন তিনি। কাজটি ছিল অত্যন্ত কঠিন ও শারীরিকভাবে পরিশ্রমসাধ্য। সুরক্ষা পোশাক পরে সরু একটি সুড়ঙ্গ দিয়ে বয়লারের ভেতরে ঢুকে গরম বালি ও কাঠের গুঁড়া পরিষ্কার করতে হতো। ২০২০ সালে থার্ড রো টেসলা পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মাস্ক জানান, ঘণ্টাপ্রতি ১৮ ডলার মজুরির এই কাজ তিনি প্রায় চার দিন করেছিলেন। নিজের জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হিসেবে অভিজ্ঞতাটির কথা উল্লেখ করেন তিনি। কানাডায় কয়েক বছর কাটানোর পর কিংস্টনের কুইন্স ইউনিভার্সিটিতে ভর্তি হন মাস্ক। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় পদার্থবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। এরপর প্রযুক্তি ব্যবসায় যুক্ত হয়ে প্রতিষ্ঠা করেন জিপ২। পরবর্তী সময়ে স্পেসএক্স প্রতিষ্ঠা এবং টেসলার নেতৃত্বের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। দক্ষিণ আফ্রিকা থেকে অল্প অর্থ নিয়ে নতুন দেশে যাত্রা শুরু করা সেই ১৭ বছর বয়সী তরুণের জীবনের শুরুর দিকের এই অভিজ্ঞতাগুলো তাঁর দীর্ঘ উদ্যোক্তা জীবনের উল্লেখযোগ্য অধ্যায় হয়ে রয়েছে। সূত্র: মুনশটস পডকাস্ট
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগা আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘদিনের ট্রাম্প সমর্থকদের একাংশ মনে করছেন, নির্বাচনে বিপর্যয়ের পেছনে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ইরানের সঙ্গে যুদ্ধ এবং প্রশাসনের নানা সিদ্ধান্ত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যেও এখন অসন্তোষ বাড়ছে। নভেম্বরের ৩ তারিখের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর টেক্সাসে ট্রাম্প-সমর্থিত প্রার্থী কেন প্যাক্সটনের সমর্থকদের মধ্যেও হতাশা দেখা যায়। তিনবার ট্রাম্পকে ভোট দেওয়া ৫৯ বছর বয়সী ব্যবসায়ী মাইকেল লিটল রয়টার্সকে বলেন, মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ। তাঁর ভাষায়, “ট্রাম্প আমাদের মূল্য দিতে বাধ্য করেছেন।” জ্বালানির উচ্চমূল্য, ইরান যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় এবং জেফরি এপস্টেইন-সংক্রান্ত তদন্তের নথি প্রকাশে বিলম্ব এসব বিষয় সমর্থকদের ক্ষোভ বাড়িয়েছে। নির্বাচনী পরাজয়ের পর ট্রাম্পের গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল হোয়াইট হাউসের শীর্ষ পদে স্টিফেন মিলারকে নিয়ে আসা। শুক্রবার তাঁকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়। অভিবাসনবিরোধী কঠোর নীতির অন্যতম স্থপতি হিসেবে পরিচিত মিলারের নিয়োগকে মাগা আন্দোলনের কট্টর সমর্থকদের কেউ কেউ স্বাগত জানিয়েছেন। তবে সমর্থকদের একটি অংশ মনে করছে, প্রশাসন নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প-সমর্থকদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করেছে গবেষণা প্রতিষ্ঠান পিকমেট্রিক্স। নির্বাচনের রাত থেকে পরবর্তী দিনের মধ্যে সংগৃহীত ১২ হাজার ৮৫০টি পোস্টের বিশ্লেষণে দেখা গেছে, একাংশ মাগা সমর্থক আন্দোলনের নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁদের কেউ কেউ আন্দোলনের প্রতি সমর্থন রাখলেও ট্রাম্পের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বিশ্লেষণ, জনমত জরিপ নয়। এদিকে নির্বাচনের পর রিপাবলিকানদের পরাজয়ের কারণ নিয়ে দলটির ভেতরেও আলোচনা শুরু হয়েছে। ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস ফলাফলকে রাজনৈতিক বিপর্যয়ের সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে মাগা আন্দোলনের পরিচিত মুখ স্টিভ ব্যানন বলেছেন, আন্দোলনকে নতুন করে সংগঠিত করতে হবে। তাঁর মতে, স্টিফেন মিলারের নিয়োগ আন্দোলনের মূল আদর্শে ফিরে যাওয়ার ইঙ্গিত দিতে পারে। বিশ্লেষকদের মতে, এই নির্বাচনী ফলাফল মাগা আন্দোলনের অবসান ঘটিয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি। তবে ট্রাম্পের নেতৃত্ব, অর্থনৈতিক প্রতিশ্রুতি এবং পররাষ্ট্রনীতির প্রশ্নে সমর্থকদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ক্রোয়েশিয়ার একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ছিটকে উল্টে গিয়ে অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) সকালে দেশটির পুলিশ এই ভয়াবহ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, সার্বিয়ার লাইসেন্স প্লেট যুক্ত ওই বাসটি সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের দিকে যাওয়ার সময় হঠাৎ রাস্তা থেকে ছিটকে উল্টে যায়। ক্রোয়েশিয়ার এ-৩ (A3) মহাসড়কটি সার্বিয়া সীমান্ত থেকে শুরু হয়ে জাগরেবের ওপর দিয়ে স্লোভেনিয়া পর্যন্ত বিস্তৃত। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। জাগরেব কাউন্টির ফায়ার সার্ভিসের কমান্ডার দারিও কেজেরিক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এইচআরটি-কে (HRT) জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে ৩৩ জন যাত্রী এবং দুজন চালক ছিলেন। ক্রোয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাসে থাকা ৩৫ আরোহীর মধ্যে দুজন নিহত হওয়া ছাড়াও বেঁচে যাওয়া বাকি ৩৩ জনের সবাই কমবেশি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জাগরেব এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২০ বছর বয়সী এক নারীসহ ছয়জনের অবস্থা গুরুতর, যাকে উদ্ধারকারী হেলিকপ্টারে করে দুব্রাভা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ২৭ জন যাত্রী এবং বাসের দুই চালক সামান্য আঘাত পেয়েছেন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, রাস্তার ধারের সীমানা বেষ্টনী ভেঙে বাসটি একপাশে উল্টে পড়ে আছে এবং উদ্ধারকাজে সহায়তার জন্য সেখানে একটি হেলিকপ্টারও নামানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তাদের তদন্ত কাজ শুরু করেছে। তদন্ত চলাকালে এ-৩ মহাসড়কে যান চলাচল কিছুটা ধীর রাখা হয়েছিল এবং গাড়িগুলোকে শুধুমাত্র বাম দিকের লেন দিয়ে চলাচল করতে দেওয়া হয়।
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা গ্যাল গ্যাডট যুক্তরাষ্ট্র ছেড়ে সপরিবারে নিজ দেশ ইসরায়েলে স্থায়ীভাবে ফিরে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে। তবে অভিনেত্রী নিজে কিংবা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র ছাড়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো নিশ্চিত খবর হিসেবে প্রতিষ্ঠিত নয়। ইসরায়েলে জন্ম নেওয়া গ্যাল গ্যাডট দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রশিল্পে কাজ করছেন। হলিউডে আন্তর্জাতিক পরিচিতি পেলেও নিজ দেশের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক যোগাযোগ রয়েছে। স্বামী জ্যারন ভারসানো এবং চার মেয়েকে নিয়ে তাঁর পারিবারিক জীবনও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের আলোচনায় এসেছে। গত ২৭ অক্টোবর ইসরায়েলের চ্যানেল টুয়েলভের জনপ্রিয় ব্যঙ্গাত্মক অনুষ্ঠান ‘এরেতজ নেহেদেরেত’-এ অংশ নিয়ে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান গ্যাডট। ইসরায়েলের নির্বাচনে ভোট দিতে তিনি যুক্তরাষ্ট্র থেকে সেখানে গিয়েছিলেন। অনুষ্ঠানে বিদেশে বসবাসের অভিজ্ঞতা, ইসরায়েলি পরিচয়ের কারণে বিরূপ প্রতিক্রিয়া এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি। গ্যাডট জানান, বর্তমান পরিস্থিতিতে বিদেশে ইসরায়েলি পরিচয়ে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অনেক সময় বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয় তাঁকে। এমনকি সুপারমার্কেটসহ জনসমাগমস্থলে যাওয়ার সময় পরিচয় আড়াল করতে মুখে মাস্ক পরেন বলেও জানান অভিনেত্রী। ইসরায়েলে ফিরে বসবাসের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে গ্যাডট বলেন, তাঁরা দেশে ফিরতে চান এবং ইতিমধ্যে সেখানে একটি বাড়ি নির্মাণ করছেন। স্বামী ও চার মেয়েকে নিয়েই এই পরিকল্পনা করেছেন তিনি। তবে কবে যুক্তরাষ্ট্র ছেড়ে স্থায়ীভাবে ইসরায়েলে যাবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি। অভিনেত্রী জানান, তাঁর চার মেয়ের মধ্যে একজনের জন্ম ইসরায়েলে এবং বাকি তিনজনের জন্ম যুক্তরাষ্ট্রে। সন্তানরা আমেরিকায় বড় হলেও ইসরায়েলের ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। দেশে বেড়াতে গেলে অল্প সময়ের মধ্যেই তারা স্থানীয় ভাষা ও জীবনযাপনের সঙ্গে মানিয়ে নেয়। প্রায় ১২ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন গ্যাল গ্যাডট। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ চলচ্চিত্র সিরিজের মাধ্যমে হলিউডে পরিচিতি পাওয়ার পর ‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এদিকে, গত ২৬ অক্টোবর ইসরায়েলের বার ইলান ইউনিভার্সিটি তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। আন্তর্জাতিক চলচ্চিত্রে অবদান ও ইসরায়েলের সঙ্গে তাঁর সম্পৃক্ততার স্বীকৃতিতে এই সম্মাননা দেওয়া হয়। গ্যাডটের বক্তব্যে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসের অভিজ্ঞতা নিয়ে তাঁর অসন্তোষ রয়েছে এবং ভবিষ্যতে পরিবারসহ ইসরায়েলে ফেরার ইচ্ছাও রয়েছে। তবে তাঁর এই পরিকল্পনা বাস্তবায়নের সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।