- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি আইন প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট্যান্ট বা বুককিপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিপসহেড বে এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে ফুলটাইম কাজের সুযোগ রয়েছে। বিশেষ করে ইংরেজি ভাষায় দক্ষতা না থাকলেও অভিজ্ঞ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত কর্মীকে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল ও ক্লায়েন্টদের অর্থের হিসাব সংরক্ষণ করতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টিং-সংক্রান্ত ডেটা এন্ট্রি ও আর্থিক হিসাবের নির্ভুলতা নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে। আবেদনের জন্য অ্যাকাউন্টিং অথবা বুককিপিংয়ে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট এক্সেল ব্যবহারে দক্ষতা বাধ্যতামূলক। এ ছাড়া প্রার্থীকে দায়িত্বশীল, নির্ভরযোগ্য ও হিসাবের খুঁটিনাটি বিষয়ে অত্যন্ত মনোযোগী হতে হবে। পদটি সম্পূর্ণ ফুলটাইম এবং সরাসরি অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে। রিমোট কাজের সুযোগ নেই। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিজেদের রেজুমে নিচের ইমেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। আবেদনের ইমেইল: MDUBIN@LITLAWNY.com বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি। পদটি এখনো খালি রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তাই আবেদন করার আগে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 871-এসএ
বিদেশি শিক্ষকদের জন্য স্থায়ী বসবাসের পথ আরও সহজ করছে নিউজিল্যান্ড সরকার। বিশেষ শিক্ষায় নিয়োজিত চার শ্রেণির শিক্ষককে সরাসরি রেসিডেন্স ভিসা পাওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আগামী ৮ মার্চ ২০২৭ থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। গত ৩ নভেম্বর ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, বিশেষ শিক্ষার চারটি শিক্ষকতা পেশাকে দেশটির চাহিদাসম্পন্ন পেশার তালিকা বা গ্রিন লিস্টের টিয়ার-২ থেকে টিয়ার-১-এ স্থানান্তর করা হবে।বর্তমান নিয়মে এসব পেশায় নিয়োজিত বিদেশি শিক্ষকদের রেসিডেন্স ভিসার জন্য নিউজিল্যান্ডে অন্তত দুই বছর যোগ্যতাসম্পন্ন চাকরি করতে হয়। নতুন নিয়ম কার্যকর হলে সেই বাধ্যবাধকতা ছাড়াই সরাসরি ‘স্ট্রেইট টু রেসিডেন্স ভিসা’র জন্য আবেদন করতে পারবেন যোগ্য শিক্ষকরা। যেসব শিক্ষক এই সুযোগ পাবেন - বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষক (Special Needs Teacher)। - শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষক (Teacher of the Hearing Impaired)। - দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষক (Teacher of the Sight Impaired)। - অন্যান্য শ্রেণির বিশেষ শিক্ষা শিক্ষক (Special Education Teachers NEC)। আবেদনের যোগ্যতা - বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে। - নিউজিল্যান্ডের স্বীকৃত নিয়োগকর্তার কাছ থেকে যোগ্য চাকরির প্রস্তাব থাকতে হবে অথবা সংশ্লিষ্ট পদে কর্মরত থাকতে হবে। - প্রাসঙ্গিক শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকতে হবে। - নিউজিল্যান্ডের টিচিং কাউন্সিলের নিবন্ধন ও বৈধ শিক্ষকতা সনদ থাকতে হবে। - নির্ধারিত বেতনের শর্ত পূরণ করতে হবে। - ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। - স্বাস্থ্য ও চারিত্রিক যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। পরিবার নিয়ে যাওয়ার সুযোগ এই ভিসার মাধ্যমে নিউজিল্যান্ডে অনির্দিষ্টকাল বসবাস, চাকরি ও পড়াশোনা করা যাবে। আবেদনকারীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে স্বামী বা স্ত্রী এবং ২৪ বছর বা তার কম বয়সী নির্ভরশীল সন্তানদেরও আবেদনে অন্তর্ভুক্ত করতে পারবেন। আবেদন ফি ও সময়সীমা বর্তমানে স্ট্রেইট টু রেসিডেন্স ভিসার আবেদন ফি ৬ হাজার ৪৫০ নিউজিল্যান্ড ডলার থেকে শুরু। ইমিগ্রেশন নিউজিল্যান্ডের তথ্য অনুযায়ী, এই শ্রেণির ৮০ শতাংশ ভিসার আবেদন চার মাসের মধ্যে নিষ্পত্তি হচ্ছে। স্থায়ী বসবাসের অনুমতি স্ট্রেইট টু রেসিডেন্স ভিসা পাওয়ার পর অন্তত দুই বছর রেসিডেন্ট ভিসাধারী হিসেবে থাকার পাশাপাশি অন্যান্য শর্ত পূরণ করে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করা যাবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য শিক্ষকরা এই সুযোগ নিতে পারবেন। তবে বিদেশ থেকে অর্জিত শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি, শিক্ষকতার নিবন্ধন এবং চাকরির প্রস্তাবসহ প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে। ভিসা আবেদন ও বিস্তারিত তথ্য: https://www.immigration.govt.nz/visas/straight-to-residence-visa/ শিক্ষক নিবন্ধনের ওয়েবসাইট: https://teachingcouncil.nz/ সংবাদসূত্র ইমিগ্রেশন নিউজিল্যান্ড, টিচিং কাউন্সিল অব নিউজিল্যান্ড 876TR
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে ধর্মীয় বিশ্বাস অক্ষুণ্ন রেখেই সামরিক পোশাকের সঙ্গে হিজাব পরার অধিকার অর্জন করেন মুসলিম নারী মাইসা উজা। ২০১৮ সালে মার্কিন বিমানবাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল (জেএজি) কোরের প্রথম হিজাব পরিহিত কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। তার এই অর্জন পরবর্তী সময়ে বিমানবাহিনীর ধর্মীয় পোশাকসংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পথ প্রশস্ত করে। লেবানন থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অভিবাসী পরিবারের সন্তান মাইসা উজা। মিশিগানের ডিয়ারবর্নে বেড়ে ওঠা এই মুসলিম নারী ছোটবেলা থেকেই দেশের সেবা করার স্বপ্ন দেখতেন। ২০১৭ সালে ইউনিভার্সিটি অব টলেডোর কলেজ অব ল থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের সময় মার্কিন বিমানবাহিনীর আইন কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন তিনি। তবে সামরিক বাহিনীতে যোগদানের আগেই হিজাব নিয়ে বাধার মুখে পড়েন মাইসা। তৎকালীন নিয়ম অনুযায়ী, হিজাব খুলে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর কর্মস্থলে যোগ দিয়ে ধর্মীয় কারণে বিশেষ অনুমতির আবেদন করতে হতো। কিন্তু নিজের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস করতে রাজি ছিলেন না তিনি। ২০১৭ সালের নভেম্বরে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এবং মিশিগানের একটি আইন প্রতিষ্ঠানের সহায়তা নেন মাইসা। তাদের আইনি হস্তক্ষেপের পর বিমানবাহিনী আগের সিদ্ধান্ত পরিবর্তন করে। প্রশিক্ষণের প্রথম দিন থেকেই সামরিক পোশাকের সঙ্গে হিজাব পরার অনুমতি পান তিনি। হিজাব পরেই সফলভাবে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন মাইসা। প্রশিক্ষণকালে নেতৃত্বের দক্ষতার জন্য সহকর্মীদের মনোনয়নে ‘এয়ারম্যান অব দ্য উইক’ সম্মাননাও অর্জন করেন। ২০১৮ সালের মে মাসে ইলিনয়ের স্কট এয়ার ফোর্স বেসে আইনি সহায়তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। মাইসার এই উদ্যোগে সহযোগিতা করেছিলেন মার্কিন বিমানবাহিনীর ইহুদি কর্মকর্তা ক্যাপ্টেন ইয়োসেফ হকহাইজার। ধর্মীয় পোশাক পরার অনুমতিসংক্রান্ত নীতিমালা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই দুই কর্মকর্তা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিমানবাহিনী ধর্মীয় পোশাকসংক্রান্ত নীতিমালা হালনাগাদ করে। এতে নির্ধারিত শর্তে হিজাব, পাগড়ি পরা এবং দাড়ি রাখার অনুমতি চাওয়ার বিধান অন্তর্ভুক্ত করা হয়। মাইসার মতে, দেশের সেবা ও ধর্মীয় বিশ্বাস পালনের মধ্যে কাউকে যেকোনো একটি বেছে নিতে বাধ্য করা উচিত নয়। ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে তার এই সংগ্রাম ও অর্জন মার্কিন সামরিক বাহিনীতে যোগ দিতে আগ্রহী মুসলিম নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে রয়েছে। সূত্র: মার্কিন বিমানবাহিনী, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ও ইউনিভার্সিটি অব টলেডো 871/এসএ
যুক্তরাষ্ট্রজুড়ে ডিপোর্টেশন অফিসার নিয়োগ দিচ্ছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। নিউ ইয়র্ক, মিশিগান, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস ও ক্যালিফোর্নিয়াসহ দেশটির ২৩২টি স্থানে এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা কলেজ ডিগ্রি ছাড়াও আবেদন করতে পারবেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) আইসের অফিসিয়াল ফেসবুক পেজে এই নিয়োগ কার্যক্রমের প্রচারণা চালানো হয়। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অধীন আইসের এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও) বিভাগে এসব কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। পদের নাম ও বেতন - পদের নাম: ডিপোর্টেশন অফিসার - বার্ষিক বেতন: ৫১ হাজার ৬৩২ থেকে ৯২ হাজার ৯২১ ডলার। - পে গ্রেড: জিএল-৫ ও জিএল-৭। - চাকরির ধরন: স্থায়ী ও পূর্ণকালীন। - পদোন্নতির সুযোগ: গ্রেড-১২ পর্যন্ত। - নিয়োগ বোনাস: যোগ্য প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ হাজার ডলার। - নির্ধারিত কিছু কর্মস্থলে অতিরিক্ত ৫ হাজার ডলার পর্যন্ত প্রণোদনা। আবেদনের যোগ্যতা - যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। - সাধারণত বয়স ২১ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। - বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। - ইংরেজিতে কথা বলা, পড়া ও বোঝার দক্ষতা থাকতে হবে। - শারীরিক সক্ষমতা ও মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। - ব্যাকগ্রাউন্ড চেক ও ড্রাগ টেস্টে উত্তীর্ণ হতে হবে। - প্রয়োজনীয় সিকিউরিটি ক্লিয়ারেন্স অর্জন করতে হবে। যোগ্য সাবেক সেনাসদস্য ও নির্দিষ্ট ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হতে পারে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা জিএল-৫ গ্রেডের জন্য যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অথবা তিন বছরের যোগ্যতাসম্পন্ন সাধারণ কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা ও অভিজ্ঞতার সমন্বয়েও আবেদন করা যাবে। জিএল-৭ গ্রেডের জন্য এক বছরের বিশেষায়িত কর্ম-অভিজ্ঞতা, এক বছরের প্রাসঙ্গিক স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা অথবা স্নাতক পর্যায়ে নির্ধারিত ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। নির্দিষ্ট শর্তে শিক্ষা ও অভিজ্ঞতার সমন্বয়েও যোগ্যতা অর্জন করা যাবে। যেসব শহরে নিয়োগ দেওয়া হচ্ছে নিউ ইয়র্ক সিটি, বাফেলো, রচেস্টার, ডেট্রয়েট, গ্র্যান্ড র্যাপিডস, আটলান্টা, নিউয়ার্ক, ফিলাডেলফিয়া, মায়ামি, অরল্যান্ডো, টাম্পা, হিউস্টন, ডালাস, শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে নিয়োগ দেওয়া হবে। চাকরির দায়িত্ব ও প্রশিক্ষণ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা অভিবাসন আইন প্রয়োগ, তদন্ত, আটক ব্যক্তিদের তত্ত্বাবধান, ডিপোর্টেশন কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনগত দায়িত্ব পালন করবেন। নির্বাচিত প্রার্থীদের ফেডারেল ল এনফোর্সমেন্ট ট্রেনিং সেন্টারে প্রায় ৭১ কার্যদিবসের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। চাকরির অন্যান্য সুবিধা - ফেডারেল স্বাস্থ্যবিমা। - অবসরকালীন সুবিধা ও পেনশন। - বেতনসহ বার্ষিক ও অসুস্থতাজনিত ছুটি। - থ্রিফট সেভিংস প্ল্যান (টিএসপি)। - যোগ্যতা সাপেক্ষে স্টুডেন্ট লোন পরিশোধে সহায়তা। - পদোন্নতি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬। আগ্রহী প্রার্থীরা যুক্তরাষ্ট্রের সরকারি চাকরির ওয়েবসাইট ইউএসএজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য সর্বোচ্চ দুই পৃষ্ঠার রেজ্যুমে জমা দিতে হবে। সরাসরি আবেদনের লিংক: https://www.usajobs.gov/job/887251000 আইসের ক্যারিয়ার ওয়েবসাইট: https://www.ice.gov/careers সংবাদসূত্র ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, ইউএসএজবস 876TR
নিউইয়র্কের ব্রঙ্কসে বন্ধুর বাসা থেকে ৩০ হাজার ডলারের নগদ অর্থ ও অলংকার চুরির অভিযোগে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) কর্মকর্তা লুইস ট্রিউনফেলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। চুরির আগে বন্ধুর অবস্থান জানতে এবং পরে তদন্তের গতিবিধি পর্যবেক্ষণ করতে পুলিশের নিজস্ব কম্পিউটার সিস্টেম ব্যবহারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। গত বুধবার (১৮ নভেম্বর) ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডারসেল ডি. ক্লার্ক এই তথ্য জানান। অভিযুক্ত ট্রিউনফেলের বয়স ৩১ বছর বলে সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, গত আগস্টে ট্রিউনফেলের এক দীর্ঘদিনের বন্ধু তাঁকে ছুটি কাটাতে শহরের বাইরে যাওয়ার কথা জানান। এই সুযোগে পুলিশের কম্পিউটার সিস্টেম ব্যবহার করে বন্ধুর গাড়ির অবস্থান শনাক্ত করেন বলে অভিযোগ রয়েছে ট্রিউনফেলের বিরুদ্ধে। বন্ধু এলাকায় নেই বলে নিশ্চিত হওয়ার পর তাঁর অ্যাপার্টমেন্টে প্রবেশ করে একটি সিন্দুক নিয়ে যান বলে অভিযোগ করেছেন তদন্তকারীরা। ওই সিন্দুকে নগদ অর্থ, অলংকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্র ছিল। ছুটি কাটিয়ে বাড়ি ফিরে সিন্দুকটি খুঁজে না পেয়ে ট্রিউনফেলের সঙ্গেই যোগাযোগ করেন ভুক্তভোগী। অভিযোগ রয়েছে, এরপর পুলিশ কর্মকর্তা হিসেবে নিজের ক্ষমতা ব্যবহার করে তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করেন ট্রিউনফেল। এমনকি সন্দেহভাজনদের তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা জানারও চেষ্টা করেন তিনি। ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডারসেল ডি. ক্লার্ক বলেন, অভিযুক্ত কর্মকর্তা নিজের পদের অপব্যবহার করে দীর্ঘদিনের বন্ধুর বাসায় চুরি এবং পরবর্তী তদন্তের ওপর নজরদারি করেছেন বলে অভিযোগ রয়েছে। জনগণের আস্থার এমন লঙ্ঘন গ্রহণযোগ্য নয়। ট্রিউনফেলের বিরুদ্ধে অবৈধভাবে বাসায় প্রবেশ, বড় অঙ্কের সম্পদ চুরি, কম্পিউটার সিস্টেমে অননুমোদিত প্রবেশের ১১টি এবং সরকারি পদের অপব্যবহারের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এনওয়াইপিডি তাঁকে বিনা বেতনে সাময়িক বরখাস্ত করে। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তাঁকে আবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন। সূত্র: পিক্স১১ 871/এসএ
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশ ভেঙে নতুন প্রশাসনিক ইউনিট বা প্রদেশ গঠনের প্রস্তাব ঘিরে তীব্র রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভ শুরু হয়েছে। আর এই উত্তাপের মধ্যেই প্রদেশটির রাজপথে ও প্রবাসী সিন্ধিদের কণ্ঠে আবারও ফিরে এসেছে কয়েক দশকের পুরোনো স্বাধীনতাকামী স্লোগান—‘সিন্ধুদেশ’। করাচিতে বিক্ষোভ ও রাজনৈতিক উত্তাপ গত রোববার (২২ নভেম্বর) ‘জিয়ে সিন্ধু রাহবার কমিটি’র উদ্যোগে করাচিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ড্রিগ রোড থেকে শুরু হয়ে মেট্রোপল এলাকায় গিয়ে শেষ হওয়া এই মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা সিন্ধু প্রদেশের সীমানা পরিবর্তনের যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং নতুন প্রদেশ গঠনের বিষয়ে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সংকটের সূত্রপাত যেভাবে চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহসিন নাকভি প্রশাসনিক সুবিধার্থে নতুন প্রদেশ গঠনের কথা তোলেন। প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশটিতে চারটি প্রদেশ যথেষ্ট নয় বলে যুক্তি দেখানো হচ্ছে। পরবর্তীতে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল ১২ থেকে ১৫টি, এমনকি ১৪টি প্রদেশ গঠনের একটি কাঠামোর কথা উল্লেখ করেন—যেখানে সিন্ধু ও পাঞ্জাবকে চারটি করে এবং খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানকে তিনটি করে প্রদেশে ভাগ করার আলোচনা রয়েছে। সিন্ধুবাসীর আপত্তি ও অর্থনৈতিক শঙ্কা সিন্ধুর রাজনীতিতে সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো বন্দরনগরী করাচির নিয়ন্ত্রণ। প্রদেশটির দ্বিতীয় বৃহত্তম দল এমকিউএম-পি করাচিকে আলাদা প্রদেশ করার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, সিন্ধুর মুখ্যমন্ত্রীর তথ্যমতে, পাকিস্তানের জাতীয় অর্থনীতির ২৭ শতাংশের বেশি আসে এই প্রদেশ থেকে। সিন্ধি নেতাদের অভিযোগ, করাচি ও উপকূলীয় অঞ্চলকে প্রদেশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি সিন্ধু নদের পানি ও জমি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। সাংবিধানিক জটিলতা ও পিপিপির কঠোর অবস্থান পাকিস্তানের সংবিধানের ২৩৯(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের (সিন্ধুর ১৬৮ আসনের মধ্যে ১১২টি) সমর্থন প্রয়োজন। গত ৩ সেপ্টেম্বর সিন্ধু প্রাদেশিক পরিষদে প্রদেশ বিভক্তির বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পাস হয়েছে। প্রাদেশিক পরিষদের এই বাধা এড়াতে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গণভোটের কথা তুললে তীব্র প্রতিক্রিয়া দেখায় ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে সিন্ধু ভাগ করার চেষ্টা হলে করাচি, হায়দরাবাদ ও নবাবশাহসহ পুরো প্রদেশে রক্তপাত শুরু হবে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন এবং মন্ত্রিসভার সদস্যদের প্রকাশ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ‘সিন্ধুদেশ’ আন্দোলনের প্রেক্ষাপট ‘সিন্ধুদেশ’ মূলত সিন্ধিদের জন্য একটি পৃথক স্বাধীন রাষ্ট্রের ধারণা। সিন্ধি জাতীয়তাবাদী নেতা জি এম সৈয়দ ১৯৭২ সালে ‘জিয়ে সিন্ধু মাহাজ’ গঠন করেন এবং ১৯৭৪ সালে তাঁর বইয়ে আলাদা রাষ্ট্রের রূপরেখা দেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এই আন্দোলনকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। বর্তমানে নির্বাসিত নেতা শফি বুরফাতের নেতৃত্বাধীন ‘জিয়ে সিন্ধু মুত্তাহিদা মাহাজ’ (জেএসএমএম) দাবি করছে, পাকিস্তানের অধীনে থাকলে সিন্ধি জাতির অস্তিত্ব বিপন্ন হবে। সামনে কী ঘটতে যাচ্ছে? আগামী ২০২৭ সালের মার্চের সিনেট নির্বাচনের আগেই নতুন প্রদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ রয়েছে সরকারের একটি অংশের। তবে আগামী ২৯ নভেম্বর করাচিতে সিন্ধু তারাক্কি পাসন্দ পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শহরটিতে নতুন করে জাতিগত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: ফার্স্টপোস্ট 873/ডিএন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন নবনির্বাচিত এসকাম্বিয়া কাউন্টি কমিশনার জো ভিনসনের ছেলে ক্যারি ওয়াশিংটন ভিনসন (১৯)। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রোববার (২২ নভেম্বর) রাতে ফ্লোরিডার সান্তা রোসা কাউন্টির ব্ল্যাকওয়াটার নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ক্যারি বন্ধুদের সঙ্গে সেখানে ক্যাম্পিং করছিলেন। সান্তা রোসা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে ক্যারিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন কমিশনার জো ভিনসন। তিনি জানান, ক্যাম্পিং এলাকার বাইরে থেকে আসা একটি গুলি তাঁবুর ভেতরে থাকা তাঁর ছেলের শরীরে বিদ্ধ হয়। ছেলের মৃত্যুতে পুরো পরিবার শোকাহত বলে জানান তিনি। ক্যারি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায়ও তাঁর উল্লেখযোগ্য সাফল্য ছিল। ২০২৫ সালে ইনকিউবেট ডিবেট জাতীয় চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থান অর্জন করেছিলেন তিনি।চলতি মাসের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এসকাম্বিয়া কাউন্টির ডিস্ট্রিক্ট-৪-এর কমিশনার নির্বাচিত হন জো ভিনসন। সম্প্রতি তিনি দায়িত্ব গ্রহণ করেন। তাঁর ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কাউন্টি প্রশাসন। এদিকে গুলির ঘটনা ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাবশত ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। কোনো সন্দেহভাজনের পরিচয়ও প্রকাশ করা হয়নি। ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে সান্তা রোসা কাউন্টি শেরিফের কার্যালয়ের ৮৫০-৯৮৩-১১৯০ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। সংবাদসূত্র এবিসি নিউজ,পিপল, ডব্লিউএসবি-টিভি 876TR
ইসরায়েলের সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির ২৩ জন সক্রিয় সেনাসদস্য ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৬ বছরের মধ্যে এক বছরে এটিই সর্বোচ্চ সংখ্যা। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত হারেৎজের প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে সামরিক বাহিনীতে নিয়োজিত সেনাসদস্যের সংখ্যা কমলেও আত্মহত্যার ঘটনা বেড়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাদের মধ্যে এ প্রবণতা বাড়ছে। গাজা যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরায়েলি সামরিক বাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনাসদস্য আত্মহত্যা করতেন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ জনে। ২০২৫ সালে তা বেড়ে ২২ জনে পৌঁছায়। চলতি বছর শেষ হওয়ার আগেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। হারেৎজ জানিয়েছে, চলতি বছর সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া আরও ১৭ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন। তাঁরা গাজা যুদ্ধে নিয়মিত অথবা রিজার্ভ বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া চলতি বছর ইসরায়েলের পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ৩১ হাজার ৫০০ জনের বেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১৯ হাজার ৬০০ জন মানসিক আঘাত, উদ্বেগ, বিষণ্নতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে নানা জটিলতার জন্য চিকিৎসা নিচ্ছেন। হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণা বিষয়ক গবেষণা কেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, আগামী বছরগুলোতে সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে রিজার্ভ বাহিনীর সদস্যরা বেশি ঝুঁকিতে রয়েছেন। সূত্র:আনাদোলু এজেন্সি 871/এসএ
যুক্তরাজ্যে তুলনামূলক কম ভাড়ায় বসবাসের জন্য স্থানীয় কাউন্সিলের মাধ্যমে সরকারি আবাসন বা কাউন্সিল বাড়ি পাওয়ার সুযোগ রয়েছে। তবে দেশটিতে বসবাসরত সব বিদেশি নাগরিক এই সুবিধার জন্য আবেদন করতে পারেন না। আবেদনকারীর অভিবাসন স্ট্যাটাস, ভিসার শর্ত এবং স্থানীয় কাউন্সিলের নীতিমালার ওপর নির্ভর করে এই সুবিধা পাওয়ার যোগ্যতা। যুক্তরাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী, ইংল্যান্ডে কাউন্সিল বাড়ি সরকারি সুবিধা বা পাবলিক ফান্ডের অন্তর্ভুক্ত। ফলে যাঁদের ভিসায় ‘নো রিকার্স টু পাবলিক ফান্ডস’ (এনআরপিএফ) শর্ত রয়েছে, তাঁরা সাধারণত এই সুবিধা পাওয়ার যোগ্য নন। যাঁরা আবেদন করতে পারবেন - ব্রিটিশ ও আইরিশ নাগরিক। - স্থায়ী বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়া ব্যক্তিরা। - স্বীকৃত শরণার্থী ও মানবিক সুরক্ষা পাওয়া ব্যক্তিরা। - ইউরোপীয় ইউনিয়নের সেটেলড স্ট্যাটাসধারীরা। - নির্দিষ্ট শর্ত পূরণকারী প্রি-সেটেলড স্ট্যাটাসধারীরা। - বিশেষ অভিবাসন কর্মসূচির আওতায় আসা যোগ্য আফগান ও ইউক্রেনীয় নাগরিকরা। - সরকারি সুবিধা গ্রহণের অনুমতি রয়েছে এমন নির্ধারিত অভিবাসন স্ট্যাটাসধারীরা। তবে পারিবারিক ভিসাসহ নির্দিষ্ট অভিবাসন কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিরা চরম আর্থিক সংকট, গৃহহীন হওয়ার ঝুঁকি কিংবা সন্তানের কল্যাণের স্বার্থে এনআরপিএফ শর্ত প্রত্যাহারের আবেদন করতে পারেন। শর্ত প্রত্যাহার করা হলেও কাউন্সিল বাড়ির অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে। কাউন্সিল বাড়ি পাওয়ার ক্ষেত্রে যাঁরা অগ্রাধিকার পাবেন - গৃহহীন ব্যক্তি ও পরিবার। - অতিরিক্ত জনাকীর্ণ বাসস্থানে বসবাসকারী পরিবার। - বর্তমান বাসস্থানের কারণে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তি। - বিশেষ চিকিৎসাগত বা কল্যাণসংক্রান্ত আবাসনের প্রয়োজন রয়েছে এমন ব্যক্তি। কীভাবে আবেদন করবেন? আগ্রহীদের নিজ এলাকার স্থানীয় কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সাধারণত আবেদনকারীর পরিচয়, অভিবাসন স্ট্যাটাস, বর্তমান ঠিকানা, আয় এবং পরিবারের সদস্যদের তথ্য যাচাই করা হয়।আবেদনের যোগ্যতা অর্জন করলেই কাউন্সিল বাড়ি পাওয়ার নিশ্চয়তা নেই। যোগ্য আবেদনকারীদের সাধারণত অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। আবাসনের চাহিদা ও প্রাপ্যতার ভিত্তিতে বাড়ি বরাদ্দ দেওয়া হয়। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ব্রিটিশ নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের অনুমতি থাকলে অন্যান্য শর্ত পূরণ করে আবেদন করা যাবে। তবে অস্থায়ী ভিসাধারীদের আবেদনের আগে নিজেদের অভিবাসন স্ট্যাটাস ও ভিসার শর্ত যাচাই করতে হবে।উল্লেখ্য, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে আবাসন বরাদ্দের নিয়মে পার্থক্য রয়েছে। সংবাদসূত্র যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইট (GOV.UK), শেল্টার ইংল্যান্ড 876TR
নিউ ইয়র্কের ম্যানহাটনের চায়নাটাউন এলাকায় নিজ অ্যাপার্টমেন্টে ৬২ বছর বয়সী এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সী এক গৃহহীন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। একই ঘটনায় আহত হয়েছেন ওই নারীর সঙ্গে বসবাসকারী ৬৬ বছর বয়সী এক ব্যক্তি। নিহত নারীর নাম জিন ইউ। অভিযুক্ত ব্যক্তির নাম আলেকজান্ডার ফ্লোরেন্তিনো। রোববার (২২ নভেম্বর) তাকে ম্যানহাটনের আদালতে হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ৯১১ নম্বরে ফোন পেয়ে চায়নাটাউনের ২৭ ক্যাথরিন স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে পৌঁছান পুলিশ কর্মকর্তারা। সেখানে জিন ইউকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার মুখ ও গলায় আঘাতের চিহ্ন ছিল। পরে বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদালতে দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, ওই নারীর গলায় একটি কালো দড়ি পেঁচানো ছিল। একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী ৬৬ বছর বয়সী ব্যক্তিকেও কাচের বোতল দিয়ে আঘাত এবং শ্বাসরোধের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার পর আশপাশের ভবনগুলোতে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। পরে হেনরি স্ট্রিটের একটি ভবনের বেসমেন্ট থেকে অভিযুক্তকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, শ্বাসরোধ, অপরাধের উদ্দেশ্যে অবৈধভাবে প্রবেশ ও হামলাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। সিবিএস নিউ ইয়র্কের প্রতিবেদনে পুলিশ সূত্রের বরাতে বলা হয়েছে, ২০২৫ সাল থেকে বিভিন্ন ঘটনায় প্রায় ৬০ বার গ্রেপ্তার হয়েছেন ফ্লোরেন্তিনো। তবে এসব ঘটনায় তিনি কতবার দোষী সাব্যস্ত হয়েছেন, তা স্পষ্ট নয়। অভিযুক্তের সঙ্গে নিহত নারীর আগে থেকে কোনো পরিচয় ছিল কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে শ্বাসরোধে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও মেডিকেল এক্সামিনারের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) ফ্লোরেন্তিনোকে আবারও আদালতে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। সূত্র: সিবিএস নিউ ইয়র্ক 871/এসএ
যুক্তরাষ্ট্রে পরিবারের আয় বাড়লেও জীবনযাত্রার ব্যয় মেটাতে আর্থিক চাপে রয়েছেন বহু মার্কিনি। বাড়িভাড়া, খাদ্যপণ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে আয় বৃদ্ধির সুফল সেভাবে পাচ্ছে না অনেক পরিবার। সোমবার (২৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ টু নিউজের প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর তথ্যের ভিত্তিতে এ চিত্র তুলে ধরা হয়েছে।আমেরিকান কমিউনিটি সার্ভের (এসিএস) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে পরিবারের মধ্যম বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৭৮০ ডলারে। আগের বছর এই পরিমাণ ছিল ৮৩ হাজার ৮০৮ ডলার। এক বছরের ব্যবধানে আয় বেড়েছে প্রায় ১ দশমিক ২ শতাংশ। আয় বাড়লেও কেন কমছে না আর্থিক চাপ? মিশিগান ইউনিভার্সিটির ভোক্তা জরিপ বিভাগের বিশেষজ্ঞদের মতে, উচ্চ জীবনযাত্রার ব্যয়ের কারণে অনেক পরিবার আয় বাড়ার পরও নিজেদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি অনুভব করতে পারছে না।যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে আগের মাসের তুলনায় ভোক্তা মূল্যসূচক বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। একই সময়ে খাদ্যপণ্যের মূল্য শূন্য দশমিক ৫ শতাংশ, আবাসন ব্যয় শূন্য দশমিক ৩ শতাংশ এবং জ্বালানির মূল্য শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। আয় বৃদ্ধির সুবিধা পাচ্ছেন না সবাই সেন্সাস ব্যুরোর পৃথক এক জরিপ অনুযায়ী, মূল্যস্ফীতি সমন্বয়ের পর ২০২৫ সালে পরিবারের মধ্যম বার্ষিক আয় ৮৭ হাজার ৪৬০ ডলারে পৌঁছেছে, যা ১৯৬৭ সাল থেকে সংরক্ষিত তথ্যের মধ্যে সর্বোচ্চ। তবে উচ্চ আয়ের পরিবারগুলোর আয় বাড়লেও সর্বনিম্ন আয়ের স্তরে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।কর ও ট্যাক্স ক্রেডিটের হিসাব সমন্বয়ের পর পরিবারের মধ্যম বার্ষিক আয় দাঁড়িয়েছে ৭৬ হাজার ৬০ ডলারে। আগের বছরের তুলনায় এই আয় বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, জাতীয় পর্যায়ে আয় বৃদ্ধি অর্থনীতির জন্য ইতিবাচক হলেও প্রত্যেক পরিবারের আর্থিক স্বচ্ছলতা নির্ভর করে তাদের আয়, বসবাসের এলাকার জীবনযাত্রার ব্যয় এবং মাসিক খরচের ওপর। ফলে আয় বৃদ্ধির পরও অনেক পরিবারের জন্য সঞ্চয় করা ও দৈনন্দিন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ছে। সংবাদসূত্র ইউএস সেন্সাস ব্যুরো, ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস 876TR
ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিস তাঁর জীবদ্দশায় তিনবার শয়তান এবং একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর ব্যক্তিগত ডায়েরির কিছু অংশে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক বইয়ে ২০২১ সালের একটি লেখায় তিনি শয়তানের তিনটি দর্শনের কথা উল্লেখ করেন। ডায়েরির তথ্যমতে, তিনি প্রথমবার একটি গাড়ির ভেতর থেকে, দ্বিতীয়বার প্রার্থনা চলাকালীন গির্জার গায়কদলের মঞ্চে এবং তৃতীয়বার ভ্যাটিকান কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের সময় শয়তানকে দেখতে পান। একটি অভিজ্ঞতার স্মৃতিচারণ করে পোপ ফ্রান্সিস লিখেছেন, "আমি তাঁর (শয়তানের) কণ্ঠের সেই প্রচণ্ড কর্কশ ভাব ভুলতে পারি না।" শয়তানের ভয়ংকর চোখের বর্ণনা দিয়ে তিনি লেখেন, "সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে ছিল... যা আগের বারের চেয়েও তীব্র ছিল। চোখগুলো ছিল আগুনের ঝলকানির মতো।" বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালীন একটি কার্মেলাইট চ্যাপেলের ভেতরে দ্বিতীয়বার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি। এছাড়া ২০১৮ সালের জুন মাসে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেছেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, "আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, এবং এটি আমাকে ভীত করে তুলেছিল। আমি আত্মরক্ষার অস্ত্র হিসেবে জপমালা (রোজারি) হাতে তুলে নিয়েছিলাম। নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক, কারণ সেখান থেকে আগুনের শিখা ছিটকে এসে পুড়িয়ে দিতে পারে।" ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়েও নিজের অনুশোচনার কথা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। সে সময় এক যাজকের যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক বিশপের পক্ষ নেওয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে পোপ ক্ষমা চান এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন, যেখানে তাঁরা সবাই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালের এক লেখায় তিনি চিলির সেই পরিস্থিতি নিয়ে নিজেকে 'বিধ্বস্ত' বলে উল্লেখ করেন এবং স্বীকার করেন যে বিষয়টি যে এতটা গুরুতর ছিল, তা তিনি শুরুতে বুঝতে পারেননি। ভ্যাটিকানের ডিকাস্ট্রি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথের প্রধান ও ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এই ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি জনসমক্ষে প্রকাশিত হলো। উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন এবং ১২ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সূত্র: বিবিসি 873/ডিএন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হত্যাকাণ্ডের শিকার আট বছর বয়সী মাইকেল লায়ন্সের মা স্যান্ডি ফ্রেন্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গভর্নরকে সরাসরি তাঁর মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্যান্ডি। এ সময় তিনি অভিযোগ করেন, ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে আলোচনা না করেই গভর্নর এমন সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে পরিবারগুলোর ন্যায়বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন তিনি।স্যান্ডি বলেন, ‘গভর্নর নিউসম, আমার মুখোমুখি হোন। বলুন, মাইকেলের জীবনের কোনো মূল্য নেই।’ তিনি আরও বলেন, তাঁর সন্তানের জন্য ন্যায়বিচারের দাবিতে তিনি কথা বলা কখনো বন্ধ করবেন না। ১৯৯৬ সালের মে মাসে ক্যালিফোর্নিয়ার ইউবা সিটিতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আট বছর বয়সী মাইকেলকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় রবার্ট বয়েড রোডসকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০২৫ সালের ডিসেম্বরেও তার মৃত্যুদণ্ড বহাল রাখেন একজন বিচারক।গত ৫ নভেম্বর ক্যালিফোর্নিয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব বন্দির সাজা পরিবর্তন করে প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন গভর্নর নিউসম। তবে অধিকাংশ বন্দির ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর করতে অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের অনুমোদন প্রয়োজন হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউসমের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে একে ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি চরম অবিচার হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে এই সিদ্ধান্ত বাতিলের আইনি পথ খুঁজে দেখতে তাঁর প্রশাসনের প্রচেষ্টার কথাও জানিয়েছেন তিনি।অন্যদিকে নিউসম জানিয়েছেন, মৃত্যুদণ্ড ক্যালিফোর্নিয়ার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে স্পষ্ট করেছেন, সাজা পরিবর্তনের ফলে কোনো বন্দি মুক্তি পাবেন না। তাঁদের বাকি জীবন কারাগারেই কাটাতে হবে। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০০৬ সালে। ২০১৯ সালে গভর্নরের দায়িত্ব গ্রহণের পর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারি করেন নিউসম। সংবাদসূত্র সিএনএন, ক্যালম্যাটার্স, ক্যালিফোর্নিয়া গভর্নরের কার্যালয় 876TR
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান উৎসব ‘থ্যাংকসগিভিং’ উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া ছুটি ও ভ্রমণযাত্রায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির পূর্ব ও পশ্চিম—উভয় উপকূলেই শক্তিশালী ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এতে কয়েক কোটি মানুষের যাতায়াত ব্যাহত হতে পারে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ)-এর পূর্বাভাস অনুযায়ী, ২৪ নভেম্বর মঙ্গলবার থেকে ৩০ নভেম্বর সোমবারের মধ্যে অন্তত ৮ কোটি ১৫ লাখ মার্কিন নাগরিক বাড়ি থেকে ৫০ মাইল বা তার বেশি দূরত্বে ভ্রমণ করবেন। এর মধ্যে প্রায় ৭ কোটি ২৯ লাখ মানুষ সড়কপথে গাড়িতে এবং ৫৯ লাখ ৬০ হাজার মানুষ অভ্যন্তরীণ ফ্লাইটে যাতায়াত করবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় ঝড়ের প্রভাবে চলতি সপ্তাহে পশ্চিম উপকূলে ব্যাপক বৃষ্টিপাত, পাহাড়ি এলাকায় তুষারপাত, ঝোড়ো হাওয়া এবং সাগরে উঁচু ঢেউয়ের সৃষ্টি হবে। বিশেষ করে মঙ্গলবার রাত থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে, যা বুধবার পর্যন্ত স্থায়ী হবে। ‘অ্যাটমোস্ফেরিক রিভার’ বা বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্পের প্রবাহের কারণে ওয়াশিংটন থেকে উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এর ফলে সিয়াটল ও স্যাক্রামেন্টোর মধ্যবর্তী আই-৫ মহাসড়ক এবং পাহাড়ি এলাকার আই-৮০ ও আই-৯০ সড়কে তীব্র যানজট ও বিলম্বের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া মঙ্গলবার পূর্ণিমার (বিভার মুন) প্রভাবে পশ্চিম উপকূলে বছরের সর্বোচ্চ জোয়ার দেখা দিতে পারে, যা ঝড়ের সঙ্গে যুক্ত হয়ে উপকূলীয় বন্যার ঝুঁকি বাড়িয়েছে। সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি বে এরিয়ার বাসিন্দাদের আবহাওয়ার পূর্বাভাস দেখে প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, বুধবার দক্ষিণ-পূর্ব উপকূলে সৃষ্ট একটি নিম্নচাপ শক্তিশালী হয়ে উত্তর দিকে অগ্রসর হবে এবং থ্যাংকসগিভিংয়ের দিন একটি প্রলয়ংকরী ‘নরইস্টার’ ঝড়ে রূপ নেবে। এটি ফ্লোরিডা ও ক্যারোলাইনা হয়ে মধ্য-আটলান্টিক ও উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানবে। এতে ১৫টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিকে সংযোগকারী আই-৯৫ করিডোর জুড়ে ঘণ্টায় ৪০ মাইলের (৬৪ কিলোমিটার) বেশি বেগে দমকা হাওয়া বইতে পারে। থ্যাংকসগিভিংয়ের দিন নিউইয়র্ক সিটিতে ভারী বৃষ্টি ও উপকূলীয় বন্যার সতর্কতা জারি করেছে নগরীর জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এই বৈরী আবহাওয়ার কারণে ঐতিহ্যবাহী ১০০তম ‘ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড’-এ বিশালাকার বেলুন ওড়ানো সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। নিয়ম অনুযায়ী, বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩ মাইল বা দমকা হাওয়া ৩৫ মাইল ছাড়ালে প্যারেডে বড় বেলুন ওড়ানো নিষিদ্ধ। এদিকে আকাশপথেও ভোগান্তির শঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি এয়ার-ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার কারিগরি ত্রুটি কাটিয়ে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেও নতুন করে আবহাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে। উপকূলীয় বন্যার সতর্কতার কারণে সান ফ্রান্সিসকো এবং ওকল্যান্ড বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। ইউনাইটেড এয়ারলাইন্স ইতোমধ্যে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর (এসএফও) হয়ে যাতায়াতকারী যাত্রীদের বিনা খরচে ফ্লাইটের সময় পরিবর্তনের সুযোগ দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে। সূত্র: বিবিসি 873 ডিএন
যুক্তরাষ্ট্রে ২০২৭ সাল থেকে সোশ্যাল সিকিউরিটি করের আওতাভুক্ত আয়ের সর্বোচ্চ সীমা বাড়ানো হচ্ছে। এর ফলে উচ্চ আয়ের কর্মীদের বছরে অতিরিক্ত ৪৮৩ ডলার ৬০ সেন্ট পর্যন্ত কর দিতে হবে। তবে করের হার অপরিবর্তিত থাকায় এই পরিবর্তনের প্রভাব সব কর্মীর ওপর পড়বে না। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এসএসএ) সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালে করযোগ্য আয়ের সর্বোচ্চ সীমা ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলার থেকে বাড়িয়ে ২০২৭ সালে ১ লাখ ৯২ হাজার ৩০০ ডলার নির্ধারণ করা হয়েছে।বর্তমানে কর্মীদের করযোগ্য বেতনের ৬ দশমিক ২ শতাংশ সোশ্যাল সিকিউরিটি কর হিসেবে কেটে নেওয়া হয়। নিয়োগকর্তারাও সমপরিমাণ অর্থ প্রদান করেন। আগামী বছর এই হার অপরিবর্তিত থাকলেও করযোগ্য আয়ের সীমা ৭ হাজার ৮০০ ডলার বাড়ছে। কত টাকা কর দিতে হবে? - ২০২৬ সালে সর্বোচ্চ সোশ্যাল সিকিউরিটি কর: ১১ হাজার ৪৩৯ ডলার। - ২০২৭ সালে সর্বোচ্চ সোশ্যাল সিকিউরিটি কর: ১১ হাজার ৯২২ ডলার ৬০ সেন্ট। - অতিরিক্ত কর: ৪৮৩ ডলার ৬০ সেন্ট। কাদের ওপর প্রভাব পড়বে? যেসব কর্মীর বার্ষিক আয় ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলার বা তার কম এবং আয় অপরিবর্তিত থাকবে, তাঁদের এই পরিবর্তনের কারণে অতিরিক্ত কর দিতে হবে না। তবে এর বেশি আয় করেন এমন কর্মীদের করের পরিমাণ বাড়বে। উভয় বছরেই অন্তত ১ লাখ ৯২ হাজার ৩০০ ডলার আয় করা কর্মীদের সর্বোচ্চ অতিরিক্ত ৪৮৩ ডলার ৬০ সেন্ট দিতে হবে।উদাহরণ হিসেবে, কোনো কর্মীর বার্ষিক বেতন ৬০ হাজার ডলার হলে ২০২৬ ও ২০২৭ উভয় বছরেই তাঁকে সোশ্যাল সিকিউরিটি কর হিসেবে ৩ হাজার ৭২০ ডলার দিতে হবে, যদি তাঁর বেতন অপরিবর্তিত থাকে।এদিকে স্বনিয়োজিত ব্যক্তিদের জন্য সোশ্যাল সিকিউরিটি করের হার ১২ দশমিক ৪ শতাংশ বহাল থাকছে। নতুন করযোগ্য আয়ের সীমার কারণে উচ্চ আয়ের স্বনিয়োজিত ব্যক্তিদের সর্বোচ্চ করের পরিমাণও বাড়বে। অবসরপ্রাপ্তদের জন্য সুখবর ২০২৭ সালে জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের (কোলা) আওতায় সোশ্যাল সিকিউরিটি সুবিধা ৩ দশমিক ৬ শতাংশ বাড়ানো হচ্ছে। এর ফলে অবসরপ্রাপ্তদের গড় মাসিক ভাতা ২ হাজার ৯৫ ডলার থেকে বেড়ে ২ হাজার ১৭০ ডলার হবে। অর্থাৎ প্রতি মাসে গড়ে অতিরিক্ত ৭৫ ডলার পাবেন তাঁরা।নতুন করযোগ্য আয়ের সীমা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। সংবাদসূত্র নিউজউইক, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন 876 TR
দখলকৃত পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে তিনি বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি বদলাতে হলে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইসরায়েলে মার্কিন সামরিক অর্থায়নের বিষয়টিও বিবেচনায় আনতে হবে। সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামদানি এ কথা বলেন। তিনি বলেন, বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে বহু ফিলিস্তিনির জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার উদ্যোগ ইতিবাচক হলেও যুক্তরাষ্ট্রের আরও এগোনো প্রয়োজন। মামদানির অভিযোগ, একাধিক মার্কিন প্রশাসনের আমলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার অর্থায়ন করেছে। তাঁর ভাষায়, এখন ভিন্ন নীতি গ্রহণের সময় এসেছে। তবে ওই বক্তব্যে তিনি সামরিক সহায়তা বন্ধের কোনো নির্দিষ্ট বিল বা পদক্ষেপের নাম উল্লেখ করেননি। মেয়রের মন্তব্যের আগে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফ্রিস নতুন কংগ্রেসের প্রথম ১০০ দিনের মধ্যে পশ্চিম তীরের সহিংসতা নিয়ে নিষেধাজ্ঞাসংক্রান্ত একটি বিল এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান। প্রস্তাবিত ব্যবস্থাটি কেবল ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য নয়; পশ্চিম তীরে সহিংসতা বা নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনায় জড়িত অন্য ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। ইসরায়েলে কিছু মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ এবং বসতি সম্প্রসারণে আরও বিস্তৃত নিষেধাজ্ঞার পৃথক প্রস্তাব নিয়েও ডেমোক্র্যাটদের মধ্যে আলোচনা রয়েছে। জেফ্রিস বলেছেন, এসব প্রস্তাব নিয়ে দলের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন; তবে সেগুলোর প্রতি সমর্থন ঘোষণা করেননি। আগামী জানুয়ারিতে তিনি প্রতিনিধি পরিষদের স্পিকার হতে পারেন—এটি এখনো চূড়ান্ত হয়নি। সংবাদসূত্র: আনাদোলু এজেন্সি 870 বিএইচ
যুক্তরাষ্ট্রে নার্সিং পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য অনলাইন ও সরাসরি প্রশিক্ষণের সমন্বয়ে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসএন) ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে চেম্বারলেইন ইউনিভার্সিটি। পূর্ণকালীন পড়াশোনার মাধ্যমে মাত্র তিন বছরে এই ডিগ্রি সম্পন্ন করা সম্ভব। ভর্তির জন্য আগে থেকে রেজিস্টার্ড নার্স হওয়ার প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই প্রোগ্রামে ভর্তির জন্য কোনো আবেদন ফি দিতে হয় না। আগে থেকে নির্দিষ্ট কোনো প্রস্তুতিমূলক কোর্স সম্পন্ন করার বাধ্যবাধকতাও নেই। শিক্ষার্থীরা দিনের যেকোনো সময় অনলাইনে পাঠ গ্রহণ করতে পারবেন।তবে পুরো প্রোগ্রামটি অনলাইনভিত্তিক নয়। শিক্ষার্থীদের সরাসরি উপস্থিত হয়ে ১০টি ক্লিনিক্যাল রোটেশন এবং শিকাগোতে দুটি সিমুলেশন প্রশিক্ষণে অংশ নিতে হবে। এর মাধ্যমে রোগীর সেবা ও চিকিৎসাসংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন শিক্ষার্থীরা। ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা - হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। - পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট। - এইচইএসআই এ২ অথবা গ্রহণযোগ্য টিইএএস, এসএটি বা এসিটি পরীক্ষার ফলাফল। - ভর্তি প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকার। - ভর্তির পর ব্যাকগ্রাউন্ড চেক, ড্রাগ টেস্ট ও ফিঙ্গারপ্রিন্ট যাচাই। পড়াশোনার খরচ ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে অনলাইন বিএসএন প্রোগ্রামের টিউশন ফি প্রতি ক্রেডিটে ৭৮০ ডলার। সাধারণ ১২২ ক্রেডিটের প্রোগ্রামটির টিউশন ফি প্রায় ৯৫ হাজার ১৬০ ডলার। এর বাইরে বই, প্রশিক্ষণ, যাতায়াত ও অন্যান্য ফি রয়েছে।আগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এমন শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে পড়াশোনার সময় ও খরচ কমাতে পারবেন। যোগ্য শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তির সুযোগও রয়েছে। যেসব অঙ্গরাজ্যের বাসিন্দারা আবেদন করতে পারবেন ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, মিশিগান, পেনসিলভানিয়া, ওহাইও, ভার্জিনিয়া, ইলিনয় ও ম্যাসাচুসেটসসহ যুক্তরাষ্ট্রের ৩৫টির বেশি অঙ্গরাজ্যে বসবাসকারীদের জন্য এই প্রোগ্রাম চালু রয়েছে। তবে বর্তমানে নিউইয়র্ক ও নিউ জার্সি অনলাইন প্রোগ্রামের অনুমোদিত তালিকায় নেই। নার্সদের বেতন ও চাকরির সম্ভাবনা যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে রেজিস্টার্ড নার্সদের মধ্যম বার্ষিক বেতন ছিল ৯৭ হাজার ৫৫০ ডলার। ঘণ্টাপ্রতি মধ্যম বেতন ছিল ৪৬ ডলার ৯০ সেন্ট।২০২৫ থেকে ২০৩৫ সাল পর্যন্ত এই পেশায় কর্মসংস্থান ৬ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সময়ে প্রতিবছর গড়ে প্রায় ১ লাখ ৮০ হাজার ৮০০টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বিএসএন ডিগ্রি সম্পন্ন করার পর রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করতে এনসিএলইএক্স-আরএন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের লাইসেন্স গ্রহণ করতে হবে। সংবাদসূত্র চেম্বারলেইন ইউনিভার্সিটি, ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস 876 TR
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির দুটি হিন্দু ও ইহুদি সংগঠন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের নিয়ে তাঁর অতীত বক্তব্যের প্রসঙ্গ তুলে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে সংগঠন দুটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও দ্য অস্ট্রেলিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে সংগঠন দুটি দাবি করে, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর তাঁকে বীর ও শহীদ হিসেবে অভিহিত করেছিলেন শফিকুর রহমান। এ ছাড়া হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে তাঁকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেছিলেন তিনি। সংগঠন দুটি জানায়, গত ২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আয়োজিত একটি মধ্যাহ্নভোজে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জামায়াত আমিরকে কেন অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং দেশটির সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে বৈঠক করেছেন কি না, তা জানতে চেয়েছে সংগঠন দুটি। অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বলেন, এর আগে ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল। এসব সিদ্ধান্তের সঙ্গে জামায়াত আমিরকে প্রবেশের অনুমতি দেওয়ার সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের সফর অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। যৌথ বিবৃতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা এবং দলটির সাবেক কয়েকজন নেতার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে। তবে সংগঠন দুটির বিবৃতির বিষয়ে অস্ট্রেলিয়া সরকার কিংবা জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া সম্পর্কে পর্যালোচিত সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে কিছু জানানো হয়নি। সংবাদসূত্র: টাইমস অব ইসরায়েল 871-এসএ
ভারতের এক ফুচকা বিক্রেতার সম্পদের পরিমাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, ওই বিক্রেতার একটি ব্যাংক অ্যাকাউন্টেই রয়েছে ৪৭ লাখ রুপি। ইতোমধ্যে দুটি সম্পত্তি কিনেছেন তিনি। এবার এক কোটি রুপি মূল্যের আরও একটি সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ২৬ বছর বয়সী এক যুবকের পোস্ট থেকে এই আলোচনা শুরু হয়। ওই যুবক জানান, তার বাবার একটি মুদি দোকান রয়েছে। সেখান থেকে নিয়মিত ব্যবসার প্রয়োজনীয় উপকরণ কেনেন ওই ফুচকা বিক্রেতা। সম্প্রতি বাবার কাছ থেকেই ওই বিক্রেতার আর্থিক অবস্থার কথা জানতে পারেন তিনি। পোস্টে দাবি করা হয়, ২০২৪ সালের দীপাবলির সময় একটি বাড়ি কেনেন ওই ফুচকা বিক্রেতা। ২০২৫ সালে আরও ৬০ লাখ রুপির সম্পত্তি কেনেন। বর্তমানে এক কোটি রুপি মূল্যের আরেকটি সম্পত্তি কেনার কথা ভাবছেন তিনি। এ জন্য প্রায় ৭০ লাখ রুপি নগদ পরিশোধ করতেও প্রস্তুত রয়েছেন। ওই যুবক জানান, কয়েক বছর ধরে চাকরি, বাড়তি আয়ের উৎস, সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে তিনি প্রায় ৫২ লাখ ৭০ হাজার রুপির নিট সম্পদ গড়ে তুলেছেন। অথচ রাস্তার পাশে ফুচকা বিক্রি করা একজন ব্যবসায়ীর সম্পদের কথা শুনে তিনি বিস্মিত হয়েছেন। তার দাবি, ওই ফুচকা বিক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় প্রায়ই সেখানে ১০ থেকে ১৫ জন ক্রেতার ভিড় দেখতে পান তিনি। পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষুদ্র ব্যবসার আয়ের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের মতে, স্থায়ী দোকান ভাড়ার খরচ ছাড়াই নিয়মিত বিপুলসংখ্যক ক্রেতার কাছে খাবার বিক্রি করে ভালো মুনাফা অর্জনের সুযোগ রয়েছে। তবে অনেকে বলছেন, একজন ব্যবসায়ীর সাফল্য দিয়ে পুরো খাতের আর্থিক অবস্থা বিচার করা উচিত নয়। ক্ষুদ্র ব্যবসায় আয়, বিনিয়োগ, পরিচালন ব্যয় ও লোকসানের ঝুঁকিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। ওই ফুচকা বিক্রেতার পরিচয়, ব্যাংক হিসাব, সম্পত্তির মালিকানা ও আয়ের উৎস সম্পর্কে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংবাদসূত্র: এনডিটিভি প্রফিট 871-এসএ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর প্রায় নয় মাস পর ওয়াশিংটন ও তেল আবিবে নতুন এক উদ্বেগ দেখা দিয়েছে। কয়েক মাস ধরে চলা ব্যাপক হামলা সত্ত্বেও তেহরান কি এখনো এমন সামরিক সক্ষমতা ধরে রেখেছে, যা নতুন কোনো সংঘাতকে পরিকল্পনাকারীদের ধারণার চেয়েও বহুগুণ ভয়াবহ করে তুলতে পারে? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়ন এবং ইরানের নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচনের ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী যুদ্ধ পরিকল্পনায় বড় ধরনের জটিলতা তৈরি করেছে। অক্ষত দেড় থেকে আড়াই হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে সামরিক অবকাঠামোতে হামলার পরও ইরানের হাতে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারাও মনে করেন, তেহরানের কাছে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অক্ষত আছে। এছাড়া পশ্চিমা এক কর্মকর্তার তথ্যমতে, ইরানের হাতে অন্তত ১ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র থাকতে পারে এবং দেশটি প্রতি মাসে আরও প্রায় ৫০টি করে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে। বিশাল এই সমরাস্ত্র ভান্ডার ট্রাম্প প্রশাসনের নতুন সামরিক অভিযানের হিসাব-নিকাশকে বেশ জটিল করে তুলেছে। নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ ও ডাবল লঞ্চার প্রদর্শনওয়াশিংটনের সম্ভাব্য হামলার হুমকির মুখে গত রোববার ইরান তাদের নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা ‘মিসাইল সিটি’ এবং একই সঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন লঞ্চারের ভিডিও প্রকাশ করেছে। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থায় প্রকাশিত ফুটেজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আহমদ বাহিদি এবং অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ মুসাভিকে বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ পরিদর্শন করতে দেখা যায়। এই প্রথম ইরান একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত (লিকুইড-ফুয়েল) ক্ষেপণাস্ত্র ছোড়ার উপযোগী লঞ্চার প্রকাশ্যে আনল। তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ সহজেই পরিবর্তন করা যায় এবং ভূগর্ভস্থ হওয়ায় মার্কিন বা ইসরায়েলি বাহিনীর পক্ষে এগুলো শনাক্ত ও ধ্বংস করা বেশ কঠিন। ভিডিওটিতে ‘ফাত্তাহ’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ‘খোররামশাহর’ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হোয়াইট হাউসকে লক্ষ্য করে লেখা একটি ব্যঙ্গাত্মক বার্তাও প্রদর্শন করা হয়। ইসরায়েলি গোয়েন্দাদের সতর্কবার্তা ও নেতানিয়াহুর চাপ ইরানে নতুন করে হামলার বিষয়ে ইসরায়েলের ভেতর থেকেই সতর্কবার্তা এসেছে। গত সপ্তাহে এক রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানে নতুন কোনো হামলা চালানো হলে তা লেবানন, সিরিয়া ও গাজাকে জড়িয়ে এক বহুমুখী আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ৩ থেকে ৫ দিনের মধ্যে অভিযান সীমাবদ্ধ রাখার যে ধারণা করা হচ্ছে, তা বাস্তবে কাজ নাও করতে পারে। যদিও নেতানিয়াহু এবং মোসাদ প্রধান রোমান গোফম্যান নতুন করে হামলার জন্য ওয়াশিংটনের ওপর চাপ অব্যাহত রেখেছেন। কেন অপেক্ষা করছেন ট্রাম্প?প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে সামরিক অভিযানকে বড় সাফল্য দাবি করে যুদ্ধ ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন, অন্যদিকে ‘লকড অ্যান্ড লোডেড’ থাকার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সাথে পরমাণু আলোচনা স্থগিত করার নির্দেশ দিয়েছেন এবং চার থেকে সাত দিনের একটি বোমা হামলা অভিযানের কথাও বিবেচনা করছেন বলে জানা গেছে। তবে মার্কিন গোয়েন্দাদের মতে, নতুন হামলা চালালেও ইরানের অবস্থানে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। ফলে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ ও পাল্লার দাবি এদিকে ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, তারা ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটার থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ কিলোমিটারে উন্নীত করেছেন, যা ইউরোপের কিছু অংশকেও আওতায় আনতে পারে। যদিও এর কোনো স্বাধীন প্রমাণ মেলেনি। তবে নতুন করে যুদ্ধ শুরু হলে বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল চরম ঝুঁকির মুখে পড়বে। এই আশঙ্কা থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলো কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। সূত্র: গালফ নিউজ 873 ডিএন