ওয়াশিংটনে পথ বন্ধ হচ্ছে নেতানিয়াহুর? ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্কের টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত দুই নেতার মধ্যে বিশেষ করে ইরানকে ঘিরে কৌশলগত অবস্থানে পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। ট্রাম্প যেখানে দ্রুত সংঘাতের অবসান ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন, সেখানে নেতানিয়াহু সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষণ ও কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, অতীতে ওয়াশিংটনের রাজনৈতিক বিভাজনকে কাজে লাগিয়ে নেতানিয়াহু রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবির থেকেই সমর্থন আদায় করতে সক্ষম হয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ অনেকটাই সীমিত হয়ে এসেছে।
রিপাবলিকান পার্টির ওপর ট্রাম্পের দৃঢ় নিয়ন্ত্রণ এবং ডেমোক্র্যাটদের একটি বড় অংশের মধ্যে নেতানিয়াহুর নীতির প্রতি সমর্থন কমে যাওয়ায় ওয়াশিংটনে তার রাজনৈতিক পরিসর আগের তুলনায় সংকুচিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে দুই নেতার মতবিরোধ আরও প্রকাশ্য হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য একটি বড় সামরিক হামলা ঠেকাতে তিনি সরাসরি নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করেছিলেন। তার দাবি, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন যে একতরফা পদক্ষেপ নিলে ইসরাইলকে শেষ পর্যন্ত একাই পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে।
ট্রাম্পের এই অবস্থানকে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী বার্তা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের নীতিতে ইসরাইলের নিরাপত্তা প্রশ্নে প্রায় নিঃশর্ত সমর্থনের ধারা বজায় থাকলেও এবার ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের সংঘাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার প্রশাসনের অবস্থানই নির্ধারক হবে।
ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের সঙ্গে সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে আনা, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন স্বাভাবিক রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে কঠোর নজরদারির আওতায় রাখা।
প্রশাসনের বিভিন্ন সূত্রের মতে, দীর্ঘস্থায়ী যুদ্ধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকানদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলে উদ্বেগ রয়েছে।
অন্যদিকে নেতানিয়াহুর রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে তার নেতৃত্ব নিয়ে ইসরাইলের ভেতরে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থান প্রদর্শন এখন তার জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার জবাবে শক্ত প্রতিক্রিয়া না দেখালে তাকে দুর্বল নেতা হিসেবে উপস্থাপন করা হতে পারে বলে আশঙ্কা করছেন তার সমর্থকেরা। এ কারণে ট্রাম্পের চাপ থাকা সত্ত্বেও নেতানিয়াহু ইরান এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।
সাম্প্রতিক সংঘাত চলাকালে ইরানের হামলার পর বড় ধরনের পাল্টা আঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ট্রাম্পের হস্তক্ষেপের পর ইসরাইলের প্রতিক্রিয়া সীমিত রাখা হয় বলে জানা যায়। এরপরও নেতানিয়াহু ইরান ও লেবাননের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার অনুমোদন দেন।
ট্রাম্প পরে জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাকে অনুরোধ করেছিল যেন তিনি নেতানিয়াহুকে নতুন হামলা থেকে বিরত রাখেন। এরপর তিনি সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন।
মার্কিন সাবেক কূটনীতিক অ্যারন ডেভিড মিলার বলেন, নেতানিয়াহুর ওপর ট্রাম্পের বর্তমান রাজনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের ইতিহাসে বিরল একটি ঘটনা। তার মতে, রিপাবলিকান পার্টির ওপর ট্রাম্পের একক প্রভাব এই পরিস্থিতি তৈরি করেছে।
তবে হোয়াইট হাউস দুই নেতার সম্পর্কের মধ্যে বড় ধরনের সংকটের কথা অস্বীকার করেছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিরাপত্তা সহযোগিতা আগের মতোই অব্যাহত রয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী অবস্থানে আছে।
এদিকে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী নেতারা অভিযোগ করছেন, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইল যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে।
সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, নেতানিয়াহু ইসরাইলের স্বাধীন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদও অভিযোগ করেছেন, তার সময়ে ইসরাইলের নীতিনির্ধারণে যুক্তরাষ্ট্রের প্রভাব বেড়েছে।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ স্বাধীনতা ইসরাইলের রয়েছে। তার ভাষ্য, ইরান ও হিজবুল্লাহ এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে তারা হামলা চালাবে, কিন্তু ইসরাইল জবাব দিতে পারবে না। এমন পরিস্থিতি তিনি মেনে নেবেন না।
পর্যবেক্ষকদের ধারণা, ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কের এই পরিবর্তন কেবল ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের বিষয় নয়; এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো ও আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের ওপরও প্রভাব ফেলতে পারে।
কিছু সাবেক গোয়েন্দা কর্মকর্তার মতে, ইরান বর্তমানে ওয়াশিংটন ও তেলআবিবের মধ্যে তৈরি হওয়া দূরত্ব পর্যবেক্ষণ করছে এবং এই পরিস্থিতিকে কৌশলগতভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। একই সঙ্গে হিজবুল্লাহসহ আঞ্চলিক মিত্রদের অবস্থান আরও শক্তিশালী করার উদ্যোগও অব্যাহত রয়েছে।
ইসরাইলের সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের একাংশ মনে করছেন, সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক বলয়ের মধ্যেও নেতানিয়াহুর প্রভাব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, অতীতে তিনি ট্রাম্প প্রশাসনের ওপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারলেও বর্তমান পরিস্থিতিতে সেই সক্ষমতা আগের মতো কার্যকর নেই।
বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্প স্পষ্টভাবে মধ্যপ্রাচ্য নীতির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান। আর নেতানিয়াহু এমন এক রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন, যেখানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে কাজে লাগানোর পুরোনো কৌশল ক্রমেই সীমিত হয়ে আসছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং দিবসকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বোস্টন সিটি কাউন্সিল। আদিবাসীদের ইতিহাস, ভূমি হারানো এবং ঔপনিবেশিক শাসনের কারণে তাঁদের ওপর সংঘটিত নির্যাতন ও নিপীড়নের স্মরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ নভেম্বর থ্যাংকসগিভিং দিবসেই এ স্বীকৃতি কার্যকর হবে। বোস্টন সিটি কাউন্সিলের ১৮ নভেম্বরের সভায় এ বিষয়ে একটি প্রস্তাব পাস হয়। কাউন্সিলর বেঞ্জামিন ওয়েবার প্রস্তাবটি উত্থাপন করেন। পরে কাউন্সিলর রুথজি লুইজেউন ও জুলিয়া মেহিয়াসহ অন্য সদস্যরা এতে সহপ্রস্তাবক হিসেবে যুক্ত হন। কাউন্সিলের নথি অনুযায়ী, প্রস্তাবটি পাস হয়েছে।‘ন্যাশনাল ডে অব মর্নিং’ বা জাতীয় শোক দিবসের ইতিহাস ১৯৭০ সাল থেকে শুরু। প্রতিবছর থ্যাংকসগিভিংয়ের দিন ম্যাসাচুসেটসের প্লাইমাউথ শহরের কোলস হিলে আদিবাসী জনগোষ্ঠী ও তাঁদের সমর্থকেরা সমবেত হন। ওয়াম্পানোয়াগ নেতা ওয়ামসুত্তা ফ্রাঙ্ক জেমস এবং ইউনাইটেড আমেরিকান ইন্ডিয়ানস অব নিউ ইংল্যান্ডের উদ্যোগে এ আয়োজন শুরু হয়েছিল। আয়োজকদের কাছে থ্যাংকসগিভিং শুধু কৃতজ্ঞতা প্রকাশের উৎসব নয়; এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায় স্মরণ করার দিনও। তাঁদের মতে, ইউরোপীয় উপনিবেশ স্থাপনের ফলে আদিবাসীরা তাঁদের পূর্বপুরুষের ভূমি হারিয়েছেন, তাঁদের সংস্কৃতি ও জীবনযাত্রা ধ্বংসের মুখে পড়েছে এবং দীর্ঘদিন ধরে সহিংসতা, বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন। বোস্টন কাউন্সিলর জুলিয়া মেহিয়া বলেন, স্কুলে থ্যাংকসগিভিং সম্পর্কে প্রচলিত যে ইতিহাস শেখানো হয়, তাতে আদিবাসীদের ওপর উপনিবেশবাদের ভয়াবহ পরিণতির বিষয়টি যথাযথভাবে উঠে আসে না। তাঁর মতে, এসব অন্যায় শুধু অতীতের ঘটনা নয়; এর প্রভাব এখনো আদিবাসী জনগোষ্ঠীর জীবনে রয়েছে।কাউন্সিলর বেঞ্জামিন ওয়েবারও বলেন, থ্যাংকসগিভিংয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দ উদ্যাপনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইতিহাসের পূর্ণাঙ্গ সত্য এবং আদিবাসীদের ওপর ঘটে যাওয়া অন্যায় স্মরণ করা প্রয়োজন। তিনি আদিবাসীদের অধিকার ও তাঁদের সংস্কৃতি রক্ষায় কাজ করা সংগঠনগুলোর পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেন। এটি বোস্টন সিটি কাউন্সিলের টানা তৃতীয় বছরের এমন স্বীকৃতি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি একটি প্রতীকী ও আনুষ্ঠানিক স্বীকৃতি। এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির তালিকা বা বোস্টন শহরের সরকারি কার্যক্রমে কোনো পরিবর্তন আসছে না। এটি শুধু বোস্টন শহরের কাউন্সিলের পক্ষ থেকে আদিবাসীদের ইতিহাস ও তাঁদের শোক পালনের প্রতি সংহতি প্রকাশ। সংবাদ সূত্র City Council Legislative - City of Boston,Fox News ৮৭৬টিআর
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। জাতিসংঘের হিসাব তুলে ধরে তিনি বলেন, ওই আন্দোলনে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। তাঁদের অনেকেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় ২৪ নভেম্বর মঙ্গলবার নিউইয়র্কে আয়োজিত ওই সেমিনারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বক্তব্য দেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে সংঘর্ষের সময় নিহত ছয় বছর বয়সী এক শিশুর কথা বিশেষভাবে স্মরণ করেন হ্যারি টমাস। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বর্তমান গণতান্ত্রিক অবস্থানে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আন্দোলনের সময় সহিংসতায় নিহত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও স্মরণ করার আহ্বান জানান। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে হ্যারি টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র কোনো দেশের ওপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। দেশের জনগণকেই নিজেদের গণতান্ত্রিক ভবিষ্যৎ বেছে নিতে হয়। গত ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণ সেই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রদূত। পাশাপাশি গণতন্ত্রকে শক্তিশালী করতে কার্যকর বিরোধী দল, বাকস্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দেন তিনি। বর্তমান সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হ্যারি টমাস। রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটকের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান অনুযায়ী প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করতে হবে। সেমিনার শেষে নিজের লিংকডইন অ্যাকাউন্টেও বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন হ্যারি টমাস। সেখানে অতীতের অন্যায়ের বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজন থেকে বেরিয়ে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সূত্র: দৈনিক ইনকিলাব 871 এসএ
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী অবস্থানের শীর্ষ অঙ্গরাজ্যের তালিকায় ক্যালিফোর্নিয়াকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে নিউইয়র্ক। সাম্প্রতিক 'ওপেন ডোরস ২০২৬' প্রতিবেদনে দেখা গেছে, সামগ্রিক বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমলেও বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর রেকর্ড গড়েছে। নিউইয়র্কের শীর্ষস্থান ও অঙ্গরাজ্যগুলোর চিত্র 'ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন ' (আইআইই)-এর তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ১৬৩ জনে, যা আগের বছরের তুলনায় ২.৭ শতাংশ কম। ২০২০–২১ শিক্ষাবর্ষের পর এটিই প্রথম বার্ষিক পতন। নতুন পরিসংখ্যানে ১ লাখ ৩৩ হাজার ৭১৫ জন শিক্ষার্থী নিয়ে নিউইয়র্ক শীর্ষে রয়েছে (বার্ষিক পরিবর্তন -৩.০ শতাংশ)। ১ লাখ ৩১ হাজার ২৭৬ জন শিক্ষার্থী নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ক্যালিফোর্নিয়া (-৫.৮ শতাংশ)। দুই অঙ্গরাজ্যের ব্যবধান মাত্র ২ হাজার ৪৩৯ জন। শীর্ষ দশ অঙ্গরাজ্যের মধ্যে কেবল টেক্সাস (৯৮ হাজার ৯০২ জন, +১.৯ শতাংশ) এবং ইলিনয় (৬৭ হাজার ৩৮৯ জন, +১.১ শতাংশ) ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে। ক্যাম্পাসের দিক থেকে ২৬ হাজার ৫৯৫ জন বিদেশি শিক্ষার্থী নিয়ে শীর্ষে রয়েছে নিউইয়র্ক ইউনিভার্সিটি (এনওয়াইইউ)। বাংলাদেশের রেকর্ডসহ দেশের ভিত্তিতে প্রবণতা সামগ্রিক সংখ্যা কিছুটা কমলেও আটটি দেশ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে সর্বকালের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাঠিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর মধ্যে— বাংলাদেশ: ১১.৮ শতাংশ প্রবৃদ্ধিতে ২২ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী নিয়ে নতুন রেকর্ড গড়েছে। নেপাল: ১৭ শতাংশ বেড়ে ২৯ হাজার ৫৮ জনে পৌঁছেছে, যা শীর্ষ উৎস দেশগুলোর তালিকায় নেপালকে পঞ্চম অবস্থানে নিয়ে এসেছে। পাকিস্তান: ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। এছাড়া ভিয়েতনাম (+৭ শতাংশ), কলম্বিয়া (+৫ শতাংশ), কানাডা (+৪ শতাংশ), ঘানা (+৩ শতাংশ) এবং ইতালি (+১ শতাংশ) রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পাঠিয়েছে। অন্যদিকে, ৩ লাখ ৩৯ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী নিয়ে ভারত শীর্ষ অবস্থানে থাকলেও সংখ্যা কমেছে ৬.৫ শতাংশ এবং চীনের শিক্ষার্থীর সংখ্যা ৪.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫৮ জনে। এই দুই দেশ মিলেই মোট বিদেশি শিক্ষার্থীর ৫১.৮ শতাংশ দখল করে আছে। ওপিটি ও নতুন ভর্তির বদলে যাওয়া হিসাব ওপেন ডোরস প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং পড়াশোনা শেষে 'অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ' (ওপিটি)-এ থাকা স্নাতকদের হিসাব একসঙ্গে ধরা হয়। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে নিয়মিত ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ৮.৩ শতাংশ কমে ৮ লাখ ১০ হাজার ৩৭৮ জনে দাঁড়ালেও ওপিটিতে থাকা শিক্ষার্থীর সংখ্যা ১৪.১ শতাংশ বেড়ে হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৭৮৫ জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তি ১৭.৭ শতাংশ কমে ২ লাখ ৭৭ হাজার ১১৮ জন থেকে ২ লাখ ২৮ হাজার ১২৩ জনে নেমে এসেছে। স্নাতকোত্তর পর্যায়ে নতুন ভর্তি কমেছে ২৫.৬ শতাংশ এবং মাস্টার্স পর্যায়ে মোট শিক্ষার্থী কমেছে ২২.৪ শতাংশ। তবে ডক্টরাল পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ৩.১ শতাংশ বেড়ে ১ লাখ ৫৮ হাজার ১৫২ জনে পৌঁছেছে এবং স্নাতক পর্যায় প্রায় স্থিতিশীল (-০.৩ শতাংশ) রয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া। 873 ডিএন
নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া
ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

