যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি লটারির জ্যাকপট জেতেন মানুষ, জিতলে কেমন বাড়ি কেনা সম্ভব?
যুক্তরাষ্ট্রে কোথায় থাকেন, সেটি শুধু লটারির জ্যাকপট জেতার সম্ভাবনাই নয়, সেই অর্থ দিয়ে কেমন বাড়ি কেনা সম্ভব, সেটিও অনেকাংশে নির্ধারণ করতে পারে। সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে দেখা গেছে, কিছু অঙ্গরাজ্যে অন্যগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি মানুষ লটারির বড় পুরস্কার জিতছেন। একই সঙ্গে এসব রাজ্যে জ্যাকপট জিতলে কী ধরনের বিলাসবহুল বাড়ি কেনা সম্ভব, সে চিত্রও তুলে ধরা হয়েছে।
রিয়েল এস্টেটবিষয়ক সংবাদমাধ্যম Realtor.com প্রকাশিত এক প্রতিবেদনে Vegas Insider-এর যুক্তরাষ্ট্রের লটারি–সংক্রান্ত তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে বলা হয়েছে, লটারির জ্যাকপট বিজয়ীর সংখ্যায় শীর্ষে রয়েছে মিশিগান। এ পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৪৬টি জ্যাকপট জয়ের ঘটনা নথিভুক্ত হয়েছে। বছরে গড়ে ৭২ দশমিক ৭ জন এবং প্রতি ১০ লাখ বাসিন্দার বিপরীতে ৯৮ দশমিক ৪ জন বিজয়ীর হিসাব পাওয়া গেছে।
মিশিগানের পরের অবস্থানে রয়েছে ভার্জিনিয়া, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মেরিল্যান্ড, আইওয়া, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, রোড আইল্যান্ড ও মিসৌরি।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব অঙ্গরাজ্যে বসবাসকারীদের জন্য বড় অঙ্কের লটারি জেতা শুধু ভাগ্যের বিষয় নয়, বরং বিলাসবহুল আবাসনের স্বপ্নও বাস্তবে রূপ দিতে পারে। তবে সেই স্বপ্নের বাড়ির ধরন নির্ভর করবে পুরস্কারের পরিমাণ এবং সংশ্লিষ্ট এলাকার আবাসন বাজারের ওপর।
মিশিগান: কয়েক মিলিয়ন ডলারে বিলাসবহুল বাড়ি
ডেট্রয়েটভিত্তিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান Max Broock Realtors-এর সহযোগী ব্রোকার এরিকা কলিকা সুইঙ্ক বলেন, মেট্রো ডেট্রয়েটে একটি বাড়ির মধ্যম মূল্য প্রায় ৩ লাখ ১৯ হাজার ডলার, আর পুরো মিশিগানে তা প্রায় ২ লাখ ৭৫ হাজার ডলার।
তাঁর মতে, কর পরিশোধের পরও যদি কয়েক মিলিয়ন ডলার হাতে থাকে, তাহলে বার্মিংহাম, ব্লুমফিল্ড হিলস, গ্রস পয়েন্ট কিংবা লেক হিউরনের তীরবর্তী এলাকায় ১০ লাখ থেকে ৫০ লাখ ডলারের বিলাসবহুল বাড়ি সহজেই কেনা সম্ভব। একই বাজেটে ডেট্রয়েট শহরে ঐতিহাসিক প্রাসাদ কিংবা অভিজাত পেন্টহাউসও কেনা যেতে পারে।
ভার্জিনিয়া: জ্যাকপট জিতলে মিলতে পারে বিলাসবহুল প্রাসাদ
উত্তর ভার্জিনিয়ায় একটি বাড়ির মধ্যম মূল্য প্রায় ৮ থেকে ৯ লাখ ডলার। আরলিংটনভিত্তিক রিয়েল এস্টেট এজেন্ট ডেল জিন্টি বলেন, বড় অঙ্কের লটারি জিতলে আর্লিংটন, ম্যাকলিন, গ্রেট ফলস ও ভিয়েনা এলাকায় ৩০ লাখ থেকে দেড় কোটি ডলারের কাস্টম নির্মিত বিলাসবহুল প্রাসাদ কেনা সম্ভব।
এসব বাড়িতে সাধারণত রিসোর্ট–ধাঁচের সুইমিং পুল, হোম থিয়েটার, আধুনিক রান্নাঘর, হট টাব এবং অন্যান্য বিলাসবহুল সুবিধা থাকে।
নিউ জার্সি: ইয়ট রাখার সুযোগসহ জলপাড়ের বাড়ি
নিউ জার্সির মনমাউথ কাউন্টিতে একটি বাড়ির মধ্যম মূল্য প্রায় ৭ লাখ ডলারের বেশি।
ডগলাস এলিম্যান রিয়েল এস্টেটের বিক্রয় প্রতিনিধি ক্রিস ক্যাটজ বলেন, বড় জ্যাকপট জয়ীরা সাধারণত রামসন, মনমাউথ বিচ ও ওশানপোর্ট এলাকায় ৪০ লাখ থেকে দেড় কোটি ডলারের জলপাড়ের বাড়ির প্রতি আগ্রহী হন। এসব বাড়িতে ব্যক্তিগত নৌঘাট, ইয়ট রাখার ব্যবস্থা এবং আটলান্টিক মহাসাগরে সহজ যাতায়াতের সুযোগ থাকে।
অন্যদিকে, যারা রক্ষণাবেক্ষণের ঝামেলা কম চান, তাদের জন্য সমুদ্রতীরবর্তী বিলাসবহুল অ্যাপার্টমেন্টও আকর্ষণীয় বিকল্প। এসব ভবনের পেন্টহাউসের দাম ৫০ লাখ থেকে ১ কোটি ডলারের মধ্যে।
ক্যালিফোর্নিয়া: একবার লটারি জিতলেও যথেষ্ট নাও হতে পারে
যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল আবাসন বাজারগুলোর একটি ক্যালিফোর্নিয়া।
নিউপোর্ট বিচ এলাকায় একটি বাড়ির গড় বিক্রয়মূল্য প্রায় ৪৮ লাখ ডলার। স্থানীয় ব্রোকার পাবলো রেনার বলেন, প্রকৃত অর্থে ‘স্বপ্নের বাড়ি’ কিনতে হলে অন্তত ১ থেকে ১ কোটি ২০ লাখ ডলারের বাজেট প্রয়োজন। আর অনেক বিলাসবহুল বাড়ির দাম ২ থেকে ৩ কোটি ডলার পর্যন্তও হতে পারে।
এসব বাড়িতে প্রশান্ত মহাসাগরের দৃশ্য, ব্যক্তিগত নৌঘাট, ব্যক্তিগত সুইমিং পুল, ছাদবাগান, লিফট এবং সমুদ্রসৈকতে সরাসরি প্রবেশের মতো সুবিধা থাকে।
নিউইয়র্ক: পুরস্কারের অঙ্কই নির্ধারণ করবে বাড়ির ধরন
নিউইয়র্ক সিটিতে লটারির অর্থ দিয়ে কী ধরনের বাড়ি কেনা যাবে, তা অনেকটাই নির্ভর করে পুরস্কারের পরিমাণের ওপর।
ব্রাউন হ্যারিস স্টিভেন্সের রিয়েল এস্টেট এজেন্ট ম্যাথিউ মেলিঞ্জার বলেন, কয়েক মিলিয়ন ডলারের পুরস্কার দিয়ে শহরের ভালো এলাকায় একটি মানসম্মত অ্যাপার্টমেন্ট কেনা সম্ভব। তবে ম্যানহাটনের অভিজাত এলাকায় বিলাসবহুল কন্ডোমিনিয়াম, ঐতিহাসিক ভবন বা টাউনহাউসের দাম কয়েক কোটি ডলার পর্যন্ত পৌঁছে যায়। ফলে বড় অঙ্কের জ্যাকপট জিতলেও অনেক সময় সেটি মানুষের ধারণার তুলনায় কম হতে পারে।
শুধু বাড়ি কিনলেই দায়িত্ব শেষ নয়
বিশেষজ্ঞরা বলছেন, লটারি জেতার পর অনেকেই বাড়ির দাম নিয়েই ভাবেন, কিন্তু দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের ব্যয় বিবেচনা করেন না।
এরিকা সুইঙ্কের মতে, বিলাসবহুল বাড়ি কিনে ফেলাই সবচেয়ে বড় বিষয় নয়। সম্পত্তি কর, বীমা, বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি বিল, কর্মচারীদের বেতন, বাগান পরিচর্যা এবং নিয়মিত সংস্কার বাবদ প্রতি বছর কয়েক হাজার থেকে কয়েক দশ হাজার ডলার পর্যন্ত ব্যয় হতে পারে।
তিনি জানান, বিশেষ করে পুরোনো বা উচ্চমূল্যের বাড়ির ক্ষেত্রে প্রতি বছর বাড়ির মোট মূল্যের ২ থেকে ৪ শতাংশ পর্যন্ত রক্ষণাবেক্ষণ ব্যয় ধরা উচিত। অর্থাৎ ২০ লাখ ডলারের একটি বাড়ির জন্য বছরে শুধু রক্ষণাবেক্ষণেই ৪০ হাজার থেকে ৮০ হাজার ডলার খরচ হতে পারে।
তাঁর পরামর্শ, বড় অঙ্কের লটারি জেতার পর বাড়ি কেনার আগে আর্থিক পরামর্শক, হিসাবরক্ষক, সম্পত্তি–সংক্রান্ত আইনজীবী এবং অভিজ্ঞ রিয়েল এস্টেট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। কারণ, লক্ষ্য হওয়া উচিত শুধু অর্থ ব্যয় করা নয়, দীর্ঘমেয়াদে সেই সম্পদ সংরক্ষণ করাও।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreনিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডি’র অন্যতম উচ্চপদ ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন সাবেক বৌদ্ধ ভিক্ষু তাবি থিয়ানথং। ব্রঙ্কসের একটি প্রিসিঙ্কটের এই কর্মকর্তা মঙ্গলবার ওয়ান পুলিশ প্লাজায় আয়োজিত এক পদোন্নতি অনুষ্ঠানে এই সম্মাননা পান। ৫৩ বছর বয়সী চার সন্তানের জনক থিয়ানথং কুইন্সে জন্মগ্রহণ করেন এবং থাই অভিবাসীদের সন্তান হিসেবে বেড়ে ওঠেন। পদোন্নতির পর তিনি জানান, তরুণ বয়সে গ্রামীণ থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষু হিসেবে কাটানো সময়ের দর্শন ও সংযমই তাকে পুলিশ বাহিনীতে একজন আরও মানবিক ও কার্যকর কর্মকর্তা হয়ে উঠতে সাহায্য করেছে। থিয়ানথংয়ের জীবনের এই ব্যতিক্রমী যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। কলেজ জীবন শেষে নিজের শিকড় ও সংস্কৃতির সন্ধানে তিনি মেকং নদীর তীরবর্তী এক ছোট গ্রামে যান এবং সেখানে একটি মঠে বৌদ্ধ ভিক্ষু হিসেবে দীক্ষা নেন। সে সময় মাথা ও ভ্রু কামিয়ে, ভিক্ষুর পোশাক পরে এবং কেবল একটি ভিক্ষাপাত্র সম্বল করে তিনি নৈতিকতা, ধ্যান ও বৌদ্ধ দর্শন চর্চা করেন। গ্রামবাসীদের দানের ওপর নির্ভর করে জীবনযাপনের সেই অভিজ্ঞতা তার মধ্যে বিনয় ও ত্যাগের গভীর বোধ তৈরি করে। তার মতে, ভিক্ষু জীবনে সব জাগতিক বস্তু, নাম ও উপাধি ত্যাগ করার যে চরম আত্মত্যাগ রয়েছে, তা আজও তাকে মনে করিয়ে দেয় যে পুলিশ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান দায়িত্ব। প্রায় দশ মাস থাইল্যান্ডে অবস্থান করার পর নব্বইয়ের দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ফিরে প্রযুক্তি খাতে কাজ শুরু করেন থিয়ানথং। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শহরকে গভীরভাবে নাড়া দেওয়া সেই ঘটনার পর তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন এবং ২০০৩ সালে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন। শুরুতে ব্রঙ্কসের নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি ভবনগুলোতে টহল দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি মরিস পার্ক ও উডলনের গোয়েন্দা শাখা এবং ব্রঙ্কস রবারি স্কোয়াডে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মার্চে ডেপুটি ইন্সপেক্টর হওয়ার পর এবার পূর্ণ ইন্সপেক্টর পদে উন্নীত হলেন এনওয়াইপিডি’র ৪৩তম প্রিসিঙ্কটের এই কমান্ডিং অফিসার। পদোন্নতির পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে থিয়ানথং পুলিশি কাজে সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কেবল অপরাধের পরিসংখ্যান বা সংখ্যার দিকে তাকিয়ে থাকলেই চলে না, বরং মানুষের অনুভূতি ও ভয়কেও সমান গুরুত্ব দিতে হয় । প্রতিদিনের ব্যস্ততায় একটি ঘটনা পুলিশ সদস্যদের কাছে হয়তো দশ নম্বর কাজ হতে পারে, কিন্তু ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেটিই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা—আর সেই মুহূর্তে পুলিশের আচরণই পুরো পরিস্থিতির গতিপথ নির্ধারণ করে। গৈরিক বসন ছেড়ে নীল উর্দি পরার পর বাহিনীর ভেতরে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক সংহতির বিষয়টি তিনি আলাদাভাবে অনুভব করেছেন বলেও জানান। মঙ্গলবারের অনুষ্ঠানে তার স্ত্রী লেক এবং চার ছেলে থমাস, টিমোথি, টাইটাস ও টেট উপস্থিত ছিলেন, যাদের উপস্থিতি এই প্রাপ্তিকে তার কাছে আরও অর্থবহ করে তুলেছে।
সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে
লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী
গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ফেডারেল অভিবাসন বাহিনীর অভিযানের সময় গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেআইনিভাবে গ্রেপ্তার, আটক রাখা এবং জরুরি চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মার্কিন নাগরিক। ৩১ বছর বয়সী ডায়ান ফিগুয়েরোয়া গত সোমবার (২৩ নভেম্বর) ইলিনয়ের নর্দার্ন ডিস্ট্রিক্টের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে ফেডারেল সরকারের বিরুদ্ধে এই মামলা করেন। ফেডারেল টর্ট ক্লেইমস অ্যাক্টের (এফটিসিএ) অধীনে বেআইনি গ্রেপ্তার ও আটক, শারীরিক নির্যাতন, মানসিক পীড়া এবং চিকিৎসাসেবা প্রদানে অবহেলার অভিযোগ এনে তিনি সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর শিকাগোর ওয়েস্ট টাউন এলাকায় ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন পেশায় প্যারালিগ্যাল ডায়ান ফিগুয়েরোয়া। ওই সময় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)-এর ‘অপারেশন মিডওয়ে ব্লিৎজ’ (Operation Midway Blitz)-এর অংশ হিসেবে অভিযান পরিচালনাকারী একটি চিহ্নবিহীন ফেডারেল এসইউভি গাড়ি হঠাৎ দ্রুতগতিতে তাঁর লেনে ঢুকে পড়ে এবং তাঁর গাড়ির চালকের পাশের অংশে সজোরে ধাক্কা দেয়। ফলে তাঁর গাড়িটি ফেডারেল গাড়ি ও পাশে পার্ক করা আরেকটি গাড়ির মাঝে আটকা পড়ে। অভিযোগে ওই গাড়ির চালক হিসেবে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এজেন্ট ম্যাথিউ সুলেক এবং যাত্রী হিসেবে এজেন্ট অস্কার মেজা, মাইকেল টার্নার ও অ্যান্ড্রু তোরাবপুরের নাম উল্লেখ করা হয়েছে। এরপর মুখোশধারী এজেন্টরা বন্দুক তাক করে তাঁর গাড়ির দরজা খুলে পা ধরে টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে দেন, চেপে ধরে হাতকড়া পরান এবং বারবার নিজেকে মার্কিন নাগরিক বলে পরিচয় দেওয়া সত্ত্বেও কোনো পরিচয়পত্র বা পরোয়ানা ছাড়াই তাঁকে আটক করে নিয়ে যান। অন্যদিকে, ডিএইচএসের এক মুখপাত্র দাবি করেছেন, বর্ডার প্যাট্রোল এজেন্টরা দুজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের সময় ওই নারী তাঁর গাড়ি দিয়ে এজেন্টদের পথরোধ করেন এবং হর্ন বাজান। এজেন্টরা চলে যাওয়ার সময় তিনি তাঁর মার্সিডিজ বেঞ্জ গাড়ি দিয়ে সরকারি গাড়িতে ধাক্কা দেন এবং নামানোর সময় এজেন্টদের লাথি মেরে আহত করায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে নিউজউইক-এর হাতে আসা ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, সশস্ত্র এজেন্টরা ফিগুয়েরোয়াকে গাড়ি থেকে টেনে বের করছেন এবং এক প্রত্যক্ষদর্শী বারবার বলছেন, ‘আপনারা তাঁকে ধাক্কা দিয়েছেন, আমরা সবাই তা দেখেছি।’ ফিগুয়েরোয়া ডিএইচএসের দাবি প্রত্যাখ্যান করে বলেন, ভিডিও প্রমাণই স্পষ্ট করে যে এজেন্টরাই তাঁর গাড়িতে ধাক্কা দিয়েছিলেন এবং তিনি কোনো বিক্ষোভের সঙ্গে যুক্ত ছিলেন না। মামলায় আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারের সময় ফিগুয়েরোয়া কিডনির একটি বড় অস্ত্রোপচারের পর সেরে উঠছিলেন। এজেন্টদের নিজের শারীরিক অবস্থা ও সাম্প্রতিক অস্ত্রোপচারের কথা জানালেও তাঁকে শুরুতে কোনো চিকিৎসা বা পানি পর্যন্ত দেওয়া হয়নি। ব্রডভিউ এবং পরবর্তীতে লম্বার্ডের একটি আটককেন্দ্রে নিয়ে তাঁর আঙুলের ছাপ, ছবি ও ডিএনএ নমুনা সংগ্রহের কয়েক ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তাঁর প্রস্রাবের সঙ্গে রক্তপাত শুরু হলে অ্যাম্বুলেন্সে করে তাঁকে গুড সামারিটান হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তাঁর দাঁতের ক্রাউন ভেঙে যাওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ, অস্ত্রোপচারের ক্ষত বেড়ে যাওয়া, স্নায়ুতে চাপ ও পেশি ছিঁড়ে যাওয়ার পাশাপাশি তীব্র মানসিক ট্রমা সৃষ্টি হয়েছে—যার জেরে গত অক্টোবরে ঘটনার এক বছর পূর্তিতে অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি চাকরি ছাড়তে বাধ্য হন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ডিএইচএসের কাছে প্রশাসনিক ক্ষতিপূরণ দাবি জমা দেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তিনি ফেডারেল আদালতের দ্বারস্থ হন।
আইস বন্দিদের ৯৭ হাজার মামলা সামলাতে সব শাখার আইনজীবীদের মাঠে নামাচ্ছে মার্কিন বিচার বিভাগ
এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন
এআই খেলনা নিষিদ্ধ করল নিউইয়র্ক, লঙ্ঘন করলে ১৫ হাজার ডলার জরিমানা
যুক্তরাষ্ট্রে আগামী ২৭ নভেম্বর শুক্রবার পালিত হবে ২০২৬ সালের ব্ল্যাক ফ্রাইডে। বছরের অন্যতম বড় কেনাকাটার এই আয়োজনে ইলেকট্রনিকস, ল্যাপটপ, স্মার্টফোন, টেলিভিশন, পোশাক, খেলনা ও গৃহস্থালি পণ্যে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। তবে আকর্ষণীয় ডিসকাউন্টের মধ্যেও অতিরিক্ত খরচ, ভুয়া অফার কিংবা অপ্রয়োজনীয় কেনাকাটা এড়াতে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের বড় রিটেইল প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়ালমার্ট, টার্গেট, অ্যামাজন, বেস্ট বাই, কস্টকো ও কোহলসের ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের অফার খুঁজে দেখতে পারেন ক্রেতারা। এসব প্রতিষ্ঠানে ইলেকট্রনিকস, পোশাক, কিচেন অ্যাপ্লায়েন্স, খেলনা এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন ক্যাটাগরিতে ডিল পাওয়া যায়। তবে পণ্য, ছাড় ও স্টোরভেদে অফারের পরিমাণ আলাদা হতে পারে। এবারের ব্ল্যাক ফ্রাইডেতে কিছু প্রতিষ্ঠান মূল দিনের আগেই বিক্রি শুরু করেছে। ওয়ালমার্টের অনলাইন ব্ল্যাক ফ্রাইডে ডিল ২৩ নভেম্বর থেকে চালু হয়েছে। তবে স্টোরে মূল বিক্রি শুরু হবে ২৭ নভেম্বর স্থানীয় সময় সকাল ৬টা থেকে। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, ২৬ নভেম্বর থ্যাংকসগিভিং ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের সব ওয়ালমার্ট স্টোর বন্ধ থাকবে। অন্যদিকে, অ্যামাজনের ব্ল্যাক ফ্রাইডে উইক ও সাইবার মানডে অফার ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিষ্ঠানটি ইলেকট্রনিকস, ফ্যাশন, খেলনা, বিউটি ও হোম প্রোডাক্টসহ বিভিন্ন ক্যাটাগরিতে লাখ লাখ ডিলের ঘোষণা দিয়েছে। কেনাকাটার আগে যে ১০টি বিষয় মাথায় রাখবেন ১. বাজেট নির্ধারণ করুন: কেনাকাটার আগেই কত ডলার খরচ করবেন, তা ঠিক করে নিন। ছাড়ের প্রলোভনে বাজেটের বাইরে যাবেন না। ২. কেনাকাটার তালিকা তৈরি করুন: কোন পণ্যগুলো সত্যিই প্রয়োজন, তা আগে লিখে রাখুন। এতে অপ্রয়োজনীয় কেনাকাটা কমবে। ৩. বিভিন্ন দোকানের দাম তুলনা করুন: একই পণ্যের দাম ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও বেস্ট বাইয়ে যাচাই করুন। ৪. আগের দাম যাচাই করুন: কোনো পণ্যে ৫০ বা ৭০ শতাংশ ছাড় দেখলেই সেটিকে সেরা অফার ভাববেন না। আগের বিক্রয়মূল্যের সঙ্গে তুলনা করুন। ৫. অনলাইন ও দোকানের দাম দেখুন: একই পণ্যের অনলাইন ও সরাসরি দোকানের দাম আলাদা হতে পারে। ৬. ফেরত ও পরিবর্তনের নীতি পড়ুন: কেনার পর পণ্য ফেরত দেওয়া বা পরিবর্তনের সুযোগ কত দিন থাকবে, তা জেনে নিন। ৭. ওয়ারেন্টি যাচাই করুন: বিশেষ করে ল্যাপটপ, টেলিভিশন ও ইলেকট্রনিকস কেনার আগে ওয়ারেন্টির শর্ত বুঝে নিন। ৮. অপরিচিত ওয়েবসাইট এড়িয়ে চলুন: অস্বাভাবিক কম দামের বিজ্ঞাপন দেখে অপরিচিত ওয়েবসাইটে কার্ডের তথ্য দেবেন না। ৯. ক্রেডিট কার্ড বুঝে ব্যবহার করুন: কত টাকা পরিশোধ করতে পারবেন, তা বিবেচনা করে কেনাকাটা করুন। সুদ ও অতিরিক্ত চার্জের বিষয়টিও মাথায় রাখুন। ১০. প্রয়োজনকে অগ্রাধিকার দিন: শুধু ছাড়ের কারণে এমন কিছু কিনবেন না, যা আপনার প্রয়োজন নেই। এবারের কেনাকাটার মৌসুমে ক্রেতাদের আচরণেও পরিবর্তন দেখা যাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের ২৬ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ ছুটির উপহার কেনার পাশাপাশি দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যও কিনছেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল ব্যবহার করে পণ্যের দাম ও অফার তুলনা করার প্রবণতাও বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটার পরিমাণ ছিল ৮২ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি। AP News এদিকে, ব্ল্যাক ফ্রাইডের পর ৩০ নভেম্বর সোমবার পালিত হবে সাইবার মানডে। অনলাইন কেনাকাটার জন্য দিনটি বিশেষভাবে পরিচিত। তবে দুই দিনের সব অফার বা পণ্যের দাম একই থাকবে, এমন নিশ্চয়তা নেই। তাই কেনাকাটার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অফার, স্টোর আওয়ার, পণ্যের মজুত এবং রিটার্ন পলিসি যাচাই করে নেওয়াই ভালো। 871-এসএ
ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা

