সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

সুপ্রিম কোর্টে ট্রাম্পের নাটকীয় দিন: একদিনে চার রায়ের তিনটিতেই পরাজয়

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৯, ২০২৬ ২৩:৩
ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সোমবার ছিল সুপ্রিম কোর্টে এক নাটকীয় দিন। একদিনে চারটি গুরুত্বপূর্ণ মামলার রায় প্রকাশ করেছে দেশটির সর্বোচ্চ আদালত। এর মধ্যে একটি রায়ে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাহী ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়লেও বাকি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত তাঁর অবস্থানের বিপক্ষে রায় দিয়েছে। ফলে একই দিনে বড় একটি আইনি সাফল্যের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ধাক্কার মুখে পড়েছেন তিনি।

 

বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, আদালতের সিদ্ধান্তগুলো দেখিয়েছে যে রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট সব ক্ষেত্রেই ট্রাম্পের পক্ষে অবস্থান নিচ্ছে না। কিছু গুরুত্বপূর্ণ মামলায় তিন উদারপন্থি বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতি জন রবার্টস এবং ট্রাম্প মনোনীত বিচারপতিরাও একমত হয়েছেন।

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ রায়টি ছিল স্বাধীন ফেডারেল নিয়ন্ত্রক সংস্থাগুলোর কর্মকর্তাদের অপসারণে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে। প্রায় ৯০ বছর আগে দেওয়া একটি ঐতিহাসিক নজিরে বলা হয়েছিল, কংগ্রেসের গঠিত স্বাধীন সংস্থার কমিশনারদের প্রেসিডেন্ট ইচ্ছামতো বরখাস্ত করতে পারবেন না। ট্রাম্প প্রশাসনের চ্যালেঞ্জের পর সুপ্রিম কোর্ট সেই দীর্ঘদিনের নজির বাতিল করে দেয়।

 

ছয়জন রক্ষণশীল বিচারপতির সংখ্যাগরিষ্ঠ মতামতে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, যারা প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন, তারা প্রেসিডেন্টের মাধ্যমে অপসারণযোগ্য হওয়া উচিত। এতে তারা প্রেসিডেন্টের কাছে এবং প্রেসিডেন্ট জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকবেন।

 

এই রায়ের ফলে শুধু বর্তমান প্রেসিডেন্টই নন, ভবিষ্যতের প্রেসিডেন্টরাও ফেডারেল ট্রেড কমিশনসহ বিভিন্ন স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের অপসারণ ও নতুন নিয়োগে আগের তুলনায় অনেক বেশি ক্ষমতা পাবেন। নির্বাচন, যোগাযোগ, শ্রম, আর্থিক ও পরিবেশবিষয়ক বিভিন্ন সংস্থার ক্ষেত্রেও এই নজির প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

 

রায়ের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, "৯০ বছরের নজির পুরোপুরি বাতিল করা হয়েছে। এমন সময়ে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে, যখন সেটির সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।"

তবে একই দিনে ফেডারেল রিজার্ভের গভর্নর বোর্ডের সদস্য লিসা কুককে অপসারণের প্রশ্নে ট্রাম্পের অবস্থান প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। পাঁচ-চার ভোটের রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস, রক্ষণশীল বিচারপতি ব্রেট ক্যাভানফ এবং তিন উদারপন্থি বিচারপতি একমত হয়ে ট্রাম্পের উদ্যোগে স্থগিতাদেশ দেন।

 

ট্রাম্প অভিযোগ করেছিলেন, লিসা কুক বন্ধকী ঋণসংক্রান্ত জালিয়াতির সঙ্গে জড়িত। তবে আদালত বলেছে, তাঁকে অপসারণের আগে অভিযোগের যথাযথ প্রমাণ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। রবার্টস সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট যদি কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্বিচারে প্রভাব বিস্তার করতে পারেন, তাহলে তার গুরুতর পরিণতি হতে পারে।

নির্বাচনী ব্যবস্থাসংক্রান্ত আরেকটি মামলাতেও ট্রাম্প পরাজিত হন। ডাকযোগে পাঠানো ভোট নির্বাচন দিনের ডাকমোহর থাকলে পরে পৌঁছালেও তা গণনা করা যাবে কি না, এ প্রশ্নে আদালত ট্রাম্পের আপত্তি খারিজ করে দেয়।

 

এই মামলার সংখ্যাগরিষ্ঠ মতামত লেখেন ট্রাম্প মনোনীত বিচারপতি অ্যামি কোনি ব্যারেট। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাচনের সময়, স্থান ও পদ্ধতি নির্ধারণের ব্যাপক ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর রয়েছে। ডাকযোগে ভোট নিয়ে জালিয়াতির আশঙ্কার বিষয়ে ট্রাম্পের দাবি আদালত গ্রহণ করেনি।

এই রায়ের পর ট্রাম্প কংগ্রেসকে তাঁর নির্বাচনী সংস্কার প্রস্তাব পাস করার আহ্বান জানান। ওই প্রস্তাবে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে সীমিত করার কথা বলা হয়েছে।

 

দিনের আরেকটি বড় ধাক্কা আসে লেখক ই. জিন ক্যারলের করা মানহানি মামলায়। সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল শুনতে অস্বীকৃতি জানায়। ফলে ২০২৩ সালে জুরির দেওয়া ৫০ লাখ ডলার ক্ষতিপূরণের রায় বহাল থাকে।

ই. জিন ক্যারল অভিযোগ করেছিলেন, ১৯৯০-এর দশকে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরের পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তাঁকে যৌন নিপীড়ন করেছিলেন। পরে ওই অভিযোগ অস্বীকার করে তাঁকে নিয়ে মানহানিকর মন্তব্য করায় ট্রাম্পের বিরুদ্ধে দেওয়ানি আদালত ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

 

সুপ্রিম কোর্ট কোনো অতিরিক্ত ব্যাখ্যা ছাড়াই সেই রায় পুনর্বিবেচনার আবেদন নাকচ করে দেয়।

রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও আইনের অপব্যবহারের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন। তিনি মানহানির অভিযোগকে "হাস্যকর" বলেও মন্তব্য করেন।

 

তবে বিশ্লেষকদের মতে, ৫০ লাখ ডলারের এই মামলায় ট্রাম্পের আইনি লড়াই কার্যত শেষ হয়ে গেছে। কারণ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত। যদিও ক্যারলের পক্ষে দেওয়া পৃথক ৮ কোটি ৩৩ লাখ ডলারের আরেকটি ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে ট্রাম্পের আপিল প্রক্রিয়া এখনো চলমান।

 

সোমবারের রায়গুলো যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছে। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষে অবস্থান নিলেও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, নির্বাচনী বিধান এবং বিচারিক রায়ের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আদালত নির্বাহী ক্ষমতার সীমা টেনে দিয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে
সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সাবওয়ে ট্রেনে উচ্ছৃঙ্খল আচরণ করতে নিষেধ করায় দুই যুবকের নির্মম মারধরের শিকার হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ৪২ বছর বয়সী এক যাত্রী। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ব্রুকলিনের ফোর্ট হ্যামিল্টন পার্কওয়ে স্টেশনের কাছাকাছি ম্যানহাটানগামী ‘ডি’ (D) ট্রেনে এই ঘটনা ঘটে। ওই সময় ট্রেনে থাকা দুই কিশোর বা যুবক উচ্চশব্দে বা উচ্ছৃঙ্খল আচরণ করছিল এবং ভুক্তভোগী যাত্রী তাদের শান্ত থাকতে বলেন।   পুলিশ জানিয়েছে, ট্রেনের দরজা খুলতেই অভিযুক্ত দুই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্ল্যাটফর্মে নেমে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি ঘুষি ও লাথি মারতে শুরু করে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মুখের বিভিন্ন স্থানে কেটে যায়। পরে তাঁকে দ্রুত মাইমোনিডেস মেডিকেল সেন্টারে নেওয়া হয়, যেখানে গতকাল বৃহস্পতিবারও তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল বলে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে।   হামলাকারীরা ঘটনার পরপরই পালিয়ে যায় এবং এখনো অধরা রয়েছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের একজনের পরনে ছিল লাল হুডি ও কালো সোয়েটপ্যান্ট এবং অপরজনের পরনে ছিল কালো জ্যাকেট ও কালো সোয়েটপ্যান্ট।   এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই বুধবার সকালে ব্রঙ্কস এলাকায় আরেকটি বিনা উসকানির হামলার ঘটনা ঘটে, যেখানে এক অপরিচিত ব্যক্তি চলন্ত ট্রেনের দিকে এক যাত্রীকে ধাক্কা দেয়। কর্তৃপক্ষের তথ্যমতে, সকাল ৭টা ২০ মিনিটের দিকে পেলহ্যাম পার্কওয়ে স্টেশনে দক্ষিণমুখী ‘২’ নম্বর ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন ৫৭ বছর বয়সী ওই যাত্রী। সে সময় পেছন থেকে এক ব্যক্তি এসে তাঁকে চলন্ত ট্রেনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে।   যদিও ওই যাত্রী রেললাইনের ওপর পড়ে যাননি, তবে ধাক্কার তীব্রতায় তিনি সামনের দিকে ছিটকে পড়ে স্টেশনে ধীরগতিতে প্রবেশ করা ট্রেনের পাশের অংশে ধাক্কা খান। এতে তাঁর হাত ও গোড়ালিতে কেটে যায় এবং ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। কালো হুডি, কালো প্যান্ট, সানগ্লাস এবং নিচে নামানো ফেস মাস্ক পরিহিত ওই হামলাকারীও এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৬:৪২
লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী

লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী

গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের

গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের

গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আটক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা মার্কিন নাগরিকের

গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আটক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা মার্কিন নাগরিকের

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ
আইস বন্দিদের ৯৭ হাজার মামলা সামলাতে সব শাখার আইনজীবীদের মাঠে নামাচ্ছে মার্কিন বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইস)-এর আটককেন্দ্রে থাকা অভিবাসীদের দায়ের করা হাজার হাজার আইনি আবেদন মোকাবিলায় বিচার বিভাগের (ডিওজে) সব দেওয়ানি (সিভিল) শাখার আইনজীবীদের জরুরি ভিত্তিতে মাঠে নামানোর নির্দেশ দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা তিন পৃষ্ঠার এক বিশেষ স্মারকে (মেমো) তিনি অভিবাসন-বহির্ভূত শাখায় কর্মরত আইনজীবীদেরও এসব মামলা লড়ার আহ্বান জানিয়েছেন।   বন্দিদের আটকাদেশ বৈধ কি না তা যাচাইয়ের জন্য দায়ের করা এসব ‘হেবিয়াস কর্পাস’ আবেদনকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে ব্লাঞ্চ দাবি করেছেন, মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকারকে ব্যাহত করার উদ্দেশ্যেই এই মামলাগুলো করা হচ্ছে।   বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৯৭ হাজার হেবিয়াস কর্পাস আবেদন জমা পড়েছে, যার মধ্যে শুধু গত অক্টোবর থেকেই দায়ের হয়েছে প্রায় ১০ হাজার নতুন মামলা—যেখানে সাধারণ সময়ে সারা বছরে মাত্র কয়েক শ এমন মামলা হতো।   প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে গণহারে অভিবাসী বহিষ্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পর থেকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) হিসাবে এ পর্যন্ত প্রায় ১২ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। মূলত ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আটক অভিবাসীদেরও অভিবাসন বিচারকের সামনে জামিন শুনানির (বন্ড হিয়ারিং) সুযোগ বাতিল করে বাধ্যতামূলক আটক নীতি চালু করার পরই বন্দিরা সরাসরি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের দ্বারস্থ হতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই স্মারকটি শেয়ার করে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ যেসব বিচারক আটক অভিবাসীদের আবেদন মঞ্জুর করেছেন, তাঁদের ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ওই বিচারকেরা অপরাধী অভিবাসীদের সমাজে ছেড়ে দিয়ে বহিষ্কার প্রক্রিয়া এড়াতে সহায়তা করছেন।   ব্লাঞ্চ জানান, মামলার প্রচণ্ড চাপে দেশের বিভিন্ন অঞ্চলের ইউএস অ্যাটর্নি অফিসগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণে অ্যান্টিট্রাস্ট, সিভিল রাইটস, সিভিল এবং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগসহ ইউএস ট্রাস্টিজ প্রোগ্রামের আইনজীবীদের আগামী ৩০ দিনের মধ্যে একটি ‘আক্রমণাত্মক আপিল কৌশল’ জমা দিতে এবং বেশি মামলা থাকা জেলাগুলোতে আইনজীবী মোতায়েন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিভাগের প্রায় ২ হাজার দেওয়ানি আইনজীবীর মধ্যে ঠিক কতজনকে এই কাজে লাগানো হবে, তা স্পষ্ট করা হয়নি।   অ্যাটর্নি জেনারেলের এই পদক্ষেপ ও বিচারকদের প্রতি করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অভিবাসন আইনজীবীরা। অভিবাসন আইনজীবী রেজা মাজাহেরি বিচারকদের ‘দুর্নীতিগ্রস্ত’ বলাকে সরাসরি ‘মানহানি’ হিসেবে উল্লেখ করে বলেন, কোনো সাধারণ আইনজীবী আদালতে এমন মন্তব্য করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো।   অন্যদিকে, ন্যাশনাল ইমিগ্রেশন প্রজেক্টের স্টাফ অ্যাটর্নি ব্রিজেট প্রাঞ্জাতেলি নিউজউইক-কে বলেন, দশকের পর দশক ধরে চলে আসা আইনের ব্যাখ্যা হঠাৎ পরিবর্তন করে বেসরকারি কারাগার কোম্পানিগুলোর শয্যা পূর্ণ করার জন্য জামিন শুনানি বন্ধ করার কারণেই আজ ফেডারেল আদালতে মামলার এই পাহাড় জমেছে। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের এই বাধ্যতামূলক আটক নীতির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা ‘রোনি বনাম বারবোসা দা কুনহা’ (Rhoney v. Barbosa da Cunha) মামলার শুনানি ২০২৭ সালের শুরুতে মার্কিন সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে এবং আগামী বছরের জুন বা জুলাই নাগাদ চূড়ান্ত রায় আসার কথা রয়েছে, যা ঝুলে থাকা হাজার হাজার মামলার ভাগ্য নির্ধারণ করবে।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৪:৪৯
এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন

এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন

শিশুদের নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় এআই চ্যাটবটযুক্ত খেলনায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করল নিউইয়র্ক। ছবি: সংগৃহীত

এআই খেলনা নিষিদ্ধ করল নিউইয়র্ক, লঙ্ঘন করলে ১৫ হাজার ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রে ২৭ নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে ঘিরে কেনাকাটার প্রস্তুতি, ছাড় ও সতর্কতার পরামর্শ। ছবি: সংগৃহীত

ব্ল্যাক ফ্রাইডেতে বাড়তি খরচ কমাতে কেনাকাটার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়

ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উদ্‌যাপনের মাঝেও বাড়তি বাজারদরে চিন্তিত যুক্তরাষ্ট্রের পরিবারগুলো। ছবি: সংগৃহীত
ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো

যুক্তরাষ্ট্রজুড়ে বৃহস্পতিবার উদ্‌যাপিত হচ্ছে ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উৎসব। ঘরে ঘরে রোস্ট করা টার্কির সুবাস আর পরিবারের সদস্যদের মিলনমেলার এই দিনে এবার মার্কিন নাগরিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম। গবেষণা প্রতিষ্ঠান দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার সাধারণ থ্যাংকসগিভিং ভোজের খরচ বেড়েছে ১১ শতাংশ।   থ্যাংকসগিভিংয়ের মূল আকর্ষণ টার্কির দাম গত বছরের এই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি আনুষঙ্গিক সব খাবারের দামই বেড়েছে দুই অঙ্কের ঘরে। দেড় পাউন্ডের এক ব্যাগ সবুজ শিমের (গ্রিন বিনস) দাম ৩৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ দশমিক ৯৯ ডলার থেকে ৪ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া পাঁচ পাউন্ডের রাসেট আলুর দাম ৬ দশমিক ৮ শতাংশ এবং আপেল পাই তৈরিতে ব্যবহৃত তিন পাউন্ড গ্র্যানি স্মিথ আপেলের দাম ১০ দশমিক ২ শতাংশ বেড়েছে।   দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের প্রধান অর্থনীতিবিদ কাইল মুর এক বিবৃতিতে বলেন, থ্যাংকসগিভিং মূলত টেবিলের চারপাশে সবাইকে নিয়ে একসঙ্গে বসার উৎসব, কিন্তু এ বছর অনেক পরিবারকেই হিসাব কষতে হচ্ছে তারা কতজন অতিথিকে খাওয়ানোর সামর্থ্য রাখে। আমেরিকান ফার্ম ব্যুরোর পূর্বাভাস অনুযায়ী, ১০ জনের একটি ভোজের খরচ ৬ শতাংশ বাড়ছে, যা ২০২২ সালের রেকর্ড মূল্যবৃদ্ধির পর প্রথম।   দাম বাড়ার কারণে অনেকেই পুরোনো প্রথায় পরিবর্তন আনছেন। নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা স্যাম ব্রেভারম্যান জানান, আগে তাঁর মা একাই পুরো আয়োজনের খরচ বহন করতেন। কিন্তু এবার খরচ ১৩০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা যে যার মতো খাবার তৈরি করে নিয়ে আসার (পটলাক) সিদ্ধান্ত নিয়েছেন।   অন্যদিকে, ক্রেতাদের স্বস্তি দিতে ব্রুকলিনের গ্রিন ভ্যালি মুদিদোকানের মালিক বারিস আভসি জানান, মানুষের কষ্টের কথা ভেবে তিনি ডিম, দুধ ও চিনির মতো জরুরি পণ্যগুলো প্রায় কেনা দামে বিক্রি করছেন। তবে ওয়ালমার্টের মতো বড় রিটেইল চেইনগুলো ১০ জনের পূর্ণাঙ্গ হলিডে মিল প্যাকেজে গত বছরের তুলনায় ১২ শতাংশ ছাড় দিচ্ছে।   বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থা জ্বালানি ও সারের দাম বাড়িয়ে দিয়েছে। বসন্তকালীন চাষাবাদের মৌসুমে ইউরিয়া সারের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে সুপারমার্কেটের পণ্যে। এ ছাড়া স্টিলের ওপর শুল্ক আরোপের ফলে টিনজাত খাবারের দামও বেড়েছে। ক্যাম্বেলস স্যুপ জানিয়েছে, তারা তাদের ৬০ শতাংশ পণ্যের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়াচ্ছে।   উৎসবের খরচ মেটাতে গিয়ে বড় ধরনের আর্থিক চাপে পড়েছেন মার্কিনিরা। অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠান লেন্ডিংট্রির এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার যাঁরা ভোজের আয়োজন করছেন, তাঁদের এক-তৃতীয়াংশই তীব্র আর্থিক চাপে আছেন। আয়োজকদের প্রায় ৬২ শতাংশই উৎসবের খরচ মেটাতে ঋণ নেওয়ার কথা ভাবছেন। এর মধ্যে ১৮ শতাংশ মানুষ ‘বাই নাউ, পে লেটার’ (বিএনপিএল) বা পরে পরিশোধের শর্তে কেনাকাটার ঋণের আশ্রয় নিচ্ছেন।   যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আগস্টের এক প্রতিবেদনে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষ, তরুণ এবং কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে এ ধরনের ঋণ নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।   খরচ বাড়ায় এবার থ্যাংকসগিভিংয়ে ভ্রমণের প্রবণতাও কিছুটা কমেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস অনুযায়ী, এবার ৮ কোটি ১৬ লাখের বেশি মানুষ ভ্রমণ করবেন, যা গত বছরের তুলনায় ১ লাখ ২১ হাজার কম। টানা তিন বছর ভ্রমণকারীর সংখ্যা বাড়ার পর এবারই প্রথম তা কমল। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিএনওর তথ্যমতে, প্রতি ১০ জনের মধ্যে ৭ জন মার্কিন নাগরিকই এবার ছুটিতে কোথাও ভ্রমণ না করার পরিকল্পনা করছেন।   বর্তমানে প্রতি গ্যালন জ্বালানি তেলের গড় দাম ৩ দশমিক ৬১ ডলার, যা গত বছরের এই সময়ের (৩ দশমিক ০৬ ডলার) চেয়ে বেশি। অন্যদিকে, ভ্রমণবিষয়ক ওয়েবসাইট হপারের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া ৩১ শতাংশ বেড়ে গড়ে ৪০২ ডলারে পৌঁছেছে, যা গত এক দশকের মধ্যে থ্যাংকসগিভিং মৌসুমে সর্বোচ্চ।   সূত্র: আল-জাজিরা   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১১:১০
চাকরি ও বেতনের সূচকে  সেরা ২৫ প্রতিষ্ঠানের  তালিকা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা

দীর্ঘদিন ধরে খাবারে ঘুম ও উদ্বেগের ওষুধ মেশানোর অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ আটক। ছবি: সংগৃহীত

লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...