অর্থনীতি শক্তিশালী, তবু চাপে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার; এআই বিনিয়োগে বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্ত অবস্থানে থাকলেও দেশটির শেয়ারবাজারে চাপ বাড়ছে। কর্মসংস্থান বৃদ্ধি, শক্তিশালী ভোক্তা ব্যয় এবং উন্নত ভোক্তা আস্থার মতো ইতিবাচক অর্থনৈতিক সূচক অর্থনীতিকে সহায়তা করলেও প্রযুক্তি খাতের শেয়ারদর পতন, সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ঝুঁকি বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।
জুন মাসে স্পেসএক্সের রেকর্ড গড়া প্রাথমিক শেয়ার ছাড়ার (আইপিও) প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন প্রধান কেভিন ওয়ার্শের প্রথম নীতিনির্ধারণী বৈঠকসহ একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যেও শেয়ারবাজারে বৈপরীত্য দেখা গেছে।
একদিকে ইতিবাচক অর্থনৈতিক তথ্য যুক্তরাষ্ট্রের অর্থনীতির স্থিতিশীলতা তুলে ধরেছে। অন্যদিকে একই সময়ে নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০ সূচক নিম্নমুখী ছিল। বাজারের প্রধান চালিকাশক্তি হিসেবে পরিচিত ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারও একটি সূচক অনুযায়ী ১০ শতাংশের বেশি কমেছে।
এদিকে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো মূল্যস্ফীতি ৪ শতাংশ ছাড়িয়ে গেলেও মার্কিন ট্রেজারি বন্ডের দাম বেড়েছে এবং ফলন কমেছে।
ফিলাডেলফিয়াভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান জ্যানি মন্টগোমারি স্কটের প্রধান স্থির-আয় কৌশলবিদ গাই লে বাস বলেন, জ্বালানির দাম বাড়লেও ভোক্তারা জ্বালানিবহির্ভূত পণ্য ও সেবায় ব্যয় অব্যাহত রেখেছেন। তার মতে, এটি প্রমাণ করে যে বছরের শুরুতে ধারণার তুলনায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনেক বেশি স্থিতিশীল, সহনশীল এবং শক্তিশালী। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আরও বাড়তে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগের প্রভাবে মূল্যস্ফীতি সমন্বয় করা প্রকৃত সুদের হার বাড়তে থাকায় বিনিয়োগকারীরা নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। ফেডপ্রধান কেভিন ওয়ার্শের কঠোর অবস্থানের পর বাজারে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে। যদিও অনেক বিশ্লেষকের মতে, আর্থিক পরিস্থিতি ইতোমধ্যেই কঠোর হয়ে যাওয়ায় বাস্তবে আর সুদের হার বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে।
এদিকে স্বর্ণ, বিটকয়েন, মাইক্রোসফট ও মেটার মতো বিভিন্ন সম্পদের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। ওয়াল স্ট্রিটে নতুন শেয়ার ও ঋণপত্র বিক্রি রেকর্ড গতিতে চলছে। এর বড় অংশই ব্যবহৃত হচ্ছে এআই খাতে বিনিয়োগে। যদিও অনেক বিনিয়োগকারী এ খাতে অতিমূল্যায়নের ঝুঁকির কথা বলছেন, তবুও বিনিয়োগের গতি এখনো কমেনি।
গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষক কামাক্ষ্য ত্রিবেদী বলেন, যুদ্ধের আশঙ্কা কমে যাওয়া এবং তেলের দাম হ্রাস পাওয়ায় বাজার আবার অর্থনীতির মৌলিক ভিত্তির দিকে নজর দিচ্ছে। তবে এই ইতিবাচক পরিস্থিতি ইতোমধ্যেই শেয়ারের উচ্চ মূল্যায়নে প্রতিফলিত হয়েছে। তার মতে, এআই খাতেই সবচেয়ে বেশি টানাপোড়েন তৈরি হয়েছে এবং এটিই বর্তমানে বাজারের অস্থিরতার অন্যতম কারণ।
বাজারের অস্থিরতার বড় একটি কারণ হলো বিনিয়োগকারীদের দ্রুত এক খাত থেকে অন্য খাতে বিনিয়োগ স্থানান্তর। মার্চের শেষ দিকে যুদ্ধসংক্রান্ত উদ্বেগ কমে যাওয়ার পর থেকে সেমিকন্ডাক্টর সূচক ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি বছরে সূচকটির মূল্য বেড়েছে ৮৭ শতাংশ। একই সময়ে মাইক্রনের শেয়ার চার গুণ এবং ইন্টেল ও মার্ভেল টেকনোলজির শেয়ার প্রায় তিন গুণ বেড়েছে।
অন্যদিকে এনভিডিয়া, অ্যাপল ও অ্যালফাবেটের নেতৃত্বাধীন ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ গ্রুপ চলতি বছরে নিম্নমুখী রয়েছে। অথচ ২০২৫ সালে এসঅ্যান্ডপি ৫০০ সূচকের মোট প্রবৃদ্ধির প্রায় ৪০ শতাংশ এসেছিল এই সাত প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি ও লভ্যাংশ থেকে। বিশ্লেষকদের মতে, এআই অবকাঠামো নির্মাণে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিপুল ব্যয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। গত বছরের শেষ দিকে ওরাকলসহ কয়েকটি বড় প্রতিষ্ঠান ব্যাপক ঋণ নেওয়া শুরু করার পর এই উদ্বেগ আরও বেড়েছে।
গত ১২ মাসে অ্যামাজন ও অ্যালফাবেট বিভিন্ন মুদ্রায় প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের বন্ড ইস্যু করেছে। এআই অবকাঠামো নির্মাণকারী প্রযুক্তি প্রতিষ্ঠানের বিনিয়োগ-যোগ্য বন্ড বিক্রির পরিমাণ ইতোমধ্যেই ২০২৫ সালের মোট বিক্রির পরিমাণ ছাড়িয়ে গেছে। বিএনপি পারিবাসের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর এই সংখ্যা ২৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে।
ওকলাহোমাভিত্তিক লংবো অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জেক ডলারহাইড বলেন, এআই প্রযুক্তি চিপ নির্মাতাদের জন্য ইতিবাচক হলেও যেসব প্রতিষ্ঠান এই প্রযুক্তিতে সবচেয়ে বেশি ব্যয় করছে, তারা এখনো প্রত্যাশিত আর্থিক সুফল পাচ্ছে না। এ কারণেই চলতি বছরে ম্যাগনিফিসেন্ট সেভেনের শেয়ারদর চাপে রয়েছে।
অনেক বিনিয়োগকারীর আশঙ্কা, বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারদর আরও কমতে পারে। গত সপ্তাহে ইউবিএস তাদের এআইভিত্তিক বিনিয়োগ পোর্টফোলিওতে সেমিকন্ডাক্টর ও হার্ডওয়্যার খাতে বিনিয়োগ কমিয়েছে। তাদের ধারণা, শেয়ারদর কমে যাওয়ায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এআই অবকাঠামোয় মূলধনি ব্যয় কমাতে পারে।
বিশ্লেষকদের মতে, এমনটি হলে এর প্রভাব যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে। কারণ, বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগের পরিমাণ অত্যন্ত বড়। গাই লে বাস বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সবচেয়ে বড় চালিকাশক্তি করপোরেট বিনিয়োগ। সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আগামী কয়েক বছরে ৭০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মূলধনি ব্যয়ের পরিকল্পনা করেছে। তাই এই বিনিয়োগ অব্যাহত থাকলে বড় ধরনের অর্থনৈতিক মন্দার সম্ভাবনা তুলনামূলক কম।
তবে তার মতে, মূলধনি ব্যয় কমে যাবে বলে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বাজার একাধিকবার ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreঅঙ্গরাজ্যের আদালত প্রাঙ্গণ থেকে কোনো ধরনের বিচারিক পরোয়ানা (জুডিশিয়াল ওয়ারেন্ট) ছাড়াই দেওয়ানি গ্রেফতার অভিযান পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইস)-এর বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে ম্যাসাচুসেটস সরকার। গত সোমবার (২৩ নভেম্বর) ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল আন্দ্রেয়া জয় ক্যাম্পবেল এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, আইস এজেন্টরা অঙ্গরাজ্যের সদ্য কার্যকর হওয়া ‘ম্যাসাচুসেটস প্রোটেক্ট অ্যাক্ট’ (PROTECT Act) লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই আদালত প্রাঙ্গণে অভিযান চালাচ্ছেন, যা অঙ্গরাজ্যের সার্বভৌম বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাগরিকরা যেন গ্রেফতারের ভয় ছাড়াই বিচারিক সেবা নিতে পারেন, সেই লক্ষ্যে গত ৩ নভেম্বর প্রোটেক্ট অ্যাক্টের আদালত-সংক্রান্ত সুরক্ষা বিধান কার্যকর হয়। কিন্তু আইনটি কার্যকর হওয়ার মাত্র আড়াই সপ্তাহের মধ্যেই আইস এজেন্টরা ম্যাসাচুসেটসের বিভিন্ন আদালত থেকে পরোয়ানা ছাড়া অন্তত ৩৮ জনকে গ্রেফতার করেছেন। এর আগে ২০২৫ সালে অঙ্গরাজ্যের আদালতগুলো থেকে ৬০০ জনের বেশি এবং চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৫০০ জনের বেশি মানুষকে আটক করেছিল সংস্থাটি। মামলায় বিশেষভাবে ২০২৫ সালের মে মাসের একটি আইস নির্দেশনাকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে স্থানীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও অঙ্গরাজ্য আদালতে গ্রেফতারের অনুমতি দেওয়া হয়েছিল—যদিও চলতি বছরের জুনে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত ওই নীতিটিকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছিলেন। উল্লেখ্য, মার্কিন সংবিধানের দশম সংশোধনীর অধীনে নিজস্ব আদালত ব্যবস্থা পরিচালনার সার্বভৌম অধিকার প্রয়োগ করে ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি গত ৫ আগস্ট প্রোটেক্ট অ্যাক্টে স্বাক্ষর করেন। দেশজুড়ে আইসের বিরুদ্ধে অন্যতম কঠোর সুরক্ষা আইন হিসেবে পরিচিত এই আইনের আওতায় বিচারিক পরোয়ানা ছাড়া সরকারি ও চার্টার স্কুল, শিশু যত্ন কেন্দ্র, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, রাষ্ট্রীয় সম্পত্তি এবং আদালত প্রাঙ্গণে অভিবাসন-সংক্রান্ত দেওয়ানি গ্রেফতার নিষিদ্ধ করা হয়েছে। গভর্নর হিলি এই মামলাকে স্বাগত জানিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের আইস অভিযান বিচারব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে; কারণ গ্রেফতারের ভয়ে অপরাধের শিকার ব্যক্তিরা আদালতে গিয়ে অভিযোগ জানাতে বা সুরক্ষা চাইতে সাহস পাচ্ছেন না। মামলার নথিতে আদালত প্রাঙ্গণে আইসের উপস্থিতির কারণে সৃষ্ট আতঙ্কের বেশ কিছু ভয়াবহ উদাহরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে এক ধর্ষণের শিকার নারী অভিযুক্তের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে গেলে আইস তাঁকে গ্রেফতার করতে পারে—এই ভয়ে মামলা করতেই অস্বীকৃতি জানিয়েছেন। আরেকজন নারী ছুরি নিয়ে হুমকিদাতা সঙ্গীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়ার একাধিক তারিখ এড়িয়ে গেছেন এবং আইসের ভয়ে সুরক্ষা আদেশ (রেস্ট্রেইনিং অর্ডার) নিতেও রাজি হননি। লইয়ার্স ফর সিভিল রাইটসের (এলসিআর) আইনজীবী ব্রুক সিমোন এই মামলার প্রশংসা করে বলেন, এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আইসসহ কোনো সংস্থাই আইনের ঊর্ধ্বে নয় এবং অভিবাসন মর্যাদা নির্বিশেষে সবার জন্য আদালত একটি নিরাপদ স্থান হওয়া উচিত।
গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আটক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা মার্কিন নাগরিকের
আইস বন্দিদের ৯৭ হাজার মামলা সামলাতে সব শাখার আইনজীবীদের মাঠে নামাচ্ছে মার্কিন বিচার বিভাগ
এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন
শিশুদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চ্যাটবটযুক্ত খেলনা উৎপাদন, বিতরণ ও বিক্রির ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। গত ২৪ নভেম্বর গভর্নর ক্যাথি হোকুল এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন। আইনটি স্বাক্ষরের ৯০ দিন পর অর্থাৎ আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় আনা আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি লঙ্ঘনের জন্য প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেওয়ানি জরিমানা আদায় করতে পারবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল। মূলত ১২ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য তৈরি খেলনা—যেমন পুতুল, টেডি বিয়ার বা রোবট, যেগুলো ইন্টারনেট সংযোগের মাধ্যমে এআই কম্প্যানিয়ন হিসেবে শিশুদের সঙ্গে কথোপকথন চালাতে পারে—এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। তবে পূর্বনির্ধারিত সীমিত শব্দ বা বাক্য ব্যবহৃত হয় এমন সাধারণ অফলাইন খেলনা এর আওতায় পড়বে না। পাশাপাশি এই খেলনাগুলো নিজের কাছে রাখা বা ব্যবহার করা অবৈধ ঘোষণা করা হয়নি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যবেক্ষক ও ভোক্তা অধিকার সংস্থার পরীক্ষায় এআই চ্যাটবটযুক্ত খেলনার বিরুদ্ধে উদ্বেগজনক সব তথ্য উঠে আসার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। পরীক্ষায় দেখা গেছে, কথোপকথনের একপর্যায়ে কিছু খেলনা শিশুদের সঙ্গে অনুপযুক্ত বা যৌনতা-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে এবং দেশলাই, ছুরি বা ওষুধের মতো বিপজ্জনক জিনিস খুঁজে বের করার বা ব্যবহারের পরামর্শ দিয়েছে। এ ছাড়া দীর্ঘ সময় কথা বললে অভিভাবকদের নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়া, শিশুদের আবেগগতভাবে প্রভাবিত করা এবং অনুমতি বা সুরক্ষা ছাড়াই কণ্ঠস্বর ও মুখাবয়বের তথ্য সংগ্রহের মতো ঝুঁকিও সামনে এসেছে। আইনটি আগামী ৯০ দিন পর কার্যকর হওয়ায় আসন্ন বড়দিন ও ছুটির মৌসুমের কেনাকাটায় এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। ফলে এ সময় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। উপহার হিসেবে খেলনা কেনার আগে সেটি শিশুদের সঙ্গে অবাধে কথা বলতে পারে কি না এবং কী ধরনের তথ্য সংগ্রহ করে, তা যাচাই করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি চ্যাটবট ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে সতর্কতামূলক লেবেল যুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান 873 ডিএন
ব্ল্যাক ফ্রাইডেতে বাড়তি খরচ কমাতে কেনাকাটার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়
ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ। পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়। এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন। ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি। সূত্র: ফক্স ১৩ নিউজ 871 এসএ
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

