যুক্তরাষ্ট্রে এটিএম হ্যাক করে ৫ লাখ ডলারের বেশি চুরি, গ্রেফতার ৪ জন
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটিএম থেকে পাঁচ লাখ ২৯ হাজার ডলারের বেশি অর্থ চুরির অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল মামলা করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, তারা বিশেষ ধরনের হার্ডওয়্যার ও ম্যালওয়্যার ব্যবহার করে এটিএমের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে মেশিন থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নিতেন।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের ৮ থেকে ১৮ আগস্ট পর্যন্ত ১০ দিনের অভিযানে কানেকটিকাটের ইন্টারস্টেট-৯৫ (I-95) মহাসড়কের বিভিন্ন বিশ্রামকেন্দ্রে থাকা এটিএমকে লক্ষ্যবস্তু বানানো হয়। ওই সময়ে অন্তত নয়টি এটিএমে হামলার চেষ্টা করা হয়। এর মধ্যে আটটি এটিএম থেকে মোট ৫ লাখ ২৯ হাজার ২২০ ডলার চুরি হয়েছে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।
তদন্তকারীদের ভাষ্য, অভিযুক্তরা এটিএমের ভেতরের যন্ত্রাংশে প্রবেশ করে বিশেষ হার্ডওয়্যার ও ক্ষতিকর সফটওয়্যার ব্যবহার করতেন। এরপর মেশিনকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো, যাতে সেটি প্রায় সীমাহীনভাবে টাকা বের করে দিতে থাকে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে এই কৌশলটি 'জ্যাকপটিং' নামে পরিচিত।
অভিযোগ অনুযায়ী, সবচেয়ে বড় ঘটনাটি ঘটে কানেকটিকাটের ফেয়ারফিল্ড এলাকায় আই-৯৫ মহাসড়কের উত্তরমুখী বিশ্রামকেন্দ্রের একটি এটিএমে। সেখান থেকে এক অভিযানে প্রায় ১ লাখ ৩৬ হাজার ডলার তুলে নেওয়া হয়।
তবে একই সময় অ্যানসোনিয়ার একটি এটিএমে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ, ওই মেশিনে আগে থেকেই নিরাপত্তা জোরদারে নতুন সফটওয়্যার সংযোজন করা হয়েছিল, যা হামলা প্রতিহত করতে সক্ষম হয়।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত চারজন হলেন ইউক্লিডেস মোরেনো ইতানারে (২৮), উইলিয়ান রিকার্ডো ফ্লোরেস (৪৯), আলবার্তো হোসে ফ্রেইতেস আরভিলা (৪১) এবং লুইস হোসে ফ্রেইতেস আরভিলা (৩৮)। তারা সবাই ভেনেজুয়েলার নাগরিক। তাদের মধ্যে দুজন নিউইয়র্কে, একজন নর্থ ক্যারোলাইনায় এবং অপরজন ম্যাসাচুসেটসে বসবাস করতেন।
প্রসিকিউটরদের দাবি, প্রতিটি চুরির সময় অভিযুক্তদের কর্মকাণ্ডের ধরণ প্রায় একই ছিল। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, লুইস ফ্রেইতেস আরভিলা আশপাশে নজরদারির দায়িত্ব পালন করতেন। অন্যদিকে আলবার্তো ফ্রেইতেস আরভিলা এটিএমের ঢাকনা খুলে ভেতরের যন্ত্রাংশে প্রবেশ করতেন। এরপর কয়েক ঘণ্টা ধরে অন্য সদস্যরা পালাক্রমে এটিএম থেকে টাকা তুলে নিয়ে যেতেন।
তদন্তে আরও জানা গেছে, সন্দেহ এড়াতে তারা একই এটিএমে বারবার যাওয়ার আগে পোশাক পরিবর্তন করতেন এবং নিজেদের চেহারা আড়াল করারও চেষ্টা করতেন।
গত বৃহস্পতিবার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), কানেকটিকাট স্টেট পুলিশ এবং নিউইয়র্ক ও নর্থ ক্যারোলাইনার স্থানীয় পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়।
বর্তমানে তারা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে চুরি করা সম্পদ অঙ্গরাজ্যের সীমানা পেরিয়ে পরিবহন এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রথম অভিযোগে সর্বোচ্চ ১০ বছর এবং দ্বিতীয় অভিযোগে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে।
মামলার সঙ্গে প্রকাশ করা কয়েকটি ছবিতে অভিযুক্তদের এটিএমের যন্ত্রাংশ নিয়ে কাজ করতে এবং বিপুল পরিমাণ নগদ অর্থ হাতে নিয়ে ছবি তুলতে দেখা গেছে।
বিশেষজ্ঞদের মতে, এটিএমে জ্যাকপটিং পদ্ধতির হামলা নতুন নয়। ২০১৮ সালেই বিশ্বের কয়েকটি বড় এটিএম নির্মাতা প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সতর্ক করেছিল যে সাইবার অপরাধীরা বিশেষ ম্যালওয়্যার ব্যবহার করে এটিএমের নিরাপত্তা ভেঙে নগদ অর্থ চুরির চেষ্টা করছে। এরপর থেকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করলেও এ ধরনের হামলার ঝুঁকি পুরোপুরি দূর হয়নি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে উচ্চ বেতনের চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা ২৫টি কলেজের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। তালিকায় প্রথম স্থান পেয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া এবং তৃতীয় স্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তালিকায় নিউইয়র্ক, নিউ জার্সি ও মিশিগানের একাধিক বিশ্ববিদ্যালয়ও জায়গা পেয়েছে। ফোর্বসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কলেজগুলোর সাবেক শিক্ষার্থীদের স্নাতক শেষের তিন, ছয়, ১০ ও ২০ বছর পরের আনুমানিক মধ্যম আয়ের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে প্রকৌশল, প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো এগিয়ে রয়েছে। তবে তালিকার ২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি ফোর্বসের সামগ্রিক সেরা ৫০০ কলেজের তালিকায় প্রথম ৫০টির বাইরে। শীর্ষ পাঁচে রয়েছে এমআইটি, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বাবসন কলেজ। এ ছাড়া ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) ষষ্ঠ, হার্ভে মাড কলেজ সপ্তম এবং কার্নেগি মেলন ইউনিভার্সিটি অষ্টম স্থানে রয়েছে। নিউইয়র্ক ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্যও তালিকাটি গুরুত্বপূর্ণ। নিউ জার্সির হোবোকেনের স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি চতুর্থ, নিউইয়র্কের ট্রয়ের রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) ১১তম, প্রিন্সটন ইউনিভার্সিটি ১৪তম এবং নিউইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটি ১৬তম স্থানে রয়েছে। নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি রয়েছে ১৮তম স্থানে। মিশিগানের ফ্লিন্টে অবস্থিত কেটারিং ইউনিভার্সিটি পেয়েছে ১৩তম স্থান। বিশেষ করে কেটারিং ইউনিভার্সিটির অবস্থান তালিকায় আলোচনায় এসেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতি ১২ সপ্তাহ পরপর শ্রেণিকক্ষের পড়াশোনা থেকে বেতনভুক্ত কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। স্নাতক শেষ করার আগেই অনেক শিক্ষার্থী দুই বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন। তাঁদের কো-অপ কর্মসূচি থেকে সাধারণত ৬০ হাজার থেকে ৭৫ হাজার ডলার পর্যন্ত আয় হয়। বিশ্ববিদ্যালয়টি প্রায় ৬০০ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। ফোর্বসের হিসাবে, স্নাতকের ২০ বছর পর কেটারিংয়ের সাবেক শিক্ষার্থীদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৫৩ হাজার ৬৮২ ডলার। আয়ের সময়কাল অনুযায়ী তালিকার অবস্থানেও পার্থক্য রয়েছে। এমআইটির সাবেক শিক্ষার্থীরা স্নাতকের তিন, ছয় ও ১০ বছর পর সর্বোচ্চ আনুমানিক মধ্যম আয় করেন। তবে ২০ বছর পরের হিসাবে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার শিক্ষার্থীরা এগিয়ে। তাঁদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৮৩ হাজার ৮১০ ডলার। অন্যদিকে ডার্টমাউথ কলেজ তিন বছর পরের আয়ের হিসাবে ২২তম হলেও ২০ বছর পরের হিসাবে উঠে এসেছে পঞ্চম স্থানে। ফোর্বসের এ তালিকা এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্রে নতুন স্নাতকদের চাকরির বাজার কঠিন হয়ে উঠেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার কর্মক্ষেত্রে পরিবর্তন আনছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কলেজ স্নাতকদের বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশে নেমেছে। তবে তাঁদের মধ্যে ৪২ দশমিক ৫ শতাংশ নিজস্ব শিক্ষাগত যোগ্যতার তুলনায় কম যোগ্যতা প্রয়োজন এমন কাজে নিয়োজিত। ফোর্বসের প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, উচ্চ বেতন মানেই কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিনিয়োগ সবচেয়ে লাভজনক—এমন নয়। টিউশন ফি, শিক্ষাঋণ এবং স্নাতক সম্পন্ন করার সম্ভাবনাও বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা জরুরি। ফোর্বসের শীর্ষ ২৫ কলেজ ১. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT) ২. ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ৩. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ৪. স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি ৫. বাবসন কলেজ ৬. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ৭. হার্ভে মাড কলেজ ৮. কার্নেগি মেলন ইউনিভার্সিটি ৯. ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউট ১০. রোজ-হালম্যান ইনস্টিটিউট অব টেকনোলজি ১১. রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট ১২. লেহাই ইউনিভার্সিটি ১৩. কেটারিং ইউনিভার্সিটি ১৪. প্রিন্সটন ইউনিভার্সিটি ১৫. হার্ভার্ড ইউনিভার্সিটি ১৬. কলাম্বিয়া ইউনিভার্সিটি ১৭. সান্তা ক্লারা ইউনিভার্সিটি ১৮. কর্নেল ইউনিভার্সিটি ১৯. ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজ ২০. বেন্টলি ইউনিভার্সিটি ২১. কলোরাডো স্কুল অব মাইনস ২২. ডিউক ইউনিভার্সিটি ২৩. ডার্টমাউথ কলেজ ২৪. জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ২৫. ইউনিভার্সিটি অব নটর ডেম সূত্র: Forbes , Federal Reserve Bank of New York, U.S. Census Bureau
লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৬ সালে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন ম্যান্ডি বুড নামে এক নারী। গত দুই মাস ধরে তিনি পা নাড়াতে পারছেন না। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া এই নারীর ঘটনা ভাইরাসটির ভয়াবহতা নতুন করে সামনে এনেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির ২৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এক দশকেরও বেশি সময়ের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৪৫ জনের মৃত্যু নিয়ে ২০২৬ সাল অঙ্গরাজ্যটির ইতিহাসে এ ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর হয়ে উঠেছে। মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক বুডের অসুস্থতার শুরু হয় গত সেপ্টেম্বরে। প্রথমে তাঁর নিতম্বে ব্যথা শুরু হয়। তিনি ভেবেছিলেন, এটি হয়তো সায়াটিকার সমস্যা। কিন্তু একপর্যায়ে তাঁর পা শরীরের ভার বহন করতে না পারায় তিনি পড়ে যান। পরে তাঁকে লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে চিকিৎসা চালিয়ে যান। হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার সময় আবার দাঁড়ানোর চেষ্টা করছেন বুড। এএফপিকে তিনি বলেন, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’ নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’ বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকায় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এ বছর মে মাসেই প্রথম সংক্রমিত মশা শনাক্ত হয়, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দুই মাস আগের ঘটনা। জলবায়ু পরিবর্তন এবং উষ্ণ আবহাওয়ার কারণে মশাবাহিত রোগের বিস্তারও বাড়ছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের এক গবেষক। ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সাধারণত ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। প্রায় ২০ শতাংশের ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, বমি বা ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এক শতাংশেরও কম আক্রান্তের ক্ষেত্রে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গুরুতর সংক্রমণ হতে পারে। এতে মস্তিষ্কের প্রদাহ, পেশির দুর্বলতা এমনকি পক্ষাঘাতও দেখা দিতে পারে। এ ভাইরাস প্রতিরোধে মানুষের ব্যবহারের জন্য এখনো কোনো অনুমোদিত টিকা নেই। নির্দিষ্ট কোনো ওষুধও নেই। গুরুতর আক্রান্তদের হাসপাতালে রেখে উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। মশার কামড় এড়াতে রিপেলেন্ট ব্যবহার, বিশেষ করে ভোর ও সন্ধ্যায় সতর্ক থাকা এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। জীবনের অধিকাংশ সময় ফ্লোরিডায় কাটিয়েছেন বুড। সেখানকার গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় মশার উপদ্রব তাঁর কাছে পরিচিত ছিল। তবে ক্যালিফোর্নিয়ার মনোরম আবহাওয়ায় এসে এমন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হবেন, তা কখনো ভাবেননি বলে জানান তিনি। সূত্র: এএফপি 871 এসএ
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দারা ছুটির মৌসুমে নিজেদের মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৭ শতাংশ ব্যয় করেন। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর মধ্যে এ হার সবচেয়ে বেশি। দেশজুড়ে ছুটির মৌসুমের গড় ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের প্রায় ২১ শতাংশ। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান মানিলায়ন (MoneyLion) প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ছুটির মৌসুমের কেনাকাটা, ভ্রমণ ব্যয়, আয় ও ঋণের পরিস্থিতি বিশ্লেষণ করে গবেষণাটি তৈরি করা হয়েছে। গবেষণা অনুযায়ী, মধ্যপশ্চিমাঞ্চলে মিশিগানের পরেই রয়েছে ইন্ডিয়ানা। অঙ্গরাজ্যটির বাসিন্দারা মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৫ শতাংশ ছুটির মৌসুমে ব্যয় করেন। অন্যদিকে মিনেসোটায় এ হার ১৮ দশমিক ১ শতাংশ, যা অঞ্চলটির মধ্যে সবচেয়ে কম। কোন অঙ্গরাজ্যে ছুটির ব্যয়ের চাপ বেশি? যুক্তরাষ্ট্রজুড়ে সবচেয়ে বেশি ব্যয়ের চাপ দেখা গেছে দক্ষিণাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে। এ তালিকায় শীর্ষে রয়েছে মিসিসিপি। অঙ্গরাজ্যটির বাসিন্দাদের ছুটির মৌসুমের ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের ২৬ দশমিক ৬ শতাংশ। এরপর রয়েছে কেনটাকি ২৫ দশমিক ৮ শতাংশ, ওয়েস্ট ভার্জিনিয়া ২৫ দশমিক ৬ শতাংশ এবং লুইজিয়ানা ২৫ দশমিক ২ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ব্যয়ের হার নিউ হ্যাম্পশায়ারে, ১৭ শতাংশ। নিউ জার্সিতে এ হার ১৭ দশমিক ১ শতাংশ। ছুটির খরচ নিয়ে উদ্বিগ্ন অধিকাংশ মার্কিন মানিলায়নের আরেকটি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ মানুষ ছুটির মৌসুমের ব্যয় নিয়ে উদ্বিগ্ন। তরুণ প্রজন্মের মধ্যে এ উদ্বেগ আরও বেশি। জেনারেশন জেডের ৮২ শতাংশ এবং মিলেনিয়ালদের ৭৭ শতাংশ ছুটির খরচ নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন। বেবি বুমারদের মধ্যে এ হার ৫১ শতাংশ। জরিপে অংশ নেওয়া ১৮ শতাংশ মার্কিন জানিয়েছেন, ছুটির মৌসুমের কেনাকাটার খরচ মেটাতে তাঁরা ক্রেডিট কার্ডের ঋণ নিতে প্রস্তুত। ফলে উৎসব ও ছুটির আনন্দের পাশাপাশি আর্থিক চাপও বাড়ছে অনেক পরিবারের। কীভাবে তৈরি হয়েছে এই গবেষণা? মানিলায়ন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক, শ্রম পরিসংখ্যান ব্যুরো, পিডব্লিউসি এবং ট্যাক্স ফাউন্ডেশনের তথ্য ব্যবহার করেছে। অঙ্গরাজ্যভিত্তিক জীবনযাত্রার ব্যয়, ভ্রমণ ও উপহার কেনার খরচ এবং মাসিক হাতে পাওয়া আয়ের সঙ্গে ছুটির ব্যয়ের তুলনা করা হয়েছে। গবেষণার তথ্য ২০২৬ সালের ৫ অক্টোবর পর্যন্ত হালনাগাদ করা হয়েছে। এখানে ছুটির ব্যয়ের পরিমাণ প্রকৃত কেনাকাটার হিসাব নয়; বিভিন্ন অর্থনৈতিক উপাত্তের ভিত্তিতে তৈরি অনুমান। গবেষণাটি বলছে, ছুটির মৌসুমে উপহার কেনা ও ভ্রমণের খরচ অনেক মার্কিন পরিবারের মাসিক বাজেটের বড় অংশ নিয়ে নিচ্ছে। বিশেষ করে যেসব অঙ্গরাজ্যে আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে ব্যবধান বেশি, সেখানে আর্থিক চাপ আরও প্রকট। 876TR
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

