লাইভ সম্প্রচারের প্রস্তুতির সময় সিবিএস নিউজের সংবাদকর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ৩ জন
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে লাইভ সম্প্রচারের প্রস্তুতির সময় সিবিএস নিউজ শিকাগোর এক সংবাদদলের ওপর হামলার ঘটনায় তিনজনের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। একই দিন পরে ওই তিন ব্যক্তি শিকাগোর আরেকটি এলাকায় পথচারীদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করেছিলেন বলেও অভিযোগ করেছে পুলিশ।
সিবিএস নিউজ শিকাগো ও শিকাগো পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল সাড়ে ৪টার কিছু আগে অ্যাডলার প্ল্যানেটারিয়ামের কাছে ইস্ট সলিডারিটি ড্রাইভ এলাকায় ঘটনাটি ঘটে। ওই সময় একজন প্রতিবেদক ও একজন আলোকচিত্রী বিকেল ৪টার সংবাদ বুলেটিনের জন্য সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি সাদা রঙের টো ট্রাক এসে তাদের সংবাদভ্যানের সামনে থামে।
অভিযোগ অনুযায়ী, ট্রাক থেকে নেমে আসা তিনজনের একজন একটি কুকুর নিয়ে সংবাদকর্মীদের দিকে এগিয়ে যান এবং আলোকচিত্রীকে উদ্দেশ্য করে বর্ণবাদী গালিগালাজ করতে থাকেন। পরে তিনি কুকুরটিকে হামলার নির্দেশ দিলেও কুকুরটি তা মানেনি।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি হঠাৎ করেই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তাদের একজন বলেন, হামলাকারীরা কোনো কারণ ছাড়াই সংবাদকর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছিল। আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ও তার স্ত্রী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। একপর্যায়ে আত্মরক্ষার্থে আলোকচিত্রী একটি ভাঁজ করা স্টুল দিয়ে হামলাকারীকে আঘাত করেন। তবে তাতেও হামলাকারী থামেননি।
এরপর অভিযুক্তদের মধ্যে দুজন একটি পার্কিং কোন দিয়ে সংবাদভ্যানের সামনের কাচ ভেঙে ফেলেন এবং ক্যামেরাও ক্ষতিগ্রস্ত করেন। পরে তারা ঘটনাস্থল ছেড়ে চলে যান। হামলার ঘটনায় প্রতিবেদক ও আলোকচিত্রী শারীরিকভাবে আহত না হলেও সংবাদ সরঞ্জামের উল্লেখযোগ্য ক্ষতি হয়।
ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শিকাগোর ব্রাইটন পার্ক এলাকায় পুলিশ একই টো ট্রাকটি শনাক্ত করে। পুলিশ জানায়, তখন ওই তিন ব্যক্তি সড়কের পাশে থাকা কয়েকজন মানুষের দিকে আগ্নেয়াস্ত্র তাক করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। পুলিশ তাদের আটক করার চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে একটি পুলিশ গাড়ির সঙ্গে সংঘর্ষের পর তিনজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। হামলার সময় সঙ্গে থাকা কুকুরটি পালিয়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, কুকুরটিকে উদ্ধার করা গেছে কি না, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
গ্রেপ্তার হওয়া ৩৭ বছর বয়সী জন টুইস্টের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত অপরাধ, সম্পত্তি নষ্ট এবং দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
৪১ বছর বয়সী উইলিয়াম হুয়ের্তার বিরুদ্ধে পুলিশের ধাওয়া এড়িয়ে পালানোর চেষ্টা, ইলিনয় অঙ্গরাজ্যের দুই সরকারি কর্মচারীকে ভয়ভীতি প্রদর্শন, বেপরোয়া গাড়ি চালানো এবং দুর্ঘটনাস্থল ত্যাগের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ মূলত ব্রাইটন পার্কের ঘটনার সঙ্গে সম্পর্কিত।
এ ছাড়া ২৯ বছর বয়সী রাফায়েল সালিনাসের বিরুদ্ধে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যকে আহত করা, ১০ হাজার থেকে ১ লাখ মার্কিন ডলারের মধ্যে সম্পদের ক্ষতি, বেপরোয়া আচরণ এবং গ্রেপ্তার প্রতিরোধের অভিযোগ আনা হয়েছে।
তদন্তে আরও জানা গেছে, তিন অভিযুক্তের বিরুদ্ধেই অতীতে বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল। সিবিএস নিউজ শিকাগোর তথ্য অনুযায়ী, জন টুইস্ট অতীতে অপহরণ-সংক্রান্ত একটি মামলায় দোষ স্বীকার করেছিলেন এবং দুর্ঘটনায় পড়া ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত একটি প্রতারণামূলক টো ট্রাক চক্রের মামলায়ও কারাদণ্ড ভোগ করেছেন। এক নারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে সুরক্ষা আদেশও জারি হয়েছিল।
উইলিয়াম হুয়ের্তার বিরুদ্ধে আগে প্রথম-ডিগ্রি হত্যাচেষ্টার অভিযোগ আনা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। তবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুরুতর হামলার দায়ে তিনি ছয় বছরের কারাদণ্ড ভোগ করেছেন।
অন্যদিকে রাফায়েল সালিনাসের বিরুদ্ধে মে মাসে হিট অ্যান্ড রান ঘটনার পর পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
তদন্তকারীদের ধারণা, এই তিনজন অতীতেও টো ট্রাক ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের আটকাদেশ-সংক্রান্ত শুনানির জন্য আদালতে হাজির করা হবে। ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি চালিয়ে পালিয়ে গেছেন এক অন্তঃসত্ত্বা নারী আসামি। বুধবার সকালে অঙ্গরাজ্যটির আলবুকার্ক এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পলাতক ওই নারীর নাম রেবেকা টেইলর (২৬)। তিনি চুরি ও সিঁধেল চুরির একাধিক মামলায় কারাবন্দী ছিলেন। নিউ মেক্সিকো কারা কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার সকালে রেবেকা ও অপর এক অন্তঃসত্ত্বা নারী আসামিকে প্রসবপূর্ব চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে আলবুকার্ক এলাকায় কারারক্ষীদের দলটি খাবার কেনার জন্য গাড়ি থামালে সেই সুযোগে 'ডজ জার্নি' মডেলের ওই পুলিশি গাড়িটির নিয়ন্ত্রণ নেন রেবেকা এবং দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে পালিয়ে যান। এ সময় গাড়িতে থাকা অপর নারী আসামি কোনোমতে গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি এবং রেবেকার পরনে থাকা কারাগারের পোশাক (জাম্পস্যুট) উদ্ধার করা সম্ভব হলেও তিনি এখনো পলাতক রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেবেকা বর্তমানে গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে (সেকেন্ড ট্রাইমেস্টার) রয়েছেন। কারা বিভাগের মুখপাত্র ব্রিটানি রোমবাচ জানান, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পরিবহনের সময় তার হাতে কোনো হাতকড়া বা শেকল পরানো ছিল না। ঘটনাটি ঘটার সময় একজন কর্মকর্তা গাড়িটির কাছেই ছিলেন, তবে তিনি গাড়ির ভেতরে ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। রেবেকার পলায়নের পরপরই নিউ মেক্সিকোর সব কারাগারে জরুরি লকডাউন জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৬টায় অন্যান্য কারাগার থেকে লকডাউন তুলে নেওয়া হলেও রেবেকা যে কারাগারে (ওয়েস্টার্ন নিউ মেক্সিকো কারেকশনস ফ্যাসিলিটি) বন্দী ছিলেন, সেখানে এখনো সীমিত চলাচল ব্যবস্থা জারি রয়েছে এবং দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। পলাতক রেবেকাকে ধরতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। সাধারণ জনগণকে কোথাও রেবেকা টেইলরের দেখা পেলে তার কাছে না গিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: বিবিসি।
মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী
মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডি’র অন্যতম উচ্চপদ ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন সাবেক বৌদ্ধ ভিক্ষু তাবি থিয়ানথং। ব্রঙ্কসের একটি প্রিসিঙ্কটের এই কর্মকর্তা মঙ্গলবার ওয়ান পুলিশ প্লাজায় আয়োজিত এক পদোন্নতি অনুষ্ঠানে এই সম্মাননা পান। ৫৩ বছর বয়সী চার সন্তানের জনক থিয়ানথং কুইন্সে জন্মগ্রহণ করেন এবং থাই অভিবাসীদের সন্তান হিসেবে বেড়ে ওঠেন। পদোন্নতির পর তিনি জানান, তরুণ বয়সে গ্রামীণ থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষু হিসেবে কাটানো সময়ের দর্শন ও সংযমই তাকে পুলিশ বাহিনীতে একজন আরও মানবিক ও কার্যকর কর্মকর্তা হয়ে উঠতে সাহায্য করেছে। থিয়ানথংয়ের জীবনের এই ব্যতিক্রমী যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। কলেজ জীবন শেষে নিজের শিকড় ও সংস্কৃতির সন্ধানে তিনি মেকং নদীর তীরবর্তী এক ছোট গ্রামে যান এবং সেখানে একটি মঠে বৌদ্ধ ভিক্ষু হিসেবে দীক্ষা নেন। সে সময় মাথা ও ভ্রু কামিয়ে, ভিক্ষুর পোশাক পরে এবং কেবল একটি ভিক্ষাপাত্র সম্বল করে তিনি নৈতিকতা, ধ্যান ও বৌদ্ধ দর্শন চর্চা করেন। গ্রামবাসীদের দানের ওপর নির্ভর করে জীবনযাপনের সেই অভিজ্ঞতা তার মধ্যে বিনয় ও ত্যাগের গভীর বোধ তৈরি করে। তার মতে, ভিক্ষু জীবনে সব জাগতিক বস্তু, নাম ও উপাধি ত্যাগ করার যে চরম আত্মত্যাগ রয়েছে, তা আজও তাকে মনে করিয়ে দেয় যে পুলিশ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান দায়িত্ব। প্রায় দশ মাস থাইল্যান্ডে অবস্থান করার পর নব্বইয়ের দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ফিরে প্রযুক্তি খাতে কাজ শুরু করেন থিয়ানথং। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শহরকে গভীরভাবে নাড়া দেওয়া সেই ঘটনার পর তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন এবং ২০০৩ সালে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন। শুরুতে ব্রঙ্কসের নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি ভবনগুলোতে টহল দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি মরিস পার্ক ও উডলনের গোয়েন্দা শাখা এবং ব্রঙ্কস রবারি স্কোয়াডে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মার্চে ডেপুটি ইন্সপেক্টর হওয়ার পর এবার পূর্ণ ইন্সপেক্টর পদে উন্নীত হলেন এনওয়াইপিডি’র ৪৩তম প্রিসিঙ্কটের এই কমান্ডিং অফিসার। পদোন্নতির পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে থিয়ানথং পুলিশি কাজে সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কেবল অপরাধের পরিসংখ্যান বা সংখ্যার দিকে তাকিয়ে থাকলেই চলে না, বরং মানুষের অনুভূতি ও ভয়কেও সমান গুরুত্ব দিতে হয় । প্রতিদিনের ব্যস্ততায় একটি ঘটনা পুলিশ সদস্যদের কাছে হয়তো দশ নম্বর কাজ হতে পারে, কিন্তু ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেটিই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা—আর সেই মুহূর্তে পুলিশের আচরণই পুরো পরিস্থিতির গতিপথ নির্ধারণ করে। গৈরিক বসন ছেড়ে নীল উর্দি পরার পর বাহিনীর ভেতরে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক সংহতির বিষয়টি তিনি আলাদাভাবে অনুভব করেছেন বলেও জানান। মঙ্গলবারের অনুষ্ঠানে তার স্ত্রী লেক এবং চার ছেলে থমাস, টিমোথি, টাইটাস ও টেট উপস্থিত ছিলেন, যাদের উপস্থিতি এই প্রাপ্তিকে তার কাছে আরও অর্থবহ করে তুলেছে।
সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে
লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী
গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ফেডারেল অভিবাসন বাহিনীর অভিযানের সময় গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেআইনিভাবে গ্রেপ্তার, আটক রাখা এবং জরুরি চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মার্কিন নাগরিক। ৩১ বছর বয়সী ডায়ান ফিগুয়েরোয়া গত সোমবার (২৩ নভেম্বর) ইলিনয়ের নর্দার্ন ডিস্ট্রিক্টের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে ফেডারেল সরকারের বিরুদ্ধে এই মামলা করেন। ফেডারেল টর্ট ক্লেইমস অ্যাক্টের (এফটিসিএ) অধীনে বেআইনি গ্রেপ্তার ও আটক, শারীরিক নির্যাতন, মানসিক পীড়া এবং চিকিৎসাসেবা প্রদানে অবহেলার অভিযোগ এনে তিনি সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর শিকাগোর ওয়েস্ট টাউন এলাকায় ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন পেশায় প্যারালিগ্যাল ডায়ান ফিগুয়েরোয়া। ওই সময় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)-এর ‘অপারেশন মিডওয়ে ব্লিৎজ’ (Operation Midway Blitz)-এর অংশ হিসেবে অভিযান পরিচালনাকারী একটি চিহ্নবিহীন ফেডারেল এসইউভি গাড়ি হঠাৎ দ্রুতগতিতে তাঁর লেনে ঢুকে পড়ে এবং তাঁর গাড়ির চালকের পাশের অংশে সজোরে ধাক্কা দেয়। ফলে তাঁর গাড়িটি ফেডারেল গাড়ি ও পাশে পার্ক করা আরেকটি গাড়ির মাঝে আটকা পড়ে। অভিযোগে ওই গাড়ির চালক হিসেবে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এজেন্ট ম্যাথিউ সুলেক এবং যাত্রী হিসেবে এজেন্ট অস্কার মেজা, মাইকেল টার্নার ও অ্যান্ড্রু তোরাবপুরের নাম উল্লেখ করা হয়েছে। এরপর মুখোশধারী এজেন্টরা বন্দুক তাক করে তাঁর গাড়ির দরজা খুলে পা ধরে টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে দেন, চেপে ধরে হাতকড়া পরান এবং বারবার নিজেকে মার্কিন নাগরিক বলে পরিচয় দেওয়া সত্ত্বেও কোনো পরিচয়পত্র বা পরোয়ানা ছাড়াই তাঁকে আটক করে নিয়ে যান। অন্যদিকে, ডিএইচএসের এক মুখপাত্র দাবি করেছেন, বর্ডার প্যাট্রোল এজেন্টরা দুজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের সময় ওই নারী তাঁর গাড়ি দিয়ে এজেন্টদের পথরোধ করেন এবং হর্ন বাজান। এজেন্টরা চলে যাওয়ার সময় তিনি তাঁর মার্সিডিজ বেঞ্জ গাড়ি দিয়ে সরকারি গাড়িতে ধাক্কা দেন এবং নামানোর সময় এজেন্টদের লাথি মেরে আহত করায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে নিউজউইক-এর হাতে আসা ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, সশস্ত্র এজেন্টরা ফিগুয়েরোয়াকে গাড়ি থেকে টেনে বের করছেন এবং এক প্রত্যক্ষদর্শী বারবার বলছেন, ‘আপনারা তাঁকে ধাক্কা দিয়েছেন, আমরা সবাই তা দেখেছি।’ ফিগুয়েরোয়া ডিএইচএসের দাবি প্রত্যাখ্যান করে বলেন, ভিডিও প্রমাণই স্পষ্ট করে যে এজেন্টরাই তাঁর গাড়িতে ধাক্কা দিয়েছিলেন এবং তিনি কোনো বিক্ষোভের সঙ্গে যুক্ত ছিলেন না। মামলায় আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারের সময় ফিগুয়েরোয়া কিডনির একটি বড় অস্ত্রোপচারের পর সেরে উঠছিলেন। এজেন্টদের নিজের শারীরিক অবস্থা ও সাম্প্রতিক অস্ত্রোপচারের কথা জানালেও তাঁকে শুরুতে কোনো চিকিৎসা বা পানি পর্যন্ত দেওয়া হয়নি। ব্রডভিউ এবং পরবর্তীতে লম্বার্ডের একটি আটককেন্দ্রে নিয়ে তাঁর আঙুলের ছাপ, ছবি ও ডিএনএ নমুনা সংগ্রহের কয়েক ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তাঁর প্রস্রাবের সঙ্গে রক্তপাত শুরু হলে অ্যাম্বুলেন্সে করে তাঁকে গুড সামারিটান হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তাঁর দাঁতের ক্রাউন ভেঙে যাওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ, অস্ত্রোপচারের ক্ষত বেড়ে যাওয়া, স্নায়ুতে চাপ ও পেশি ছিঁড়ে যাওয়ার পাশাপাশি তীব্র মানসিক ট্রমা সৃষ্টি হয়েছে—যার জেরে গত অক্টোবরে ঘটনার এক বছর পূর্তিতে অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি চাকরি ছাড়তে বাধ্য হন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ডিএইচএসের কাছে প্রশাসনিক ক্ষতিপূরণ দাবি জমা দেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তিনি ফেডারেল আদালতের দ্বারস্থ হন।
আইস বন্দিদের ৯৭ হাজার মামলা সামলাতে সব শাখার আইনজীবীদের মাঠে নামাচ্ছে মার্কিন বিচার বিভাগ
এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন

