সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

৯০ দিনের বেশি অভিবাসী আটক রাখতে আদালতের অনুমতি লাগবে, রায়ে চাপে ট্রাম্প প্রশাসন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ২, ২০২৬ ২১:১৯
৯০ দিনের বেশি কোনো অভিবাসীকে শুনানি ছাড়া আটক রাখা যাবে না। ছবি: সংগৃহীত
৯০ দিনের বেশি কোনো অভিবাসীকে শুনানি ছাড়া আটক রাখা যাবে না। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিষয়ক কঠোর নীতির বিরুদ্ধে বড় ধরনের আইনি ধাক্কা খেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির একটি ফেডারেল আপিল আদালত রায় দিয়েছে, কোনো অভিবাসীকে ৯০ দিনের বেশি আটক রাখতে চাইলে সরকারকে অবশ্যই আদালতে তার যৌক্তিকতা প্রমাণ করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর কোনো ব্যক্তিকে অনির্দিষ্টকাল জামিনের সুযোগ ছাড়া আটকে রাখা যাবে না। এই রায়ে টেক্সাস, লুইজিয়ানা ও মিসিসিপিসহ পঞ্চম সার্কিট আপিল আদালতের আওতাভুক্ত অঙ্গরাজ্যগুলোতে আটক থাকা হাজারো অভিবাসীর ওপর প্রভাব পড়তে পারে।

 

বৃহস্পতিবার নিউ অরলিন্সভিত্তিক পঞ্চম সার্কিট আপিল আদালত ২-১ ভোটে এই সিদ্ধান্ত দেন। আদালতের সংখ্যাগরিষ্ঠ মতামত লিখেছেন বিচারক লেসলি এইচ. সাউথউইক। তিনি বলেন, কাউকে আটক করার ৯০ দিনের মধ্যে অবশ্যই একটি জামিন শুনানি অনুষ্ঠিত হতে হবে। সেই শুনানিতে সরকারকে আদালতের সামনে পৃথকভাবে ব্যাখ্যা করতে হবে কেন সংশ্লিষ্ট ব্যক্তিকে আরও আটক রাখা প্রয়োজন। শুধু সাধারণ যুক্তি দেখিয়ে কাউকে অনির্দিষ্ট সময়ের জন্য আটক রাখা যাবে না।

রায়ে আদালত বলেন, সরকার যদি কাউকে জামিন ছাড়া আরও আটক রাখতে চায়, তাহলে প্রমাণ করতে হবে যে তিনি সমাজের জন্য ঝুঁকিপূর্ণ, পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অথবা আইনের দৃষ্টিতে তাকে আটক রাখার অন্য কোনো গ্রহণযোগ্য কারণ আছে।

 

তবে আদালত একই সঙ্গে স্পষ্ট করেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অতিক্রম করে প্রবেশ করা ব্যক্তিদের ক্ষেত্রে ফেডারেল আইন অনুযায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত আটক রাখার সুযোগ রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসা এবং পরে গ্রেপ্তার হওয়া অনথিভুক্ত অভিবাসীদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। আদালতের মতে, তারা যুক্তরাষ্ট্রের সংবিধানে নিশ্চিত করা যথাযথ আইনি প্রক্রিয়ার সুরক্ষা পাওয়ার অধিকারী। তাই তাদের কোনো শুনানির সুযোগ না দিয়ে দীর্ঘদিন আটক রাখা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিচারক সাউথউইক ২০০১ সালের যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করে বলেন, সাংবিধানিক সুরক্ষা শুধু নাগরিকদের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের সীমানার ভেতরে থাকা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি রায়ে লেখেন, সংবিধানের অন্যতম শক্তি হলো, এটি দেশের ভেতরে থাকা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম করে না। ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়া হলে সেই ব্যক্তির কথা শোনার অধিকারও সংবিধান নিশ্চিত করেছে।

 

একই মামলায় বিচারক জেমস ই. গ্রেভস জুনিয়র সংখ্যাগরিষ্ঠ মতের সঙ্গে একমত হলেও মন্তব্য করেন, ৯০ দিন অপেক্ষাও অনেক দীর্ঘ সময়। তার ভাষায়, বর্তমানে আটক অভিবাসীদের অনেকেই এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন, যা মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উদ্বেগজনক।

অন্যদিকে ট্রাম্প মনোনীত বিচারক কোরি উইলসন এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তার মতে, বর্তমান অভিবাসন আইন অনুযায়ী অনথিভুক্ত অভিবাসীদের আটকাদেশ চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া উচিত নয়।

এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিন ব্যক্তি, ইগনাসিও সোসনাভা রদ্রিগেজ, মিগুয়েল অ্যাঞ্জেল গোমেজ আলভারাদো এবং আলেহান্দ্রো ভিয়েগাস অ্যাঞ্জেল। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে টেক্সাসে নিয়মিত ট্রাফিক তল্লাশির সময় অঙ্গরাজ্যের পুলিশ তাদের আটক করে। তিনজনই অন্তত ১৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তাদের নিয়মিত চাকরি ছিল এবং তারা যুক্তরাষ্ট্রের নাগরিক সন্তানদের লালন-পালন করছিলেন।

 

পরে তাদের যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের (ICE) কাছে হস্তান্তর করা হয়। সংস্থাটি তাদের কোনো বিচারকের সামনে হাজির না করেই আটক রাখে। পরে ফেডারেল আদালতের বিচারকরা রায় দেন, জামিন শুনানির সুযোগ না দিয়ে তাদের আটক রাখা সংবিধানে নিশ্চিত করা যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে। এরপর ট্রাম্প প্রশাসন সেই রায়ের বিরুদ্ধে আপিল করে।

 

ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, ২০২৫ সালের জুলাইয়ে চালু করা তাদের নতুন নীতির আওতায় অনথিভুক্ত অভিবাসীদের বহিষ্কার না হওয়া পর্যন্ত আটক রাখার বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে জামিন শুনানির প্রয়োজন নেই। এই নীতির বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক আইনি লড়াই শুরু হয়। অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোপাবলিকার তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের প্রথম ১৩ মাসে আটকাদেশ চ্যালেঞ্জ করে প্রায় ৪৭ হাজার হেবিয়াস করপাস আবেদন দায়ের করা হয়েছে। এই সংখ্যা আগের তিনটি প্রশাসনের মোট আবেদনের চেয়েও বেশি। এসব মামলার প্রায় পাঁচ ভাগের এক ভাগই টেক্সাসের ফেডারেল আদালতে দায়ের হয়েছে।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একই ধরনের মামলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল আপিল আদালতে ভিন্ন ভিন্ন রায় হওয়ায় বিষয়টি এখন আরও জটিল হয়ে উঠেছে। সর্বশেষ এই রায়ের আগে তিনটি আপিল আদালত ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, দুটি আদালত প্রশাসনের পক্ষে রায় দিয়েছিল এবং আরেকটি আদালতে বিষয়টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

 

আইন বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন আদালতের পরস্পরবিরোধী সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের মিশন হিলস এলাকার রাস্তায় লোমহীন এই অসুস্থ প্রাণীটিকে হাঁটতে দেখা যায়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় লোমহীন রহস্যময় প্রাণীর দেখা, কৌতূহল ও উদ্বেগে স্থানীয়রা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি আবাসিক এলাকায় অস্বাভাবিক চেহারার লোমহীন প্রাণীর দেখা মিলেছে। চার পায়ে হাঁটা প্রাণীটির শরীরে প্রায় কোনো লোম ছিল না, ত্বকজুড়ে ছিল ভাঁজ ও দাগ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাণীটির পরিচয় নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়। পরে স্থানীয় প্রাণী সুরক্ষা সংস্থা জানিয়েছে, এটি খোসপাঁচড়ায় আক্রান্ত একটি র‍্যাকুন। প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা চলছে।   গত ২১ নভেম্বর সান ডিয়েগোর মিশন হিলস এলাকায় হাঁটার সময় ড্যান ফুলকারসন নামের এক ব্যক্তি প্রাণীটিকে দেখতে পান। সেটি একটি বাড়ির গাড়ি প্রবেশের পথে দিয়ে চলার সময় ভিডিও করেন তিনি। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে প্রাণীটির পরিচয় জানতে চান। ফুলকারসন জানান, প্রাণীটি দেখতে বিড়াল বা কুকুরের মতো নয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুই লাখ নয়, দুই মিলিয়নেরও বেশি বার দেখা হয়।   ভিডিও প্রকাশের পর দর্শকদের মধ্যে প্রাণীটির পরিচয় নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ ধারণা করেন, এটি লোমহীন কুকুরের একটি বিশেষ জাত জোলোইটজকুইন্টলি। অন্যদের মতে, এটি খোসপাঁচড়ায় আক্রান্ত কোনো কোয়োট বা বন্য কুকুরজাতীয় প্রাণী হতে পারে। তবে অনেকেই এটিকে র‍্যাকুন বলে শনাক্ত করার সম্ভাবনা তুলে ধরেন। বন্য প্রাণী পুনর্বাসনের সঙ্গে যুক্ত কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীও জানান, প্রাণীটি খোসপাঁচড়ায় আক্রান্ত র‍্যাকুন হতে পারে।   বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় সংবাদমাধ্যম কেএনএক্স নিউজ সান ডিয়েগো হিউম্যান সোসাইটির সঙ্গে যোগাযোগ করে। সংস্থাটি জানায়, ভিডিওতে দেখা প্রাণীটি খোসপাঁচড়ায় আক্রান্ত একটি র‍্যাকুন। তবে সেটিকে এখনো উদ্ধার করা যায়নি। প্রাণীটির অবস্থান শনাক্তে খোঁজ চলছে। ভিডিও ধারণকারী ফুলকারসনও জানিয়েছেন, প্রাণীটিকে দেখার পর তিনি স্থানীয় প্রাণী নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে খবর দিয়েছেন।   খোসপাঁচড়া এক ধরনের চর্মরোগ, যা অতি ক্ষুদ্র পরজীবী মাইটের সংক্রমণে হয়। এই রোগে আক্রান্ত প্রাণীর শরীর থেকে লোম ঝরে যেতে পারে, ত্বকে তীব্র চুলকানি দেখা দেয় এবং চামড়ায় ক্ষত ও শক্ত আবরণ তৈরি হতে পারে। কুকুর-বিড়ালের পাশাপাশি র‍্যাকুন, শিয়াল, কোয়োট ও অন্যান্য বন্য প্রাণীর মধ্যেও এ রোগ ছড়াতে পারে। গুরুতর অবস্থায় আক্রান্ত প্রাণী দুর্বল হয়ে পড়ে এবং চিকিৎসা না পেলে মারা যাওয়ার ঝুঁকিও থাকে।   প্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এ ধরনের অসুস্থ বন্য প্রাণী দেখলে সেটিকে ধরার বা কাছে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। এতে মানুষ ও পোষা প্রাণীর সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। বরং স্থানীয় প্রাণী নিয়ন্ত্রণ বিভাগ বা বন্য প্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া প্রয়োজন। সান ডিয়েগো হিউম্যান সোসাইটিও প্রাণীটির সন্ধান পেলে তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।   সূত্র: দ্য সান, কেএনএক্স নিউজ, সান ডিয়েগো হিউম্যান সোসাইটি।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ২২:২৬
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলারের মতে, গাড়ির সিটের জটিলতাই যুক্তরাষ্ট্রে জন্মহার কমার অন্যতম কারণ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে জন্মহার কমার পেছনে গাড়ির সিটকে দায়ী করে কেটি মিলারের অদ্ভুত ব্যাখ্যা

রিয়েলটর ডটকমের ২০২৬ সালের প্রতিবেদনে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা মার্কিন অঙ্গরাজ্য হিসেবে শীর্ষে উঠেছে ইন্ডিয়ানা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২০২৬ সালে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা ৫ মার্কিন অঙ্গরাজ্যের নতুন তালিকা প্রকাশ

সন্তানের ভরণপোষণের বকেয়া ১০ হাজার ডলার ছাড়ালেই মার্কিন নাগরিকদের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সন্তানের ভরণপোষণের ১০ হাজার ডলার বকেয়া থাকলে বাতিল হবে মার্কিন পাসপোর্ট

কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি নিয়ে পলালেন অন্তঃসত্ত্বা মার্কিন নারী
কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি নিয়ে পলালেন অন্তঃসত্ত্বা মার্কিন নারী

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি চালিয়ে পালিয়ে গেছেন এক অন্তঃসত্ত্বা নারী আসামি। বুধবার সকালে অঙ্গরাজ্যটির আলবুকার্ক এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।   পলাতক ওই নারীর নাম রেবেকা টেইলর (২৬)। তিনি চুরি ও সিঁধেল চুরির একাধিক মামলায় কারাবন্দী ছিলেন। নিউ মেক্সিকো কারা কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার সকালে রেবেকা ও অপর এক অন্তঃসত্ত্বা নারী আসামিকে প্রসবপূর্ব চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে আলবুকার্ক এলাকায় কারারক্ষীদের দলটি খাবার কেনার জন্য গাড়ি থামালে সেই সুযোগে 'ডজ জার্নি' মডেলের ওই পুলিশি গাড়িটির নিয়ন্ত্রণ নেন রেবেকা এবং দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে পালিয়ে যান। এ সময় গাড়িতে থাকা অপর নারী আসামি কোনোমতে গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হন।   কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি এবং রেবেকার পরনে থাকা কারাগারের পোশাক (জাম্পস্যুট) উদ্ধার করা সম্ভব হলেও তিনি এখনো পলাতক রয়েছেন।   স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেবেকা বর্তমানে গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে (সেকেন্ড ট্রাইমেস্টার) রয়েছেন। কারা বিভাগের মুখপাত্র ব্রিটানি রোমবাচ জানান, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পরিবহনের সময় তার হাতে কোনো হাতকড়া বা শেকল পরানো ছিল না। ঘটনাটি ঘটার সময় একজন কর্মকর্তা গাড়িটির কাছেই ছিলেন, তবে তিনি গাড়ির ভেতরে ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে।   রেবেকার পলায়নের পরপরই নিউ মেক্সিকোর সব কারাগারে জরুরি লকডাউন জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৬টায় অন্যান্য কারাগার থেকে লকডাউন তুলে নেওয়া হলেও রেবেকা যে কারাগারে (ওয়েস্টার্ন নিউ মেক্সিকো কারেকশনস ফ্যাসিলিটি) বন্দী ছিলেন, সেখানে এখনো সীমিত চলাচল ব্যবস্থা জারি রয়েছে এবং দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।   পলাতক রেবেকাকে ধরতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। সাধারণ জনগণকে কোথাও রেবেকা টেইলরের দেখা পেলে তার কাছে না গিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: বিবিসি।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৮:৫১
মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী

মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী

মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প

মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম

যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম

সাবেক বৌদ্ধ ভিক্ষু তাবি থিয়ানথং
একসময় ছিলেন বৌদ্ধ ভিক্ষু, এবার নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর হলেন তাবি

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডি’র অন্যতম উচ্চপদ ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন সাবেক বৌদ্ধ ভিক্ষু তাবি থিয়ানথং। ব্রঙ্কসের একটি প্রিসিঙ্কটের এই কর্মকর্তা মঙ্গলবার ওয়ান পুলিশ প্লাজায় আয়োজিত এক পদোন্নতি অনুষ্ঠানে এই সম্মাননা পান। ৫৩ বছর বয়সী চার সন্তানের জনক থিয়ানথং কুইন্সে জন্মগ্রহণ করেন এবং থাই অভিবাসীদের সন্তান হিসেবে বেড়ে ওঠেন।   পদোন্নতির পর তিনি জানান, তরুণ বয়সে গ্রামীণ থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষু হিসেবে কাটানো সময়ের দর্শন ও সংযমই তাকে পুলিশ বাহিনীতে একজন আরও মানবিক ও কার্যকর কর্মকর্তা হয়ে উঠতে সাহায্য করেছে।   থিয়ানথংয়ের জীবনের এই ব্যতিক্রমী যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। কলেজ জীবন শেষে নিজের শিকড় ও সংস্কৃতির সন্ধানে তিনি মেকং নদীর তীরবর্তী এক ছোট গ্রামে যান এবং সেখানে একটি মঠে বৌদ্ধ ভিক্ষু হিসেবে দীক্ষা নেন। সে সময় মাথা ও ভ্রু কামিয়ে, ভিক্ষুর পোশাক পরে এবং কেবল একটি ভিক্ষাপাত্র সম্বল করে তিনি নৈতিকতা, ধ্যান ও বৌদ্ধ দর্শন চর্চা করেন।   গ্রামবাসীদের দানের ওপর নির্ভর করে জীবনযাপনের সেই অভিজ্ঞতা তার মধ্যে বিনয় ও ত্যাগের গভীর বোধ তৈরি করে। তার মতে, ভিক্ষু জীবনে সব জাগতিক বস্তু, নাম ও উপাধি ত্যাগ করার যে চরম আত্মত্যাগ রয়েছে, তা আজও তাকে মনে করিয়ে দেয় যে পুলিশ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান দায়িত্ব।   প্রায় দশ মাস থাইল্যান্ডে অবস্থান করার পর নব্বইয়ের দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ফিরে প্রযুক্তি খাতে কাজ শুরু করেন থিয়ানথং। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শহরকে গভীরভাবে নাড়া দেওয়া সেই ঘটনার পর তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন এবং ২০০৩ সালে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন।   শুরুতে ব্রঙ্কসের নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি ভবনগুলোতে টহল দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি মরিস পার্ক ও উডলনের গোয়েন্দা শাখা এবং ব্রঙ্কস রবারি স্কোয়াডে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মার্চে ডেপুটি ইন্সপেক্টর হওয়ার পর এবার পূর্ণ ইন্সপেক্টর পদে উন্নীত হলেন এনওয়াইপিডি’র ৪৩তম প্রিসিঙ্কটের এই কমান্ডিং অফিসার।   পদোন্নতির পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে থিয়ানথং পুলিশি কাজে সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কেবল অপরাধের পরিসংখ্যান বা সংখ্যার দিকে তাকিয়ে থাকলেই চলে না, বরং মানুষের অনুভূতি ও ভয়কেও সমান গুরুত্ব দিতে হয়   । প্রতিদিনের ব্যস্ততায় একটি ঘটনা পুলিশ সদস্যদের কাছে হয়তো দশ নম্বর কাজ হতে পারে, কিন্তু ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেটিই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা—আর সেই মুহূর্তে পুলিশের আচরণই পুরো পরিস্থিতির গতিপথ নির্ধারণ করে। গৈরিক বসন ছেড়ে নীল উর্দি পরার পর বাহিনীর ভেতরে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক সংহতির বিষয়টি তিনি আলাদাভাবে অনুভব করেছেন বলেও জানান।   মঙ্গলবারের অনুষ্ঠানে তার স্ত্রী লেক এবং চার ছেলে থমাস, টিমোথি, টাইটাস ও টেট উপস্থিত ছিলেন, যাদের উপস্থিতি এই প্রাপ্তিকে তার কাছে আরও অর্থবহ করে তুলেছে।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৭:৪
সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে

সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে

লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী

লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী

গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের

গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...