ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাজার বাসিন্দাকে বিয়ে করেছেন মার্কিন শিক্ষিকা, তদন্তের ইঙ্গিত হোমল্যান্ড সিকিউরিটির
ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে গাজার এক বাসিন্দাকে বিয়ে করেছেন বলে প্রকাশ্যে মন্তব্য করার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক সরকারি স্কুলশিক্ষিকাকে ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীন অভিবাসন সংস্থা জানিয়েছে, অভিবাসন সুবিধা পাওয়ার উদ্দেশ্যে প্রতারণামূলক বিয়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিতর্কের কেন্দ্রে থাকা ৫১ বছর বয়সী লরা পিনহো ক্যালিফোর্নিয়ার একটি সরকারি স্কুলের নৃত্যশিক্ষক এবং যুদ্ধবিরোধী সংগঠন ‘কোডপিংক’-এর (CODEPINK) একজন কর্মী। গত ১৬ জুন ‘চ্যালেঞ্জিং জায়নিজম ইন আওয়ার স্কুলস’ শীর্ষক একটি অনলাইন আলোচনায় তিনি বলেন, একজন মার্কিন নাগরিক হিসেবে তার যে সুযোগ-সুবিধা রয়েছে, তা তিনি বৈষম্য কমাতে ব্যবহার করতে চান। আলোচনায় তিনি জানান, সেই ভাবনা থেকেই তিনি গাজার এক ব্যক্তিকে বিয়ে করেছেন।
পরবর্তীতে বিষয়টি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট প্রতিবেদন প্রকাশ করলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা (ইউএসসিআইএস)-এর মুখপাত্র জ্যাক কাহলার বলেন, অভিবাসন আইনের অপব্যবহার করে কেউ যদি বিয়ের মাধ্যমে অবৈধভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তবে এমন ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি জানান, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে প্রতিটি বিষয় তদন্ত করে প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়।
ইউটাহ অঙ্গরাজ্যের বিবাহ নিবন্ধন নথি অনুযায়ী, চলতি বছরের ৫ এপ্রিল লরা পিনহো গাজার বাসিন্দা সালেম এস. ই. আবু আমরাকে বিয়ে করেন। ইউটাহ অঙ্গরাজ্যে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভার্চুয়াল বা অনলাইন পদ্ধতিতে বিয়ে নিবন্ধনের সুযোগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিয়ের প্রায় এক মাস আগে পিনহো তার ভবিষ্যৎ স্বামীর জন্য একটি অনলাইন তহবিল সংগ্রহ কার্যক্রমও শুরু করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, আবু আমরা যুদ্ধবিধ্বস্ত গাজায় পাঁচ সদস্যের পরিবারের দেখভাল করেন এবং প্রতিদিন নিরাপদ পানি ও খাদ্য সংগ্রহের জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হন।
তবে সমালোচনার মুখে লরা পিনহো অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, কেবল মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি বিয়ে করেননি। তিনি বলেন, আবু আমরাকে ভালোবেসেই তিনি বিয়ে করেছেন এবং আলোচনায় দেওয়া তার বক্তব্য সম্পূর্ণ প্রেক্ষাপটে উপস্থাপিত হয়নি।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, শুধুমাত্র গ্রিন কার্ড বা অন্য কোনো অভিবাসন সুবিধা পাওয়ার উদ্দেশ্যে ভুয়া বা প্রতারণামূলক বিয়ে করা একটি ফেডারেল অপরাধ। এমন অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট অভিবাসন আবেদন বাতিলসহ অন্যান্য আইনগত পদক্ষেপও নেওয়া হতে পারে।
এখন পর্যন্ত লরা পিনহোর বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে বা তাকে গ্রেপ্তার করা হয়েছে—এমন তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের কোনো সরকারি সংস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির ফলে যুক্তরাষ্ট্রে আশ্রয় (অ্যাসাইলাম) প্রার্থনার পথ কার্যত বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে নির্যাতন ও বিপদ থেকে বাঁচতে পালিয়ে আসা মানুষের জন্য যে আশ্রয়ের দরজা খোলা ছিল, তা এখন বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই নিষেধাজ্ঞা ও নীতিগত পরিবর্তন বহাল রাখার একতরফা ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে কি না—তা খতিয়ে দেখতে এখন মার্কিন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছেন অভিবাসন আইনজীবী ও অধিকারকর্মীরা। গত প্রায় দুই বছরে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থনা নিষিদ্ধ করেছে এবং বিচারাধীন হাজার হাজার আবেদন বাতিল করেছে। সমালোচকদের মতে, ব্যাপক এই অভিবাসন সংস্কার, গণহারে বরখাস্ত এবং নতুন আইনি কৌশলের কারণে আশ্রয় পাওয়ার সুযোগ প্রায় শেষ হয়ে গেছে। আগামী ডিসেম্বরে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশাসনের আরেকটি কৌশল পর্যালোচনা করবেন, যার আওতায় আশ্রয়প্রার্থীদের এমন তৃতীয় দেশে পাঠানো হচ্ছে যারা আবেদন প্রক্রিয়াকরণে সম্মত হয়েছে—যদিও এসব দেশের কয়েকটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং সেগুলো আবেদনকারীদের নিজ দেশে ফেরত না পাঠানোর নিশ্চয়তা দিতে পারে না। অভিবাসন আইনজীবী মাধবী নারায়ণন আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রক্রিয়াগত প্রতিবন্ধকতা তৈরি করে কীভাবে অনাগরিকদের ন্যায্য আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করা যায়, সে বিষয়েই জোর দেওয়া হচ্ছে। তাঁর মতে, অনেক মক্কেলের জন্য সুপ্রিম কোর্টের রায় জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের সমর্থকরা আশা করছেন সর্বোচ্চ আদালত প্রশাসনের অবস্থানেই থাকবেন। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রক্ষণশীল থিংক ট্যাংক হেরিটেজ ফাউন্ডেশনের সাইমন হ্যাঙ্কিনসন মনে করেন, অধিকাংশ আশ্রয়প্রার্থী ব্যবস্থার অপব্যবহার করছেন এবং যুক্তরাষ্ট্রের আইনে আশ্রয় পাওয়ার যোগ্য নন। তাঁর দাবি, মেক্সিকো হয়ে আসা এসব মানুষের অনেকেই মূলত কাজের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর চলতি বছর যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে বর্ডার পেট্রোলের হাতে আটকের সংখ্যা সংস্থাটির ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে এর মধ্যেও সক্রিয় আবেদন থাকা লাখ লাখ মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এবং সুপ্রিম কোর্ট আবারও আশ্রয়ের দুয়ার খুলে দেবেন—এই আশায় বুক বেঁধে আছেন। সূত্র: এনপিআর। 873 DN
নিউইয়র্ক-লস অ্যাঞ্জেলেসকে পেছনে ফেলে, যুক্তরাষ্ট্রে বসবাসে পছন্দের শীর্ষে মিনিয়াপোলিস
জার্মানিতে শিশু ছাড়া পার্কে প্রবেশ ও বেঞ্চে বসে কাঁদায় এক নারীকে ২৫ ইউরো জরিমানা
থ্যাংকসগিভিংয়ের ঝড়ে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বিভিন্ন পাবলিক স্কুলে চাকরির নতুন সুযোগ তৈরি হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য স্কুল এইড (School Aide) পদে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলস কর্তৃপক্ষ। শিশুদের সঙ্গে কাজ করতে আগ্রহীদের জন্য এসব পদে আবেদনের সুযোগ রয়েছে। নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল জব পোর্টালে ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বেশ কয়েকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন ও ম্যানহাটনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কুল ডিস্ট্রিক্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: 1. পিএস ১১৫ আলেকজান্ডার হামবোল্ট 2. ব্রঙ্কস কোলাবোরেটিভ হাই স্কুল 3. আইএস ৩৯২ 4. পিএস ১১১ অ্যাডলফ এস. অকস 5. ডিস্ট্রিক্ট ২৭, কুইন্স 6. ডিস্ট্রিক্ট ২০, ব্রুকলিন 7. ডিস্ট্রিক্ট ২৫, কুইন্স 8. বেচেস্টার মিডল স্কুল 9. ব্রঙ্কসউড প্রেপ একাডেমি 10. ডিস্ট্রিক্ট ১২, ব্রঙ্কস 11. পিএস ০৫৮ 12. পিএস ০৮৯ 13. পারফর্মিং আর্টস অ্যান্ড টেকনিক্যাল হাই স্কুল এ ছাড়া পিএস ১৯৭ দ্য ওশান স্কুলে সুপারভাইজিং স্কুল এইড পদেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কী কী দায়িত্ব পালন করতে হয়? স্কুল এইডদের প্রধান দায়িত্ব শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রমে সহযোগিতা করা এবং বিদ্যালয়ের পরিবেশ সুশৃঙ্খল রাখতে সহায়তা করা। পদভেদে দায়িত্বের মধ্যে রয়েছে: শিক্ষার্থীদের দেখাশোনা করা। শিক্ষকদের দৈনন্দিন কাজে সহযোগিতা করা। দুপুরের খাবারের সময় শিক্ষার্থীদের সহায়তা করা। স্কুলের করিডর, ক্যাফেটেরিয়া ও খেলার মাঠে শিক্ষার্থীদের তত্ত্বাবধান করা। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা। আবেদনের যোগ্যতা পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শর্ত ভিন্ন হতে পারে। কিছু পদের ক্ষেত্রে হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি প্রয়োজন হতে পারে। শিশুদের সঙ্গে কাজ করার দক্ষতা, যোগাযোগের সক্ষমতা এবং দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ। নিয়োগের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক ও ফিঙ্গারপ্রিন্টিংয়ের প্রয়োজন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো যাচাই করতে হবে। বেতন ও কর্মঘণ্টা পদ, কর্মঘণ্টা ও নিয়োগের শর্ত অনুযায়ী বেতন ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বেতন, কর্মঘণ্টা ও অন্যান্য সুযোগ-সুবিধার তথ্য জেনে নিতে পারবেন আবেদনকারীরা। যেভাবে আবেদন করবেন নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Careers’ বিভাগ থেকে ‘Job Opportunities’ নির্বাচন করতে হবে। এরপর ‘School Aide’ লিখে অনুসন্ধান করলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাওয়া যাবে। পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি থেকে আবেদনের পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্যতা ও সময়সীমা দেখে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। তাই কোনো পদে আবেদন গ্রহণ বন্ধ হয়েছে কি না, তা আবেদনের আগে নিশ্চিত হতে হবে। সূত্র: নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল জব পোর্টাল 871/এসএ
ইরানে বিজয় ‘হাতের নাগালে’, তেহরানকে যুদ্ধের অবসানে চুক্তির আহ্বান জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ১০ কোটি ডলার ফেরত দিতে সম্মত শেইন, জেনে নিন বিস্তারিত
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রের দুই উপকূলে ঝড়, বাতিল ৪০০টির বেশি ফ্লাইট
যুক্তরাষ্ট্রে হেলথকেয়ার খাতে ক্যারিয়ার গড়তে চিকিৎসক বা নার্স হওয়াই একমাত্র পথ নয়। হাসপাতাল, ক্লিনিক, জরুরি চিকিৎসাকেন্দ্র ও মেডিকেল অফিসে এমন বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি পদ রয়েছে, যেখানে দীর্ঘমেয়াদি ডিগ্রি ছাড়াই কাজ শুরু করার সুযোগ পাওয়া যায়। কিছু পদের জন্য হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি এবং চাকরির পর প্রশিক্ষণই যথেষ্ট। আবার কিছু পদের জন্য কয়েক মাসের বিশেষ প্রশিক্ষণ কিংবা পেশাগত সনদ প্রয়োজন হয়। বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে নতুন এসেছেন, ক্যারিয়ার পরিবর্তন করতে চান অথবা তুলনামূলক কম সময়ে চাকরির বাজারে প্রবেশ করতে চান, তাঁদের জন্য এসব পেশা হতে পারে সম্ভাবনাময় বিকল্প। ১. মেডিকেল রিসেপশনিস্ট বা ফ্রন্ট ডেস্ক হাসপাতাল, ক্লিনিক কিংবা চিকিৎসকের অফিসে রোগীদের অভ্যর্থনা জানানো, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, ফোনকল গ্রহণ এবং রোগীর পরিচয় ও স্বাস্থ্যবিমার কার্ড যাচাই করা তাঁদের প্রধান দায়িত্ব। কিছু প্রতিষ্ঠানে রোগীর কাছ থেকে কো-পে সংগ্রহ এবং রোগীর রেকর্ড হালনাগাদ রাখার কাজও করতে হয়। সাধারণত হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে এ পেশায় আবেদন করা যায়। ভালো যোগাযোগ দক্ষতা, কম্পিউটার পরিচালনা এবং গ্রাহকসেবার অভিজ্ঞতা বাড়তি সুবিধা দেয়। অনেক ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার পরই প্রশিক্ষণ দেওয়া হয়। ১. পেশেন্ট অ্যাকসেস বা রেজিস্ট্রেশন রিপ্রেজেন্টেটিভ হাসপাতালে রোগীর নিবন্ধন, ব্যক্তিগত তথ্য সংগ্রহ, স্বাস্থ্যবিমা যাচাই এবং বিলিংয়ের প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা এই পদের কাজ। হাসপাতালের জরুরি বিভাগ, জরুরি চিকিৎসাকেন্দ্র ও অন্যান্য বিভাগে তাঁদের প্রয়োজন হয়। এটি তুলনামূলকভাবে প্রবেশপর্যায়ের একটি পেশা। তবে প্রতিষ্ঠানভেদে পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ প্রশিক্ষণ চাওয়া হতে পারে। এ ক্ষেত্রে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেলথকেয়ার অ্যাকসেস ম্যানেজমেন্টের (ন্যাহাম) সিএইচএএ সনদ পেশাগত দক্ষতার স্বীকৃতি দিতে পারে। ১. মেডিকেল বিলিং স্পেশালিস্ট রোগীর চিকিৎসাসেবা শেষে সংশ্লিষ্ট স্বাস্থ্যবিমা কোম্পানির কাছে বিল বা ক্লেইম পাঠানো, পেমেন্টের হিসাব রাখা এবং কোনো ক্লেইম বাতিল বা প্রত্যাখ্যাত হলে তার কারণ খুঁজে প্রয়োজনীয় সংশোধন করা এই পেশার প্রধান কাজ। এ ক্ষেত্রে আমেরিকান একাডেমি অব প্রফেশনাল কোডারসের (এএপিসি) সিপিবি অথবা ন্যাশনাল হেলথকেয়ার অ্যাসোসিয়েশনের (এনএইচএ) সিবিসিএস সনদ নেওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণের মেয়াদ প্রতিষ্ঠান ও কোর্সের ধরন অনুযায়ী ভিন্ন হয়। উদাহরণ হিসেবে এএপিসির নিজস্ব স্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স গড়ে চার মাস বা তার কম সময়ে শেষ করা যায় বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। ১. মেডিকেল কোডার চিকিৎসকের নোট, রোগীর চিকিৎসার বিবরণ ও বিভিন্ন পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট মেডিকেল কোড নির্ধারণ করেন মেডিকেল কোডাররা। এ কাজে আইসিডি-১০-সিএম, সিপিটি ও এইচসিপিসিএস কোড ব্যবহার করা হয়। কোডে ভুল থাকলে স্বাস্থ্যবিমার ক্লেইমে সমস্যা তৈরি হতে পারে। এএপিসির সিপিসি এবং আমেরিকান হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (এএইচআইএমএ) সিসিএ ও সিসিএস পরিচিত পেশাগত সনদ। তবে সিসিএ নতুনদের জন্য উপযোগী হলেও সিসিএস সাধারণত অভিজ্ঞ কোডারদের জন্য বেশি উপযুক্ত। প্রশিক্ষণ ও প্রস্তুতির সময় শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার ওপর নির্ভর করে। ১. মেডিকেল রেকর্ডস বা হেলথ ইনফরমেশন ক্লার্ক রোগীদের ইলেকট্রনিক হেলথ রেকর্ড সংরক্ষণ, তথ্য হালনাগাদ, প্রয়োজনীয় নথি খুঁজে বের করা এবং অনুমোদিত ব্যক্তির কাছে রেকর্ড সরবরাহ করা এই পদের দায়িত্ব। রোগীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং স্বাস্থ্যতথ্য সুরক্ষাসংক্রান্ত নিয়ম মেনে চলাও গুরুত্বপূর্ণ। কিছু পদে হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে প্রবেশের সুযোগ রয়েছে। তবে বিশেষায়িত কাজে উচ্চমাধ্যমিক-পরবর্তী সনদ বা অ্যাসোসিয়েট ডিগ্রি প্রয়োজন হতে পারে। এএইচআইএমএর আরএইচআইটি সনদ পেতে সিএএইচআইআইএম-স্বীকৃত হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিগ্রি পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হয়। ১. হেলথ ইউনিট কো-অর্ডিনেটর হাসপাতালের নির্দিষ্ট ইউনিটে নার্সদের স্টেশনে কাজ করেন হেলথ ইউনিট কো-অর্ডিনেটররা। চিকিৎসকদের নির্দেশনাসংক্রান্ত তথ্য নথিভুক্ত করা, পরীক্ষার সময়সূচি সমন্বয়, ফোনকল গ্রহণ এবং রোগীর কাগজপত্র ব্যবস্থাপনা তাঁদের কাজের অংশ। হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে এ পেশার জন্য প্রস্তুতি নেওয়া যায়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেলথ ইউনিট কো-অর্ডিনেটরসের (নাহুক) সিএইচইউসি সনদও রয়েছে। তবে পরীক্ষায় অংশ নিতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ অথবা একই ধরনের দায়িত্ব পালনের যোগ্যতা প্রয়োজন। ১. স্টেরাইল প্রসেসিং টেকনিশিয়ান অস্ত্রোপচারে ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার, জীবাণুমুক্ত, পরীক্ষা ও প্যাকেজিং করার দায়িত্ব পালন করেন এই টেকনিশিয়ানরা। হাসপাতাল ও সার্জারি সেন্টারে রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে হেলথকেয়ার স্টেরাইল প্রসেসিং অ্যাসোসিয়েশনের (এইচএসপিএ) সিআরসিএসটি এবং সিবিএসপিডির সিএসপিডিটি সনদ পরিচিত। বিশেষ করে সিআরসিএসটি পেতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ৪০০ ঘণ্টার হাতে-কলমে কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। পরীক্ষা দেওয়ার আগে অথবা উত্তীর্ণ হওয়ার পর ছয় মাসের মধ্যে এই অভিজ্ঞতা সম্পন্ন করা যায়। ক্যারিয়ারে সামনে এগোনোর সুযোগ এসব পেশায় অভিজ্ঞতা অর্জনের পর দায়িত্ব ও দক্ষতা অনুযায়ী উচ্চতর পদে যাওয়ার সুযোগ রয়েছে। ফ্রন্ট ডেস্ক থেকে অফিস ব্যবস্থাপনা, পেশেন্ট অ্যাকসেস থেকে হাসপাতাল প্রশাসন, মেডিকেল বিলিং থেকে রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট এবং মেডিকেল কোডিং থেকে অডিটিং ও কমপ্লায়েন্সের মতো ক্ষেত্রে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। একইভাবে মেডিকেল রেকর্ডস থেকে আরএইচআইটি সনদ অর্জনের মাধ্যমে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্টে এগোনো যায়। স্টেরাইল প্রসেসিং থেকে সার্জিক্যাল টেকনোলজি কিংবা নার্সিংয়ে যেতে চাইলে অবশ্য আলাদা শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও লাইসেন্সের প্রয়োজন হবে। শুরু করার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হেলথকেয়ারে প্রবেশের জন্য সবাইকে নার্সিং বা মেডিকেল স্কুলে পড়তে হয় না। নন-ক্লিনিক্যাল ও সহায়ক পেশাগুলোও ক্যারিয়ার শুরুর বাস্তব সুযোগ তৈরি করতে পারে। তবে সব পদে একই যোগ্যতা বা প্রশিক্ষণ প্রয়োজন হয় না। কোনো কোনো পদে পেশাগত সনদ ঐচ্ছিক, আবার কোনো নিয়োগদাতা সেটিকে অগ্রাধিকার দিতে পারেন। কোর্সে ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিয়ম, নিয়োগদাতার যোগ্যতা, সনদের শর্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি যাচাই করা জরুরি। শুধু দ্রুত সনদ পাওয়ার প্রতিশ্রুতি দেখে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত নয়। প্রশিক্ষণের খরচ, পরীক্ষার ফি এবং চাকরির বাস্তব সুযোগ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। সূত্র: যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো 871/এসএ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় লোমহীন রহস্যময় প্রাণীর দেখা, কৌতূহল ও উদ্বেগে স্থানীয়রা
যুক্তরাষ্ট্রে জন্মহার কমার পেছনে গাড়ির সিটকে দায়ী করে কেটি মিলারের অদ্ভুত ব্যাখ্যা

