আন্তর্জাতিক অপরাধ আদালতকে বিচ্ছিন্ন করতে নতুন মার্কিন অভিযান
মিত্রদের ওপর চাপ, ভিসা বাতিল ও নিষেধাজ্ঞার প্রস্তুতি—ICC-কে একঘরে করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান
আন্তর্জাতিক অপরাধ আদালতকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নতুন ও সমন্বিত অভিযান শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আদালতটির কর্মকর্তা ও সহযোগীদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা, ভিসা বাতিল, আর্থিক অবরোধ সম্প্রসারণ এবং সদস্য রাষ্ট্রগুলোর ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের মতো পদক্ষেপ বিবেচনা করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আদালতটি মার্কিন নাগরিক, সামরিক সদস্য ও সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার মাধ্যমে দেশটির সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে।
সোমবার, ১৩ জুলাই প্রকাশিত এক ভিডিও বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই উদ্যোগের ঘোষণা দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মতো সবচেয়ে গুরুতর অপরাধের বিচার করার উদ্দেশ্যে আদালতটি প্রতিষ্ঠিত হলেও সময়ের সঙ্গে এটি তার মূল দায়িত্বের সীমা ছাড়িয়েছে। ট্রাম্প প্রশাসন কোনো আন্তর্জাতিক সংস্থাকে মার্কিন সীমান্তরক্ষী, সামরিক কর্মকর্তা, প্রসিকিউটর বা অন্য সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ দেবে না বলেও তিনি জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা Reuters-কে বলেছেন, ICC-এর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আলোচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে আদালতের কর্মকর্তা ও তাঁদের সহযোগীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, ইতিমধ্যে দেওয়া ভিসা প্রত্যাহার, আর্থিক নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো এবং ICC-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনকে লক্ষ্যবস্তু করার বিষয় রয়েছে।
শুধু আদালতের কর্মকর্তা নয়, ICC-এর সদস্য রাষ্ট্রগুলোকেও এই অভিযানের আওতায় আনতে চাইছে ওয়াশিংটন। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মেনে নেয় অথবা মার্কিন নিরাপত্তা সহায়তার ওপর নির্ভরশীল—এমন দেশগুলোকে আমেরিকান কর্মকর্তা ও সেনাসদস্যদের ওপর ICC-এর এখতিয়ার প্রত্যাখ্যান করতে বলা হচ্ছে।
পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সহায়তা গ্রহণ করেও যেসব দেশ ওয়াশিংটনের অবস্থান সমর্থন করবে না, তারা বাড়তি পর্যালোচনা বা চাপের মুখে পড়তে পারে। তবে সহায়তা কমানো, ভিসা সীমিত করা কিংবা নতুন নিষেধাজ্ঞা আরোপের মতো কোন পদক্ষেপ কোন দেশের বিরুদ্ধে নেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হয়নি।
ICC তাৎক্ষণিকভাবে মার্কিন অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আদালতের মুখপাত্র ওরিয়ান মাইয়েত Reuters-কে বলেছেন, বর্তমান পর্যায়ে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করবে না।
রোম সংবিধির ভিত্তিতে ২০০২ সালে যাত্রা শুরু করা আন্তর্জাতিক অপরাধ আদালতের কাজ হলো গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং নির্দিষ্ট পরিস্থিতিতে আগ্রাসনের অপরাধের বিচার করা। বর্তমানে ১২৫টি দেশ এই আদালতের সদস্য। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইসরায়েলসহ কয়েকটি প্রভাবশালী দেশ এর সদস্য নয়।
আদালতের নীতি অনুযায়ী, কোনো দেশের নিজস্ব বিচারব্যবস্থা গুরুতর আন্তর্জাতিক অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে অক্ষম বা অনিচ্ছুক হলেই ICC সাধারণত হস্তক্ষেপ করে। তবে কোনো অ-সদস্য দেশের নাগরিক সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে আদালতের এখতিয়ারভুক্ত অপরাধ করলে ICC সেই ঘটনা তদন্ত করতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো পরিস্থিতি আদালতে পাঠালেও অ-সদস্য দেশের নাগরিকের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হতে পারে।
যুক্তরাষ্ট্র এই ব্যাখ্যার বিরোধিতা করে আসছে। ওয়াশিংটনের অবস্থান হলো, রোম সংবিধি অনুমোদন না করা কোনো দেশের নাগরিককে তার সম্মতি ছাড়া ICC-এর আওতায় নেওয়া রাষ্ট্রীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। অন্যদিকে আদালতের আইনি কাঠামো বলছে, অপরাধ সংঘটিত হওয়ার স্থান যদি কোনো সদস্য রাষ্ট্রের ভূখণ্ড হয়, তাহলে অভিযুক্ত ব্যক্তির জাতীয়তা নির্বিশেষে বিচারিক এখতিয়ার তৈরি হতে পারে।
চলতি মাসের শুরুতে মার্কিন বিচার বিভাগ একটি চিঠিতে ICC-কে জানায়, আদালতটির কোনো তদন্তে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে না এবং আমেরিকান নাগরিকদের ওপর এর এখতিয়ার স্বীকার করে না। এ অবস্থানের ধারাবাহিকতায় এবার আদালতটিকে শুধু আইনি নয়, কূটনৈতিক ও আর্থিকভাবেও বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ICC-এর সঙ্গে ট্রাম্পের বিরোধ নতুন নয়। তাঁর প্রথম মেয়াদে ২০২০ সালে আফগানিস্তানে মার্কিন সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত নিয়ে তীব্র বিরোধ দেখা দেয়। ওই সময় তৎকালীন ICC প্রসিকিউটর ফাতু বেনসুদা এবং তাঁর এক সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
আফগানিস্তান তদন্তে মার্কিন সেনাদের বিরুদ্ধে নির্যাতন ও বন্দীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখার সুযোগ ছিল। তবে ২০২১ সাল থেকে আদালতের প্রসিকিউটর মার্কিন বাহিনীর ভূমিকা অগ্রাধিকারের তালিকা থেকে সরিয়ে তালেবান ও আফগান সরকারি বাহিনীর সম্ভাব্য অপরাধের দিকে বেশি মনোযোগ দেন। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কর্মকর্তা বা সেনাসদস্যদের বিরুদ্ধে নতুন কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু করেনি ICC।
ট্রাম্প প্রশাসনের বর্তমান কঠোর অবস্থানের আরেকটি বড় কারণ ইসরায়েল। ২০২৪ সালে গাজা যুদ্ধের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ICC। ট্রাম্প প্রশাসন ওই সিদ্ধান্তকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করে। ইসরায়েলও রোম সংবিধির সদস্য নয়, তবে ফিলিস্তিন আদালতটির সদস্য হওয়ায় ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত সম্ভাব্য অপরাধের ওপর ICC এখতিয়ার দাবি করে।
২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ট্রাম্প একটি নির্বাহী আদেশে ICC-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সম্পদ জব্দ ও যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধের ব্যবস্থা অনুমোদন করেন। আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশের সুরক্ষিত ব্যক্তিদের সম্মতি ছাড়া তদন্ত, গ্রেপ্তার বা বিচারের প্রচেষ্টা মার্কিন জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্য অস্বাভাবিক ও গুরুতর হুমকি।
এই নির্বাহী আদেশের অধীনে কোনো ব্যক্তি ICC-এর তদন্ত বা বিচারিক কার্যক্রমে সরাসরি অংশ নিলে কিংবা অর্থ, প্রযুক্তি, পণ্য বা সেবা দিয়ে সহায়তা করলে তাঁর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ অবরুদ্ধ করা যেতে পারে। তাঁর সঙ্গে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনও নিষিদ্ধ হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাঁর পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার ব্যবস্থাও আদেশে রাখা হয়েছে।
তবে এসব নিষেধাজ্ঞার বৈধতা নিয়েও যুক্তরাষ্ট্রের আদালতে বিরোধ চলছে। জুনে ICC-এর তিন বিচারক নিউইয়র্কের ফেডারেল আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। তাঁদের অভিযোগ, নিষেধাজ্ঞাগুলো বিচারিক সিদ্ধান্তের প্রতিশোধ নেওয়া এবং বিচারকদের ওপর বেআইনি চাপ প্রয়োগের উদ্দেশ্যে আরোপ করা হয়েছে।
মামলার নথিতে বিচারকেরা বলেছেন, নিষেধাজ্ঞার কারণে তাঁদের ক্রেডিট কার্ড ব্যবহার, ব্যাংকিং সেবা গ্রহণ, ভ্রমণ বুকিং, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার এবং কোনো কোনো ক্ষেত্রে স্বাস্থ্যবিমা সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। তাঁদের মতে, এই ব্যবস্থা বিচারকদের আইনের পরিবর্তে ব্যক্তিগত আর্থিক নিরাপত্তা বিবেচনা করতে বাধ্য করার চেষ্টা।
হোয়াইট হাউস ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রশাসনের দাবি, International Emergency Economic Powers Act-এর অধীনে প্রেসিডেন্ট বৈধভাবেই ব্যবস্থা নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি রক্ষায় এই নিষেধাজ্ঞা প্রয়োজনীয়।
ট্রাম্প প্রশাসনের নতুন কূটনৈতিক অভিযান আন্তর্জাতিক অপরাধবিচার ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের মধ্যে নতুন মতপার্থক্য সৃষ্টি করতে পারে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ যুক্তরাষ্ট্রের বহু ঘনিষ্ঠ মিত্র ICC-এর সদস্য। তারা আদালতের স্বাধীনতা রক্ষার পক্ষে থাকলেও একই সঙ্গে নিরাপত্তা, প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।
বাংলাদেশও ICC-এর সদস্য এবং ২০১০ সালে রোম সংবিধি অনুমোদন করেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়নের অভিযোগের একাংশ বাংলাদেশের ভূখণ্ডে সংঘটিত হওয়ায় ICC বাংলাদেশ–মিয়ানমার পরিস্থিতিতে তদন্ত চালাচ্ছে। ২০১৯ সালে আদালতের বিচারকেরা ওই তদন্তের অনুমোদন দেন। ফলে আদালতের কার্যক্রম, আর্থিক সক্ষমতা এবং সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতার ওপর মার্কিন চাপ বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত চলমান আন্তর্জাতিক বিচারপ্রক্রিয়ার জন্যও গুরুত্বপূর্ণ।
এখন নজর থাকবে যুক্তরাষ্ট্র কোন দেশ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রথমে ব্যবস্থা নেয়, মিত্র রাষ্ট্রগুলো ওয়াশিংটনের আহ্বানে কীভাবে সাড়া দেয় এবং নতুন নিষেধাজ্ঞা মার্কিন আদালতে টিকে কি না। একই সঙ্গে ICC-কে বিচ্ছিন্ন করার চেষ্টা আন্তর্জাতিক বিচারব্যবস্থাকে দুর্বল করবে, নাকি আদালতের এখতিয়ার নিয়ে দীর্ঘদিনের বিরোধের নতুন রাজনৈতিক সমাধান তৈরি করবে—সেটিও আগামী দিনের গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকবে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreনিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডি’র অন্যতম উচ্চপদ ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন সাবেক বৌদ্ধ ভিক্ষু তাবি থিয়ানথং। ব্রঙ্কসের একটি প্রিসিঙ্কটের এই কর্মকর্তা মঙ্গলবার ওয়ান পুলিশ প্লাজায় আয়োজিত এক পদোন্নতি অনুষ্ঠানে এই সম্মাননা পান। ৫৩ বছর বয়সী চার সন্তানের জনক থিয়ানথং কুইন্সে জন্মগ্রহণ করেন এবং থাই অভিবাসীদের সন্তান হিসেবে বেড়ে ওঠেন। পদোন্নতির পর তিনি জানান, তরুণ বয়সে গ্রামীণ থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষু হিসেবে কাটানো সময়ের দর্শন ও সংযমই তাকে পুলিশ বাহিনীতে একজন আরও মানবিক ও কার্যকর কর্মকর্তা হয়ে উঠতে সাহায্য করেছে। থিয়ানথংয়ের জীবনের এই ব্যতিক্রমী যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। কলেজ জীবন শেষে নিজের শিকড় ও সংস্কৃতির সন্ধানে তিনি মেকং নদীর তীরবর্তী এক ছোট গ্রামে যান এবং সেখানে একটি মঠে বৌদ্ধ ভিক্ষু হিসেবে দীক্ষা নেন। সে সময় মাথা ও ভ্রু কামিয়ে, ভিক্ষুর পোশাক পরে এবং কেবল একটি ভিক্ষাপাত্র সম্বল করে তিনি নৈতিকতা, ধ্যান ও বৌদ্ধ দর্শন চর্চা করেন। গ্রামবাসীদের দানের ওপর নির্ভর করে জীবনযাপনের সেই অভিজ্ঞতা তার মধ্যে বিনয় ও ত্যাগের গভীর বোধ তৈরি করে। তার মতে, ভিক্ষু জীবনে সব জাগতিক বস্তু, নাম ও উপাধি ত্যাগ করার যে চরম আত্মত্যাগ রয়েছে, তা আজও তাকে মনে করিয়ে দেয় যে পুলিশ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান দায়িত্ব। প্রায় দশ মাস থাইল্যান্ডে অবস্থান করার পর নব্বইয়ের দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ফিরে প্রযুক্তি খাতে কাজ শুরু করেন থিয়ানথং। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শহরকে গভীরভাবে নাড়া দেওয়া সেই ঘটনার পর তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন এবং ২০০৩ সালে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন। শুরুতে ব্রঙ্কসের নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি ভবনগুলোতে টহল দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি মরিস পার্ক ও উডলনের গোয়েন্দা শাখা এবং ব্রঙ্কস রবারি স্কোয়াডে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মার্চে ডেপুটি ইন্সপেক্টর হওয়ার পর এবার পূর্ণ ইন্সপেক্টর পদে উন্নীত হলেন এনওয়াইপিডি’র ৪৩তম প্রিসিঙ্কটের এই কমান্ডিং অফিসার। পদোন্নতির পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে থিয়ানথং পুলিশি কাজে সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কেবল অপরাধের পরিসংখ্যান বা সংখ্যার দিকে তাকিয়ে থাকলেই চলে না, বরং মানুষের অনুভূতি ও ভয়কেও সমান গুরুত্ব দিতে হয় । প্রতিদিনের ব্যস্ততায় একটি ঘটনা পুলিশ সদস্যদের কাছে হয়তো দশ নম্বর কাজ হতে পারে, কিন্তু ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেটিই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা—আর সেই মুহূর্তে পুলিশের আচরণই পুরো পরিস্থিতির গতিপথ নির্ধারণ করে। গৈরিক বসন ছেড়ে নীল উর্দি পরার পর বাহিনীর ভেতরে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক সংহতির বিষয়টি তিনি আলাদাভাবে অনুভব করেছেন বলেও জানান। মঙ্গলবারের অনুষ্ঠানে তার স্ত্রী লেক এবং চার ছেলে থমাস, টিমোথি, টাইটাস ও টেট উপস্থিত ছিলেন, যাদের উপস্থিতি এই প্রাপ্তিকে তার কাছে আরও অর্থবহ করে তুলেছে।
সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে
লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী
গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ফেডারেল অভিবাসন বাহিনীর অভিযানের সময় গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেআইনিভাবে গ্রেপ্তার, আটক রাখা এবং জরুরি চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মার্কিন নাগরিক। ৩১ বছর বয়সী ডায়ান ফিগুয়েরোয়া গত সোমবার (২৩ নভেম্বর) ইলিনয়ের নর্দার্ন ডিস্ট্রিক্টের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে ফেডারেল সরকারের বিরুদ্ধে এই মামলা করেন। ফেডারেল টর্ট ক্লেইমস অ্যাক্টের (এফটিসিএ) অধীনে বেআইনি গ্রেপ্তার ও আটক, শারীরিক নির্যাতন, মানসিক পীড়া এবং চিকিৎসাসেবা প্রদানে অবহেলার অভিযোগ এনে তিনি সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর শিকাগোর ওয়েস্ট টাউন এলাকায় ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন পেশায় প্যারালিগ্যাল ডায়ান ফিগুয়েরোয়া। ওই সময় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)-এর ‘অপারেশন মিডওয়ে ব্লিৎজ’ (Operation Midway Blitz)-এর অংশ হিসেবে অভিযান পরিচালনাকারী একটি চিহ্নবিহীন ফেডারেল এসইউভি গাড়ি হঠাৎ দ্রুতগতিতে তাঁর লেনে ঢুকে পড়ে এবং তাঁর গাড়ির চালকের পাশের অংশে সজোরে ধাক্কা দেয়। ফলে তাঁর গাড়িটি ফেডারেল গাড়ি ও পাশে পার্ক করা আরেকটি গাড়ির মাঝে আটকা পড়ে। অভিযোগে ওই গাড়ির চালক হিসেবে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এজেন্ট ম্যাথিউ সুলেক এবং যাত্রী হিসেবে এজেন্ট অস্কার মেজা, মাইকেল টার্নার ও অ্যান্ড্রু তোরাবপুরের নাম উল্লেখ করা হয়েছে। এরপর মুখোশধারী এজেন্টরা বন্দুক তাক করে তাঁর গাড়ির দরজা খুলে পা ধরে টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে দেন, চেপে ধরে হাতকড়া পরান এবং বারবার নিজেকে মার্কিন নাগরিক বলে পরিচয় দেওয়া সত্ত্বেও কোনো পরিচয়পত্র বা পরোয়ানা ছাড়াই তাঁকে আটক করে নিয়ে যান। অন্যদিকে, ডিএইচএসের এক মুখপাত্র দাবি করেছেন, বর্ডার প্যাট্রোল এজেন্টরা দুজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের সময় ওই নারী তাঁর গাড়ি দিয়ে এজেন্টদের পথরোধ করেন এবং হর্ন বাজান। এজেন্টরা চলে যাওয়ার সময় তিনি তাঁর মার্সিডিজ বেঞ্জ গাড়ি দিয়ে সরকারি গাড়িতে ধাক্কা দেন এবং নামানোর সময় এজেন্টদের লাথি মেরে আহত করায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে নিউজউইক-এর হাতে আসা ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, সশস্ত্র এজেন্টরা ফিগুয়েরোয়াকে গাড়ি থেকে টেনে বের করছেন এবং এক প্রত্যক্ষদর্শী বারবার বলছেন, ‘আপনারা তাঁকে ধাক্কা দিয়েছেন, আমরা সবাই তা দেখেছি।’ ফিগুয়েরোয়া ডিএইচএসের দাবি প্রত্যাখ্যান করে বলেন, ভিডিও প্রমাণই স্পষ্ট করে যে এজেন্টরাই তাঁর গাড়িতে ধাক্কা দিয়েছিলেন এবং তিনি কোনো বিক্ষোভের সঙ্গে যুক্ত ছিলেন না। মামলায় আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারের সময় ফিগুয়েরোয়া কিডনির একটি বড় অস্ত্রোপচারের পর সেরে উঠছিলেন। এজেন্টদের নিজের শারীরিক অবস্থা ও সাম্প্রতিক অস্ত্রোপচারের কথা জানালেও তাঁকে শুরুতে কোনো চিকিৎসা বা পানি পর্যন্ত দেওয়া হয়নি। ব্রডভিউ এবং পরবর্তীতে লম্বার্ডের একটি আটককেন্দ্রে নিয়ে তাঁর আঙুলের ছাপ, ছবি ও ডিএনএ নমুনা সংগ্রহের কয়েক ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তাঁর প্রস্রাবের সঙ্গে রক্তপাত শুরু হলে অ্যাম্বুলেন্সে করে তাঁকে গুড সামারিটান হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তাঁর দাঁতের ক্রাউন ভেঙে যাওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ, অস্ত্রোপচারের ক্ষত বেড়ে যাওয়া, স্নায়ুতে চাপ ও পেশি ছিঁড়ে যাওয়ার পাশাপাশি তীব্র মানসিক ট্রমা সৃষ্টি হয়েছে—যার জেরে গত অক্টোবরে ঘটনার এক বছর পূর্তিতে অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি চাকরি ছাড়তে বাধ্য হন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ডিএইচএসের কাছে প্রশাসনিক ক্ষতিপূরণ দাবি জমা দেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তিনি ফেডারেল আদালতের দ্বারস্থ হন।
আইস বন্দিদের ৯৭ হাজার মামলা সামলাতে সব শাখার আইনজীবীদের মাঠে নামাচ্ছে মার্কিন বিচার বিভাগ
এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন
এআই খেলনা নিষিদ্ধ করল নিউইয়র্ক, লঙ্ঘন করলে ১৫ হাজার ডলার জরিমানা
যুক্তরাষ্ট্রে আগামী ২৭ নভেম্বর শুক্রবার পালিত হবে ২০২৬ সালের ব্ল্যাক ফ্রাইডে। বছরের অন্যতম বড় কেনাকাটার এই আয়োজনে ইলেকট্রনিকস, ল্যাপটপ, স্মার্টফোন, টেলিভিশন, পোশাক, খেলনা ও গৃহস্থালি পণ্যে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। তবে আকর্ষণীয় ডিসকাউন্টের মধ্যেও অতিরিক্ত খরচ, ভুয়া অফার কিংবা অপ্রয়োজনীয় কেনাকাটা এড়াতে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের বড় রিটেইল প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়ালমার্ট, টার্গেট, অ্যামাজন, বেস্ট বাই, কস্টকো ও কোহলসের ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের অফার খুঁজে দেখতে পারেন ক্রেতারা। এসব প্রতিষ্ঠানে ইলেকট্রনিকস, পোশাক, কিচেন অ্যাপ্লায়েন্স, খেলনা এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন ক্যাটাগরিতে ডিল পাওয়া যায়। তবে পণ্য, ছাড় ও স্টোরভেদে অফারের পরিমাণ আলাদা হতে পারে। এবারের ব্ল্যাক ফ্রাইডেতে কিছু প্রতিষ্ঠান মূল দিনের আগেই বিক্রি শুরু করেছে। ওয়ালমার্টের অনলাইন ব্ল্যাক ফ্রাইডে ডিল ২৩ নভেম্বর থেকে চালু হয়েছে। তবে স্টোরে মূল বিক্রি শুরু হবে ২৭ নভেম্বর স্থানীয় সময় সকাল ৬টা থেকে। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, ২৬ নভেম্বর থ্যাংকসগিভিং ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের সব ওয়ালমার্ট স্টোর বন্ধ থাকবে। অন্যদিকে, অ্যামাজনের ব্ল্যাক ফ্রাইডে উইক ও সাইবার মানডে অফার ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিষ্ঠানটি ইলেকট্রনিকস, ফ্যাশন, খেলনা, বিউটি ও হোম প্রোডাক্টসহ বিভিন্ন ক্যাটাগরিতে লাখ লাখ ডিলের ঘোষণা দিয়েছে। কেনাকাটার আগে যে ১০টি বিষয় মাথায় রাখবেন ১. বাজেট নির্ধারণ করুন: কেনাকাটার আগেই কত ডলার খরচ করবেন, তা ঠিক করে নিন। ছাড়ের প্রলোভনে বাজেটের বাইরে যাবেন না। ২. কেনাকাটার তালিকা তৈরি করুন: কোন পণ্যগুলো সত্যিই প্রয়োজন, তা আগে লিখে রাখুন। এতে অপ্রয়োজনীয় কেনাকাটা কমবে। ৩. বিভিন্ন দোকানের দাম তুলনা করুন: একই পণ্যের দাম ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও বেস্ট বাইয়ে যাচাই করুন। ৪. আগের দাম যাচাই করুন: কোনো পণ্যে ৫০ বা ৭০ শতাংশ ছাড় দেখলেই সেটিকে সেরা অফার ভাববেন না। আগের বিক্রয়মূল্যের সঙ্গে তুলনা করুন। ৫. অনলাইন ও দোকানের দাম দেখুন: একই পণ্যের অনলাইন ও সরাসরি দোকানের দাম আলাদা হতে পারে। ৬. ফেরত ও পরিবর্তনের নীতি পড়ুন: কেনার পর পণ্য ফেরত দেওয়া বা পরিবর্তনের সুযোগ কত দিন থাকবে, তা জেনে নিন। ৭. ওয়ারেন্টি যাচাই করুন: বিশেষ করে ল্যাপটপ, টেলিভিশন ও ইলেকট্রনিকস কেনার আগে ওয়ারেন্টির শর্ত বুঝে নিন। ৮. অপরিচিত ওয়েবসাইট এড়িয়ে চলুন: অস্বাভাবিক কম দামের বিজ্ঞাপন দেখে অপরিচিত ওয়েবসাইটে কার্ডের তথ্য দেবেন না। ৯. ক্রেডিট কার্ড বুঝে ব্যবহার করুন: কত টাকা পরিশোধ করতে পারবেন, তা বিবেচনা করে কেনাকাটা করুন। সুদ ও অতিরিক্ত চার্জের বিষয়টিও মাথায় রাখুন। ১০. প্রয়োজনকে অগ্রাধিকার দিন: শুধু ছাড়ের কারণে এমন কিছু কিনবেন না, যা আপনার প্রয়োজন নেই। এবারের কেনাকাটার মৌসুমে ক্রেতাদের আচরণেও পরিবর্তন দেখা যাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের ২৬ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ ছুটির উপহার কেনার পাশাপাশি দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যও কিনছেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল ব্যবহার করে পণ্যের দাম ও অফার তুলনা করার প্রবণতাও বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটার পরিমাণ ছিল ৮২ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি। AP News এদিকে, ব্ল্যাক ফ্রাইডের পর ৩০ নভেম্বর সোমবার পালিত হবে সাইবার মানডে। অনলাইন কেনাকাটার জন্য দিনটি বিশেষভাবে পরিচিত। তবে দুই দিনের সব অফার বা পণ্যের দাম একই থাকবে, এমন নিশ্চয়তা নেই। তাই কেনাকাটার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অফার, স্টোর আওয়ার, পণ্যের মজুত এবং রিটার্ন পলিসি যাচাই করে নেওয়াই ভালো। 871-এসএ
ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা

