লস অ্যাঞ্জেলেসের ৪০তম ফোবানাই মূল কনভেনশন, ফোবানার নামে অন্য আয়োজনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর ৪০তম কনভেনশন আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেস/ইউনিভার্সাল সিটি হোটেলে অনুষ্ঠিত হবে। আয়োজকদের দাবি, ফোবানার সাংবিধানিক ধারাবাহিকতা অনুসারে এটিই একমাত্র মূল ও বৈধ ৪০তম ফোবানা কনভেনশন। একই সময়ে ‘ফোবানা’ নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে আয়োজিত পৃথক অনুষ্ঠানের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে মূল কনভেনশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফোবানার বর্তমান নেতৃত্ব।
ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল এবং নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ এক যৌথ বক্তব্যে বলেন, ফোবানার সংবিধান অনুযায়ী সদস্য সংগঠনগুলোর ভোটের মাধ্যমে দুই বছর আগেই কনভেনশনের আয়োজক শহর নির্ধারণ করা হয়। সেই সাংবিধানিক ধারাবাহিকতায় এবারের ৪০তম কনভেনশনের আয়োজক ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটি।
তারা জানান, কনভেনশনকে সফল করতে ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ধারাবাহিকভাবে মতবিনিময় সভা, সমন্বয় বৈঠক ও প্রস্তুতিমূলক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারাও এসব আয়োজনে সক্রিয়ভাবে অংশ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ফোবানা নেতাদের ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি পৃথক গোষ্ঠী ‘ফোবানা’ নাম ব্যবহার করে বিভিন্ন শহরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তবে এসব আয়োজনের সঙ্গে ফোবানার সাংবিধানিক কাঠামো কিংবা নিবন্ধিত সদস্য সংগঠনগুলোর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তাই বিভিন্ন প্রচারণা বা বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হয়ে প্রবাসীদের তথ্য যাচাই করে মূল কনভেনশনে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
রবিউল করিম বেলাল বলেন, “ফোবানা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি উত্তর আমেরিকার বাংলাদেশি সংগঠনগুলোর ঐক্যের প্রতীক। নিবন্ধিত সদস্য সংগঠনগুলোর অংশগ্রহণ, সংবিধান এবং সাংগঠনিক প্রক্রিয়ার ভিত্তিতেই ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হয়।”
খালেদ আহমেদ রউফ বলেন, “কেউ ব্যক্তিগত উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতেই পারেন। কিন্তু সেটিকে ফোবানা কনভেনশন হিসেবে উপস্থাপন করা সঠিক নয়। প্রবাসীদের বিভ্রান্ত না হয়ে মূল প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানাই।”
আয়োজকদের উদ্যোগে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার হলিউডে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কমিউনিটির নেতারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর স্বার্থে বিভেদ নয়, ঐক্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কনভেনশনকে ঘিরে ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি কমিউনিটিতে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং সবাইকে একই প্ল্যাটফর্মে সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য। এ উদ্দেশ্যে শিগগিরই একটি বৃহৎ টাউন হল সভার আয়োজন করা হবে, যেখানে কনভেনশনের প্রস্তুতি, পরিকল্পনা এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের কনভেনশনে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ও কানাডা থেকে শত শত শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ী, পেশাজীবী, কমিউনিটি নেতা ও দর্শনার্থী অংশ নেবেন। তিন দিনের এই আয়োজনে থাকবে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক পরিবেশনা, সাহিত্যসভা, সেমিনার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাবিষয়ক আলোচনা, নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব, বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম, গ্রন্থমেলা, ফ্যাশন শো, চলচ্চিত্র প্রদর্শনী, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা।
এছাড়া কনভেনশনের পৃষ্ঠপোষকতার জন্য ‘সিলভার প্যাকেজ’-এর বিশেষ মূল্যছাড়ের সময়সীমা আগামী ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কনভেনশনের আহ্বায়ক ডা. জয়নুল আবেদীন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এম. ইকবাল। তারা জানান, সীমিতসংখ্যক এ প্যাকেজে ভিআইপি পাস, বিশেষ নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণের সুযোগ এবং সংরক্ষিত আসনের সুবিধা থাকবে।
চার দশকেরও বেশি সময় ধরে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ফোবানা। আয়োজকদের প্রত্যাশা, লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম কনভেনশন প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি এবং নতুন প্রজন্মের সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে লটারিতে ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) জিতে রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল এরিয়েল ভেলাসকেজ-মোরালেসের। গত সপ্তাহান্তে ম্যাসাচুসেটস লটারি কর্তৃপক্ষ ১০ লাখ ডলারের একটি বিশালাকার চেক হাতে তাঁর হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিল, যেখানে শুভানুধ্যায়ীরা তাঁর সব স্বপ্ন পূরণের কামনা জানিয়েছিলেন। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ইস্ট বোস্টন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক সংস্থা (আইস)—যে এলাকার একটি স্থানীয় দোকান থেকে তিনি ১০ ডলার মূল্যের ওই ‘স্ক্র্যাচ-অফ’ লটারির টিকিটটি কিনেছিলেন। আইসের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এল সালভাদরের নাগরিক ভেলাসকেজ-মোরালেস এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন এবং তাঁকে নিজ দেশে বহিষ্কার (ডিপোর্টেশন) করার প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেফতারের খবর জানিয়ে আইসের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মাইকাহ বক মন্তব্য করেন, ‘মনে হচ্ছে তাঁর ভাগ্য সুপ্রসন্ন রইল না’। লটারি জয়ের ছবি প্রকাশিত হওয়ার কারণেই তিনি আইসের নজরে পড়েছিলেন কি না, তা স্পষ্ট না হলেও সংস্থাটি জানিয়েছে, ২০১৩ সালে ওবামা প্রশাসনের সময় টেক্সাসের রিও গ্র্যান্ডে ভ্যালি দিয়ে তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে ২০১৪ সালে বিচার বিভাগের একজন অভিবাসন বিচারক তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশ দিলেও তিনি আত্মগোপনে থেকে অবৈধভাবে দেশটিতে বসবাস চালিয়ে যান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বহিষ্কার অভিযান পরিচালনার প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে সীমান্তের পরিবর্তে দেশের অভ্যন্তরে আইসের অভিযান ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস নাগাদ আইস হেফাজতে বন্দির সংখ্যা প্রায় ৬৬ হাজারে দাঁড়িয়েছে, যা ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগের বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। যদিও সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর এই কঠোর অভিবাসন কৌশল নিয়ে খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও জনসমক্ষে প্রশ্ন তুলেছেন, তবুও আইস জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ও হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মুলিনের নেতৃত্বে অবৈধ অভিবাসীদের দ্রুততার সঙ্গে দেশ থেকে বের করে দেওয়ার অভিযান অব্যাহত থাকবে। ম্যাসাচুসেটস লটারি কর্তৃপক্ষের তথ্যমতে, ভেলাসকেজ-মোরালেস ‘২,০০০,০০০ ডলার ৫০এক্স ক্যাশওয়ার্ড’ (Cashword) নামক ক্রসওয়ার্ড পাজল ধাঁচের লটারি খেলে ১১টি শব্দ মিলিয়ে এই পুরস্কার জিতেছিলেন। পুরস্কারের অর্থ একবারে নগদ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কর কাটার আগে তাঁর ৬ লাখ ৫০ হাজার ডলার পাওয়ার কথা ছিল। উল্লেখ্য, ম্যাসাচুসেটস লটারিতে অংশগ্রহণের জন্য অঙ্গরাজ্যের বৈধ বাসিন্দা হওয়ার বাধ্যবাধকতা না থাকলেও বয়স অন্তত ২১ বছর হতে হয়। বর্তমানে তিনি আইস হেফাজতে থাকায় তাঁর জেতা এই বিপুল অর্থের ভবিষ্যৎ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের
গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আটক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা মার্কিন নাগরিকের
আইস বন্দিদের ৯৭ হাজার মামলা সামলাতে সব শাখার আইনজীবীদের মাঠে নামাচ্ছে মার্কিন বিচার বিভাগ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এর উদ্যোগে পুলিশ একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ফ্র্যাটার্নাল ডে’ (Fraternal Day) পালিত হয়েছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে এনওয়াইপিডির অন্যান্য স্বীকৃত ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর পাশাপাশি অত্যন্ত গর্ব ও সম্মানের সঙ্গে অংশগ্রহণ করে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)। পুলিশ একাডেমির এই বার্ষিক আয়োজনটি মূলত প্রশিক্ষণরত নতুন পুলিশ রিক্রুটদের সঙ্গে বিভাগের বিভিন্ন জাতিগত, ধর্মীয় ও সামাজিক ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সরাসরি পরিচয় ও সেতুবন্ধন তৈরির লক্ষ্যে আয়োজন করা হয়। বাপার পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনটি নতুন নিয়োগপ্রাপ্ত রিক্রুটদের সঙ্গে সরাসরি মতবিনিময় করার, কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার এবং আগামী প্রজন্মের পুলিশ কর্মকর্তাদের অনুপ্রাণিত করার এক চমৎকার সুযোগ এনে দিয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ উল্লেখ করেন, পারস্পরিক এই সংযোগ ও সহযোগিতার মাধ্যমে এনওয়াইপিডি পরিবারের মধ্যকার ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হচ্ছে। উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বাপা নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা, ট্রাফিক ও স্কুল সেফটি এজেন্টদের প্রতিনিধিত্বকারী একটি অন্যতম প্রধান সংগঠন, যা নিয়মিতভাবে নতুন প্রজন্মকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদানে উৎসাহ ও পরামর্শ দিয়ে আসছে। 875 আইকিউ
এআই খেলনা নিষিদ্ধ করল নিউইয়র্ক, লঙ্ঘন করলে ১৫ হাজার ডলার জরিমানা
ব্ল্যাক ফ্রাইডেতে বাড়তি খরচ কমাতে কেনাকাটার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়
ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো
যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনের চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা ২৫টি কলেজের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। তালিকায় প্রথম স্থান পেয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া এবং তৃতীয় স্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তালিকায় নিউইয়র্ক, নিউ জার্সি ও মিশিগানের একাধিক বিশ্ববিদ্যালয়ও জায়গা পেয়েছে। ফোর্বসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কলেজগুলোর সাবেক শিক্ষার্থীদের স্নাতক শেষের তিন, ছয়, ১০ ও ২০ বছর পরের আনুমানিক মধ্যম আয়ের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে প্রকৌশল, প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো এগিয়ে রয়েছে। তবে তালিকার ২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি ফোর্বসের সামগ্রিক সেরা ৫০০ কলেজের তালিকায় প্রথম ৫০টির বাইরে। শীর্ষ পাঁচে রয়েছে এমআইটি, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বাবসন কলেজ। এ ছাড়া ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) ষষ্ঠ, হার্ভে মাড কলেজ সপ্তম এবং কার্নেগি মেলন ইউনিভার্সিটি অষ্টম স্থানে রয়েছে। নিউইয়র্ক ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্যও তালিকাটি গুরুত্বপূর্ণ। নিউ জার্সির হোবোকেনের স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি চতুর্থ, নিউইয়র্কের ট্রয়ের রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) ১১তম, প্রিন্সটন ইউনিভার্সিটি ১৪তম এবং নিউইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটি ১৬তম স্থানে রয়েছে। নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি রয়েছে ১৮তম স্থানে। মিশিগানের ফ্লিন্টে অবস্থিত কেটারিং ইউনিভার্সিটি পেয়েছে ১৩তম স্থান। বিশেষ করে কেটারিং ইউনিভার্সিটির অবস্থান তালিকায় আলোচনায় এসেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতি ১২ সপ্তাহ পরপর শ্রেণিকক্ষের পড়াশোনা থেকে বেতনভুক্ত কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। স্নাতক শেষ করার আগেই অনেক শিক্ষার্থী দুই বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন। তাঁদের কো-অপ কর্মসূচি থেকে সাধারণত ৬০ হাজার থেকে ৭৫ হাজার ডলার পর্যন্ত আয় হয়। বিশ্ববিদ্যালয়টি প্রায় ৬০০ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। ফোর্বসের হিসাবে, স্নাতকের ২০ বছর পর কেটারিংয়ের সাবেক শিক্ষার্থীদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৫৩ হাজার ৬৮২ ডলার। আয়ের সময়কাল অনুযায়ী তালিকার অবস্থানেও পার্থক্য রয়েছে। এমআইটির সাবেক শিক্ষার্থীরা স্নাতকের তিন, ছয় ও ১০ বছর পর সর্বোচ্চ আনুমানিক মধ্যম আয় করেন। তবে ২০ বছর পরের হিসাবে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার শিক্ষার্থীরা এগিয়ে। তাঁদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৮৩ হাজার ৮১০ ডলার। অন্যদিকে ডার্টমাউথ কলেজ তিন বছর পরের আয়ের হিসাবে ২২তম হলেও ২০ বছর পরের হিসাবে উঠে এসেছে পঞ্চম স্থানে। ফোর্বসের এ তালিকা এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্রে নতুন স্নাতকদের চাকরির বাজার কঠিন হয়ে উঠেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার কর্মক্ষেত্রে পরিবর্তন আনছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কলেজ স্নাতকদের বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশে নেমেছে। তবে তাঁদের মধ্যে ৪২ দশমিক ৫ শতাংশ নিজস্ব শিক্ষাগত যোগ্যতার তুলনায় কম যোগ্যতা প্রয়োজন এমন কাজে নিয়োজিত। ফোর্বসের প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, উচ্চ বেতন মানেই কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিনিয়োগ সবচেয়ে লাভজনক—এমন নয়। টিউশন ফি, শিক্ষাঋণ এবং স্নাতক সম্পন্ন করার সম্ভাবনাও বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা জরুরি। ফোর্বসের শীর্ষ ২৫ কলেজ ১. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT) ২. ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ৩. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ৪. স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি ৫. বাবসন কলেজ ৬. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ৭. হার্ভে মাড কলেজ ৮. কার্নেগি মেলন ইউনিভার্সিটি ৯. ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউট ১০. রোজ-হালম্যান ইনস্টিটিউট অব টেকনোলজি ১১. রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট ১২. লেহাই ইউনিভার্সিটি ১৩. কেটারিং ইউনিভার্সিটি ১৪. প্রিন্সটন ইউনিভার্সিটি ১৫. হার্ভার্ড ইউনিভার্সিটি ১৬. কলাম্বিয়া ইউনিভার্সিটি ১৭. সান্তা ক্লারা ইউনিভার্সিটি ১৮. কর্নেল ইউনিভার্সিটি ১৯. ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজ ২০. বেন্টলি ইউনিভার্সিটি ২১. কলোরাডো স্কুল অব মাইনস ২২. ডিউক ইউনিভার্সিটি ২৩. ডার্টমাউথ কলেজ ২৪. জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ২৫. ইউনিভার্সিটি অব নটর ডেম সূত্র: Forbes , Federal Reserve Bank of New York, U.S. Census Bureau
লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

