ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টারে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের ৯ লাখ ডলারের মামলা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টারের নির্মাণকাজে বকেয়া বিল নিয়ে বিতর্ক যেন থামছেই না। এই মেগা প্রকল্পের সঙ্গে যুক্ত আরও তিনটি সাবকন্ট্রাক্টর (উপ-ঠিকাদার) প্রতিষ্ঠান প্রায় ৯ লাখ ডলার বকেয়া পাওনার দাবিতে আইনি নোটিশ বা 'মেকানিক্স লিয়েন' দায়ের করেছে। মূলত নির্মাণকাজে বকেয়া অর্থ আদায়ের জন্য এই আইনি পদক্ষেপ একটি সাধারণ প্রক্রিয়া। এর আগে মূল ক্যাম্পাসের কাজ নিয়ে এমন অভিযোগ উঠলেও, এবারের অভিযোগগুলো সেন্টারের 'হোম কোর্ট' নামক ৬০ হাজার বর্গফুটের বিশাল বাস্কেটবল ও ইভেন্ট সুবিধার নির্মাণকাজকে ঘিরে আবর্তিত হয়েছে।
পাওনাদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে কাঠামোগত স্টিলের কাজ করা 'এরিয়া ইরেক্টরস' প্রায় ৬ লাখ ২০ হাজার ডলার এবং মাটি খনন ও কংক্রিটের কাজ করা 'সিএসআই ৩০০০' প্রায় ২ লাখ ৩৬ হাজার ডলার দাবি করেছে। অন্যদিকে, জিমনেশিয়ামের মেঝের কাজ করা 'ফ্লোরস ইনকর্পোরেটেড' প্রায় ২৫ হাজার ডলার পাওয়ার কথা জানিয়েছে। উল্লেখ্য, ওবামা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে মূল ক্যাম্পাসের বেশিরভাগ কাজ 'লেকসাইড অ্যালায়েন্স' করলেও, হোম কোর্টের নির্মাণের দায়িত্বে ছিল 'এলিভেট ডিজাইন বিল্ডার্স' নামের একটি পৃথক জয়েন্ট ভেঞ্চার। তবে সম্পত্তির ওপর এই লিয়েন দায়ের হলেও, বিল পরিশোধের আইনি দায়ভার ঠিক কোন কর্তৃপক্ষের ওপর বর্তাবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এলিভেট কিংবা ওবামা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এই মেগা প্রকল্পটির প্রাথমিক বাজেট ধরা হয়েছিল ৩৫ কোটি ডলার, যা বর্তমানে ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। নির্মাণকাজের শুরু থেকেই ব্যয় বৃদ্ধি, চুক্তির নিয়মকানুন এবং বৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে নানামুখী আইনি জটিলতায় পড়েছে প্রকল্পটি। এর আগে কৃষ্ণাঙ্গ ঠিকাদারদের কয়েক মিলিয়ন ডলারের পাওনা, 'কংক্রিট কালেক্টিভ'-এর ৪০ মিলিয়ন ডলারের দাবি এবং 'অ্যাডামসন প্লাম্বিং'-এর প্রায় ৪০ লাখ ডলার লোকসানের জেরে কর্মী ছাঁটাইয়ের মতো চাঞ্চল্যকর খবর সামনে এসেছিল। এমনকি এই প্রকল্পে কাজ করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের দেউলিয়া ঘোষণা করার আবেদনও করেছিল বলে জানা যায়।
নতুন এই তিনটি দাবির পাশাপাশি আরও প্রায় ৫ লাখ ৫৭ হাজার ডলারের তিনটি পৃথক লিয়েন দায়েরের তথ্যও প্রকাশ্যে এসেছে। এর মধ্যে সরঞ্জাম ভাড়ার জন্য 'ও'লিয়ারিস কন্ট্রাক্টরস', শ্রমিকদের সুবিধার তহবিলে 'সিমেন্ট মেসনস ইউনিয়ন ট্রাস্ট' এবং শ্রম ও কাঁচামাল সরবরাহের জন্য 'ইনটেক কনস্ট্রাকশন প্রোডাক্টস' তাদের বকেয়া দাবি করেছে। ইনটেক কনস্ট্রাকশনের এক কর্মকর্তা জানান, প্রত্যাশা অনুযায়ী সময়মতো বিল পরিশোধ না করায় এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে প্রকল্পের অন্যতম মূল ঠিকাদার লেকসাইড অ্যালায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে, শত শত প্রতিষ্ঠান এই মেগা প্রকল্পের সঙ্গে যুক্ত থাকায় উদ্বোধনের পরও চুক্তিভিত্তিক লেনদেন মেটানোর কাজ স্বাভাবিক গতিতেই চলমান রয়েছে এবং বকেয়া বিষয়গুলো সমাধানের চেষ্টা চলছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি আবাসিক এলাকায় অস্বাভাবিক চেহারার লোমহীন প্রাণীর দেখা মিলেছে। চার পায়ে হাঁটা প্রাণীটির শরীরে প্রায় কোনো লোম ছিল না, ত্বকজুড়ে ছিল ভাঁজ ও দাগ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাণীটির পরিচয় নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়। পরে স্থানীয় প্রাণী সুরক্ষা সংস্থা জানিয়েছে, এটি খোসপাঁচড়ায় আক্রান্ত একটি র্যাকুন। প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা চলছে। গত ২১ নভেম্বর সান ডিয়েগোর মিশন হিলস এলাকায় হাঁটার সময় ড্যান ফুলকারসন নামের এক ব্যক্তি প্রাণীটিকে দেখতে পান। সেটি একটি বাড়ির গাড়ি প্রবেশের পথে দিয়ে চলার সময় ভিডিও করেন তিনি। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে প্রাণীটির পরিচয় জানতে চান। ফুলকারসন জানান, প্রাণীটি দেখতে বিড়াল বা কুকুরের মতো নয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুই লাখ নয়, দুই মিলিয়নেরও বেশি বার দেখা হয়। ভিডিও প্রকাশের পর দর্শকদের মধ্যে প্রাণীটির পরিচয় নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ ধারণা করেন, এটি লোমহীন কুকুরের একটি বিশেষ জাত জোলোইটজকুইন্টলি। অন্যদের মতে, এটি খোসপাঁচড়ায় আক্রান্ত কোনো কোয়োট বা বন্য কুকুরজাতীয় প্রাণী হতে পারে। তবে অনেকেই এটিকে র্যাকুন বলে শনাক্ত করার সম্ভাবনা তুলে ধরেন। বন্য প্রাণী পুনর্বাসনের সঙ্গে যুক্ত কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীও জানান, প্রাণীটি খোসপাঁচড়ায় আক্রান্ত র্যাকুন হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় সংবাদমাধ্যম কেএনএক্স নিউজ সান ডিয়েগো হিউম্যান সোসাইটির সঙ্গে যোগাযোগ করে। সংস্থাটি জানায়, ভিডিওতে দেখা প্রাণীটি খোসপাঁচড়ায় আক্রান্ত একটি র্যাকুন। তবে সেটিকে এখনো উদ্ধার করা যায়নি। প্রাণীটির অবস্থান শনাক্তে খোঁজ চলছে। ভিডিও ধারণকারী ফুলকারসনও জানিয়েছেন, প্রাণীটিকে দেখার পর তিনি স্থানীয় প্রাণী নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে খবর দিয়েছেন। খোসপাঁচড়া এক ধরনের চর্মরোগ, যা অতি ক্ষুদ্র পরজীবী মাইটের সংক্রমণে হয়। এই রোগে আক্রান্ত প্রাণীর শরীর থেকে লোম ঝরে যেতে পারে, ত্বকে তীব্র চুলকানি দেখা দেয় এবং চামড়ায় ক্ষত ও শক্ত আবরণ তৈরি হতে পারে। কুকুর-বিড়ালের পাশাপাশি র্যাকুন, শিয়াল, কোয়োট ও অন্যান্য বন্য প্রাণীর মধ্যেও এ রোগ ছড়াতে পারে। গুরুতর অবস্থায় আক্রান্ত প্রাণী দুর্বল হয়ে পড়ে এবং চিকিৎসা না পেলে মারা যাওয়ার ঝুঁকিও থাকে। প্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এ ধরনের অসুস্থ বন্য প্রাণী দেখলে সেটিকে ধরার বা কাছে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। এতে মানুষ ও পোষা প্রাণীর সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। বরং স্থানীয় প্রাণী নিয়ন্ত্রণ বিভাগ বা বন্য প্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া প্রয়োজন। সান ডিয়েগো হিউম্যান সোসাইটিও প্রাণীটির সন্ধান পেলে তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। সূত্র: দ্য সান, কেএনএক্স নিউজ, সান ডিয়েগো হিউম্যান সোসাইটি। 872 আইজেট
যুক্তরাষ্ট্রে জন্মহার কমার পেছনে গাড়ির সিটকে দায়ী করে কেটি মিলারের অদ্ভুত ব্যাখ্যা
২০২৬ সালে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা ৫ মার্কিন অঙ্গরাজ্যের নতুন তালিকা প্রকাশ
সন্তানের ভরণপোষণের ১০ হাজার ডলার বকেয়া থাকলে বাতিল হবে মার্কিন পাসপোর্ট
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি চালিয়ে পালিয়ে গেছেন এক অন্তঃসত্ত্বা নারী আসামি। বুধবার সকালে অঙ্গরাজ্যটির আলবুকার্ক এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পলাতক ওই নারীর নাম রেবেকা টেইলর (২৬)। তিনি চুরি ও সিঁধেল চুরির একাধিক মামলায় কারাবন্দী ছিলেন। নিউ মেক্সিকো কারা কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার সকালে রেবেকা ও অপর এক অন্তঃসত্ত্বা নারী আসামিকে প্রসবপূর্ব চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে আলবুকার্ক এলাকায় কারারক্ষীদের দলটি খাবার কেনার জন্য গাড়ি থামালে সেই সুযোগে 'ডজ জার্নি' মডেলের ওই পুলিশি গাড়িটির নিয়ন্ত্রণ নেন রেবেকা এবং দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে পালিয়ে যান। এ সময় গাড়িতে থাকা অপর নারী আসামি কোনোমতে গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি এবং রেবেকার পরনে থাকা কারাগারের পোশাক (জাম্পস্যুট) উদ্ধার করা সম্ভব হলেও তিনি এখনো পলাতক রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেবেকা বর্তমানে গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে (সেকেন্ড ট্রাইমেস্টার) রয়েছেন। কারা বিভাগের মুখপাত্র ব্রিটানি রোমবাচ জানান, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পরিবহনের সময় তার হাতে কোনো হাতকড়া বা শেকল পরানো ছিল না। ঘটনাটি ঘটার সময় একজন কর্মকর্তা গাড়িটির কাছেই ছিলেন, তবে তিনি গাড়ির ভেতরে ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। রেবেকার পলায়নের পরপরই নিউ মেক্সিকোর সব কারাগারে জরুরি লকডাউন জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৬টায় অন্যান্য কারাগার থেকে লকডাউন তুলে নেওয়া হলেও রেবেকা যে কারাগারে (ওয়েস্টার্ন নিউ মেক্সিকো কারেকশনস ফ্যাসিলিটি) বন্দী ছিলেন, সেখানে এখনো সীমিত চলাচল ব্যবস্থা জারি রয়েছে এবং দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। পলাতক রেবেকাকে ধরতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। সাধারণ জনগণকে কোথাও রেবেকা টেইলরের দেখা পেলে তার কাছে না গিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: বিবিসি।
মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী
মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডি’র অন্যতম উচ্চপদ ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন সাবেক বৌদ্ধ ভিক্ষু তাবি থিয়ানথং। ব্রঙ্কসের একটি প্রিসিঙ্কটের এই কর্মকর্তা মঙ্গলবার ওয়ান পুলিশ প্লাজায় আয়োজিত এক পদোন্নতি অনুষ্ঠানে এই সম্মাননা পান। ৫৩ বছর বয়সী চার সন্তানের জনক থিয়ানথং কুইন্সে জন্মগ্রহণ করেন এবং থাই অভিবাসীদের সন্তান হিসেবে বেড়ে ওঠেন। পদোন্নতির পর তিনি জানান, তরুণ বয়সে গ্রামীণ থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষু হিসেবে কাটানো সময়ের দর্শন ও সংযমই তাকে পুলিশ বাহিনীতে একজন আরও মানবিক ও কার্যকর কর্মকর্তা হয়ে উঠতে সাহায্য করেছে। থিয়ানথংয়ের জীবনের এই ব্যতিক্রমী যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। কলেজ জীবন শেষে নিজের শিকড় ও সংস্কৃতির সন্ধানে তিনি মেকং নদীর তীরবর্তী এক ছোট গ্রামে যান এবং সেখানে একটি মঠে বৌদ্ধ ভিক্ষু হিসেবে দীক্ষা নেন। সে সময় মাথা ও ভ্রু কামিয়ে, ভিক্ষুর পোশাক পরে এবং কেবল একটি ভিক্ষাপাত্র সম্বল করে তিনি নৈতিকতা, ধ্যান ও বৌদ্ধ দর্শন চর্চা করেন। গ্রামবাসীদের দানের ওপর নির্ভর করে জীবনযাপনের সেই অভিজ্ঞতা তার মধ্যে বিনয় ও ত্যাগের গভীর বোধ তৈরি করে। তার মতে, ভিক্ষু জীবনে সব জাগতিক বস্তু, নাম ও উপাধি ত্যাগ করার যে চরম আত্মত্যাগ রয়েছে, তা আজও তাকে মনে করিয়ে দেয় যে পুলিশ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান দায়িত্ব। প্রায় দশ মাস থাইল্যান্ডে অবস্থান করার পর নব্বইয়ের দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ফিরে প্রযুক্তি খাতে কাজ শুরু করেন থিয়ানথং। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শহরকে গভীরভাবে নাড়া দেওয়া সেই ঘটনার পর তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন এবং ২০০৩ সালে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন। শুরুতে ব্রঙ্কসের নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি ভবনগুলোতে টহল দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি মরিস পার্ক ও উডলনের গোয়েন্দা শাখা এবং ব্রঙ্কস রবারি স্কোয়াডে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মার্চে ডেপুটি ইন্সপেক্টর হওয়ার পর এবার পূর্ণ ইন্সপেক্টর পদে উন্নীত হলেন এনওয়াইপিডি’র ৪৩তম প্রিসিঙ্কটের এই কমান্ডিং অফিসার। পদোন্নতির পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে থিয়ানথং পুলিশি কাজে সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কেবল অপরাধের পরিসংখ্যান বা সংখ্যার দিকে তাকিয়ে থাকলেই চলে না, বরং মানুষের অনুভূতি ও ভয়কেও সমান গুরুত্ব দিতে হয় । প্রতিদিনের ব্যস্ততায় একটি ঘটনা পুলিশ সদস্যদের কাছে হয়তো দশ নম্বর কাজ হতে পারে, কিন্তু ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেটিই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা—আর সেই মুহূর্তে পুলিশের আচরণই পুরো পরিস্থিতির গতিপথ নির্ধারণ করে। গৈরিক বসন ছেড়ে নীল উর্দি পরার পর বাহিনীর ভেতরে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক সংহতির বিষয়টি তিনি আলাদাভাবে অনুভব করেছেন বলেও জানান। মঙ্গলবারের অনুষ্ঠানে তার স্ত্রী লেক এবং চার ছেলে থমাস, টিমোথি, টাইটাস ও টেট উপস্থিত ছিলেন, যাদের উপস্থিতি এই প্রাপ্তিকে তার কাছে আরও অর্থবহ করে তুলেছে।
সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে
লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী

