সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

বন্দুক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের কয়েকটি স্কুলে বিশেষ ড্রোন চালু

ফ্লোরিডা প্রতিনিধি প্রকাশ: জুলাই ২৯, ২০২৬ ১১:০
যুক্তরাষ্ট্রের কয়েকটি স্কুলে চালু হচ্ছে বিশেষ নিরাপত্তা ড্রোন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কয়েকটি স্কুলে চালু হচ্ছে বিশেষ নিরাপত্তা ড্রোন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলোরাডো, ফ্লোরিডা ও জর্জিয়ার কয়েকটি স্কুলে নতুন শিক্ষাবর্ষ থেকে পরীক্ষামূলকভাবে বিশেষ নিরাপত্তা ড্রোন ব্যবহার শুরু হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান মিথ্রিল ডিফেন্সের দাবি, জরুরি পরিস্থিতিতে এসব ড্রোন কয়েক সেকেন্ডের মধ্যে মোতায়েন করা যাবে এবং সক্রিয় বন্দুকধারীকে দ্রুত শনাক্ত ও প্রতিহত করার চেষ্টা করবে।

 

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দূর থেকে পরিচালিত এসব ড্রোন স্কুলের করিডোরে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ মাইল গতিতে চলতে পারে। এগুলো সাইরেন, তীব্র ঝলমলে আলো এবং মরিচের জেল ব্যবহার করে হামলাকারীকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে। শেষ বিকল্প হিসেবে ড্রোনটি ঘণ্টায় প্রায় ৬০ মাইল গতিতে হামলাকারীকে ধাক্কা দিতেও সক্ষম বলে দাবি করা হয়েছে।

 

মিথ্রিল ডিফেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জাস্টিন মার্সটনের ভাষ্য, অধিকাংশ স্কুলে বন্দুক হামলার ঘটনা দুই থেকে তিন মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। তাই দ্রুত মোতায়েনযোগ্য ব্যবস্থা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য পেতে পারে। তার দাবি, ড্রোনগুলো প্রয়োজন হলে পুলিশ সদস্যদের আগে কক্ষের ভেতরে প্রবেশ করেও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।

 

তবে এ উদ্যোগ নিয়ে প্রশ্নও উঠেছে। শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান লার্নিং পলিসি ইনস্টিটিউটের গবেষক জেনিফার ডিপাওলির মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রযুক্তিনির্ভর ব্যবস্থা যথেষ্ট নয়। মানসিক স্বাস্থ্যসেবা, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক আস্থা এবং ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।

 

জর্জিয়ার পাঁচটি এবং ফ্লোরিডার তিনটি স্কুল জেলায় এই প্রকল্পে অঙ্গরাজ্য সরকার অর্থায়ন করছে। অন্যদিকে কলোরাডোর জন অ্যাডামস একাডেমি নামের একটি পাবলিক চার্টার স্কুল বেসরকারি অর্থায়নে ড্রোনটি পরীক্ষা করছে। তবে সেখানে কিছু অভিভাবক মরিচের জেল ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি এবং এ ধরনের প্রযুক্তির নৈতিক ও আইনি দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

এদিকে লুইজিয়ানাও স্কুলে নিরাপত্তা ড্রোন ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে। এ লক্ষ্যে চারটি স্কুলে পরীক্ষামূলক কর্মসূচির জন্য একটি আইন পাস হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ড্রোন জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাৎক্ষণিক ভিডিওচিত্র সরবরাহের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেও সহায়ক হতে পারে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম
যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম

প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রে কর্মরত সংশ্লিষ্ট কর্মীদের তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে প্রতিষ্ঠানটির কোনো পদে স্থানান্তরিত হবেন নাকি চাকরি ছেড়ে দেবেন। যারা বিদেশে স্থানান্তরিত না হয়ে চাকরি ছাড়ার পথ বেছে নেবেন, তাদের তিন মাসের সেভারেন্স বা বিদায়কালীন ভাতা দেওয়া হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৬ হবে তাদের শেষ কর্মদিবস। রেস্ট অব ওয়ার্ল্ড ও দ্য ইকোনমিক টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।   প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনেক কর্মী তাদের ম্যানেজারের সঙ্গে ওয়ান-অন-ওয়ান ‘ক্যারিয়ার আলোচনা’র মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়ে জানতে পেরেছেন। আইবিএম কনসাল্টিং প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বিভাগ, যেখানে বিশ্বজুড়ে দেড় লাখেরও বেশি কর্মী কাজ করেন। তবে এই নীতিগত পরিবর্তন আইবিএমের সব ব্যবসায়িক ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়; কেবল কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রেই ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করা হয়েছে। এ বিষয়ে এক বক্তব্যে আইবিএমের একজন মুখপাত্র জানিয়েছেন, দক্ষতার সহজলভ্যতা এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তনের কারণেই তারা আইবিএম কনসাল্টিংয়ের বেশিরভাগ পদের ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।   বিদেশে স্থানান্তরের সুযোগের ক্ষেত্রে ভারতই প্রধান গন্তব্য হিসেবে সামনে আসছে। ১৯ নভেম্বর আইবিএমের ক্যারিয়ার পোর্টালে যুক্তরাষ্ট্রের বাইরে কনসাল্টিং খাতে ১ হাজার ২৭৮টি শূন্য পদের তালিকা দেখা গেছে, যার মধ্যে ১ হাজার ১২৫টিই ছিল ভারতে। এছাড়া সিঙ্গাপুরে ২৩টি এবং যুক্তরাজ্যে ১৮টি পদ ছিল, আর যুক্তরাষ্ট্রে ছিল ৮৯টি শূন্য পদ। তবে কতজন কর্মী এই সিদ্ধান্তে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিংবা স্থানান্তরিত কর্মীদের বেতন-ভাতার শর্ত কী হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা প্রকাশ করেনি। কর্মীদের একাংশের আশঙ্কা, যুক্তরাষ্ট্র থেকে ভারতে স্থানান্তরিত হলে বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে হতে পারে।   বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের ভিসা নীতি কঠোর হওয়া এবং প্রযুক্তি খাতের নিয়োগ ও পরিচালনা কাঠামোতে পরিবর্তনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের বড় একটি অংশ এইচ-১বি ভিসা ও এমপ্লয়মেন্ট-ভিত্তিক গ্রিন কার্ডের ওপর নির্ভরশীল। বিশেষ করে ভারতীয় পেশাজীবীরা মার্কিন এইচ-১বি ভিসার বড় অংশ পেয়ে থাকেন এবং গ্রিন কার্ডের দীর্ঘ অপেক্ষার তালিকায় থাকেন। ফলে স্পনসরশিপ বন্ধ ও স্বল্প সময়ের মধ্যে বিকল্প বেছে নেওয়ার এই নির্দেশনা সংশ্লিষ্ট কর্মীদের ক্যারিয়ার ও অভিবাসন পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৭:২৬
সাবেক বৌদ্ধ ভিক্ষু তাবি থিয়ানথং

একসময় ছিলেন বৌদ্ধ ভিক্ষু, এবার নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর হলেন তাবি

সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে

সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে

লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী

লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী

গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের
গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের

অঙ্গরাজ্যের আদালত প্রাঙ্গণ থেকে কোনো ধরনের বিচারিক পরোয়ানা (জুডিশিয়াল ওয়ারেন্ট) ছাড়াই দেওয়ানি গ্রেফতার অভিযান পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইস)-এর বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে ম্যাসাচুসেটস সরকার। গত সোমবার (২৩ নভেম্বর) ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল আন্দ্রেয়া জয় ক্যাম্পবেল এই মামলা করেন।   মামলায় অভিযোগ করা হয়েছে, আইস এজেন্টরা অঙ্গরাজ্যের সদ্য কার্যকর হওয়া ‘ম্যাসাচুসেটস প্রোটেক্ট অ্যাক্ট’ (PROTECT Act) লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই আদালত প্রাঙ্গণে অভিযান চালাচ্ছেন, যা অঙ্গরাজ্যের সার্বভৌম বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।   অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাগরিকরা যেন গ্রেফতারের ভয় ছাড়াই বিচারিক সেবা নিতে পারেন, সেই লক্ষ্যে গত ৩ নভেম্বর প্রোটেক্ট অ্যাক্টের আদালত-সংক্রান্ত সুরক্ষা বিধান কার্যকর হয়। কিন্তু আইনটি কার্যকর হওয়ার মাত্র আড়াই সপ্তাহের মধ্যেই আইস এজেন্টরা ম্যাসাচুসেটসের বিভিন্ন আদালত থেকে পরোয়ানা ছাড়া অন্তত ৩৮ জনকে গ্রেফতার করেছেন।   এর আগে ২০২৫ সালে অঙ্গরাজ্যের আদালতগুলো থেকে ৬০০ জনের বেশি এবং চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৫০০ জনের বেশি মানুষকে আটক করেছিল সংস্থাটি। মামলায় বিশেষভাবে ২০২৫ সালের মে মাসের একটি আইস নির্দেশনাকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে স্থানীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও অঙ্গরাজ্য আদালতে গ্রেফতারের অনুমতি দেওয়া হয়েছিল—যদিও চলতি বছরের জুনে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত ওই নীতিটিকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছিলেন।   উল্লেখ্য, মার্কিন সংবিধানের দশম সংশোধনীর অধীনে নিজস্ব আদালত ব্যবস্থা পরিচালনার সার্বভৌম অধিকার প্রয়োগ করে ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি গত ৫ আগস্ট প্রোটেক্ট অ্যাক্টে স্বাক্ষর করেন। দেশজুড়ে আইসের বিরুদ্ধে অন্যতম কঠোর সুরক্ষা আইন হিসেবে পরিচিত এই আইনের আওতায় বিচারিক পরোয়ানা ছাড়া সরকারি ও চার্টার স্কুল, শিশু যত্ন কেন্দ্র, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, রাষ্ট্রীয় সম্পত্তি এবং আদালত প্রাঙ্গণে অভিবাসন-সংক্রান্ত দেওয়ানি গ্রেফতার নিষিদ্ধ করা হয়েছে।   গভর্নর হিলি এই মামলাকে স্বাগত জানিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের আইস অভিযান বিচারব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে; কারণ গ্রেফতারের ভয়ে অপরাধের শিকার ব্যক্তিরা আদালতে গিয়ে অভিযোগ জানাতে বা সুরক্ষা চাইতে সাহস পাচ্ছেন না।   মামলার নথিতে আদালত প্রাঙ্গণে আইসের উপস্থিতির কারণে সৃষ্ট আতঙ্কের বেশ কিছু ভয়াবহ উদাহরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে এক ধর্ষণের শিকার নারী অভিযুক্তের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে গেলে আইস তাঁকে গ্রেফতার করতে পারে—এই ভয়ে মামলা করতেই অস্বীকৃতি জানিয়েছেন।   আরেকজন নারী ছুরি নিয়ে হুমকিদাতা সঙ্গীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়ার একাধিক তারিখ এড়িয়ে গেছেন এবং আইসের ভয়ে সুরক্ষা আদেশ (রেস্ট্রেইনিং অর্ডার) নিতেও রাজি হননি। লইয়ার্স ফর সিভিল রাইটসের (এলসিআর) আইনজীবী ব্রুক সিমোন এই মামলার প্রশংসা করে বলেন, এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আইসসহ কোনো সংস্থাই আইনের ঊর্ধ্বে নয় এবং অভিবাসন মর্যাদা নির্বিশেষে সবার জন্য আদালত একটি নিরাপদ স্থান হওয়া উচিত।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৬:০
গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আটক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা মার্কিন নাগরিকের

গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আটক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা মার্কিন নাগরিকের

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ

আইস বন্দিদের ৯৭ হাজার মামলা সামলাতে সব শাখার আইনজীবীদের মাঠে নামাচ্ছে মার্কিন বিচার বিভাগ

এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন

এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন

শিশুদের নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় এআই চ্যাটবটযুক্ত খেলনায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করল নিউইয়র্ক। ছবি: সংগৃহীত
এআই খেলনা নিষিদ্ধ করল নিউইয়র্ক, লঙ্ঘন করলে ১৫ হাজার ডলার জরিমানা

শিশুদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চ্যাটবটযুক্ত খেলনা উৎপাদন, বিতরণ ও বিক্রির ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। গত ২৪ নভেম্বর গভর্নর ক্যাথি হোকুল এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন। আইনটি স্বাক্ষরের ৯০ দিন পর অর্থাৎ আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।   নিষেধাজ্ঞার আওতায় আনা আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি লঙ্ঘনের জন্য প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেওয়ানি জরিমানা আদায় করতে পারবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল।   মূলত ১২ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য তৈরি খেলনা—যেমন পুতুল, টেডি বিয়ার বা রোবট, যেগুলো ইন্টারনেট সংযোগের মাধ্যমে এআই কম্প্যানিয়ন হিসেবে শিশুদের সঙ্গে কথোপকথন চালাতে পারে—এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। তবে পূর্বনির্ধারিত সীমিত শব্দ বা বাক্য ব্যবহৃত হয় এমন সাধারণ অফলাইন খেলনা এর আওতায় পড়বে না। পাশাপাশি এই খেলনাগুলো নিজের কাছে রাখা বা ব্যবহার করা অবৈধ ঘোষণা করা হয়নি।   সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যবেক্ষক ও ভোক্তা অধিকার সংস্থার পরীক্ষায় এআই চ্যাটবটযুক্ত খেলনার বিরুদ্ধে উদ্বেগজনক সব তথ্য উঠে আসার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। পরীক্ষায় দেখা গেছে, কথোপকথনের একপর্যায়ে কিছু খেলনা শিশুদের সঙ্গে অনুপযুক্ত বা যৌনতা-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে এবং দেশলাই, ছুরি বা ওষুধের মতো বিপজ্জনক জিনিস খুঁজে বের করার বা ব্যবহারের পরামর্শ দিয়েছে। এ ছাড়া দীর্ঘ সময় কথা বললে অভিভাবকদের নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়া, শিশুদের আবেগগতভাবে প্রভাবিত করা এবং অনুমতি বা সুরক্ষা ছাড়াই কণ্ঠস্বর ও মুখাবয়বের তথ্য সংগ্রহের মতো ঝুঁকিও সামনে এসেছে।   আইনটি আগামী ৯০ দিন পর কার্যকর হওয়ায় আসন্ন বড়দিন ও ছুটির মৌসুমের কেনাকাটায় এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। ফলে এ সময় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। উপহার হিসেবে খেলনা কেনার আগে সেটি শিশুদের সঙ্গে অবাধে কথা বলতে পারে কি না এবং কী ধরনের তথ্য সংগ্রহ করে, তা যাচাই করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি চ্যাটবট ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে সতর্কতামূলক লেবেল যুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে।   সূত্র: দ্য গার্ডিয়ান   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১১:৫৬
যুক্তরাষ্ট্রে ২৭ নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে ঘিরে কেনাকাটার প্রস্তুতি, ছাড় ও সতর্কতার পরামর্শ। ছবি: সংগৃহীত

ব্ল্যাক ফ্রাইডেতে বাড়তি খরচ কমাতে কেনাকাটার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়

ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উদ্‌যাপনের মাঝেও বাড়তি বাজারদরে চিন্তিত যুক্তরাষ্ট্রের পরিবারগুলো। ছবি: সংগৃহীত

ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো

চাকরি ও বেতনের সূচকে  সেরা ২৫ প্রতিষ্ঠানের  তালিকা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...