সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

হরমুজ সংকট দীর্ঘায়িত হলে মন্দায় পড়বে পারে যুক্তরাজ্য, সতর্কতা

বিশেষ প্রতিবেদন প্রকাশ: আগস্ট ৩, ২০২৬ ৬:৪৩
হরমুজ। ছবি:সংগৃহীত
হরমুজ। ছবি:সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পরিস্থিতি দীর্ঘায়িত হলে আগামী বছর যুক্তরাজ্যের অর্থনীতি মন্দায় পড়তে পারে বলে সতর্ক করেছে বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান ইওয়াই। সংস্থাটির নতুন অর্থনৈতিক পূর্বাভাসে বলা হয়েছে, জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ও তেলের দাম বৃদ্ধি যুক্তরাজ্যের প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। 

 

ইওয়াইর বিশ্লেষণে বলা হয়েছে, যদি হরমুজ প্রণালি দ্রুত স্বাভাবিক না হয় এবং অচলাবস্থা ২০২৭ সাল পর্যন্ত গড়ায়, তবে যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) সংকুচিত হতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতিও উল্লেখযোগ্যভাবে বেড়ে বছরের শেষ নাগাদ ৬ শতাংশের বেশি হতে পারে। এতে জ্বালানি, পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে যায়। ফলে এ পথ দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা তৈরি হবে, যার প্রভাব ইউরোপসহ যুক্তরাজ্যের অর্থনীতিতেও পড়বে। 

 

তবে ইওয়াই আশা প্রকাশ করেছে, যদি চলতি বছরের মধ্যেই হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌযান চলাচল পুনরায় শুরু হয়, তাহলে যুক্তরাজ্য মন্দা এড়াতে পারে। সে ক্ষেত্রে ২০২৬ ও ২০২৭ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ইতিবাচক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। 

 

বিশ্লেষণে আরও বলা হয়েছে, অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় ব্যবসায়িক বিনিয়োগ ও ভোক্তাদের আস্থা দুর্বল হতে পারে। একই সঙ্গে সুদের হার প্রত্যাশার তুলনায় দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে হতে পারে, যা আবাসন বাজার ও ভোক্তা ব্যয়ের ওপরও চাপ সৃষ্টি করবে।

 

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার ঘোষণা দিয়েছেন। আলোচনার অগ্রগতি হলে হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এমন প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও সাময়িকভাবে কমেছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের
গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের

অঙ্গরাজ্যের আদালত প্রাঙ্গণ থেকে কোনো ধরনের বিচারিক পরোয়ানা (জুডিশিয়াল ওয়ারেন্ট) ছাড়াই দেওয়ানি গ্রেফতার অভিযান পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইস)-এর বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে ম্যাসাচুসেটস সরকার। গত সোমবার (২৩ নভেম্বর) ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল আন্দ্রেয়া জয় ক্যাম্পবেল এই মামলা করেন।   মামলায় অভিযোগ করা হয়েছে, আইস এজেন্টরা অঙ্গরাজ্যের সদ্য কার্যকর হওয়া ‘ম্যাসাচুসেটস প্রোটেক্ট অ্যাক্ট’ (PROTECT Act) লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই আদালত প্রাঙ্গণে অভিযান চালাচ্ছেন, যা অঙ্গরাজ্যের সার্বভৌম বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।   অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাগরিকরা যেন গ্রেফতারের ভয় ছাড়াই বিচারিক সেবা নিতে পারেন, সেই লক্ষ্যে গত ৩ নভেম্বর প্রোটেক্ট অ্যাক্টের আদালত-সংক্রান্ত সুরক্ষা বিধান কার্যকর হয়। কিন্তু আইনটি কার্যকর হওয়ার মাত্র আড়াই সপ্তাহের মধ্যেই আইস এজেন্টরা ম্যাসাচুসেটসের বিভিন্ন আদালত থেকে পরোয়ানা ছাড়া অন্তত ৩৮ জনকে গ্রেফতার করেছেন।   এর আগে ২০২৫ সালে অঙ্গরাজ্যের আদালতগুলো থেকে ৬০০ জনের বেশি এবং চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৫০০ জনের বেশি মানুষকে আটক করেছিল সংস্থাটি। মামলায় বিশেষভাবে ২০২৫ সালের মে মাসের একটি আইস নির্দেশনাকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে স্থানীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও অঙ্গরাজ্য আদালতে গ্রেফতারের অনুমতি দেওয়া হয়েছিল—যদিও চলতি বছরের জুনে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত ওই নীতিটিকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছিলেন।   উল্লেখ্য, মার্কিন সংবিধানের দশম সংশোধনীর অধীনে নিজস্ব আদালত ব্যবস্থা পরিচালনার সার্বভৌম অধিকার প্রয়োগ করে ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি গত ৫ আগস্ট প্রোটেক্ট অ্যাক্টে স্বাক্ষর করেন। দেশজুড়ে আইসের বিরুদ্ধে অন্যতম কঠোর সুরক্ষা আইন হিসেবে পরিচিত এই আইনের আওতায় বিচারিক পরোয়ানা ছাড়া সরকারি ও চার্টার স্কুল, শিশু যত্ন কেন্দ্র, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, রাষ্ট্রীয় সম্পত্তি এবং আদালত প্রাঙ্গণে অভিবাসন-সংক্রান্ত দেওয়ানি গ্রেফতার নিষিদ্ধ করা হয়েছে।   গভর্নর হিলি এই মামলাকে স্বাগত জানিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের আইস অভিযান বিচারব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে; কারণ গ্রেফতারের ভয়ে অপরাধের শিকার ব্যক্তিরা আদালতে গিয়ে অভিযোগ জানাতে বা সুরক্ষা চাইতে সাহস পাচ্ছেন না।   মামলার নথিতে আদালত প্রাঙ্গণে আইসের উপস্থিতির কারণে সৃষ্ট আতঙ্কের বেশ কিছু ভয়াবহ উদাহরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে এক ধর্ষণের শিকার নারী অভিযুক্তের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে গেলে আইস তাঁকে গ্রেফতার করতে পারে—এই ভয়ে মামলা করতেই অস্বীকৃতি জানিয়েছেন।   আরেকজন নারী ছুরি নিয়ে হুমকিদাতা সঙ্গীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়ার একাধিক তারিখ এড়িয়ে গেছেন এবং আইসের ভয়ে সুরক্ষা আদেশ (রেস্ট্রেইনিং অর্ডার) নিতেও রাজি হননি। লইয়ার্স ফর সিভিল রাইটসের (এলসিআর) আইনজীবী ব্রুক সিমোন এই মামলার প্রশংসা করে বলেন, এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আইসসহ কোনো সংস্থাই আইনের ঊর্ধ্বে নয় এবং অভিবাসন মর্যাদা নির্বিশেষে সবার জন্য আদালত একটি নিরাপদ স্থান হওয়া উচিত।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৬:০
গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আটক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা মার্কিন নাগরিকের

গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আটক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা মার্কিন নাগরিকের

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ

আইস বন্দিদের ৯৭ হাজার মামলা সামলাতে সব শাখার আইনজীবীদের মাঠে নামাচ্ছে মার্কিন বিচার বিভাগ

এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন

এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন

শিশুদের নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় এআই চ্যাটবটযুক্ত খেলনায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করল নিউইয়র্ক। ছবি: সংগৃহীত
এআই খেলনা নিষিদ্ধ করল নিউইয়র্ক, লঙ্ঘন করলে ১৫ হাজার ডলার জরিমানা

শিশুদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চ্যাটবটযুক্ত খেলনা উৎপাদন, বিতরণ ও বিক্রির ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। গত ২৪ নভেম্বর গভর্নর ক্যাথি হোকুল এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন। আইনটি স্বাক্ষরের ৯০ দিন পর অর্থাৎ আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।   নিষেধাজ্ঞার আওতায় আনা আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি লঙ্ঘনের জন্য প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেওয়ানি জরিমানা আদায় করতে পারবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল।   মূলত ১২ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য তৈরি খেলনা—যেমন পুতুল, টেডি বিয়ার বা রোবট, যেগুলো ইন্টারনেট সংযোগের মাধ্যমে এআই কম্প্যানিয়ন হিসেবে শিশুদের সঙ্গে কথোপকথন চালাতে পারে—এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। তবে পূর্বনির্ধারিত সীমিত শব্দ বা বাক্য ব্যবহৃত হয় এমন সাধারণ অফলাইন খেলনা এর আওতায় পড়বে না। পাশাপাশি এই খেলনাগুলো নিজের কাছে রাখা বা ব্যবহার করা অবৈধ ঘোষণা করা হয়নি।   সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যবেক্ষক ও ভোক্তা অধিকার সংস্থার পরীক্ষায় এআই চ্যাটবটযুক্ত খেলনার বিরুদ্ধে উদ্বেগজনক সব তথ্য উঠে আসার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। পরীক্ষায় দেখা গেছে, কথোপকথনের একপর্যায়ে কিছু খেলনা শিশুদের সঙ্গে অনুপযুক্ত বা যৌনতা-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে এবং দেশলাই, ছুরি বা ওষুধের মতো বিপজ্জনক জিনিস খুঁজে বের করার বা ব্যবহারের পরামর্শ দিয়েছে। এ ছাড়া দীর্ঘ সময় কথা বললে অভিভাবকদের নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়া, শিশুদের আবেগগতভাবে প্রভাবিত করা এবং অনুমতি বা সুরক্ষা ছাড়াই কণ্ঠস্বর ও মুখাবয়বের তথ্য সংগ্রহের মতো ঝুঁকিও সামনে এসেছে।   আইনটি আগামী ৯০ দিন পর কার্যকর হওয়ায় আসন্ন বড়দিন ও ছুটির মৌসুমের কেনাকাটায় এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। ফলে এ সময় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। উপহার হিসেবে খেলনা কেনার আগে সেটি শিশুদের সঙ্গে অবাধে কথা বলতে পারে কি না এবং কী ধরনের তথ্য সংগ্রহ করে, তা যাচাই করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি চ্যাটবট ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে সতর্কতামূলক লেবেল যুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে।   সূত্র: দ্য গার্ডিয়ান   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১১:৫৬
যুক্তরাষ্ট্রে ২৭ নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে ঘিরে কেনাকাটার প্রস্তুতি, ছাড় ও সতর্কতার পরামর্শ। ছবি: সংগৃহীত

ব্ল্যাক ফ্রাইডেতে বাড়তি খরচ কমাতে কেনাকাটার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়

ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উদ্‌যাপনের মাঝেও বাড়তি বাজারদরে চিন্তিত যুক্তরাষ্ট্রের পরিবারগুলো। ছবি: সংগৃহীত

ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো

চাকরি ও বেতনের সূচকে  সেরা ২৫ প্রতিষ্ঠানের  তালিকা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা

দীর্ঘদিন ধরে খাবারে ঘুম ও উদ্বেগের ওষুধ মেশানোর অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ আটক। ছবি: সংগৃহীত
লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ।   পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ।   তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়।   এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন।   ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।   হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি।   সূত্র: ফক্স ১৩ নিউজ   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৩
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ক্যালিফোর্নিয়ায় ৬১৭ জন আক্রান্ত, দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত এক নারী। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...