ইলেক্ট্রোম্যাগনেটিক বাদ দিয়ে স্টিম ব্যবস্থায় ফিরতে মার্কিন বিমানবাহী রণতরীকে ট্রাম্পের নির্দেশ
যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের বিমানবাহী রণতরীতে যুদ্ধবিমান উড্ডয়নের অত্যাধুনিক ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট ব্যবস্থা বাদ দিয়ে পুরোনো স্টিম ক্যাটাপল্টে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্ত বাস্তবায়নে নির্মাণাধীন জেরাল্ড আর. ফোর্ড ক্লাসের বিমানবাহী রণতরীর নকশায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এতে বিপুল অতিরিক্ত ব্যয় এবং নির্মাণে বিলম্বের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার একটি ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডামে স্বাক্ষর করে ট্রাম্প এই নির্দেশ দেন। রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস এবং ইউএসএনআই নিউজের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্দেশনার আওতায় ফোর্ড ক্লাসের চতুর্থ বিমানবাহী রণতরী ইউএসএস ডরিস মিলার থেকে পরিবর্তন শুরু হওয়ার কথা। পরবর্তী রণতরীগুলোতেও ইলেক্ট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম বা ইএমএএলএসের পরিবর্তে স্টিম ক্যাটাপল্ট ব্যবহারের পরিকল্পনা করা হবে।
তবে ফোর্ড ক্লাসের প্রথম তিনটি রণতরীতে ইএমএএলএস থাকবে। এর মধ্যে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ইতিমধ্যে অপারেশনাল এবং পরবর্তী রণতরীগুলোর নির্মাণ ও পরীক্ষা বিভিন্ন পর্যায়ে রয়েছে।
বিমানবাহী রণতরীর স্বল্প দৈর্ঘ্যের ফ্লাইট ডেক থেকে ভারী যুদ্ধবিমানকে দ্রুত আকাশে তুলতে ক্যাটাপল্ট ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের পুরোনো নিমিৎজ ক্লাসের রণতরীগুলোতে দীর্ঘদিন ধরে স্টিম ক্যাটাপল্ট ব্যবহৃত হয়েছে। নতুন ফোর্ড ক্লাসে এর পরিবর্তে ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তিনির্ভর ইএমএএলএস চালু করা হয়।
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ইএমএএলএসের উদ্দেশ্য ছিল যুদ্ধবিমান আরও নিয়ন্ত্রিতভাবে উৎক্ষেপণ করা, রক্ষণাবেক্ষণের চাপ কমানো এবং পুরোনো স্টিম ব্যবস্থার তুলনায় কম জনবল ব্যবহার করা। বিভিন্ন ধরনের ও ওজনের বিমান পরিচালনার ক্ষেত্রেও নতুন ব্যবস্থাটি বেশি নমনীয় হওয়ার কথা।
তবে ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইএমএএলএসের সমালোচক। প্রথম মেয়াদ থেকেই তিনি স্টিম ক্যাটাপল্টকে তুলনামূলকভাবে সহজ ও নির্ভরযোগ্য ব্যবস্থা হিসেবে তুলে ধরে আসছেন। ২০১৭ সালেও তিনি প্রকাশ্যে বলেছিলেন, নৌবাহিনীর নতুন ইলেক্ট্রোম্যাগনেটিক ব্যবস্থার পরিবর্তে স্টিম প্রযুক্তিতে ফিরে যাওয়া উচিত।
এবার সেই অবস্থানকে আনুষ্ঠানিক নীতিতে রূপ দিলেন তিনি। তবে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা প্রযুক্তিগতভাবে সহজ হবে না। কারণ ফোর্ড ক্লাসের রণতরীগুলোর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে ফ্লাইট ডেকের নিচের বিভিন্ন অবকাঠামো ইএমএএলএসকে কেন্দ্র করে ডিজাইন করা হয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে ইউএসএস ডরিস মিলারকে ঘিরে। ইএমএএলএস নির্মাতা জেনারেল অ্যাটমিকস জানিয়েছে, জাহাজটির জন্য সংশ্লিষ্ট সিস্টেমের উৎপাদনের প্রায় ৫০ শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে নকশা পরিবর্তন করলে উল্লেখযোগ্য অতিরিক্ত খরচ, নির্মাণসূচিতে বিলম্ব এবং বিভিন্ন সিস্টেম সমন্বয়ে ঝুঁকি তৈরি হতে পারে বলে প্রতিষ্ঠানটি সতর্ক করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নির্দেশনার কারণে যুক্তরাষ্ট্রের কয়েকশ মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হতে পারে। পুরো পরিবর্তনের দীর্ঘমেয়াদি ব্যয় আরও বড় হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ স্টিম ক্যাটাপল্টের জন্য রণতরীর অভ্যন্তরে প্রয়োজনীয় অবকাঠামো নতুন করে ডিজাইন ও স্থাপন করতে হবে।
স্টিম ব্যবস্থায় ফিরে গেলে জনবলের প্রয়োজনও বাড়তে পারে। আধুনিক ইএমএএলএস তৈরির অন্যতম উদ্দেশ্যই ছিল বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় নাবিকের সংখ্যা কমানো। এমন সময়ে এই পরিবর্তন আসছে, যখন মার্কিন নৌবাহিনী বিভিন্ন ক্ষেত্রে জনবল ও জাহাজ রক্ষণাবেক্ষণসংক্রান্ত চাপ মোকাবিলা করছে।
ট্রাম্পের নির্দেশ শুধু ক্যাটাপল্ট পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইউএসএনআই নিউজের তথ্য অনুযায়ী, নতুন নীতিতে মার্কিন নৌবাহিনীর জাহাজ নির্মাণ সক্ষমতা বাড়ানো, সাবমেরিন মেরামতের সক্ষমতা সম্প্রসারণ এবং একটি নতুন সরকারি নেভাল শিপইয়ার্ড প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। বিদেশি মিত্রদের জাহাজ নির্মাণ সক্ষমতাকে মার্কিন নৌবাহিনীর প্রয়োজনের সঙ্গে কীভাবে যুক্ত করা যায়, সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
তবে ক্যাটাপল্ট পরিবর্তনের সিদ্ধান্তটি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ বিশ্বের অন্যান্য বড় নৌ শক্তি উল্টো ইলেক্ট্রোম্যাগনেটিক প্রযুক্তির দিকে এগোচ্ছে। চীন তার নতুন ফুজিয়ান বিমানবাহী রণতরীতে ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তি ব্যবহার করেছে। ফ্রান্সও ভবিষ্যতের বিমানবাহী রণতরীর জন্য একই ধরনের প্রযুক্তির দিকে এগোচ্ছে।
ট্রাম্প প্রশাসনের যুক্তি হচ্ছে, যুদ্ধের সময় অত্যন্ত জটিল প্রযুক্তির চেয়ে দীর্ঘদিন পরীক্ষিত ও নির্ভরযোগ্য ব্যবস্থা বেশি কার্যকর হতে পারে। অন্যদিকে বর্তমান প্রযুক্তি পরিবর্তনের বিরোধীরা বলছেন, ফোর্ড ক্লাসের নকশা অনেক দূর এগিয়ে যাওয়ার পর এমন পরিবর্তন করলে খরচ বাড়ার পাশাপাশি জাহাজগুলো নৌবাহিনীর হাতে পৌঁছাতেও আরও সময় লাগতে পারে।
এখন প্রতিরক্ষা বিভাগ ও নৌবাহিনীকে প্রেসিডেন্টের নির্দেশনা বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে হবে। ফলে ইউএসএস ডরিস মিলারের নকশায় ঠিক কতটা পরিবর্তন আসবে, এর জন্য কত অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে এবং জাহাজটির নির্মাণসূচি কতটা পিছিয়ে যাবে, সেসব বিষয় পরবর্তী ধাপে স্পষ্ট হওয়ার কথা।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি আবাসিক এলাকায় অস্বাভাবিক চেহারার লোমহীন প্রাণীর দেখা মিলেছে। চার পায়ে হাঁটা প্রাণীটির শরীরে প্রায় কোনো লোম ছিল না, ত্বকজুড়ে ছিল ভাঁজ ও দাগ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাণীটির পরিচয় নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়। পরে স্থানীয় প্রাণী সুরক্ষা সংস্থা জানিয়েছে, এটি খোসপাঁচড়ায় আক্রান্ত একটি র্যাকুন। প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা চলছে। গত ২১ নভেম্বর সান ডিয়েগোর মিশন হিলস এলাকায় হাঁটার সময় ড্যান ফুলকারসন নামের এক ব্যক্তি প্রাণীটিকে দেখতে পান। সেটি একটি বাড়ির গাড়ি প্রবেশের পথে দিয়ে চলার সময় ভিডিও করেন তিনি। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে প্রাণীটির পরিচয় জানতে চান। ফুলকারসন জানান, প্রাণীটি দেখতে বিড়াল বা কুকুরের মতো নয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুই লাখ নয়, দুই মিলিয়নেরও বেশি বার দেখা হয়। ভিডিও প্রকাশের পর দর্শকদের মধ্যে প্রাণীটির পরিচয় নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ ধারণা করেন, এটি লোমহীন কুকুরের একটি বিশেষ জাত জোলোইটজকুইন্টলি। অন্যদের মতে, এটি খোসপাঁচড়ায় আক্রান্ত কোনো কোয়োট বা বন্য কুকুরজাতীয় প্রাণী হতে পারে। তবে অনেকেই এটিকে র্যাকুন বলে শনাক্ত করার সম্ভাবনা তুলে ধরেন। বন্য প্রাণী পুনর্বাসনের সঙ্গে যুক্ত কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীও জানান, প্রাণীটি খোসপাঁচড়ায় আক্রান্ত র্যাকুন হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় সংবাদমাধ্যম কেএনএক্স নিউজ সান ডিয়েগো হিউম্যান সোসাইটির সঙ্গে যোগাযোগ করে। সংস্থাটি জানায়, ভিডিওতে দেখা প্রাণীটি খোসপাঁচড়ায় আক্রান্ত একটি র্যাকুন। তবে সেটিকে এখনো উদ্ধার করা যায়নি। প্রাণীটির অবস্থান শনাক্তে খোঁজ চলছে। ভিডিও ধারণকারী ফুলকারসনও জানিয়েছেন, প্রাণীটিকে দেখার পর তিনি স্থানীয় প্রাণী নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে খবর দিয়েছেন। খোসপাঁচড়া এক ধরনের চর্মরোগ, যা অতি ক্ষুদ্র পরজীবী মাইটের সংক্রমণে হয়। এই রোগে আক্রান্ত প্রাণীর শরীর থেকে লোম ঝরে যেতে পারে, ত্বকে তীব্র চুলকানি দেখা দেয় এবং চামড়ায় ক্ষত ও শক্ত আবরণ তৈরি হতে পারে। কুকুর-বিড়ালের পাশাপাশি র্যাকুন, শিয়াল, কোয়োট ও অন্যান্য বন্য প্রাণীর মধ্যেও এ রোগ ছড়াতে পারে। গুরুতর অবস্থায় আক্রান্ত প্রাণী দুর্বল হয়ে পড়ে এবং চিকিৎসা না পেলে মারা যাওয়ার ঝুঁকিও থাকে। প্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এ ধরনের অসুস্থ বন্য প্রাণী দেখলে সেটিকে ধরার বা কাছে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। এতে মানুষ ও পোষা প্রাণীর সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। বরং স্থানীয় প্রাণী নিয়ন্ত্রণ বিভাগ বা বন্য প্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া প্রয়োজন। সান ডিয়েগো হিউম্যান সোসাইটিও প্রাণীটির সন্ধান পেলে তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। সূত্র: দ্য সান, কেএনএক্স নিউজ, সান ডিয়েগো হিউম্যান সোসাইটি। 872 আইজেট
যুক্তরাষ্ট্রে জন্মহার কমার পেছনে গাড়ির সিটকে দায়ী করে কেটি মিলারের অদ্ভুত ব্যাখ্যা
২০২৬ সালে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা ৫ মার্কিন অঙ্গরাজ্যের নতুন তালিকা প্রকাশ
সন্তানের ভরণপোষণের ১০ হাজার ডলার বকেয়া থাকলে বাতিল হবে মার্কিন পাসপোর্ট
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি চালিয়ে পালিয়ে গেছেন এক অন্তঃসত্ত্বা নারী আসামি। বুধবার সকালে অঙ্গরাজ্যটির আলবুকার্ক এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পলাতক ওই নারীর নাম রেবেকা টেইলর (২৬)। তিনি চুরি ও সিঁধেল চুরির একাধিক মামলায় কারাবন্দী ছিলেন। নিউ মেক্সিকো কারা কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার সকালে রেবেকা ও অপর এক অন্তঃসত্ত্বা নারী আসামিকে প্রসবপূর্ব চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে আলবুকার্ক এলাকায় কারারক্ষীদের দলটি খাবার কেনার জন্য গাড়ি থামালে সেই সুযোগে 'ডজ জার্নি' মডেলের ওই পুলিশি গাড়িটির নিয়ন্ত্রণ নেন রেবেকা এবং দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে পালিয়ে যান। এ সময় গাড়িতে থাকা অপর নারী আসামি কোনোমতে গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি এবং রেবেকার পরনে থাকা কারাগারের পোশাক (জাম্পস্যুট) উদ্ধার করা সম্ভব হলেও তিনি এখনো পলাতক রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেবেকা বর্তমানে গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে (সেকেন্ড ট্রাইমেস্টার) রয়েছেন। কারা বিভাগের মুখপাত্র ব্রিটানি রোমবাচ জানান, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পরিবহনের সময় তার হাতে কোনো হাতকড়া বা শেকল পরানো ছিল না। ঘটনাটি ঘটার সময় একজন কর্মকর্তা গাড়িটির কাছেই ছিলেন, তবে তিনি গাড়ির ভেতরে ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। রেবেকার পলায়নের পরপরই নিউ মেক্সিকোর সব কারাগারে জরুরি লকডাউন জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৬টায় অন্যান্য কারাগার থেকে লকডাউন তুলে নেওয়া হলেও রেবেকা যে কারাগারে (ওয়েস্টার্ন নিউ মেক্সিকো কারেকশনস ফ্যাসিলিটি) বন্দী ছিলেন, সেখানে এখনো সীমিত চলাচল ব্যবস্থা জারি রয়েছে এবং দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। পলাতক রেবেকাকে ধরতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। সাধারণ জনগণকে কোথাও রেবেকা টেইলরের দেখা পেলে তার কাছে না গিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: বিবিসি।
মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী
মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডি’র অন্যতম উচ্চপদ ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন সাবেক বৌদ্ধ ভিক্ষু তাবি থিয়ানথং। ব্রঙ্কসের একটি প্রিসিঙ্কটের এই কর্মকর্তা মঙ্গলবার ওয়ান পুলিশ প্লাজায় আয়োজিত এক পদোন্নতি অনুষ্ঠানে এই সম্মাননা পান। ৫৩ বছর বয়সী চার সন্তানের জনক থিয়ানথং কুইন্সে জন্মগ্রহণ করেন এবং থাই অভিবাসীদের সন্তান হিসেবে বেড়ে ওঠেন। পদোন্নতির পর তিনি জানান, তরুণ বয়সে গ্রামীণ থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষু হিসেবে কাটানো সময়ের দর্শন ও সংযমই তাকে পুলিশ বাহিনীতে একজন আরও মানবিক ও কার্যকর কর্মকর্তা হয়ে উঠতে সাহায্য করেছে। থিয়ানথংয়ের জীবনের এই ব্যতিক্রমী যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। কলেজ জীবন শেষে নিজের শিকড় ও সংস্কৃতির সন্ধানে তিনি মেকং নদীর তীরবর্তী এক ছোট গ্রামে যান এবং সেখানে একটি মঠে বৌদ্ধ ভিক্ষু হিসেবে দীক্ষা নেন। সে সময় মাথা ও ভ্রু কামিয়ে, ভিক্ষুর পোশাক পরে এবং কেবল একটি ভিক্ষাপাত্র সম্বল করে তিনি নৈতিকতা, ধ্যান ও বৌদ্ধ দর্শন চর্চা করেন। গ্রামবাসীদের দানের ওপর নির্ভর করে জীবনযাপনের সেই অভিজ্ঞতা তার মধ্যে বিনয় ও ত্যাগের গভীর বোধ তৈরি করে। তার মতে, ভিক্ষু জীবনে সব জাগতিক বস্তু, নাম ও উপাধি ত্যাগ করার যে চরম আত্মত্যাগ রয়েছে, তা আজও তাকে মনে করিয়ে দেয় যে পুলিশ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান দায়িত্ব। প্রায় দশ মাস থাইল্যান্ডে অবস্থান করার পর নব্বইয়ের দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ফিরে প্রযুক্তি খাতে কাজ শুরু করেন থিয়ানথং। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শহরকে গভীরভাবে নাড়া দেওয়া সেই ঘটনার পর তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন এবং ২০০৩ সালে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন। শুরুতে ব্রঙ্কসের নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি ভবনগুলোতে টহল দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি মরিস পার্ক ও উডলনের গোয়েন্দা শাখা এবং ব্রঙ্কস রবারি স্কোয়াডে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মার্চে ডেপুটি ইন্সপেক্টর হওয়ার পর এবার পূর্ণ ইন্সপেক্টর পদে উন্নীত হলেন এনওয়াইপিডি’র ৪৩তম প্রিসিঙ্কটের এই কমান্ডিং অফিসার। পদোন্নতির পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে থিয়ানথং পুলিশি কাজে সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কেবল অপরাধের পরিসংখ্যান বা সংখ্যার দিকে তাকিয়ে থাকলেই চলে না, বরং মানুষের অনুভূতি ও ভয়কেও সমান গুরুত্ব দিতে হয় । প্রতিদিনের ব্যস্ততায় একটি ঘটনা পুলিশ সদস্যদের কাছে হয়তো দশ নম্বর কাজ হতে পারে, কিন্তু ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেটিই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা—আর সেই মুহূর্তে পুলিশের আচরণই পুরো পরিস্থিতির গতিপথ নির্ধারণ করে। গৈরিক বসন ছেড়ে নীল উর্দি পরার পর বাহিনীর ভেতরে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক সংহতির বিষয়টি তিনি আলাদাভাবে অনুভব করেছেন বলেও জানান। মঙ্গলবারের অনুষ্ঠানে তার স্ত্রী লেক এবং চার ছেলে থমাস, টিমোথি, টাইটাস ও টেট উপস্থিত ছিলেন, যাদের উপস্থিতি এই প্রাপ্তিকে তার কাছে আরও অর্থবহ করে তুলেছে।
সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে
লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী

