যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন নিয়ে রিপাবলিকানদের কঠোর অবস্থান, প্রতিবাদে মুসলিমরা
টেক্সাসে শরিয়া আইন নিয়ে রিপাবলিকানদের অবস্থান কঠোর হওয়ার সঙ্গে সঙ্গে এ নিয়ে বিতর্কও তীব্র হয়েছে। রিপাবলিকান নেতারা শরিয়াকে যুক্তরাষ্ট্রের সংবিধান, ব্যক্তিস্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকি হিসেবে তুলে ধরছেন। অন্যদিকে মুসলিম নাগরিক ও ইসলামবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, ধর্মীয় ধারণা হিসেবে শরিয়ার অর্থকে রাজনৈতিক বক্তব্যে অতিরঞ্জিত ও বিকৃত করা হচ্ছে।
টেক্সাসের অস্টিনের বাসিন্দা শাইমা জায়ানের কাছে শরিয়া কোনো বিকল্প আইনি ব্যবস্থা নয়। তাঁর ভাষায়, এটি মুসলিমদের দৈনন্দিন ধর্মীয় ও নৈতিক জীবনযাপনের একটি পথ। যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের ওপর এটি অন্যদের জন্য চাপিয়ে দেওয়ার বিষয়ও নয় বলে তিনি মনে করেন।
টেক্সাসে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) রাজ্য শাখায় কাজ করা জায়ান বলেন, মসজিদে নিয়মিত ধর্মীয় আলোচনায় বাবা-মায়ের সঙ্গে আচরণ, প্রতিবেশীর প্রতি দায়িত্ব, ভালো চরিত্র, নামাজ ও রোজার মতো বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে ‘শরিয়া’ শব্দটি আলাদাভাবে বারবার উচ্চারিত না হলেও এসব নৈতিক ও ধর্মীয় অনুশীলন ইসলামী জীবনযাপনের অংশ।
টেক্সাস আইনসভার প্রথম মুসলিম সদস্য সালমান ভোজানি শরিয়াকে ব্যক্তিগত নৈতিক ও ধর্মীয় কাঠামো হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, দান-সদকা করা, নিয়মিত সৃষ্টিকর্তার ইবাদত করা, প্রতিবেশী ও অন্যদের সঙ্গে সৎ আচরণ করা এর অন্তর্ভুক্ত। তবে এটি অন্য কারও ওপর চাপিয়ে দেওয়ার বিষয় নয় বলেও তিনি উল্লেখ করেছেন।
রিপাবলিকান নেতাদের বক্তব্য অবশ্য ভিন্ন। তারা শরিয়াকে এমন একটি আইনি কাঠামো হিসেবে দেখছেন, যা যুক্তরাষ্ট্রের সংবিধান ও প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
টেক্সাসের রিপাবলিকান আইনপ্রণেতা ব্রেন্ট মানি বলেছেন, ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস ও উপাসনা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে সুরক্ষিত। তবে যুক্তরাষ্ট্রের সংবিধান, টেক্সাসের আইন বা অন্যদের সমঅধিকারের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিদেশি আইনি ব্যবস্থা চাপিয়ে দেওয়ার অধিকার কেউ পায় না।
এ অবস্থান থেকেই চলতি বছরের মার্চে মানি টেক্সাস আইনসভায় ‘শরিয়া ফ্রি টেক্সাস ককাস’ গঠন করেন। এর আগে টেক্সাসের দুই রিপাবলিকান কংগ্রেস সদস্য কিথ সেলফ ও চিপ রয় কংগ্রেসে ‘শরিয়া-ফ্রি আমেরিকা ককাস’ গঠন করেছিলেন। জুনে সেলফ জানিয়েছিলেন, ২৫টি অঙ্গরাজ্যের ৬৮ জন রিপাবলিকান সদস্য ওই ককাসে যুক্ত হয়েছেন।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটও গত এক বছরে ইসলাম ও শরিয়া নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। ২০২৫ সালের নভেম্বরে তিনি মুসলিম ব্রাদারহুড ও সিএআইআরকে টেক্সাসের আইনের অধীনে বিদেশি সন্ত্রাসী সংগঠন ও আন্তঃদেশীয় অপরাধী সংগঠন হিসেবে ঘোষণা করেন। অ্যাবটের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, এর ফলে ওই সংগঠনগুলোর বিরুদ্ধে বাড়তি আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয় এবং টেক্সাসে তাদের জমি বা সম্পত্তি অর্জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এ ছাড়া ২০২৬ সালের শুরুতে অ্যাবট সিএআইআর-সংশ্লিষ্ট একটি ইসলামিক ক্রীড়া আয়োজন নিয়ে স্কুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান এবং শরিয়া আদালত নিয়ে তদন্তের কথাও বলেন।
রিপাবলিকান পার্টি অব টেক্সাসের চলতি বছরের প্ল্যাটফর্মেও শরিয়া নিয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ‘ডোন্ট শরিয়া মাই টেক্সাস’ নামে একটি প্রস্তাবে শরিয়াকে অঙ্গরাজ্য ও যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করার পাশাপাশি শরিয়া বাস্তবায়ন বা প্রচারের বিরুদ্ধে আইন করার আহ্বান জানানো হয়েছে। এমনকি শরিয়া প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সরকারি চাকরি, সামরিক বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব থেকে অযোগ্য ঘোষণার মতো প্রস্তাবও এতে রয়েছে।
অন্যদিকে ইসলামবিষয়ক গবেষকরা বলছেন, শরিয়াকে একটি একক, সুনির্দিষ্ট আইনবিধি হিসেবে দেখা ঠিক নয়। রাইস ইউনিভার্সিটির ইসলামবিষয়ক অধ্যাপক ডেভিড কুকের মতে, শরিয়া একক কোনো বিষয় নয়। ইসলামের নবী মুহাম্মদের শিক্ষা ও ঐতিহ্য, সেগুলো থেকে তৈরি বিভিন্ন আইনগত ব্যাখ্যা এবং সময়ের সঙ্গে এসব ব্যাখ্যার পরিবর্তন ও আলোচনা মিলিয়ে শরিয়ার ধারণা গড়ে উঠেছে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেসের ইসলামি আইন ও শরিয়াবিষয়ক অধ্যাপক খালেদ আবু আল ফাদলও বলেন, আরবি ভাষায় ‘শরিয়া’ শব্দের মূল অর্থ পথ বা পানির দিকে যাওয়ার পথের সঙ্গে সম্পর্কিত। তাঁর মতে, ইসলামী ঐতিহ্যে এটি কল্যাণের পথ বোঝাতেও ব্যবহৃত হয়। প্রায় দেড় হাজার বছরের ইসলামী ইতিহাসে শরিয়া নিয়ে বহু ধরনের ব্যাখ্যা তৈরি হয়েছে।
তবে বিশেষজ্ঞরা এটিও স্বীকার করেন যে, কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে শরিয়ার নামে কঠোর ও দমনমূলক আইন চালু রয়েছে। কিন্তু সেসব আইনকে বিশ্বের সব মুসলিমের ধর্মীয় বিশ্বাস বা শরিয়ার একমাত্র ব্যাখ্যা হিসেবে দেখার সুযোগ নেই।
এই জায়গাতেই টেক্সাসের মুসলিম নাগরিকদের আপত্তি। তাদের বক্তব্য, কিছু দেশে ধর্মীয় আইনের কঠোর প্রয়োগের উদাহরণ থাকলেও তার সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিমদের দৈনন্দিন ধর্মচর্চাকে এক করে দেখা হচ্ছে।
টেক্সাসে প্রাপ্তবয়স্কদের মধ্যে মুসলিমদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ২ শতাংশ বলে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক ধর্মীয় জরিপে উল্লেখ করা হয়েছে।
মুসলিম নারীদের হিজাব পরা নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। জায়ানের বক্তব্য, হিজাব পরা ব্যক্তিগত ধর্মীয় সিদ্ধান্ত। সিএআইআর টেক্সাসে কর্মরত ছয় মুসলিম নারীর মধ্যে তিনজন হিজাব পরেন বলে তিনি জানান। তাঁর প্রশ্ন, ব্যক্তিগত ধর্মীয় অনুশীলনকে কীভাবে অন্যদের ওপর একটি আইন চাপিয়ে দেওয়ার পরিকল্পনা হিসেবে দেখা যায়?
ইসলামবিষয়ক গবেষক কামবিজ ঘানিয়াবাসিরি মনে করেন, মুসলিমদের ধর্মীয় বিশ্বাস মার্কিন সংবিধানের বিকল্প কোনো কর্তৃত্ব তৈরি করে, এমন ধারণা মূলত ভয় তৈরি করার রাজনৈতিক কৌশল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ক্যাথলিকদের নিয়েও একসময় একই ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
অস্টিনের মুসলিম নাগরিক শাকিল রাশেদের ভাষায়, মুসলিমরাও অন্য আমেরিকানদের মতোই সংবিধান মেনে নিজেদের ধর্ম পালন করতে চান। ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে এবং প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক না হয়ে নিজ নিজ বিশ্বাস পালন করাই তাদের প্রত্যাশা।
টেক্সাসে মুসলিমদের নিয়ে রাজনৈতিক বিতর্ক এখন শুধু শরিয়া আইনেই সীমাবদ্ধ নেই। কিছু রিপাবলিকান ও রক্ষণশীল নেতা হিজাব ও অন্যান্য ইসলামী পোশাকের ওপর বিধিনিষেধ, ইসলামিক চার্টার স্কুল বন্ধ এবং মুসলিমদের পেশাগত লাইসেন্স নিয়ে কঠোর পদক্ষেপের কথাও বলছেন। জানুয়ারিতে টেক্সাস আইনসভা অধিবেশনে বসার পর এসব প্রস্তাব নিয়ে আরও বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুসলিম নেতারা বলছেন, ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং কোনো ধর্মীয় আইনের নামে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন পরিবর্তনের প্রশ্নকে আলাদা করে দেখা প্রয়োজন। তাদের মতে, শরিয়া নিয়ে রাজনৈতিক বিতর্কের আগে এর ধর্মীয় ও ঐতিহাসিক অর্থ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।
সূত্র: দ্য টেক্সাস ট্রিবিউন
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রজুড়ে বৃহস্পতিবার উদ্যাপিত হচ্ছে ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উৎসব। ঘরে ঘরে রোস্ট করা টার্কির সুবাস আর পরিবারের সদস্যদের মিলনমেলার এই দিনে এবার মার্কিন নাগরিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম। গবেষণা প্রতিষ্ঠান দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার সাধারণ থ্যাংকসগিভিং ভোজের খরচ বেড়েছে ১১ শতাংশ। থ্যাংকসগিভিংয়ের মূল আকর্ষণ টার্কির দাম গত বছরের এই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি আনুষঙ্গিক সব খাবারের দামই বেড়েছে দুই অঙ্কের ঘরে। দেড় পাউন্ডের এক ব্যাগ সবুজ শিমের (গ্রিন বিনস) দাম ৩৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ দশমিক ৯৯ ডলার থেকে ৪ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া পাঁচ পাউন্ডের রাসেট আলুর দাম ৬ দশমিক ৮ শতাংশ এবং আপেল পাই তৈরিতে ব্যবহৃত তিন পাউন্ড গ্র্যানি স্মিথ আপেলের দাম ১০ দশমিক ২ শতাংশ বেড়েছে। দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের প্রধান অর্থনীতিবিদ কাইল মুর এক বিবৃতিতে বলেন, থ্যাংকসগিভিং মূলত টেবিলের চারপাশে সবাইকে নিয়ে একসঙ্গে বসার উৎসব, কিন্তু এ বছর অনেক পরিবারকেই হিসাব কষতে হচ্ছে তারা কতজন অতিথিকে খাওয়ানোর সামর্থ্য রাখে। আমেরিকান ফার্ম ব্যুরোর পূর্বাভাস অনুযায়ী, ১০ জনের একটি ভোজের খরচ ৬ শতাংশ বাড়ছে, যা ২০২২ সালের রেকর্ড মূল্যবৃদ্ধির পর প্রথম। দাম বাড়ার কারণে অনেকেই পুরোনো প্রথায় পরিবর্তন আনছেন। নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা স্যাম ব্রেভারম্যান জানান, আগে তাঁর মা একাই পুরো আয়োজনের খরচ বহন করতেন। কিন্তু এবার খরচ ১৩০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা যে যার মতো খাবার তৈরি করে নিয়ে আসার (পটলাক) সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, ক্রেতাদের স্বস্তি দিতে ব্রুকলিনের গ্রিন ভ্যালি মুদিদোকানের মালিক বারিস আভসি জানান, মানুষের কষ্টের কথা ভেবে তিনি ডিম, দুধ ও চিনির মতো জরুরি পণ্যগুলো প্রায় কেনা দামে বিক্রি করছেন। তবে ওয়ালমার্টের মতো বড় রিটেইল চেইনগুলো ১০ জনের পূর্ণাঙ্গ হলিডে মিল প্যাকেজে গত বছরের তুলনায় ১২ শতাংশ ছাড় দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থা জ্বালানি ও সারের দাম বাড়িয়ে দিয়েছে। বসন্তকালীন চাষাবাদের মৌসুমে ইউরিয়া সারের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে সুপারমার্কেটের পণ্যে। এ ছাড়া স্টিলের ওপর শুল্ক আরোপের ফলে টিনজাত খাবারের দামও বেড়েছে। ক্যাম্বেলস স্যুপ জানিয়েছে, তারা তাদের ৬০ শতাংশ পণ্যের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়াচ্ছে। উৎসবের খরচ মেটাতে গিয়ে বড় ধরনের আর্থিক চাপে পড়েছেন মার্কিনিরা। অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠান লেন্ডিংট্রির এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার যাঁরা ভোজের আয়োজন করছেন, তাঁদের এক-তৃতীয়াংশই তীব্র আর্থিক চাপে আছেন। আয়োজকদের প্রায় ৬২ শতাংশই উৎসবের খরচ মেটাতে ঋণ নেওয়ার কথা ভাবছেন। এর মধ্যে ১৮ শতাংশ মানুষ ‘বাই নাউ, পে লেটার’ (বিএনপিএল) বা পরে পরিশোধের শর্তে কেনাকাটার ঋণের আশ্রয় নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আগস্টের এক প্রতিবেদনে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষ, তরুণ এবং কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে এ ধরনের ঋণ নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। খরচ বাড়ায় এবার থ্যাংকসগিভিংয়ে ভ্রমণের প্রবণতাও কিছুটা কমেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস অনুযায়ী, এবার ৮ কোটি ১৬ লাখের বেশি মানুষ ভ্রমণ করবেন, যা গত বছরের তুলনায় ১ লাখ ২১ হাজার কম। টানা তিন বছর ভ্রমণকারীর সংখ্যা বাড়ার পর এবারই প্রথম তা কমল। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিএনওর তথ্যমতে, প্রতি ১০ জনের মধ্যে ৭ জন মার্কিন নাগরিকই এবার ছুটিতে কোথাও ভ্রমণ না করার পরিকল্পনা করছেন। বর্তমানে প্রতি গ্যালন জ্বালানি তেলের গড় দাম ৩ দশমিক ৬১ ডলার, যা গত বছরের এই সময়ের (৩ দশমিক ০৬ ডলার) চেয়ে বেশি। অন্যদিকে, ভ্রমণবিষয়ক ওয়েবসাইট হপারের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া ৩১ শতাংশ বেড়ে গড়ে ৪০২ ডলারে পৌঁছেছে, যা গত এক দশকের মধ্যে থ্যাংকসগিভিং মৌসুমে সর্বোচ্চ। সূত্র: আল-জাজিরা 873 ডিএন
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা
লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ‘কিং টাইডস’ নামে পরিচিত বছরের সর্বোচ্চ জোয়ারের প্রভাবে ক্যালিফোর্নিয়ার কয়েকটি উপকূলীয় এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ফ্লোরিডাসহ পূর্ব উপকূলের কয়েকটি এলাকাতেও পানি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। কিছু এলাকায় কয়েক দশকের পুরোনো জোয়ারের রেকর্ড ভাঙারও আশঙ্কা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স লোকালের প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকসগিভিং সপ্তাহে দুই উপকূলেই জোয়ারের উচ্চতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। বিশেষ করে সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অন্তত ২ দশমিক ৮ ফুট বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। সান ফ্রান্সিসকোতে সর্বোচ্চ জোয়ারের আগের রেকর্ড ছিল ১৯৮৩ সালের ২৭ জানুয়ারি, যখন পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৯ ফুট বেশি উঠেছিল। নতুন পূর্বাভাস সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা তৈরি করেছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টি ও কোর্টে মাদেরার কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। হুমবোল্ট কাউন্টিতে বন্যার কারণে কয়েকটি উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম উপকূলের পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন ও ওরেগনের উপকূলীয় এলাকায় থ্যাংকসগিভিং পর্যন্ত উচ্চ জোয়ার, শক্তিশালী বাতাস ও বড় ঢেউয়ের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার ২০ থেকে ৩০ ফুট উঁচু ঢেউয়ের সতর্কতাও দেওয়া হয়েছিল। উচ্চ জোয়ারের কারণে ওয়াশিংটন স্টেট ফেরির কয়েকটি যাত্রাও বাতিল করা হয়েছে। অন্যদিকে, ফ্লোরিডার পাম বিচ থেকে মায়ামি পর্যন্ত আটলান্টিক উপকূলে বুধবার ও বৃহস্পতিবার সকালে জোয়ারের কারণে বন্যার আশঙ্কা রয়েছে। কয়েক দিন আগে দক্ষিণ ও মধ্য ফ্লোরিডার কিছু এলাকায় ধীরগতির ঝড়ের কারণে ১৭ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছিল। ফলে নতুন করে জোয়ারের পানি বাড়লে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি আরও জটিল হতে পারে। এ ছাড়া ফ্লোরিডার সেন্ট জনস নদী গত সপ্তাহে ১৯৫৩ সালের বন্যার রেকর্ড ভেঙেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নদীটির পানি বন্যাসীমার অন্তত ২ ফুট ওপরে থাকতে পারে। কেন হয় কিং টাইডস? কিং টাইডস বলতে বছরের কোনো নির্দিষ্ট এলাকায় দেখা দেওয়া অস্বাভাবিক উচ্চ জোয়ারকে বোঝায়। এটি কোনো বৈজ্ঞানিক পরিভাষা নয়। সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় একই সরলরেখায় এলে তাদের সম্মিলিত মহাকর্ষীয় আকর্ষণে সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় ওঠে। পূর্ণিমা ও অমাবস্যার সময় এ ধরনের জোয়ারের প্রভাব আরও বেশি দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ বছর চলমান সুপার এল নিনোর কারণে সমুদ্রের পানির স্বাভাবিক উচ্চতা বেড়ে যাওয়ায় কিং টাইডসের প্রভাব আরও তীব্র হয়েছে। দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও উপকূলীয় বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। উচ্চ জোয়ারের সময় ঝড়, শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাত একসঙ্গে হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।আবহাওয়া দপ্তর উপকূলীয় বাসিন্দাদের স্থানীয় সতর্কতা অনুসরণ, উঁচু ঢেউয়ের সময় সমুদ্রসৈকত, পিয়ার ও পাথুরে এলাকায় যাওয়া থেকে বিরত থাকা এবং প্লাবিত সড়কে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে। সংবাদ সূত্র LiveNOW from FOX 876TR
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
থ্যাংকসগিভিং উৎসবের আগে শিকাগোর একটি খাদ্য সহায়তা প্রতিষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। সেখানে তাঁরা শুধু অতিথি হিসেবে যাননি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিজেরাই পরিবারের জন্য খাবারের বাক্স প্রস্তুত করেছেন। বুধবার (২৫ নভেম্বর) শিকাগোর এনগলউড এলাকার ‘ডিওনস শিকাগো ড্রিম’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানে যান ওবামা দম্পতি। সেখানে তাঁরা প্রতিষ্ঠানের কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাজা ফল ও সবজি প্যাকেট করার কাজে অংশ নেন। এসব খাবার থ্যাংকসগিভিংয়ের আগে শিকাগোর বিভিন্ন পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা। প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে শিকাগোর প্রায় ৫ হাজার ৪০০ মানুষের কাছে তাজা ফল ও সবজি পৌঁছে দেয়। খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০২০ সালে একটি কমিউনিটি ফ্রিজের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন ডিওন ডসন। বর্তমানে এটি একটি বড় খাদ্য সহায়তা কার্যক্রমে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডিওন ডসন জানান, ওবামা দম্পতির আসার খবর তিনি মাত্র এক ঘণ্টা আগে পেয়েছিলেন। তাঁদের আকস্মিক উপস্থিতিতে কর্মী ও স্বেচ্ছাসেবকেরা আনন্দিত ও বিস্মিত হন। খাবার প্যাকেট করার সময় বারাক ওবামা ও মিশেল ওবামা নিজেদের জীবনের অভিজ্ঞতা নিয়েও মজার কথাবার্তা বলেন। তাঁদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে খাদ্য সহায়তা কার্যক্রম চলছে। এমন সময়ে সাবেক প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর সরাসরি স্বেচ্ছাসেবায় অংশ নেওয়াকে স্থানীয় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংবাদসূত্র: এবিসি৭ শিকাগো।874 এসকিউ
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক

