হাসপাতালের বেডে শিকলবন্দী আইসিই আটক অভিবাসী, অস্ত্রোপচারের পরও স্বজনদের সাক্ষাতে নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার হেফাজতে থাকা ৪১ বছর বয়সী আলিমামি সেসাই একাধিক অস্ত্রোপচারের পরও নিউ জার্সির নিউয়ার্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পায়ের সঙ্গে বিছানায় শিকলবন্দী থাকছেন বলে অভিযোগ করেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকলেও তাঁর বাগদত্তা ও পাঁচ মাস বয়সী ছেলেকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।
সেসাইকে গত ২৮ মে আইসিই আটক করে। হারিয়ে যাওয়া চালকের লাইসেন্সের পরিবর্তে প্রয়োজনীয় অভিবাসন-সংক্রান্ত নথি নিতে তিনি নিজেই নিউয়ার্কের একটি ফেডারেল ভবনে গিয়েছিলেন। সেখানে অপেক্ষা করার সময় একজন আইসিই কর্মকর্তা তাঁকে জানান, তদারকি আদেশ অনুযায়ী তিনি একটি নির্ধারিত সাক্ষাতে উপস্থিত হননি। এরপর তাঁকে আটক করা হয় এবং ইউনিয়ন কাউন্টির এলিজাবেথ কন্ট্রাক্ট ডিটেনশন সেন্টারে রাখা হয়।
জুলাইয়ের শুরুতে অন্ত্রের সমস্যার চিকিৎসার জন্য সেসাইকে নিউয়ার্কের ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। প্রায় দুই মাস হাসপাতালে থাকার সময়ে তাঁর একাধিক অস্ত্রোপচার হয়েছে। এর মধ্যে গত মাসে তাঁর বৃহদান্ত্রের একটি অংশ অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর পেটের বড় ক্ষত বন্ধ রাখতে চামড়া প্রতিস্থাপন করা হয়েছে। ক্ষত থেকে তরল বের করার জন্য পেটে একটি নলও রাখা হয়েছে এবং অন্তত ছয় মাস তাঁকে কলোস্টমি ব্যাগ ব্যবহার করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হাসপাতালে থাকার সময়ে সেসাইয়ের ওজনও দ্রুত কমেছে। আটকের সময় তাঁর ওজন ২০০ পাউন্ডের বেশি ছিল। বৃহস্পতিবার পর্যন্ত তা কমে ১৩৪ পাউন্ডে দাঁড়িয়েছে। ক্ষত পরিষ্কার করার সময় চিকিৎসকদের সহায়তা করতে হয় বলেও তিনি জানিয়েছেন। তাঁর ভাষ্য, চিকিৎসকেরা ক্ষত পরিষ্কার করার সময় কখনো কখনো বেশি চাপ প্রয়োগ করেন, তাই তিনি নিজেই ক্ষত পরিষ্কারের কাজে সহযোগিতা করেন।
সেসাইয়ের অভিযোগ, শারীরিকভাবে গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও প্রায়ই তাঁর পা বিছানার সঙ্গে শিকল বা হাতকড়া দিয়ে আটকানো থাকে। এতে অস্বস্তি হয় এবং ঘুমাতেও সমস্যা হয় বলে জানান তিনি। তবে তাঁর সবচেয়ে বড় উদ্বেগ হলো, হাসপাতালে থাকার সময়ে তাঁর বাগদত্তা জেনা কার্টার এবং তাঁদের পাঁচ মাস বয়সী ছেলে কিং সালিম সেসাইকে দেখতে দেওয়া হচ্ছে না।
কার্টার জানান, সেসাই হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক সপ্তাহ পর পর্যন্ত তিনি বিষয়টি জানতেন না। জুলাইয়ে তিনি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেও সেসাইয়ের শারীরিক অবস্থা বা চিকিৎসা সম্পর্কে কোনো তথ্য জানতে পারেননি এবং তাঁকে দেখার অনুমতিও দেওয়া হয়নি। ২০ আগস্ট হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমবার সেসাইয়ের সঙ্গে ফোনে কথা বলতে পারেন তিনি। পরে সেসাইয়ের একটি ছবি দেখে তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কার্টার।
ইউনিভার্সিটি হাসপাতালের কাছে জানতে চাওয়া হয়েছিল, আটক ব্যক্তি ও অন্য রোগীদের দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে কোনো পার্থক্য করা হয় কি না এবং এ বিষয়ে আইসিই কোনো নির্দেশনা দিয়েছে কি না। হাসপাতাল এসব প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জানায়, তাদের চিকিৎসক, নার্স ও চিকিৎসা দল প্রত্যেক রোগীকে সহানুভূতিশীল ও মানসম্মত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
অভিবাসন অধিকারকর্মীদের দাবি, সেসাইয়ের ঘটনা বিচ্ছিন্ন নয়। তাঁদের মতে, নিউ জার্সির এলিজাবেথ ও নিউয়ার্কের ডেলানি হলসহ বিভিন্ন আটককেন্দ্রের আটক ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বজনদের সঙ্গে দেখা করতে না দেওয়ার ঘটনা ঘটেছে। ২০২৬ সালের জানুয়ারিতে কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে হাসপাতালে ভর্তি আটক ব্যক্তিদের বিষয়ে স্বজনদের তথ্য না দেওয়ার বিষয়টি দেশজুড়ে দেখা যায় এমন ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল।
সেসাইয়ের চিকিৎসার পাশাপাশি এলিজাবেথ ডিটেনশন সেন্টারে থাকার সময় একজন নার্সের বিরুদ্ধে শারীরিক ও মৌখিক যৌন নির্যাতনের অভিযোগও করেছেন তিনি। তাঁর অভিযোগ অনুযায়ী, ঘাড় ও কাঁধের ব্যথার চিকিৎসার জন্য সেখানে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে। ডিটেনশন সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান কোরসিভিক জানিয়েছে, অভিযোগটি তদন্ত করা হয়েছে এবং তা ভিত্তিহীন পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাদের নিয়ম অনুযায়ী বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে।
সেসাইয়ের আইনজীবী র্যাচেল মারানডেট তাঁকে আইসিই হেফাজত থেকে মুক্ত করতে নিউ জার্সির ফেডারেল আদালতে আবেদন করেছেন। আটক ব্যক্তিদের করা এ ধরনের আবেদনের মাধ্যমে সরকারকে কোনো ব্যক্তিকে হেফাজতে রাখার আইনি ভিত্তি আদালতের কাছে ব্যাখ্যা করতে হয়। সেসাইয়ের আবেদনটি নিউয়ার্কের ফেডারেল আদালতের বিচারক মাইকেল শিপের সামনে বিচারাধীন রয়েছে।
সেসাই কিশোর বয়সে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন থেকে যুক্তরাষ্ট্রে আসেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশটির ১১ বছরের গৃহযুদ্ধের সময় মা ও ভাইবোনদের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন। তবে প্রায় এক দশক আগে গাঁজা-সংক্রান্ত একটি মামলায় দণ্ডিত হওয়ার পর তাঁর স্থায়ী বসবাসের অনুমতি বাতিল হয় বলে তাঁর আইনজীবী জানিয়েছেন।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ২০১৬ সালে সেসাইকে বহিষ্কার স্থগিত রাখার আদেশ এবং তদারকির আওতায় থাকার অনুমতি দেওয়া হয়েছিল। এর ফলে তিনি যুক্তরাষ্ট্রে কাজও করতে পারতেন। সেসাই সায়রভিলে একটি গুদামে কাজ করতেন। কয়েক বছর আগে এক অনুষ্ঠানে জেনা কার্টারের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের সন্তান জন্ম নেয় এবং তাঁরা নিউ জার্সিতে একটি বাড়ি কেনার পরিকল্পনা করছিলেন।
সেসাই বলেছেন, যুক্তরাষ্ট্রই তাঁর বাড়ি এবং এখানেই তিনি তাঁর ছেলেকে বড় করতে চান। তাঁর ভাষ্য, জীবনের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটানোর পর সিয়েরা লিওনে ফিরে যাওয়া তাঁর জন্য কঠিন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, তা জানা নেই।
সূত্র: এনজে ডটকম
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং দিবসকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বোস্টন সিটি কাউন্সিল। আদিবাসীদের ইতিহাস, ভূমি হারানো এবং ঔপনিবেশিক শাসনের কারণে তাঁদের ওপর সংঘটিত নির্যাতন ও নিপীড়নের স্মরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ নভেম্বর থ্যাংকসগিভিং দিবসেই এ স্বীকৃতি কার্যকর হবে। বোস্টন সিটি কাউন্সিলের ১৮ নভেম্বরের সভায় এ বিষয়ে একটি প্রস্তাব পাস হয়। কাউন্সিলর বেঞ্জামিন ওয়েবার প্রস্তাবটি উত্থাপন করেন। পরে কাউন্সিলর রুথজি লুইজেউন ও জুলিয়া মেহিয়াসহ অন্য সদস্যরা এতে সহপ্রস্তাবক হিসেবে যুক্ত হন। কাউন্সিলের নথি অনুযায়ী, প্রস্তাবটি পাস হয়েছে।‘ন্যাশনাল ডে অব মর্নিং’ বা জাতীয় শোক দিবসের ইতিহাস ১৯৭০ সাল থেকে শুরু। প্রতিবছর থ্যাংকসগিভিংয়ের দিন ম্যাসাচুসেটসের প্লাইমাউথ শহরের কোলস হিলে আদিবাসী জনগোষ্ঠী ও তাঁদের সমর্থকেরা সমবেত হন। ওয়াম্পানোয়াগ নেতা ওয়ামসুত্তা ফ্রাঙ্ক জেমস এবং ইউনাইটেড আমেরিকান ইন্ডিয়ানস অব নিউ ইংল্যান্ডের উদ্যোগে এ আয়োজন শুরু হয়েছিল। আয়োজকদের কাছে থ্যাংকসগিভিং শুধু কৃতজ্ঞতা প্রকাশের উৎসব নয়; এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায় স্মরণ করার দিনও। তাঁদের মতে, ইউরোপীয় উপনিবেশ স্থাপনের ফলে আদিবাসীরা তাঁদের পূর্বপুরুষের ভূমি হারিয়েছেন, তাঁদের সংস্কৃতি ও জীবনযাত্রা ধ্বংসের মুখে পড়েছে এবং দীর্ঘদিন ধরে সহিংসতা, বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন। বোস্টন কাউন্সিলর জুলিয়া মেহিয়া বলেন, স্কুলে থ্যাংকসগিভিং সম্পর্কে প্রচলিত যে ইতিহাস শেখানো হয়, তাতে আদিবাসীদের ওপর উপনিবেশবাদের ভয়াবহ পরিণতির বিষয়টি যথাযথভাবে উঠে আসে না। তাঁর মতে, এসব অন্যায় শুধু অতীতের ঘটনা নয়; এর প্রভাব এখনো আদিবাসী জনগোষ্ঠীর জীবনে রয়েছে।কাউন্সিলর বেঞ্জামিন ওয়েবারও বলেন, থ্যাংকসগিভিংয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দ উদ্যাপনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইতিহাসের পূর্ণাঙ্গ সত্য এবং আদিবাসীদের ওপর ঘটে যাওয়া অন্যায় স্মরণ করা প্রয়োজন। তিনি আদিবাসীদের অধিকার ও তাঁদের সংস্কৃতি রক্ষায় কাজ করা সংগঠনগুলোর পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেন। এটি বোস্টন সিটি কাউন্সিলের টানা তৃতীয় বছরের এমন স্বীকৃতি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি একটি প্রতীকী ও আনুষ্ঠানিক স্বীকৃতি। এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির তালিকা বা বোস্টন শহরের সরকারি কার্যক্রমে কোনো পরিবর্তন আসছে না। এটি শুধু বোস্টন শহরের কাউন্সিলের পক্ষ থেকে আদিবাসীদের ইতিহাস ও তাঁদের শোক পালনের প্রতি সংহতি প্রকাশ। সংবাদ সূত্র City Council Legislative - City of Boston,Fox News ৮৭৬টিআর
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। জাতিসংঘের হিসাব তুলে ধরে তিনি বলেন, ওই আন্দোলনে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। তাঁদের অনেকেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় ২৪ নভেম্বর মঙ্গলবার নিউইয়র্কে আয়োজিত ওই সেমিনারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বক্তব্য দেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে সংঘর্ষের সময় নিহত ছয় বছর বয়সী এক শিশুর কথা বিশেষভাবে স্মরণ করেন হ্যারি টমাস। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বর্তমান গণতান্ত্রিক অবস্থানে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আন্দোলনের সময় সহিংসতায় নিহত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও স্মরণ করার আহ্বান জানান। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে হ্যারি টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র কোনো দেশের ওপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। দেশের জনগণকেই নিজেদের গণতান্ত্রিক ভবিষ্যৎ বেছে নিতে হয়। গত ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণ সেই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রদূত। পাশাপাশি গণতন্ত্রকে শক্তিশালী করতে কার্যকর বিরোধী দল, বাকস্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দেন তিনি। বর্তমান সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হ্যারি টমাস। রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটকের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান অনুযায়ী প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করতে হবে। সেমিনার শেষে নিজের লিংকডইন অ্যাকাউন্টেও বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন হ্যারি টমাস। সেখানে অতীতের অন্যায়ের বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজন থেকে বেরিয়ে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সূত্র: দৈনিক ইনকিলাব 871 এসএ
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী অবস্থানের শীর্ষ অঙ্গরাজ্যের তালিকায় ক্যালিফোর্নিয়াকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে নিউইয়র্ক। সাম্প্রতিক 'ওপেন ডোরস ২০২৬' প্রতিবেদনে দেখা গেছে, সামগ্রিক বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমলেও বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর রেকর্ড গড়েছে। নিউইয়র্কের শীর্ষস্থান ও অঙ্গরাজ্যগুলোর চিত্র 'ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন ' (আইআইই)-এর তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ১৬৩ জনে, যা আগের বছরের তুলনায় ২.৭ শতাংশ কম। ২০২০–২১ শিক্ষাবর্ষের পর এটিই প্রথম বার্ষিক পতন। নতুন পরিসংখ্যানে ১ লাখ ৩৩ হাজার ৭১৫ জন শিক্ষার্থী নিয়ে নিউইয়র্ক শীর্ষে রয়েছে (বার্ষিক পরিবর্তন -৩.০ শতাংশ)। ১ লাখ ৩১ হাজার ২৭৬ জন শিক্ষার্থী নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ক্যালিফোর্নিয়া (-৫.৮ শতাংশ)। দুই অঙ্গরাজ্যের ব্যবধান মাত্র ২ হাজার ৪৩৯ জন। শীর্ষ দশ অঙ্গরাজ্যের মধ্যে কেবল টেক্সাস (৯৮ হাজার ৯০২ জন, +১.৯ শতাংশ) এবং ইলিনয় (৬৭ হাজার ৩৮৯ জন, +১.১ শতাংশ) ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে। ক্যাম্পাসের দিক থেকে ২৬ হাজার ৫৯৫ জন বিদেশি শিক্ষার্থী নিয়ে শীর্ষে রয়েছে নিউইয়র্ক ইউনিভার্সিটি (এনওয়াইইউ)। বাংলাদেশের রেকর্ডসহ দেশের ভিত্তিতে প্রবণতা সামগ্রিক সংখ্যা কিছুটা কমলেও আটটি দেশ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে সর্বকালের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাঠিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর মধ্যে— বাংলাদেশ: ১১.৮ শতাংশ প্রবৃদ্ধিতে ২২ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী নিয়ে নতুন রেকর্ড গড়েছে। নেপাল: ১৭ শতাংশ বেড়ে ২৯ হাজার ৫৮ জনে পৌঁছেছে, যা শীর্ষ উৎস দেশগুলোর তালিকায় নেপালকে পঞ্চম অবস্থানে নিয়ে এসেছে। পাকিস্তান: ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। এছাড়া ভিয়েতনাম (+৭ শতাংশ), কলম্বিয়া (+৫ শতাংশ), কানাডা (+৪ শতাংশ), ঘানা (+৩ শতাংশ) এবং ইতালি (+১ শতাংশ) রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পাঠিয়েছে। অন্যদিকে, ৩ লাখ ৩৯ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী নিয়ে ভারত শীর্ষ অবস্থানে থাকলেও সংখ্যা কমেছে ৬.৫ শতাংশ এবং চীনের শিক্ষার্থীর সংখ্যা ৪.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫৮ জনে। এই দুই দেশ মিলেই মোট বিদেশি শিক্ষার্থীর ৫১.৮ শতাংশ দখল করে আছে। ওপিটি ও নতুন ভর্তির বদলে যাওয়া হিসাব ওপেন ডোরস প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং পড়াশোনা শেষে 'অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ' (ওপিটি)-এ থাকা স্নাতকদের হিসাব একসঙ্গে ধরা হয়। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে নিয়মিত ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ৮.৩ শতাংশ কমে ৮ লাখ ১০ হাজার ৩৭৮ জনে দাঁড়ালেও ওপিটিতে থাকা শিক্ষার্থীর সংখ্যা ১৪.১ শতাংশ বেড়ে হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৭৮৫ জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তি ১৭.৭ শতাংশ কমে ২ লাখ ৭৭ হাজার ১১৮ জন থেকে ২ লাখ ২৮ হাজার ১২৩ জনে নেমে এসেছে। স্নাতকোত্তর পর্যায়ে নতুন ভর্তি কমেছে ২৫.৬ শতাংশ এবং মাস্টার্স পর্যায়ে মোট শিক্ষার্থী কমেছে ২২.৪ শতাংশ। তবে ডক্টরাল পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ৩.১ শতাংশ বেড়ে ১ লাখ ৫৮ হাজার ১৫২ জনে পৌঁছেছে এবং স্নাতক পর্যায় প্রায় স্থিতিশীল (-০.৩ শতাংশ) রয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া। 873 ডিএন
নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া
ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

