যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে জলাতঙ্ক নিয়ে সতর্কতা, বাড়ছে সংক্রমিত প্রাণীর সংখ্যা
যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে প্রাণীদের মধ্যে জলাতঙ্কের ঘটনা বাড়ায় জনস্বাস্থ্য কর্মকর্তারা সতর্কতা জারি করেছেন। নর্থ ক্যারোলাইনায় একটি ভ্রাম্যমাণ পেটিং জুর কয়েকটি ছাগলের শরীরে জলাতঙ্ক শনাক্ত হওয়ার পর শত শত মানুষের সম্ভাব্য সংস্পর্শের বিষয়টি মূল্যায়ন করা হচ্ছে। একই সময়ে আইডাহোতে এ বছর ইতোমধ্যে ২৪টি জলাতঙ্ক আক্রান্ত বাদুড় শনাক্ত হয়েছে, আর টেক্সাসের সান আন্তোনিও এলাকায় বন্যপ্রাণীর মধ্যে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
নর্থ ক্যারোলাইনার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, ২ সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলো পেটিং জুর ছাগলের সংস্পর্শে আসা ২৮৪ জনের জলাতঙ্কের ঝুঁকি মূল্যায়ন করেছে। তাদের মধ্যে ২১৩ জনকে পোস্ট এক্সপোজার প্রফাইল্যাক্সিস বা পিইপি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসব মানুষ ২৮ জুলাই থেকে ২৭ আগস্টের মধ্যে ফার্ম অ্যাডভেঞ্চার্স নামের একটি ভ্রাম্যমাণ পেটিং জুর ছাগলের সংস্পর্শে এসেছিলেন।
অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আইরেডেল কাউন্টির হারমোনিতে থাকা ওই পেটিং জুর তিনটি বাচ্চা ছাগলের পরীক্ষায় জলাতঙ্ক শনাক্ত হয়েছে। আরেকটি ছাগল পরীক্ষা করা না হলেও সেটিও আক্রান্ত ছিল বলে ধরে নেওয়া হয়েছে। কর্মকর্তাদের ধারণা, জুলাইয়ের শেষ দিকে ছাগলগুলোর খোঁয়াড়ে ঢুকে পড়া একটি স্কাঙ্কের মাধ্যমে তাদের মধ্যে ভাইরাস ছড়াতে পারে।
ছাগলগুলো নর্থ ক্যারোলাইনার বিভিন্ন এলাকায় শিশু, বয়স্ক ব্যক্তি ও সাধারণ মানুষের জন্য আয়োজিত একাধিক অনুষ্ঠানে নেওয়া হয়েছিল। ফলে সম্ভাব্য সংস্পর্শের পরিধিও বড় হয়েছে। আক্রান্ত ছাগলগুলোর সংস্পর্শে আসা ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা প্রয়োজন কি না তা নির্ধারণ করতে বলা হয়েছে।
এদিকে আইডাহোতেও জলাতঙ্ক নিয়ে উদ্বেগ বেড়েছে। অঙ্গরাজ্যের স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ২৪টি জলাতঙ্ক আক্রান্ত বাদুড় পরীক্ষায় শনাক্ত হয়েছে। গত তিন বছরের যেকোনো পুরো বছরের তুলনায় এই সংখ্যা বেশি। বাদুড়ের সংস্পর্শে আসার সম্ভাব্য ঘটনা নিয়েও স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে আগের তুলনায় বেশি ফোন আসছে।
কর্মকর্তারা জানিয়েছেন, মানুষের বসতি বাড়ার কারণে বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংস্পর্শ বাড়তে পারে। তবে আইডাহোতে বাদুড়ের সংক্রমণ বৃদ্ধির সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। বাসিন্দাদের বাদুড় ধরতে বা স্পর্শ না করতে এবং মানুষ বা পোষা প্রাণীর সম্ভাব্য সংস্পর্শ ঘটলে দ্রুত স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ নিতে বলা হয়েছে।
টেক্সাসের সান আন্তোনিওতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। শহরটির স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন ও জুলাইয়ে বেক্সার কাউন্টিতে বন্যপ্রাণীর মধ্যে ২২টি জলাতঙ্কের ঘটনা শনাক্ত হয়েছে। এর আগের দুই বছরের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র দুই থেকে তিনটি।
এ সময় এক পোষা কুকুরের শরীরেও জলাতঙ্ক শনাক্ত হয়েছে, যা বেক্সার কাউন্টিতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো পোষা কুকুরের প্রথম নিশ্চিত সংক্রমণ। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কুকুরটি জুলাইয়ের শেষ দিকে একটি বাচ্চা স্কাঙ্ক মেরে ফেলার পর অসুস্থ হয়ে পড়ে। পরে পরীক্ষায় তার শরীরে জলাতঙ্কের ভাইরাস শনাক্ত হয়। সংস্পর্শে আসা মানুষ ও অন্যান্য পোষা প্রাণীকে প্রয়োজন অনুযায়ী প্রতিরোধমূলক চিকিৎসা দেওয়া হয়েছে।
জলাতঙ্ক একটি ভাইরাসজনিত রোগ, যা সাধারণত আক্রান্ত প্রাণীর কামড়, আঁচড় বা লালার সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। বন্য প্রাণী, বিশেষ করে বাদুড়, স্কাঙ্ক, র্যাকুন ও শেয়াল এ ভাইরাসের গুরুত্বপূর্ণ বাহক। আক্রান্ত প্রাণীর লালা চোখ, মুখ, নাক বা কাটা-ছেঁড়া ত্বকে লাগলেও সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে।
সবচেয়ে বড় ঝুঁকি হলো, জলাতঙ্কের উপসর্গ শুরু হয়ে গেলে রোগটি প্রায় সব ক্ষেত্রেই প্রাণঘাতী। তবে সম্ভাব্য সংস্পর্শের পর উপসর্গ দেখা দেওয়ার আগেই দ্রুত পিইপি নেওয়া হলে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা তাই পোষা কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীর জলাতঙ্কের ভ্যাকসিন আপডেট রাখার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে অপরিচিত বা বন্য প্রাণীকে স্পর্শ না করা এবং কোনো প্রাণীর কামড়, আঁচড় বা লালার সম্ভাব্য সংস্পর্শ ঘটলে দেরি না করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreশিশুদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চ্যাটবটযুক্ত খেলনা উৎপাদন, বিতরণ ও বিক্রির ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। গত ২৪ নভেম্বর গভর্নর ক্যাথি হোকুল এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন। আইনটি স্বাক্ষরের ৯০ দিন পর অর্থাৎ আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় আনা আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি লঙ্ঘনের জন্য প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেওয়ানি জরিমানা আদায় করতে পারবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল। মূলত ১২ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য তৈরি খেলনা—যেমন পুতুল, টেডি বিয়ার বা রোবট, যেগুলো ইন্টারনেট সংযোগের মাধ্যমে এআই কম্প্যানিয়ন হিসেবে শিশুদের সঙ্গে কথোপকথন চালাতে পারে—এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। তবে পূর্বনির্ধারিত সীমিত শব্দ বা বাক্য ব্যবহৃত হয় এমন সাধারণ অফলাইন খেলনা এর আওতায় পড়বে না। পাশাপাশি এই খেলনাগুলো নিজের কাছে রাখা বা ব্যবহার করা অবৈধ ঘোষণা করা হয়নি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যবেক্ষক ও ভোক্তা অধিকার সংস্থার পরীক্ষায় এআই চ্যাটবটযুক্ত খেলনার বিরুদ্ধে উদ্বেগজনক সব তথ্য উঠে আসার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। পরীক্ষায় দেখা গেছে, কথোপকথনের একপর্যায়ে কিছু খেলনা শিশুদের সঙ্গে অনুপযুক্ত বা যৌনতা-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে এবং দেশলাই, ছুরি বা ওষুধের মতো বিপজ্জনক জিনিস খুঁজে বের করার বা ব্যবহারের পরামর্শ দিয়েছে। এ ছাড়া দীর্ঘ সময় কথা বললে অভিভাবকদের নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়া, শিশুদের আবেগগতভাবে প্রভাবিত করা এবং অনুমতি বা সুরক্ষা ছাড়াই কণ্ঠস্বর ও মুখাবয়বের তথ্য সংগ্রহের মতো ঝুঁকিও সামনে এসেছে। আইনটি আগামী ৯০ দিন পর কার্যকর হওয়ায় আসন্ন বড়দিন ও ছুটির মৌসুমের কেনাকাটায় এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। ফলে এ সময় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। উপহার হিসেবে খেলনা কেনার আগে সেটি শিশুদের সঙ্গে অবাধে কথা বলতে পারে কি না এবং কী ধরনের তথ্য সংগ্রহ করে, তা যাচাই করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি চ্যাটবট ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে সতর্কতামূলক লেবেল যুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান 873 ডিএন
ব্ল্যাক ফ্রাইডেতে বাড়তি খরচ কমাতে কেনাকাটার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়
ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ। পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়। এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন। ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি। সূত্র: ফক্স ১৩ নিউজ 871 এসএ
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ। টেক্সাসে মুনাফা কম কেন? স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে। হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে। তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ। দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে। তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে। সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

