সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ফিলাডেলফিয়ায় রহস্যময় বাড়িতে নিখোঁজ ৫ নারী, তদন্তে একের পর এক ভ য়ংকর তথ্য

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১৮:৫০
ফিলাডেলফিয়ায় রহস্যময় বাড়িতে নিখোঁজ ৫ নারী, তদন্তে একের পর এক ভ য়ংকর তথ্য
ফিলাডেলফিয়ায় রহস্যময় বাড়িতে নিখোঁজ ৫ নারী, তদন্তে একের পর এক ভ য়ংকর তথ্য

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ওলনি এলাকার একটি বাড়িকে কেন্দ্র করে চলা দীর্ঘ তদন্তে এবার নতুন করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ফিলাডেলফিয়া পুলিশের তদন্তে ওই বাড়ির সঙ্গে নিখোঁজ পাঁচজন নারীর সম্পৃক্ততা পাওয়া গেছে। মঙ্গলবার ফিলাডেলফিয়া পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডব্লিউপিভিআই জানিয়েছে, নিখোঁজ ওই নারীদের মধ্যে সর্বশেষ যুক্ত হয়েছেন নিকোল ফুসারো, যিনি ২০১৮ সালে মাত্র ২৭ বছর বয়সে নিখোঁজ হন।

 

পুলিশ কমিশনার কেভিন বেথেল জানিয়েছেন, তদন্তের এই পর্যায়ে চলতি সপ্তাহেই নতুন কোনো বড় আপডেট আসতে পারে। মূলত ৪৪ বছর বয়সী ইউজিন হর্শের বাড়িকে কেন্দ্র করেই গত জুন মাস থেকে এই ব্যাপক তল্লাশি ও তদন্ত কার্যক্রম চলছে।

 

এই মামলার সঙ্গে যুক্ত নিখোঁজ অন্য নারীদের মধ্যে রয়েছেন গ্যাব্রিয়েল আমারান্দো, যিনি ২০১২ সালে ২২ বছর বয়সে নিখোঁজ হন এবং মারিবেল ফ্রেসেস, যিনি ২০১৮ সালে ২৭ বছর বয়সে নিখোঁজ হন। গত মাসে পুলিশ জানিয়েছিল যে, তদন্তে উদ্ধার হওয়া বেশ কিছু ছবি ও ভিডিওতে ওই দুই নারীকে দেখা গেছে এবং ধারণা করা হচ্ছে তারা আর বেঁচে নেই। তবে এখন পর্যন্ত তাদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

 

এই রহস্যময় ঘটনার সূত্রপাত হয় ২০২৩ সালে নিখোঁজ হওয়া ৩৫ বছর বয়সী ব্লেয়ার টনজেলির অন্তর্ধানের মধ্য দিয়ে। ইউজিন হর্শকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তার সঙ্গে থাকা এক নারীর কাছে টনজেলির নাম লেখা একটি পরিচয়পত্র পাওয়া যায়। ওই নারী পুলিশকে জানিয়েছিলেন যে, হর্শই তাকে ওই আইডি কার্ডটি দিয়েছিলেন।

 

এছাড়া ২০১৬ সালে নিখোঁজ হওয়া ৪৪ বছর বয়সী অ্যামি ম্যাকহেলকেও সর্বশেষ এই বাড়িতেই দেখা গিয়েছিল বলে তার পরিবার নিশ্চিত করেছে। ম্যাকহেল ছিলেন ইউজিন হর্শের প্রয়াত বাবা রেমন্ড হর্শের স্ত্রী।

 

তদন্তের একটি বড় অংশ জুড়ে রয়েছেন রেমন্ড হর্শ। পুলিশের একটি সূত্র জানিয়েছে, তদন্তকারীরা এমন একটি ভিডিও উদ্ধার করেছেন, যেখানে রেমন্ডকে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করতে দেখা গেছে; যদিও ওই নারীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বর্তমানে আগ্নেয়াস্ত্র আইনের মামলায় ফেডারেল হেফাজতে রয়েছেন ইউজিন হর্শ।

 

গত ১৯ জুন রাতে ইনডিপেনডেন্স মলের কাছে একটি কালো বিএমডব্লিউ গাড়ি সন্দেহজনকভাবে পার্ক করা অবস্থায় দেখে এক পার্ক রেঞ্জার তাদের পরিচয় জানতে চাইলে পুরো ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ রাসায়নিক পদার্থ, মাদক, আগ্নেয়াস্ত্র এবং পানির পাইপের সঙ্গে যুক্ত একটি বড় ড্রাম উদ্ধার করে। বাড়ির সামনের মাটির নিচের পাইপগুলোও পরীক্ষার জন্য তুলে নেওয়া হয়েছে।

 

এছাড়া সিরিয়াল কিলার টেড বান্ডি ও লাশ গুম করার পদ্ধতি নিয়ে লেখা একটি নোটও ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়। গত জুলাইয়ের শুরুতে অবৈধ অস্ত্র রাখা এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহারের দায়ে ইউজিন হর্শের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে
সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সাবওয়ে ট্রেনে উচ্ছৃঙ্খল আচরণ করতে নিষেধ করায় দুই যুবকের নির্মম মারধরের শিকার হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন ৪২ বছর বয়সী এক যাত্রী। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ব্রুকলিনের ফোর্ট হ্যামিল্টন পার্কওয়ে স্টেশনের কাছাকাছি ম্যানহাটানগামী ‘ডি’ (D) ট্রেনে এই ঘটনা ঘটে। ওই সময় ট্রেনে থাকা দুই কিশোর বা যুবক উচ্চশব্দে বা উচ্ছৃঙ্খল আচরণ করছিল এবং ভুক্তভোগী যাত্রী তাদের শান্ত থাকতে বলেন।   পুলিশ জানিয়েছে, ট্রেনের দরজা খুলতেই অভিযুক্ত দুই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্ল্যাটফর্মে নেমে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি ঘুষি ও লাথি মারতে শুরু করে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মুখের বিভিন্ন স্থানে কেটে যায়। পরে তাঁকে দ্রুত মাইমোনিডেস মেডিকেল সেন্টারে নেওয়া হয়, যেখানে গতকাল বৃহস্পতিবারও তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল বলে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে।   হামলাকারীরা ঘটনার পরপরই পালিয়ে যায় এবং এখনো অধরা রয়েছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের একজনের পরনে ছিল লাল হুডি ও কালো সোয়েটপ্যান্ট এবং অপরজনের পরনে ছিল কালো জ্যাকেট ও কালো সোয়েটপ্যান্ট।   এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই বুধবার সকালে ব্রঙ্কস এলাকায় আরেকটি বিনা উসকানির হামলার ঘটনা ঘটে, যেখানে এক অপরিচিত ব্যক্তি চলন্ত ট্রেনের দিকে এক যাত্রীকে ধাক্কা দেয়। কর্তৃপক্ষের তথ্যমতে, সকাল ৭টা ২০ মিনিটের দিকে পেলহ্যাম পার্কওয়ে স্টেশনে দক্ষিণমুখী ‘২’ নম্বর ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন ৫৭ বছর বয়সী ওই যাত্রী। সে সময় পেছন থেকে এক ব্যক্তি এসে তাঁকে চলন্ত ট্রেনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে।   যদিও ওই যাত্রী রেললাইনের ওপর পড়ে যাননি, তবে ধাক্কার তীব্রতায় তিনি সামনের দিকে ছিটকে পড়ে স্টেশনে ধীরগতিতে প্রবেশ করা ট্রেনের পাশের অংশে ধাক্কা খান। এতে তাঁর হাত ও গোড়ালিতে কেটে যায় এবং ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। কালো হুডি, কালো প্যান্ট, সানগ্লাস এবং নিচে নামানো ফেস মাস্ক পরিহিত ওই হামলাকারীও এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৬:৪২
লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী

লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী

গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের

গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের

গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আটক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা মার্কিন নাগরিকের

গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আটক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১০ লাখ ডলারের মামলা মার্কিন নাগরিকের

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ
আইস বন্দিদের ৯৭ হাজার মামলা সামলাতে সব শাখার আইনজীবীদের মাঠে নামাচ্ছে মার্কিন বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইস)-এর আটককেন্দ্রে থাকা অভিবাসীদের দায়ের করা হাজার হাজার আইনি আবেদন মোকাবিলায় বিচার বিভাগের (ডিওজে) সব দেওয়ানি (সিভিল) শাখার আইনজীবীদের জরুরি ভিত্তিতে মাঠে নামানোর নির্দেশ দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা তিন পৃষ্ঠার এক বিশেষ স্মারকে (মেমো) তিনি অভিবাসন-বহির্ভূত শাখায় কর্মরত আইনজীবীদেরও এসব মামলা লড়ার আহ্বান জানিয়েছেন।   বন্দিদের আটকাদেশ বৈধ কি না তা যাচাইয়ের জন্য দায়ের করা এসব ‘হেবিয়াস কর্পাস’ আবেদনকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে ব্লাঞ্চ দাবি করেছেন, মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকারকে ব্যাহত করার উদ্দেশ্যেই এই মামলাগুলো করা হচ্ছে।   বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৯৭ হাজার হেবিয়াস কর্পাস আবেদন জমা পড়েছে, যার মধ্যে শুধু গত অক্টোবর থেকেই দায়ের হয়েছে প্রায় ১০ হাজার নতুন মামলা—যেখানে সাধারণ সময়ে সারা বছরে মাত্র কয়েক শ এমন মামলা হতো।   প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে গণহারে অভিবাসী বহিষ্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পর থেকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) হিসাবে এ পর্যন্ত প্রায় ১২ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। মূলত ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আটক অভিবাসীদেরও অভিবাসন বিচারকের সামনে জামিন শুনানির (বন্ড হিয়ারিং) সুযোগ বাতিল করে বাধ্যতামূলক আটক নীতি চালু করার পরই বন্দিরা সরাসরি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের দ্বারস্থ হতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই স্মারকটি শেয়ার করে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ যেসব বিচারক আটক অভিবাসীদের আবেদন মঞ্জুর করেছেন, তাঁদের ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ওই বিচারকেরা অপরাধী অভিবাসীদের সমাজে ছেড়ে দিয়ে বহিষ্কার প্রক্রিয়া এড়াতে সহায়তা করছেন।   ব্লাঞ্চ জানান, মামলার প্রচণ্ড চাপে দেশের বিভিন্ন অঞ্চলের ইউএস অ্যাটর্নি অফিসগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণে অ্যান্টিট্রাস্ট, সিভিল রাইটস, সিভিল এবং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগসহ ইউএস ট্রাস্টিজ প্রোগ্রামের আইনজীবীদের আগামী ৩০ দিনের মধ্যে একটি ‘আক্রমণাত্মক আপিল কৌশল’ জমা দিতে এবং বেশি মামলা থাকা জেলাগুলোতে আইনজীবী মোতায়েন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিভাগের প্রায় ২ হাজার দেওয়ানি আইনজীবীর মধ্যে ঠিক কতজনকে এই কাজে লাগানো হবে, তা স্পষ্ট করা হয়নি।   অ্যাটর্নি জেনারেলের এই পদক্ষেপ ও বিচারকদের প্রতি করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অভিবাসন আইনজীবীরা। অভিবাসন আইনজীবী রেজা মাজাহেরি বিচারকদের ‘দুর্নীতিগ্রস্ত’ বলাকে সরাসরি ‘মানহানি’ হিসেবে উল্লেখ করে বলেন, কোনো সাধারণ আইনজীবী আদালতে এমন মন্তব্য করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতো।   অন্যদিকে, ন্যাশনাল ইমিগ্রেশন প্রজেক্টের স্টাফ অ্যাটর্নি ব্রিজেট প্রাঞ্জাতেলি নিউজউইক-কে বলেন, দশকের পর দশক ধরে চলে আসা আইনের ব্যাখ্যা হঠাৎ পরিবর্তন করে বেসরকারি কারাগার কোম্পানিগুলোর শয্যা পূর্ণ করার জন্য জামিন শুনানি বন্ধ করার কারণেই আজ ফেডারেল আদালতে মামলার এই পাহাড় জমেছে। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের এই বাধ্যতামূলক আটক নীতির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা ‘রোনি বনাম বারবোসা দা কুনহা’ (Rhoney v. Barbosa da Cunha) মামলার শুনানি ২০২৭ সালের শুরুতে মার্কিন সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে এবং আগামী বছরের জুন বা জুলাই নাগাদ চূড়ান্ত রায় আসার কথা রয়েছে, যা ঝুলে থাকা হাজার হাজার মামলার ভাগ্য নির্ধারণ করবে।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৪:৪৯
এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন

এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন

শিশুদের নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় এআই চ্যাটবটযুক্ত খেলনায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করল নিউইয়র্ক। ছবি: সংগৃহীত

এআই খেলনা নিষিদ্ধ করল নিউইয়র্ক, লঙ্ঘন করলে ১৫ হাজার ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রে ২৭ নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে ঘিরে কেনাকাটার প্রস্তুতি, ছাড় ও সতর্কতার পরামর্শ। ছবি: সংগৃহীত

ব্ল্যাক ফ্রাইডেতে বাড়তি খরচ কমাতে কেনাকাটার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়

ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উদ্‌যাপনের মাঝেও বাড়তি বাজারদরে চিন্তিত যুক্তরাষ্ট্রের পরিবারগুলো। ছবি: সংগৃহীত
ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো

যুক্তরাষ্ট্রজুড়ে বৃহস্পতিবার উদ্‌যাপিত হচ্ছে ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উৎসব। ঘরে ঘরে রোস্ট করা টার্কির সুবাস আর পরিবারের সদস্যদের মিলনমেলার এই দিনে এবার মার্কিন নাগরিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম। গবেষণা প্রতিষ্ঠান দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার সাধারণ থ্যাংকসগিভিং ভোজের খরচ বেড়েছে ১১ শতাংশ।   থ্যাংকসগিভিংয়ের মূল আকর্ষণ টার্কির দাম গত বছরের এই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি আনুষঙ্গিক সব খাবারের দামই বেড়েছে দুই অঙ্কের ঘরে। দেড় পাউন্ডের এক ব্যাগ সবুজ শিমের (গ্রিন বিনস) দাম ৩৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ দশমিক ৯৯ ডলার থেকে ৪ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া পাঁচ পাউন্ডের রাসেট আলুর দাম ৬ দশমিক ৮ শতাংশ এবং আপেল পাই তৈরিতে ব্যবহৃত তিন পাউন্ড গ্র্যানি স্মিথ আপেলের দাম ১০ দশমিক ২ শতাংশ বেড়েছে।   দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের প্রধান অর্থনীতিবিদ কাইল মুর এক বিবৃতিতে বলেন, থ্যাংকসগিভিং মূলত টেবিলের চারপাশে সবাইকে নিয়ে একসঙ্গে বসার উৎসব, কিন্তু এ বছর অনেক পরিবারকেই হিসাব কষতে হচ্ছে তারা কতজন অতিথিকে খাওয়ানোর সামর্থ্য রাখে। আমেরিকান ফার্ম ব্যুরোর পূর্বাভাস অনুযায়ী, ১০ জনের একটি ভোজের খরচ ৬ শতাংশ বাড়ছে, যা ২০২২ সালের রেকর্ড মূল্যবৃদ্ধির পর প্রথম।   দাম বাড়ার কারণে অনেকেই পুরোনো প্রথায় পরিবর্তন আনছেন। নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা স্যাম ব্রেভারম্যান জানান, আগে তাঁর মা একাই পুরো আয়োজনের খরচ বহন করতেন। কিন্তু এবার খরচ ১৩০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা যে যার মতো খাবার তৈরি করে নিয়ে আসার (পটলাক) সিদ্ধান্ত নিয়েছেন।   অন্যদিকে, ক্রেতাদের স্বস্তি দিতে ব্রুকলিনের গ্রিন ভ্যালি মুদিদোকানের মালিক বারিস আভসি জানান, মানুষের কষ্টের কথা ভেবে তিনি ডিম, দুধ ও চিনির মতো জরুরি পণ্যগুলো প্রায় কেনা দামে বিক্রি করছেন। তবে ওয়ালমার্টের মতো বড় রিটেইল চেইনগুলো ১০ জনের পূর্ণাঙ্গ হলিডে মিল প্যাকেজে গত বছরের তুলনায় ১২ শতাংশ ছাড় দিচ্ছে।   বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থা জ্বালানি ও সারের দাম বাড়িয়ে দিয়েছে। বসন্তকালীন চাষাবাদের মৌসুমে ইউরিয়া সারের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে সুপারমার্কেটের পণ্যে। এ ছাড়া স্টিলের ওপর শুল্ক আরোপের ফলে টিনজাত খাবারের দামও বেড়েছে। ক্যাম্বেলস স্যুপ জানিয়েছে, তারা তাদের ৬০ শতাংশ পণ্যের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়াচ্ছে।   উৎসবের খরচ মেটাতে গিয়ে বড় ধরনের আর্থিক চাপে পড়েছেন মার্কিনিরা। অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠান লেন্ডিংট্রির এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার যাঁরা ভোজের আয়োজন করছেন, তাঁদের এক-তৃতীয়াংশই তীব্র আর্থিক চাপে আছেন। আয়োজকদের প্রায় ৬২ শতাংশই উৎসবের খরচ মেটাতে ঋণ নেওয়ার কথা ভাবছেন। এর মধ্যে ১৮ শতাংশ মানুষ ‘বাই নাউ, পে লেটার’ (বিএনপিএল) বা পরে পরিশোধের শর্তে কেনাকাটার ঋণের আশ্রয় নিচ্ছেন।   যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আগস্টের এক প্রতিবেদনে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষ, তরুণ এবং কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে এ ধরনের ঋণ নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।   খরচ বাড়ায় এবার থ্যাংকসগিভিংয়ে ভ্রমণের প্রবণতাও কিছুটা কমেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস অনুযায়ী, এবার ৮ কোটি ১৬ লাখের বেশি মানুষ ভ্রমণ করবেন, যা গত বছরের তুলনায় ১ লাখ ২১ হাজার কম। টানা তিন বছর ভ্রমণকারীর সংখ্যা বাড়ার পর এবারই প্রথম তা কমল। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিএনওর তথ্যমতে, প্রতি ১০ জনের মধ্যে ৭ জন মার্কিন নাগরিকই এবার ছুটিতে কোথাও ভ্রমণ না করার পরিকল্পনা করছেন।   বর্তমানে প্রতি গ্যালন জ্বালানি তেলের গড় দাম ৩ দশমিক ৬১ ডলার, যা গত বছরের এই সময়ের (৩ দশমিক ০৬ ডলার) চেয়ে বেশি। অন্যদিকে, ভ্রমণবিষয়ক ওয়েবসাইট হপারের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া ৩১ শতাংশ বেড়ে গড়ে ৪০২ ডলারে পৌঁছেছে, যা গত এক দশকের মধ্যে থ্যাংকসগিভিং মৌসুমে সর্বোচ্চ।   সূত্র: আল-জাজিরা   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১১:১০
চাকরি ও বেতনের সূচকে  সেরা ২৫ প্রতিষ্ঠানের  তালিকা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা

দীর্ঘদিন ধরে খাবারে ঘুম ও উদ্বেগের ওষুধ মেশানোর অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ আটক। ছবি: সংগৃহীত

লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...