নিউইয়র্কে বাসা খুঁজছেন? বাংলাদেশিদের কাজে আসবে এই ৫ সাইট ও জরুরি কিছু নিয়ম
নিউইয়র্কে নতুন এসেছেন, পরিবার নিয়ে বাসা বদলাতে চান কিংবা একটু কম ভাড়ায় ভালো অ্যাপার্টমেন্ট খুঁজছেন—বাংলাদেশিদের জন্য শুরুতেই বাসা পাওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। কোন ওয়েবসাইটে নতুন বাসার বিজ্ঞাপন আসে, ব্রোকার ফি কে দেবে, কত টাকা সিকিউরিটি ডিপোজিট নেওয়া যাবে কিংবা অনলাইনে দেওয়া বিজ্ঞাপনটি আসল কি না—এসব জানা না থাকলে ঝামেলা আরও বাড়তে পারে।
নিউইয়র্কে বাসা খোঁজার জন্য কয়েকটি পরিচিত রেন্টাল ওয়েবসাইট রয়েছে। পাশাপাশি কম ও মাঝারি আয়ের পরিবারগুলোর জন্য এনওয়াইসি হাউজিং কানেক্ট খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হলো, নাগরিকত্ব বা ইমিগ্রেশন স্ট্যাটাস নিজে থেকে হাউজিং কানেক্টে আবেদন করার বাধা নয়। তবে প্রতিটি বাসার জন্য আয়, পরিবারের সদস্যসংখ্যা ও অন্যান্য যোগ্যতার শর্ত আলাদা।
১. স্ট্রিটইজি
নিউইয়র্কে বাসা খোঁজার সবচেয়ে পরিচিত ওয়েবসাইটগুলোর একটি স্ট্রিটইজি। এখানে কোন বরো বা এলাকায় বাসা চান, কত ভাড়া দিতে পারবেন, কয়টি বেডরুম বা বাথরুম দরকার, পোষা প্রাণী আছে কি না—এসব অনুযায়ী সহজেই খোঁজ করা যায়।
২৫ সেপ্টেম্বর স্ট্রিটইজির সার্চে নিউইয়র্ক সিটিতে ১৬ হাজারের বেশি রেন্টাল লিস্টিং দেখা যাচ্ছিল। তবে এই সংখ্যা প্রতিদিনই বদলাতে পারে। পছন্দের এলাকার সার্চ সেভ করে রাখলে নতুন বাসার বিজ্ঞাপন দ্রুত দেখা যায়।
২. জিলো
জিলো শুধু নিউইয়র্ক নয়, পুরো যুক্তরাষ্ট্রে বাসা ভাড়া ও কেনার জন্য ব্যবহৃত বড় একটি প্ল্যাটফর্ম। নিজের বাজেট ও পছন্দের এলাকা দিয়ে সহজেই বাসা খুঁজে দেখা যায়।
কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কসের পাশাপাশি নিউইয়র্কের আশপাশের এলাকাও দেখতে চাইলে জিলোর ম্যাপ ফিচার বেশ কাজে আসতে পারে। এতে একাধিক এলাকার ভাড়া পাশাপাশি তুলনা করা সহজ হয়।
৩. অ্যাপার্টমেন্টস ডটকম
অ্যাপার্টমেন্টস ডটকম-এও নিউইয়র্কের অনেক রেন্টাল লিস্টিং পাওয়া যায়। এখানে বাসার ছবি, ভাড়া, বেডরুম, সুযোগ-সুবিধা এবং কিছু ক্ষেত্রে ভার্চুয়াল ট্যুরও দেখা যায়।
কোনো বাসা পছন্দ হলে শুধু একটি ওয়েবসাইটের ওপর নির্ভর না করে একই ঠিকানা অন্য সাইটেও খুঁজে দেখা ভালো। এতে ভাড়া, এজেন্টের তথ্য এবং বাসার বিজ্ঞাপন মিলিয়ে দেখা যায়।
৪. হটপ্যাডস
হটপ্যাডসও বাসা ভাড়ার একটি পরিচিত প্ল্যাটফর্ম। তবে এটি জিলো গ্রুপের অংশ। তাই জিলো গ্রুপের অন্য ওয়েবসাইটে দেখা কিছু বিজ্ঞাপন এখানেও পাওয়া যেতে পারে।
৫. ট্রুলিয়া
ট্রুলিয়াতেও নিউইয়র্কের বিভিন্ন এলাকার ভাড়া বাসা খুঁজে পাওয়া যায়। এটিও জিলো গ্রুপের প্ল্যাটফর্ম। ফলে জিলো, হটপ্যাডস বা অন্য প্ল্যাটফর্মে থাকা কিছু একই বিজ্ঞাপন এখানে আবার দেখা যেতে পারে।
তাই পাঁচটি ওয়েবসাইটে খুঁজলেই পাঁচ রকম আলাদা বাসার বাজার পাওয়া যাবে—এমন নয়। একই অ্যাপার্টমেন্ট একাধিক সাইটে দেখলে ঠিকানা, ভাড়া, এজেন্টের নাম এবং অতিরিক্ত ফি মিলিয়ে দেখুন।
কম ভাড়ার বাসার জন্য হাউজিং কানেক্ট
সাধারণ রেন্টাল ওয়েবসাইটের পাশাপাশি এনওয়াইসি হাউজিং কানেক্ট দেখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি নিউইয়র্ক সিটি সরকারের অফিসিয়াল পোর্টাল। এখানে পাঁচ বরোতে কম ভাড়ার অ্যাপার্টমেন্ট এবং কিছু বাড়ি কেনার সুযোগে আবেদন করা যায়।
তবে হাউজিং লটারিতে আবেদন করলেই বাসা পাওয়া নিশ্চিত নয়। প্রতিটি আবাসনের জন্য পরিবারের মোট আয় ও সদস্যসংখ্যার আলাদা শর্ত থাকে। যোগ্যদের মধ্য থেকে বাছাই করা হয় এবং অনেক সময় কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।
নিউইয়র্ক সিটির তথ্য অনুযায়ী, নাগরিকত্ব বা ইমিগ্রেশন স্ট্যাটাসের কারণে কেউ নিজে থেকেই হাউজিং কানেক্টের লটারি বা রি-রেন্টালে আবেদন থেকে বাদ পড়েন না। তবে নির্বাচিত হলে আয়, সম্পদ, পরিবারের সদস্যসংখ্যা এবং অন্যান্য যোগ্যতার কাগজপত্র দেখাতে হতে পারে।
নতুন অভিবাসীদের জন্য আইডিএনওয়াইসি
নিউইয়র্ক স্টেটের ড্রাইভার লাইসেন্স না থাকলে আইডিএনওয়াইসি পরিচয়পত্র হিসেবে কাজে লাগতে পারে। নিউইয়র্ক সিটির তথ্য অনুযায়ী, ১০ বছর বা তার বেশি বয়সী সিটির বাসিন্দারা ইমিগ্রেশন স্ট্যাটাস নির্বিশেষে আইডিএনওয়াইসির জন্য আবেদন করতে পারেন।
কিছু ক্ষেত্রে এটি হাউজিং-সংক্রান্ত কাজেও পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।
ব্রোকার ফি নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন
নিউইয়র্কে বাসা নেওয়ার সময় বড় অঙ্কের ব্রোকার ফি দিতে হবে—এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। কিন্তু নিয়মে পরিবর্তন এসেছে।
ফেয়ারনেস ইন অ্যাপার্টমেন্ট রেন্টাল এক্সপেন্সেস বা ফেয়ার অ্যাক্ট ১১ জুন ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এই আইনের অধীনে বাড়িওয়ালা যে ব্রোকার বা লিস্টিং এজেন্ট নিয়োগ করেছেন, তার ফি ভাড়াটিয়ার ওপর চাপানো যাবে না। বাড়িওয়ালা বা তার এজেন্টকে ভাড়াটিয়ার কাছ থেকে নেওয়া অন্যান্য ফিও আগে জানাতে হয়।
তবে ভাড়াটিয়া নিজে যদি নিজের প্রয়োজনের জন্য আলাদা ব্রোকার নিয়োগ করেন, তাহলে সেই ব্রোকারের ফি তাকে দিতে হতে পারে। তাই টাকা দেওয়ার আগে জেনে নিন—ব্রোকারকে নিয়োগ করেছেন কে।
আইনবহির্ভূত ব্রোকার ফি দাবি করা হলে নিউইয়র্ক সিটির সংশ্লিষ্ট ভোক্তা সুরক্ষা দপ্তরে অভিযোগ করা যায় বা ৩১১-এ যোগাযোগ করা যায়।
সিকিউরিটি ডিপোজিট কত?
নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেলের নির্দেশনা অনুযায়ী, সাধারণভাবে বাড়িওয়ালা এক মাসের ভাড়ার বেশি সিকিউরিটি ডিপোজিট নিতে পারেন না।
তাই কেউ যদি দুই বা তিন মাসের ভাড়ার সমান বড় ডিপোজিট দাবি করেন, টাকা দেওয়ার আগে নিয়মটি যাচাই করে নিন।
অ্যাপ্লিকেশন ফি কত?
লিজ সই করার আগে ক্রেডিট বা ব্যাকগ্রাউন্ড চেকের জন্য বাড়িওয়ালা সর্বোচ্চ ২০ ডলার নিতে পারেন। এ ক্ষেত্রে রিপোর্ট ও সংশ্লিষ্ট ইনভয়েসের কপি আবেদনকারীকে দিতে হয়।
গত ৩০ দিনের মধ্যে করা গ্রহণযোগ্য ক্রেডিট বা ব্যাকগ্রাউন্ড চেক থাকলে সেটি ব্যবহার করার সুযোগও থাকতে পারে। এতে একই পরীক্ষার জন্য আবার টাকা দিতে নাও হতে পারে।
টাকা দেওয়ার আগে অবশ্যই যাচাই করুন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কমিউনিটি গ্রুপ বা পরিচিতদের মাধ্যমে নিউইয়র্কে বাসার বিজ্ঞাপন পাওয়া খুবই স্বাভাবিক। সেখান থেকেও ভালো বাসা পাওয়া যেতে পারে। তবে পরিচিত কেউ বিজ্ঞাপন দিয়েছে বলেই যাচাই না করে টাকা পাঠানো ঠিক নয়।
কেউ যদি বলেন, ‘অনেক মানুষ বাসাটি নিতে চাইছে, এখনই ডিপোজিট পাঠান’—তাহলে তাড়াহুড়ো না করাই ভালো।
প্রথমে বাসার সঠিক ঠিকানা নিন। সম্ভব হলে নিজে গিয়ে বাসাটি দেখে আসুন। বাড়িওয়ালা বা এজেন্টের পরিচয় যাচাই করুন। একই ঠিকানা অন্য কোথাও অন্য নাম বা অন্য ভাড়ায় দেওয়া হয়েছে কি না, সেটিও দেখুন।
লিজ না পড়ে এবং টাকা কার কাছে যাচ্ছে তা নিশ্চিত না হয়ে নগদ টাকা, ওয়্যার ট্রান্সফার বা অন্য কোনো মাধ্যমে বড় অঙ্কের টাকা পাঠাবেন না।
বিশেষ করে নতুন অভিবাসীদের জন্য ইংরেজি লিজের সব শর্ত বুঝে নেওয়া খুব জরুরি। কোনো বিষয় পরিষ্কার না হলে পরিচিত কাউকে দিয়ে পড়ে নিন বা প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিন।
আয় কম হলে সহায়তাও পাওয়া যায়
হাউজিং কানেক্টের আবেদন বুঝতে সমস্যা হলে নিউইয়র্ক সিটির হাউজিং অ্যাম্বাসেডরস কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের সহায়তা পাওয়া যায়।
এ ছাড়া রেডি টু রেন্ট কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে আর্থিক কাউন্সেলিং এবং হাউজিং আবেদন প্রস্তুত করার সহায়তাও পাওয়া যেতে পারে।
বাসা হারানোর ঝুঁকিতে থাকা বা গুরুতর আবাসন সমস্যায় থাকা যোগ্য ব্যক্তি ও পরিবারের জন্য আরও কিছু রেন্টাল সহায়তা ও হোমলেসনেস প্রিভেনশন কর্মসূচি রয়েছে।
বাসা খোঁজার সহজ কৌশল
প্রথমে ঠিক করুন, প্রতি মাসে সর্বোচ্চ কত ভাড়া দিতে পারবেন। এরপর কাজ, স্কুল, মসজিদ, গ্রোসারি, সাবওয়ে বা পরিবারের কাছে যাতায়াতের জন্য কোন এলাকা সুবিধাজনক হবে, সেটি ঠিক করুন।
তারপর স্ট্রিটইজি, জিলো ও অন্যান্য প্ল্যাটফর্মে সেই বাজেট ও এলাকার ভিত্তিতে সার্চ সেভ করে রাখুন। নতুন লিস্টিং এলে দ্রুত যোগাযোগ করুন।
একই সঙ্গে হাউজিং কানেক্টে প্রোফাইল তৈরি করে আপনার আয় ও পরিবারের সদস্যসংখ্যার সঙ্গে মেলে এমন লটারিতে আবেদন করতে থাকুন।
কোনো বাসা পছন্দ হলে শুধু মাসিক ভাড়া দেখলেই হবে না। মোট কত টাকা দিতে হবে, অতিরিক্ত কোনো মাসিক ফি আছে কি না, ইউটিলিটি কে দেবে, লিজ কত দিনের এবং বাসাটি রেন্ট-স্ট্যাবিলাইজড কি না—এসবও আগে জেনে নিন।
নিউইয়র্কে ভালো বাসা খুঁজে পাওয়া সময়সাপেক্ষ হতে পারে। তবে নিয়মিত খোঁজ করা, সরকারি সুযোগ কাজে লাগানো এবং টাকা দেওয়ার আগে সবকিছু যাচাই করা গেলে অনেক ঝুঁকি ও অপ্রয়োজনীয় খরচ এড়ানো সম্ভব।
সূত্র: নিউইয়র্ক সিটি হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এনওয়াইসি ৩১১, ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন, নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল, আইডিএনওয়াইসি, স্ট্রিটইজি
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ। পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়। এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন। ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি। সূত্র: ফক্স ১৩ নিউজ 871 এসএ
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ। টেক্সাসে মুনাফা কম কেন? স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে। হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে। তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ। দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে। তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে। সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। জাতীয় ছুটির কারণে দেশজুড়ে অধিকাংশ বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, সুপারমার্কেট, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেশ কিছু মুদি দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ সীমিত সময়ের জন্য খোলা থাকছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যালডি, পাবলিক্স ও ট্রেডার জোসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান থ্যাংকসগিভিং উপলক্ষে তাদের সব স্টোর বন্ধ রেখেছে। অন্যদিকে কিছু সুপারমার্কেট ও ওষুধের দোকান পরিবর্তিত সময়সূচিতে কার্যক্রম চালাচ্ছে। যেসব দোকান খোলা থাকছে থ্যাংকসগিভিংয়ে সীমিত সময়ের জন্য খোলা থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ক্রোগার: বিকেল ৫টা পর্যন্ত খোলা; ফার্মেসি ও ক্লিনিক বন্ধ। - জায়ান্ট ইগল: বিকেল ৩টা পর্যন্ত। - হ্যারিস টিটার: দুপুর ২টা পর্যন্ত। - ওয়েগম্যানস: অধিকাংশ স্টোর বিকেল ৪টা পর্যন্ত। - হোল ফুডস: অধিকাংশ স্টোর পরিবর্তিত সময়সূচিতে খোলা। - স্প্রাউটস ফার্মার্স মার্কেট: সকাল ৭টা থেকে দুপুর ২টা। - অ্যালবার্টসনস ও সেফওয়ে: অধিকাংশ স্টোর সীমিত সময়ের জন্য খোলা। - ওয়ালগ্রিনস: সব স্টোর খোলা; অধিকাংশ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। - সিভিএস: অধিকাংশ স্টোর খোলা থাকলেও সময়সূচি ও ফার্মেসির কার্যক্রমে পরিবর্তন রয়েছে। - ডলার জেনারেল: সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়া ডানকিনের দোকান এবং ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের অধিকাংশ শাখা খোলা থাকছে। তবে ফ্র্যাঞ্চাইজিভেদে সময়সূচি আলাদা হতে পারে। যেসব দোকান বন্ধ থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ওয়ালমার্ট - টার্গেট - কস্টকো - অ্যালডি - পাবলিক্স - ট্রেডার জো - লিডল - বেস্ট বাই - হোম ডিপো - লোওস - ম্যাসিস - কোহলস - অ্যাপল স্টোর - জেসি পেনি এ ছাড়া টিজে ম্যাক্স, মার্শালস, আইকিয়া ও পেটকোর স্টোরও বন্ধ রয়েছে। ব্যাংক, ডাকঘর ও শেয়ারবাজারের কার্যক্রম থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। চেজ, ওয়েলস ফার্গো ও ব্যাংক অব আমেরিকার শাখাও বন্ধ। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে। ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) ডাকঘরগুলোও বন্ধ রয়েছে। নিয়মিত ডাক ও চিঠি বিতরণ শুক্রবার থেকে আবার শুরু হবে। ইউপিএস ও ফেডেক্সের সাধারণ প্যাকেজ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও আজ বন্ধ। এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাক বন্ধ রয়েছে। শুক্রবার উভয় শেয়ারবাজার আবার চালু হবে, তবে ওই দিন লেনদেন শেষ হবে দুপুর ১টায় (ইস্টার্ন টাইম)। ব্ল্যাক ফ্রাইডেতে আবার খুলবে বড় স্টোরগুলো থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আবার খুলবে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওয়ালমার্ট ও টার্গেটের স্টোর সকাল ৬টায় খুলবে। বেস্ট বাইও সকাল ৬টায় কার্যক্রম শুরু করবে। কস্টকোর এক্সিকিউটিভ সদস্যরা সকাল ৯টা থেকে এবং অন্য সদস্যরা সকাল ১০টা থেকে কেনাকাটা করতে পারবেন। কোহলস খুলবে সকাল ৫টায়। তবে প্রতিষ্ঠান ও অঞ্চলভেদে সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট স্টোরের ওয়েবসাইট কিংবা স্থানীয় শাখার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসূত্র ওয়েশ ২ নিউজ 876TR
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড
নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

