যুক্তরাষ্ট্রে বিবাহবিচ্ছেদের নিয়ম বদলাচ্ছে, গৃহিণীদের জন্য আইনজীবীর সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রচলিত কিছু ধারণা দ্রুত বদলে যাচ্ছে বলে মনে করছেন নিউইয়র্কের পারিবারিক আইনজীবী জ্যাকলিন হারুনিয়ান। বিশেষ করে যেসব স্বামী বা স্ত্রী সংসার ও সন্তান পালনের জন্য চাকরি ছেড়ে পুরোপুরি সঙ্গীর আয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, বিচ্ছেদের পর তাদের আর্থিক নিরাপত্তা আগের মতো নাও থাকতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
নিউইয়র্কভিত্তিক আইনজীবী হারুনিয়ান পারিবারিক আইন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি নিউজউইককে বলেন, যুক্তরাষ্ট্রের বিবাহবিচ্ছেদের কাঠামো ধীরে ধীরে এমন একটি ব্যবস্থার দিকে যাচ্ছে, যেখানে প্রত্যেক স্বামী-স্ত্রীকে আলাদা অর্থনৈতিক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে একজন সঙ্গী আয় করেন আর অন্যজন ঘর ও সন্তান সামলান, এমন পুরোনো পারিবারিক কাঠামো থেকে বিচ্ছেদ হলে আগের মতো দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা পাওয়ার নিশ্চয়তা নেই।
হারুনিয়ানের ভাষায়, “আইন বদলাচ্ছে। যারা আয় করেন, তারা তাদের অর্থের বেশি অংশ নিজেদের কাছে রাখতে পারবেন, আর নির্ভরশীল সঙ্গী সহায়তা পেলেও তা হয়তো স্বল্প সময়ের জন্য।” তাঁর মতে, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রের পারিবারিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে অনেক পরিবারে স্বামী ছিলেন প্রধান উপার্জনকারী এবং স্ত্রী সন্তান লালন-পালন ও ঘরের দায়িত্ব সামলাতেন। বিচ্ছেদের পর আদালত অনেক ক্ষেত্রে উপার্জন না করা সঙ্গীর জন্য দীর্ঘমেয়াদি ভরণপোষণ ও সম্পদের অংশ নিশ্চিত করার চেষ্টা করত।
কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। বাবারা সন্তান পালনে আগের তুলনায় বেশি সক্রিয় হচ্ছেন এবং যৌথ হেফাজত বা সন্তান পালনের দায়িত্ব সমানভাবে ভাগ করার দাবি করছেন। একই সময়ে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ ও আয়ও বেড়েছে। ফলে একসময় যে আর্থিক সমীকরণে স্বামী উপার্জন করতেন এবং স্ত্রী নির্ভরশীল ছিলেন, তা এখন আর সব পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
হারুনিয়ানের দাবি, এই পরিবর্তনের ফলে কর্মজীবন থেকে দীর্ঘদিন দূরে থাকা স্বামী বা স্ত্রী, বিশেষ করে গৃহিণীরা, বিচ্ছেদের পর আগের তুলনায় কম ভরণপোষণ, কম আইনি খরচ এবং বৈবাহিক সম্পদের ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে কম অংশ পেতে পারেন। তবে এ বিষয়টি পুরো যুক্তরাষ্ট্রে একইভাবে কার্যকর হচ্ছে এমন ধারণা করা ঠিক নয়। কারণ যুক্তরাষ্ট্রে বিবাহবিচ্ছেদের আইন মূলত অঙ্গরাজ্যভিত্তিক। টেক্সাসের পারিবারিক আইনজীবী হান্না হেমব্রি বেল নিউজউইককে বলেন, “একটি মাত্র আমেরিকান বিবাহবিচ্ছেদ ব্যবস্থা নেই।” তাঁর মতে, নিউইয়র্কে যে ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, টেক্সাস বা অন্য অঙ্গরাজ্যে তার চিত্র সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
টেক্সাসে বিবাহবিচ্ছেদের পর আদালতের মাধ্যমে স্বামী বা স্ত্রীকে দেওয়া আর্থিক সহায়তা সাধারণত সীমিত। বেলের ব্যাখ্যা অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ হলে আদালত-নির্ধারিত ভরণপোষণ দেওয়া হলেও তা সাধারণত প্রয়োজন মেটানোর জন্য সীমিত সময়ের ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়। টেক্সাসে এই ধরনের সহায়তার পরিমাণও নির্দিষ্ট সীমার মধ্যে থাকে।
একই সঙ্গে টেক্সাস ‘কমিউনিটি প্রপার্টি’ নীতির আওতায় পড়ে। অর্থাৎ বিবাহ চলাকালে উপার্জিত আয় ও অর্জিত সম্পদ সাধারণভাবে বৈবাহিক সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে, কে সেই অর্থ উপার্জন করেছেন তার ওপর বিষয়টি পুরোপুরি নির্ভর করে না। ফলে উচ্চ আয়ের স্বামী বা স্ত্রী চাইলেই বিবাহকালীন সব সম্পদ নিজের কাছে রেখে দিতে পারবেন, এমন ধারণাও সঠিক নয়। তবে দুই আইনজীবী একটি বিষয়ে একমত, আর তা হলো আর্থিক নির্ভরশীলতা বিচ্ছেদের ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করতে পারে। একজন ব্যক্তি যদি সন্তান লালন-পালন বা সংসারের দায়িত্ব পালনের জন্য দীর্ঘ সময় চাকরি বা পেশা থেকে দূরে থাকেন, বিচ্ছেদের পর নিজের আয় তৈরি করা কঠিন হয়ে যেতে পারে।
হারুনিয়ান বিশেষভাবে সতর্ক করেছেন তাদের নিয়ে, যারা সন্তান বড় করার জন্য পুরোপুরি কর্মজীবন ছেড়ে দেন। তাঁর মতে, সংসার চলাকালে একটি পরিবারে একজনের আয় দিয়ে অন্যজনের জীবনযাপন স্বাভাবিকভাবেই চলতে পারে। কিন্তু বিবাহবিচ্ছেদের পর সেই একই আর্থিক ব্যবস্থা দীর্ঘদিন বজায় থাকবে, এমন নিশ্চয়তা নেই। তিনি বলেন, “আজ আপনি হয়তো বাজার, খাবার ও জীবনযাত্রার খরচ বহন করতে পারছেন। কিন্তু বিচ্ছেদ হয়ে গেলে দীর্ঘ সময় একই মাত্রার আর্থিক সহায়তা পাওয়া নাও যেতে পারে।”
হারুনিয়ানের আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, “আজীবন ভরণপোষণ” পাওয়ার ধারণাটিও অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত নয়। গৃহিণী বা গৃহস্বামী বিচ্ছেদের পর ভরণপোষণ পেতে পারেন, কিন্তু সেটিকে নিশ্চিত অধিকার হিসেবে ধরে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তিনি। এ কারণে বিচ্ছেদের কথা ভাবার আগেই প্রত্যেক সঙ্গীকে নিজের আইনি অধিকার, আর্থিক দায়িত্ব এবং সন্তানদের হেফাজত নিয়ে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়ার পরামর্শ দিয়েছেন এই আইনজীবী।
বিবাহের আগে করা চুক্তি বা প্রিনাপচুয়াল এগ্রিমেন্ট নিয়েও মানুষের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে বলে মনে করেন হারুনিয়ান। তাঁর মতে, এ ধরনের চুক্তি মূলত বিবাহের আগে থাকা আলাদা সম্পদ, উত্তরাধিকার এবং নির্দিষ্ট আর্থিক অধিকার সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। তবে এটিকে গৃহে থেকে সন্তান লালন-পালন করা সঙ্গীর জন্য পূর্ণাঙ্গ আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে দেখা ঠিক নয়। তিনি আরও বলেন, ব্যবসার মালিকদের ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। বিবাহের সময় কোনো ব্যবসা থেকে একজন সঙ্গী বিপুল আয় করলেও বিচ্ছেদের পর সেই ব্যবসা ও আয় থেকে অন্য সঙ্গীর প্রত্যাশা আগের মতো নাও হতে পারে। অবশ্য কোন সম্পদ বৈবাহিক সম্পদ হিসেবে বিবেচিত হবে এবং কে কতটা অংশ পাবেন, তা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের আইন ও মামলার পরিস্থিতির ওপর নির্ভর করে।
তবে হারুনিয়ানের বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সব পরিবারের জন্য একই নিয়ম হিসেবে দেখার সুযোগ নেই। আইনজীবী হান্না হেমব্রি বেলের বক্তব্যও সে বিষয়টি স্পষ্ট করে। অঙ্গরাজ্যভেদে ভরণপোষণ, সম্পদ বণ্টন, সন্তানের হেফাজত এবং বিচ্ছেদের পর আর্থিক সহায়তার নিয়মে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ হলো, শুধু সামাজিক ধারণা বা পরিচিত কারও অভিজ্ঞতার ওপর নির্ভর না করে বিচ্ছেদের আগে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের পারিবারিক আইন সম্পর্কে পেশাদার পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে যিনি দীর্ঘদিন কর্মজীবনের বাইরে থেকে সন্তান ও সংসারের দায়িত্ব পালন করেছেন, তাঁর জন্য নিজের আর্থিক অবস্থান, সম্পদ, আয় এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়টি আগে থেকেই বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের পরিবারব্যবস্থায় স্বামী-স্ত্রীর ভূমিকা যেমন বদলাচ্ছে, তেমনি বদলাচ্ছে সন্তান পালনের ধরন, যৌথ হেফাজতের প্রবণতা এবং বিচ্ছেদের পর আর্থিক সম্পর্কের কাঠামো। ফলে বহু বছর ধরে প্রচলিত ‘একজন আয় করবেন, অন্যজন সংসার সামলাবেন এবং বিচ্ছেদের পর দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তা পাবেন’ ধরনের সরল ধারণা এখন আর সব ক্ষেত্রে বাস্তবতার সঙ্গে মেলে না।
সূত্র: নিউজউইক
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreশিশুদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চ্যাটবটযুক্ত খেলনা উৎপাদন, বিতরণ ও বিক্রির ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। গত ২৪ নভেম্বর গভর্নর ক্যাথি হোকুল এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন। আইনটি স্বাক্ষরের ৯০ দিন পর অর্থাৎ আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় আনা আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি লঙ্ঘনের জন্য প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেওয়ানি জরিমানা আদায় করতে পারবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল। মূলত ১২ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য তৈরি খেলনা—যেমন পুতুল, টেডি বিয়ার বা রোবট, যেগুলো ইন্টারনেট সংযোগের মাধ্যমে এআই কম্প্যানিয়ন হিসেবে শিশুদের সঙ্গে কথোপকথন চালাতে পারে—এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। তবে পূর্বনির্ধারিত সীমিত শব্দ বা বাক্য ব্যবহৃত হয় এমন সাধারণ অফলাইন খেলনা এর আওতায় পড়বে না। পাশাপাশি এই খেলনাগুলো নিজের কাছে রাখা বা ব্যবহার করা অবৈধ ঘোষণা করা হয়নি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যবেক্ষক ও ভোক্তা অধিকার সংস্থার পরীক্ষায় এআই চ্যাটবটযুক্ত খেলনার বিরুদ্ধে উদ্বেগজনক সব তথ্য উঠে আসার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। পরীক্ষায় দেখা গেছে, কথোপকথনের একপর্যায়ে কিছু খেলনা শিশুদের সঙ্গে অনুপযুক্ত বা যৌনতা-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে এবং দেশলাই, ছুরি বা ওষুধের মতো বিপজ্জনক জিনিস খুঁজে বের করার বা ব্যবহারের পরামর্শ দিয়েছে। এ ছাড়া দীর্ঘ সময় কথা বললে অভিভাবকদের নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়া, শিশুদের আবেগগতভাবে প্রভাবিত করা এবং অনুমতি বা সুরক্ষা ছাড়াই কণ্ঠস্বর ও মুখাবয়বের তথ্য সংগ্রহের মতো ঝুঁকিও সামনে এসেছে। আইনটি আগামী ৯০ দিন পর কার্যকর হওয়ায় আসন্ন বড়দিন ও ছুটির মৌসুমের কেনাকাটায় এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। ফলে এ সময় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। উপহার হিসেবে খেলনা কেনার আগে সেটি শিশুদের সঙ্গে অবাধে কথা বলতে পারে কি না এবং কী ধরনের তথ্য সংগ্রহ করে, তা যাচাই করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি চ্যাটবট ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে সতর্কতামূলক লেবেল যুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান 873 ডিএন
ব্ল্যাক ফ্রাইডেতে বাড়তি খরচ কমাতে কেনাকাটার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়
ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ। পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়। এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন। ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি। সূত্র: ফক্স ১৩ নিউজ 871 এসএ
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ। টেক্সাসে মুনাফা কম কেন? স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে। হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে। তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ। দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে। তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে। সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

