ট্রাম্পের নতুন আইনে মেডিকেইড সুবিধা হারাতে পারেন হাজারো বৈধ অভিবাসী
যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের একটি বড় অংশের জন্য মেডিকেড সুবিধা পাওয়ার নিয়ম আরও কঠোর হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালের কর ও ব্যয়সংক্রান্ত নতুন আইনের অধীনে ১ অক্টোবর থেকে এসব পরিবর্তন কার্যকর হয়েছে। নতুন নিয়মে শরণার্থী, আশ্রয়প্রার্থীসহ বৈধভাবে বসবাসকারী কিছু অভিবাসী আর কেন্দ্রীয় অর্থায়নে মেডিকেড পাওয়ার যোগ্য থাকছেন না। কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, শুধু অক্টোবরেই নয়টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে ২ লাখ ৮১ হাজারের বেশি অভিবাসীর মেডিকেড সুবিধা হারানোর আশঙ্কা রয়েছে।
নতুন বিধিনিষেধের ফলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করলেও সবার জন্য মেডিকেডের দরজা খোলা থাকছে না। ১ অক্টোবর থেকে কেন্দ্রীয় অর্থায়নে মেডিকেড ও চিলড্রেনস হেলথ ইন্স্যুরেন্স প্রোগ্রাম বা চিপের যোগ্যতা মূলত গ্রিন কার্ডধারী স্থায়ী বাসিন্দা, নির্দিষ্ট কিউবান ও হাইতিয়ান অভিবাসী, এবং ফ্রিলি অ্যাসোসিয়েটেড স্টেটসের আওতাভুক্ত কিছু বাসিন্দার মধ্যে সীমিত করা হয়েছে। যেসব অঙ্গরাজ্যে বৈধভাবে বসবাসকারী শিশু ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে, সেখানে কিছু ব্যতিক্রমও থাকছে।
এর ফলে শরণার্থী ও গ্রিন কার্ড না পাওয়া আশ্রয়প্রার্থীদের একটি অংশ বিশেষভাবে প্রভাবিত হতে পারেন। একইভাবে সাময়িক সুরক্ষা বা নির্দিষ্ট মানবিক কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে থাকা কিছু অভিবাসীও নতুন ফেডারেল নিয়মে মেডিকেডের যোগ্যতা হারাতে পারেন। কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন বলছে, আগের নিয়মে এসব শ্রেণির অনেক মানুষ বৈধভাবে বসবাসের ভিত্তিতে স্বাস্থ্যসেবা কর্মসূচিতে যুক্ত হতে পারলেও নতুন আইনে তাদের যোগ্যতার পরিধি উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে।
তবে নতুন আইনে সব বৈধ অভিবাসীর মেডিকেড বন্ধ হচ্ছে না। গ্রিন কার্ডধারী স্থায়ী বাসিন্দারা নির্ধারিত অন্যান্য যোগ্যতা পূরণ করলে মেডিকেডের আওতায় থাকতে পারবেন। কিউবান ও হাইতিয়ানদের নির্দিষ্ট কিছু শ্রেণি এবং মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া ও পালাউয়ের নাগরিকদের জন্যও বিশেষ বিধান রয়েছে। এ ছাড়া কিছু অঙ্গরাজ্য নিজেদের অর্থায়নে ফেডারেল নিয়মের বাইরে নির্দিষ্ট অভিবাসী জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ ধরে রাখতে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে বসবাসকারী অভিবাসীরা সাধারণত আগে থেকেই ফেডারেল অর্থায়নে পূর্ণ মেডিকেডের জন্য যোগ্য ছিলেন না। জরুরি চিকিৎসার ক্ষেত্রে সীমিত সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। তবে কয়েকটি অঙ্গরাজ্য নিজস্ব অর্থ ব্যবহার করে অনিয়মিতভাবে বসবাসকারীসহ আরও বিস্তৃত অভিবাসী জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। নতুন ফেডারেল আইনের প্রভাব তাই অঙ্গরাজ্যভেদে ভিন্ন হতে পারে।
নতুন নিয়ম বাস্তবায়নের জন্য অঙ্গরাজ্যগুলোকে বিদ্যমান মেডিকেড গ্রহীতাদের অভিবাসন-সংক্রান্ত যোগ্যতা নতুন করে যাচাই করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী, সম্ভাব্যভাবে প্রভাবিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রথমে বিদ্যমান তথ্য ও স্বয়ংক্রিয় তথ্য যাচাই ব্যবস্থার মাধ্যমে তাদের অভিবাসন মর্যাদা নিশ্চিত করার চেষ্টা করা হবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেভ কর্মসূচি এবং সামাজিক নিরাপত্তা প্রশাসনের তথ্যভান্ডার ব্যবহার করে যাচাই করা হবে।
তবে শুধু নতুন যোগ্যতার নিয়মই স্বাস্থ্যসেবা হারানোর কারণ হতে পারে না। প্রশাসনিক জটিলতার কারণেও কিছু মানুষ সুবিধা হারাতে পারেন বলে সতর্ক করেছে কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারা, সরকারি নোটিশ বুঝতে সমস্যা হওয়া বা নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ার মতো কারণে যোগ্য ব্যক্তি হয়েও কেউ কেউ মেডিকেড থেকে বাদ পড়তে পারেন। অঙ্গরাজ্যগুলোর ওপরও নতুন যাচাই ও পুনর্মূল্যায়ন প্রক্রিয়া পরিচালনার বাড়তি চাপ তৈরি হচ্ছে।
এই পরিবর্তন শুধু মেডিকেডেই সীমাবদ্ধ নয়। নতুন আইনের বিভিন্ন বিধানের কারণে বৈধ অভিবাসীদের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইনের আওতায় ভর্তুকি এবং মেডিকেয়ার সুবিধাতেও ভবিষ্যতে পরিবর্তন আসবে। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী, আইনের সংশ্লিষ্ট বিধানের কারণে ২০৩৪ সালের মধ্যে গড়ে প্রায় ৮ লাখ মানুষ প্রতিবছর স্বাস্থ্যবিমা বাজারে ভর্তুকিযুক্ত বিমা গ্রহণ থেকে বাদ পড়তে পারেন। আর ২০২৫ সালের কংগ্রেশনাল বাজেট অফিসের বিশ্লেষণে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিধানগুলোর কারণে ২০৩৪ সালে প্রায় ১০ লাখ মানুষ স্বাস্থ্যবিমা সুবিধা হারাতে পারেন।
মেডিকেয়ারের ক্ষেত্রেও ভবিষ্যতে কিছু বৈধ অভিবাসী প্রভাবিত হতে পারেন। নতুন আইনের সামগ্রিক পরিবর্তনের ফলে স্বাস্থ্যবিমা সুবিধা হারানোর ঝুঁকি তৈরি হওয়ায় অভিবাসী পরিবারগুলোর জন্য তাদের বর্তমান অভিবাসন মর্যাদা, স্বাস্থ্যবিমার ধরন এবং অঙ্গরাজ্যের নিজস্ব স্বাস্থ্যসেবা নীতির বিষয়গুলো নতুন করে যাচাই করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে কারও মেডিকেড বন্ধ হবে কি না, তা তার অভিবাসন মর্যাদা, বয়স, আয়, পারিবারিক পরিস্থিতি এবং কোন অঙ্গরাজ্যে তিনি বসবাস করছেন, এসব বিষয়ের ওপর নির্ভর করবে।
কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের বিশ্লেষণ অনুযায়ী, নতুন বিধিনিষেধের প্রভাব শুধু স্বাস্থ্যবিমার কাগজপত্রে সীমাবদ্ধ থাকবে না। মেডিকেড হারানো ব্যক্তিদের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে এবং কিছু ক্ষেত্রে স্বাস্থ্যসেবা নেওয়া বিলম্বিত হওয়ার আশঙ্কাও রয়েছে। এ কারণে অঙ্গরাজ্যগুলোকে প্রভাবিত ব্যক্তিদের আগাম নোটিশ দেওয়া এবং নতুন যোগ্যতা সম্পর্কে পরিষ্কার তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৫ সালের জুলাইয়ে যে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ আইনে স্বাক্ষর করেন, তার স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিধান থেকেই এই পরিবর্তনের সূত্রপাত। সরকারের ব্যয় কমানো এবং ফেডারেল স্বাস্থ্য কর্মসূচির যোগ্যতা কঠোর করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে আইনটি আনা হলেও এর প্রভাব বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের একটি অংশের ওপর সরাসরি পড়ছে। মেডিকেড ও চিপের নতুন যোগ্যতার নিয়ম ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে, আর স্বাস্থ্যবিমার অন্যান্য পরিবর্তন ধাপে ধাপে কার্যকর হবে।
সূত্র: কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন, কংগ্রেশনাল বাজেট অফিস
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreশিশুদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চ্যাটবটযুক্ত খেলনা উৎপাদন, বিতরণ ও বিক্রির ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। গত ২৪ নভেম্বর গভর্নর ক্যাথি হোকুল এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন। আইনটি স্বাক্ষরের ৯০ দিন পর অর্থাৎ আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় আনা আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি লঙ্ঘনের জন্য প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেওয়ানি জরিমানা আদায় করতে পারবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল। মূলত ১২ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য তৈরি খেলনা—যেমন পুতুল, টেডি বিয়ার বা রোবট, যেগুলো ইন্টারনেট সংযোগের মাধ্যমে এআই কম্প্যানিয়ন হিসেবে শিশুদের সঙ্গে কথোপকথন চালাতে পারে—এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। তবে পূর্বনির্ধারিত সীমিত শব্দ বা বাক্য ব্যবহৃত হয় এমন সাধারণ অফলাইন খেলনা এর আওতায় পড়বে না। পাশাপাশি এই খেলনাগুলো নিজের কাছে রাখা বা ব্যবহার করা অবৈধ ঘোষণা করা হয়নি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যবেক্ষক ও ভোক্তা অধিকার সংস্থার পরীক্ষায় এআই চ্যাটবটযুক্ত খেলনার বিরুদ্ধে উদ্বেগজনক সব তথ্য উঠে আসার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। পরীক্ষায় দেখা গেছে, কথোপকথনের একপর্যায়ে কিছু খেলনা শিশুদের সঙ্গে অনুপযুক্ত বা যৌনতা-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে এবং দেশলাই, ছুরি বা ওষুধের মতো বিপজ্জনক জিনিস খুঁজে বের করার বা ব্যবহারের পরামর্শ দিয়েছে। এ ছাড়া দীর্ঘ সময় কথা বললে অভিভাবকদের নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়া, শিশুদের আবেগগতভাবে প্রভাবিত করা এবং অনুমতি বা সুরক্ষা ছাড়াই কণ্ঠস্বর ও মুখাবয়বের তথ্য সংগ্রহের মতো ঝুঁকিও সামনে এসেছে। আইনটি আগামী ৯০ দিন পর কার্যকর হওয়ায় আসন্ন বড়দিন ও ছুটির মৌসুমের কেনাকাটায় এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। ফলে এ সময় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। উপহার হিসেবে খেলনা কেনার আগে সেটি শিশুদের সঙ্গে অবাধে কথা বলতে পারে কি না এবং কী ধরনের তথ্য সংগ্রহ করে, তা যাচাই করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি চ্যাটবট ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে সতর্কতামূলক লেবেল যুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান 873 ডিএন
ব্ল্যাক ফ্রাইডেতে বাড়তি খরচ কমাতে কেনাকাটার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়
ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ। পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়। এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন। ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি। সূত্র: ফক্স ১৩ নিউজ 871 এসএ
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ। টেক্সাসে মুনাফা কম কেন? স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে। হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে। তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ। দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে। তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে। সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

