যুক্তরাষ্ট্র ছেড়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনায় লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন হাজারো আমেরিকান
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে ইউরোপের ছোট দেশ লুক্সেমবার্গের নাগরিকত্ব নেওয়ার প্রতি আমেরিকানদের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এই প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। অনেকেই যুক্তরাষ্ট্র ছেড়ে স্থায়ীভাবে চলে যাওয়ার পরিবর্তে ভবিষ্যতের বিকল্প হিসেবে ইউরোপের একটি দেশের পাসপোর্ট সংগ্রহ করছেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বসবাসকারী লুক্সেমবার্গের নাগরিকের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৩ হাজার ৫৭৪ জনের নাম নতুন করে লুক্সেমবার্গের নাগরিক হিসেবে সরকারি নিবন্ধনে যুক্ত হয়েছে। দেশটির নাগরিকত্বসংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরুর পর এটি সর্বোচ্চ সংখ্যা। তবে এই হিসাবের সবাই নতুন আবেদন করে নাগরিকত্ব পাননি। তাঁদের অনেকেই পারিবারিক বংশসূত্রের কারণে আগে থেকেই দেশটির আইনে নাগরিক হিসেবে স্বীকৃত ছিলেন।
অন্যদিকে লুক্সেমবার্গের বিচার মন্ত্রণালয়ের হিসাবে, একই বছরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৬৫৭ জন আমেরিকান আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে দেশটির নাগরিকত্ব অর্জন করেছেন। এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। দুই ধরনের হিসাবের পার্থক্যের কারণ হলো, একটি পরিসংখ্যানে আগে থেকেই আইনগতভাবে নাগরিকত্বের অধিকারী ব্যক্তিদের নিবন্ধনও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যটিতে শুধু আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নতুন নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের গণনা করা হয়েছে।
অক্টোবরের শুরুতে প্রকাশিত নতুন সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাসকারী লুক্সেমবার্গের নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯০ জনে। তুলনায় প্রতিবেশী জার্মানিতে বসবাসকারী লুক্সেমবার্গের নাগরিকের সংখ্যা ২২ হাজার ৯২৫ জন। শুধু ৩০ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে যুক্তরাষ্ট্রে বসবাসকারী লুক্সেমবার্গের নাগরিকের সংখ্যা আরও ৯৫২ জন বেড়েছে।
নাগরিকত্ব গ্রহণের এই প্রবণতার পেছনে রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা, জীবনযাত্রার মান এবং ইউরোপে বসবাসের সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের নীতিমালা ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন নিয়ে উদ্বিগ্ন কিছু আমেরিকান ইউরোপীয় নাগরিকত্বকে ভবিষ্যতের জন্য একটি বিকল্প ব্যবস্থা হিসেবে বিবেচনা করছেন।
কলোরাডোর ডেনভারে বসবাসকারী ৩৫ বছর বয়সী ক্যারিস ক্যাসিডি তাঁদের একজন। দীর্ঘদিন ধরেই তাঁর ইউরোপে বসবাসের ইচ্ছা ছিল। পরে পারিবারিক ইতিহাস খুঁজতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর পূর্বপুরুষদের একজন লুক্সেমবার্গ থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। উনিশ শতকে তাঁর পরিবারের সদস্যরা প্রথমে শিকাগো এবং পরে মিনেসোটা, আইওয়া ও কানসাসে বসতি স্থাপন করেছিলেন।
বংশপরিচয়ের নথিপত্র সংগ্রহ করতে ক্যাসিডির প্রায় এক বছর সময় লাগে। শেষ পর্যন্ত চলতি বছরের মার্চ মাসে তিনি লুক্সেমবার্গের নাগরিকত্ব পান। এরপর তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে সুইডেনে যান। নিউজউইককে তিনি জানান, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদ নিয়ে উদ্বেগ তাঁর দেশ ছাড়ার সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল। তবে পরে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং ইউরোপের কোন দেশে স্থায়ীভাবে বসবাস করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন।
লুক্সেমবার্গের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে দেশটির পূর্বপুরুষ থাকার বিষয়টি অনেক আমেরিকানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশটির নাগরিকত্ব আইনে নির্দিষ্ট শর্ত পূরণ করলে বংশসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। বিশেষ কিছু ক্ষেত্রে কয়েক প্রজন্ম আগের পারিবারিক সম্পর্কের ভিত্তিতেও নাগরিকত্বের স্বীকৃতি পাওয়া সম্ভব। তবে শুধু পরিবারের কেউ একসময় লুক্সেমবার্গে বসবাস করেছেন, এমন তথ্য থাকলেই নাগরিকত্ব নিশ্চিত হয় না। সংশ্লিষ্ট আইনের শর্ত পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে পারিবারিক সম্পর্ক প্রমাণ করতে হয়।
লুক্সেমবার্গের নাগরিকত্ব নিয়ে কাজ করা পরামর্শক ড্যানিয়েল অ্যাটজ নিউজউইককে জানান, ২০১৬ সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও আমেরিকানদের মধ্যে দেশটির নাগরিকত্ব নেওয়ার আগ্রহ বেড়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই আগ্রহ আরও অনেক বেশি হয়েছে।
অ্যাটজ নিজেও পারিবারিক বংশসূত্রের মাধ্যমে ২০১৪ সালে লুক্সেমবার্গের নাগরিকত্ব পেয়েছিলেন। তাঁর প্রপিতামহী মার্গারিট ক্রুখটেন প্রথম বিশ্বযুদ্ধের পর লুক্সেমবার্গ থেকে যুক্তরাষ্ট্রের কানসাসে চলে আসেন। নাগরিকত্বের আবেদন করতে গিয়ে তিনি ইউরোপে বসবাসকারী দীর্ঘদিনের বিচ্ছিন্ন আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেন।
বর্তমানে অ্যাটজ একটি নাগরিকত্ব পরামর্শক প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাঁর দাবি, ২০২৪ সালের জানুয়ারি থেকে আমেরিকানদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই প্রবণতা আরও তীব্র হয়। ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে গত বছর তাঁর প্রতিষ্ঠানের কর্মীসংখ্যা ২ জন থেকে বাড়িয়ে ১৫ জন করতে হয়েছে।
তবে লুক্সেমবার্গের নাগরিকত্ব নেওয়া মানেই যে আমেরিকানরা দলে দলে দেশ ছাড়ছেন, এমন নয়। অ্যাটজের মতে, তাঁর কাছে সহায়তা নেওয়া ব্যক্তিদের খুব অল্প অংশেরই লুক্সেমবার্গে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা রয়েছে। অনেকেই দেশটির পাসপোর্টকে ইউরোপে ভবিষ্যতে বসবাস ও কাজের সুযোগ তৈরির মাধ্যম হিসেবে দেখছেন।
এর একটি বড় কারণ হলো, লুক্সেমবার্গ ইউরোপীয় ইউনিয়নের সদস্য। দেশটির নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হিসেবে অন্যান্য সদস্যদেশে বসবাস ও কাজ করার অধিকার পান, যদিও নির্দিষ্ট প্রশাসনিক নিয়ম ও শর্ত প্রযোজ্য হতে পারে। ফলে শুধু লুক্সেমবার্গ নয়, ফ্রান্স, জার্মানি, স্পেন ও পর্তুগালের মতো দেশেও বসবাসের সুযোগ তৈরি হয়।
অন্যদিকে লুক্সেমবার্গে জীবনযাত্রার ব্যয় ইউরোপের অনেক দেশের তুলনায় বেশি। দেশটিতে পণ্য ও সেবার ভোক্তামূল্য ইউরোপীয় ইউনিয়নের গড়ের তুলনায় প্রায় ৫১ শতাংশ বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রও তুলনামূলক সীমিত। এসব কারণে নাগরিকত্ব পাওয়ার পর অনেকে লুক্সেমবার্গের পরিবর্তে ইউরোপের অন্য দেশে বসবাসের পরিকল্পনা করছেন।
এদিকে লুক্সেমবার্গ সরকারের সরকারি পরিসংখ্যান সংস্থা স্টেটেকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ৮ হাজার ২২৩ জন বিভিন্ন আইনি প্রক্রিয়ায় দেশটির নাগরিকত্ব অর্জন করেছেন। আগের বছর এই সংখ্যা ছিল ৭ হাজার ৪১৫। অর্থাৎ এক বছরে নাগরিকত্ব অর্জনের সংখ্যা বেড়েছে ১০ দশমিক ৯ শতাংশ। নতুন নাগরিকত্বপ্রাপ্তদের মধ্যে ৬ হাজার ৫৪৪ জন বিশেষ যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ায়, ১ হাজার ২৯৮ জন সাধারণ ন্যাচারালাইজেশন প্রক্রিয়ায় এবং ৩৮১ জন নাগরিকত্ব পুনরুদ্ধারের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে লুক্সেমবার্গের বাইরে বসবাসকারী নাগরিকত্বপ্রাপ্তদের মধ্যে ৫৯৬ জন ছিলেন আমেরিকান। ফলে সরকারি পরিসংখ্যানেও দেশটির নাগরিকত্বের প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের উল্লেখযোগ্য আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে।
তবে নাগরিকত্বের নিয়ম নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। লুক্সেমবার্গের ২০১৭ সালের নাগরিকত্ব আইনের ৮৯ অনুচ্ছেদের অধীনে ১৯০০ সালের ১ জানুয়ারিতে লুক্সেমবার্গের নাগরিক ছিলেন, এমন পূর্বপুরুষের বংশধরদের জন্য বিশেষ নাগরিকত্ব পুনরুদ্ধার প্রক্রিয়ার সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ওই নির্দিষ্ট প্রক্রিয়ায় নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে না।
তবে এর অর্থ এই নয় যে, বংশসূত্রে বা অন্য কোনো বৈধ প্রক্রিয়ায় লুক্সেমবার্গের নাগরিকত্ব পাওয়ার সব সুযোগ বন্ধ হয়ে গেছে। দেশটির প্রচলিত আইনে যোগ্য ব্যক্তিদের জন্য নাগরিকত্বের অন্যান্য পথ এখনো চালু রয়েছে। আবেদনকারীর পারিবারিক ইতিহাস, জন্মসংক্রান্ত তথ্য ও আইনি যোগ্যতার ওপর নির্ভর করে কোন প্রক্রিয়া প্রযোজ্য হবে, তা নির্ধারিত হয়।
বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, আমেরিকানদের মধ্যে দ্বিতীয় নাগরিকত্বের এই আগ্রহ শুধু রাজনৈতিক পরিস্থিতির প্রতিক্রিয়া নয়। ইউরোপে বসবাসের সুযোগ, পরিবারের ভবিষ্যৎ, কর্মসংস্থান এবং ব্যক্তিগত স্বাধীনতার বিষয়গুলোও তাঁদের সিদ্ধান্তে ভূমিকা রাখছে।
নিউজউইকের প্রতিবেদনে উঠে আসা অভিজ্ঞতা থেকে দেখা যায়, অনেক আমেরিকান এখনই যুক্তরাষ্ট্র ছাড়তে প্রস্তুত নন। বরং ভবিষ্যতে পরিস্থিতি বদলালে অন্য দেশে বসবাসের আইনি সুযোগ নিশ্চিত রাখতে চাইছেন। লুক্সেমবার্গের নাগরিকত্বের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ সেই প্রবণতারই একটি উদাহরণ।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ। পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়। এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন। ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি। সূত্র: ফক্স ১৩ নিউজ 871 এসএ
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ। টেক্সাসে মুনাফা কম কেন? স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে। হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে। তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ। দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে। তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে। সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। জাতীয় ছুটির কারণে দেশজুড়ে অধিকাংশ বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, সুপারমার্কেট, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেশ কিছু মুদি দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ সীমিত সময়ের জন্য খোলা থাকছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যালডি, পাবলিক্স ও ট্রেডার জোসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান থ্যাংকসগিভিং উপলক্ষে তাদের সব স্টোর বন্ধ রেখেছে। অন্যদিকে কিছু সুপারমার্কেট ও ওষুধের দোকান পরিবর্তিত সময়সূচিতে কার্যক্রম চালাচ্ছে। যেসব দোকান খোলা থাকছে থ্যাংকসগিভিংয়ে সীমিত সময়ের জন্য খোলা থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ক্রোগার: বিকেল ৫টা পর্যন্ত খোলা; ফার্মেসি ও ক্লিনিক বন্ধ। - জায়ান্ট ইগল: বিকেল ৩টা পর্যন্ত। - হ্যারিস টিটার: দুপুর ২টা পর্যন্ত। - ওয়েগম্যানস: অধিকাংশ স্টোর বিকেল ৪টা পর্যন্ত। - হোল ফুডস: অধিকাংশ স্টোর পরিবর্তিত সময়সূচিতে খোলা। - স্প্রাউটস ফার্মার্স মার্কেট: সকাল ৭টা থেকে দুপুর ২টা। - অ্যালবার্টসনস ও সেফওয়ে: অধিকাংশ স্টোর সীমিত সময়ের জন্য খোলা। - ওয়ালগ্রিনস: সব স্টোর খোলা; অধিকাংশ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। - সিভিএস: অধিকাংশ স্টোর খোলা থাকলেও সময়সূচি ও ফার্মেসির কার্যক্রমে পরিবর্তন রয়েছে। - ডলার জেনারেল: সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়া ডানকিনের দোকান এবং ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের অধিকাংশ শাখা খোলা থাকছে। তবে ফ্র্যাঞ্চাইজিভেদে সময়সূচি আলাদা হতে পারে। যেসব দোকান বন্ধ থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ওয়ালমার্ট - টার্গেট - কস্টকো - অ্যালডি - পাবলিক্স - ট্রেডার জো - লিডল - বেস্ট বাই - হোম ডিপো - লোওস - ম্যাসিস - কোহলস - অ্যাপল স্টোর - জেসি পেনি এ ছাড়া টিজে ম্যাক্স, মার্শালস, আইকিয়া ও পেটকোর স্টোরও বন্ধ রয়েছে। ব্যাংক, ডাকঘর ও শেয়ারবাজারের কার্যক্রম থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। চেজ, ওয়েলস ফার্গো ও ব্যাংক অব আমেরিকার শাখাও বন্ধ। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে। ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) ডাকঘরগুলোও বন্ধ রয়েছে। নিয়মিত ডাক ও চিঠি বিতরণ শুক্রবার থেকে আবার শুরু হবে। ইউপিএস ও ফেডেক্সের সাধারণ প্যাকেজ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও আজ বন্ধ। এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাক বন্ধ রয়েছে। শুক্রবার উভয় শেয়ারবাজার আবার চালু হবে, তবে ওই দিন লেনদেন শেষ হবে দুপুর ১টায় (ইস্টার্ন টাইম)। ব্ল্যাক ফ্রাইডেতে আবার খুলবে বড় স্টোরগুলো থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আবার খুলবে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওয়ালমার্ট ও টার্গেটের স্টোর সকাল ৬টায় খুলবে। বেস্ট বাইও সকাল ৬টায় কার্যক্রম শুরু করবে। কস্টকোর এক্সিকিউটিভ সদস্যরা সকাল ৯টা থেকে এবং অন্য সদস্যরা সকাল ১০টা থেকে কেনাকাটা করতে পারবেন। কোহলস খুলবে সকাল ৫টায়। তবে প্রতিষ্ঠান ও অঞ্চলভেদে সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট স্টোরের ওয়েবসাইট কিংবা স্থানীয় শাখার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসূত্র ওয়েশ ২ নিউজ 876TR
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড
নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

