সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে কাঁচা দুধের চিজ থেকে ই. কোলাই সংক্রমণে ১৩ জন অসুস্থ, ৯ রাজ্যে সতর্কতা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ২১, ২০২৬ ১১:১৮
যুক্তরাষ্ট্রে সিয়েরা নেভাডা গ্রেজিয়ার্স ব্র্যান্ডের কাঁচা দুধের চিজ থেকে ই. কোলাই সংক্রমণে নয়টি রাজ্যে একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে সিয়েরা নেভাডা গ্রেজিয়ার্স ব্র্যান্ডের কাঁচা দুধের চিজ থেকে ই. কোলাই সংক্রমণে নয়টি রাজ্যে একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সিয়েরা নেভাডা গ্রেজিয়ার্স ব্র্যান্ডের কাঁচা দুধের চিজের সঙ্গে সম্পর্কিত ই. কোলাই সংক্রমণে নয় রাজ্যে ১৩ জন অসুস্থ হয়েছেন। তাঁদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং তিনজনের গুরুতর কিডনি জটিলতা দেখা দিয়েছে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ জানিয়েছে, সংশ্লিষ্ট চিজ সারা দেশে বিক্রি হয়েছে। প্রত্যাহার করা পণ্য না খেতে, বিক্রি না করতে এবং পরিবেশন না করতে নির্দেশ দিয়েছে সংস্থাটি। 

 

এফডিএর প্রকাশিত হিসাবে, সংক্রমণ শনাক্ত হয়েছে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, জর্জিয়া, কেনটাকি, মিশিগান, নেভাডা, ওরেগন, টেনেসি ও ইউটাহতে। এই প্রাদুর্ভাবে কোনো মৃত্যুর তথ্য জানানো হয়নি। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি জানিয়েছে, অসুস্থদের অর্ধেকের বেশি পাঁচ বছর বা তার কম বয়সী শিশু। 

 

প্রত্যাহারের আওতায় রয়েছে গ্রেজিয়ার্স ব্র্যান্ডের র মিল্ক মন্টেরে জ্যাক, হালাপেনো জ্যাক, মিডিয়াম চেডার ও শার্প চেডার। খুচরা বাজারের আট ও ১৬ আউন্সের প্যাকেটের পাশাপাশি পাইকারি ও খাদ্যসেবা প্রতিষ্ঠানের জন্য সরবরাহ করা পাঁচ পাউন্ডের চিজ এবং ৪০ পাউন্ডের চেডার ব্লকও তালিকায় রয়েছে। প্রস্তুতকারক সিয়েরা নেভাডা চিজ কোম্পানির ঘোষণা অনুযায়ী, নির্দিষ্ট কোনো লট, উৎপাদনের তারিখ বা ডেট কোডে সমস্যাটি সীমিত করা যায়নি। তাই বাজারে থাকা সংশ্লিষ্ট সব গ্রেজিয়ার্স র মিল্ক চিজ প্রত্যাহার করা হয়েছে। 

 

এফডিএ ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিকে প্রাদুর্ভাবের বিষয়ে জানিয়ে পণ্য প্রত্যাহারের সুপারিশ করে। একই দিন স্বেচ্ছায় প্রত্যাহার কার্যক্রম শুরু করে কোম্পানিটি। পরে প্রকাশিত ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, সংশ্লিষ্ট চিজের উৎপাদন ও সরবরাহ বন্ধ করা হয়েছে। তদন্তে গ্রেজিয়ার্স র মিল্ক মিডিয়াম চেডার খাওয়ার সঙ্গে অসুস্থতার সম্পর্ক পাওয়া গেছে। তবে দূষণের নির্দিষ্ট উৎস অনুসন্ধান চলমান রয়েছে। 

 

স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ, ফ্রিজ ও ফ্রিজারে এসব চিজ আছে কি না পরীক্ষা করতে হবে। প্রত্যাহার করা পণ্য পাওয়া গেলে তা ফেলে দিতে হবে অথবা কেনার জায়গায় ফেরত দিয়ে অর্থ ফেরত নিতে হবে। মূল প্যাকেট ছাড়া রাখা চিজ প্রত্যাহারের তালিকাভুক্ত কি না নিশ্চিত হওয়া না গেলে সেটিও ফেলে দিতে বলেছে এফডিএ। চিজের সংস্পর্শে আসা পাত্র, সরঞ্জাম ও জায়গা পরিষ্কার করে জীবাণুমুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

 

সিডিসির তথ্য অনুযায়ী, শিগা টক্সিন উৎপাদনকারী ই. কোলাই সংক্রমণে তীব্র পেটব্যথা, ডায়রিয়া, রক্তযুক্ত পায়খানা ও বমি হতে পারে। কিছু রোগীর হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম বা এইচইউএস দেখা দেয়, যা কিডনির গুরুতর ক্ষতি করতে পারে। প্রত্যাহার করা চিজ খাওয়ার পর উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। 

 

রক্তযুক্ত ডায়রিয়া, দুই দিনের বেশি ডায়রিয়া থেকেও উন্নতি না হওয়া, তরল খাবারও পেটে রাখতে না পারার মতো বমি কিংবা প্রস্রাব কমে যাওয়া ও দাঁড়ালে মাথা ঘোরার মতো পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে বলেছে সিডিসি। বিশেষ করে ছোট শিশুদের জন্য পাস্তুরিত দুধ ও তা দিয়ে তৈরি দুগ্ধজাত খাবার বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
চাকরি ও বেতনের সূচকে  সেরা ২৫ প্রতিষ্ঠানের  তালিকা
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা

যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনের চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা ২৫টি কলেজের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। তালিকায় প্রথম স্থান পেয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া এবং তৃতীয় স্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তালিকায় নিউইয়র্ক, নিউ জার্সি ও মিশিগানের একাধিক বিশ্ববিদ্যালয়ও জায়গা পেয়েছে।    ফোর্বসের প্রকাশিত  প্রতিবেদনে বলা হয়েছে, কলেজগুলোর সাবেক শিক্ষার্থীদের স্নাতক শেষের তিন, ছয়, ১০ ও ২০ বছর পরের আনুমানিক মধ্যম আয়ের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে প্রকৌশল, প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো এগিয়ে রয়েছে। তবে তালিকার ২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি ফোর্বসের সামগ্রিক সেরা ৫০০ কলেজের তালিকায় প্রথম ৫০টির বাইরে।   শীর্ষ পাঁচে রয়েছে এমআইটি, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বাবসন কলেজ। এ ছাড়া ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) ষষ্ঠ, হার্ভে মাড কলেজ সপ্তম এবং কার্নেগি মেলন ইউনিভার্সিটি অষ্টম স্থানে রয়েছে।   নিউইয়র্ক ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্যও তালিকাটি গুরুত্বপূর্ণ। নিউ জার্সির হোবোকেনের স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি চতুর্থ, নিউইয়র্কের ট্রয়ের রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) ১১তম, প্রিন্সটন ইউনিভার্সিটি ১৪তম এবং নিউইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটি ১৬তম স্থানে রয়েছে। নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি রয়েছে ১৮তম স্থানে। মিশিগানের ফ্লিন্টে অবস্থিত কেটারিং ইউনিভার্সিটি পেয়েছে ১৩তম স্থান।   বিশেষ করে কেটারিং ইউনিভার্সিটির অবস্থান তালিকায় আলোচনায় এসেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতি ১২ সপ্তাহ পরপর শ্রেণিকক্ষের পড়াশোনা থেকে বেতনভুক্ত কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। স্নাতক শেষ করার আগেই অনেক শিক্ষার্থী দুই বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন। তাঁদের কো-অপ কর্মসূচি থেকে সাধারণত ৬০ হাজার থেকে ৭৫ হাজার ডলার পর্যন্ত আয় হয়। বিশ্ববিদ্যালয়টি প্রায় ৬০০ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। ফোর্বসের হিসাবে, স্নাতকের ২০ বছর পর কেটারিংয়ের সাবেক শিক্ষার্থীদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৫৩ হাজার ৬৮২ ডলার।   আয়ের সময়কাল অনুযায়ী তালিকার অবস্থানেও পার্থক্য রয়েছে। এমআইটির সাবেক শিক্ষার্থীরা স্নাতকের তিন, ছয় ও ১০ বছর পর সর্বোচ্চ আনুমানিক মধ্যম আয় করেন। তবে ২০ বছর পরের হিসাবে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার শিক্ষার্থীরা এগিয়ে। তাঁদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৮৩ হাজার ৮১০ ডলার। অন্যদিকে ডার্টমাউথ কলেজ তিন বছর পরের আয়ের হিসাবে ২২তম হলেও ২০ বছর পরের হিসাবে উঠে এসেছে পঞ্চম স্থানে।   ফোর্বসের এ তালিকা এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্রে নতুন স্নাতকদের চাকরির বাজার কঠিন হয়ে উঠেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার কর্মক্ষেত্রে পরিবর্তন আনছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কলেজ স্নাতকদের বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশে নেমেছে। তবে তাঁদের মধ্যে ৪২ দশমিক ৫ শতাংশ নিজস্ব শিক্ষাগত যোগ্যতার তুলনায় কম যোগ্যতা প্রয়োজন এমন কাজে নিয়োজিত।   ফোর্বসের প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, উচ্চ বেতন মানেই কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিনিয়োগ সবচেয়ে লাভজনক—এমন নয়। টিউশন ফি, শিক্ষাঋণ এবং স্নাতক সম্পন্ন করার সম্ভাবনাও বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা জরুরি।   ফোর্বসের শীর্ষ ২৫ কলেজ   ১. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT) ২. ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ৩. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ৪. স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি ৫. বাবসন কলেজ ৬. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ৭. হার্ভে মাড কলেজ ৮. কার্নেগি মেলন ইউনিভার্সিটি ৯. ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউট ১০. রোজ-হালম্যান ইনস্টিটিউট অব টেকনোলজি ১১. রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট ১২. লেহাই ইউনিভার্সিটি ১৩. কেটারিং ইউনিভার্সিটি ১৪. প্রিন্সটন ইউনিভার্সিটি ১৫. হার্ভার্ড ইউনিভার্সিটি ১৬. কলাম্বিয়া ইউনিভার্সিটি ১৭. সান্তা ক্লারা ইউনিভার্সিটি ১৮. কর্নেল ইউনিভার্সিটি ১৯. ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজ ২০. বেন্টলি ইউনিভার্সিটি ২১. কলোরাডো স্কুল অব মাইনস ২২. ডিউক ইউনিভার্সিটি ২৩. ডার্টমাউথ কলেজ ২৪. জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ২৫. ইউনিভার্সিটি অব নটর ডেম   সূত্র: Forbes , Federal Reserve Bank of New York, U.S. Census Bureau

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৮
দীর্ঘদিন ধরে খাবারে ঘুম ও উদ্বেগের ওষুধ মেশানোর অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ আটক। ছবি: সংগৃহীত

লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ক্যালিফোর্নিয়ায় ৬১৭ জন আক্রান্ত, দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত এক নারী। ছবি: সংগৃহীত
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৬ সালে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন ম্যান্ডি বুড নামে এক নারী। গত দুই মাস ধরে তিনি পা নাড়াতে পারছেন না। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া এই নারীর ঘটনা ভাইরাসটির ভয়াবহতা নতুন করে সামনে এনেছে।   ফরাসি বার্তা সংস্থা এএফপির ২৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এক দশকেরও বেশি সময়ের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৪৫ জনের মৃত্যু নিয়ে ২০২৬ সাল অঙ্গরাজ্যটির ইতিহাসে এ ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর হয়ে উঠেছে।    মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক বুডের অসুস্থতার শুরু হয় গত সেপ্টেম্বরে। প্রথমে তাঁর নিতম্বে ব্যথা শুরু হয়। তিনি ভেবেছিলেন, এটি হয়তো সায়াটিকার সমস্যা। কিন্তু একপর্যায়ে তাঁর পা শরীরের ভার বহন করতে না পারায় তিনি পড়ে যান। পরে তাঁকে লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে চিকিৎসা চালিয়ে যান।   হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার সময় আবার দাঁড়ানোর চেষ্টা করছেন বুড। এএফপিকে তিনি বলেন, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’ নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’   বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকায় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এ বছর মে মাসেই প্রথম সংক্রমিত মশা শনাক্ত হয়, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দুই মাস আগের ঘটনা। জলবায়ু পরিবর্তন এবং উষ্ণ আবহাওয়ার কারণে মশাবাহিত রোগের বিস্তারও বাড়ছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের এক গবেষক।   ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সাধারণত ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।   যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। প্রায় ২০ শতাংশের ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, বমি বা ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এক শতাংশেরও কম আক্রান্তের ক্ষেত্রে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গুরুতর সংক্রমণ হতে পারে। এতে মস্তিষ্কের প্রদাহ, পেশির দুর্বলতা এমনকি পক্ষাঘাতও দেখা দিতে পারে।    এ ভাইরাস প্রতিরোধে মানুষের ব্যবহারের জন্য এখনো কোনো অনুমোদিত টিকা নেই। নির্দিষ্ট কোনো ওষুধও নেই। গুরুতর আক্রান্তদের হাসপাতালে রেখে উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। মশার কামড় এড়াতে রিপেলেন্ট ব্যবহার, বিশেষ করে ভোর ও সন্ধ্যায় সতর্ক থাকা এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।   জীবনের অধিকাংশ সময় ফ্লোরিডায় কাটিয়েছেন বুড। সেখানকার গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় মশার উপদ্রব তাঁর কাছে পরিচিত ছিল। তবে ক্যালিফোর্নিয়ার মনোরম আবহাওয়ায় এসে এমন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হবেন, তা কখনো ভাবেননি বলে জানান তিনি।   সূত্র: এএফপি   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:৯
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা,  বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন

যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন

নিউইয়র্কে সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ছবি: সংগৃহীত

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দারা ছুটির মৌসুমে নিজেদের মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৭ শতাংশ ব্যয় করেন। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর মধ্যে এ হার সবচেয়ে বেশি। দেশজুড়ে ছুটির মৌসুমের গড় ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের প্রায় ২১ শতাংশ।   সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান মানিলায়ন (MoneyLion) প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ছুটির মৌসুমের কেনাকাটা, ভ্রমণ ব্যয়, আয় ও ঋণের পরিস্থিতি বিশ্লেষণ করে গবেষণাটি তৈরি করা হয়েছে।    গবেষণা অনুযায়ী, মধ্যপশ্চিমাঞ্চলে মিশিগানের পরেই রয়েছে ইন্ডিয়ানা। অঙ্গরাজ্যটির বাসিন্দারা মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৫ শতাংশ ছুটির মৌসুমে ব্যয় করেন। অন্যদিকে মিনেসোটায় এ হার ১৮ দশমিক ১ শতাংশ, যা অঞ্চলটির মধ্যে সবচেয়ে কম।   কোন অঙ্গরাজ্যে ছুটির ব্যয়ের চাপ বেশি?   যুক্তরাষ্ট্রজুড়ে সবচেয়ে বেশি ব্যয়ের চাপ দেখা গেছে দক্ষিণাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে। এ তালিকায় শীর্ষে রয়েছে মিসিসিপি। অঙ্গরাজ্যটির বাসিন্দাদের ছুটির মৌসুমের ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের ২৬ দশমিক ৬ শতাংশ। এরপর রয়েছে কেনটাকি ২৫ দশমিক ৮ শতাংশ, ওয়েস্ট ভার্জিনিয়া ২৫ দশমিক ৬ শতাংশ এবং লুইজিয়ানা ২৫ দশমিক ২ শতাংশ।   অন্যদিকে সবচেয়ে কম ব্যয়ের হার নিউ হ্যাম্পশায়ারে, ১৭ শতাংশ। নিউ জার্সিতে এ হার ১৭ দশমিক ১ শতাংশ।   ছুটির খরচ নিয়ে উদ্বিগ্ন অধিকাংশ মার্কিন   মানিলায়নের আরেকটি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ মানুষ ছুটির মৌসুমের ব্যয় নিয়ে উদ্বিগ্ন। তরুণ প্রজন্মের মধ্যে এ উদ্বেগ আরও বেশি। জেনারেশন জেডের ৮২ শতাংশ এবং মিলেনিয়ালদের ৭৭ শতাংশ ছুটির খরচ নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন। বেবি বুমারদের মধ্যে এ হার ৫১ শতাংশ।   জরিপে অংশ নেওয়া ১৮ শতাংশ মার্কিন জানিয়েছেন, ছুটির মৌসুমের কেনাকাটার খরচ মেটাতে তাঁরা ক্রেডিট কার্ডের ঋণ নিতে প্রস্তুত। ফলে উৎসব ও ছুটির আনন্দের পাশাপাশি আর্থিক চাপও বাড়ছে অনেক পরিবারের।   কীভাবে তৈরি হয়েছে এই গবেষণা?   মানিলায়ন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক, শ্রম পরিসংখ্যান ব্যুরো, পিডব্লিউসি এবং ট্যাক্স ফাউন্ডেশনের তথ্য ব্যবহার করেছে। অঙ্গরাজ্যভিত্তিক জীবনযাত্রার ব্যয়, ভ্রমণ ও উপহার কেনার খরচ এবং মাসিক হাতে পাওয়া আয়ের সঙ্গে ছুটির ব্যয়ের তুলনা করা হয়েছে।   গবেষণার তথ্য ২০২৬ সালের ৫ অক্টোবর পর্যন্ত হালনাগাদ করা হয়েছে। এখানে ছুটির ব্যয়ের পরিমাণ প্রকৃত কেনাকাটার হিসাব নয়; বিভিন্ন অর্থনৈতিক উপাত্তের ভিত্তিতে তৈরি অনুমান।   গবেষণাটি বলছে, ছুটির মৌসুমে উপহার কেনা ও ভ্রমণের খরচ অনেক মার্কিন পরিবারের মাসিক বাজেটের বড় অংশ নিয়ে নিচ্ছে। বিশেষ করে যেসব অঙ্গরাজ্যে আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে ব্যবধান বেশি, সেখানে আর্থিক চাপ আরও প্রকট।   876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:৪৭
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক

যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল

নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...