যুক্তরাষ্ট্রে মৃত ঘোষণার সাড়ে পাঁচ ঘণ্টা পর হাসপাতালের মর্গে শ্বাস নিচ্ছিল শিশু, চিকিৎসা নিয়ে প্রশ্ন পরিবারের
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে হাসপাতালে মৃত ঘোষণার পাঁচ ঘণ্টারও বেশি সময় পর মর্গে জীবিত অবস্থায় পাওয়া এক শিশুর মা মুখ খুলেছেন। প্রায় ১৮ মাস বয়সী ভিনসেন্ট ফিওরদিলিনোকে গত ৮ ফেব্রুয়ারি একটি সুইমিং পুলে মুখ নিচের দিকে ভাসতে দেখে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলেও পরে মর্গ থেকে তার শ্বাস নেওয়ার বিষয়টি সামনে আসে। পুলিশের প্রতিবেদনে শিশুটিকে ভুলবশত মৃত ঘোষণা করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারিজোনার গিলবার্ট শহরে পরিবারের বাড়িতে সুপার বোল উপলক্ষে আয়োজন চলাকালে পুলে ভাসমান অবস্থায় ভিনসেন্টকে পাওয়া যায়। তাকে দ্রুত ডিগনিটি হেলথ মার্সি গিলবার্ট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক আরিয়ান তুসি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মা অ্যালেক্সাস ফিওরদিলিনো বলেন, চিকিৎসকের কথা বিশ্বাস করে তাকে ছেলের কাছ থেকে শেষ বিদায় নিতে হয়েছিল।
অ্যালেক্সাস জানান, চিকিৎসক তাকে বলেছিলেন, শিশুটির রক্তের অম্লতার মাত্রা এত বেশি যে তাকে ফিরিয়ে আনা গেলেও তার স্বাভাবিক জীবনযাপনের সম্ভাবনা খুব কম এবং সে কষ্ট পেতে পারে। তবে শিশুটিকে বিদায় জানানোর সময় পরিবারের সদস্যদের কারও কারও মনে হয়েছিল, সে তখনো শ্বাস নিচ্ছে। অ্যালেক্সাসের শাশুড়িও শিশুটিকে জড়িয়ে ধরে শ্বাস-প্রশ্বাসের মতো শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু হাসপাতালের কর্মীরা সেটিকে অস্বাভাবিক নয় বলে ব্যাখ্যা করেছিলেন বলে দাবি করেন তিনি।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে উপস্থিত শিশুটির মা-বাবা ছাড়াও দুই পুলিশ কর্মকর্তা তার মধ্যে শ্বাস নেওয়ার লক্ষণ আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে শিশুটিকে হাসপাতালের শীতল কক্ষে রাখা হয়, যেটি মর্গ হিসেবে ব্যবহৃত হয়। পাঁচ ঘণ্টারও বেশি সময় পর মারিকোপা কাউন্টির মেডিকেল পরীক্ষকের কার্যালয়ের কর্মীরা শিশুটির মরদেহ নিতে এসে তাকে শ্বাস নিতে দেখেন। এরপর তাকে দ্রুত ফিনিক্স চিলড্রেনস হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর ভিনসেন্টের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবার। তাদের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, হাসপাতালে চিকিৎসা শেষে এপ্রিলে ছাড়পত্র পাওয়ার পরও শিশুটির গুরুতর ও স্থায়ী মস্তিষ্কের ক্ষতি এবং স্নায়বিক জটিলতা রয়েছে। সে এখনো নিজে নিজে হাঁটতে পারে না এবং তার কথা বলার সক্ষমতাও ফিরে আসেনি। পরিবারের দাবি, পুলে ডুবে যাওয়ার ঘটনা ছাড়াও মর্গে দীর্ঘ সময় পড়ে থাকার কারণে তার শারীরিক ক্ষতি আরও বেড়ে থাকতে পারে।
শিশুটির চিকিৎসা ও মৃত্যুঘোষণার সিদ্ধান্ত নিয়ে চিকিৎসক তুসির ভূমিকা প্রশ্নবিদ্ধ করছে পরিবার। তাদের আইনজীবী জানিয়েছেন, হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে পরবর্তী সপ্তাহে মামলা করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, চিকিৎসকের আইনজীবী বলেছেন, তার মক্কেল শিশুটি ও তার পরিবারের প্রতি সহানুভূতিশীল এবং ভিনসেন্টের সুস্থতা কামনা করছেন। চলমান আইনি প্রক্রিয়া ও রোগীর গোপনীয়তার কারণে চিকিৎসার বিস্তারিত বিষয়ে মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি।
হাসপাতাল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিগনিটি হেলথ এক বিবৃতিতে ঘটনাটিকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছে। রোগীর গোপনীয়তার কথা জানিয়ে তারা চিকিৎসাসেবার বিস্তারিত নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, রোগীর নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
গিলবার্ট পুলিশ বিভাগ জানিয়েছে, তদন্তে চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ব্যবস্থা নেওয়ার মতো পর্যাপ্ত ভিত্তি পাওয়া যায়নি। তাই হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ পাঠানো হয়নি। তবে বিষয়টি পর্যালোচনার জন্য অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে শিশুটিকে যথাযথভাবে নজরদারিতে না রাখার অভিযোগে তার মা-বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনার সুপারিশ করেছিল পুলিশ। কিন্তু মারিকোপা কাউন্টির অ্যাটর্নি কার্যালয় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি। তদন্তে বাড়িতে শিশু-সুরক্ষার ব্যবস্থা এবং একাধিক প্রাপ্তবয়স্কের উপস্থিতির বিষয়ও উঠে আসে।
সূত্র: এবিসি নিউজ, এবিসি১৫ অ্যারিজোনা।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রজুড়ে বৃহস্পতিবার উদ্যাপিত হচ্ছে ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উৎসব। ঘরে ঘরে রোস্ট করা টার্কির সুবাস আর পরিবারের সদস্যদের মিলনমেলার এই দিনে এবার মার্কিন নাগরিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম। গবেষণা প্রতিষ্ঠান দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার সাধারণ থ্যাংকসগিভিং ভোজের খরচ বেড়েছে ১১ শতাংশ। থ্যাংকসগিভিংয়ের মূল আকর্ষণ টার্কির দাম গত বছরের এই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি আনুষঙ্গিক সব খাবারের দামই বেড়েছে দুই অঙ্কের ঘরে। দেড় পাউন্ডের এক ব্যাগ সবুজ শিমের (গ্রিন বিনস) দাম ৩৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ দশমিক ৯৯ ডলার থেকে ৪ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া পাঁচ পাউন্ডের রাসেট আলুর দাম ৬ দশমিক ৮ শতাংশ এবং আপেল পাই তৈরিতে ব্যবহৃত তিন পাউন্ড গ্র্যানি স্মিথ আপেলের দাম ১০ দশমিক ২ শতাংশ বেড়েছে। দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের প্রধান অর্থনীতিবিদ কাইল মুর এক বিবৃতিতে বলেন, থ্যাংকসগিভিং মূলত টেবিলের চারপাশে সবাইকে নিয়ে একসঙ্গে বসার উৎসব, কিন্তু এ বছর অনেক পরিবারকেই হিসাব কষতে হচ্ছে তারা কতজন অতিথিকে খাওয়ানোর সামর্থ্য রাখে। আমেরিকান ফার্ম ব্যুরোর পূর্বাভাস অনুযায়ী, ১০ জনের একটি ভোজের খরচ ৬ শতাংশ বাড়ছে, যা ২০২২ সালের রেকর্ড মূল্যবৃদ্ধির পর প্রথম। দাম বাড়ার কারণে অনেকেই পুরোনো প্রথায় পরিবর্তন আনছেন। নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা স্যাম ব্রেভারম্যান জানান, আগে তাঁর মা একাই পুরো আয়োজনের খরচ বহন করতেন। কিন্তু এবার খরচ ১৩০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা যে যার মতো খাবার তৈরি করে নিয়ে আসার (পটলাক) সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, ক্রেতাদের স্বস্তি দিতে ব্রুকলিনের গ্রিন ভ্যালি মুদিদোকানের মালিক বারিস আভসি জানান, মানুষের কষ্টের কথা ভেবে তিনি ডিম, দুধ ও চিনির মতো জরুরি পণ্যগুলো প্রায় কেনা দামে বিক্রি করছেন। তবে ওয়ালমার্টের মতো বড় রিটেইল চেইনগুলো ১০ জনের পূর্ণাঙ্গ হলিডে মিল প্যাকেজে গত বছরের তুলনায় ১২ শতাংশ ছাড় দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থা জ্বালানি ও সারের দাম বাড়িয়ে দিয়েছে। বসন্তকালীন চাষাবাদের মৌসুমে ইউরিয়া সারের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে সুপারমার্কেটের পণ্যে। এ ছাড়া স্টিলের ওপর শুল্ক আরোপের ফলে টিনজাত খাবারের দামও বেড়েছে। ক্যাম্বেলস স্যুপ জানিয়েছে, তারা তাদের ৬০ শতাংশ পণ্যের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়াচ্ছে। উৎসবের খরচ মেটাতে গিয়ে বড় ধরনের আর্থিক চাপে পড়েছেন মার্কিনিরা। অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠান লেন্ডিংট্রির এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার যাঁরা ভোজের আয়োজন করছেন, তাঁদের এক-তৃতীয়াংশই তীব্র আর্থিক চাপে আছেন। আয়োজকদের প্রায় ৬২ শতাংশই উৎসবের খরচ মেটাতে ঋণ নেওয়ার কথা ভাবছেন। এর মধ্যে ১৮ শতাংশ মানুষ ‘বাই নাউ, পে লেটার’ (বিএনপিএল) বা পরে পরিশোধের শর্তে কেনাকাটার ঋণের আশ্রয় নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আগস্টের এক প্রতিবেদনে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষ, তরুণ এবং কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে এ ধরনের ঋণ নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। খরচ বাড়ায় এবার থ্যাংকসগিভিংয়ে ভ্রমণের প্রবণতাও কিছুটা কমেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস অনুযায়ী, এবার ৮ কোটি ১৬ লাখের বেশি মানুষ ভ্রমণ করবেন, যা গত বছরের তুলনায় ১ লাখ ২১ হাজার কম। টানা তিন বছর ভ্রমণকারীর সংখ্যা বাড়ার পর এবারই প্রথম তা কমল। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিএনওর তথ্যমতে, প্রতি ১০ জনের মধ্যে ৭ জন মার্কিন নাগরিকই এবার ছুটিতে কোথাও ভ্রমণ না করার পরিকল্পনা করছেন। বর্তমানে প্রতি গ্যালন জ্বালানি তেলের গড় দাম ৩ দশমিক ৬১ ডলার, যা গত বছরের এই সময়ের (৩ দশমিক ০৬ ডলার) চেয়ে বেশি। অন্যদিকে, ভ্রমণবিষয়ক ওয়েবসাইট হপারের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া ৩১ শতাংশ বেড়ে গড়ে ৪০২ ডলারে পৌঁছেছে, যা গত এক দশকের মধ্যে থ্যাংকসগিভিং মৌসুমে সর্বোচ্চ। সূত্র: আল-জাজিরা 873 ডিএন
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা
লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ‘কিং টাইডস’ নামে পরিচিত বছরের সর্বোচ্চ জোয়ারের প্রভাবে ক্যালিফোর্নিয়ার কয়েকটি উপকূলীয় এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ফ্লোরিডাসহ পূর্ব উপকূলের কয়েকটি এলাকাতেও পানি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। কিছু এলাকায় কয়েক দশকের পুরোনো জোয়ারের রেকর্ড ভাঙারও আশঙ্কা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স লোকালের প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকসগিভিং সপ্তাহে দুই উপকূলেই জোয়ারের উচ্চতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। বিশেষ করে সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অন্তত ২ দশমিক ৮ ফুট বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। সান ফ্রান্সিসকোতে সর্বোচ্চ জোয়ারের আগের রেকর্ড ছিল ১৯৮৩ সালের ২৭ জানুয়ারি, যখন পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৯ ফুট বেশি উঠেছিল। নতুন পূর্বাভাস সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা তৈরি করেছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টি ও কোর্টে মাদেরার কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। হুমবোল্ট কাউন্টিতে বন্যার কারণে কয়েকটি উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম উপকূলের পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন ও ওরেগনের উপকূলীয় এলাকায় থ্যাংকসগিভিং পর্যন্ত উচ্চ জোয়ার, শক্তিশালী বাতাস ও বড় ঢেউয়ের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার ২০ থেকে ৩০ ফুট উঁচু ঢেউয়ের সতর্কতাও দেওয়া হয়েছিল। উচ্চ জোয়ারের কারণে ওয়াশিংটন স্টেট ফেরির কয়েকটি যাত্রাও বাতিল করা হয়েছে। অন্যদিকে, ফ্লোরিডার পাম বিচ থেকে মায়ামি পর্যন্ত আটলান্টিক উপকূলে বুধবার ও বৃহস্পতিবার সকালে জোয়ারের কারণে বন্যার আশঙ্কা রয়েছে। কয়েক দিন আগে দক্ষিণ ও মধ্য ফ্লোরিডার কিছু এলাকায় ধীরগতির ঝড়ের কারণে ১৭ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছিল। ফলে নতুন করে জোয়ারের পানি বাড়লে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি আরও জটিল হতে পারে। এ ছাড়া ফ্লোরিডার সেন্ট জনস নদী গত সপ্তাহে ১৯৫৩ সালের বন্যার রেকর্ড ভেঙেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নদীটির পানি বন্যাসীমার অন্তত ২ ফুট ওপরে থাকতে পারে। কেন হয় কিং টাইডস? কিং টাইডস বলতে বছরের কোনো নির্দিষ্ট এলাকায় দেখা দেওয়া অস্বাভাবিক উচ্চ জোয়ারকে বোঝায়। এটি কোনো বৈজ্ঞানিক পরিভাষা নয়। সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় একই সরলরেখায় এলে তাদের সম্মিলিত মহাকর্ষীয় আকর্ষণে সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় ওঠে। পূর্ণিমা ও অমাবস্যার সময় এ ধরনের জোয়ারের প্রভাব আরও বেশি দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ বছর চলমান সুপার এল নিনোর কারণে সমুদ্রের পানির স্বাভাবিক উচ্চতা বেড়ে যাওয়ায় কিং টাইডসের প্রভাব আরও তীব্র হয়েছে। দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও উপকূলীয় বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। উচ্চ জোয়ারের সময় ঝড়, শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাত একসঙ্গে হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।আবহাওয়া দপ্তর উপকূলীয় বাসিন্দাদের স্থানীয় সতর্কতা অনুসরণ, উঁচু ঢেউয়ের সময় সমুদ্রসৈকত, পিয়ার ও পাথুরে এলাকায় যাওয়া থেকে বিরত থাকা এবং প্লাবিত সড়কে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে। সংবাদ সূত্র LiveNOW from FOX 876TR
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
থ্যাংকসগিভিং উৎসবের আগে শিকাগোর একটি খাদ্য সহায়তা প্রতিষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। সেখানে তাঁরা শুধু অতিথি হিসেবে যাননি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিজেরাই পরিবারের জন্য খাবারের বাক্স প্রস্তুত করেছেন। বুধবার (২৫ নভেম্বর) শিকাগোর এনগলউড এলাকার ‘ডিওনস শিকাগো ড্রিম’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানে যান ওবামা দম্পতি। সেখানে তাঁরা প্রতিষ্ঠানের কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাজা ফল ও সবজি প্যাকেট করার কাজে অংশ নেন। এসব খাবার থ্যাংকসগিভিংয়ের আগে শিকাগোর বিভিন্ন পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা। প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে শিকাগোর প্রায় ৫ হাজার ৪০০ মানুষের কাছে তাজা ফল ও সবজি পৌঁছে দেয়। খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০২০ সালে একটি কমিউনিটি ফ্রিজের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন ডিওন ডসন। বর্তমানে এটি একটি বড় খাদ্য সহায়তা কার্যক্রমে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডিওন ডসন জানান, ওবামা দম্পতির আসার খবর তিনি মাত্র এক ঘণ্টা আগে পেয়েছিলেন। তাঁদের আকস্মিক উপস্থিতিতে কর্মী ও স্বেচ্ছাসেবকেরা আনন্দিত ও বিস্মিত হন। খাবার প্যাকেট করার সময় বারাক ওবামা ও মিশেল ওবামা নিজেদের জীবনের অভিজ্ঞতা নিয়েও মজার কথাবার্তা বলেন। তাঁদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে খাদ্য সহায়তা কার্যক্রম চলছে। এমন সময়ে সাবেক প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর সরাসরি স্বেচ্ছাসেবায় অংশ নেওয়াকে স্থানীয় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংবাদসূত্র: এবিসি৭ শিকাগো।874 এসকিউ
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক

