পরিবারসহ স্বাস্থ্যবিমায় বছরে গুনতে হচ্ছে ৭ হাজার ৪৭১ ডলার, বাড়ছে মার্কিন কর্মীদের ব্যয়
যুক্তরাষ্ট্রে চাকরিদাতার মাধ্যমে স্বাস্থ্যবিমা নেওয়া কর্মীদের খরচ আরও বেড়েছে। ২০২৬ সালে পরিবারসহ স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের জন্য কর্মীদের গড়ে বছরে ৭ হাজার ৪৭১ ডলার দিতে হচ্ছে। গত বছরের তুলনায় এই ব্যয় বেড়েছে ৬২১ ডলার, অর্থাৎ প্রায় ৯ শতাংশ। বিশেষ করে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা বেশি চাপে পড়েছেন। এসব প্রতিষ্ঠানে কর্মীদের নিজেদের পকেট থেকে বিমার খরচের বড় অংশ বহন করতে হয়।
স্বাস্থ্যনীতি নিয়ে গবেষণাকারী অলাভজনক প্রতিষ্ঠান কেএফএফের (KFF) নতুন এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। ২২ অক্টোবর প্রকাশিত ২০২৬ সালের নিয়োগকর্তা-প্রদত্ত স্বাস্থ্যসুবিধা জরিপে দেখা গেছে, স্বাস্থ্যবিমার সামগ্রিক ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে কর্মী ও নিয়োগকর্তা—উভয়ের ওপরই আর্থিক চাপ বাড়ছে। তবে ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই চাপ তুলনামূলক বেশি।
যুক্তরাষ্ট্রে অবসর গ্রহণের বয়সের নিচে থাকা প্রায় ১৫ কোটি ৭০ লাখ মানুষ নিয়োগকর্তার মাধ্যমে স্বাস্থ্যবিমার সুবিধা পান। তাঁদের জন্য এই বিমা চিকিৎসার ব্যয় সামলানোর গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু বিমার খরচ বাড়তে থাকায় কর্মীদের হাতে থাকা অর্থের ওপর চাপ তৈরি হচ্ছে। কেএফএফের জরিপ অনুযায়ী, ২০২৬ সালে পরিবারসহ স্বাস্থ্যবিমার মোট বার্ষিক প্রিমিয়াম গড়ে ২৮ হাজার ৩০৩ ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। এই মোট খরচের একটি অংশ কর্মীরা দেন, আর বাকি অংশ বহন করেন
নিয়োগকর্তারা।
কেএফএফের স্বাস্থ্যসেবা বাজারবিষয়ক কর্মসূচির সহযোগী পরিচালক ম্যাথিউ রে বলেন, এ বছর কর্মীদের বিমার জন্য আগের চেয়ে বেশি অর্থ দিতে হচ্ছে। এর ফলে স্বাস্থ্যসেবা কতটা সাশ্রয়ী থাকছে, সেই প্রশ্নও সামনে আসছে।
ছোট প্রতিষ্ঠানে ব্যয়ের চাপ আরও স্পষ্ট। জরিপে দেখা গেছে, ১০ থেকে ৯৯ জন কর্মী রয়েছে এমন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে পরিবারসহ স্বাস্থ্যবিমার জন্য কর্মীদের গড় বার্ষিক অবদান ২০২৬ সালে বেড়ে ৯ হাজার ৬৮৭ ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালে এই অঙ্ক ছিল প্রায় ৮ হাজার ৯০০ ডলার। বিপরীতে, ২০০ বা তার বেশি কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানে কর্মীদের গড় অবদান এ বছর ৬ হাজার ৮৪০ ডলার, যা গত বছর ছিল প্রায় ৬ হাজার ২০০ ডলার।
অর্থাৎ, বড় প্রতিষ্ঠানের কর্মীদের তুলনায় ছোট প্রতিষ্ঠানের কর্মীদের নিজেদের পকেট থেকে বছরে উল্লেখযোগ্য পরিমাণ বেশি অর্থ দিতে হচ্ছে। ছোট প্রতিষ্ঠানের কর্মীরা পরিবারসহ স্বাস্থ্যবিমার মোট প্রিমিয়ামের গড়ে ৩৭ শতাংশ বহন করেন। বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই হার ২৫ শতাংশ। ছোট প্রতিষ্ঠানের প্রায় ৩২ শতাংশ কর্মী এমন বিমা পরিকল্পনায় রয়েছেন, যেখানে পরিবারের বিমার অর্ধেকেরও বেশি খরচ তাঁদের দিতে হয়। বড় প্রতিষ্ঠানে এই হার মাত্র ৬ শতাংশ।
যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের হিসাব অনুযায়ী, দেশটিতে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ৬ কোটি ২৩ লাখ মানুষ কাজ করেন। বেসরকারি খাতের মোট কর্মীর প্রায় ৪৫ দশমিক ৯ শতাংশই এসব প্রতিষ্ঠানে নিয়োজিত। ফলে ছোট ব্যবসার স্বাস্থ্যবিমার খরচ বেড়ে যাওয়া বিপুলসংখ্যক কর্মী ও তাঁদের পরিবারের ওপর প্রভাব ফেলতে পারে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন জেনা ক্যালিগারিস। তাঁর প্রতিষ্ঠানে প্রায় ২৫ জন কর্মী রয়েছেন। তিনি জানান, কর্মীদের জন্য স্বাস্থ্যবিমার ব্যবস্থা চালু রাখা নিয়ে তাঁকে নিয়মিত উদ্বেগের মধ্যে থাকতে হয়। তাঁর ব্যবসায় দক্ষ কর্মীদের ধরে রাখতে প্রতিযোগিতা করতে হয়। তাই কর্মীদের ওপর বিমার অতিরিক্ত খরচ চাপিয়ে দিতে চান না তিনি।
প্রতিষ্ঠানটি ইউনিয়নভুক্ত নন এমন কর্মীদের স্বাস্থ্যবিমার খরচের ৮০ শতাংশ বহন করে। বাকি অর্থ দেন কর্মীরা। ব্যয় সামলাতে প্রতিষ্ঠানটি পুরোনো গাড়ি ও যন্ত্রপাতি আরও দীর্ঘদিন ব্যবহার করছে, বছরের শেষে কর্মীদের বোনাস কমিয়েছে এবং বার্ষিক কোম্পানি পিকনিকও বন্ধ করেছে।
ক্যালিগারিসের ভাষায়, কর্মীদের বিমা সুবিধা বজায় রেখে ব্যবসায় প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে প্রতিষ্ঠানটিকে বাড়তি খরচের বোঝা নিজেরাই বহন করার চেষ্টা করতে হচ্ছে। গত তিন বছরে ব্যয় কমানোর জন্য তাঁদের প্রতিষ্ঠান একাধিকবার বিমা সরবরাহকারী প্রতিষ্ঠান পরিবর্তন করেছে। তারপরও এ বছর প্রিমিয়াম ২৫ শতাংশ বেড়েছে বলে জানান তিনি।
কেএফএফের ম্যাথিউ রে বলেন, ছোট প্রতিষ্ঠানগুলো সাধারণত বড় কোম্পানির তুলনায় বেশি ডিডাক্টিবল বা বিমা সুবিধা কার্যকর হওয়ার আগে কর্মীদের নিজস্ব অর্থ থেকে পরিশোধ করতে হয়—এমন খরচের মুখে পড়ে। এ ছাড়া ছোট প্রতিষ্ঠানের জন্য স্বাস্থ্যবিমার বাজারে খরচের ওঠানামাও বেশি অনিশ্চিত।
স্বাস্থ্যবিমার ব্যয় বৃদ্ধি এখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। অক্টোবরে পরিচালিত এক এপি-নরক জরিপে নিবন্ধিত ভোটারদের প্রায় ১০ জনে সাতজন বলেছেন, আসন্ন নির্বাচনে স্বাস্থ্যসেবা তাঁদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। জীবনযাত্রার ব্যয়, চিকিৎসার খরচ এবং পরিবারের বাজেট সামলানোর বিষয়গুলোও ভোটারদের উদ্বেগের কেন্দ্রে রয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্যসেবার খরচ কমানোকে তাঁর নির্বাচনী বার্তার অংশ করেছেন। তিনি ওষুধের দাম কমানোর উদ্যোগ এবং কিছু আমেরিকানের জন্য অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতির কথা বলেছেন। তবে তাঁর প্রশাসনের নেওয়া অন্য কিছু নীতিগত পদক্ষেপের কারণে কিছু মানুষের স্বাস্থ্যবিমার খরচ বেড়েছে বলে সমালোচনা রয়েছে। নতুন জরিপেও দেখা যাচ্ছে, অনেক কর্মী বেশি অর্থ ব্যয় করলেও স্বাস্থ্যবিমার সুবিধায় তেমন উন্নতি দেখতে পাচ্ছেন না।
২০২৬ সালের এই জরিপে ১০ বা তার বেশি কর্মী রয়েছে এমন প্রায় ১ হাজার ৯০০টি বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানের তথ্য নেওয়া হয়েছে। এতে উঠে আসা চিত্র বলছে, স্বাস্থ্যবিমার খরচ বাড়ার চাপ শুধু কর্মীদের ব্যক্তিগত বাজেটেই সীমাবদ্ধ নেই; কর্মীদের সুবিধা ধরে রাখতে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকেও অন্য ব্যয় কমানোর কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ। পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়। এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন। ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি। সূত্র: ফক্স ১৩ নিউজ 871 এসএ
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ। টেক্সাসে মুনাফা কম কেন? স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে। হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে। তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ। দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে। তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে। সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। জাতীয় ছুটির কারণে দেশজুড়ে অধিকাংশ বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, সুপারমার্কেট, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেশ কিছু মুদি দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ সীমিত সময়ের জন্য খোলা থাকছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যালডি, পাবলিক্স ও ট্রেডার জোসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান থ্যাংকসগিভিং উপলক্ষে তাদের সব স্টোর বন্ধ রেখেছে। অন্যদিকে কিছু সুপারমার্কেট ও ওষুধের দোকান পরিবর্তিত সময়সূচিতে কার্যক্রম চালাচ্ছে। যেসব দোকান খোলা থাকছে থ্যাংকসগিভিংয়ে সীমিত সময়ের জন্য খোলা থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ক্রোগার: বিকেল ৫টা পর্যন্ত খোলা; ফার্মেসি ও ক্লিনিক বন্ধ। - জায়ান্ট ইগল: বিকেল ৩টা পর্যন্ত। - হ্যারিস টিটার: দুপুর ২টা পর্যন্ত। - ওয়েগম্যানস: অধিকাংশ স্টোর বিকেল ৪টা পর্যন্ত। - হোল ফুডস: অধিকাংশ স্টোর পরিবর্তিত সময়সূচিতে খোলা। - স্প্রাউটস ফার্মার্স মার্কেট: সকাল ৭টা থেকে দুপুর ২টা। - অ্যালবার্টসনস ও সেফওয়ে: অধিকাংশ স্টোর সীমিত সময়ের জন্য খোলা। - ওয়ালগ্রিনস: সব স্টোর খোলা; অধিকাংশ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। - সিভিএস: অধিকাংশ স্টোর খোলা থাকলেও সময়সূচি ও ফার্মেসির কার্যক্রমে পরিবর্তন রয়েছে। - ডলার জেনারেল: সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়া ডানকিনের দোকান এবং ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের অধিকাংশ শাখা খোলা থাকছে। তবে ফ্র্যাঞ্চাইজিভেদে সময়সূচি আলাদা হতে পারে। যেসব দোকান বন্ধ থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ওয়ালমার্ট - টার্গেট - কস্টকো - অ্যালডি - পাবলিক্স - ট্রেডার জো - লিডল - বেস্ট বাই - হোম ডিপো - লোওস - ম্যাসিস - কোহলস - অ্যাপল স্টোর - জেসি পেনি এ ছাড়া টিজে ম্যাক্স, মার্শালস, আইকিয়া ও পেটকোর স্টোরও বন্ধ রয়েছে। ব্যাংক, ডাকঘর ও শেয়ারবাজারের কার্যক্রম থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। চেজ, ওয়েলস ফার্গো ও ব্যাংক অব আমেরিকার শাখাও বন্ধ। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে। ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) ডাকঘরগুলোও বন্ধ রয়েছে। নিয়মিত ডাক ও চিঠি বিতরণ শুক্রবার থেকে আবার শুরু হবে। ইউপিএস ও ফেডেক্সের সাধারণ প্যাকেজ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও আজ বন্ধ। এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাক বন্ধ রয়েছে। শুক্রবার উভয় শেয়ারবাজার আবার চালু হবে, তবে ওই দিন লেনদেন শেষ হবে দুপুর ১টায় (ইস্টার্ন টাইম)। ব্ল্যাক ফ্রাইডেতে আবার খুলবে বড় স্টোরগুলো থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আবার খুলবে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওয়ালমার্ট ও টার্গেটের স্টোর সকাল ৬টায় খুলবে। বেস্ট বাইও সকাল ৬টায় কার্যক্রম শুরু করবে। কস্টকোর এক্সিকিউটিভ সদস্যরা সকাল ৯টা থেকে এবং অন্য সদস্যরা সকাল ১০টা থেকে কেনাকাটা করতে পারবেন। কোহলস খুলবে সকাল ৫টায়। তবে প্রতিষ্ঠান ও অঞ্চলভেদে সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট স্টোরের ওয়েবসাইট কিংবা স্থানীয় শাখার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসূত্র ওয়েশ ২ নিউজ 876TR
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড
নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

