সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

সাইবারট্রাককে বিদায় জানাচ্ছে টেসলা, নতুন পরিকল্পনা জানালেন ইলন মাস্ক

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ৭, ২০২৬ ০:২৬
আলোচিত সাইবারট্রাকের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছেন টেসলা সিইও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
আলোচিত সাইবারট্রাকের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছেন টেসলা সিইও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার আলোচিত সাইবারট্রাকের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। আগামী বছরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত গিগাফ্যাক্টরিতে সাইবারট্রাকের উৎপাদন ধাপে ধাপে বন্ধ করা হবে। এর পরিবর্তে চালকবিহীন সাইবারক্যাবের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে টেসলা। গাড়ি নির্মাণের পাশাপাশি রোবটিকস ও স্বয়ংক্রিয় প্রযুক্তির দিকে কোম্পানিটির মনোযোগ বাড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

শুক্রবার (৬ নভেম্বর) ইয়াহু ফাইন্যান্সের প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা নিশ্চিত করেছেন ইলন মাস্ক। তিনি জানান, ২০২৭ সালের মাঝামাঝি টেক্সাসের গিগাফ্যাক্টরিতে সাইবারট্রাকের উৎপাদন গুটিয়ে নেওয়া হবে। কারখানাটিতে সাইবারক্যাবের উৎপাদন বাড়ানোর জন্য জায়গা তৈরি করতেই এই সিদ্ধান্ত।

 

২০১৯ সালে প্রথম সাইবারট্রাক উন্মোচন করে টেসলা। ব্যতিক্রমী নকশা, স্টেইনলেস স্টিলের বডি এবং ভবিষ্যৎ প্রযুক্তির প্রতিশ্রুতির কারণে গাড়িটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় আসে। সে সময় মাস্ক জানিয়েছিলেন, সাইবারট্রাকের চাহিদা প্রত্যাশার চেয়েও অনেক বেশি। কোম্পানিটি একপর্যায়ে ১০ লাখের বেশি প্রি-অর্ডার পাওয়ার কথাও জানিয়েছিল।

 

তবে বাস্তবে সেই আগ্রহ বিক্রিতে রূপ নেয়নি। কক্স অটোমোটিভের কেলি ব্লু বুকের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে বাজারে আসার পর থেকে সাইবারট্রাকের মোট বিক্রি হয়েছে আনুমানিক ৭১ হাজার ইউনিট। অথচ টেক্সাসের কারখানায় বছরে আড়াই লাখ সাইবারট্রাক উৎপাদনের সক্ষমতা তৈরি করেছিল টেসলা। পরিকল্পিত উৎপাদন সক্ষমতার তুলনায় গাড়িটির বিক্রি অনেক কম ছিল।

 

সাইবারট্রাক বাজারে আনার সময় সবচেয়ে সাশ্রয়ী সংস্করণের দাম ৪০ হাজার ডলারের নিচে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্ক। পাশাপাশি উচ্চমূল্যের সংস্করণে একবার চার্জে সর্বোচ্চ ৫০০ মাইল চলার সক্ষমতার কথাও বলা হয়েছিল। কিন্তু বাজারে আসার পর গাড়িটির দাম ও রেঞ্জ কোনোটিই প্রাথমিক প্রতিশ্রুতি অনুযায়ী হয়নি।

 

প্রথমদিকে ২০২১ সালের শেষ নাগাদ সাইবারট্রাক বাজারে আনার পরিকল্পনা থাকলেও নকশা চূড়ান্ত করা, বড় আকারের স্টেইনলেস স্টিলের বডি তৈরি এবং করোনা মহামারির কারণে উৎপাদন পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ২০২৩ সালে গাড়িটির বিক্রি শুরু হয়। এখন ২০২৭ সালের মাঝামাঝি উৎপাদন বন্ধ হলে বাজারে আসার প্রায় চার বছরের মধ্যেই সাইবারট্রাকের উৎপাদন কার্যক্রম শেষ হবে।

 

সাইবারট্রাকের পরিবর্তে টেসলা গুরুত্ব দিচ্ছে সাইবারক্যাব প্রকল্পে। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলার জন্য পরিকল্পিত একটি গাড়ি, যেখানে প্রচলিত স্টিয়ারিং হুইল কিংবা প্যাডেল নেই। মূলত রোবট্যাক্সি ও চালকবিহীন যাত্রী পরিবহন সেবার জন্য গাড়িটি তৈরি করছে টেসলা। কোম্পানিটির পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে সাধারণ ক্রেতাদের কাছেও সাইবারক্যাব বিক্রি করা হতে পারে।

 

এর আগে টেসলার জনপ্রিয় মডেল এস সেডান ও মডেল এক্স এসইউভির উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় মাস্ক জানিয়েছিলেন, ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্ট কারখানায় এসব গাড়ির উৎপাদনের জায়গা ব্যবহার করা হবে অপটিমাস হিউম্যানয়েড রোবট তৈরির জন্য।

 

পরপর কয়েকটি গাড়ির মডেল বন্ধের সিদ্ধান্তে টেসলার ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল আরও স্পষ্ট হচ্ছে। প্রতিষ্ঠানটি প্রচলিত বৈদ্যুতিক গাড়ি নির্মাণের পাশাপাশি এআই, রোবটিকস, সফটওয়্যার এবং স্বয়ংক্রিয় পরিবহন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে।

 

তবে এই পরিবর্তন নিয়ে গাড়িপ্রেমী ও টেসলার কিছু গ্রাহকের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। বিশেষ করে যাঁরা নিজেরা গাড়ি চালাতে পছন্দ করেন, তাঁদের কাছে কোম্পানিটির ভবিষ্যৎ গাড়ির মডেল ও উৎপাদন পরিকল্পনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

 

সাইবারট্রাকের উৎপাদন বন্ধ হলে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক পিকআপ ট্রাকের বাজারেও পরিবর্তন আসবে। বর্তমানে রিভিয়ানের আর১টি এবং জেনারেল মোটরসের শেভরোলেট সিলভেরাডো ইভি ও জিএমসি সিয়েরা ইভির মতো গাড়ি এই বাজারে রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি প্রতিষ্ঠান নতুন বৈদ্যুতিক পিকআপ বাজারে আনার পরিকল্পনা করছে।

 

বিশ্লেষকদের মতে, সাইবারট্রাক বন্ধের পরিকল্পনা টেসলার ব্যবসায়িক অগ্রাধিকারে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একসময় ব্যতিক্রমী বৈদ্যুতিক গাড়ি দিয়ে বাজারে আলোড়ন তৈরি করা প্রতিষ্ঠানটি এখন চালকবিহীন পরিবহন ও রোবট প্রযুক্তিকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখছে।

 

সূত্র: ইয়াহু ফাইন্যান্স


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
দীর্ঘদিন ধরে খাবারে ঘুম ও উদ্বেগের ওষুধ মেশানোর অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ আটক। ছবি: সংগৃহীত
লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ।   পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ।   তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়।   এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন।   ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।   হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি।   সূত্র: ফক্স ১৩ নিউজ   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৩
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ক্যালিফোর্নিয়ায় ৬১৭ জন আক্রান্ত, দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত এক নারী। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা

যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা,  বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন

যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ।   যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়।   প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ।   অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ।   টেক্সাসে মুনাফা কম কেন?   স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে।   হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে।   তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে।   যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা   অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ।   দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে।   তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে।   সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:২৬
নিউইয়র্কে সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ছবি: সংগৃহীত

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক

যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। জাতীয় ছুটির কারণে দেশজুড়ে অধিকাংশ বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, সুপারমার্কেট, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেশ কিছু মুদি দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ সীমিত সময়ের জন্য খোলা থাকছে।   মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের  প্রতিবেদন অনুযায়ী, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যালডি, পাবলিক্স ও ট্রেডার জোসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান থ্যাংকসগিভিং উপলক্ষে তাদের সব স্টোর বন্ধ রেখেছে। অন্যদিকে কিছু সুপারমার্কেট ও ওষুধের দোকান পরিবর্তিত সময়সূচিতে কার্যক্রম চালাচ্ছে।   যেসব দোকান খোলা থাকছে   থ্যাংকসগিভিংয়ে সীমিত সময়ের জন্য খোলা থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:   - ক্রোগার: বিকেল ৫টা পর্যন্ত খোলা; ফার্মেসি ও ক্লিনিক বন্ধ। - জায়ান্ট ইগল: বিকেল ৩টা পর্যন্ত। - হ্যারিস টিটার: দুপুর ২টা পর্যন্ত। - ওয়েগম্যানস: অধিকাংশ স্টোর বিকেল ৪টা পর্যন্ত। - হোল ফুডস: অধিকাংশ স্টোর পরিবর্তিত সময়সূচিতে খোলা। - স্প্রাউটস ফার্মার্স মার্কেট: সকাল ৭টা থেকে দুপুর ২টা। - অ্যালবার্টসনস ও সেফওয়ে: অধিকাংশ স্টোর সীমিত সময়ের জন্য খোলা। - ওয়ালগ্রিনস: সব স্টোর খোলা; অধিকাংশ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। - সিভিএস: অধিকাংশ স্টোর খোলা থাকলেও সময়সূচি ও ফার্মেসির কার্যক্রমে পরিবর্তন রয়েছে। - ডলার জেনারেল: সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত।   এ ছাড়া ডানকিনের দোকান এবং ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের অধিকাংশ শাখা খোলা থাকছে। তবে ফ্র্যাঞ্চাইজিভেদে সময়সূচি আলাদা হতে পারে।   যেসব দোকান বন্ধ   থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:   - ওয়ালমার্ট - টার্গেট - কস্টকো - অ্যালডি - পাবলিক্স - ট্রেডার জো - লিডল - বেস্ট বাই - হোম ডিপো - লোওস - ম্যাসিস - কোহলস - অ্যাপল স্টোর - জেসি পেনি   এ ছাড়া টিজে ম্যাক্স, মার্শালস, আইকিয়া ও পেটকোর স্টোরও বন্ধ রয়েছে।   ব্যাংক, ডাকঘর ও শেয়ারবাজারের কার্যক্রম   থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। চেজ, ওয়েলস ফার্গো ও ব্যাংক অব আমেরিকার শাখাও বন্ধ। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে।   ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) ডাকঘরগুলোও বন্ধ রয়েছে। নিয়মিত ডাক ও চিঠি বিতরণ শুক্রবার থেকে আবার শুরু হবে। ইউপিএস ও ফেডেক্সের সাধারণ প্যাকেজ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও আজ বন্ধ।   এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাক বন্ধ রয়েছে। শুক্রবার উভয় শেয়ারবাজার আবার চালু হবে, তবে ওই দিন লেনদেন শেষ হবে দুপুর ১টায় (ইস্টার্ন টাইম)।   ব্ল্যাক ফ্রাইডেতে আবার খুলবে বড় স্টোরগুলো   থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আবার খুলবে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওয়ালমার্ট ও টার্গেটের স্টোর সকাল ৬টায় খুলবে। বেস্ট বাইও সকাল ৬টায় কার্যক্রম শুরু করবে। কস্টকোর এক্সিকিউটিভ সদস্যরা সকাল ৯টা থেকে এবং অন্য সদস্যরা সকাল ১০টা থেকে কেনাকাটা করতে পারবেন। কোহলস খুলবে সকাল ৫টায়।   তবে প্রতিষ্ঠান ও অঞ্চলভেদে সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট স্টোরের ওয়েবসাইট কিংবা স্থানীয় শাখার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসূত্র  ওয়েশ ২ নিউজ 876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:৩৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল

নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...