খ্রিষ্টান পরিবারে জন্ম, ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম মুসলিম সদস্য কিথ এলিসন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে কংগ্রেসে নির্বাচিত হয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন কিথ এলিসন। খ্রিষ্টান পরিবারে জন্ম নেওয়া এই মার্কিন রাজনীতিক ছাত্রজীবনে ইসলাম গ্রহণ করেন। এরপর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন। ২০০৬ সালের নভেম্বরে মিনেসোটা অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন তিনি। পরবর্তী সময়ে একই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবেও নির্বাচিত হন। তাঁর রাজনৈতিক জীবন ও ধর্মান্তরের পুরোনো গল্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবার আলোচনায় এসেছে।
কিথ এলিসনের জন্ম ১৯৬৩ সালের ৪ আগস্ট মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে। একটি ক্যাথলিক খ্রিষ্টান পরিবারে পাঁচ ভাইয়ের মধ্যে বেড়ে ওঠেন তিনি। ছোটবেলা থেকেই পরিবারে নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের বিষয়ে আলোচনার পরিবেশ ছিল। তাঁর দাদাও যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ডেট্রয়েটের ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় ধর্ম ও সমাজ পরিবর্তনের সম্পর্ক নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেন এলিসন। একপর্যায়ে ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি।
পরে বিভিন্ন সাক্ষাৎকারে নিজের ধর্মান্তরের কারণ ব্যাখ্যা করেছেন এলিসন। তিনি জানান, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার এবং ইতিবাচক পরিবর্তনের বিষয়ে চিন্তা করতে গিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হন। তাঁর ভাষ্য অনুযায়ী, ধর্ম শুধু ব্যক্তিগত বিশ্বাসের বিষয় নয়, মানুষের প্রতি দায়িত্ববোধ ও সামাজিক ন্যায়বিচারের সঙ্গেও সম্পর্কিত। তবে ইসলাম গ্রহণের সময় তিনি রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার কোনো পরিকল্পনা করেননি। বরং পড়াশোনা ও আইন পেশায় নিজের ভবিষ্যৎ গড়ে তোলার দিকেই মনোযোগী ছিলেন।
ওয়েইন স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৮৬ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এলিসন। এরপর ইউনিভার্সিটি অব মিনেসোটা ল স্কুল থেকে ১৯৯০ সালে আইন বিষয়ে ডিগ্রি নেন। কর্মজীবনে নাগরিক অধিকার, কর্মক্ষেত্রে বৈষম্য এবং ফৌজদারি মামলায় আইনজীবী হিসেবে কাজ করেন। মিনিয়াপোলিসের লিগ্যাল রাইটস সেন্টারের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। প্রতিষ্ঠানটি বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও আইনি সহায়তা প্রয়োজন এমন মানুষের পাশে কাজ করে। এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই স্থানীয় কমিউনিটি ও জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে তাঁর সম্পৃক্ততা বাড়তে থাকে।
২০০২ সালে মিনেসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। এরপর ২০০৪ সালে আবার নির্বাচিত হন তিনি। ২০০৬ সালের নভেম্বরে ডেমোক্র্যাটিক-ফার্মার-লেবার পার্টির প্রার্থী হিসেবে মার্কিন কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী অ্যালান ফাইন এবং ইন্ডিপেনডেন্স পার্টির ট্যামি লিকে পরাজিত করেন এলিসন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম মুসলিম এবং মিনেসোটা থেকে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ কংগ্রেস সদস্য হওয়ার ইতিহাস গড়েন তিনি।
২০০৭ সালের জানুয়ারিতে কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তাঁর শপথ অনুষ্ঠানের একটি ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। আনুষ্ঠানিক শপথের পর পৃথক প্রতীকী অনুষ্ঠানে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা একটি কোরআন ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস থেকে বিশেষ ব্যবস্থায় ঐতিহাসিক কোরআনটি আনা হয়েছিল। এটি ছিল ১৭৬৪ সালে প্রকাশিত কোরআনের দুই খণ্ডের ইংরেজি অনুবাদ। তখনকার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঐতিহাসিক এই সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল।
তবে কোরআন ব্যবহার করা হয়েছিল এলিসনের ব্যক্তিগত আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানে। মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের সাংবিধানিক শপথে কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই। কংগ্রেসের সদস্যরা প্রথমে সম্মিলিতভাবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। এরপর অনেকেই নিজেদের পছন্দমতো ধর্মগ্রন্থ বা পারিবারিক ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত কোনো বস্তু ব্যবহার করে পৃথক প্রতীকী অনুষ্ঠানে অংশ নেন। এলিসনের ক্ষেত্রে জেফারসনের কোরআন ব্যবহারের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের ধর্মীয় বৈচিত্র্য ও ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হয়।
২০০৭ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত টানা ছয় মেয়াদে মার্কিন প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করেন এলিসন। এ সময় ভোক্তা অধিকার, শ্রমিকদের সুরক্ষা, আবাসন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি এবং নাগরিক অধিকারের বিভিন্ন বিষয়ে কাজ করেন তিনি। প্রতিনিধি পরিষদের ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি কংগ্রেশনাল প্রগ্রেসিভ ককাসের সহসভাপতি ছিলেন। কংগ্রেসে তাঁর কাজের অন্যতম ক্ষেত্র ছিল সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা এবং আর্থিক খাতের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ।
২০১৮ সালে মিনেসোটার অ্যাটর্নি জেনারেল নির্বাচনে জয় পান কিথ এলিসন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম হিসেবে অঙ্গরাজ্যজুড়ে ভোটের মাধ্যমে নির্বাচিত কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পাওয়ার নজির গড়েন তিনি। ২০১৯ সালের ৭ জানুয়ারি মিনেসোটার ৩০তম অ্যাটর্নি জেনারেল হিসেবে শপথ নেন। ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। অ্যাটর্নি জেনারেল হিসেবে ভোক্তা অধিকার, নাগরিক অধিকার, আর্থিক প্রতারণা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনি বিষয়ে কাজ করেছেন তিনি।
এদিকে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে আবারও মিনেসোটার অ্যাটর্নি জেনারেল পদে জয় পেয়েছেন এলিসন। অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট কার্যালয়ের ৯ নভেম্বর পর্যন্ত প্রকাশিত অনানুষ্ঠানিক ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৩১ ভোট, যা মোট ভোটের প্রায় ৫৪ দশমিক ২৯ শতাংশ। তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী রোনাল্ড শুটজ পেয়েছেন প্রায় ৪৫ দশমিক ৫৬ শতাংশ ভোট। ফলে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পথ নিশ্চিত হয়েছে তাঁর। তবে চূড়ান্ত সরকারি ফল অনুমোদনের প্রক্রিয়া শেষ হওয়ার বিষয়টি পৃথক।
সামাজিক যোগাযোগমাধ্যমে এলিসনের ইসলাম গ্রহণ এবং রাজনৈতিক সাফল্য নিয়ে প্রকাশিত পোস্টগুলোতে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। তবে তাঁর ইসলাম গ্রহণ কোনো সাম্প্রতিক ঘটনা নয়। প্রায় চার দশকের বেশি সময় আগে ছাত্রজীবনে তিনি ধর্মান্তরিত হন। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম কংগ্রেস সদস্য নির্বাচিত হওয়ার ঘটনাটিও ২০০৬ সালের। দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত নতুন করে সামনে আসার কারণে তাঁর জীবন নিয়ে আলোচনা তৈরি হয়েছে। একজন আইনজীবী থেকে কংগ্রেস সদস্য এবং পরবর্তী সময়ে মিনেসোটার অ্যাটর্নি জেনারেল হয়ে ওঠার এই পথ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
সংবাদসূত্র: U.S. House of Representatives History, Art & Archives, Minnesota Attorney General's Office
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ। পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়। এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন। ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি। সূত্র: ফক্স ১৩ নিউজ 871 এসএ
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ। টেক্সাসে মুনাফা কম কেন? স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে। হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে। তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ। দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে। তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে। সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। জাতীয় ছুটির কারণে দেশজুড়ে অধিকাংশ বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, সুপারমার্কেট, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেশ কিছু মুদি দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ সীমিত সময়ের জন্য খোলা থাকছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যালডি, পাবলিক্স ও ট্রেডার জোসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান থ্যাংকসগিভিং উপলক্ষে তাদের সব স্টোর বন্ধ রেখেছে। অন্যদিকে কিছু সুপারমার্কেট ও ওষুধের দোকান পরিবর্তিত সময়সূচিতে কার্যক্রম চালাচ্ছে। যেসব দোকান খোলা থাকছে থ্যাংকসগিভিংয়ে সীমিত সময়ের জন্য খোলা থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ক্রোগার: বিকেল ৫টা পর্যন্ত খোলা; ফার্মেসি ও ক্লিনিক বন্ধ। - জায়ান্ট ইগল: বিকেল ৩টা পর্যন্ত। - হ্যারিস টিটার: দুপুর ২টা পর্যন্ত। - ওয়েগম্যানস: অধিকাংশ স্টোর বিকেল ৪টা পর্যন্ত। - হোল ফুডস: অধিকাংশ স্টোর পরিবর্তিত সময়সূচিতে খোলা। - স্প্রাউটস ফার্মার্স মার্কেট: সকাল ৭টা থেকে দুপুর ২টা। - অ্যালবার্টসনস ও সেফওয়ে: অধিকাংশ স্টোর সীমিত সময়ের জন্য খোলা। - ওয়ালগ্রিনস: সব স্টোর খোলা; অধিকাংশ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। - সিভিএস: অধিকাংশ স্টোর খোলা থাকলেও সময়সূচি ও ফার্মেসির কার্যক্রমে পরিবর্তন রয়েছে। - ডলার জেনারেল: সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়া ডানকিনের দোকান এবং ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের অধিকাংশ শাখা খোলা থাকছে। তবে ফ্র্যাঞ্চাইজিভেদে সময়সূচি আলাদা হতে পারে। যেসব দোকান বন্ধ থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ওয়ালমার্ট - টার্গেট - কস্টকো - অ্যালডি - পাবলিক্স - ট্রেডার জো - লিডল - বেস্ট বাই - হোম ডিপো - লোওস - ম্যাসিস - কোহলস - অ্যাপল স্টোর - জেসি পেনি এ ছাড়া টিজে ম্যাক্স, মার্শালস, আইকিয়া ও পেটকোর স্টোরও বন্ধ রয়েছে। ব্যাংক, ডাকঘর ও শেয়ারবাজারের কার্যক্রম থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। চেজ, ওয়েলস ফার্গো ও ব্যাংক অব আমেরিকার শাখাও বন্ধ। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে। ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) ডাকঘরগুলোও বন্ধ রয়েছে। নিয়মিত ডাক ও চিঠি বিতরণ শুক্রবার থেকে আবার শুরু হবে। ইউপিএস ও ফেডেক্সের সাধারণ প্যাকেজ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও আজ বন্ধ। এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাক বন্ধ রয়েছে। শুক্রবার উভয় শেয়ারবাজার আবার চালু হবে, তবে ওই দিন লেনদেন শেষ হবে দুপুর ১টায় (ইস্টার্ন টাইম)। ব্ল্যাক ফ্রাইডেতে আবার খুলবে বড় স্টোরগুলো থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আবার খুলবে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওয়ালমার্ট ও টার্গেটের স্টোর সকাল ৬টায় খুলবে। বেস্ট বাইও সকাল ৬টায় কার্যক্রম শুরু করবে। কস্টকোর এক্সিকিউটিভ সদস্যরা সকাল ৯টা থেকে এবং অন্য সদস্যরা সকাল ১০টা থেকে কেনাকাটা করতে পারবেন। কোহলস খুলবে সকাল ৫টায়। তবে প্রতিষ্ঠান ও অঞ্চলভেদে সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট স্টোরের ওয়েবসাইট কিংবা স্থানীয় শাখার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসূত্র ওয়েশ ২ নিউজ 876TR
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড
নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

