যুক্তরাষ্ট্রে ৫৫ লাখ মানুষ হারিয়েছেন স্ন্যাপ সুবিধা, সঞ্চয় ভেঙে খাদ্য সহায়তায় ফুড ব্যাংক
যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের মানুষের জন্য পরিচালিত সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ থেকে গত এক বছরে ৫৫ লাখের বেশি মানুষ বাদ পড়েছেন। এতে খাদ্যসংকটে থাকা মানুষের চাপ বাড়ছে দেশটির খাদ্য সহায়তা বিতরণকারী দাতব্য সংস্থাগুলোর ওপর। পরিস্থিতি সামাল দিতে এসব প্রতিষ্ঠানকে নিজেদের সঞ্চিত অর্থও ব্যবহার করতে হচ্ছে। একই সময়ে সরকারি খাদ্য সহায়তার আওতা আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যের ভিত্তিতে বাজেট ও নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের জুলাইয়ে নতুন বাজেট আইন কার্যকর হওয়ার পর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত স্ন্যাপ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৫৫ লাখ কমেছে। বর্তমানে এই কর্মসূচির আওতায় রয়েছেন প্রায় ৩ কোটি ৬১ লাখ মানুষ। গত ১৭ বছরের মধ্যে এটি সর্বনিম্ন পর্যায়।
বিশেষ করে শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত পরিবারগুলো এই সংকটের মধ্যে পড়েছে। গবেষণা প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ২৮টি অঙ্গরাজ্যের পাওয়া তথ্যে স্ন্যাপ সুবিধা পাওয়া শিশুর সংখ্যা কমেছে ১৫ লাখ। সংস্থাটির ধারণা, সারা দেশে এই সংখ্যা প্রায় ২০ লাখ হতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার প্রায় ৪ শতাংশে স্থির ছিল। ফলে শুধু কর্মসংস্থান বৃদ্ধির কারণে খাদ্য সহায়তা গ্রহণকারীর সংখ্যা কমেছে, এমন ব্যাখ্যা যথেষ্ট নয় বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
এই সংকটের বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে। সেখানে বিশ্বের প্রথম খাদ্য সহায়তা বিতরণকারী ব্যাংক হিসেবে পরিচিত সেন্ট মেরিস ফুড ব্যাংক ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নিজেদের সঞ্চিত অর্থ ব্যবহার করছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মিল্টন লিউ জানিয়েছেন, গত কয়েক বছরে খাদ্য সহায়তার চাহিদা প্রতিবছর গড়ে ১৫ শতাংশ করে বেড়েছে। অন্যদিকে খাদ্য সংগ্রহের খরচ বেড়ে যাওয়া এবং সরকারি সহায়তা কমে আসায় প্রতিষ্ঠানটি আর্থিক চাপের মুখে পড়েছে।
সেন্ট মেরিস ফুড ব্যাংক নিজস্ব কেন্দ্র এবং প্রায় ৭০০টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিবছর প্রায় ২৫ কোটি ডলার মূল্যের খাদ্য বিতরণ করে। অ্যারিজোনার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় তাদের কার্যক্রম রয়েছে। অথচ ২০২৫ অর্থবছরে শুধু অ্যারিজোনা অঙ্গরাজ্যেই স্ন্যাপ কর্মসূচির মাধ্যমে প্রায় ১৮৩ কোটি ডলারের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছিল। ফলে সরকারি সহায়তা কমে যাওয়ার পুরো ঘাটতি দাতব্য সংস্থাগুলোর পক্ষে পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন লিউ।
তাঁর মতে, অতীতে সেন্ট মেরিসের বিতরণ করা খাদ্যের প্রায় ২০ শতাংশ আসত ফেডারেল সরকারের বিভিন্ন কর্মসূচি থেকে। সেই সহায়তাও কমেছে। একদিকে নতুন করে আরও বেশি মানুষ খাদ্য সহায়তা চাইছেন, অন্যদিকে খাদ্য কেনা, পরিবহন ও বিতরণের খরচ বাড়ছে। ফলে নিজেদের সঞ্চিত অর্থ ব্যয় করে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। তবে এভাবে দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে সতর্ক করেছেন তিনি।
অ্যারিজোনার আরেকটি দাতব্য প্রতিষ্ঠান টেম্পি কমিউনিটি অ্যাকশন এজেন্সির তথ্যেও একই পরিস্থিতির চিত্র উঠে এসেছে। সংস্থাটির ব্যবস্থাপক ফিলিপ কর্নেস জানিয়েছেন, গত বছরের একই সময়ের তুলনায় তাদের কাছ থেকে খাদ্য সহায়তা নেওয়া পরিবারের সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। তাঁর মতে, স্ন্যাপের মতো বড় সরকারি কর্মসূচির বিকল্প হিসেবে দাতব্য প্রতিষ্ঠানগুলো একা দায়িত্ব পালন করতে পারবে না।
খাদ্য সহায়তার এই সংকটের প্রভাব পড়ছে আসন্ন থ্যাংকসগিভিং উৎসবের প্রস্তুতিতেও। ১১ নভেম্বর স্থানীয় সংবাদমাধ্যম কেজেজেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট মেরিস ফুড ব্যাংক এবারের ছুটির মৌসুমে খাদ্য বিতরণের প্রস্তুতি শুরু করলেও লক্ষ্যমাত্রা পূরণে তাদের আরও প্রায় ১১ হাজার ৫০০টি টার্কি প্রয়োজন। প্রতিষ্ঠানটির জনসংযোগ পরিচালক জেরি ব্রাউন জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার খাদ্য সহায়তার চাহিদা প্রায় ১০ শতাংশ বেড়েছে। এবারের উৎসবে ২০ হাজার থেকে ২২ হাজার টার্কি বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে খাদ্য সহায়তা কর্মসূচির যোগ্যতা নির্ধারণে নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ এ বিষয়ে একটি প্রস্তাব প্রকাশ করেছে। এতে নিম্ন আয়ের অভাবী পরিবারগুলোর জন্য পরিচালিত অস্থায়ী আর্থিক সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের স্বয়ংক্রিয়ভাবে স্ন্যাপ পাওয়ার সুযোগ সীমিত করার কথা বলা হয়েছে।
বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো পরিবার নির্দিষ্ট সরকারি আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় থাকলে কিছু ক্ষেত্রে আলাদাভাবে স্ন্যাপের আয়সংক্রান্ত শর্ত পূরণ না করেও খাদ্য সহায়তা পেতে পারে। নতুন প্রস্তাব কার্যকর হলে এই সুযোগ সীমিত হবে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের নিজস্ব হিসাব অনুযায়ী, প্রস্তাবটি কার্যকর হলে প্রায় ৬৩ লাখ মানুষ স্ন্যাপ সুবিধা হারাতে পারেন। পাশাপাশি প্রায় ১৮ লাখ শিশু বিনা মূল্যে স্কুলের খাবার পাওয়ার স্বয়ংক্রিয় যোগ্যতা হারাতে পারে। প্রস্তাবটির বিষয়ে সাধারণ মানুষের মতামত দেওয়ার জন্য ৩০ দিন সময় রাখা হয়েছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তার চাহিদা বাড়লেও সরকারি কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা কমছে। এতে স্থানীয় খাদ্য সহায়তা বিতরণকারী প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। কিন্তু এসব প্রতিষ্ঠানও অর্থসংকট এবং খাদ্য সংগ্রহ ও পরিবহনের বাড়তি খরচের মুখে রয়েছে। সেন্ট মেরিস ফুড ব্যাংকের নেতৃত্বের আশঙ্কা, সরকারি সহায়তার ঘাটতি পূরণে নিজেদের সঞ্চিত অর্থ ব্যবহার অব্যাহত রাখতে হলে ভবিষ্যতে খাদ্য বিতরণ কার্যক্রম ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ। পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়। এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন। ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি। সূত্র: ফক্স ১৩ নিউজ 871 এসএ
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ। টেক্সাসে মুনাফা কম কেন? স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে। হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে। তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ। দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে। তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে। সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। জাতীয় ছুটির কারণে দেশজুড়ে অধিকাংশ বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, সুপারমার্কেট, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেশ কিছু মুদি দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ সীমিত সময়ের জন্য খোলা থাকছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যালডি, পাবলিক্স ও ট্রেডার জোসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান থ্যাংকসগিভিং উপলক্ষে তাদের সব স্টোর বন্ধ রেখেছে। অন্যদিকে কিছু সুপারমার্কেট ও ওষুধের দোকান পরিবর্তিত সময়সূচিতে কার্যক্রম চালাচ্ছে। যেসব দোকান খোলা থাকছে থ্যাংকসগিভিংয়ে সীমিত সময়ের জন্য খোলা থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ক্রোগার: বিকেল ৫টা পর্যন্ত খোলা; ফার্মেসি ও ক্লিনিক বন্ধ। - জায়ান্ট ইগল: বিকেল ৩টা পর্যন্ত। - হ্যারিস টিটার: দুপুর ২টা পর্যন্ত। - ওয়েগম্যানস: অধিকাংশ স্টোর বিকেল ৪টা পর্যন্ত। - হোল ফুডস: অধিকাংশ স্টোর পরিবর্তিত সময়সূচিতে খোলা। - স্প্রাউটস ফার্মার্স মার্কেট: সকাল ৭টা থেকে দুপুর ২টা। - অ্যালবার্টসনস ও সেফওয়ে: অধিকাংশ স্টোর সীমিত সময়ের জন্য খোলা। - ওয়ালগ্রিনস: সব স্টোর খোলা; অধিকাংশ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। - সিভিএস: অধিকাংশ স্টোর খোলা থাকলেও সময়সূচি ও ফার্মেসির কার্যক্রমে পরিবর্তন রয়েছে। - ডলার জেনারেল: সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়া ডানকিনের দোকান এবং ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের অধিকাংশ শাখা খোলা থাকছে। তবে ফ্র্যাঞ্চাইজিভেদে সময়সূচি আলাদা হতে পারে। যেসব দোকান বন্ধ থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ওয়ালমার্ট - টার্গেট - কস্টকো - অ্যালডি - পাবলিক্স - ট্রেডার জো - লিডল - বেস্ট বাই - হোম ডিপো - লোওস - ম্যাসিস - কোহলস - অ্যাপল স্টোর - জেসি পেনি এ ছাড়া টিজে ম্যাক্স, মার্শালস, আইকিয়া ও পেটকোর স্টোরও বন্ধ রয়েছে। ব্যাংক, ডাকঘর ও শেয়ারবাজারের কার্যক্রম থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। চেজ, ওয়েলস ফার্গো ও ব্যাংক অব আমেরিকার শাখাও বন্ধ। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে। ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) ডাকঘরগুলোও বন্ধ রয়েছে। নিয়মিত ডাক ও চিঠি বিতরণ শুক্রবার থেকে আবার শুরু হবে। ইউপিএস ও ফেডেক্সের সাধারণ প্যাকেজ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও আজ বন্ধ। এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাক বন্ধ রয়েছে। শুক্রবার উভয় শেয়ারবাজার আবার চালু হবে, তবে ওই দিন লেনদেন শেষ হবে দুপুর ১টায় (ইস্টার্ন টাইম)। ব্ল্যাক ফ্রাইডেতে আবার খুলবে বড় স্টোরগুলো থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আবার খুলবে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওয়ালমার্ট ও টার্গেটের স্টোর সকাল ৬টায় খুলবে। বেস্ট বাইও সকাল ৬টায় কার্যক্রম শুরু করবে। কস্টকোর এক্সিকিউটিভ সদস্যরা সকাল ৯টা থেকে এবং অন্য সদস্যরা সকাল ১০টা থেকে কেনাকাটা করতে পারবেন। কোহলস খুলবে সকাল ৫টায়। তবে প্রতিষ্ঠান ও অঞ্চলভেদে সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট স্টোরের ওয়েবসাইট কিংবা স্থানীয় শাখার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসূত্র ওয়েশ ২ নিউজ 876TR
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড
নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

