সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার জন্য সেরা শহরের তালিকা প্রকাশ, কোথায় দাম সবচেয়ে কম

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ২০:৫০
যুক্তরাষ্ট্রে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার জন্য নিউইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরের বদলে এখন ছোট শহরগুলোই ক্রেতাদের বেশি আকর্ষণ করছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার জন্য নিউইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরের বদলে এখন ছোট শহরগুলোই ক্রেতাদের বেশি আকর্ষণ করছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বেড়ে যাওয়ায় অনেক ক্রেতার পক্ষেই নিউইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলেস বা অস্টিনের মতো বড় শহরে বাড়ি কেনা কঠিন হয়ে পড়েছে। তবে অপেক্ষাকৃত কম পরিচিত কয়েকটি শহরে এখনো তুলনামূলক সাশ্রয়ী দামে বাড়ি কেনার সুযোগ রয়েছে। বাড়ির মূল্য, নিরাপত্তা এবং ক্রেতাদের চাহিদা বিবেচনায় এমন বেশ কয়েকটি শহরের নাম উঠে এসেছে নতুন এক গবেষণায়। যুক্তরাষ্ট্রের ৪৪টি মাঝারি আকারের শহর বিশ্লেষণ করে তৈরি তালিকায় প্রথম স্থান পেয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টার। দ্বিতীয় অবস্থানে রয়েছে জর্জিয়ার সাভানা এবং তৃতীয় স্থানে কানেকটিকাটের ব্রিজপোর্ট।

 

বাড়ির নিরাপত্তাব্যবস্থা সরবরাহকারী প্রতিষ্ঠান ভিভিন্টের ২০২৬ সালের গবেষণার বরাত দিয়ে গত ১০ জুন এ তথ্য প্রকাশ করে মার্কিন সাময়িকী ট্রাভেল অ্যান্ড লেজার। গবেষণায় বাড়ির গড় মূল্য, আবাসন বাজারে ক্রেতাদের আগ্রহ এবং অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছে। এ জন্য ব্যবহার করা হয়েছে জিলোর ২০২৫ সালের বাড়ির মূল্যের তথ্য ও আবাসন বাজারের চাহিদা সূচক। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা FBI-এর ২০২৪ সালের অপরাধসংক্রান্ত তথ্যও বিবেচনায় নেওয়া হয়েছে। গবেষকদের লক্ষ্য ছিল এমন শহর চিহ্নিত করা, যেখানে বাড়ির দাম তুলনামূলক কম হলেও ক্রেতাদের আগ্রহ এবং নিরাপত্তার সূচক ইতিবাচক।

 

তালিকার প্রথম স্থানে থাকা রচেস্টার নিউইয়র্ক অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। লেক অন্টারিওর দক্ষিণ তীরের কাছাকাছি শহরটি শিল্পকারখানার ঐতিহ্য, সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। গবেষণায় অন্তর্ভুক্ত ৪৪টি শহরের মধ্যে রচেস্টারের আবাসন বাজারেই ক্রেতাদের চাহিদা ও প্রতিযোগিতার সূচক সবচেয়ে বেশি পাওয়া গেছে। তুলনামূলক মাঝারি বাড়ির দাম এবং বাজারের সক্রিয়তার কারণে শহরটি সামগ্রিক তালিকায় শীর্ষে উঠেছে। তবে ক্রেতাদের আগ্রহ বেশি থাকায় নির্দিষ্ট এলাকায় বাড়ির জন্য প্রতিযোগিতাও তৈরি হতে পারে।

 

দ্বিতীয় অবস্থানে রয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর সাভানা। আটলান্টিক উপকূলের কাছাকাছি অবস্থিত শহরটি পুরোনো স্থাপত্য, খোলা চত্বর, গাছপালায় ঘেরা রাস্তা এবং হাঁটার উপযোগী কেন্দ্রস্থলের জন্য পরিচিত। ভিভিন্টের বিশ্লেষণে অন্তর্ভুক্ত শহরগুলোর মধ্যে সাভানায় সম্পত্তিসংক্রান্ত অপরাধ ও সহিংস অপরাধের হার সবচেয়ে কম পাওয়া গেছে। যদিও বাড়ির সাশ্রয়ী মূল্য এবং ক্রেতাদের চাহিদার সূচকে শহরটি প্রথম হয়নি, নিরাপত্তার পরিসংখ্যান সামগ্রিক অবস্থান উন্নত করেছে। তবে এই তুলনা গবেষণায় অন্তর্ভুক্ত শহরগুলোর মধ্যেই সীমাবদ্ধ, যুক্তরাষ্ট্রের সব শহরের মধ্যে নয়।

 

তৃতীয় স্থানে রয়েছে কানেকটিকাট অঙ্গরাজ্যের ব্রিজপোর্ট। লং আইল্যান্ড সাউন্ডের তীরে অবস্থিত শহরটি নিউইয়র্ক সিটির সঙ্গে যোগাযোগের সুবিধার কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিউইয়র্কে কাজ করলেও তুলনামূলক ভিন্ন আবাসন বাজারে বাড়ি কেনার কথা ভাবছেন এমন ক্রেতাদের কাছে শহরটি বিবেচনার সুযোগ তৈরি করে। গবেষণায় ব্রিজপোর্টের তুলনামূলক সাশ্রয়ী আবাসন, নিরাপত্তা এবং বড় মহানগরের কাছাকাছি অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। কানেকটিকাটের বৃহত্তম শহর ব্রিজপোর্টে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাসও এর সামাজিক বৈচিত্র্যের একটি বৈশিষ্ট্য।

 

যাঁদের প্রধান বিবেচনা বাড়ির দাম, তাঁদের জন্য গবেষণায় বিশেষভাবে উঠে এসেছে আলাবামার বার্মিংহাম এবং ওহাইওর অ্যাক্রন শহরের নাম। বিশ্লেষণে অন্তর্ভুক্ত শহরগুলোর মধ্যে বার্মিংহামে বাড়ির গড় মূল্য পাওয়া গেছে ১ লাখ ৩৩ হাজার ৪৬৩ ডলার। অন্যদিকে অ্যাক্রনে গড় মূল্য ছিল ১ লাখ ৩৪ হাজার ১০৪ ডলার। এই দুটি শহরই গবেষণায় বাড়ির দামের হিসাবে সবচেয়ে সাশ্রয়ী। তবে এগুলো ২০২৫ সালের তথ্যভিত্তিক গড় মূল্য, বর্তমান বাজারে বিক্রির জন্য থাকা প্রতিটি বাড়ির দাম নয়। বাড়ির ধরন, অবস্থান, আয়তন ও অবস্থা অনুযায়ী প্রকৃত মূল্য কমবেশি হতে পারে।

 

ভিভিন্টের গবেষণায় চারটি বিষয়ের ভিত্তিতে শহরগুলোর সামগ্রিক স্কোর নির্ধারণ করা হয়েছে। আবাসন বাজারে ক্রেতাদের চাহিদা এবং বাড়ির গড় মূল্যকে ৩০ শতাংশ করে গুরুত্ব দেওয়া হয়েছে। বাকি ৪০ শতাংশের মধ্যে সম্পত্তিসংক্রান্ত অপরাধ ও সহিংস অপরাধের হারকে ২০ শতাংশ করে বিবেচনা করা হয়েছে। তবে গবেষণায় চাকরির সুযোগ, স্থানীয় Property Tax, Home Insurance, Mortgage Interest Rate কিংবা পরিবারের মোট বসবাসের খরচ সরাসরি মূল্যায়ন করা হয়নি। ফলে কোনো শহরে বাড়ির দাম কম হলেই সেখানে বসবাসের মোট খরচ কম হবে, এমন নিশ্চয়তা নেই।

 

যুক্তরাষ্ট্রে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহী ব্যক্তি এবং বড় শহর ছেড়ে তুলনামূলক সাশ্রয়ী এলাকায় যেতে চাওয়া পরিবারের জন্য গবেষণাটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে নির্দিষ্ট এলাকার নিরাপত্তা, স্কুল, চাকরির সুযোগ, যাতায়াতব্যবস্থা, সম্পত্তিকর এবং Mortgage-এর মাসিক কিস্তি যাচাই করা প্রয়োজন। একই শহরের একেক এলাকায় বাড়ির দাম ও বসবাসের সুবিধায় বড় পার্থক্য থাকতে পারে। গবেষণার ফলাফলে মূলত দেখা গেছে, বড় মহানগরের বাইরেও যুক্তরাষ্ট্রে এমন কিছু আবাসন বাজার রয়েছে, যেখানে সাশ্রয়ী মূল্য ও অন্যান্য সুবিধার সমন্বয় পাওয়া সম্ভব।

 

সংবাদসূত্র: ভিভিন্ট, ট্রাভেল অ্যান্ড লেজার


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
দীর্ঘদিন ধরে খাবারে ঘুম ও উদ্বেগের ওষুধ মেশানোর অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ আটক। ছবি: সংগৃহীত
লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ।   পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ।   তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়।   এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন।   ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।   হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি।   সূত্র: ফক্স ১৩ নিউজ   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৩
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ক্যালিফোর্নিয়ায় ৬১৭ জন আক্রান্ত, দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত এক নারী। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা

যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা,  বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন

যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ।   যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়।   প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ।   অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ।   টেক্সাসে মুনাফা কম কেন?   স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে।   হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে।   তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে।   যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা   অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ।   দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে।   তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে।   সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:২৬
নিউইয়র্কে সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ছবি: সংগৃহীত

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক

যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। জাতীয় ছুটির কারণে দেশজুড়ে অধিকাংশ বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, সুপারমার্কেট, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেশ কিছু মুদি দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ সীমিত সময়ের জন্য খোলা থাকছে।   মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের  প্রতিবেদন অনুযায়ী, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যালডি, পাবলিক্স ও ট্রেডার জোসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান থ্যাংকসগিভিং উপলক্ষে তাদের সব স্টোর বন্ধ রেখেছে। অন্যদিকে কিছু সুপারমার্কেট ও ওষুধের দোকান পরিবর্তিত সময়সূচিতে কার্যক্রম চালাচ্ছে।   যেসব দোকান খোলা থাকছে   থ্যাংকসগিভিংয়ে সীমিত সময়ের জন্য খোলা থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:   - ক্রোগার: বিকেল ৫টা পর্যন্ত খোলা; ফার্মেসি ও ক্লিনিক বন্ধ। - জায়ান্ট ইগল: বিকেল ৩টা পর্যন্ত। - হ্যারিস টিটার: দুপুর ২টা পর্যন্ত। - ওয়েগম্যানস: অধিকাংশ স্টোর বিকেল ৪টা পর্যন্ত। - হোল ফুডস: অধিকাংশ স্টোর পরিবর্তিত সময়সূচিতে খোলা। - স্প্রাউটস ফার্মার্স মার্কেট: সকাল ৭টা থেকে দুপুর ২টা। - অ্যালবার্টসনস ও সেফওয়ে: অধিকাংশ স্টোর সীমিত সময়ের জন্য খোলা। - ওয়ালগ্রিনস: সব স্টোর খোলা; অধিকাংশ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। - সিভিএস: অধিকাংশ স্টোর খোলা থাকলেও সময়সূচি ও ফার্মেসির কার্যক্রমে পরিবর্তন রয়েছে। - ডলার জেনারেল: সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত।   এ ছাড়া ডানকিনের দোকান এবং ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের অধিকাংশ শাখা খোলা থাকছে। তবে ফ্র্যাঞ্চাইজিভেদে সময়সূচি আলাদা হতে পারে।   যেসব দোকান বন্ধ   থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:   - ওয়ালমার্ট - টার্গেট - কস্টকো - অ্যালডি - পাবলিক্স - ট্রেডার জো - লিডল - বেস্ট বাই - হোম ডিপো - লোওস - ম্যাসিস - কোহলস - অ্যাপল স্টোর - জেসি পেনি   এ ছাড়া টিজে ম্যাক্স, মার্শালস, আইকিয়া ও পেটকোর স্টোরও বন্ধ রয়েছে।   ব্যাংক, ডাকঘর ও শেয়ারবাজারের কার্যক্রম   থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। চেজ, ওয়েলস ফার্গো ও ব্যাংক অব আমেরিকার শাখাও বন্ধ। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে।   ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) ডাকঘরগুলোও বন্ধ রয়েছে। নিয়মিত ডাক ও চিঠি বিতরণ শুক্রবার থেকে আবার শুরু হবে। ইউপিএস ও ফেডেক্সের সাধারণ প্যাকেজ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও আজ বন্ধ।   এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাক বন্ধ রয়েছে। শুক্রবার উভয় শেয়ারবাজার আবার চালু হবে, তবে ওই দিন লেনদেন শেষ হবে দুপুর ১টায় (ইস্টার্ন টাইম)।   ব্ল্যাক ফ্রাইডেতে আবার খুলবে বড় স্টোরগুলো   থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আবার খুলবে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওয়ালমার্ট ও টার্গেটের স্টোর সকাল ৬টায় খুলবে। বেস্ট বাইও সকাল ৬টায় কার্যক্রম শুরু করবে। কস্টকোর এক্সিকিউটিভ সদস্যরা সকাল ৯টা থেকে এবং অন্য সদস্যরা সকাল ১০টা থেকে কেনাকাটা করতে পারবেন। কোহলস খুলবে সকাল ৫টায়।   তবে প্রতিষ্ঠান ও অঞ্চলভেদে সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট স্টোরের ওয়েবসাইট কিংবা স্থানীয় শাখার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসূত্র  ওয়েশ ২ নিউজ 876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:৩৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল

নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...