যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রির মন্দার মধ্যেও নিউ জার্সির নিউয়ার্কে ক্রেতাদের ভিড়
যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় বাড়ি বিক্রির বাজারে ক্রেতাদের প্রভাব বাড়লেও উল্টো চিত্র দেখা যাচ্ছে নিউ জার্সির নিউয়ার্কে। দেশটির বড় ৫০টি আবাসন বাজারের মধ্যে মাত্র তিনটিতে এখনো বাড়ি বিক্রেতারা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। নিউয়ার্ক সেই তিনটির একটি। নিউ ইয়র্ক সিটির তুলনায় বাড়ির দাম অপেক্ষাকৃত কম এবং যাতায়াতের সুবিধা থাকায় শহরটিতে বাড়ি কেনার আগ্রহ বাড়ছে। তবে চাহিদার তুলনায় বিক্রির জন্য বাড়ির সংখ্যা কম থাকায় ক্রেতাদের প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে।
আবাসনবিষয়ক প্রতিষ্ঠান রেডফিনের ১২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে নিউয়ার্ক ও আশপাশের আবাসন বাজারে আনুমানিক ৭ হাজার ৮৬৬ জন সম্ভাব্য ক্রেতার বিপরীতে বিক্রির জন্য বাড়ি ছিল ৬ হাজার ৭৪২টি। অর্থাৎ ক্রেতাদের তুলনায় বিক্রেতার সংখ্যা ছিল ১৪ দশমিক ৩ শতাংশ কম। যুক্তরাষ্ট্রের বড় ৫০টি আবাসন বাজারের মধ্যে বিক্রেতাদের পক্ষে থাকা তিনটি এলাকার একটি নিউয়ার্ক। অন্য দুটি হলো নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি এবং পেনসিলভানিয়ার মন্টগোমারি কাউন্টি। সেখানে ক্রেতাদের তুলনায় বিক্রেতার সংখ্যা যথাক্রমে ২৪ দশমিক ৭ এবং ১২ দশমিক ১ শতাংশ কম।
নিউয়ার্কে বাড়ির চাহিদা বেশি থাকার অন্যতম কারণ নিউ ইয়র্ক সিটির সঙ্গে এর যোগাযোগব্যবস্থা। ম্যানহাটন, ব্রুকলিন ও কুইন্সে বাড়ির দাম অনেকের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় বিকল্প হিসেবে নিউ জার্সির দিকে ঝুঁকছেন ক্রেতারা। তবে জার্সি সিটি, হোবোকেন ও বেয়োনের মতো এলাকাতেও বাড়ির দাম বেড়েছে। ফলে তুলনামূলক কম খরচে বাড়ি কেনার সুযোগ খুঁজতে অনেকে নিউয়ার্ককে বেছে নিচ্ছেন। নিউ ইয়র্কে নিয়মিত যাতায়াতের সুবিধাও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আবাসন প্রতিষ্ঠান কম্পাসের রিয়েল এস্টেট এজেন্ট এরিন ডাউনস নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন, আগে অনেক ক্রেতা হাডসন কাউন্টিতে বাড়ি কেনার পরিকল্পনা করতেন। কিন্তু বাজেটের সঙ্গে বাড়ির দাম না মেলায় তাঁরা এখন নিউয়ার্কেও খোঁজ করছেন। তাঁর মতে, নিউ ইয়র্ক সিটির কাছাকাছি অবস্থান বজায় রেখেও তুলনামূলক কম দামে বড় বাড়ি পাওয়ার সম্ভাবনা নিউয়ার্ককে আকর্ষণীয় করে তুলেছে। তবে নতুন নির্মিত, সংস্কার করা কিংবা বাজারদরের তুলনায় কম দামে তালিকাভুক্ত বাড়ির ক্ষেত্রেই এখন প্রতিযোগিতা বেশি দেখা যাচ্ছে।
বাড়ি কেনার এই প্রতিযোগিতার প্রভাব পড়ছে বিক্রয়মূল্যেও। নিউয়ার্কের একটি বাড়ি প্রথমে ৮ লাখ ৯৯ হাজার ৯০০ ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। পরে দাম কমিয়ে ৮ লাখ ৮০ হাজার ডলার নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত বাড়িটি বিক্রি হয়েছে ৯ লাখ ৫০ হাজার ডলারে। অর্থাৎ সর্বশেষ চাওয়া দামের চেয়ে ৭০ হাজার ডলার বেশি পাওয়া গেছে। আরেকটি বাড়ির প্রাথমিক দাম ছিল ৮ লাখ ৪৯ হাজার ডলার। পরে তা কমিয়ে ৭ লাখ ৯৯ হাজার ডলার করা হলে শেষ পর্যন্ত ৮ লাখ ৪০ হাজার ডলারে বিক্রি হয়। তবে এ ধরনের বাড়তি দামে বিক্রি সব বাড়ির ক্ষেত্রে ঘটছে না।
নিউয়ার্কের এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সামগ্রিক আবাসন বাজারের সম্পূর্ণ বিপরীত। রেডফিনের হিসাবে, অক্টোবর মাসে সারা দেশে আনুমানিক ১৫ লাখ ২৭ হাজার বিক্রেতার বিপরীতে সম্ভাব্য ক্রেতা ছিলেন প্রায় ৮ লাখ ৯৬ হাজার। অর্থাৎ ক্রেতার তুলনায় বিক্রেতার সংখ্যা ছিল ৭০ দশমিক ৫ শতাংশ বেশি। ২০১৩ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী, এটিই সবচেয়ে বড় ব্যবধান। দেশটির প্রধান ৫০টি আবাসন বাজারের ৪১টিতে ক্রেতারা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এর মধ্যে ফ্লোরিডার মায়ামিতে ক্রেতার তুলনায় বিক্রেতার সংখ্যা প্রায় ১৯৬ শতাংশ বেশি।
রেডফিনের বিশ্লেষণ অনুযায়ী, বাড়ির উচ্চমূল্য, ঋণের সুদ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক মানুষ বাড়ি কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। অন্যদিকে নিউয়ার্কের মতো এলাকায় নতুন বাড়ি নির্মাণ সীমিত হওয়ায় সরবরাহ সহজে বাড়ছে না। অনেক বাড়ির মালিক বর্তমান বাড়ি বিক্রি করতেও অনিচ্ছুক। কারণ, বিক্রির পর নিজেদের বাজেট অনুযায়ী অন্য বাড়ি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে নিউয়ার্কে ক্রেতাদের চাহিদা থাকলেও বিক্রির জন্য পর্যাপ্ত বাড়ি বাজারে আসছে না।
তবে নিউয়ার্কেও বিক্রেতাদের সুবিধা কিছুটা কমতে শুরু করেছে। সেপ্টেম্বরে ক্রেতাদের তুলনায় বিক্রেতার সংখ্যা ১৭ দশমিক ৬ শতাংশ কম থাকলেও অক্টোবরে সেই ব্যবধান নেমেছে ১৪ দশমিক ৩ শতাংশে। রেডফিনের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আসাদ খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের এসব বাজারে বাড়ি কিনতে আগ্রহীদের তুলনামূলক কম দরকষাকষির সুযোগ থাকতে পারে। বিশেষ করে বসবাসের জন্য প্রস্তুত ও ভালো অবস্থানের বাড়িতে একাধিক ক্রেতার প্রস্তাব আসতে পারে। তাই বাড়ি কেনার আগে নিজের বাজেট নির্ধারণ এবং অতিরিক্ত দামের প্রতিযোগিতায় না জড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
সংবাদসূত্র: রেডফিন, নিউ ইয়র্ক পোস্ট।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং দিবসকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বোস্টন সিটি কাউন্সিল। আদিবাসীদের ইতিহাস, ভূমি হারানো এবং ঔপনিবেশিক শাসনের কারণে তাঁদের ওপর সংঘটিত নির্যাতন ও নিপীড়নের স্মরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ নভেম্বর থ্যাংকসগিভিং দিবসেই এ স্বীকৃতি কার্যকর হবে। বোস্টন সিটি কাউন্সিলের ১৮ নভেম্বরের সভায় এ বিষয়ে একটি প্রস্তাব পাস হয়। কাউন্সিলর বেঞ্জামিন ওয়েবার প্রস্তাবটি উত্থাপন করেন। পরে কাউন্সিলর রুথজি লুইজেউন ও জুলিয়া মেহিয়াসহ অন্য সদস্যরা এতে সহপ্রস্তাবক হিসেবে যুক্ত হন। কাউন্সিলের নথি অনুযায়ী, প্রস্তাবটি পাস হয়েছে।‘ন্যাশনাল ডে অব মর্নিং’ বা জাতীয় শোক দিবসের ইতিহাস ১৯৭০ সাল থেকে শুরু। প্রতিবছর থ্যাংকসগিভিংয়ের দিন ম্যাসাচুসেটসের প্লাইমাউথ শহরের কোলস হিলে আদিবাসী জনগোষ্ঠী ও তাঁদের সমর্থকেরা সমবেত হন। ওয়াম্পানোয়াগ নেতা ওয়ামসুত্তা ফ্রাঙ্ক জেমস এবং ইউনাইটেড আমেরিকান ইন্ডিয়ানস অব নিউ ইংল্যান্ডের উদ্যোগে এ আয়োজন শুরু হয়েছিল। আয়োজকদের কাছে থ্যাংকসগিভিং শুধু কৃতজ্ঞতা প্রকাশের উৎসব নয়; এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায় স্মরণ করার দিনও। তাঁদের মতে, ইউরোপীয় উপনিবেশ স্থাপনের ফলে আদিবাসীরা তাঁদের পূর্বপুরুষের ভূমি হারিয়েছেন, তাঁদের সংস্কৃতি ও জীবনযাত্রা ধ্বংসের মুখে পড়েছে এবং দীর্ঘদিন ধরে সহিংসতা, বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন। বোস্টন কাউন্সিলর জুলিয়া মেহিয়া বলেন, স্কুলে থ্যাংকসগিভিং সম্পর্কে প্রচলিত যে ইতিহাস শেখানো হয়, তাতে আদিবাসীদের ওপর উপনিবেশবাদের ভয়াবহ পরিণতির বিষয়টি যথাযথভাবে উঠে আসে না। তাঁর মতে, এসব অন্যায় শুধু অতীতের ঘটনা নয়; এর প্রভাব এখনো আদিবাসী জনগোষ্ঠীর জীবনে রয়েছে।কাউন্সিলর বেঞ্জামিন ওয়েবারও বলেন, থ্যাংকসগিভিংয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দ উদ্যাপনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইতিহাসের পূর্ণাঙ্গ সত্য এবং আদিবাসীদের ওপর ঘটে যাওয়া অন্যায় স্মরণ করা প্রয়োজন। তিনি আদিবাসীদের অধিকার ও তাঁদের সংস্কৃতি রক্ষায় কাজ করা সংগঠনগুলোর পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেন। এটি বোস্টন সিটি কাউন্সিলের টানা তৃতীয় বছরের এমন স্বীকৃতি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি একটি প্রতীকী ও আনুষ্ঠানিক স্বীকৃতি। এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির তালিকা বা বোস্টন শহরের সরকারি কার্যক্রমে কোনো পরিবর্তন আসছে না। এটি শুধু বোস্টন শহরের কাউন্সিলের পক্ষ থেকে আদিবাসীদের ইতিহাস ও তাঁদের শোক পালনের প্রতি সংহতি প্রকাশ। সংবাদ সূত্র City Council Legislative - City of Boston,Fox News ৮৭৬টিআর
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। জাতিসংঘের হিসাব তুলে ধরে তিনি বলেন, ওই আন্দোলনে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। তাঁদের অনেকেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় ২৪ নভেম্বর মঙ্গলবার নিউইয়র্কে আয়োজিত ওই সেমিনারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বক্তব্য দেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে সংঘর্ষের সময় নিহত ছয় বছর বয়সী এক শিশুর কথা বিশেষভাবে স্মরণ করেন হ্যারি টমাস। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বর্তমান গণতান্ত্রিক অবস্থানে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আন্দোলনের সময় সহিংসতায় নিহত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও স্মরণ করার আহ্বান জানান। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে হ্যারি টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র কোনো দেশের ওপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। দেশের জনগণকেই নিজেদের গণতান্ত্রিক ভবিষ্যৎ বেছে নিতে হয়। গত ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণ সেই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রদূত। পাশাপাশি গণতন্ত্রকে শক্তিশালী করতে কার্যকর বিরোধী দল, বাকস্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দেন তিনি। বর্তমান সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হ্যারি টমাস। রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটকের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান অনুযায়ী প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করতে হবে। সেমিনার শেষে নিজের লিংকডইন অ্যাকাউন্টেও বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন হ্যারি টমাস। সেখানে অতীতের অন্যায়ের বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজন থেকে বেরিয়ে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সূত্র: দৈনিক ইনকিলাব 871 এসএ
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী অবস্থানের শীর্ষ অঙ্গরাজ্যের তালিকায় ক্যালিফোর্নিয়াকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে নিউইয়র্ক। সাম্প্রতিক 'ওপেন ডোরস ২০২৬' প্রতিবেদনে দেখা গেছে, সামগ্রিক বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমলেও বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর রেকর্ড গড়েছে। নিউইয়র্কের শীর্ষস্থান ও অঙ্গরাজ্যগুলোর চিত্র 'ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন ' (আইআইই)-এর তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ১৬৩ জনে, যা আগের বছরের তুলনায় ২.৭ শতাংশ কম। ২০২০–২১ শিক্ষাবর্ষের পর এটিই প্রথম বার্ষিক পতন। নতুন পরিসংখ্যানে ১ লাখ ৩৩ হাজার ৭১৫ জন শিক্ষার্থী নিয়ে নিউইয়র্ক শীর্ষে রয়েছে (বার্ষিক পরিবর্তন -৩.০ শতাংশ)। ১ লাখ ৩১ হাজার ২৭৬ জন শিক্ষার্থী নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ক্যালিফোর্নিয়া (-৫.৮ শতাংশ)। দুই অঙ্গরাজ্যের ব্যবধান মাত্র ২ হাজার ৪৩৯ জন। শীর্ষ দশ অঙ্গরাজ্যের মধ্যে কেবল টেক্সাস (৯৮ হাজার ৯০২ জন, +১.৯ শতাংশ) এবং ইলিনয় (৬৭ হাজার ৩৮৯ জন, +১.১ শতাংশ) ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে। ক্যাম্পাসের দিক থেকে ২৬ হাজার ৫৯৫ জন বিদেশি শিক্ষার্থী নিয়ে শীর্ষে রয়েছে নিউইয়র্ক ইউনিভার্সিটি (এনওয়াইইউ)। বাংলাদেশের রেকর্ডসহ দেশের ভিত্তিতে প্রবণতা সামগ্রিক সংখ্যা কিছুটা কমলেও আটটি দেশ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে সর্বকালের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাঠিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর মধ্যে— বাংলাদেশ: ১১.৮ শতাংশ প্রবৃদ্ধিতে ২২ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী নিয়ে নতুন রেকর্ড গড়েছে। নেপাল: ১৭ শতাংশ বেড়ে ২৯ হাজার ৫৮ জনে পৌঁছেছে, যা শীর্ষ উৎস দেশগুলোর তালিকায় নেপালকে পঞ্চম অবস্থানে নিয়ে এসেছে। পাকিস্তান: ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। এছাড়া ভিয়েতনাম (+৭ শতাংশ), কলম্বিয়া (+৫ শতাংশ), কানাডা (+৪ শতাংশ), ঘানা (+৩ শতাংশ) এবং ইতালি (+১ শতাংশ) রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পাঠিয়েছে। অন্যদিকে, ৩ লাখ ৩৯ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী নিয়ে ভারত শীর্ষ অবস্থানে থাকলেও সংখ্যা কমেছে ৬.৫ শতাংশ এবং চীনের শিক্ষার্থীর সংখ্যা ৪.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫৮ জনে। এই দুই দেশ মিলেই মোট বিদেশি শিক্ষার্থীর ৫১.৮ শতাংশ দখল করে আছে। ওপিটি ও নতুন ভর্তির বদলে যাওয়া হিসাব ওপেন ডোরস প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং পড়াশোনা শেষে 'অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ' (ওপিটি)-এ থাকা স্নাতকদের হিসাব একসঙ্গে ধরা হয়। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে নিয়মিত ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ৮.৩ শতাংশ কমে ৮ লাখ ১০ হাজার ৩৭৮ জনে দাঁড়ালেও ওপিটিতে থাকা শিক্ষার্থীর সংখ্যা ১৪.১ শতাংশ বেড়ে হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৭৮৫ জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তি ১৭.৭ শতাংশ কমে ২ লাখ ৭৭ হাজার ১১৮ জন থেকে ২ লাখ ২৮ হাজার ১২৩ জনে নেমে এসেছে। স্নাতকোত্তর পর্যায়ে নতুন ভর্তি কমেছে ২৫.৬ শতাংশ এবং মাস্টার্স পর্যায়ে মোট শিক্ষার্থী কমেছে ২২.৪ শতাংশ। তবে ডক্টরাল পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ৩.১ শতাংশ বেড়ে ১ লাখ ৫৮ হাজার ১৫২ জনে পৌঁছেছে এবং স্নাতক পর্যায় প্রায় স্থিতিশীল (-০.৩ শতাংশ) রয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া। 873 ডিএন
নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া
ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

