অভিবাসীদের ছোট উদ্যোগ থেকে উত্তর আমেরিকার বৃহত্তম মসজিদ, ডিয়ারবর্নের ৬২ বছরের ইতিহাস
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্নে অবস্থিত উত্তর আমেরিকার বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত ইসলামিক সেন্টার অব আমেরিকার ইতিহাস শুরু হয়েছিল কয়েকটি অভিবাসী পরিবারের উদ্যোগে। ১৯৪৯ সালে লেবানন থেকে যুক্তরাষ্ট্রে আসেন তরুণ ইসলামি চিন্তাবিদ ও আলেম ইমাম মোহাম্মদ জাওয়াদ চিররি। ডেট্রয়েট ও আশপাশের এলাকায় বসবাসরত লেবানন ও সিরীয় বংশোদ্ভূত মুসলিম পরিবারগুলো তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল নিজেদের ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী কেন্দ্র গড়ে তুলতে। তাঁদের স্বপ্ন ছিল এমন একটি মসজিদ, যেখানে প্রবাসী পরিবারগুলো ধর্মীয় চর্চার পাশাপাশি নিজেদের সন্তানদের ইসলামি শিক্ষা দিতে পারবেন।
শুরুর পথ অবশ্য সহজ ছিল না। যুক্তরাষ্ট্রে আসার পর ১৯৫০ সালে ইমাম চিররি মিশিগানের ডেট্রয়েট ছেড়ে ইন্ডিয়ানার মিশিগান সিটিতে চলে যান। পরে ১৯৫৪ সালে ডেট্রয়েটের মুসলিম পরিবারগুলোর অনুরোধে আবার ফিরে আসেন। সে বছরই গঠিত হয় ইসলামিক সেন্টার ফাউন্ডেশন সোসাইটি এবং এর নেতৃত্ব পান তিনি। এরপর শুরু হয় একটি স্থায়ী মসজিদ নির্মাণের পরিকল্পনা। স্থানীয় অভিবাসী পরিবারগুলোর কাছে তখন বড় অঙ্কের অর্থ ছিল না। তবু সামর্থ্য অনুযায়ী অনুদান, ঋণ ও ব্যক্তিগত সহযোগিতায় তাঁরা স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যান।
মসজিদ নির্মাণের অর্থ সংগ্রহে ১৯৫৯ সালে মিসরে যান ইমাম চিররি। সেখানে তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের সঙ্গে সাক্ষাৎ করে ডেট্রয়েটে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা তুলে ধরেন। ইসলামিক সেন্টার অব আমেরিকার নিজস্ব ইতিহাস অনুযায়ী, নাসের এই উদ্যোগে ৪৪ হাজার ডলার আর্থিক সহায়তা দেন। সেই অর্থ এবং স্থানীয় মুসলিমদের অনুদান ও ব্যাংকঋণের মাধ্যমে ফোর্ড মোটর কোম্পানির মালিকানাধীন জমি কেনা হয়। ডেট্রয়েটের জয় রোড ও গ্রিনফিল্ড এলাকার ওই জমিতে ১৯৬২ সালের ১৫ নভেম্বর মসজিদের নির্মাণকাজ শুরু হয়।
প্রায় এক বছরের মধ্যে নির্মাণ শেষ হলে ১৯৬৩ সালের ২০ সেপ্টেম্বর মসজিদটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। তখন এর নাম ছিল ইসলামিক সেন্টার অব ডেট্রয়েট। মিশিগানে বিশেষভাবে মসজিদ হিসেবে নির্মিত প্রথম ধর্মীয় প্রতিষ্ঠান ছিল এটি। সেখানে ছিল বড় গম্বুজের নিচে নামাজের জায়গা, বক্তৃতার হল, রান্নাঘর, কার্যালয় ও দুটি শ্রেণিকক্ষ। উদ্বোধনের পর আশপাশের মুসলিম পরিবারগুলো নিয়মিত সেখানে যাতায়াত শুরু করে। শিশুদের ধর্মীয় শিক্ষা, সাপ্তাহিক আলোচনা, ঈদ উদ্যাপন, বিয়েসহ বিভিন্ন সামাজিক আয়োজনের কেন্দ্র হয়ে ওঠে মসজিদটি।
মুসল্লির সংখ্যা দ্রুত বাড়তে থাকায় চার বছরের মধ্যেই পুরোনো ভবনটি প্রয়োজনের তুলনায় ছোট হয়ে পড়ে। ১৯৬৭ সালের মধ্যে সেখানে অতিরিক্ত শ্রেণিকক্ষ, বড় সামাজিক মিলনায়তন ও মিনার যুক্ত করা হয়। এরপরও ডেট্রয়েট অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর বিস্তারের সঙ্গে সঙ্গে আরও বড় পরিসরের ধর্মীয় ও সামাজিক কেন্দ্রের প্রয়োজন দেখা দেয়। ১৯৯০-এর দশকে নতুন অভিবাসীদের আগমন এবং মুসল্লির সংখ্যা বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামিক সেন্টার অব আমেরিকা। ডিয়ারবর্নের ফোর্ড রোডে নতুন একটি বড় ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।
১৯৯৪ সালে প্রতিষ্ঠাতা ইমাম চিররির মৃত্যু হলেও তাঁর শুরু করা উদ্যোগ থেমে থাকেনি। ১৯৯৭ সালে ইমাম হাসান আল-কাজভিনি ক্যালিফোর্নিয়া থেকে ডেট্রয়েটে এসে প্রতিষ্ঠানটির ধর্মীয় নেতৃত্বে যুক্ত হন। ১৯৯৯ সালে ডিয়ারবর্নের ফোর্ড রোডে নতুন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়। কয়েক বছরের পরিকল্পনা, অর্থ সংগ্রহ ও নির্মাণ শেষে ২০০৫ সালের ১২ মে নতুন ইসলামিক সেন্টার অব আমেরিকা উদ্বোধন করা হয়। প্রায় ১ লাখ ২০ হাজার বর্গফুটের এই বিশাল স্থাপনায় রয়েছে বড় নামাজের হল, দুটি সুউচ্চ মিনার, শিক্ষা কার্যক্রমের কক্ষ, গ্রন্থাগার, মিলনায়তন ও সামাজিক অনুষ্ঠানের জায়গা।
নতুন মসজিদটির উদ্বোধনের আগে ২০০৫ সালের ১০ মে মার্কিন সিনেটে বিষয়টি নিয়ে বক্তব্য দেন মিশিগানের তৎকালীন সিনেটর কার্ল লেভিন। কংগ্রেসনাল রেকর্ডে 'ইন রেকগনিশন অব দ্য নিউ ইসলামিক সেন্টার অব আমেরিকা' শিরোনামে দেওয়া বক্তব্যে তিনি প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সেবা ও নতুন মসজিদ নির্মাণের অর্জনের প্রশংসা করেন। তাঁর বক্তব্যে বলা হয়, নতুন মসজিদটি তখন যুক্তরাষ্ট্রের বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে। সেখানে একসঙ্গে প্রায় এক হাজার মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রাখার কথাও উল্লেখ করা হয়।
বর্তমানে ইসলামিক সেন্টার অব আমেরিকা শুধু নামাজ আদায়ের জায়গা নয়, বৃহত্তর ডেট্রয়েট অঞ্চলের মুসলিমদের ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে শিশুদের আরবি ও ইসলামি শিক্ষা, বিভিন্ন বয়সী মানুষের জন্য ধর্মীয় আয়োজন এবং অন্য ধর্মের মানুষের সঙ্গে আন্তধর্মীয় সংলাপের ব্যবস্থা রয়েছে। মূলত লেবানন ও সিরীয় বংশোদ্ভূত শিয়া মুসলিমদের উদ্যোগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও বর্তমানে সুন্নি মুসলিমরাও সেখানে নামাজ আদায় করেন। অন্য ধর্মের মানুষের জন্যও কেন্দ্রটির দরজা উন্মুক্ত রাখা হয়েছে।
একটি স্থায়ী মসজিদের স্বপ্ন থেকে শুরু হওয়া এই উদ্যোগের পেছনে ছিল অভিবাসী পরিবারগুলোর ছোট ছোট অনুদান, ব্যক্তিগত ঋণ, বিদেশি সহায়তা এবং কয়েক দশকের ধারাবাহিক প্রচেষ্টা। ডেট্রয়েটের একটি ছোট মসজিদ থেকে ডিয়ারবর্নের বিশাল ইসলামিক সেন্টারে পরিণত হওয়ার এই ইতিহাস যুক্তরাষ্ট্রে অভিবাসী মুসলিম সম্প্রদায়ের সংগঠিত হয়ে ওঠার একটি উল্লেখযোগ্য উদাহরণ।
সংবাদসূত্র: ডেট্রয়েট হিস্টোরিক্যাল সোসাইটি, ইসলামিক সেন্টার অব আমেরিকা, মার্কিন কংগ্রেসনাল রেকর্ড।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ। পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়। এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন। ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি। সূত্র: ফক্স ১৩ নিউজ 871 এসএ
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ। টেক্সাসে মুনাফা কম কেন? স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে। হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে। তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ। দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে। তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে। সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। জাতীয় ছুটির কারণে দেশজুড়ে অধিকাংশ বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, সুপারমার্কেট, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেশ কিছু মুদি দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ সীমিত সময়ের জন্য খোলা থাকছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যালডি, পাবলিক্স ও ট্রেডার জোসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান থ্যাংকসগিভিং উপলক্ষে তাদের সব স্টোর বন্ধ রেখেছে। অন্যদিকে কিছু সুপারমার্কেট ও ওষুধের দোকান পরিবর্তিত সময়সূচিতে কার্যক্রম চালাচ্ছে। যেসব দোকান খোলা থাকছে থ্যাংকসগিভিংয়ে সীমিত সময়ের জন্য খোলা থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ক্রোগার: বিকেল ৫টা পর্যন্ত খোলা; ফার্মেসি ও ক্লিনিক বন্ধ। - জায়ান্ট ইগল: বিকেল ৩টা পর্যন্ত। - হ্যারিস টিটার: দুপুর ২টা পর্যন্ত। - ওয়েগম্যানস: অধিকাংশ স্টোর বিকেল ৪টা পর্যন্ত। - হোল ফুডস: অধিকাংশ স্টোর পরিবর্তিত সময়সূচিতে খোলা। - স্প্রাউটস ফার্মার্স মার্কেট: সকাল ৭টা থেকে দুপুর ২টা। - অ্যালবার্টসনস ও সেফওয়ে: অধিকাংশ স্টোর সীমিত সময়ের জন্য খোলা। - ওয়ালগ্রিনস: সব স্টোর খোলা; অধিকাংশ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। - সিভিএস: অধিকাংশ স্টোর খোলা থাকলেও সময়সূচি ও ফার্মেসির কার্যক্রমে পরিবর্তন রয়েছে। - ডলার জেনারেল: সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়া ডানকিনের দোকান এবং ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের অধিকাংশ শাখা খোলা থাকছে। তবে ফ্র্যাঞ্চাইজিভেদে সময়সূচি আলাদা হতে পারে। যেসব দোকান বন্ধ থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ওয়ালমার্ট - টার্গেট - কস্টকো - অ্যালডি - পাবলিক্স - ট্রেডার জো - লিডল - বেস্ট বাই - হোম ডিপো - লোওস - ম্যাসিস - কোহলস - অ্যাপল স্টোর - জেসি পেনি এ ছাড়া টিজে ম্যাক্স, মার্শালস, আইকিয়া ও পেটকোর স্টোরও বন্ধ রয়েছে। ব্যাংক, ডাকঘর ও শেয়ারবাজারের কার্যক্রম থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। চেজ, ওয়েলস ফার্গো ও ব্যাংক অব আমেরিকার শাখাও বন্ধ। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে। ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) ডাকঘরগুলোও বন্ধ রয়েছে। নিয়মিত ডাক ও চিঠি বিতরণ শুক্রবার থেকে আবার শুরু হবে। ইউপিএস ও ফেডেক্সের সাধারণ প্যাকেজ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও আজ বন্ধ। এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাক বন্ধ রয়েছে। শুক্রবার উভয় শেয়ারবাজার আবার চালু হবে, তবে ওই দিন লেনদেন শেষ হবে দুপুর ১টায় (ইস্টার্ন টাইম)। ব্ল্যাক ফ্রাইডেতে আবার খুলবে বড় স্টোরগুলো থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আবার খুলবে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওয়ালমার্ট ও টার্গেটের স্টোর সকাল ৬টায় খুলবে। বেস্ট বাইও সকাল ৬টায় কার্যক্রম শুরু করবে। কস্টকোর এক্সিকিউটিভ সদস্যরা সকাল ৯টা থেকে এবং অন্য সদস্যরা সকাল ১০টা থেকে কেনাকাটা করতে পারবেন। কোহলস খুলবে সকাল ৫টায়। তবে প্রতিষ্ঠান ও অঞ্চলভেদে সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট স্টোরের ওয়েবসাইট কিংবা স্থানীয় শাখার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসূত্র ওয়েশ ২ নিউজ 876TR
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড
নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

