সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে ৬৬ বছর বয়সে ফের পড়াশোনা করে আইনের ডিগ্রি পেলেন বনি, পাশে ছিলেন ৯২ বছরের মা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ২২:৪
৬৯ বছর বয়সে রাটগার্স ইউনিভার্সিটির আইন অনুষদ থেকে ডিগ্রি অর্জন করেছেন বনি গোল্ডম্যান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
৬৯ বছর বয়সে রাটগার্স ইউনিভার্সিটির আইন অনুষদ থেকে ডিগ্রি অর্জন করেছেন বনি গোল্ডম্যান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বনি গোল্ডম্যান ৬৯ বছর বয়সে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। প্রায় পাঁচ দশক আগে মাঝপথে ছেড়ে দেওয়া পড়াশোনা শেষ করতে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরেছিলেন তিনি। গত ২২ মে রাটগার্স ইউনিভার্সিটির আইন অনুষদ থেকে স্নাতক হন বনি। ২০২৬ সালের সমাবর্তনে তিনি ছিলেন সবচেয়ে বেশি বয়সী স্নাতক। বিশেষ এই দিনে তাঁর পাশে ছিলেন ৯২ বছর বয়সী মা এবং পরিবারের অন্য সদস্যরা।

 

বনির আইনজীবী হওয়ার স্বপ্নের শুরু ১৯৭৯ সালে। ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক শেষ করে ওই বছরই আইন স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু তখন বয়স কম ছিল, পড়াশোনায় মনোযোগের অভাবও ছিল বলে নিজের সিদ্ধান্তের কথা পরে স্বীকার করেছেন বনি। একপর্যায়ে আইন স্কুল ছেড়ে দেন। বিষয়টি জীবনের অন্যতম বড় অনুশোচনা হয়ে থাকলেও সেই অভিজ্ঞতা তাঁকে পরবর্তী সময়ে কাজের প্রতি আরও দায়িত্বশীল ও দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে।

 

আইন পড়া ছেড়ে দেওয়ার পর থেমে থাকেননি বনি। বিজ্ঞাপন, জনসংযোগ, মানবসম্পদ ও নির্বাহী পর্যায়ের কর্মী নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় চার দশক কাজ করেছেন। একপর্যায়ে নিজের নিয়োগ প্রতিষ্ঠানও গড়ে তোলেন। পেশাগত জীবনে সফলতা পেলেও আইনজীবী হওয়ার পুরোনো স্বপ্নটি তাঁর মনে রয়ে যায়। আর সেই স্বপ্নের কথা তাঁকে বারবার মনে করিয়ে দিতেন তাঁর মা। মেয়ের পড়াশোনা আবার শুরু করার বিষয়ে কয়েক দশক ধরেই উৎসাহ দিয়ে আসছিলেন তিনি।

 

৬৫ বছর পেরোনোর পর অবশেষে মায়ের কথায় নতুন করে ভাবতে শুরু করেন বনি। আইন স্কুলে ভর্তির যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা এলস্যাট দেন তিনি। এরপর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে একাধিক জায়গা থেকে ভর্তির সুযোগ ও বৃত্তির প্রস্তাব পান। শেষ পর্যন্ত নিউ জার্সির নিউয়ার্কে অবস্থিত রাটগার্স ইউনিভার্সিটির আইন অনুষদ বেছে নেন। ২০২৩ সালে ৬৬ বছর বয়সে সেখানে নতুন করে শিক্ষাজীবন শুরু করেন তিনি।

 

শুরুতে নিজের চেয়ে কয়েক দশকের ছোট শিক্ষার্থীদের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল বনির মেয়েরও। তবে দ্রুতই সহপাঠীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে তাঁর। প্রথম বর্ষে প্রায় ১৭ জন শিক্ষার্থীর একটি দলের সঙ্গে নিয়মিত ক্লাস করতেন তিনি। ধীরে ধীরে সহপাঠীরা তাঁর ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বয়সের পার্থক্য তাঁদের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হয় বনির।

 

শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনেও সক্রিয় ছিলেন তিনি। রাটগার্সের মধ্যস্থতা ক্লিনিকে কাজ করে বিরোধ নিষ্পত্তি, আলোচনা ও আইনি প্রতিনিধিত্বের দক্ষতা অর্জন করেন। দেওয়ানি বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে সপ্তাহে তিন দিন আদালতে গিয়ে পক্ষগুলোর মধ্যে সমঝোতা তৈরির কাজেও অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক পরিচালক ফেলিসিয়া ফারবার জানান, চার দশকের বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা বনিকে বাস্তব সমস্যা বোঝা ও সমাধানের ক্ষেত্রে বাড়তি দক্ষতা দিয়েছে।

 

গত ২২ মে নিউ জার্সি পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত সমাবর্তনে ডিগ্রি গ্রহণ করেন বনি। দর্শকসারিতে ছিলেন তাঁর ৯২ বছর বয়সী মা, ৩৩ বছর বয়সী মেয়ে জামি এরিন গ্যানজ এবং পরিবারের অন্য সদস্যরা। সমাবর্তনে ডিন যখন বনির নাম ঘোষণা করেন, তখন আবেগ ধরে রাখতে পারেননি তাঁর মেয়ে। পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জামি জানান, মায়ের এই অর্জন ছিল কয়েক দশকের অপেক্ষা ও পরিশ্রমের ফল। মায়ের জন্য এর চেয়ে গর্বের মুহূর্ত আর হতে পারে না বলেও জানান তিনি।

 

এখন আইন পেশায় নিজের পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন বনি। করপোরেট প্রতিষ্ঠানের আইন বিভাগে কাজ করার পাশাপাশি মধ্যস্থতা কিংবা মামলা পরিচালনার ক্ষেত্রেও আগ্রহ রয়েছে তাঁর। তবে পেশাগতভাবে আইনচর্চা শুরুর আগে বার পরীক্ষার প্রস্তুতি নেওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। এত বছর পর আবার পড়াশোনায় ফিরে সফল হওয়া প্রসঙ্গে বনির বক্তব্য, জীবনে কোনো কিছু করার ইচ্ছা থাকলে বয়সকে বাধা হিসেবে দেখা উচিত নয়। কারণ কয়েক বছর পর চেষ্টা না করার আফসোসের চেয়ে চেষ্টা করে স্বপ্ন পূরণ করাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

 

সংবাদসূত্র: পিপল ম্যাগাজিন, রাটগার্স ইউনিভার্সিটি আইন অনুষদ।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
দীর্ঘদিন ধরে খাবারে ঘুম ও উদ্বেগের ওষুধ মেশানোর অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ আটক। ছবি: সংগৃহীত
লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে অজান্তে সঙ্গীর খাবারে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ।   পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ।   তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়।   এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন।   ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।   হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি।   সূত্র: ফক্স ১৩ নিউজ   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:৫০
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ক্যালিফোর্নিয়ায় ৬১৭ জন আক্রান্ত, দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত এক নারী। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা

যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা,  বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন

যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ।   যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়।   প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ।   অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ।   টেক্সাসে মুনাফা কম কেন?   স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে।   হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে।   তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে।   যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা   অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ।   দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে।   তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে।   সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:২৬
নিউইয়র্কে সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ছবি: সংগৃহীত

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক

যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। জাতীয় ছুটির কারণে দেশজুড়ে অধিকাংশ বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, সুপারমার্কেট, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেশ কিছু মুদি দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ সীমিত সময়ের জন্য খোলা থাকছে।   মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের  প্রতিবেদন অনুযায়ী, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যালডি, পাবলিক্স ও ট্রেডার জোসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান থ্যাংকসগিভিং উপলক্ষে তাদের সব স্টোর বন্ধ রেখেছে। অন্যদিকে কিছু সুপারমার্কেট ও ওষুধের দোকান পরিবর্তিত সময়সূচিতে কার্যক্রম চালাচ্ছে।   যেসব দোকান খোলা থাকছে   থ্যাংকসগিভিংয়ে সীমিত সময়ের জন্য খোলা থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:   - ক্রোগার: বিকেল ৫টা পর্যন্ত খোলা; ফার্মেসি ও ক্লিনিক বন্ধ। - জায়ান্ট ইগল: বিকেল ৩টা পর্যন্ত। - হ্যারিস টিটার: দুপুর ২টা পর্যন্ত। - ওয়েগম্যানস: অধিকাংশ স্টোর বিকেল ৪টা পর্যন্ত। - হোল ফুডস: অধিকাংশ স্টোর পরিবর্তিত সময়সূচিতে খোলা। - স্প্রাউটস ফার্মার্স মার্কেট: সকাল ৭টা থেকে দুপুর ২টা। - অ্যালবার্টসনস ও সেফওয়ে: অধিকাংশ স্টোর সীমিত সময়ের জন্য খোলা। - ওয়ালগ্রিনস: সব স্টোর খোলা; অধিকাংশ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। - সিভিএস: অধিকাংশ স্টোর খোলা থাকলেও সময়সূচি ও ফার্মেসির কার্যক্রমে পরিবর্তন রয়েছে। - ডলার জেনারেল: সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত।   এ ছাড়া ডানকিনের দোকান এবং ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের অধিকাংশ শাখা খোলা থাকছে। তবে ফ্র্যাঞ্চাইজিভেদে সময়সূচি আলাদা হতে পারে।   যেসব দোকান বন্ধ   থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:   - ওয়ালমার্ট - টার্গেট - কস্টকো - অ্যালডি - পাবলিক্স - ট্রেডার জো - লিডল - বেস্ট বাই - হোম ডিপো - লোওস - ম্যাসিস - কোহলস - অ্যাপল স্টোর - জেসি পেনি   এ ছাড়া টিজে ম্যাক্স, মার্শালস, আইকিয়া ও পেটকোর স্টোরও বন্ধ রয়েছে।   ব্যাংক, ডাকঘর ও শেয়ারবাজারের কার্যক্রম   থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। চেজ, ওয়েলস ফার্গো ও ব্যাংক অব আমেরিকার শাখাও বন্ধ। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে।   ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) ডাকঘরগুলোও বন্ধ রয়েছে। নিয়মিত ডাক ও চিঠি বিতরণ শুক্রবার থেকে আবার শুরু হবে। ইউপিএস ও ফেডেক্সের সাধারণ প্যাকেজ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও আজ বন্ধ।   এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাক বন্ধ রয়েছে। শুক্রবার উভয় শেয়ারবাজার আবার চালু হবে, তবে ওই দিন লেনদেন শেষ হবে দুপুর ১টায় (ইস্টার্ন টাইম)।   ব্ল্যাক ফ্রাইডেতে আবার খুলবে বড় স্টোরগুলো   থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আবার খুলবে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওয়ালমার্ট ও টার্গেটের স্টোর সকাল ৬টায় খুলবে। বেস্ট বাইও সকাল ৬টায় কার্যক্রম শুরু করবে। কস্টকোর এক্সিকিউটিভ সদস্যরা সকাল ৯টা থেকে এবং অন্য সদস্যরা সকাল ১০টা থেকে কেনাকাটা করতে পারবেন। কোহলস খুলবে সকাল ৫টায়।   তবে প্রতিষ্ঠান ও অঞ্চলভেদে সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট স্টোরের ওয়েবসাইট কিংবা স্থানীয় শাখার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসূত্র  ওয়েশ ২ নিউজ 876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:৩৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল

নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...