সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

খোদ বিমান বাহিনীর প্রধান ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা, চরম ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১১:০
খোদ বিমান বাহিনীর প্রধান ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা, চরম ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা
খোদ বিমান বাহিনীর প্রধান ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা, চরম ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা

মার্কিন বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকাররা অনুপ্রবেশ করেছে বলে রয়টার্সকে জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র। এই ঘটনার ফলে স্পর্শকাতর কৌশলগত তথ্য, কর্মী সংক্রান্ত তথ্য এবং সরবরাহ ব্যবস্থার বড় অংশ ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

দুটি সূত্রের তথ্যমতে, সিস্টেম আপগ্রেডের কাজ চলাকালীন গত এক মাসের মধ্যে এই অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে এবং এর জেরে প্ল্যাটফর্মজুড়ে নানা ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের পূর্ণ মাত্রা কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।এ বিষয়ে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিমান বাহিনী জানায়, তারা নির্দিষ্ট নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা অবস্থান, দুর্বলতা কিংবা কার্যক্ষমতা নিয়ে কোনো মন্তব্য করে না। তবে বিমান বাহিনীর তথ্য, সিস্টেম ও অভিযান সক্ষমতা সুরক্ষিত রাখতে নিয়মিত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ান মূলত বিমান বাহিনীর তথ্যপ্রযুক্তিগত চাহিদা মেটাতে একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের সম্পদ যুক্ত করে তৈরি এই ব্যবস্থার মাধ্যমে বহু অ্যাপ্লিকেশন পরিচালিত হয়—যার মধ্যে কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে লজিস্টিকস ও রক্ষণাবেক্ষণের মতো কাজ রয়েছে।এর আওতায় রয়েছে বিমান বাহিনীর ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’, যা উত্তর আমেরিকাজুড়ে আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য তথ্য একত্র করে। এ ছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’, যা বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমান বাহিনী ঘাঁটিতে বোমা ও ক্ষেপণাস্ত্রের গতিবিধি ট্র্যাক করে।

 

২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি; এরপর দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে এসএআইসি সাড়া দেয়নি এবং লেইডোস প্রশ্নগুলো বিমান বাহিনীর দিকে পাঠিয়েছে। দুটি সূত্রের মতে, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর অন্যতম বৃহৎ ক্লাউড প্ল্যাটফর্ম। একটি সূত্র বলেছে, এখানে অনুপ্রবেশ বড় ধরনের উদ্বেগের বিষয়। ক্ষতি নিরূপণে মার্কিন সামরিক বাহিনীর সাইবার ফোর্স সাইবার কমান্ডকে ডাকা হয়েছে বলেও ওই সূত্র জানিয়েছে। তবে সাইবার কমান্ড এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।অনুপ্রবেশের ঘটনা সামনে আসার পর কার্যক্রমে বিভিন্ন ধরনের ব্যাঘাত ঘটেছে। দুটি সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত চতুর্থ এক ব্যক্তি জানান, ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের দীর্ঘদিনের সামরিক অগ্রাধিকারমূলক কাজ স্থগিত করা হয়েছে।

 

প্ল্যাটফর্মে ইতোমধ্যে চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর আপডেটও আটকে দেওয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে একের পর এক গুরুতর সফটওয়্যার দুর্বলতা প্রকাশের এই সময়ে বিমান বাহিনীর কর্মীরা প্রয়োজনীয় নিরাপত্তা প্যাচ বা সমাধান প্রয়োগ করতে পারছেন না। পঞ্চম একটি সূত্র জানিয়েছে, কয়েকজন ব্যবহারকারীর অ্যাডমিনিস্ট্রেটর সুবিধা বাতিল করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এই পাঁচটি সূত্র কথা বলেছে।

 

একটি সূত্র জানায়, সাইবার অনুপ্রবেশকারীরা একটি সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ কাঠামো বা কন্ট্রোল প্লেন পর্যন্ত পৌঁছায়। ওই ব্যক্তি কন্ট্রোল প্লেনকে ‘ইউনিভার্সাল রিমোট’-এর সঙ্গে তুলনা করে বলেন, তাত্ত্বিকভাবে এর মাধ্যমে অনুপ্রবেশকারীরা সামরিক উড়োজাহাজের কার্যক্ষমতা বা খুচরা যন্ত্রাংশের চলাচল পরীক্ষা করতে পারেন; তবে এই ঘটনায় হ্যাকাররা তা করেছে কি না, তা স্পষ্ট নয়। কোন নির্দিষ্ট সফটওয়্যার দুর্বলতা ব্যবহার করা হয়েছে, তা রয়টার্স শনাক্ত করতে পারেনি।এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সাইবার অনুপ্রবেশ নিয়ে বাড়তি উদ্বেগের মধ্যেই এই খবর এল। বিস্তৃত নেটওয়ার্কে দ্রুত দুর্বলতা খুঁজে বের করার সক্ষমতার কারণে ক্লাউডভিত্তিক ব্যবস্থার জন্য এটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

 

মার্কিন সরকার ইতোমধ্যে সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে আসা অন্তত আরও ছয়টি সাইবার ঘটনার প্রভাব সামলাচ্ছে। এর মধ্যে এফবিআইয়ের দুটি ঘটনা, পেন্টাগনের তথ্য চুরির আগের একটি ঘটনা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মী তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা অনুপ্রবেশ এবং ট্রেজারি ডিপার্টমেন্টে হ্যাকিংয়ের ঘটনা রয়েছে।ক্লাউড ওয়ান দীর্ঘদিন ধরেই হ্যাকারদের নিশানায় ছিল। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ফেডস্কুপ-এ প্রকাশিত এক নিবন্ধে ক্লাউড ওয়ানের নেতৃত্ব বিপুলসংখ্যক অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার ক্ষেত্রে ‘১০০ শতাংশ সাফল্যের’ দাবি করেছিলেন। সে সময় তারা লিখেছিলেন, নিরাপত্তার প্রশ্নে কোনো ভুলের সুযোগ নেই।

সূত্র: রয়টার্স।

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
আইস হেফাজতে থেকেও চাকরি অটুট, বছরে ১ লাখ ২৫ হাজার ডলার বেতন পাচ্ছেন ভেনেজুয়েলার নাগরিক
আইস হেফাজতে থেকেও চাকরি অটুট, বছরে ১ লাখ ২৫ হাজার ডলার বেতন পাচ্ছেন ভেনেজুয়েলার নাগরিক

ভেনেজুয়েলার নাগরিক ৫৩ বছর বয়সী রাফায়েল রুবিও বোহোর্কেজ গত ১২ জানুয়ারি মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এজেন্টদের হাতে আটক হওয়ার পরও পাঁচ মাস ধরে বার্ষিক এক লাখ ২৫ হাজার ডলার বেতন সংগ্রহ করেছেন।   নিউইয়র্ক সিটি কাউন্সিলের এই কর্মী নিউজার্সির নেওয়ার্কে অবস্থিত ডেলানি হল ডিটেনশন ফ্যাসিলিটিতে বন্দি ছিলেন, তবে করদাতাদের অর্থে দেওয়া তার বেতন বহাল ছিল। সাবেক কাউন্সিল কর্মীদের মতে, শহরের নীতিমালা এবং ইউনিয়ন চুক্তির কারণে কর্তৃপক্ষকে নিয়মিত বেতন পরিশোধ করতে হয়েছে; তৎক্ষণাৎ না দিলেও মুক্তি পাওয়ার পর তা পরিশোধ করতে হতো এবং তিনি ওই বেতনের অধিকারী ছিলেন।   আটকের পেছনে অভিবাসন আবেদন সংক্রান্ত অভিযোগ এবং নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপট রয়েছে। ভেনেজুয়েলা, হাইতিসহ কয়েকটি দেশের অভিবাসীদের কর্মভিসা সংক্রান্ত বাইডেন আমলের নীতি প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল করার পর বিষয়টি জটিল আকার ধারণ করে।   গত জানুয়ারিতে লং আইল্যান্ডের বেথপেজ থেকে আইস এজেন্টরা বোহোর্কেজকে আটক করেন এই অভিযোগে যে তিনি আশ্রয় ও টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাসের আবেদনে নিজের অপরাধমূলক ইতিহাস গোপন বা মিথ্যা তথ্য দিয়েছিলেন। ২০২৩ সালে কুইন্সে রুমমেটকে আঘাতের অভিযোগে তৃতীয় ডিগ্রি অ্যাসল্ট মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীতে সেই রেকর্ড মুছে ফেলা হলেও আইস কর্মকর্তারা মিথ্যা তথ্যের জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনার কথা জানান।   পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় বোহোর্কেজের পক্ষে রায় আসে। গত ২৭ মে তিনি রাজনৈতিক আশ্রয় লাভ করেন এবং ১৯ জুন বিচারক অ্যান ডনেলি পাঁচ হাজার ডলার বন্ডে তাকে মুক্তির আদেশ দেন; এর তিন দিন পর মার্কিন বিচার বিভাগ আপিল করলেও তা এখনো বিচারাধীন।   সিটি কাউন্সিলের জেনারেল কাউন্সেল নুয়ামাকা এজেবে জানান, একটি নিয়মিত অ্যাপয়েন্টমেন্টে গেলে আইস রাফায়েলকে আটক করেছিল এবং বিচারকের রায় অনুযায়ী তিনি অন্যায়ভাবে আটক ছিলেন। প্রশাসনিক ছুটিতে রাখার ক্ষেত্রে সিটি কাউন্সিল প্রযোজ্য সব আইন ও বিধি অনুসরণ করেছে বলেও জানান তিনি। বর্তমানে কাউন্সিলের হয়ে কাজ চালিয়ে যাওয়া বোহোর্কেজের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১১:১
খোদ বিমান বাহিনীর প্রধান ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা, চরম ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা

খোদ বিমান বাহিনীর প্রধান ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা, চরম ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা

যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার পথ কার্যত বন্ধ: শেষ আশা সুপ্রিম কোর্টের রায়

যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার পথ কার্যত বন্ধ: শেষ আশা সুপ্রিম কোর্টের রায়

নিউইয়র্ক-লস অ্যাঞ্জেলেসকে পেছনে ফেলে, যুক্তরাষ্ট্রে বসবাসে পছন্দের শীর্ষে মিনিয়াপোলিস

নিউইয়র্ক-লস অ্যাঞ্জেলেসকে পেছনে ফেলে, যুক্তরাষ্ট্রে বসবাসে পছন্দের শীর্ষে মিনিয়াপোলিস

জার্মানিতে শিশু ছাড়া পার্কে প্রবেশ ও বেঞ্চে বসে কাঁদায় এক নারীকে ২৫ ইউরো জরিমানা
জার্মানিতে শিশু ছাড়া পার্কে প্রবেশ ও বেঞ্চে বসে কাঁদায় এক নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে ফোনে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন ৩১ বছর বয়সী এক নারী। ব্যক্তিগত সমস্যা, পড়াশোনার চাপ ও আর্থিক সংকট সামলাতে না পেরে কিছুটা নিরিবিলি সময় কাটাতে পার্কে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে বসার কারণে তাঁকে ২৫ ইউরো জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি সামনে আসার পর জার্মানিতে আইন প্রয়োগের কঠোরতা ও মানবিকতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।   ঘটনাটি ঘটেছে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের গেলজেনকির্শেন শহরের হাসেল এলাকার গ্লুকআউফ পার্কে। গত ২৫ অক্টোবর হানা নামের ওই নারী পার্কে হাঁটতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি রসায়নের শিক্ষার্থী। পড়াশোনা ও আর্থিক বিষয় নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন বলে জার্মান সম্প্রচারমাধ্যম ডব্লিউডিআরকে জানিয়েছেন তিনি।একপর্যায়ে শিশুদের খেলার মাঠের ভেতরে একটি বেঞ্চে বসে খালাকে ফোন করেন হানা। কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় গেলজেনকির্শেনের পৌরসভার জনশৃঙ্খলা রক্ষাকারী বিভাগের (কেওডি) তিন কর্মকর্তা তাঁর কাছে আসেন। তাঁরা জানতে চান, পাশের দোলনায় খেলতে থাকা দুই ছেলে তাঁর সন্তান কি না। হানা জানান, শিশুরা তাঁর সন্তান নয়। এরপর কর্মকর্তারা তাঁর পরিচয়পত্র চান এবং নিয়ম ভঙ্গের অভিযোগে ২৫ ইউরো জরিমানা করেন।   জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গেলজেনকির্শেনের স্থানীয় জনশৃঙ্খলা বিধির ১২ নম্বর ধারায় শিশুদের খেলার মাঠে ১৪ বছর পর্যন্ত বয়সী শিশু এবং তাদের অভিভাবক বা তত্ত্বাবধায়কদের অবস্থানের অনুমতি রয়েছে। সঙ্গে কোনো শিশু না থাকলে অন্য প্রাপ্তবয়স্কদের সেখানে অবস্থান নিষিদ্ধ। নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫৫ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এমনকি মাঠের বেঞ্চে বসার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।হানা জানিয়েছেন, তিনি এ নিয়ম সম্পর্কে জানতেন না। তাঁর অভিযোগ, কর্মকর্তারা চাইলে প্রথমে তাঁকে সতর্ক করতে পারতেন অথবা সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে বলতে পারতেন। কান্নারত একজন মানুষকে দেখে কর্মকর্তাদের প্রথমেই তাঁর কোনো সাহায্য প্রয়োজন কি না, তা জানতে চাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। হানার ভাষায়, আইন ও মানবিকতা একে অপরের বিপরীত হওয়া উচিত নয়। শেষ পর্যন্ত অতিরিক্ত খরচের আশঙ্কা এড়াতে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেছেন।   অন্যদিকে, শহর কর্তৃপক্ষ কর্মকর্তাদের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে। শহরের মুখপাত্র মার্টিন শুলমানের বক্তব্য অনুযায়ী, জনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করেন। ২৫ ইউরোর জরিমানাকে তুলনামূলকভাবে কম ও যুক্তিসংগত ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে প্রশাসন। সংশ্লিষ্ট কর্মকর্তারাও দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি পর্যালোচনা করে দায়িত্ব পালনে অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি।ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনীতিকদের মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। সিটি কাউন্সিলের সদস্য সিমন নওয়াক বলেছেন, শিশুদের খেলার মাঠ মূলত শিশুদের জন্য এবং শিশু ছাড়া সেখানে প্রাপ্তবয়স্কদের অবস্থান সাধারণভাবে নিষিদ্ধ। তবে গ্রিন পার্টির কাউন্সিল সদস্য উইবকে ভেক্সেলার সতর্ক করেছেন, নিয়মের অতিরিক্ত কঠোর প্রয়োগের কারণে যেন সাধারণ মানুষের জনপরিসর ব্যবহারের সুযোগ সংকুচিত না হয়। এসপিডির কাউন্সিল প্রতিনিধিরাও মনে করেন, হানার ক্ষেত্রে জরিমানার পরিবর্তে সতর্ক করাই যথেষ্ট হতো।   এদিকে, ঘটনাটি সামনে আসার পর গেলজেনকির্শেন সিটি কাউন্সিলে খেলার মাঠে নিয়ম ভঙ্গের জরিমানা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। গত ১৭ নভেম্বরের আলোচনায় সর্বোচ্চ জরিমানা ৫৫ ইউরো থেকে বাড়িয়ে ৬০ ইউরো করার বিষয়টি উঠে আসে। এর মধ্যে অনুমতি ছাড়া বেঞ্চে বসার মতো বিষয়ও রয়েছে। তবে নতুন জরিমানার হার কার্যকর হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।   হানা মনে করেন, নিয়ম ভঙ্গ করলে মানুষকে সতর্ক করা এবং ভবিষ্যতে একই ঘটনা ঠেকানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু একজন মানুষ মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তাঁর পরিস্থিতিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। ঘটনাটি জার্মানিতে স্থানীয় আইন প্রয়োগের পাশাপাশি জনসাধারণের প্রতি প্রশাসনের মানবিক আচরণের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।   সংবাদ সূত্র ডব্লিউডিআর (WDR), টাগেশাউ (Tagesschau) 876TR

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৯:২
থ্যাংকসগিভিংয়ের ঝড়ে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

থ্যাংকসগিভিংয়ের ঝড়ে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

নিউইয়র্ক সিটির বিভিন্ন পাবলিক স্কুলে ‘স্কুল এইড’ পদে নিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের বিভিন্ন পাবলিক স্কুলে চাকরির সুযোগ, স্কুল এইড পদে নিয়োগ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিজয় ‘হাতের নাগালে’ দাবি করে চুক্তির সুযোগের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানে বিজয় ‘হাতের নাগালে’, তেহরানকে যুদ্ধের অবসানে চুক্তির আহ্বান জানালেন ট্রাম্প

গ্রাহক বিভ্রান্তি ও রিভিউ গোপনের অভিযোগ নিষ্পত্তিতে ১০ কোটি ডলার দেবে ফ্যাশন ব্র্যান্ড শেইন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ১০ কোটি ডলার ফেরত দিতে সম্মত শেইন, জেনে নিন বিস্তারিত

যুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করা, পণ্য সরবরাহে প্রতিশ্রুতি ভঙ্গ এবং নেতিবাচক রিভিউ গোপনের অভিযোগ নিষ্পত্তিতে ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে জনপ্রিয় অনলাইন ফ্যাশন প্রতিষ্ঠান শেইন (SHEIN)। এই অর্থ প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।   গত ২৪ নভেম্বর এফটিসি ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মামলা ও প্রস্তাবিত সমঝোতার নথি দাখিল করে। পরদিন বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স ১৩ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।   এফটিসির অভিযোগ, দ্রুত পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করলেও শেইন অনেক ক্ষেত্রে তা রক্ষা করেনি। হাজার হাজার গ্রাহক নির্ধারিত সময়ের কয়েক দিন, সপ্তাহ কিংবা মাস পর পণ্য হাতে পেয়েছেন। এমনকি অনেকে অর্ডার করা পণ্য পাননি। এসব সমস্যার সমাধানে গ্রাহকদের পর্যাপ্ত সহযোগিতাও দেওয়া হয়নি।   আদালতের নথি অনুযায়ী, প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ প্যাকেজ পাঠায় শেইন। অথচ ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন গ্রাহকদের ফোনে সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটিতে মাত্র পাঁচজন কর্মী ছিলেন। গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁদের ফোন নম্বরও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।   পণ্যের রিভিউ নিয়েও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এফটিসি জানিয়েছে, শেইন ইতিবাচক রিভিউ প্রকাশ করলেও পণ্যের মান নিয়ে গ্রাহকদের নেতিবাচক মন্তব্য গোপন বা মুছে ফেলত।   এ ছাড়া তুলার উৎপত্তিস্থল এবং সরবরাহকারীদের শ্রমমান নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত বলে দাবি করা কিছু তুলা প্রকৃতপক্ষে চীন থেকে এসেছে বলে জানিয়েছে এফটিসি। কিছু পণ্যে ব্যবহৃত তুলার উৎসও শনাক্ত করা যায়নি।   প্রস্তাবিত সমঝোতার শর্ত অনুযায়ী, পণ্য সরবরাহের সময় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, নেতিবাচক রিভিউ গোপন এবং সরবরাহকারীদের সম্পর্কে ভিত্তিহীন দাবি করা থেকে বিরত থাকতে হবে শেইনকে। পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নত করতে হবে।   তবে শেইনের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, এই সমঝোতার অর্থ অভিযোগের দায় স্বীকার করা নয়। এফটিসির কিছু অভিযোগের সঙ্গে প্রতিষ্ঠানটি একমত নয়। তা সত্ত্বেও গ্রাহকসেবা ও আইন মেনে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরও উন্নতি করতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।   চীনে প্রতিষ্ঠিত ও বর্তমানে সিঙ্গাপুরভিত্তিক শেইন যুক্তরাষ্ট্রের ফাস্ট ফ্যাশন বাজারের প্রায় অর্ধেক দখল করে আছে। কম দামে পোশাক ও ফ্যাশনসামগ্রী বিক্রির কারণে মার্কিন গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়।   প্রস্তাবিত সমঝোতা কার্যকর হতে ফেডারেল বিচারকের অনুমোদন প্রয়োজন। ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা কবে এবং কীভাবে ক্ষতিপূরণ পাবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।   সূত্র: ফক্স ১৩   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ০:৪৩
শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ছুটিতে চার শতাধিক ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো যাত্রী। ছবি: সংগৃহীত

থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রের দুই উপকূলে ঝড়, বাতিল ৪০০টির বেশি ফ্লাইট

চিকিৎসক বা নার্স না হয়েও দীর্ঘমেয়াদি ডিগ্রি ছাড়া যুক্তরাষ্ট্রের হেলথকেয়ার খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত

ডাক্তার বা নার্স না হয়েও আমেরিকায় হেলথকেয়ারে দ্রুত ক্যারিয়ার শুরুর ৭টি পথ, জেনে নিন বিস্তারিত

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের মিশন হিলস এলাকার রাস্তায় লোমহীন এই অসুস্থ প্রাণীটিকে হাঁটতে দেখা যায়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় লোমহীন রহস্যময় প্রাণীর দেখা, কৌতূহল ও উদ্বেগে স্থানীয়রা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...