মুক্তির আনন্দ টিকল মাত্র তিন মিনিট, আদালতের নির্দেশে ছাড়া পেয়েই ফের আইসিইর হাতে আটক অভিবাসী
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে আদালতের নির্দেশে অভিবাসন আটককেন্দ্র থেকে মুক্তি পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে আবার গ্রেপ্তার হয়েছেন ইয়াদের কোর্তেস আন্দিনো নামে এক অভিবাসী। গত ২ অক্টোবরের এ ঘটনায় আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ১৩ অক্টোবর মিনেসোটা পাবলিক রেডিওর এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, কোর্তেসের বিনা পরোয়ানায় গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ফেডারেল বিচারক জেরি ব্ল্যাকওয়েল। ২ অক্টোবর মিনেসোটার বিশপ হেনরি হুইপল ফেডারেল বিল্ডিংয়ে তাঁর মুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাঁকে ব্যক্তিগত জিনিসপত্রও ফেরত দেওয়া হয়। তবে আইনজীবীর জন্য অপেক্ষমাণ প্রধান ফটক দিয়ে বের না করে তাঁকে ভবনের পেছনের একটি দরজা দিয়ে বাইরে পাঠানো হয়। সেখানে সাধারণ পোশাকে অপেক্ষা করছিলেন আইসিইর কর্মকর্তারা। এরপর তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।
কোর্তেসের আইনজীবীর বক্তব্য এবং সরকারের আদালতে দাখিল করা নথি অনুযায়ী, মুক্তির মাত্র তিন মিনিট পর তাঁকে পুনরায় আটক করা হয়। তাঁর আইনজীবী জানতে চাইলে আইসিইর এক কর্মকর্তা জানান, এ ধরনের পুনরায় গ্রেপ্তারের প্রক্রিয়া গত মে মাস থেকেই চলছে। ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, সংস্থাটির একটি আইনি দল আদালতে আটকাদেশ চ্যালেঞ্জ করে মুক্তির নির্দেশ পাওয়া অভিবাসীদের মামলা পর্যালোচনা করে পুনরায় গ্রেপ্তারের উপযুক্ত ব্যক্তিদের শনাক্ত করছে।
মিনেসোটা পাবলিক রেডিওর অনুসন্ধানে একই ধরনের আরও কয়েকটি ঘটনার তথ্য উঠে এসেছে। ২৫ সেপ্টেম্বর মেক্সিকোর এক নাগরিককে আটককেন্দ্রের বাইরে কয়েক পা এগোনোর পর পুনরায় গ্রেপ্তার করা হয়। ১ অক্টোবর গুয়াতেমালার এক নাগরিক ভবনের দরজা পেরোনোর আগেই আবার আটক হন। আদালতের নথিতে সেপ্টেম্বরের আরও দুটি ঘটনার উল্লেখ রয়েছে। এর মধ্যে ৯ সেপ্টেম্বর এক ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তারের সময় তাঁর কাঁধের হাড় স্থানচ্যুত হয়েছিল বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
ওই ঘটনার ভিডিও পর্যালোচনা করে ফেডারেল বিচারক জেফরি ব্রায়ান বলেন, ভবন থেকে বের হওয়ার সময় আইসিইর কর্মকর্তারা ওই ব্যক্তিকে ঘিরে ফেলেছিলেন। বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, গ্রেপ্তারের পরোয়ানা যথাযথভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়নি। বরং হাতকড়া পরানোর আগে ভাঁজ করা একটি কাগজ কয়েক সেকেন্ডের জন্য তাঁর সামনে দেখানো হয়েছিল। বিচারক সতর্ক করেন, এ ধরনের পুনরায় গ্রেপ্তারকে বৈধ বলে মেনে নিলে আটকাদেশের বিরুদ্ধে আদালতে প্রতিকার চাওয়ার অধিকার অর্থহীন হয়ে পড়তে পারে।
কোর্তেসের ঘটনায় বিচারক ব্ল্যাকওয়েলও সরকারের কাছে ব্যাখ্যা চান। আদালত তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তির সময়, তারিখ ও স্থান জানাতে নির্দেশ দিয়েছিলেন। সরকার নির্ধারিত সময়ে সেই তথ্য জমা না দেওয়ায় ৫ অক্টোবর বিচারক কেন আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন। তবে আদালত অবমাননার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কোর্তেসের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনও এ ঘটনার সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর স্ত্রী জেনিফারের সঙ্গে সংসার করছেন তিনি এবং ২০২৫ সালের জুনে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিলেন। মিনেসোটা পাবলিক রেডিও জানায়, পুনরায় গ্রেপ্তারের পরদিন, ৩ অক্টোবর তাঁর গ্রিন কার্ডের আবেদন অনুমোদিত হয়। পরে ৫ অক্টোবর সন্ধ্যায় তাঁকে আবার মুক্তি দেওয়া হয়।
আইসিইর এই পদক্ষেপের বিষয়ে মিনেসোটা পাবলিক রেডিও হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর এবং আইসিইর কাছে জানতে চেয়েছিল, কবে থেকে এ প্রক্রিয়া চলছে, কার নির্দেশে তা করা হচ্ছে এবং কতজন অভিবাসী এর আওতায় পড়েছেন। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর ও আইসিই এসব প্রশ্নের সরাসরি জবাব দেয়নি। ফলে মিনেসোটার বাইরে যুক্তরাষ্ট্রের অন্য অঙ্গরাজ্যগুলোতেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আইন বিশেষজ্ঞদের কাছে এ ধরনের ঘটনা গুরুত্বপূর্ণ, কারণ আদালতের নির্দেশে মুক্তি পাওয়ার পর কাউকে নতুন করে গ্রেপ্তার করতে হলে তার আইনি ভিত্তি কী, সেটি স্পষ্ট হওয়া প্রয়োজন। নতুন ও বৈধ ভিত্তিতে পুনরায় গ্রেপ্তারের সুযোগ থাকলেও আগের আটকাদেশ বেআইনি ঘোষণার পরপরই একই ব্যক্তিকে আটক করার ক্ষেত্রে আদালতের নির্দেশ যথাযথভাবে মানা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
মিনেসোটার এসব ঘটনা যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ, বিচার বিভাগের নির্দেশ এবং সরকারি সংস্থার জবাবদিহি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। আদালতের নির্দেশে মুক্তি পাওয়ার পরপরই আবার আটক করার এই প্রক্রিয়া কতটা আইনসম্মত, তা নির্ধারণে আদালতের পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রজুড়ে বৃহস্পতিবার উদ্যাপিত হচ্ছে ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উৎসব। ঘরে ঘরে রোস্ট করা টার্কির সুবাস আর পরিবারের সদস্যদের মিলনমেলার এই দিনে এবার মার্কিন নাগরিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম। গবেষণা প্রতিষ্ঠান দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার সাধারণ থ্যাংকসগিভিং ভোজের খরচ বেড়েছে ১১ শতাংশ। থ্যাংকসগিভিংয়ের মূল আকর্ষণ টার্কির দাম গত বছরের এই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি আনুষঙ্গিক সব খাবারের দামই বেড়েছে দুই অঙ্কের ঘরে। দেড় পাউন্ডের এক ব্যাগ সবুজ শিমের (গ্রিন বিনস) দাম ৩৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ দশমিক ৯৯ ডলার থেকে ৪ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া পাঁচ পাউন্ডের রাসেট আলুর দাম ৬ দশমিক ৮ শতাংশ এবং আপেল পাই তৈরিতে ব্যবহৃত তিন পাউন্ড গ্র্যানি স্মিথ আপেলের দাম ১০ দশমিক ২ শতাংশ বেড়েছে। দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের প্রধান অর্থনীতিবিদ কাইল মুর এক বিবৃতিতে বলেন, থ্যাংকসগিভিং মূলত টেবিলের চারপাশে সবাইকে নিয়ে একসঙ্গে বসার উৎসব, কিন্তু এ বছর অনেক পরিবারকেই হিসাব কষতে হচ্ছে তারা কতজন অতিথিকে খাওয়ানোর সামর্থ্য রাখে। আমেরিকান ফার্ম ব্যুরোর পূর্বাভাস অনুযায়ী, ১০ জনের একটি ভোজের খরচ ৬ শতাংশ বাড়ছে, যা ২০২২ সালের রেকর্ড মূল্যবৃদ্ধির পর প্রথম। দাম বাড়ার কারণে অনেকেই পুরোনো প্রথায় পরিবর্তন আনছেন। নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা স্যাম ব্রেভারম্যান জানান, আগে তাঁর মা একাই পুরো আয়োজনের খরচ বহন করতেন। কিন্তু এবার খরচ ১৩০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা যে যার মতো খাবার তৈরি করে নিয়ে আসার (পটলাক) সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, ক্রেতাদের স্বস্তি দিতে ব্রুকলিনের গ্রিন ভ্যালি মুদিদোকানের মালিক বারিস আভসি জানান, মানুষের কষ্টের কথা ভেবে তিনি ডিম, দুধ ও চিনির মতো জরুরি পণ্যগুলো প্রায় কেনা দামে বিক্রি করছেন। তবে ওয়ালমার্টের মতো বড় রিটেইল চেইনগুলো ১০ জনের পূর্ণাঙ্গ হলিডে মিল প্যাকেজে গত বছরের তুলনায় ১২ শতাংশ ছাড় দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থা জ্বালানি ও সারের দাম বাড়িয়ে দিয়েছে। বসন্তকালীন চাষাবাদের মৌসুমে ইউরিয়া সারের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে সুপারমার্কেটের পণ্যে। এ ছাড়া স্টিলের ওপর শুল্ক আরোপের ফলে টিনজাত খাবারের দামও বেড়েছে। ক্যাম্বেলস স্যুপ জানিয়েছে, তারা তাদের ৬০ শতাংশ পণ্যের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়াচ্ছে। উৎসবের খরচ মেটাতে গিয়ে বড় ধরনের আর্থিক চাপে পড়েছেন মার্কিনিরা। অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠান লেন্ডিংট্রির এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার যাঁরা ভোজের আয়োজন করছেন, তাঁদের এক-তৃতীয়াংশই তীব্র আর্থিক চাপে আছেন। আয়োজকদের প্রায় ৬২ শতাংশই উৎসবের খরচ মেটাতে ঋণ নেওয়ার কথা ভাবছেন। এর মধ্যে ১৮ শতাংশ মানুষ ‘বাই নাউ, পে লেটার’ (বিএনপিএল) বা পরে পরিশোধের শর্তে কেনাকাটার ঋণের আশ্রয় নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আগস্টের এক প্রতিবেদনে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষ, তরুণ এবং কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে এ ধরনের ঋণ নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। খরচ বাড়ায় এবার থ্যাংকসগিভিংয়ে ভ্রমণের প্রবণতাও কিছুটা কমেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস অনুযায়ী, এবার ৮ কোটি ১৬ লাখের বেশি মানুষ ভ্রমণ করবেন, যা গত বছরের তুলনায় ১ লাখ ২১ হাজার কম। টানা তিন বছর ভ্রমণকারীর সংখ্যা বাড়ার পর এবারই প্রথম তা কমল। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিএনওর তথ্যমতে, প্রতি ১০ জনের মধ্যে ৭ জন মার্কিন নাগরিকই এবার ছুটিতে কোথাও ভ্রমণ না করার পরিকল্পনা করছেন। বর্তমানে প্রতি গ্যালন জ্বালানি তেলের গড় দাম ৩ দশমিক ৬১ ডলার, যা গত বছরের এই সময়ের (৩ দশমিক ০৬ ডলার) চেয়ে বেশি। অন্যদিকে, ভ্রমণবিষয়ক ওয়েবসাইট হপারের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া ৩১ শতাংশ বেড়ে গড়ে ৪০২ ডলারে পৌঁছেছে, যা গত এক দশকের মধ্যে থ্যাংকসগিভিং মৌসুমে সর্বোচ্চ। সূত্র: আল-জাজিরা 873 ডিএন
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা
লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ‘কিং টাইডস’ নামে পরিচিত বছরের সর্বোচ্চ জোয়ারের প্রভাবে ক্যালিফোর্নিয়ার কয়েকটি উপকূলীয় এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ফ্লোরিডাসহ পূর্ব উপকূলের কয়েকটি এলাকাতেও পানি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। কিছু এলাকায় কয়েক দশকের পুরোনো জোয়ারের রেকর্ড ভাঙারও আশঙ্কা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স লোকালের প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকসগিভিং সপ্তাহে দুই উপকূলেই জোয়ারের উচ্চতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। বিশেষ করে সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অন্তত ২ দশমিক ৮ ফুট বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। সান ফ্রান্সিসকোতে সর্বোচ্চ জোয়ারের আগের রেকর্ড ছিল ১৯৮৩ সালের ২৭ জানুয়ারি, যখন পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৯ ফুট বেশি উঠেছিল। নতুন পূর্বাভাস সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা তৈরি করেছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টি ও কোর্টে মাদেরার কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। হুমবোল্ট কাউন্টিতে বন্যার কারণে কয়েকটি উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম উপকূলের পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন ও ওরেগনের উপকূলীয় এলাকায় থ্যাংকসগিভিং পর্যন্ত উচ্চ জোয়ার, শক্তিশালী বাতাস ও বড় ঢেউয়ের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার ২০ থেকে ৩০ ফুট উঁচু ঢেউয়ের সতর্কতাও দেওয়া হয়েছিল। উচ্চ জোয়ারের কারণে ওয়াশিংটন স্টেট ফেরির কয়েকটি যাত্রাও বাতিল করা হয়েছে। অন্যদিকে, ফ্লোরিডার পাম বিচ থেকে মায়ামি পর্যন্ত আটলান্টিক উপকূলে বুধবার ও বৃহস্পতিবার সকালে জোয়ারের কারণে বন্যার আশঙ্কা রয়েছে। কয়েক দিন আগে দক্ষিণ ও মধ্য ফ্লোরিডার কিছু এলাকায় ধীরগতির ঝড়ের কারণে ১৭ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছিল। ফলে নতুন করে জোয়ারের পানি বাড়লে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি আরও জটিল হতে পারে। এ ছাড়া ফ্লোরিডার সেন্ট জনস নদী গত সপ্তাহে ১৯৫৩ সালের বন্যার রেকর্ড ভেঙেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নদীটির পানি বন্যাসীমার অন্তত ২ ফুট ওপরে থাকতে পারে। কেন হয় কিং টাইডস? কিং টাইডস বলতে বছরের কোনো নির্দিষ্ট এলাকায় দেখা দেওয়া অস্বাভাবিক উচ্চ জোয়ারকে বোঝায়। এটি কোনো বৈজ্ঞানিক পরিভাষা নয়। সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় একই সরলরেখায় এলে তাদের সম্মিলিত মহাকর্ষীয় আকর্ষণে সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় ওঠে। পূর্ণিমা ও অমাবস্যার সময় এ ধরনের জোয়ারের প্রভাব আরও বেশি দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ বছর চলমান সুপার এল নিনোর কারণে সমুদ্রের পানির স্বাভাবিক উচ্চতা বেড়ে যাওয়ায় কিং টাইডসের প্রভাব আরও তীব্র হয়েছে। দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও উপকূলীয় বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। উচ্চ জোয়ারের সময় ঝড়, শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাত একসঙ্গে হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।আবহাওয়া দপ্তর উপকূলীয় বাসিন্দাদের স্থানীয় সতর্কতা অনুসরণ, উঁচু ঢেউয়ের সময় সমুদ্রসৈকত, পিয়ার ও পাথুরে এলাকায় যাওয়া থেকে বিরত থাকা এবং প্লাবিত সড়কে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে। সংবাদ সূত্র LiveNOW from FOX 876TR
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
থ্যাংকসগিভিং উৎসবের আগে শিকাগোর একটি খাদ্য সহায়তা প্রতিষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। সেখানে তাঁরা শুধু অতিথি হিসেবে যাননি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিজেরাই পরিবারের জন্য খাবারের বাক্স প্রস্তুত করেছেন। বুধবার (২৫ নভেম্বর) শিকাগোর এনগলউড এলাকার ‘ডিওনস শিকাগো ড্রিম’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানে যান ওবামা দম্পতি। সেখানে তাঁরা প্রতিষ্ঠানের কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাজা ফল ও সবজি প্যাকেট করার কাজে অংশ নেন। এসব খাবার থ্যাংকসগিভিংয়ের আগে শিকাগোর বিভিন্ন পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা। প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে শিকাগোর প্রায় ৫ হাজার ৪০০ মানুষের কাছে তাজা ফল ও সবজি পৌঁছে দেয়। খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০২০ সালে একটি কমিউনিটি ফ্রিজের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন ডিওন ডসন। বর্তমানে এটি একটি বড় খাদ্য সহায়তা কার্যক্রমে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডিওন ডসন জানান, ওবামা দম্পতির আসার খবর তিনি মাত্র এক ঘণ্টা আগে পেয়েছিলেন। তাঁদের আকস্মিক উপস্থিতিতে কর্মী ও স্বেচ্ছাসেবকেরা আনন্দিত ও বিস্মিত হন। খাবার প্যাকেট করার সময় বারাক ওবামা ও মিশেল ওবামা নিজেদের জীবনের অভিজ্ঞতা নিয়েও মজার কথাবার্তা বলেন। তাঁদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে খাদ্য সহায়তা কার্যক্রম চলছে। এমন সময়ে সাবেক প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর সরাসরি স্বেচ্ছাসেবায় অংশ নেওয়াকে স্থানীয় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংবাদসূত্র: এবিসি৭ শিকাগো।874 এসকিউ
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক

