সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটিতে আলোচনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক প্রেমিকাকে অপহরণ, যৌন নির্যাতন ও হত্যার রোমহর্ষক পরিকল্পনা করার অভিযোগে ড্যারেন ঝো নামের ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর বিষয় হলো, এই ভয়ংকর অপরাধের পুরো ছকটি তিনি কষেছিলেন জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র সঙ্গে। তবে শেষ রক্ষা হয়নি তার। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ওই যুবকের অস্বাভাবিক কথোপকথন শনাক্ত করে এবং বিষয়টি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে জানিয়ে দেয়। এরপরই তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। মার্কিন আইনি সংবাদমাধ্যম ম্যাসাচুসেটস লয়্যারস উইকলি এবং এনডিটিভির প্রতিবেদনের বরাতে এই তথ্য সামনে এসেছে।
আদালতের নথির তথ্য অনুযায়ী, অভিযুক্ত ড্যারেন ঝো ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসে একজন বিশ্লেষক হিসেবে কাজ করতেন। চলতি বছরের মার্চ মাসে তার ছয় মাসের প্রেমের সম্পর্কের অবসান ঘটে। এরপর থেকেই তিনি সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে বিস্তারিত কথা বলা শুরু করেন। তদন্তকারীদের কাছে ঝো স্বীকার করেছেন যে, বিচ্ছেদের পর সাবেক প্রেমিকার আশপাশে অন্য পুরুষদের উপস্থিতি নিয়ে তিনি প্রচণ্ড ঈর্ষান্বিত ছিলেন।
তদন্তকারী কর্মকর্তাদের দাবি, চ্যাটজিপিটির সঙ্গে ঝোর কথোপকথনগুলো কেবল আবেগ বা ক্ষোভ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং মাসের পর মাস ধরে সেখানে নিখুঁতভাবে সহিংসতার পরিকল্পনা সাজানো হচ্ছিল। এমনকি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তা কীভাবে সামাল দিতে হবে, তারও বিস্তারিত আলোচনা ছিল ওই চ্যাটে। একপর্যায়ে ঝো চ্যাটজিপিটিকে জানান, তিনি ফুল হাতে তার সাবেক প্রেমিকার জিমের পার্কিং এলাকায় অপেক্ষা করবেন এবং সম্পর্ক পুনরায় জোড়া লাগানোর প্রস্তাব দেবেন। যদি তরুণী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তবে তাকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করবেন।
পরবর্তীতে এই পরিকল্পনার মাত্রা আরও ভয়ংকর রূপ নেয়। চ্যাটজিপিটির সঙ্গে আলোচনায় ঝো তার সাবেক প্রেমিকাকে জিম্মি করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার এবং সেখানে আটকে রেখে যৌন নির্যাতন করার ছক কষেন। পুলিশ বা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করলে তাদের ওপরও হামলা চালানোর পাশাপাশি তরুণীর পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি উঠে আসে ওই কথোপকথনে। এই ঘটনাগুলো আঁচ করতে পেরেই ওপেনএআই কর্তৃপক্ষ এফবিআইকে সতর্ক করে।
তদন্তের অংশ হিসেবে ২১ বছর বয়সী ওই ভুক্তভোগী নারীর সঙ্গেও কথা বলে পুলিশ। তিনি জানান, ড্যারেন ঝোর অস্বাভাবিক, সন্দেহবাতিক ও অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণের কারণেই তিনি সম্পর্কটি শেষ করতে বাধ্য হয়েছিলেন। এমনকি ঝোর উগ্র আচরণে এতটাই ভয় পেয়েছিলেন যে, সামনাসামনি কথা না বলে ফোনেই তিনি বিচ্ছেদের কথা জানান। ওই তরুণীর অভিযোগ, বিচ্ছেদের পরও ঝো ফোন, খুদে বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ক্রমাগত হয়রানি করতে থাকেন। অন্য পুরুষদের নিয়ে অবান্তর প্রশ্ন করা এবং তিনি দ্রুত নতুন সম্পর্কে জড়িয়েছেন—এমন ভিত্তিহীন অভিযোগও করতেন ঝো।
একপর্যায়ে অতিষ্ঠ হয়ে তরুণী ঝোর ফোন নম্বর ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেন। কিন্তু এরপর বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নতুন নতুন ভুয়া নম্বর থেকে ঝো যোগাযোগ অব্যাহত রাখেন। এসব বার্তায় চরম হয়রানি, অপমানজনক বক্তব্য, যৌন ইঙ্গিত এবং হত্যার হুমকি দেওয়া হতো। প্রমাণ হিসেবে ওই তরুণী এসব কথোপকথনের স্ক্রিনশট পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
গ্রেপ্তারের মাত্র ছয় দিন আগে এফবিআই পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়কে ঝোর এই ভয়ংকর কথোপকথনের বিষয়ে সতর্ক করে। পাম বিচ কাউন্টি শেরিফের একজন ডেপুটি জানান, তদন্তে তারা চ্যাটজিপিটির প্রায় দুই মাসের চ্যাট হিস্ট্রি বা কথোপকথনের ইতিহাস পর্যালোচনা করেছেন। সেখানে দেখা গেছে, এটি কেবল হতাশা বা রাগের বহিঃপ্রকাশ ছিল না, বরং অত্যন্ত সুপরিকল্পিত একটি অপরাধের প্রস্তুতি ছিল।
গত মে মাসে ড্যারেন ঝোকে গ্রেপ্তার করা হয়। পাম বিচ কাউন্টি কারাগারে দুই দিন বন্দি থাকার পর এক লাখ ডলারের মুচলেকায় তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে বর্তমানে গুরুতরভাবে অনুসরণ বা হয়রানি করা (স্টকিং), লিখিতভাবে হত্যার হুমকি দেওয়া এবং মোবাইল ফোনের অবৈধ ব্যবহারের মতো সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ আনা হয়েছে। পুরো ঘটনাটি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও নজরদারির ক্ষেত্রে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreশিশুদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চ্যাটবটযুক্ত খেলনা উৎপাদন, বিতরণ ও বিক্রির ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। গত ২৪ নভেম্বর গভর্নর ক্যাথি হোকুল এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন। আইনটি স্বাক্ষরের ৯০ দিন পর অর্থাৎ আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় আনা আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি লঙ্ঘনের জন্য প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেওয়ানি জরিমানা আদায় করতে পারবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল। মূলত ১২ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য তৈরি খেলনা—যেমন পুতুল, টেডি বিয়ার বা রোবট, যেগুলো ইন্টারনেট সংযোগের মাধ্যমে এআই কম্প্যানিয়ন হিসেবে শিশুদের সঙ্গে কথোপকথন চালাতে পারে—এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। তবে পূর্বনির্ধারিত সীমিত শব্দ বা বাক্য ব্যবহৃত হয় এমন সাধারণ অফলাইন খেলনা এর আওতায় পড়বে না। পাশাপাশি এই খেলনাগুলো নিজের কাছে রাখা বা ব্যবহার করা অবৈধ ঘোষণা করা হয়নি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যবেক্ষক ও ভোক্তা অধিকার সংস্থার পরীক্ষায় এআই চ্যাটবটযুক্ত খেলনার বিরুদ্ধে উদ্বেগজনক সব তথ্য উঠে আসার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। পরীক্ষায় দেখা গেছে, কথোপকথনের একপর্যায়ে কিছু খেলনা শিশুদের সঙ্গে অনুপযুক্ত বা যৌনতা-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে এবং দেশলাই, ছুরি বা ওষুধের মতো বিপজ্জনক জিনিস খুঁজে বের করার বা ব্যবহারের পরামর্শ দিয়েছে। এ ছাড়া দীর্ঘ সময় কথা বললে অভিভাবকদের নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়া, শিশুদের আবেগগতভাবে প্রভাবিত করা এবং অনুমতি বা সুরক্ষা ছাড়াই কণ্ঠস্বর ও মুখাবয়বের তথ্য সংগ্রহের মতো ঝুঁকিও সামনে এসেছে। আইনটি আগামী ৯০ দিন পর কার্যকর হওয়ায় আসন্ন বড়দিন ও ছুটির মৌসুমের কেনাকাটায় এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। ফলে এ সময় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। উপহার হিসেবে খেলনা কেনার আগে সেটি শিশুদের সঙ্গে অবাধে কথা বলতে পারে কি না এবং কী ধরনের তথ্য সংগ্রহ করে, তা যাচাই করে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি চ্যাটবট ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে সতর্কতামূলক লেবেল যুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান 873 ডিএন
ব্ল্যাক ফ্রাইডেতে বাড়তি খরচ কমাতে কেনাকাটার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ বিষয়
ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে লাইফ ইন্স্যুরেন্সের টাকা ও আর্থিক সম্পদ হাতিয়ে নিতে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে লুইস আনিবাল হিমেনেজ নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে দীর্ঘদিন ধরে তাঁর খাবারে ঘুম ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে আসছিলেন হিমেনেজ। পোলক কাউন্টি শেরিফের কার্যালয়ের নথির বরাতে ২৫ নভেম্বর ফক্স ১৩ নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর হিমেনেজকে গ্রেপ্তার করা হয়। ফ্লোরিডার উইন্টার হ্যাভেনে ওই নারীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন তিনি। বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গত ৫ অক্টোবর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের নথি অনুযায়ী, গত ১৩ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী সময়ে তিনি খিঁচুনিজনিত সমস্যায় আক্রান্ত হন। মেডিকেল পরীক্ষায় তাঁর শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ওষুধের উপস্থিতি শনাক্ত হয়। এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, হিমেনেজ ওই নারীর অজান্তে তাঁর খাবারে সন্দেহজনক পদার্থ মেশাতেন। খাবার গ্রহণের পর ওই নারী অত্যন্ত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়তেন। ভুক্তভোগী নিজেও পুলিশকে জানিয়েছেন, তাঁর প্রেসক্রিপশনের কিছু ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি তিনি লক্ষ করেছিলেন। ভুক্তভোগীর এক বন্ধুর দাবি, হিমেনেজ প্রায়ই বলতেন ওই নারী শিগগিরই মারা যাবেন। তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তাঁর আর্থিক সম্পদ ও লাইফ ইন্স্যুরেন্সের সুবিধাভোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওই নারীর ক্রেডিট কার্ডের ওপরও তিনি নির্ভরশীল ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। হিমেনেজের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাচেষ্টা, খাবার বা পানিতে বিষ প্রয়োগ এবং নিয়ন্ত্রিত ওষুধসংক্রান্ত একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তের বক্তব্যও প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়নি। সূত্র: ফক্স ১৩ নিউজ 871 এসএ
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা
যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ। টেক্সাসে মুনাফা কম কেন? স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে। হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে। তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ। দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে। তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে। সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

