টেক্সাস গভর্নরের হস্তক্ষেপের পর ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের ওজুর স্থান নির্মাণের পরিকল্পনা বাতিল
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস ফোর্ট ওয়ার্থ (ডিএফডব্লিউ) আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য ওজুর স্থান (ওজুখানা) নির্মাণের একটি পরিকল্পনা তীব্র বিতর্কের মুখে বাতিল করা হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই পরিকল্পনার তীব্র সমালোচনা করে এটিকে ‘বেআইনি’ আখ্যা দেওয়ার পরই বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। একই সঙ্গে রাজ্যের দুটি বড় বিমানবন্দরে ধর্মীয় সুবিধার নামে কোনো বৈষম্য হচ্ছে কি না, তা পর্যালোচনার জন্য সরকারি অনুদান খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন গভর্নর।
গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গভর্নর অ্যাবট বলেন, "সরকারি মালিকানাধীন বিমানবন্দরগুলো কোনো একটি নির্দিষ্ট ধর্মকে অন্য সব ধর্মের ওপর বিশেষ সুবিধা দিতে পারে না। ডিএফডব্লিউ বিমানবন্দরে ইসলামিক ওজুর জায়গা নির্মাণের পরিকল্পনাটি সম্পূর্ণ বেআইনি। আমি সম্ভাব্য অনুদান বাতিলের জন্য রাজ্যের দুটি বিমানবন্দরের সব সরকারি অনুদান পর্যালোচনার নির্দেশ দিয়েছি। পাশাপাশি তদন্তের জন্য বিষয়টি মার্কিন পরিবহন বিভাগের (ইউএসডিওটি) কাছে পাঠিয়েছি।"
তিনি আরও স্পষ্ট করে জানান, করদাতাদের অর্থে পরিচালিত কোনো স্থাপনায় এ ধরনের বেআইনি ধর্মীয় বৈষম্য বরদাশত করবে না টেক্সাস।
গভর্নরের এই কড়া বার্তার পরই ডালাস বিমানবন্দর কর্তৃপক্ষ ফক্স নিউজ ডিজিটালকে জানায়, তারা তাদের আন্তর্জাতিক টার্মিনাল (টার্মিনাল ডি)-এর নিরাপত্তা তল্লাশির আগের অংশে যাত্রীদের জন্য একটি ওজুখানা স্থাপনের প্রস্তাব পর্যালোচনা করছিল। কিন্তু জনসমক্ষে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হওয়ায় তারা দ্রুত এই পর্যালোচনা শেষ করেছে এবং প্রকল্পটি নিয়ে আর না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষের দাবি, প্রকল্পটি থেকে প্রাথমিকভাবে যে ধরনের পরিচালনগত সুবিধার আশা করা হয়েছিল, সেটি পূরণ হবে না বলেই এই সিদ্ধান্ত।
এর আগে গত ৩১ জুলাই টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের কাছে প্রকল্পটির নিবন্ধন করা হয়। সেখানে প্রাথমিকভাবে এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৩ লাখ ডলার এবং অর্থায়নের উৎসের জায়গায় ‘ব্যক্তিগত অর্থায়ন’ উল্লেখ করা হয়েছিল। কথা ছিল, চলতি বছরের শেষ নাগাদ এর নির্মাণকাজ শেষ হবে।
তবে ডিএফডব্লিউ বিমানবন্দর কর্তৃপক্ষ পরে জানায়, নথিপত্রে উল্লেখ করা এসব তথ্য আসলে তাদের বহিরাগত নকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ‘করণিক ভুল’ ছিল। বিমানবন্দরটির একজন মুখপাত্র ফক্স নিউজকে বলেন, ৩ লাখ ডলারের হিসাবটি ছিল একটি প্রাথমিক উচ্চ ধারণা। প্রকল্পটি অনুমোদন পেলে এর প্রকৃত ব্যয় হতো প্রায় ১ লাখ ২০ হাজার ডলার। এছাড়া ‘ব্যক্তিগত অর্থায়ন’ কথাটিও ভুলবশত লেখা হয়েছিল। অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেও বিমানবন্দরের নিজস্ব তহবিল ব্যবহার করার কথা ছিল। বিমানবন্দরটি তাদের দৈনন্দিন কার্যক্রমে করদাতাদের অর্থ ব্যবহার করে না, বরং পার্কিং ও বিভিন্ন দোকানপাট থেকে আয়ের ওপর নির্ভরশীল বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এদিকে, গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে, টেক্সাসের হিউস্টনে অবস্থিত জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে ইতোমধ্যে একটি ওজুখানা এবং এর সংলগ্ন একটি প্রার্থনাকক্ষ রয়েছে।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফিকে দেওয়া এক চিঠিতে গভর্নর অ্যাবট মার্কিন পরিবহন বিভাগ এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে উভয় বিমানবন্দরের ধর্মীয় সুযোগ-সুবিধাগুলো পর্যালোচনার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, "এই ওজুখানাগুলো দৃশ্যত নির্দিষ্ট একটি ধর্মীয় গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই নকশা করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। সংবিধানে এ ধরনের বৈষম্যকে প্রশ্রয় দেওয়া নিষেধ। সরকার যেমন পবিত্রতার চেয়ে ধর্মনিরপেক্ষতাকে অগ্রাধিকার দিতে পারে না, তেমনি অন্য সব মতাদর্শের ওপর কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় মতবাদকেও বিশেষ সুবিধা দিতে পারে না।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় বিমানবন্দরগুলোতেও, যেমন, শিকাগো ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে, যাত্রীদের সুবিধার্থে এ ধরনের নিচু বেসিন বা ওজুখানা এবং সর্বজনীন প্রার্থনার স্থান রয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreনিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডি’র অন্যতম উচ্চপদ ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন সাবেক বৌদ্ধ ভিক্ষু তাবি থিয়ানথং। ব্রঙ্কসের একটি প্রিসিঙ্কটের এই কর্মকর্তা মঙ্গলবার ওয়ান পুলিশ প্লাজায় আয়োজিত এক পদোন্নতি অনুষ্ঠানে এই সম্মাননা পান। ৫৩ বছর বয়সী চার সন্তানের জনক থিয়ানথং কুইন্সে জন্মগ্রহণ করেন এবং থাই অভিবাসীদের সন্তান হিসেবে বেড়ে ওঠেন। পদোন্নতির পর তিনি জানান, তরুণ বয়সে গ্রামীণ থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষু হিসেবে কাটানো সময়ের দর্শন ও সংযমই তাকে পুলিশ বাহিনীতে একজন আরও মানবিক ও কার্যকর কর্মকর্তা হয়ে উঠতে সাহায্য করেছে। থিয়ানথংয়ের জীবনের এই ব্যতিক্রমী যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। কলেজ জীবন শেষে নিজের শিকড় ও সংস্কৃতির সন্ধানে তিনি মেকং নদীর তীরবর্তী এক ছোট গ্রামে যান এবং সেখানে একটি মঠে বৌদ্ধ ভিক্ষু হিসেবে দীক্ষা নেন। সে সময় মাথা ও ভ্রু কামিয়ে, ভিক্ষুর পোশাক পরে এবং কেবল একটি ভিক্ষাপাত্র সম্বল করে তিনি নৈতিকতা, ধ্যান ও বৌদ্ধ দর্শন চর্চা করেন। গ্রামবাসীদের দানের ওপর নির্ভর করে জীবনযাপনের সেই অভিজ্ঞতা তার মধ্যে বিনয় ও ত্যাগের গভীর বোধ তৈরি করে। তার মতে, ভিক্ষু জীবনে সব জাগতিক বস্তু, নাম ও উপাধি ত্যাগ করার যে চরম আত্মত্যাগ রয়েছে, তা আজও তাকে মনে করিয়ে দেয় যে পুলিশ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান দায়িত্ব। প্রায় দশ মাস থাইল্যান্ডে অবস্থান করার পর নব্বইয়ের দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ফিরে প্রযুক্তি খাতে কাজ শুরু করেন থিয়ানথং। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শহরকে গভীরভাবে নাড়া দেওয়া সেই ঘটনার পর তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন এবং ২০০৩ সালে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শুরু করেন। শুরুতে ব্রঙ্কসের নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি ভবনগুলোতে টহল দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি মরিস পার্ক ও উডলনের গোয়েন্দা শাখা এবং ব্রঙ্কস রবারি স্কোয়াডে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মার্চে ডেপুটি ইন্সপেক্টর হওয়ার পর এবার পূর্ণ ইন্সপেক্টর পদে উন্নীত হলেন এনওয়াইপিডি’র ৪৩তম প্রিসিঙ্কটের এই কমান্ডিং অফিসার। পদোন্নতির পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে থিয়ানথং পুলিশি কাজে সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কেবল অপরাধের পরিসংখ্যান বা সংখ্যার দিকে তাকিয়ে থাকলেই চলে না, বরং মানুষের অনুভূতি ও ভয়কেও সমান গুরুত্ব দিতে হয় । প্রতিদিনের ব্যস্ততায় একটি ঘটনা পুলিশ সদস্যদের কাছে হয়তো দশ নম্বর কাজ হতে পারে, কিন্তু ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেটিই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা—আর সেই মুহূর্তে পুলিশের আচরণই পুরো পরিস্থিতির গতিপথ নির্ধারণ করে। গৈরিক বসন ছেড়ে নীল উর্দি পরার পর বাহিনীর ভেতরে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক সংহতির বিষয়টি তিনি আলাদাভাবে অনুভব করেছেন বলেও জানান। মঙ্গলবারের অনুষ্ঠানে তার স্ত্রী লেক এবং চার ছেলে থমাস, টিমোথি, টাইটাস ও টেট উপস্থিত ছিলেন, যাদের উপস্থিতি এই প্রাপ্তিকে তার কাছে আরও অর্থবহ করে তুলেছে।
সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে
লটারিতে ১০ লাখ ডলার জয়ের তিন দিন পরই আইসের হাতে গ্রেপ্তার বোস্টনের অভিবাসী
গ্রেফতারের ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন না অভিবাসীরা, আইসের বিরুদ্ধে মামলা ম্যাসাচুসেটসের
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ফেডারেল অভিবাসন বাহিনীর অভিযানের সময় গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেআইনিভাবে গ্রেপ্তার, আটক রাখা এবং জরুরি চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মার্কিন নাগরিক। ৩১ বছর বয়সী ডায়ান ফিগুয়েরোয়া গত সোমবার (২৩ নভেম্বর) ইলিনয়ের নর্দার্ন ডিস্ট্রিক্টের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে ফেডারেল সরকারের বিরুদ্ধে এই মামলা করেন। ফেডারেল টর্ট ক্লেইমস অ্যাক্টের (এফটিসিএ) অধীনে বেআইনি গ্রেপ্তার ও আটক, শারীরিক নির্যাতন, মানসিক পীড়া এবং চিকিৎসাসেবা প্রদানে অবহেলার অভিযোগ এনে তিনি সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর শিকাগোর ওয়েস্ট টাউন এলাকায় ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন পেশায় প্যারালিগ্যাল ডায়ান ফিগুয়েরোয়া। ওই সময় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)-এর ‘অপারেশন মিডওয়ে ব্লিৎজ’ (Operation Midway Blitz)-এর অংশ হিসেবে অভিযান পরিচালনাকারী একটি চিহ্নবিহীন ফেডারেল এসইউভি গাড়ি হঠাৎ দ্রুতগতিতে তাঁর লেনে ঢুকে পড়ে এবং তাঁর গাড়ির চালকের পাশের অংশে সজোরে ধাক্কা দেয়। ফলে তাঁর গাড়িটি ফেডারেল গাড়ি ও পাশে পার্ক করা আরেকটি গাড়ির মাঝে আটকা পড়ে। অভিযোগে ওই গাড়ির চালক হিসেবে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এজেন্ট ম্যাথিউ সুলেক এবং যাত্রী হিসেবে এজেন্ট অস্কার মেজা, মাইকেল টার্নার ও অ্যান্ড্রু তোরাবপুরের নাম উল্লেখ করা হয়েছে। এরপর মুখোশধারী এজেন্টরা বন্দুক তাক করে তাঁর গাড়ির দরজা খুলে পা ধরে টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে দেন, চেপে ধরে হাতকড়া পরান এবং বারবার নিজেকে মার্কিন নাগরিক বলে পরিচয় দেওয়া সত্ত্বেও কোনো পরিচয়পত্র বা পরোয়ানা ছাড়াই তাঁকে আটক করে নিয়ে যান। অন্যদিকে, ডিএইচএসের এক মুখপাত্র দাবি করেছেন, বর্ডার প্যাট্রোল এজেন্টরা দুজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের সময় ওই নারী তাঁর গাড়ি দিয়ে এজেন্টদের পথরোধ করেন এবং হর্ন বাজান। এজেন্টরা চলে যাওয়ার সময় তিনি তাঁর মার্সিডিজ বেঞ্জ গাড়ি দিয়ে সরকারি গাড়িতে ধাক্কা দেন এবং নামানোর সময় এজেন্টদের লাথি মেরে আহত করায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে নিউজউইক-এর হাতে আসা ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, সশস্ত্র এজেন্টরা ফিগুয়েরোয়াকে গাড়ি থেকে টেনে বের করছেন এবং এক প্রত্যক্ষদর্শী বারবার বলছেন, ‘আপনারা তাঁকে ধাক্কা দিয়েছেন, আমরা সবাই তা দেখেছি।’ ফিগুয়েরোয়া ডিএইচএসের দাবি প্রত্যাখ্যান করে বলেন, ভিডিও প্রমাণই স্পষ্ট করে যে এজেন্টরাই তাঁর গাড়িতে ধাক্কা দিয়েছিলেন এবং তিনি কোনো বিক্ষোভের সঙ্গে যুক্ত ছিলেন না। মামলায় আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারের সময় ফিগুয়েরোয়া কিডনির একটি বড় অস্ত্রোপচারের পর সেরে উঠছিলেন। এজেন্টদের নিজের শারীরিক অবস্থা ও সাম্প্রতিক অস্ত্রোপচারের কথা জানালেও তাঁকে শুরুতে কোনো চিকিৎসা বা পানি পর্যন্ত দেওয়া হয়নি। ব্রডভিউ এবং পরবর্তীতে লম্বার্ডের একটি আটককেন্দ্রে নিয়ে তাঁর আঙুলের ছাপ, ছবি ও ডিএনএ নমুনা সংগ্রহের কয়েক ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তাঁর প্রস্রাবের সঙ্গে রক্তপাত শুরু হলে অ্যাম্বুলেন্সে করে তাঁকে গুড সামারিটান হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তাঁর দাঁতের ক্রাউন ভেঙে যাওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ, অস্ত্রোপচারের ক্ষত বেড়ে যাওয়া, স্নায়ুতে চাপ ও পেশি ছিঁড়ে যাওয়ার পাশাপাশি তীব্র মানসিক ট্রমা সৃষ্টি হয়েছে—যার জেরে গত অক্টোবরে ঘটনার এক বছর পূর্তিতে অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি চাকরি ছাড়তে বাধ্য হন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ডিএইচএসের কাছে প্রশাসনিক ক্ষতিপূরণ দাবি জমা দেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তিনি ফেডারেল আদালতের দ্বারস্থ হন।
আইস বন্দিদের ৯৭ হাজার মামলা সামলাতে সব শাখার আইনজীবীদের মাঠে নামাচ্ছে মার্কিন বিচার বিভাগ
এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন
এআই খেলনা নিষিদ্ধ করল নিউইয়র্ক, লঙ্ঘন করলে ১৫ হাজার ডলার জরিমানা
যুক্তরাষ্ট্রে আগামী ২৭ নভেম্বর শুক্রবার পালিত হবে ২০২৬ সালের ব্ল্যাক ফ্রাইডে। বছরের অন্যতম বড় কেনাকাটার এই আয়োজনে ইলেকট্রনিকস, ল্যাপটপ, স্মার্টফোন, টেলিভিশন, পোশাক, খেলনা ও গৃহস্থালি পণ্যে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। তবে আকর্ষণীয় ডিসকাউন্টের মধ্যেও অতিরিক্ত খরচ, ভুয়া অফার কিংবা অপ্রয়োজনীয় কেনাকাটা এড়াতে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের বড় রিটেইল প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়ালমার্ট, টার্গেট, অ্যামাজন, বেস্ট বাই, কস্টকো ও কোহলসের ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের অফার খুঁজে দেখতে পারেন ক্রেতারা। এসব প্রতিষ্ঠানে ইলেকট্রনিকস, পোশাক, কিচেন অ্যাপ্লায়েন্স, খেলনা এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন ক্যাটাগরিতে ডিল পাওয়া যায়। তবে পণ্য, ছাড় ও স্টোরভেদে অফারের পরিমাণ আলাদা হতে পারে। এবারের ব্ল্যাক ফ্রাইডেতে কিছু প্রতিষ্ঠান মূল দিনের আগেই বিক্রি শুরু করেছে। ওয়ালমার্টের অনলাইন ব্ল্যাক ফ্রাইডে ডিল ২৩ নভেম্বর থেকে চালু হয়েছে। তবে স্টোরে মূল বিক্রি শুরু হবে ২৭ নভেম্বর স্থানীয় সময় সকাল ৬টা থেকে। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, ২৬ নভেম্বর থ্যাংকসগিভিং ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের সব ওয়ালমার্ট স্টোর বন্ধ থাকবে। অন্যদিকে, অ্যামাজনের ব্ল্যাক ফ্রাইডে উইক ও সাইবার মানডে অফার ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিষ্ঠানটি ইলেকট্রনিকস, ফ্যাশন, খেলনা, বিউটি ও হোম প্রোডাক্টসহ বিভিন্ন ক্যাটাগরিতে লাখ লাখ ডিলের ঘোষণা দিয়েছে। কেনাকাটার আগে যে ১০টি বিষয় মাথায় রাখবেন ১. বাজেট নির্ধারণ করুন: কেনাকাটার আগেই কত ডলার খরচ করবেন, তা ঠিক করে নিন। ছাড়ের প্রলোভনে বাজেটের বাইরে যাবেন না। ২. কেনাকাটার তালিকা তৈরি করুন: কোন পণ্যগুলো সত্যিই প্রয়োজন, তা আগে লিখে রাখুন। এতে অপ্রয়োজনীয় কেনাকাটা কমবে। ৩. বিভিন্ন দোকানের দাম তুলনা করুন: একই পণ্যের দাম ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও বেস্ট বাইয়ে যাচাই করুন। ৪. আগের দাম যাচাই করুন: কোনো পণ্যে ৫০ বা ৭০ শতাংশ ছাড় দেখলেই সেটিকে সেরা অফার ভাববেন না। আগের বিক্রয়মূল্যের সঙ্গে তুলনা করুন। ৫. অনলাইন ও দোকানের দাম দেখুন: একই পণ্যের অনলাইন ও সরাসরি দোকানের দাম আলাদা হতে পারে। ৬. ফেরত ও পরিবর্তনের নীতি পড়ুন: কেনার পর পণ্য ফেরত দেওয়া বা পরিবর্তনের সুযোগ কত দিন থাকবে, তা জেনে নিন। ৭. ওয়ারেন্টি যাচাই করুন: বিশেষ করে ল্যাপটপ, টেলিভিশন ও ইলেকট্রনিকস কেনার আগে ওয়ারেন্টির শর্ত বুঝে নিন। ৮. অপরিচিত ওয়েবসাইট এড়িয়ে চলুন: অস্বাভাবিক কম দামের বিজ্ঞাপন দেখে অপরিচিত ওয়েবসাইটে কার্ডের তথ্য দেবেন না। ৯. ক্রেডিট কার্ড বুঝে ব্যবহার করুন: কত টাকা পরিশোধ করতে পারবেন, তা বিবেচনা করে কেনাকাটা করুন। সুদ ও অতিরিক্ত চার্জের বিষয়টিও মাথায় রাখুন। ১০. প্রয়োজনকে অগ্রাধিকার দিন: শুধু ছাড়ের কারণে এমন কিছু কিনবেন না, যা আপনার প্রয়োজন নেই। এবারের কেনাকাটার মৌসুমে ক্রেতাদের আচরণেও পরিবর্তন দেখা যাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের ২৬ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ ছুটির উপহার কেনার পাশাপাশি দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যও কিনছেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল ব্যবহার করে পণ্যের দাম ও অফার তুলনা করার প্রবণতাও বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটার পরিমাণ ছিল ৮২ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি। AP News এদিকে, ব্ল্যাক ফ্রাইডের পর ৩০ নভেম্বর সোমবার পালিত হবে সাইবার মানডে। অনলাইন কেনাকাটার জন্য দিনটি বিশেষভাবে পরিচিত। তবে দুই দিনের সব অফার বা পণ্যের দাম একই থাকবে, এমন নিশ্চয়তা নেই। তাই কেনাকাটার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অফার, স্টোর আওয়ার, পণ্যের মজুত এবং রিটার্ন পলিসি যাচাই করে নেওয়াই ভালো। 871-এসএ
ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা

