নার্সিং হোমে নার্স নিয়োগে বড় উদ্যোগ ট্রাম্পের, তিন বছর কাজ করলে মিলতে পারে ৪০ হাজার ডলার
যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে নার্সের ঘাটতি কমাতে ২৭ কোটি ৫০ লাখ ডলারের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে তিনি এ ঘোষণা দেন। ‘নার্সেস ফর নার্সিং হোমস’ নামের এই কর্মসূচির আওতায় দেশজুড়ে ৪ হাজারের বেশি নার্স ও নার্সিং শিক্ষার্থীকে সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যোগ্য আবেদনকারীরা শিক্ষাঋণ পরিশোধে সর্বোচ্চ ৪০ হাজার ডলার এবং অতিরিক্ত ১০ হাজার ডলারের ভাতা পাওয়ার সুযোগ পেতে পারেন। তবে এই সুবিধার জন্য নির্দিষ্ট নার্সিং হোমে তিন বছর কাজ করার অঙ্গীকার করতে হবে।
সমাবেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বয়স্ক নাগরিকদের কল্যাণে তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিচ্ছেন। তাঁর প্রশাসন দেশজুড়ে নার্স, নার্সিং হোম ও বয়স্কদের দীর্ঘমেয়াদি সেবাকেন্দ্রে বিনিয়োগ করছে। ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে এসব প্রতিষ্ঠানে নার্সের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এবং মেডিকেয়ার ও মেডিকেইড পরিষেবা কেন্দ্র (সিএমএস) যৌথভাবে কর্মসূচিটি বাস্তবায়ন করবে। এর মূল লক্ষ্য হলো নার্সিং হোমে নতুন নার্স নিয়োগের পাশাপাশি কর্মরত নার্সদের ধরে রাখা। বিশেষ করে গ্রামীণ এলাকা ও যেসব অঞ্চলে স্বাস্থ্যসেবা খাতে কর্মীর ঘাটতি বেশি, সেসব প্রতিষ্ঠানে নার্স নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মসূচির মোট অর্থায়নের মধ্যে সিএমএস দেবে ১০ কোটি ডলার। বাকি অন্তত ১৭ কোটি ৫০ লাখ ডলার দেবে অঙ্গরাজ্যগুলো। এ অর্থের উৎস হিসেবে নার্সিং হোমগুলোর ওপর আরোপিত দেওয়ানি আর্থিক জরিমানা থেকে সংগৃহীত অর্থ ব্যবহারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে কর্মসূচিটি বাস্তবায়নে নতুন করে সাধারণ করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে দাবি করেছেন সিএমএস প্রশাসক মেহমেত ওজ। তাঁর মতে, এ উদ্যোগ নার্সদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি বয়স্কদের সেবার মান উন্নত করতে সহায়তা করবে।
এই কর্মসূচিতে অংশ নিতে হলে আবেদনকারীর যুক্তরাষ্ট্রে নিবন্ধিত নার্স (আরএন) অথবা লাইসেন্সধারী প্র্যাকটিক্যাল বা ভোকেশনাল নার্স (এলপিএন/এলভিএন) হিসেবে বৈধ লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি তাঁকে মেডিকেয়ার বা মেডিকেইড অনুমোদিত যোগ্য দীর্ঘমেয়াদি সেবাকেন্দ্রে চাকরি করতে হবে এবং সপ্তাহে গড়ে অন্তত ৩০ ঘণ্টা কাজ করতে হবে। এসব শর্ত পূরণ করে তিন বছরের চাকরির অঙ্গীকারের বিনিময়ে আর্থিক সুবিধা পাওয়া যাবে।
যোগ্য নার্সদের শিক্ষাঋণ পরিশোধে সর্বোচ্চ ৪০ হাজার ডলার দেওয়া হতে পারে। পাশাপাশি তাঁরা ১০ হাজার ডলারের ভাতার জন্যও যোগ্য হতে পারেন। অর্থাৎ, শর্ত অনুযায়ী উভয় সুবিধা পেলে একজন অংশগ্রহণকারীর মোট সহায়তার পরিমাণ সর্বোচ্চ ৫০ হাজার ডলার হতে পারে। তবে প্রত্যেক আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে পুরো অর্থ পাবেন, এমন নিশ্চয়তা নেই। সুবিধা পাওয়ার জন্য কর্মসূচির যোগ্যতা ও চাকরির শর্ত পূরণ করতে হবে।
নার্সিং বিষয়ে পড়াশোনা করছেন, এমন শিক্ষার্থীরাও আবেদনপ্রক্রিয়া শুরু করতে পারবেন। তবে অর্থ পাওয়ার আগে তাঁদের পড়াশোনা শেষ করতে হবে, প্রয়োজনীয় পেশাগত লাইসেন্স অর্জন করতে হবে এবং যোগ্য প্রতিষ্ঠানে চাকরি নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে নতুন নার্সদের দীর্ঘমেয়াদি পরিচর্যা খাতে কাজ করতে উৎসাহিত করতে চায় কর্তৃপক্ষ।
কর্মসূচিটি যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে চালু হচ্ছে। গ্রামীণ এলাকার সব নার্সিং হোম এই কর্মসূচির আওতায় যোগ্য হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া যেসব এলাকায় নার্সের ঘাটতি বেশি, সেখানকার নির্দিষ্ট প্রতিষ্ঠানও সহায়তার সুযোগ পাবে। তবে সব নার্সিং হোমের কর্মী এই সুবিধা পাবেন না; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, এই উদ্যোগের মাধ্যমে হাজারো নার্স নিয়োগ ও ধরে রাখা সম্ভব হবে। পাশাপাশি গ্রামীণ ও বেশি প্রয়োজন রয়েছে এমন এলাকায় সেবার পরিধি বাড়বে এবং দীর্ঘমেয়াদি পরিচর্যা খাতে পেশাগতভাবে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ তৈরি হবে।
সিএমএস প্রশাসক মেহমেত ওজের ভাষ্য, শিক্ষাঋণ পরিশোধে সহায়তা শুধু নার্স ও নার্সিং শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিক চাপ কমাবে না, বরং পরিবারের সদস্যদের জন্যও মানসম্মত সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। তাঁর মতে, নার্সদের সঙ্গে বয়স্ক বাসিন্দাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠলে তাঁদের জীবনযাপনের মান ও সুস্থতাও উন্নত হতে পারে।
কর্মসূচির জন্য আবেদন শুরু হবে ২৬ অক্টোবর থেকে। আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইট NursesforNursingHomes.cms.gov-এর মাধ্যমে বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের নার্সিং হোমগুলো দীর্ঘদিন ধরেই কর্মী নিয়োগ ও ধরে রাখার সমস্যার মুখোমুখি হচ্ছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে পর্যাপ্ত নার্স পাওয়া কঠিন। নতুন এই কর্মসূচির মাধ্যমে আর্থিক প্রণোদনা দিয়ে সেই ঘাটতি কমানো এবং বয়স্কদের দীর্ঘমেয়াদি পরিচর্যার মান উন্নত করাই প্রশাসনের লক্ষ্য।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে উচ্চ বেতনের চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা ২৫টি কলেজের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। তালিকায় প্রথম স্থান পেয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া এবং তৃতীয় স্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তালিকায় নিউইয়র্ক, নিউ জার্সি ও মিশিগানের একাধিক বিশ্ববিদ্যালয়ও জায়গা পেয়েছে। ফোর্বসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কলেজগুলোর সাবেক শিক্ষার্থীদের স্নাতক শেষের তিন, ছয়, ১০ ও ২০ বছর পরের আনুমানিক মধ্যম আয়ের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে প্রকৌশল, প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো এগিয়ে রয়েছে। তবে তালিকার ২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি ফোর্বসের সামগ্রিক সেরা ৫০০ কলেজের তালিকায় প্রথম ৫০টির বাইরে। শীর্ষ পাঁচে রয়েছে এমআইটি, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বাবসন কলেজ। এ ছাড়া ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) ষষ্ঠ, হার্ভে মাড কলেজ সপ্তম এবং কার্নেগি মেলন ইউনিভার্সিটি অষ্টম স্থানে রয়েছে। নিউইয়র্ক ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্যও তালিকাটি গুরুত্বপূর্ণ। নিউ জার্সির হোবোকেনের স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি চতুর্থ, নিউইয়র্কের ট্রয়ের রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) ১১তম, প্রিন্সটন ইউনিভার্সিটি ১৪তম এবং নিউইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটি ১৬তম স্থানে রয়েছে। নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি রয়েছে ১৮তম স্থানে। মিশিগানের ফ্লিন্টে অবস্থিত কেটারিং ইউনিভার্সিটি পেয়েছে ১৩তম স্থান। বিশেষ করে কেটারিং ইউনিভার্সিটির অবস্থান তালিকায় আলোচনায় এসেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতি ১২ সপ্তাহ পরপর শ্রেণিকক্ষের পড়াশোনা থেকে বেতনভুক্ত কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। স্নাতক শেষ করার আগেই অনেক শিক্ষার্থী দুই বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন। তাঁদের কো-অপ কর্মসূচি থেকে সাধারণত ৬০ হাজার থেকে ৭৫ হাজার ডলার পর্যন্ত আয় হয়। বিশ্ববিদ্যালয়টি প্রায় ৬০০ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। ফোর্বসের হিসাবে, স্নাতকের ২০ বছর পর কেটারিংয়ের সাবেক শিক্ষার্থীদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৫৩ হাজার ৬৮২ ডলার। আয়ের সময়কাল অনুযায়ী তালিকার অবস্থানেও পার্থক্য রয়েছে। এমআইটির সাবেক শিক্ষার্থীরা স্নাতকের তিন, ছয় ও ১০ বছর পর সর্বোচ্চ আনুমানিক মধ্যম আয় করেন। তবে ২০ বছর পরের হিসাবে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার শিক্ষার্থীরা এগিয়ে। তাঁদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৮৩ হাজার ৮১০ ডলার। অন্যদিকে ডার্টমাউথ কলেজ তিন বছর পরের আয়ের হিসাবে ২২তম হলেও ২০ বছর পরের হিসাবে উঠে এসেছে পঞ্চম স্থানে। ফোর্বসের এ তালিকা এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্রে নতুন স্নাতকদের চাকরির বাজার কঠিন হয়ে উঠেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার কর্মক্ষেত্রে পরিবর্তন আনছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কলেজ স্নাতকদের বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশে নেমেছে। তবে তাঁদের মধ্যে ৪২ দশমিক ৫ শতাংশ নিজস্ব শিক্ষাগত যোগ্যতার তুলনায় কম যোগ্যতা প্রয়োজন এমন কাজে নিয়োজিত। ফোর্বসের প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, উচ্চ বেতন মানেই কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিনিয়োগ সবচেয়ে লাভজনক—এমন নয়। টিউশন ফি, শিক্ষাঋণ এবং স্নাতক সম্পন্ন করার সম্ভাবনাও বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা জরুরি। ফোর্বসের শীর্ষ ২৫ কলেজ ১. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT) ২. ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ৩. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ৪. স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি ৫. বাবসন কলেজ ৬. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ৭. হার্ভে মাড কলেজ ৮. কার্নেগি মেলন ইউনিভার্সিটি ৯. ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউট ১০. রোজ-হালম্যান ইনস্টিটিউট অব টেকনোলজি ১১. রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট ১২. লেহাই ইউনিভার্সিটি ১৩. কেটারিং ইউনিভার্সিটি ১৪. প্রিন্সটন ইউনিভার্সিটি ১৫. হার্ভার্ড ইউনিভার্সিটি ১৬. কলাম্বিয়া ইউনিভার্সিটি ১৭. সান্তা ক্লারা ইউনিভার্সিটি ১৮. কর্নেল ইউনিভার্সিটি ১৯. ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজ ২০. বেন্টলি ইউনিভার্সিটি ২১. কলোরাডো স্কুল অব মাইনস ২২. ডিউক ইউনিভার্সিটি ২৩. ডার্টমাউথ কলেজ ২৪. জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ২৫. ইউনিভার্সিটি অব নটর ডেম সূত্র: Forbes , Federal Reserve Bank of New York, U.S. Census Bureau
লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতে সঙ্গীর খাবারে অজান্তে বিষ মিশিয়ে হত্যার পরিকল্পনা, যুবক আটক
যুক্তরাষ্ট্রের বোস্টনে আদিবাসীদের স্মরণে থ্যাংকসগিভিংকে শোক দিবস পালনের স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৬ সালে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন ম্যান্ডি বুড নামে এক নারী। গত দুই মাস ধরে তিনি পা নাড়াতে পারছেন না। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া এই নারীর ঘটনা ভাইরাসটির ভয়াবহতা নতুন করে সামনে এনেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির ২৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এক দশকেরও বেশি সময়ের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৪৫ জনের মৃত্যু নিয়ে ২০২৬ সাল অঙ্গরাজ্যটির ইতিহাসে এ ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর হয়ে উঠেছে। মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক বুডের অসুস্থতার শুরু হয় গত সেপ্টেম্বরে। প্রথমে তাঁর নিতম্বে ব্যথা শুরু হয়। তিনি ভেবেছিলেন, এটি হয়তো সায়াটিকার সমস্যা। কিন্তু একপর্যায়ে তাঁর পা শরীরের ভার বহন করতে না পারায় তিনি পড়ে যান। পরে তাঁকে লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে চিকিৎসা চালিয়ে যান। হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার সময় আবার দাঁড়ানোর চেষ্টা করছেন বুড। এএফপিকে তিনি বলেন, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’ নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’ বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকায় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এ বছর মে মাসেই প্রথম সংক্রমিত মশা শনাক্ত হয়, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দুই মাস আগের ঘটনা। জলবায়ু পরিবর্তন এবং উষ্ণ আবহাওয়ার কারণে মশাবাহিত রোগের বিস্তারও বাড়ছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের এক গবেষক। ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সাধারণত ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। প্রায় ২০ শতাংশের ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, বমি বা ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এক শতাংশেরও কম আক্রান্তের ক্ষেত্রে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গুরুতর সংক্রমণ হতে পারে। এতে মস্তিষ্কের প্রদাহ, পেশির দুর্বলতা এমনকি পক্ষাঘাতও দেখা দিতে পারে। এ ভাইরাস প্রতিরোধে মানুষের ব্যবহারের জন্য এখনো কোনো অনুমোদিত টিকা নেই। নির্দিষ্ট কোনো ওষুধও নেই। গুরুতর আক্রান্তদের হাসপাতালে রেখে উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। মশার কামড় এড়াতে রিপেলেন্ট ব্যবহার, বিশেষ করে ভোর ও সন্ধ্যায় সতর্ক থাকা এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। জীবনের অধিকাংশ সময় ফ্লোরিডায় কাটিয়েছেন বুড। সেখানকার গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় মশার উপদ্রব তাঁর কাছে পরিচিত ছিল। তবে ক্যালিফোর্নিয়ার মনোরম আবহাওয়ায় এসে এমন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হবেন, তা কখনো ভাবেননি বলে জানান তিনি। সূত্র: এএফপি 871 এসএ
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দারা ছুটির মৌসুমে নিজেদের মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৭ শতাংশ ব্যয় করেন। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর মধ্যে এ হার সবচেয়ে বেশি। দেশজুড়ে ছুটির মৌসুমের গড় ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের প্রায় ২১ শতাংশ। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান মানিলায়ন (MoneyLion) প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ছুটির মৌসুমের কেনাকাটা, ভ্রমণ ব্যয়, আয় ও ঋণের পরিস্থিতি বিশ্লেষণ করে গবেষণাটি তৈরি করা হয়েছে। গবেষণা অনুযায়ী, মধ্যপশ্চিমাঞ্চলে মিশিগানের পরেই রয়েছে ইন্ডিয়ানা। অঙ্গরাজ্যটির বাসিন্দারা মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৫ শতাংশ ছুটির মৌসুমে ব্যয় করেন। অন্যদিকে মিনেসোটায় এ হার ১৮ দশমিক ১ শতাংশ, যা অঞ্চলটির মধ্যে সবচেয়ে কম। কোন অঙ্গরাজ্যে ছুটির ব্যয়ের চাপ বেশি? যুক্তরাষ্ট্রজুড়ে সবচেয়ে বেশি ব্যয়ের চাপ দেখা গেছে দক্ষিণাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে। এ তালিকায় শীর্ষে রয়েছে মিসিসিপি। অঙ্গরাজ্যটির বাসিন্দাদের ছুটির মৌসুমের ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের ২৬ দশমিক ৬ শতাংশ। এরপর রয়েছে কেনটাকি ২৫ দশমিক ৮ শতাংশ, ওয়েস্ট ভার্জিনিয়া ২৫ দশমিক ৬ শতাংশ এবং লুইজিয়ানা ২৫ দশমিক ২ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ব্যয়ের হার নিউ হ্যাম্পশায়ারে, ১৭ শতাংশ। নিউ জার্সিতে এ হার ১৭ দশমিক ১ শতাংশ। ছুটির খরচ নিয়ে উদ্বিগ্ন অধিকাংশ মার্কিন মানিলায়নের আরেকটি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ মানুষ ছুটির মৌসুমের ব্যয় নিয়ে উদ্বিগ্ন। তরুণ প্রজন্মের মধ্যে এ উদ্বেগ আরও বেশি। জেনারেশন জেডের ৮২ শতাংশ এবং মিলেনিয়ালদের ৭৭ শতাংশ ছুটির খরচ নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন। বেবি বুমারদের মধ্যে এ হার ৫১ শতাংশ। জরিপে অংশ নেওয়া ১৮ শতাংশ মার্কিন জানিয়েছেন, ছুটির মৌসুমের কেনাকাটার খরচ মেটাতে তাঁরা ক্রেডিট কার্ডের ঋণ নিতে প্রস্তুত। ফলে উৎসব ও ছুটির আনন্দের পাশাপাশি আর্থিক চাপও বাড়ছে অনেক পরিবারের। কীভাবে তৈরি হয়েছে এই গবেষণা? মানিলায়ন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক, শ্রম পরিসংখ্যান ব্যুরো, পিডব্লিউসি এবং ট্যাক্স ফাউন্ডেশনের তথ্য ব্যবহার করেছে। অঙ্গরাজ্যভিত্তিক জীবনযাত্রার ব্যয়, ভ্রমণ ও উপহার কেনার খরচ এবং মাসিক হাতে পাওয়া আয়ের সঙ্গে ছুটির ব্যয়ের তুলনা করা হয়েছে। গবেষণার তথ্য ২০২৬ সালের ৫ অক্টোবর পর্যন্ত হালনাগাদ করা হয়েছে। এখানে ছুটির ব্যয়ের পরিমাণ প্রকৃত কেনাকাটার হিসাব নয়; বিভিন্ন অর্থনৈতিক উপাত্তের ভিত্তিতে তৈরি অনুমান। গবেষণাটি বলছে, ছুটির মৌসুমে উপহার কেনা ও ভ্রমণের খরচ অনেক মার্কিন পরিবারের মাসিক বাজেটের বড় অংশ নিয়ে নিচ্ছে। বিশেষ করে যেসব অঙ্গরাজ্যে আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে ব্যবধান বেশি, সেখানে আর্থিক চাপ আরও প্রকট। 876TR
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

