সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

নিষিদ্ধ ইতিহাসের দরজায় আবারও কড়া নাড়ছে চীনের নতুন প্রজন্ম

নীলুফা নিশাত প্রকাশ: জুন ৬, ২০২৬ ২০:৩৭
ছবি: তিয়ানআনমেন স্কয়ার, চীন
ছবি: তিয়ানআনমেন স্কয়ার, চীন

চীনে ১৯৮৯ সালের তিয়ানআনমেন স্কয়ার আন্দোলন ও পরবর্তী দমন অভিযানের স্মৃতি দীর্ঘদিন ধরেই কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। পাঠ্যপুস্তক, সংবাদমাধ্যম এবং ইন্টারনেটের নানা স্তরে এই অধ্যায়ের উল্লেখ কার্যত নিষিদ্ধ। তবে প্রযুক্তিনির্ভর সেন্সরশিপের যুগেও ঘটনাটি নিয়ে নতুন করে আগ্রহ দেখাতে শুরু করেছে দেশটির তরুণ প্রজন্ম।

 

বিশ্লেষকদের মতে, ইতিহাসকে আড়াল করার দীর্ঘ প্রচেষ্টা উল্টো অনেক তরুণের মধ্যে কৌতূহল তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গন কিংবা বিনোদন জগতের নানা ঘটনাকে কেন্দ্র করে তারা এমন প্রশ্ন করতে শুরু করেছে, যা শেষ পর্যন্ত তাদের তিয়ানআনমেনের ইতিহাসের কাছে নিয়ে যাচ্ছে।

 

তিয়ানআনমেন আন্দোলনের সূচনা হয়েছিল ১৯৮৯ সালের এপ্রিল মাসে। চীনা কমিউনিস্ট পার্টির সাবেক নেতা হু ইয়াওবাংয়ের মৃত্যুর পর বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। উদারপন্থী হিসেবে পরিচিত এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে তারা দুর্নীতিবিরোধী পদক্ষেপ, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক সংস্কারের দাবিও তুলতে শুরু করেন।

 

ক্রমেই আন্দোলনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর গণআন্দোলনের রূপ নেয়। এতে যোগ দেন শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মে মাসে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি আন্দোলনকে আরও তীব্র করে তোলে এবং আন্তর্জাতিক সম্প্রদায়েরও দৃষ্টি আকর্ষণ করে।

 

চীনা সরকার প্রথমদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও পরে আন্দোলনকে রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে। ২০ মে সামরিক আইন জারি করা হয়। এরপর ৩ জুন রাত থেকে ৪ জুন ভোর পর্যন্ত বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ার ও আশপাশের এলাকায় সামরিক অভিযান চালানো হয়। ট্যাংক ও সশস্ত্র সেনাবাহিনী ব্যবহার করে আন্দোলন দমন করা হয়।

 

নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে এখনো মতভেদ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে কয়েকশ থেকে কয়েক হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করা হয়।

 

তবে চীনা সরকার এ বিষয়ে বিস্তারিত তথ্য কখনো প্রকাশ করেনি।

 

তিয়ানআনমেনের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রতীক হয়ে আছেন ‘ট্যাংকম্যান’ নামে পরিচিত এক অজ্ঞাত ব্যক্তি। ১৯৮৯ সালের ৫ জুন ট্যাংকের বহরের সামনে একা দাঁড়িয়ে পড়া সেই ব্যক্তির ছবি বিশ্বের অন্যতম শক্তিশালী রাজনৈতিক প্রতীকে পরিণত হয়। তাঁর পরিচয় বা পরবর্তী ভাগ্য সম্পর্কে আজও নিশ্চিত তথ্য জানা যায়নি।

 

গত কয়েক বছরে চীনে এই ঘটনার স্মৃতি মুছে দেওয়ার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি ব্যবস্থা, স্বয়ংক্রিয় কনটেন্ট ফিল্টারিং এবং কঠোর অনলাইন সেন্সরশিপের মাধ্যমে তিয়ানআনমেন-সংক্রান্ত শব্দ, ছবি কিংবা ইঙ্গিত দ্রুত সরিয়ে ফেলা হয়।

 

তবে চলতি বছর নতুন করে আলোচনার সূত্রপাত হয় যুক্তরাষ্ট্রের ফিগার স্কেটার Alysa Liu-কে ঘিরে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর সাফল্যের পর চীনের সামাজিক মাধ্যমে তাঁর বাবা আর্থার লিউ সম্পর্কে আলোচনা শুরু হয়। আর্থার লিউ ১৯৮৯ সালের তিয়ানআনমেন আন্দোলনের একজন অংশগ্রহণকারী ছিলেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে চলে যান।

 

সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে বিতর্ক শুরু হলে অনেক তরুণ জানতে চান, কেন তিনি এত আলোচিত ব্যক্তি। সেই অনুসন্ধানই অনেককে তিয়ানআনমেন আন্দোলনের ইতিহাসের দিকে নিয়ে যায়।

 

চীনের জনপ্রিয় সামাজিক মাধ্যম রেডনোটে এ বিষয়ে করা কিছু পোস্ট অল্প সময়ের মধ্যেই মুছে ফেলা হয়। কিন্তু ততক্ষণে অনেক ব্যবহারকারী বিকল্প উৎস থেকে তথ্য খুঁজতে শুরু করেন। কেউ কেউ বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন।

 

এ ধরনের ঘটনা নতুন নয়। ২০২২ সালে জনপ্রিয় লাইভস্ট্রিমার Li Jiaqi-এর এক অনুষ্ঠানে ট্যাংকের আকৃতির একটি আইসক্রিম কেক প্রদর্শনের পর অনুষ্ঠানটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে বহু তরুণ প্রথমবারের মতো তিয়ানআনমেনের ইতিহাস সম্পর্কে জানতে পারেন।

 

চীনের শিক্ষা ব্যবস্থাতেও এ বিষয়ে আলোচনা অত্যন্ত সীমিত। সরকারি পাঠ্যবইয়ে ঘটনাটির উল্লেখ প্রায় অনুপস্থিত। কোথাও কোথাও এটিকে শুধু ‘রাজনৈতিক অস্থিরতা’ হিসেবে বর্ণনা করা হয়। ফলে অনেক শিক্ষার্থী আনুষ্ঠানিক শিক্ষার বাইরে গিয়ে তথ্য অনুসন্ধান করতে বাধ্য হন।

 

একসময় হংকং ছিল তিয়ানআনমেন স্মরণ অনুষ্ঠানের প্রধান কেন্দ্র। প্রতি বছর হাজারো মানুষ মোমবাতি প্রজ্বালন করে নিহতদের স্মরণ করতেন। তবে ২০২০ সালে জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর সেই আয়োজনও বন্ধ হয়ে যায়। স্মরণসভা, জাদুঘর এবং প্রকাশ্য আলোচনা কার্যত নিষিদ্ধ হয়ে পড়ে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো ঘটনার স্মৃতি সম্পূর্ণ মুছে ফেলা সহজ নয়। বিশেষ করে ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের নানা পথ রয়েছে। ফলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ যতই কঠোর হোক, নতুন প্রজন্মের একাংশ ইতিহাসের অজানা অধ্যায়গুলো সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠছে।

 

তাদের অনেকেই হয়তো প্রকাশ্যে মতামত দিচ্ছেন না। তবে সামাজিক মাধ্যম, ব্যক্তিগত আলোচনাচক্র কিংবা বিকল্প তথ্যসূত্রের মাধ্যমে তারা ১৯৮৯ সালের সেই ঘটনার উত্তর খুঁজছেন। ফলে তিয়ানআনমেন আজ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং স্মৃতি ও বিস্মৃতির লড়াইয়ের প্রতীক হিসেবেও নতুন প্রজন্মের কাছে ফিরে আসছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিশ্ব

View more
তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যুক্ত হয়ে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মুসলিম বিশ্বের মহাকাশ অভিযাত্রায় নতুন অধ্যায়, মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানের ৪০ বছর বয়সী সাবেক বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে তিনি দুই চীনা নভোচারী তাং হংবো ও উ ইয়ের সঙ্গে স্টেশনে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে জিশান হলেন মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি এবং তিয়াংগংয়ে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতেও বিদেশি নভোচারীর অংশগ্রহণের ক্ষেত্রে এটি প্রথম ঘটনা।   চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের সাহায্যে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ছয় ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে তিন নভোচারী তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই অবস্থানরত শেনঝৌ-২৩ অভিযানের নভোচারীরা নতুন দলকে স্বাগত জানান। পুরো অভিযানটি চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের মহাকাশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।   জিশান আলী এ অভিযানে মহাকাশযানে বহন করা বৈজ্ঞানিক সরঞ্জাম ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি তিয়াংগং স্টেশনে প্রায় ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন বলে জানিয়েছে রয়টার্স। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে দুই চীনা নভোচারীর সঙ্গে পৃথিবীতে ফিরবেন তিনি। অর্থাৎ, চীনা নভোচারীদের নিয়মিত ছয় মাসের অভিযানের অংশ হিসেবে নয়, বরং স্বল্পমেয়াদি যৌথ মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন পাকিস্তানের এই নভোচারী।   মহাকাশে অবস্থানকালে তিনি চীন ও পাকিস্তানের যৌথ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। চীনের মানববাহী মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, উপকরণবিজ্ঞান ও জীবপ্রযুক্তি খাতে চারটি যৌথ গবেষণা প্রকল্প পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে মহাকাশযানে ব্যবহৃত স্ব-নিরাময়যোগ্য কার্বন-ফাইবার উপাদানের ক্ষুদ্র ফাটল নিজে থেকে মেরামত করার সক্ষমতা পরীক্ষা। পাশাপাশি আলোকসংশ্লেষণকারী সায়ানোব্যাকটেরিয়া নিয়েও পরীক্ষা চালানো হবে। এসব গবেষণা ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।   এই অভিযানের প্রস্তুতি নিতে বেইজিংয়ে টানা সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন জিশান আলী। মহাকাশযান ও স্টেশনের কার্যক্রম পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চীনা ভাষায় যোগাযোগের বিষয়ে তাঁকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযানের আগে সংবাদ সম্মেলনে জিশান বলেন, তাঁর এই মহাকাশযাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো পাকিস্তানের প্রতিনিধিত্ব করার বিষয়। নিজের কাঁধে দেশের নাম ও কোটি মানুষের প্রত্যাশা বহন করছেন বলেও উল্লেখ করেন তিনি।   চীন ও পাকিস্তানের মহাকাশ সহযোগিতার আনুষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ওই সময় পাকিস্তানি নভোচারীকে চীনের মহাকাশ স্টেশনে পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের এপ্রিলে পাকিস্তানের দুই বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। তাঁরা দুজনই চীনে প্রশিক্ষণ নেন। শেষ পর্যন্ত শেনঝৌ-২৪ অভিযানের জন্য জিশান আলীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।   জিশানের এই অর্জনে পাকিস্তানের সরকারি পর্যায়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক অভিনন্দন বার্তায় বলেন, এটি শুধু একজন নভোচারীর যাত্রা নয়, বরং পাকিস্তানের ২৪ কোটি মানুষের পাশাপাশি দেশটির তরুণ প্রজন্ম, বিজ্ঞানী ও তাঁদের স্বপ্নের যাত্রা। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ উপলক্ষে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শি জিনপিং দুই দেশের নভোচারীদের যৌথ মহাকাশ অভিযানকে দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন।   মহাকাশে মুসলিম বিশ্বের অংশগ্রহণ অবশ্য জিশানের মাধ্যমে শুরু হয়নি। এর আগে সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের নভোচারীরাও মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন। ১৯৮৫ সালে সৌদি আরবের প্রিন্স সুলতান বিন সালমান প্রথম মুসলিম নভোচারী হিসেবে মহাকাশে যান। তবে পাকিস্তানের প্রথম মহাকাশযাত্রী এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী হিসেবে জিশান আলীর এই অর্জন দেশটির মহাকাশ গবেষণা ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।   তথ্যসূত্র: রয়টার্স ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১৯:৫৪
প্রশিক্ষণ ফ্লাইটের সময় ফ্রান্সে তৈরি কুগার সিরিজের হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হন পাঁচজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে ন্যাটো বাহিনী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড

শৈশবে বাবার সিদ্ধান্তে প্রায় দশ বছর ছেলের বেশে বেড়ে উঠেছিলেন আফগান নারী নিলোফার আয়ুবি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা

জীবদ্দশায় তিনবার শয়তান ও একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন পোপ ফ্রান্সিস, ডায়েরিতে দাবি। ছবি: সংগৃহীত
তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস! ডায়েরিতে চাঞ্চল্যকর দাবি

ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিস তাঁর জীবদ্দশায় তিনবার শয়তান এবং একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর ব্যক্তিগত ডায়েরির কিছু অংশে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।   মঙ্গলবার প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক বইয়ে ২০২১ সালের একটি লেখায় তিনি শয়তানের তিনটি দর্শনের কথা উল্লেখ করেন। ডায়েরির তথ্যমতে, তিনি প্রথমবার একটি গাড়ির ভেতর থেকে, দ্বিতীয়বার প্রার্থনা চলাকালীন গির্জার গায়কদলের মঞ্চে এবং তৃতীয়বার ভ্যাটিকান কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের সময় শয়তানকে দেখতে পান।   একটি অভিজ্ঞতার স্মৃতিচারণ করে পোপ ফ্রান্সিস লিখেছেন, "আমি তাঁর (শয়তানের) কণ্ঠের সেই প্রচণ্ড কর্কশ ভাব ভুলতে পারি না।"   শয়তানের ভয়ংকর চোখের বর্ণনা দিয়ে তিনি লেখেন, "সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে ছিল... যা আগের বারের চেয়েও তীব্র ছিল। চোখগুলো ছিল আগুনের ঝলকানির মতো।" বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালীন একটি কার্মেলাইট চ্যাপেলের ভেতরে দ্বিতীয়বার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি।   এছাড়া ২০১৮ সালের জুন মাসে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেছেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, "আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, এবং এটি আমাকে ভীত করে তুলেছিল। আমি আত্মরক্ষার অস্ত্র হিসেবে জপমালা (রোজারি) হাতে তুলে নিয়েছিলাম। নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক, কারণ সেখান থেকে আগুনের শিখা ছিটকে এসে পুড়িয়ে দিতে পারে।"   ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়েও নিজের অনুশোচনার কথা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। সে সময় এক যাজকের যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক বিশপের পক্ষ নেওয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে পোপ ক্ষমা চান এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন, যেখানে তাঁরা সবাই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালের এক লেখায় তিনি চিলির সেই পরিস্থিতি নিয়ে নিজেকে 'বিধ্বস্ত' বলে উল্লেখ করেন এবং স্বীকার করেন যে বিষয়টি যে এতটা গুরুতর ছিল, তা তিনি শুরুতে বুঝতে পারেননি।   ভ্যাটিকানের ডিকাস্ট্রি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথের প্রধান ও ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এই ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি জনসমক্ষে প্রকাশিত হলো।   উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন এবং ১২ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।   সূত্র: বিবিসি   873/ডিএন

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৮:৫১
ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন পাকিস্তানের জিশান আলী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান আলী

পর্তুগালে স্থায়ী বসবাসের অনুমতির অ্যাপয়েন্টমেন্ট নিতে নতুন অনলাইন ফরম চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা আইমা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
পর্তুগালে স্থায়ী বসবাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে নতুন অনলাইন ফরম চালু

পর্তুগালে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বিদেশিদের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নতুন সুযোগ চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা এআইএমএ (AIMA)। এখন থেকে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী বিদেশিরা সংস্থাটির অনলাইন যোগাযোগ ফরম ব্যবহার করে স্থায়ী বসবাসের অনুমতির জন্য সরাসরি সাক্ষাতের সময় চেয়ে আবেদন করতে পারবেন। গত ৫ নভেম্বর ২০২৬ থেকে এই নতুন সুবিধা চালু হয়েছে। পর্তুগালে দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাস করছেন, এমন অভিবাসীদের জন্য প্রক্রিয়াটি সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।   এআইএমএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ব্যবস্থাটি পর্তুগালের অভিবাসন আইন ২৩/২০০৭-এর ৮০ নম্বর ধারার আওতায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য প্রযোজ্য। আবেদন করতে আগ্রহীদের প্রথমে এআইএমএর অনলাইন যোগাযোগ ফরমে প্রবেশ করতে হবে। সেখানে ‘রেসিডেন্স পারমিট’ বিষয়টি নির্বাচন করে ‘স্থায়ী বসবাসের অনুমতি প্রদানের জন্য অ্যাপয়েন্টমেন্টের আবেদন’ উপবিষয়টি বেছে নিতে হবে।   তবে এই সুবিধা সবার জন্য নয়। আবেদনকারীকে অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে অস্থায়ী বসবাসের অনুমতিধারী হতে হবে। পাশাপাশি গত পাঁচ বছরে এমন কোনো অপরাধে দণ্ডিত হওয়া যাবে না, যার একক বা সম্মিলিত কারাদণ্ডের মেয়াদ এক বছরের বেশি। আবেদনকারীর পর্যাপ্ত জীবিকা নির্বাহের ব্যবস্থা, আবাসনের নিশ্চয়তা, পর্তুগিজ ভাষার প্রাথমিক জ্ঞান এবং কর ও সামাজিক নিরাপত্তা খাতে নিয়মিত আর্থিক দায় পরিশোধের প্রমাণ থাকতে হবে।   আবেদনের সময় দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। প্রথমত, বৈধ বসবাসের অনুমতিপত্রের ডিজিটাল কপি। দ্বিতীয়ত, অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে বৈধভাবে বসবাসের প্রমাণ। আগের বসবাসের অনুমতিপত্র, সামাজিক নিরাপত্তা খাতে চাঁদা জমার বিবরণী অথবা আয়কর রিটার্নের কপি দিয়ে এ প্রমাণ দেওয়া যেতে পারে।   এআইএমএ জানিয়েছে, একই উদ্দেশ্যে একাধিক আবেদন করা যাবে না। একটি আবেদন জমা দেওয়ার পর সেটির নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে। আগের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নতুন করে একই আবেদন পাঠালে তা বিবেচনা করা হবে না। নির্ধারিত যোগ্যতা পূরণ না হলে কিংবা আবেদনের উদ্দেশ্য ৮০ নম্বর ধারার আওতায় না পড়লে সেই অনুরোধও গ্রহণ করা হবে না।   তবে নতুন এই সুবিধা স্থায়ী বসবাসের অনুমতিপত্র নবায়নের জন্য নয়। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের স্থায়ী বসবাসের সনদ এবং তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের কার্ডের আবেদনও এর আওতায় পড়বে না। এসব সেবা আগের মতোই এআইএমএর রিনিউয়ালস পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে।   এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, অনলাইনে ফরম জমা দিলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। এটি মূলত সরাসরি সাক্ষাতের সময় পাওয়ার প্রাথমিক ধাপ। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর নির্ধারিত এআইএমএ কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আবেদনপত্র ও অন্যান্য নথি জমা দিতে হবে। এরপর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে স্থায়ী বসবাসের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে।   পর্তুগালে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্যও এ পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যাঁরা পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বৈধভাবে দেশটিতে বসবাস করছেন, তাঁরা নিজেদের যোগ্যতা যাচাই করে নতুন অনলাইন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে পারবেন।   সংবাদসূত্র: পর্তুগালের অভিবাসন সংস্থা এআইএমএ, লেজিট ডট এনজি।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ২২:৩৩
ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া

কয়েক দশকের বৈরী পদক্ষেপের দায়ে যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের আদালত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানের আদালতের

ইউটিউবে আলোচিত ভার্চুয়াল কনসার্টে গান পরিবেশনের দৃশ্যে ইরানি কণ্ঠশিল্পী পারাস্তু আহমাদি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

হিজাব ছাড়া গান গাওয়ার ঘটনায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদির ৭৪ দোররার সাজা কার্যকর

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...