সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

ইরান চুক্তির লিখিত ভাষার বাইরে রয়েছে গুরুত্বপূর্ণ সমঝোতা, দাবি মার্কিন কর্মকর্তাদের

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৭, ২০২৬ ৪:১২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) পূর্ণাঙ্গ পাঠ দ্রুত প্রকাশের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে মার্কিন কর্মকর্তারা বলছেন, চুক্তির লিখিত ভাষাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, কারণ এতে দুই পক্ষের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ আড়ালের সমঝোতা বা ‘ব্যাক-চ্যানেল’ অঙ্গীকারগুলোর প্রতিফলন নেই।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া বক্তব্যে কর্মকর্তারা জানান, চুক্তির পাঠ ইচ্ছাকৃতভাবে বেশ অস্পষ্ট রাখা হয়েছে। এর উদ্দেশ্য হলো সামনে শুরু হতে যাওয়া জটিল ও কারিগরি পর্যায়ের সরাসরি আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। একই সঙ্গে এমন ভাষা ব্যবহার করা হয়েছে, যাতে ইরান নিজ দেশের জনগণের কাছে চুক্তিটিকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে পারে।

 

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে দেড় পৃষ্ঠার সমঝোতা স্মারকের কথা বলেছেন, তাতে ইরানের দেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের উল্লেখ নেই। তাদের দাবি, এসব প্রতিশ্রুতিই যুক্তরাষ্ট্রকে চুক্তিতে সম্মত হতে অতিরিক্ত আস্থা জুগিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেন, “এমওইউর ভাষা নিয়ে মানুষের বেশি কিছু অনুমান করা উচিত নয়।” তিনি চুক্তিটিকে মূলত একটি “রাজনৈতিক দলিল” হিসেবে উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, “আসল দলিলের চেয়ে আমাদের পারস্পরিক বোঝাপড়াগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই চুক্তি এমন একটি পরিবেশ তৈরি করছে, যেখানে নিষেধাজ্ঞা শিথিল করা, পারমাণবিক ইস্যুতে সমঝোতা করা এবং জব্দকৃত অর্থ ছাড়ের মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা সম্ভব হবে।”

 

তবে তিনি স্পষ্ট করেন, আলোচনায় অগ্রগতির ওপর নির্ভর করেই নিষেধাজ্ঞা শিথিল ও তহবিল ছাড় করা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া ও শর্ত নিয়ে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত এসব সুবিধা কার্যকর হবে না।

 

চুক্তির পাঠ দেখেছেন এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতির উল্লেখ নেই। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের কর্মকর্তারা একাধিকবার বলেছেন, যুক্তরাষ্ট্র এই ইউরেনিয়াম ধ্বংসের প্রক্রিয়া তদারকি করবে। চুক্তিতে কেবল বলা হয়েছে, ইরান “কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না”। উল্লেখ্য, ২০১৫ সালে ওবামা প্রশাসনের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিতেও তেহরান একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল।

 

তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, আনুষ্ঠানিক নথিতে না থাকলেও গোপন যোগাযোগের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা ট্রাম্প প্রশাসনের প্রত্যাশিত কিছু ছাড় দিতে প্রস্তুত। এর মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সমন্বয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়টিও রয়েছে বলে তারা জানিয়েছেন।

 

চুক্তির আর্থিক অংশে তুলনামূলকভাবে বেশি বিস্তারিত তথ্য রয়েছে। কর্মকর্তাদের মতে, প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে ইরান ৩০০ বিলিয়ন ডলারের একটি উন্নয়ন তহবিল থেকে সুবিধা পেতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স দুজনই জোর দিয়ে বলেছেন, এই তহবিলে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না।

 

ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের বিষয়েও চুক্তিতে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে, ভবিষ্যৎ আলোচনায় অগ্রগতি হলে এসব সম্পদ ধাপে ধাপে ছাড় করা হবে এবং ইরানের জন্য সম্পূর্ণভাবে ব্যবহারযোগ্য করা হবে। চুক্তি অনুযায়ী, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরান আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রি করতে পারবে। এ জন্য প্রয়োজনীয় নিষেধাজ্ঞা ছাড়পত্রও যুক্তরাষ্ট্র প্রদান করবে।

 

একজন মার্কিন কর্মকর্তা বলেন, চুক্তিটি পুরোপুরি “কর্মসম্পাদনভিত্তিক”। ইরান কেবল তখনই এর সুবিধা পাবে, যখন তারা চুক্তির সব শর্ত মেনে চলবে। এর মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি না করা, সমৃদ্ধ ইউরেনিয়াম নিরপেক্ষ করা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা না দেওয়া।

 

চুক্তির পূর্ণাঙ্গ পাঠ এখনো প্রকাশ না হলেও এর কপি ইতোমধ্যে ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া ইউরোপীয় ও অন্যান্য দেশের কর্মকর্তাদের মধ্যে ঘুরছে বলে জানা গেছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত বৈঠকগুলোতে বিভিন্ন দেশের নেতা ট্রাম্পের কাছে চুক্তির কয়েকটি বিষয় সম্পর্কে ব্যাখ্যা চেয়েছেন বলে জানা যায়।

 

চুক্তির গোপনীয়তা নিয়ে ট্রাম্পের রাজনৈতিক মিত্রদের মধ্যেও প্রশ্ন উঠেছে। তাদের জানতে চাওয়া, ইতোমধ্যে স্বাক্ষরিত একটি কাঠামোগত চুক্তি কেন এখনো জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে বলেছেন, যুক্তরাষ্ট্র চুক্তিটি প্রকাশ করতে চায়। তবে কূটনৈতিক প্রক্রিয়া এবং মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে প্রকাশের সময়সূচি সমন্বয় করা হচ্ছে।

 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কাতার ও পাকিস্তান পুরো আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তারা চেয়েছে চুক্তি প্রকাশের প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হোক।” সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা দ্রুত চুক্তির পাঠ প্রকাশ করতে আগ্রহী হলেও ইরানের অভ্যন্তরীণ প্রক্রিয়ার প্রতি কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

 

একজন কর্মকর্তা বলেন, “আমরা চাই চুক্তির পাঠ প্রকাশ করা হোক। তারা আমাদের শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। তবে আমরা এর আগেই প্রকাশের অনুমতি পাওয়ার চেষ্টা করছি।” কর্মকর্তাদের মতে, বিষয়টিকে আরও জটিল করে তুলেছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির অবস্থান। তিনি সমঝোতা স্মারকে নীরব সমর্থন দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। শুক্রবার সুইজারল্যান্ডে নির্ধারিত আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের আগে তিনি কোনো বিবৃতি দেবেন কি না, তা নিয়েও তেহরানে আলোচনা চলছে।

 

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি একটি “আনুষ্ঠানিক পরিবেশে” চুক্তিটি প্রকাশ করতে চান। একই সঙ্গে তিনি দাবি করেন, দলিলটির বিষয়বস্তু নিয়ে তিনি এতটাই সন্তুষ্ট যে চাইলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে শব্দে শব্দে তা পড়ে শোনাতে পারবেন। তিনি আরও বলেন, বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পরবর্তী দফার আলোচনা প্রথম পর্বের তুলনায় অনেক সহজ হবে।

 

শুক্রবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমাকে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা “পরীক্ষামূলক পর্ব” হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষ্য, এই সময়ের মধ্যে ওয়াশিংটন মূল্যায়ন করবে ইরান তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা আন্তরিক এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে কতদূর ছাড় দিতে প্রস্তুত। একজন কর্মকর্তা বলেন, “আমরা মূলত দীর্ঘমেয়াদি চুক্তি নিয়েই বেশি মনোযোগী। শেষ পর্যন্ত আস্থা তৈরি এবং বাস্তব বিষয়গুলোতে অগ্রগতি অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিশ্ব

View more
চীনের ৯০ শতাংশের বেশি পরিবারের আবাসিক সম্পত্তির মালিকানা রয়েছে বলে জানিয়েছে আইএমএফের একটি প্রকাশনা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চীনের প্রায় ৯০ শতাংশ পরিবারেরই আছে নিজস্ব বাড়ি, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ

চীনের ৯০ শতাংশের বেশি পরিবারের আবাসিক সম্পত্তির মালিকানা রয়েছে। বাড়ির মালিকানার এই হার দেশটিকে বিশ্বের সর্বোচ্চ অবস্থানে থাকা দেশগুলোর একটি করে তুলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের একটি প্রকাশনায় উঠে এসেছে এ তথ্য। সেখানে উল্লেখ করা হয়েছে, চীনের বিপুলসংখ্যক পরিবারের সম্পদের বড় অংশ আবাসিক সম্পত্তির সঙ্গে সম্পর্কিত। তবে এই পরিসংখ্যান ব্যক্তি নয়, পরিবারভিত্তিক। অর্থাৎ একটি বাড়ির মালিকানায় পরিবারের একাধিক সদস্য থাকতে পারেন।   আইএমএফের ‘টোয়ার্ড আ নিউ ইকোনমিক গ্রোথ মডেল ফর চায়না’ শীর্ষক প্রকাশনাটি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এতে ৯০ শতাংশের বেশি বাড়ির মালিকানার তথ্যের ভিত্তি হিসেবে ২০২০ সালের গবেষক হুয়াং, ই ও ক্লার্কের গবেষণার উল্লেখ রয়েছে। অর্থাৎ এটি আইএমএফের নতুন কোনো জাতীয় জরিপের ফল নয়, বরং আগের গবেষণার তথ্য নতুন প্রকাশনায় তুলে ধরা হয়েছে। গবেষণায় চীনের আবাসন খাতে কয়েক দশকের পরিবর্তন এবং পরিবারের সম্পদের ওপর বাড়ির মালিকানার প্রভাবও আলোচিত হয়েছে।   চীনে বাড়ির মালিকানার এই বিস্তারের পেছনে রয়েছে কয়েক দশকের আবাসন সংস্কার। ১৯৮০-এর দশকের শেষ দিকে সরকার আবাসন খাতে ব্যক্তিমালিকানা বাড়ানোর উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় ১৯৯৮ সালের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মীদের আবাসন সরবরাহের পুরোনো ব্যবস্থা থেকে সরে এসে বাজারভিত্তিক আবাসন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়। সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অনেক কর্মী তুলনামূলক কম দামে তাঁদের বসবাসের বাড়ি কেনার সুযোগ পান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আগের এক প্রতিবেদনে দেখা যায়, ১৯৮৮ সালে চীনে বাড়ির মালিকানার হার ছিল প্রায় ২০ শতাংশ, যা ২০০৭ সালে বেড়ে ৯০ শতাংশে পৌঁছায়।   দ্রুত নগরায়ণ, নতুন আবাসিক ভবন নির্মাণ এবং বাড়ি কেনার সুযোগ সম্প্রসারণ এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করে। শহরগুলোতে কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে আবাসনের চাহিদাও বৃদ্ধি পায়। পাশাপাশি অনেক চীনা পরিবারের কাছে বাড়ি শুধু বসবাসের জায়গা নয়, বরং সঞ্চয় ও সম্পদ গড়ে তোলার অন্যতম মাধ্যম হয়ে ওঠে। আইএমএফের বিশ্লেষণেও বলা হয়েছে, দেশটির পরিবারের মোট সম্পদের বড় অংশ আবাসিক সম্পত্তির সঙ্গে যুক্ত।   তবে উচ্চ বাড়ির মালিকানার হার মানেই সব চীনা পরিবারের জন্য বাড়ি কেনা সহজ, এমন নয়। বিশেষ করে বেইজিং, সাংহাই ও শেনজেনের মতো বড় শহরে আবাসিক সম্পত্তির দাম অনেক বেশি। নতুন বাড়ি কিনতে বড় অঙ্কের অগ্রিম অর্থ বা ডাউন পেমেন্টের প্রয়োজন হওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের অনেক পরিবারের জন্য তা কঠিন হয়ে পড়ে। ফলে এখনো বহু মানুষ ভাড়া বাসায় থাকেন। আবার কিছু শহুরে পরিবারের একাধিক বাড়ি থাকায় জাতীয় মালিকানার হার বেশি হলেও আবাসনের সুযোগ সবার মধ্যে সমানভাবে বণ্টিত হয়নি।   এদিকে বাড়ির মালিকানার হার বেশি থাকলেও চীনের আবাসন বাজার বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে। আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ দেশটির আবাসিক সম্পত্তি বিক্রি ২০২১ সালের সর্বোচ্চ অবস্থানের তুলনায় ৫০ শতাংশের বেশি কমে যায়। একই সময়ে নতুন বাড়ি নির্মাণ শুরুর পরিমাণ কমে যায় প্রায় ৮০ শতাংশ। সম্পত্তির দাম কমা এবং বাজারে দীর্ঘস্থায়ী মন্দার প্রভাবও পরিবারের সম্পদ ও ভোগব্যয়ের ওপর পড়ছে। ফলে বাড়ির মালিকানায় বিশ্বের অন্যতম শীর্ষে থাকলেও আবাসন খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা এখন চীনের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।   সূত্র: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ২৩:৪৯
যুক্তরাজ্যের নাগরিকত্ব পরীক্ষায় দেশটির বিভিন্ন ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জ্ঞানের বিষয়টি অন্তর্ভুক্ত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ব্রিটিশ নাগরিকত্ব পেতে জানতে হবে ঈদ ও ইসলামিক ঐতিহ্যের কথা

তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যুক্ত হয়ে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মুসলিম বিশ্বের মহাকাশ অভিযাত্রায় নতুন অধ্যায়, মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী

প্রশিক্ষণ ফ্লাইটের সময় ফ্রান্সে তৈরি কুগার সিরিজের হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হন পাঁচজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে ন্যাটো বাহিনী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড

পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় দেশটির নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। সর্বশেষ পরিস্থিতিতে রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার শর্তসাপেক্ষ অনুমতি পেয়েও গুলি চালায়নি ন্যাটোর অধীনে দায়িত্ব পালন করা সুইডিশ যুদ্ধবিমানের পাইলট। খারাপ আবহাওয়ার কারণে লক্ষ্যবস্তুটি নিশ্চিতভাবে শনাক্ত করতে না পারায় অস্ত্র ব্যবহার করা সম্ভব হয়নি। এর মধ্যে নতুন করে রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করায় যুক্তরাষ্ট্রের কাছে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েনের দাবি আবারও জোরালো করেছে ওয়ারশ।   ফক্স নিউজের ২৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, গত চার দিনের মধ্যে দুই দফায় রাশিয়ার সামরিক উড়োজাহাজ ও ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর প্রথম ঘটনা ঘটে ২০ নভেম্বর রাতে। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার সময় তিনটি রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। প্রথম দিকে এগুলোর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন থাকার ধারণা করা হলেও পরে পোলিশ প্রসিকিউটররা তিনটি স্থান থেকেই রুশ খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শনাক্ত করেন। দেশটির লুবলিন অঞ্চলের নোভি লিপোভিয়েচ এবং পডকারপাস্কি অঞ্চলের রুদনিক নাদ সানেম ও মোলোদিচ এলাকায় এসব ধ্বংসাবশেষ পাওয়া যায়।   ওই ঘটনার সময় ন্যাটোর অধীনে দায়িত্ব পালন করছিল সুইডিশ বিমানবাহিনীর জেএএস-৩৯ গ্রিপেন যুদ্ধবিমান। পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইরেনিউশ নোভাকের বরাত দিয়ে কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানায়, একটি সন্দেহভাজন রুশ খ-১০১ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য সুইডিশ পাইলটকে শর্তসাপেক্ষ অনুমতি দেওয়া হয়েছিল। জার্মানির উডেমে অবস্থিত ন্যাটোর সম্মিলিত আকাশ অভিযান কেন্দ্র থেকে এই অনুমতি আসে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পাইলটটি লক্ষ্যবস্তুটি চোখে কিংবা বিমানের বিশেষ শনাক্তকরণ যন্ত্রের সাহায্যে নিশ্চিত করতে পারেননি। ফলে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি।   এরপর ২৩ নভেম্বর গভীর রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার নতুন হামলার সময় আরেকটি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। পোলিশ সামরিক বাহিনী জানায়, ড্রোনটি কিছু সময় দেশটির আকাশসীমায় অবস্থান করে। সেটিকে ভূপাতিত করার অনুমতি থাকলেও ড্রোনটি পূর্বদিকে গতিপথ পরিবর্তন করায় গুলি চালানো হয়নি। জনবহুল এলাকায় ড্রোনটি ভূপাতিত করলে ধ্বংসাবশেষ পড়ে বেসামরিক মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতি হতে পারে, এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পোল্যান্ডের উপপ্রতিরক্ষামন্ত্রী পাওয়েল জালেভস্কি বলেছেন, ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের ধারণা, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে।   পরপর এসব ঘটনার পর ন্যাটোও পোল্যান্ডের প্রতিরক্ষা জোরদারে উদ্যোগ নিয়েছে। ২৩ নভেম্বর পোল্যান্ডের অনুরোধে ব্রাসেলসে ন্যাটোর উত্তর আটলান্টিক কাউন্সিলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ এবং পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর ন্যাটোর ইউরোপীয় মিত্রবাহিনীর সর্বোচ্চ কমান্ডার পোল্যান্ডে একটি আকাশপথে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণব্যবস্থার উড়োজাহাজ বা এওয়াকস মোতায়েনের অনুমোদন দেন। এই উড়োজাহাজের বিশেষ রাডারের মাধ্যমে অনেক দূর থেকে আকাশপথের সম্ভাব্য হুমকি শনাক্ত ও পর্যবেক্ষণ করা যায়।   এদিকে পোল্যান্ডের ওয়াশিংটনস্থ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বগদান ক্লিচ জানিয়েছেন, তিনি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদকে সাম্প্রতিক আকাশসীমা লঙ্ঘনের ঘটনা সম্পর্কে অবহিত করেছেন। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা জানান। একই সঙ্গে পোল্যান্ডে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টিও আবার তুলে ধরেন। তার মতে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ।   পোল্যান্ডে মার্কিন সেনাদের স্থায়ী উপস্থিতির বিষয়টি অবশ্য নতুন নয়। সেপ্টেম্বরে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী স্তানিস্লাভ ভজিয়ন্তেক জানিয়েছিলেন, দীর্ঘমেয়াদে পোল্যান্ডে প্রায় ১৫ হাজার মার্কিন সেনা রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চার থেকে পাঁচ হাজার সেনা স্থায়ী ঘাঁটিতে এবং বাকিরা পালাক্রমে দায়িত্ব পালন করতে পারেন। বর্তমানে দুই দেশের মধ্যে সামরিক উপস্থিতি বাড়ানো এবং নতুন অবকাঠামো নির্মাণ নিয়ে আলোচনা চলছে। তবে স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ওয়াশিংটনের হাতে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় পোল্যান্ড এখন নিজেদের আকাশসীমা ও পূর্ব সীমান্তের নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে চাইছে।   সংবাদসূত্র: রয়টার্স, ফক্স নিউজ ও পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২২:২
শৈশবে বাবার সিদ্ধান্তে প্রায় দশ বছর ছেলের বেশে বেড়ে উঠেছিলেন আফগান নারী নিলোফার আয়ুবি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা

জীবদ্দশায় তিনবার শয়তান ও একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন পোপ ফ্রান্সিস, ডায়েরিতে দাবি। ছবি: সংগৃহীত

তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস! ডায়েরিতে চাঞ্চল্যকর দাবি

ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা
মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

এক সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার ফোনের জিপিএস কাজ করছে না, বন্ধ হয়ে গেছে টেলিযোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস কিংবা সামরিক নজরদারি নেটওয়ার্ক—তাহলে পরিস্থিতি কেমন হবে? এমনই এক ভয়াবহ শঙ্কার কথা জানিয়েছেন পশ্চিমা গোয়েন্দারা। ২০২৬ সাল শেষ হওয়ার আগেই রাশিয়া মহাকাশের কক্ষপথে পারমাণবিক অস্ত্রবাহী একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।   গত ২৩ নভেম্বর জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর (NDR), ডব্লিউডিআর (WDR) এবং সংবাদপত্র সুডডয়েচে জাইটুংয়ের (Süddeutsche Zeitung) এক যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পশ্চিমা গোয়েন্দা ও সামরিক মূল্যায়নের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যেই মস্কো পারমাণবিক অস্ত্রসজ্জিত এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে। এমন খবরে ন্যাটো (NATO) মিত্রদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে।   কয়েক সপ্তাহের মধ্যেই উৎক্ষেপণ হতে পারে ‘স্পুটনিক-এস’জার্মান সংবাদমাধ্যমগুলোর অনুসন্ধান অনুযায়ী, রাশিয়ার এই স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে ‘স্পুটনিক-এস’ (Sputnik-S)। এটি কয়েক বছর আগেই তৈরি করে মস্কো অঞ্চলে সংরক্ষণ করে রাখা হয়েছে। চলতি নভেম্বরের শুরুতে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে আদান-প্রদান করা গোয়েন্দা সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যেই এটি কক্ষপথে পাঠানো হতে পারে।   জার্মানির ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস (বিএনডি) এবং দেশটির সশস্ত্র বাহিনী বুন্দেসওয়ের এই গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে যুক্ত রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা ইতোমধ্যে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসসহ শীর্ষ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন। তবে এটি এখনই উৎক্ষেপণ করা হবে—এমন চূড়ান্ত কোনো নিশ্চয়তা না মিললেও রাশিয়ার মহাকাশ কর্মসূচি নিয়ে নতুন করে কড়া নজরদারি শুরু হয়েছে।   মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে কী হবে? সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র হামলায় কেবল একটি নির্দিষ্ট স্যাটেলাইট ধ্বংস হয়। কিন্তু মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হলে এর প্রভাব হবে সুদূরপ্রসারী ও ধ্বংসাত্মক। বর্তমানে বিশ্বজুড়ে নেভিগেশন (জিপিএস), টেলিযোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ, আর্থিক লেনদেন ব্যবস্থা এবং সামরিক কার্যক্রম স্যাটেলাইটের ওপর নির্ভরশীল।   প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, কক্ষপথে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে হাজার হাজার স্যাটেলাইট অকেজো হয়ে পড়তে পারে। এতে সরকার, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা পুরোপুরি স্থবির হয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। এর আগে গত অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাও (ডিআইএ) রাশিয়ার এমন পারমাণবিক স্যাটেলাইট তৈরির বিষয়ে সতর্ক করেছিল।   জার্মানি ও ন্যাটোর উদ্বেগ, অভিযোগ নাকচ রাশিয়ার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এই প্রতিবেদনকে ‘চমকে দেওয়ার মতো’ বলে অভিহিত করেছেন। তার মতে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে রাশিয়া উত্তেজনা কতদূর পর্যন্ত নিয়ে যেতে প্রস্তুত। অন্যদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, মহাকাশসহ সব ক্ষেত্রেই জোটের প্রতিরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থা প্রতিনিয়ত পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা ন্যাটোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় সর্বদা প্রস্তুত, আর এর মধ্যে মহাকাশ নিরাপত্তার বিষয়টিও অন্তর্ভুক্ত।’   তবে মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। বার্লিনে অবস্থিত রুশ দূতাবাস এই দাবিকে ‘ভিত্তিহীন’ এবং ‘অপপ্রচারের অংশ’ বলে উড়িয়ে দিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়ার সব মহাকাশ কার্যক্রম আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে।   আন্তর্জাতিক আইন কী বলছে?১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ বা মহাকাশ চুক্তি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে কোনো দেশেরই পারমাণবিক অস্ত্র বা গণবিধ্বংসী কোনো অস্ত্র স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। স্নায়ুযুদ্ধের সময় স্বাক্ষরিত এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল মহাকাশকে পারমাণবিক সংঘাতের ক্ষেত্র হওয়া থেকে রক্ষা করা। কিন্তু রাশিয়ার এই গোপন প্রস্তুতির খবরে সেই আন্তর্জাতিক চুক্তি এখন বড় ধরনের হুমকির মুখে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: এনডিআর    873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৩:৮
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন পাকিস্তানের জিশান আলী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান আলী

পর্তুগালে স্থায়ী বসবাসের অনুমতির অ্যাপয়েন্টমেন্ট নিতে নতুন অনলাইন ফরম চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা আইমা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পর্তুগালে স্থায়ী বসবাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে নতুন অনলাইন ফরম চালু

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...