যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে নতুন সমঝোতার পথে উপসাগরীয় দেশগুলো! বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনীতি
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত মিলছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমিয়ে ইরানের সঙ্গে সরাসরি বোঝাপড়ার পথ খুঁজছে উপসাগরীয় কয়েকটি দেশ। যুদ্ধ-পরবর্তী আঞ্চলিক নিরাপত্তা, হরমুজ প্রণালির ভবিষ্যৎ এবং ইরানের সঙ্গে সহাবস্থানের নতুন কাঠামো নিয়ে ইতোমধ্যেই একাধিক গোপন ও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি নিয়ে আলোচনা চললেও তার সমান্তরালে সম্পূর্ণ আলাদা একটি আঞ্চলিক কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে। এতে ওমান, কাতার, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ইরানের সঙ্গে নতুন সম্পর্কের ভিত্তি তৈরির চেষ্টা করছে।
সূত্রগুলোর দাবি, প্রথমে ইরান ও ওমান, এরপর ওমান ও কাতার, পরে ইরান ও সৌদি আরব এবং সর্বশেষ কাতার ও সৌদি আরবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এসব আলোচনার মূল বিষয় ছিল, সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যে কী ধরনের আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে।
বিশ্লেষকদের মতে, এটি কেবল কয়েকটি বিচ্ছিন্ন বৈঠক নয়, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের একটি বড় প্রক্রিয়ার সূচনা হতে পারে।
হরমুজ প্রণালি নিয়ে নতুন সমঝোতার আলোচনা
আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি, হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা।
প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় দেশগুলো এমন একটি কাঠামো নিয়ে আলোচনা করছে, যেখানে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ইরানকে আর্থিক সুবিধা দেওয়া হতে পারে। এ অর্থকে আনুষ্ঠানিকভাবে মাইন অপসারণ, পরিবেশ সংরক্ষণ, বন্দর ব্যবস্থাপনা কিংবা বিমাসংক্রান্ত সেবার খরচ হিসেবে উপস্থাপন করা হতে পারে।
তবে এই অর্থ কীভাবে সংগ্রহ করা হবে, কোন প্রতিষ্ঠান তা পরিচালনা করবে এবং শেষ পর্যন্ত অর্থ কোথায় যাবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইরানের নতুন পদক্ষেপ
ইরান ইতোমধ্যেই হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিজেদের অবস্থান আরও শক্ত করার উদ্যোগ নিয়েছে। দেশটির নবগঠিত গালফ স্ট্রেইট অথরিটি ঘোষণা দিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর হরমুজ অতিক্রমকারী সব জাহাজের জন্য ইরানি বিমা বাধ্যতামূলক করা হবে।
মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক গোনুল তোলের ভাষায়, ইরান এখন উপলব্ধি করেছে যে, তাদের সবচেয়ে কার্যকর কৌশলগত সম্পদ শুধু পারমাণবিক কর্মসূচি নয়, বরং হরমুজ প্রণালির ওপর তাদের ভৌগোলিক নিয়ন্ত্রণ। তাই ভবিষ্যতেও এই প্রভাব বজায় রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে।
যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে সম্প্রতি অনুষ্ঠিত এক আঞ্চলিক বৈঠকের যৌথ ঘোষণায় হরমুজ প্রণালিতে অবাধ ও মুক্ত নৌ-চলাচলের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে প্রণালিতে কোনো ধরনের টোল, ফি বা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের বিরোধিতা করা হয়।
চ্যাটাম হাউসের গবেষক আনিসেহ বাসিরি তাবরিজির মতে, উপসাগরীয় দেশগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সীমারেখা। যদিও বাস্তব পরিস্থিতিতে ইরানের সঙ্গে সমঝোতার প্রয়োজনীয়তাও তারা অস্বীকার করছে না।
উত্তেজনা আরও বেড়েছে
গত সপ্তাহে জাতিসংঘ, ইরান ও ওমান আটকে পড়া জাহাজ সরিয়ে নেওয়ার জন্য দুটি নির্দিষ্ট নৌপথে সম্মত হওয়ার পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই রুটের বাইরে চলাচলকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করে।
এর পরদিন একটি তাইওয়ানভিত্তিক শিপিং কোম্পানি অভিযোগ করে, তাদের একটি জাহাজ হামলার শিকার হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, হামলাটি ইরানের ড্রোনের মাধ্যমে চালানো হয়েছিল।
এই ঘটনার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটে। যদিও পরবর্তীতে উভয় পক্ষই নতুন করে হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সুফান সেন্টার বলছে, আন্তর্জাতিক নৌপথে সাম্প্রতিক হুমকি ও হামলার মাধ্যমে ইরান মূলত উপসাগরীয় দেশগুলোকে, বিশেষ করে ওমানকে, একটি রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে।
যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলোর এই কূটনৈতিক সক্রিয়তার অন্যতম কারণ হলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির ওপর আস্থা কমে যাওয়া।
গোনুল তোল বলেন, ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা কয়েক বছর ধরেই কমছে। ফলে অনেক উপসাগরীয় রাষ্ট্র মনে করছে, নিজেদের নিরাপত্তার জন্য শেষ পর্যন্ত তাদেরই ইরানের সঙ্গে সরাসরি বোঝাপড়ায় পৌঁছাতে হবে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষক ইয়াসমিন ফারুকও একই ধরনের মত দিয়েছেন। তার মতে, উপসাগরীয় দেশগুলো এখন এমন এক বাস্তবতার জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে অতীতের নিরাপত্তা কাঠামো আর আগের মতো থাকবে না। তাই তারা নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতেই গড়ে নিতে চাইছে।
অর্থনীতি হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার
নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক যুদ্ধের কারণে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ সক্ষমতা তাদের সবচেয়ে বড় কূটনৈতিক শক্তি হয়ে উঠতে পারে।
বিশ্লেষকদের ধারণা, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিনিময়ে তারা ইরানের কাছ থেকে কিছু নিরাপত্তা নিশ্চয়তা আদায় করতে চাইবে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমিত করা কিংবা আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সামরিক সহায়তা কমানোর মতো বিষয়ও আলোচনায় আসতে পারে।
বিকল্প নিরাপত্তা জোটের দিকেও নজর
একই সময়ে উপসাগরীয় দেশগুলো প্রতিরক্ষা খাতেও বহুমুখী নীতি গ্রহণ করছে। মে মাসে কুয়েত ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্কের সঙ্গে চুক্তি করেছে। অন্যদিকে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ড্রোন রপ্তানির জন্য ইউক্রেনও নতুন চুক্তি করেছে।
এ ছাড়া সৌদি আরব মিশর, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গড়ে ওঠা একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা জোটের বৈঠকেও অংশ নিয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগের মাধ্যমে উপসাগরীয় দেশগুলো স্পষ্ট বার্তা দিচ্ছে যে, ভবিষ্যতে তারা শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না। বরং একাধিক অংশীদারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিকল্প নিরাপত্তা কাঠামো তৈরি করতে আগ্রহী।
তবে বিশেষজ্ঞদের ধারণা, এর অর্থ এই নয় যে উপসাগরীয় দেশগুলো এখনই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রত্যাহার চায়। বরং তারা এমন একটি কৌশল তৈরি করছে, যাতে ভবিষ্যতে ওয়াশিংটনের অবস্থান পরিবর্তিত হলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিশ্ব
View moreচীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানের ৪০ বছর বয়সী সাবেক বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে তিনি দুই চীনা নভোচারী তাং হংবো ও উ ইয়ের সঙ্গে স্টেশনে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে জিশান হলেন মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি এবং তিয়াংগংয়ে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতেও বিদেশি নভোচারীর অংশগ্রহণের ক্ষেত্রে এটি প্রথম ঘটনা। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের সাহায্যে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ছয় ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে তিন নভোচারী তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই অবস্থানরত শেনঝৌ-২৩ অভিযানের নভোচারীরা নতুন দলকে স্বাগত জানান। পুরো অভিযানটি চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের মহাকাশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। জিশান আলী এ অভিযানে মহাকাশযানে বহন করা বৈজ্ঞানিক সরঞ্জাম ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি তিয়াংগং স্টেশনে প্রায় ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন বলে জানিয়েছে রয়টার্স। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে দুই চীনা নভোচারীর সঙ্গে পৃথিবীতে ফিরবেন তিনি। অর্থাৎ, চীনা নভোচারীদের নিয়মিত ছয় মাসের অভিযানের অংশ হিসেবে নয়, বরং স্বল্পমেয়াদি যৌথ মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন পাকিস্তানের এই নভোচারী। মহাকাশে অবস্থানকালে তিনি চীন ও পাকিস্তানের যৌথ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। চীনের মানববাহী মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, উপকরণবিজ্ঞান ও জীবপ্রযুক্তি খাতে চারটি যৌথ গবেষণা প্রকল্প পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে মহাকাশযানে ব্যবহৃত স্ব-নিরাময়যোগ্য কার্বন-ফাইবার উপাদানের ক্ষুদ্র ফাটল নিজে থেকে মেরামত করার সক্ষমতা পরীক্ষা। পাশাপাশি আলোকসংশ্লেষণকারী সায়ানোব্যাকটেরিয়া নিয়েও পরীক্ষা চালানো হবে। এসব গবেষণা ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। এই অভিযানের প্রস্তুতি নিতে বেইজিংয়ে টানা সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন জিশান আলী। মহাকাশযান ও স্টেশনের কার্যক্রম পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চীনা ভাষায় যোগাযোগের বিষয়ে তাঁকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযানের আগে সংবাদ সম্মেলনে জিশান বলেন, তাঁর এই মহাকাশযাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো পাকিস্তানের প্রতিনিধিত্ব করার বিষয়। নিজের কাঁধে দেশের নাম ও কোটি মানুষের প্রত্যাশা বহন করছেন বলেও উল্লেখ করেন তিনি। চীন ও পাকিস্তানের মহাকাশ সহযোগিতার আনুষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ওই সময় পাকিস্তানি নভোচারীকে চীনের মহাকাশ স্টেশনে পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের এপ্রিলে পাকিস্তানের দুই বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। তাঁরা দুজনই চীনে প্রশিক্ষণ নেন। শেষ পর্যন্ত শেনঝৌ-২৪ অভিযানের জন্য জিশান আলীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। জিশানের এই অর্জনে পাকিস্তানের সরকারি পর্যায়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক অভিনন্দন বার্তায় বলেন, এটি শুধু একজন নভোচারীর যাত্রা নয়, বরং পাকিস্তানের ২৪ কোটি মানুষের পাশাপাশি দেশটির তরুণ প্রজন্ম, বিজ্ঞানী ও তাঁদের স্বপ্নের যাত্রা। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ উপলক্ষে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শি জিনপিং দুই দেশের নভোচারীদের যৌথ মহাকাশ অভিযানকে দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন। মহাকাশে মুসলিম বিশ্বের অংশগ্রহণ অবশ্য জিশানের মাধ্যমে শুরু হয়নি। এর আগে সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের নভোচারীরাও মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন। ১৯৮৫ সালে সৌদি আরবের প্রিন্স সুলতান বিন সালমান প্রথম মুসলিম নভোচারী হিসেবে মহাকাশে যান। তবে পাকিস্তানের প্রথম মহাকাশযাত্রী এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী হিসেবে জিশান আলীর এই অর্জন দেশটির মহাকাশ গবেষণা ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তথ্যসূত্র: রয়টার্স ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড
আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা
ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিস তাঁর জীবদ্দশায় তিনবার শয়তান এবং একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর ব্যক্তিগত ডায়েরির কিছু অংশে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক বইয়ে ২০২১ সালের একটি লেখায় তিনি শয়তানের তিনটি দর্শনের কথা উল্লেখ করেন। ডায়েরির তথ্যমতে, তিনি প্রথমবার একটি গাড়ির ভেতর থেকে, দ্বিতীয়বার প্রার্থনা চলাকালীন গির্জার গায়কদলের মঞ্চে এবং তৃতীয়বার ভ্যাটিকান কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের সময় শয়তানকে দেখতে পান। একটি অভিজ্ঞতার স্মৃতিচারণ করে পোপ ফ্রান্সিস লিখেছেন, "আমি তাঁর (শয়তানের) কণ্ঠের সেই প্রচণ্ড কর্কশ ভাব ভুলতে পারি না।" শয়তানের ভয়ংকর চোখের বর্ণনা দিয়ে তিনি লেখেন, "সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে ছিল... যা আগের বারের চেয়েও তীব্র ছিল। চোখগুলো ছিল আগুনের ঝলকানির মতো।" বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালীন একটি কার্মেলাইট চ্যাপেলের ভেতরে দ্বিতীয়বার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি। এছাড়া ২০১৮ সালের জুন মাসে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেছেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, "আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, এবং এটি আমাকে ভীত করে তুলেছিল। আমি আত্মরক্ষার অস্ত্র হিসেবে জপমালা (রোজারি) হাতে তুলে নিয়েছিলাম। নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক, কারণ সেখান থেকে আগুনের শিখা ছিটকে এসে পুড়িয়ে দিতে পারে।" ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়েও নিজের অনুশোচনার কথা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। সে সময় এক যাজকের যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক বিশপের পক্ষ নেওয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে পোপ ক্ষমা চান এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন, যেখানে তাঁরা সবাই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালের এক লেখায় তিনি চিলির সেই পরিস্থিতি নিয়ে নিজেকে 'বিধ্বস্ত' বলে উল্লেখ করেন এবং স্বীকার করেন যে বিষয়টি যে এতটা গুরুতর ছিল, তা তিনি শুরুতে বুঝতে পারেননি। ভ্যাটিকানের ডিকাস্ট্রি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথের প্রধান ও ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এই ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি জনসমক্ষে প্রকাশিত হলো। উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন এবং ১২ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সূত্র: বিবিসি 873/ডিএন
ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?
মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান আলী
পর্তুগালে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বিদেশিদের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নতুন সুযোগ চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা এআইএমএ (AIMA)। এখন থেকে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী বিদেশিরা সংস্থাটির অনলাইন যোগাযোগ ফরম ব্যবহার করে স্থায়ী বসবাসের অনুমতির জন্য সরাসরি সাক্ষাতের সময় চেয়ে আবেদন করতে পারবেন। গত ৫ নভেম্বর ২০২৬ থেকে এই নতুন সুবিধা চালু হয়েছে। পর্তুগালে দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাস করছেন, এমন অভিবাসীদের জন্য প্রক্রিয়াটি সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এআইএমএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ব্যবস্থাটি পর্তুগালের অভিবাসন আইন ২৩/২০০৭-এর ৮০ নম্বর ধারার আওতায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য প্রযোজ্য। আবেদন করতে আগ্রহীদের প্রথমে এআইএমএর অনলাইন যোগাযোগ ফরমে প্রবেশ করতে হবে। সেখানে ‘রেসিডেন্স পারমিট’ বিষয়টি নির্বাচন করে ‘স্থায়ী বসবাসের অনুমতি প্রদানের জন্য অ্যাপয়েন্টমেন্টের আবেদন’ উপবিষয়টি বেছে নিতে হবে। তবে এই সুবিধা সবার জন্য নয়। আবেদনকারীকে অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে অস্থায়ী বসবাসের অনুমতিধারী হতে হবে। পাশাপাশি গত পাঁচ বছরে এমন কোনো অপরাধে দণ্ডিত হওয়া যাবে না, যার একক বা সম্মিলিত কারাদণ্ডের মেয়াদ এক বছরের বেশি। আবেদনকারীর পর্যাপ্ত জীবিকা নির্বাহের ব্যবস্থা, আবাসনের নিশ্চয়তা, পর্তুগিজ ভাষার প্রাথমিক জ্ঞান এবং কর ও সামাজিক নিরাপত্তা খাতে নিয়মিত আর্থিক দায় পরিশোধের প্রমাণ থাকতে হবে। আবেদনের সময় দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। প্রথমত, বৈধ বসবাসের অনুমতিপত্রের ডিজিটাল কপি। দ্বিতীয়ত, অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে বৈধভাবে বসবাসের প্রমাণ। আগের বসবাসের অনুমতিপত্র, সামাজিক নিরাপত্তা খাতে চাঁদা জমার বিবরণী অথবা আয়কর রিটার্নের কপি দিয়ে এ প্রমাণ দেওয়া যেতে পারে। এআইএমএ জানিয়েছে, একই উদ্দেশ্যে একাধিক আবেদন করা যাবে না। একটি আবেদন জমা দেওয়ার পর সেটির নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে। আগের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নতুন করে একই আবেদন পাঠালে তা বিবেচনা করা হবে না। নির্ধারিত যোগ্যতা পূরণ না হলে কিংবা আবেদনের উদ্দেশ্য ৮০ নম্বর ধারার আওতায় না পড়লে সেই অনুরোধও গ্রহণ করা হবে না। তবে নতুন এই সুবিধা স্থায়ী বসবাসের অনুমতিপত্র নবায়নের জন্য নয়। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের স্থায়ী বসবাসের সনদ এবং তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের কার্ডের আবেদনও এর আওতায় পড়বে না। এসব সেবা আগের মতোই এআইএমএর রিনিউয়ালস পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, অনলাইনে ফরম জমা দিলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। এটি মূলত সরাসরি সাক্ষাতের সময় পাওয়ার প্রাথমিক ধাপ। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর নির্ধারিত এআইএমএ কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আবেদনপত্র ও অন্যান্য নথি জমা দিতে হবে। এরপর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে স্থায়ী বসবাসের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে। পর্তুগালে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্যও এ পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যাঁরা পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বৈধভাবে দেশটিতে বসবাস করছেন, তাঁরা নিজেদের যোগ্যতা যাচাই করে নতুন অনলাইন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে পারবেন। সংবাদসূত্র: পর্তুগালের অভিবাসন সংস্থা এআইএমএ, লেজিট ডট এনজি।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া
যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানের আদালতের

