সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

চীনে ভূমিধস ও তীব্র ঝড়ে বিপর্যয়: ১৬ জন এখনও আটকা, শতাধিক আহত

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৭, ২০২৬ ২:৪১
১৬ জন এখনও আটকা, শতাধিক আহত
১৬ জন এখনও আটকা, শতাধিক আহত

চীনের পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশের পাহাড়ি এলাকায় শক্তিশালী ভূমিধসের ঘটনায় অন্তত ১৬ জন এখনও মাটির নিচে আটকা পড়ে আছেন। একই সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলে চলমান তীব্র বজ্রঝড় ও ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত ২৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

 

প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রাথমিক তথ্যের বরাতে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ভূমিধসের শুরুতে মোট ৩৩ জন আটকা পড়েছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৬ জনের সন্ধানে উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

 

ঘটনার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

মঙ্গলবার (৭ জুলাই) ঘটে যাওয়া এই ভূমিধসের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। তবে চলতি সপ্তাহজুড়ে চীনের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রঝড়, ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

 

চীনের সরকারি সংবাদসংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, সোমবার রাতে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে আকস্মিক ঝড়ে অন্তত আটজন নিহত হয়েছেন এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। হুবেইর হুয়াংশি, হুয়াংগাং, এঝৌ এবং শিয়াননিং শহরের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়, যা ঘরবাড়ি, বিদ্যুৎব্যবস্থা এবং যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের ক্ষতি করেছে।

 

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই ঝড়ের কারণে অন্তত ২৭৫ জন মানুষ আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে।

 

এদিকে আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, দেশের বেশ কিছু অঞ্চলে আগামী দিনগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংশি এবং পূর্বাঞ্চলীয় জিয়াংসু ও শানডং প্রদেশে আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা নতুন করে ভূমিধস ও বন্যার ঝুঁকি বাড়াবে।

 

বিশেষজ্ঞদের মতে, এসব এলাকায় প্রায় ২০ কোটি মানুষের বসবাস হওয়ায় সম্ভাব্য দুর্যোগের প্রভাবও বড় আকার ধারণ করতে পারে। পাশাপাশি উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় টর্নেডোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

প্রাকৃতিক দুর্যোগের এই পরিস্থিতির মধ্যেই চীন এখন সুপার টাইফুন ‘বাভি’ নিয়ে উচ্চ সতর্কতায় রয়েছে। প্রশান্ত মহাসাগর পেরিয়ে তাইওয়ানের দিকে অগ্রসরমান এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে গুয়াম, টিনিয়ান, সাইপান ও রোটা দ্বীপপুঞ্জ অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে, এসব এলাকায় আঘাত হানার সময় ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার।

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগে চীনের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করা হলেও আবহাওয়ার প্রতিকূলতা পরিস্থিতি সামাল দেওয়াকে আরও কঠিন করে তুলছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিশ্ব

View more
জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ইয়াসেন-এম শ্রেণির নতুন পারমাণবিক সাবমেরিন আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করল রাশিয়া

রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ‘পার্ম’ নামের ইয়াসেন-এম শ্রেণির এই সাবমেরিনকে রাশিয়ার নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। মস্কোর দাবি, জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনের জন্য এটিই প্রথম সাবমেরিন। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নৌবাহিনীতে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।   শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ জাহাজ নির্মাণ কারখানায় সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন। ক্রেমলিনের প্রকাশিত ভিডিওতে তাঁকে অনুষ্ঠানে বক্তব্য দিতেও দেখা যায়। রুশ নৌবাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ‘পার্ম’ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর বহরে যুক্ত হয়। এ সময় পুতিন বলেন, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে রাশিয়া অন্যতম, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণে সক্ষম। তাঁর ভাষায়, এসব অস্ত্রের বৈশ্বিক পরিসর ও গুরুত্ব রয়েছে।   ইয়াসেন-এম শ্রেণির ‘পার্ম’ সাবমেরিনের প্রধান বিশেষত্ব হলো এতে রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি গতিতে চলতে পারে। ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো শনাক্ত ও প্রতিহত করা কঠিন হতে পারে। তবে ক্ষেপণাস্ত্রটির প্রকৃত সক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা নিয়ে মস্কোর দাবির সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।   পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার সামরিক প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ সময় পানির নিচে গোপনে অবস্থান ও চলাচলের সক্ষমতার কারণে এগুলো সহজে শনাক্ত করা কঠিন। কোনো দেশ রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালালে সমুদ্রের গভীর থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রাখতেও এ ধরনের সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে নতুন সাবমেরিনটি শুধু রাশিয়ার নৌবাহিনীর আধুনিকায়ন নয়, দেশটির পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।   অনুষ্ঠানে পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ‘পার্ম’-এর মতো ইয়াসেন-এম শ্রেণির। এসব সাবমেরিন বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে বিশ্বের যেকোনো মহাসাগরে অভিযান চালাতে সক্ষম বলে দাবি করেছেন তিনি। রাশিয়ার নৌবাহিনীকে আধুনিকায়নের পরিকল্পনা অব্যাহত রাখার কথাও জানান পুতিন। নির্ধারিত সময়ের মধ্যে নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।   রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সামরিক উত্তেজনার মধ্যে নতুন সাবমেরিনটি নৌবাহিনীতে যুক্ত হলো। বিশেষ করে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে রাশিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন গুরুত্ব তৈরি করতে পারে। তবে নতুন সাবমেরিন যুক্ত হওয়ার পাশাপাশি আগামী চার বছরে আরও পাঁচটি সাবমেরিন বহরে যুক্ত করার পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়, সেটিই এখন দেখার বিষয়।   সূত্র: আল জাজিরা, ক্রেমলিন।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ২২:১৭
মুসলিম সম্প্রদায়ের সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংস্কৃতিক বিষয় বিবেচনায় নিতে যুক্তরাজ্যের পুলিশ সদস্যদের নির্দেশনা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মসজিদ ও মুসলিম বাড়িতে দায়িত্ব পালনে ব্রিটিশ পুলিশকে শালীন পোশাক পরিধানের নির্দেশনা

১৩ বছর বয়সে বিয়ের পর ১৪ বছরেই মা হয়েছিলেন ইরানের কিশোরী সোগান্দ মোশতারেকি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বাবার বাড়ি যেতে চাওয়ায় সন্তান জন্মের দুই সপ্তাহের মধ্যেই স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী বধূর

চীনের ৯০ শতাংশের বেশি পরিবারের আবাসিক সম্পত্তির মালিকানা রয়েছে বলে জানিয়েছে আইএমএফের একটি প্রকাশনা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চীনের প্রায় ৯০ শতাংশ পরিবারেরই আছে নিজস্ব বাড়ি, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ

যুক্তরাজ্যের নাগরিকত্ব পরীক্ষায় দেশটির বিভিন্ন ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জ্ঞানের বিষয়টি অন্তর্ভুক্ত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ব্রিটিশ নাগরিকত্ব পেতে জানতে হবে ঈদ ও ইসলামিক ঐতিহ্যের কথা

যুক্তরাজ্যে ব্রিটিশ নাগরিকত্ব কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে যাঁদের ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষা দিতে হয়, তাঁদের প্রস্তুতির পাঠ্যবইয়ে রয়েছে ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার পরিচিতি। দেশটির স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত ‘লাইফ ইন দ্য ইউনাইটেড কিংডম: আ গাইড ফর নিউ রেসিডেন্টস’ বইয়ে যুক্তরাজ্যের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি মুসলিমদের এসব উৎসবের তাৎপর্যও তুলে ধরা হয়েছে।   বইটির ‘কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস’ বা রীতিনীতি ও ঐতিহ্য অধ্যায়ে ঈদুল ফিতরকে পবিত্র রমজান মাসের সমাপ্তির উৎসব হিসেবে বর্ণনা করা হয়েছে। এক মাস রোজা পালনের পর মুসলিমরা এই উৎসব উদ্‌যাপন করেন। এ সময় বিশেষ জামাতে নামাজ আদায় এবং পারিবারিক ও সামাজিকভাবে খাবারের আয়োজন করা হয়। ইসলামি চান্দ্রবর্ষ অনুসরণ করায় প্রতিবছর ভিন্ন ভিন্ন তারিখে ঈদুল ফিতর পালিত হয়।   একই অধ্যায়ে ঈদুল আজহার ধর্মীয় তাৎপর্যও ব্যাখ্যা করা হয়েছে। এই উৎসব হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য এবং তাঁর ছেলেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার ঘটনার স্মরণে পালিত হয়। মুসলিমদের কাছে এটি ত্যাগ, বিশ্বাস ও স্রষ্টার প্রতি আনুগত্যের প্রতীক। বইটিতে ঈদুল ফিতর ও ঈদুল আজহার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উৎসবের পরিচিতিও অন্তর্ভুক্ত করা হয়েছে।   পাঠ্যবইটিতে খ্রিষ্টানদের বড়দিন ও ইস্টার, হিন্দু ও শিখ সম্প্রদায়ের দীপাবলি, ইহুদিদের হানুক্কাহ এবং শিখদের বৈশাখী উৎসব সম্পর্কেও তথ্য রয়েছে। অর্থাৎ, পরীক্ষার প্রস্তুতিতে শুধু একটি ধর্মের উৎসব নয়, বরং যুক্তরাজ্যের বহুধর্মীয় সমাজ ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারণা রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।   যুক্তরাজ্যের সরকারি নির্দেশিকা অনুযায়ী, ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষায় ৪৫ মিনিটে ২৪টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হয়। পাস করতে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হয়। অর্থাৎ, ২৪টি প্রশ্নের মধ্যে অন্তত ১৮টির সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নগুলো পুরো সরকারি নির্দেশিকাভিত্তিক হওয়ায় প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র এক রকম হয় না। ফলে কোনো নির্দিষ্ট পরীক্ষায় ঈদ সম্পর্কে প্রশ্ন আসবেই, এমন নিশ্চয়তা নেই। তবে বিষয়টি পরীক্ষার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।   নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতিতে বিভিন্ন ধর্মের উৎসব অন্তর্ভুক্ত করার বিষয়টি যুক্তরাজ্যের বহুসাংস্কৃতিক সমাজের পরিচয়ও তুলে ধরে। দেশটির নাগরিক জীবনের মৌলিক মূল্যবোধের মধ্যে ভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের প্রতি সহনশীলতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই এসব উৎসব সম্পর্কে জানার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস গ্রহণ করা নয়, বরং দেশটির সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনধারা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা অর্জন করা।   সূত্র: যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট (GOV.UK), হোম অফিসের ‘Life in the United Kingdom: A Guide for New Residents’ হ্যান্ডবুক। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ২০:২৪
তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যুক্ত হয়ে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মুসলিম বিশ্বের মহাকাশ অভিযাত্রায় নতুন অধ্যায়, মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী

প্রশিক্ষণ ফ্লাইটের সময় ফ্রান্সে তৈরি কুগার সিরিজের হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হন পাঁচজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে ন্যাটো বাহিনী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড

শৈশবে বাবার সিদ্ধান্তে প্রায় দশ বছর ছেলের বেশে বেড়ে উঠেছিলেন আফগান নারী নিলোফার আয়ুবি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা

আফগানিস্তানের রাস্তায় খেলতে গিয়ে মাত্র চার বছর বয়সে এক অচেনা ব্যক্তির হাতে হেনস্তার শিকার হয়েছিলেন নিলোফার আইয়ুবি। মাথায় ওড়না না থাকায় ওই ব্যক্তি তাকে চড় মারেন এবং ভবিষ্যতে এমন অবস্থায় দেখলে তার বাবাকে আক্রমণ করার হুমকি দেন। মেয়ের সঙ্গে এমন আচরণের পর কঠিন এক সিদ্ধান্ত নেন তার বাবা। তিনি নিলোফারের চুল কেটে ছেলের পোশাক পরিয়ে দেন। উদ্দেশ্য ছিল, মেয়ে যেন ছেলের পরিচয়ে বাইরে বের হতে পারে এবং ভয় ছাড়াই শৈশব কাটানোর সুযোগ পায়।   বিবিসি নিউজ মুন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিলোফার জানান, এরপর প্রায় ১০ বছর তিনি ছেলের বেশে জীবন কাটিয়েছেন। বাবার সঙ্গে বাজারে যেতেন, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন, সাইকেল চালাতেন এবং জুডো ও কারাতের মতো খেলায় অংশ নিতেন। বাইরে থেকে সবাই তাকে ছেলে হিসেবেই চিনত। অন্যদিকে, তার বোনদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। সামাজিক বিধিনিষেধের কারণে তাদের বেশির ভাগ সময় ঘরের ভেতরেই থাকতে হতো। একই পরিবারের দুই ধরনের শৈশব তাকে ছোটবেলা থেকেই নারী ও পুরুষের স্বাধীনতার পার্থক্য বুঝতে সাহায্য করে।   নিলোফারের বেড়ে ওঠার সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ এলাকায় তালেবানের প্রথম শাসন চলছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকা তালেবান সরকারের সময় নারীদের চলাফেরা, পোশাক ও শিক্ষা নিয়ে কঠোর বিধিনিষেধ ছিল। আফগান সমাজে মেয়েদের ছেলের পোশাক পরিয়ে বড় করার একটি প্রচলিত রীতিও রয়েছে, যার নাম ‘বাচা পোশ’। তবে নিলোফারের ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যের অভাব নয়, বরং মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতেই তার বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন।   প্রায় ১০ বছর ছেলের মতো জীবন কাটানোর পর বয়ঃসন্ধিতে পৌঁছালে নিলোফারকে আবার মেয়ের পরিচয়ে ফিরতে হয়। এতদিন যে স্বাধীনতাকে স্বাভাবিক বলে মনে করেছিলেন, তা হঠাৎ হারিয়ে ফেলা তার জন্য সহজ ছিল না। বিবিসির কাছে তিনি স্মৃতিচারণ করে জানান, ছেলের বেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে এমন অনেক সুযোগ দিয়েছিল, যা মেয়ে হিসেবে বড় হলে হয়তো কখনোই পেতেন না। একই সঙ্গে নিজের বোনদের জীবন কাছ থেকে দেখেও নারী হিসেবে সমাজে চলাফেরার সীমাবদ্ধতা উপলব্ধি করেছিলেন।   পরবর্তী সময়ে নিলোফার ব্যবসা ও নারী অধিকার নিয়ে কাজের সঙ্গে যুক্ত হন। তবে ২০২১ সালের আগস্টে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করলে নিরাপত্তার কারণে তাকে দেশ ছাড়তে হয়। বিবিসির ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, সে সময় তিনি পরিবার নিয়ে পোল্যান্ডে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। শৈশবে বাবার নেওয়া সেই সিদ্ধান্তের কথা স্মরণ করে নিলোফার জানান, তার বাবা তাকে ঘরে আটকে রাখার পরিবর্তে ছেলের বেশে হলেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছিলেন।   সংবাদসূত্র: বিবিসি নিউজ মুন্ডো, বিবিসি আউটলুক। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২১:৫৮
জীবদ্দশায় তিনবার শয়তান ও একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন পোপ ফ্রান্সিস, ডায়েরিতে দাবি। ছবি: সংগৃহীত

তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস! ডায়েরিতে চাঞ্চল্যকর দাবি

ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...