ফ্রান্স থেকে দেশে এসে ভাড়ায় ডাকাতি, কাজ শেষে ইউরোপে ফিরে যান চক্রের লোকেরা
বাংলাদেশে ডাকাতি করতে বিদেশ থেকে বিমানে আসছেন সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা। ডাকাতি শেষে আবার ফিরে যাচ্ছেন ইউরোপে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় এমন একাধিক চক্র সক্রিয় থাকার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে যাত্রী ও ব্যবসায়ীদের গাড়ি থামিয়ে হাতকড়া পরিয়ে তুলে নেওয়া এবং টাকা ও মূল্যবান সামগ্রী লুট করার অভিযোগ রয়েছে এসব চক্রের বিরুদ্ধে।
আরটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরকেন্দ্রিক এসব ডাকাত চক্রের সঙ্গে দেশি ও বিদেশে অবস্থানরত অপরাধীরা জড়িত। কেউ বিদেশ থেকে দেশে এসে ডাকাতিতে অংশ নিচ্ছেন, আবার কেউ দেশের বিভিন্ন জেলা থেকে ভাড়ায় এসে অপরাধ সংঘটিত করছেন। কাজ শেষ হলে দ্রুত এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যাচ্ছেন তাঁরা।
তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আলোচিত অভিযুক্তদের একজন বাগেরহাটের সৈয়দ নাসির উদ্দিন। তিনি ফ্রান্সে বসবাস করেন। অভিযোগ রয়েছে, সেখান থেকে বিমানে ভারতে এসে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতেন তিনি। এরপর শ্যালক শামীমসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ডাকাতিতে অংশ নিতেন। ডাকাতি শেষে একই পথে আবার ফ্রান্সে ফিরে যেতেন।
তবে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি নাসির। রাজধানীর উত্তরায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার হন তিনি।
শুধু বিদেশ থেকে আসা অপরাধীরাই নন, দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী পেশাদার ডাকাতদেরও অর্থের বিনিময়ে কাজে লাগানো হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। তাঁদের কেউ ব্যবসায়ী পরিচয়ে স্বাভাবিক জীবনযাপন করেন, আবার ডাকাতির সুযোগ পেলে সংগঠিত চক্রের সঙ্গে যুক্ত হন।
এমনই একজন পাবনার চাটমোহরের নবীন পূর্বপাড়ার মো. শহিদুল ইসলাম (৪৩)। সিরাজগঞ্জের তাড়াশে ‘মেসার্স কৃষি ভান্ডার’ নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। স্থানীয়ভাবে ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও পুলিশের তথ্য অনুযায়ী, তিনি বিমানবন্দর ও আশপাশের এলাকায় ভাড়ায় ডাকাতিতে জড়িত।
প্রতিবেদনে বলা হয়েছে, ডাকাতির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক, হাতকড়া ও ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করেন শহিদুল ও তাঁর সহযোগীরা। তাঁর বিরুদ্ধে সাভার, সিরাজগঞ্জ ও বগুড়ায় ডাকাতির তিনটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শহিদুলের সঙ্গে আরও ছয় থেকে সাতজনের একটি দল রয়েছে। গত ২৩ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মোহাম্মদ রিয়াজ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় এই চক্রের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। রতন চৌধুরী ওরফে ডালিম নামে এক ব্যক্তি তাঁদের ভাড়া করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
একই ধরনের অপরাধে অভিযুক্ত আরেক ব্যক্তি বরিশালের খানপুরের মো. জলিল মোল্লা। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীর কামরাঙ্গীরচর, ধানমন্ডি ও মিরপুর মডেল থানায় একটি করে এবং টাঙ্গাইলের মির্জাপুর থানায় দুটি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বিমানবন্দর এলাকায় আল আমীন গ্রুপ, শাওন গ্রুপ এবং গোয়েন্দা পুলিশের সাবেক সোর্স শহীদের নেতৃত্বাধীন চক্রসহ কয়েকটি সংঘবদ্ধ দল সক্রিয় রয়েছে। এসব অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী থেকে চাকরিচ্যুত কিছু সদস্যের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, এসব চক্র পাঁচ থেকে দশ লাখ টাকার বিনিময়ে ডাকাতিতে অংশ নেয়। বিশেষ করে বিমানবন্দর দিয়ে চোরাচালানের মাধ্যমে আসা স্বর্ণের বড় চালান লুটের ক্ষেত্রে ভাড়ার অঙ্ক কোটি টাকা পর্যন্ত পৌঁছায়।
বিমানবন্দর এলাকায় সাধারণ যাত্রীরাও এসব অপরাধের শিকার হচ্ছেন। ২০২৪ সালের ৬ এপ্রিল সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কুষ্টিয়ার মো. রাশেদুল ইসলাম। ফ্লাইটের আগে প্রয়োজনীয় কাজ সারতে ওভারসিজ ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য একটি বাসে ওঠেন তিনি।
অভিযোগ অনুযায়ী, বাসটিতে আগে থেকেই যাত্রীবেশে পাঁচ থেকে ছয়জন ডাকাত অবস্থান করছিলেন। বাসের দরজা বন্ধ করে তাঁরা রাশেদুলের চোখ ও মুখ বেঁধে মারধর করেন। এরপর তাঁর সঙ্গে থাকা মালামাল লুট করে এমইএস ফ্লাইওভারসংলগ্ন জসিমউদ্দীন গোলচত্বর এলাকায় নামিয়ে দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইলিয়াস কবির জানিয়েছেন, বিমানবন্দর ও উত্তরা এলাকায় অপরাধ সংঘটনের পর অভিযুক্তরা দ্রুত ঢাকার বাইরে চলে যান। অনেক চেষ্টা করে তাঁদের গ্রেপ্তার করা হলেও অনেকে অল্প সময়ের মধ্যে জামিনে মুক্ত হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন।
তবে পুলিশের নিয়মিত তৎপরতার কারণে বিমানবন্দরকেন্দ্রিক ডাকাতির ঘটনা অনেকাংশে কমেছে বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা।
অন্যদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, বিমানবন্দর ও আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি, টহল এবং অভিযান পরিচালনা করা হচ্ছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, অপরাধীরা অনেক সময় স্থান, সময় ও কৌশল পরিবর্তন করে অপরাধ সংঘটনের চেষ্টা করেন। এসব অপরাধ পুরোপুরি বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত ও ধারাবাহিক অভিযান প্রয়োজন।
বিমানবন্দরকেন্দ্রিক এসব ঘটনায় বিদেশফেরত যাত্রী, বিদেশগামী ব্যক্তি এবং ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ও সরঞ্জাম ব্যবহার করে ডাকাতির অভিযোগ সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব সংঘবদ্ধ চক্রের সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিশ্ব
View moreচীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানের ৪০ বছর বয়সী সাবেক বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে তিনি দুই চীনা নভোচারী তাং হংবো ও উ ইয়ের সঙ্গে স্টেশনে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে জিশান হলেন মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি এবং তিয়াংগংয়ে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতেও বিদেশি নভোচারীর অংশগ্রহণের ক্ষেত্রে এটি প্রথম ঘটনা। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের সাহায্যে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ছয় ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে তিন নভোচারী তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই অবস্থানরত শেনঝৌ-২৩ অভিযানের নভোচারীরা নতুন দলকে স্বাগত জানান। পুরো অভিযানটি চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের মহাকাশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। জিশান আলী এ অভিযানে মহাকাশযানে বহন করা বৈজ্ঞানিক সরঞ্জাম ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি তিয়াংগং স্টেশনে প্রায় ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন বলে জানিয়েছে রয়টার্স। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে দুই চীনা নভোচারীর সঙ্গে পৃথিবীতে ফিরবেন তিনি। অর্থাৎ, চীনা নভোচারীদের নিয়মিত ছয় মাসের অভিযানের অংশ হিসেবে নয়, বরং স্বল্পমেয়াদি যৌথ মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন পাকিস্তানের এই নভোচারী। মহাকাশে অবস্থানকালে তিনি চীন ও পাকিস্তানের যৌথ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। চীনের মানববাহী মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, উপকরণবিজ্ঞান ও জীবপ্রযুক্তি খাতে চারটি যৌথ গবেষণা প্রকল্প পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে মহাকাশযানে ব্যবহৃত স্ব-নিরাময়যোগ্য কার্বন-ফাইবার উপাদানের ক্ষুদ্র ফাটল নিজে থেকে মেরামত করার সক্ষমতা পরীক্ষা। পাশাপাশি আলোকসংশ্লেষণকারী সায়ানোব্যাকটেরিয়া নিয়েও পরীক্ষা চালানো হবে। এসব গবেষণা ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। এই অভিযানের প্রস্তুতি নিতে বেইজিংয়ে টানা সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন জিশান আলী। মহাকাশযান ও স্টেশনের কার্যক্রম পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চীনা ভাষায় যোগাযোগের বিষয়ে তাঁকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযানের আগে সংবাদ সম্মেলনে জিশান বলেন, তাঁর এই মহাকাশযাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো পাকিস্তানের প্রতিনিধিত্ব করার বিষয়। নিজের কাঁধে দেশের নাম ও কোটি মানুষের প্রত্যাশা বহন করছেন বলেও উল্লেখ করেন তিনি। চীন ও পাকিস্তানের মহাকাশ সহযোগিতার আনুষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ওই সময় পাকিস্তানি নভোচারীকে চীনের মহাকাশ স্টেশনে পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের এপ্রিলে পাকিস্তানের দুই বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। তাঁরা দুজনই চীনে প্রশিক্ষণ নেন। শেষ পর্যন্ত শেনঝৌ-২৪ অভিযানের জন্য জিশান আলীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। জিশানের এই অর্জনে পাকিস্তানের সরকারি পর্যায়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক অভিনন্দন বার্তায় বলেন, এটি শুধু একজন নভোচারীর যাত্রা নয়, বরং পাকিস্তানের ২৪ কোটি মানুষের পাশাপাশি দেশটির তরুণ প্রজন্ম, বিজ্ঞানী ও তাঁদের স্বপ্নের যাত্রা। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ উপলক্ষে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শি জিনপিং দুই দেশের নভোচারীদের যৌথ মহাকাশ অভিযানকে দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন। মহাকাশে মুসলিম বিশ্বের অংশগ্রহণ অবশ্য জিশানের মাধ্যমে শুরু হয়নি। এর আগে সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের নভোচারীরাও মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন। ১৯৮৫ সালে সৌদি আরবের প্রিন্স সুলতান বিন সালমান প্রথম মুসলিম নভোচারী হিসেবে মহাকাশে যান। তবে পাকিস্তানের প্রথম মহাকাশযাত্রী এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী হিসেবে জিশান আলীর এই অর্জন দেশটির মহাকাশ গবেষণা ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তথ্যসূত্র: রয়টার্স ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড
আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা
ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিস তাঁর জীবদ্দশায় তিনবার শয়তান এবং একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর ব্যক্তিগত ডায়েরির কিছু অংশে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক বইয়ে ২০২১ সালের একটি লেখায় তিনি শয়তানের তিনটি দর্শনের কথা উল্লেখ করেন। ডায়েরির তথ্যমতে, তিনি প্রথমবার একটি গাড়ির ভেতর থেকে, দ্বিতীয়বার প্রার্থনা চলাকালীন গির্জার গায়কদলের মঞ্চে এবং তৃতীয়বার ভ্যাটিকান কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের সময় শয়তানকে দেখতে পান। একটি অভিজ্ঞতার স্মৃতিচারণ করে পোপ ফ্রান্সিস লিখেছেন, "আমি তাঁর (শয়তানের) কণ্ঠের সেই প্রচণ্ড কর্কশ ভাব ভুলতে পারি না।" শয়তানের ভয়ংকর চোখের বর্ণনা দিয়ে তিনি লেখেন, "সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে ছিল... যা আগের বারের চেয়েও তীব্র ছিল। চোখগুলো ছিল আগুনের ঝলকানির মতো।" বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালীন একটি কার্মেলাইট চ্যাপেলের ভেতরে দ্বিতীয়বার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি। এছাড়া ২০১৮ সালের জুন মাসে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেছেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, "আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, এবং এটি আমাকে ভীত করে তুলেছিল। আমি আত্মরক্ষার অস্ত্র হিসেবে জপমালা (রোজারি) হাতে তুলে নিয়েছিলাম। নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক, কারণ সেখান থেকে আগুনের শিখা ছিটকে এসে পুড়িয়ে দিতে পারে।" ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়েও নিজের অনুশোচনার কথা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। সে সময় এক যাজকের যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক বিশপের পক্ষ নেওয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে পোপ ক্ষমা চান এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন, যেখানে তাঁরা সবাই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালের এক লেখায় তিনি চিলির সেই পরিস্থিতি নিয়ে নিজেকে 'বিধ্বস্ত' বলে উল্লেখ করেন এবং স্বীকার করেন যে বিষয়টি যে এতটা গুরুতর ছিল, তা তিনি শুরুতে বুঝতে পারেননি। ভ্যাটিকানের ডিকাস্ট্রি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথের প্রধান ও ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এই ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি জনসমক্ষে প্রকাশিত হলো। উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন এবং ১২ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সূত্র: বিবিসি 873/ডিএন
ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?
মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান আলী
পর্তুগালে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বিদেশিদের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নতুন সুযোগ চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা এআইএমএ (AIMA)। এখন থেকে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী বিদেশিরা সংস্থাটির অনলাইন যোগাযোগ ফরম ব্যবহার করে স্থায়ী বসবাসের অনুমতির জন্য সরাসরি সাক্ষাতের সময় চেয়ে আবেদন করতে পারবেন। গত ৫ নভেম্বর ২০২৬ থেকে এই নতুন সুবিধা চালু হয়েছে। পর্তুগালে দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাস করছেন, এমন অভিবাসীদের জন্য প্রক্রিয়াটি সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এআইএমএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ব্যবস্থাটি পর্তুগালের অভিবাসন আইন ২৩/২০০৭-এর ৮০ নম্বর ধারার আওতায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য প্রযোজ্য। আবেদন করতে আগ্রহীদের প্রথমে এআইএমএর অনলাইন যোগাযোগ ফরমে প্রবেশ করতে হবে। সেখানে ‘রেসিডেন্স পারমিট’ বিষয়টি নির্বাচন করে ‘স্থায়ী বসবাসের অনুমতি প্রদানের জন্য অ্যাপয়েন্টমেন্টের আবেদন’ উপবিষয়টি বেছে নিতে হবে। তবে এই সুবিধা সবার জন্য নয়। আবেদনকারীকে অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে অস্থায়ী বসবাসের অনুমতিধারী হতে হবে। পাশাপাশি গত পাঁচ বছরে এমন কোনো অপরাধে দণ্ডিত হওয়া যাবে না, যার একক বা সম্মিলিত কারাদণ্ডের মেয়াদ এক বছরের বেশি। আবেদনকারীর পর্যাপ্ত জীবিকা নির্বাহের ব্যবস্থা, আবাসনের নিশ্চয়তা, পর্তুগিজ ভাষার প্রাথমিক জ্ঞান এবং কর ও সামাজিক নিরাপত্তা খাতে নিয়মিত আর্থিক দায় পরিশোধের প্রমাণ থাকতে হবে। আবেদনের সময় দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। প্রথমত, বৈধ বসবাসের অনুমতিপত্রের ডিজিটাল কপি। দ্বিতীয়ত, অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে বৈধভাবে বসবাসের প্রমাণ। আগের বসবাসের অনুমতিপত্র, সামাজিক নিরাপত্তা খাতে চাঁদা জমার বিবরণী অথবা আয়কর রিটার্নের কপি দিয়ে এ প্রমাণ দেওয়া যেতে পারে। এআইএমএ জানিয়েছে, একই উদ্দেশ্যে একাধিক আবেদন করা যাবে না। একটি আবেদন জমা দেওয়ার পর সেটির নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে। আগের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নতুন করে একই আবেদন পাঠালে তা বিবেচনা করা হবে না। নির্ধারিত যোগ্যতা পূরণ না হলে কিংবা আবেদনের উদ্দেশ্য ৮০ নম্বর ধারার আওতায় না পড়লে সেই অনুরোধও গ্রহণ করা হবে না। তবে নতুন এই সুবিধা স্থায়ী বসবাসের অনুমতিপত্র নবায়নের জন্য নয়। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের স্থায়ী বসবাসের সনদ এবং তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের কার্ডের আবেদনও এর আওতায় পড়বে না। এসব সেবা আগের মতোই এআইএমএর রিনিউয়ালস পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, অনলাইনে ফরম জমা দিলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। এটি মূলত সরাসরি সাক্ষাতের সময় পাওয়ার প্রাথমিক ধাপ। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর নির্ধারিত এআইএমএ কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আবেদনপত্র ও অন্যান্য নথি জমা দিতে হবে। এরপর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে স্থায়ী বসবাসের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে। পর্তুগালে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্যও এ পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যাঁরা পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বৈধভাবে দেশটিতে বসবাস করছেন, তাঁরা নিজেদের যোগ্যতা যাচাই করে নতুন অনলাইন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে পারবেন। সংবাদসূত্র: পর্তুগালের অভিবাসন সংস্থা এআইএমএ, লেজিট ডট এনজি।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া
যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানের আদালতের

