বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন হওয়ার পথে জেদ্দা টাওয়ার, বাধা হতে পারে বৈরী আবহাওয়া
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ ভবনের রেকর্ড গড়ার পথে এগিয়ে যাচ্ছে সৌদি আরবের জেদ্দা টাওয়ার। প্রায় এক কিলোমিটার বা ১ হাজার মিটার উচ্চতার এই ভবনটির নির্মাণকাজ ২০২৮ সালের তৃতীয় প্রান্তিকের মধ্যে এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যখন এটি বুর্জ খলিফার বর্তমান উচ্চতা অতিক্রম করবে। নির্মাণকাজের সঙ্গে যুক্ত সৌদি বিনলাদিন গ্রুপের জ্যেষ্ঠ প্রকল্প পরিচালক ইয়ান নরম্যান মিলার নিউজউইককে এ তথ্য জানিয়েছেন। তবে নির্মাণকাজের গতি নির্ভর করছে আবহাওয়া ও বাতাসের পরিস্থিতির ওপর। বিশেষ করে শক্তিশালী এল নিনো পরিস্থিতির কারণে আগামী বছর কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখতে হতে পারে বলে আশঙ্কা করছেন প্রকল্পসংশ্লিষ্টরা।
জেদ্দা শহরে নির্মাণাধীন এই আকাশচুম্বী ভবনের নকশা করেছেন স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ ও গর্ডন গিল। দুজনই অ্যাড্রিয়ান স্মিথ অ্যান্ড গর্ডন গিল আর্কিটেকচারের প্রতিষ্ঠাতা। দুবাইয়ের ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফার নকশা প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অ্যাড্রিয়ান স্মিথের। জেদ্দা টাওয়ার নির্মাণ করছে সৌদি বিনলাদিন গ্রুপ। প্রকল্পটি শেষ হলে ভবনটির উচ্চতা দাঁড়াবে প্রায় ৩ হাজার ২৮১ ফুট। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট। ফলে পরিকল্পনা অনুযায়ী নির্মাণ শেষ হলে জেদ্দা টাওয়ার প্রায় ১৭২ মিটার বেশি উচ্চতা নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়বে।
নিউজউইককে মিলার জানিয়েছেন, নির্মাণকাজের অগ্রগতি নিয়ে তিনি আশাবাদী এবং ২০২৮ সালের মধ্যে ভবনটি সম্পন্ন করার বিষয়ে আত্মবিশ্বাসী। তবে নির্দিষ্ট সময়সূচি নিয়ে সতর্ক থাকার কারণ হিসেবে তিনি এল নিনোর সম্ভাব্য প্রভাবের কথা উল্লেখ করেছেন। তাঁর আশঙ্কা, আগামী বছর শক্তিশালী বাতাসের কারণে নির্মাণকাজ এক বা দুই সপ্তাহের জন্য বন্ধ রাখতে হতে পারে। চলতি বছরের গ্রীষ্মেও বাতাসের কারণে দীর্ঘ সময় নির্মাণের গতি কমিয়ে রাখতে হয়েছিল। আগস্টের মাঝামাঝি বাতাসের পরিস্থিতি অনুকূলে আসার পর কাজ দ্রুত এগিয়েছে এবং আগের সময়ের ঘাটতিও কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানির সঙ্গে সম্পর্কিত একটি প্রাকৃতিক জলবায়ু চক্র, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া, বৃষ্টিপাত ও তাপমাত্রায় পরিবর্তন আনতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের জলবায়ু পূর্বাভাস কেন্দ্র ৮ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শক্তিশালী থেকে অতি শক্তিশালী এল নিনো বজায় থাকার সম্ভাবনা ৮৩ শতাংশের বেশি। তবে এল নিনোর কারণে জেদ্দায় ঠিক কী ধরনের বাতাস বা আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে, তা নিশ্চিত নয়। প্রকল্প পরিচালক মূলত সম্ভাব্য বাতাসজনিত নির্মাণঝুঁকির কথাই তুলে ধরেছেন।
নির্মাণকাজের পরবর্তী বড় লক্ষ্য হলো ভবনটির উচ্চতা ৫০০ মিটারে পৌঁছানো। প্রকল্পসংশ্লিষ্টদের পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বরের শেষ দিকে থ্যাংকসগিভিংয়ের সময় ভবনটি ১২৫ তলা পর্যন্ত পৌঁছে এই মাইলফলক অর্জন করতে পারে। নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভবনটির মূল কাঠামো ১২১ তলায় পৌঁছেছে। এরপর নির্মাণকাজ এগোবে প্রায় ৬৩০ মিটার উচ্চতায় অবস্থিত ‘স্কাই টেরেস’ পর্যন্ত। এটি হবে ভবনের একটি বিশেষ পর্যবেক্ষণ ও দর্শনীয় স্থান, যেখান থেকে চারপাশের বিস্তৃত দৃশ্য দেখা যাবে।
এরপর প্রায় ৭০০ মিটার উচ্চতায় শুরু হবে ভবনের ‘স্কাই র্যাফট’ অংশ। এটি মূলত একটি বিশেষ কংক্রিট কাঠামো, যার পর থেকে ভবনের সরু চূড়ার অংশ নির্মাণ শুরু হবে। প্রকল্পের সঙ্গে যুক্ত স্থপতি পিটার ওয়েইসম্যান্টল জানিয়েছেন, এই উচ্চতায় পৌঁছানোর পর ভবনের কাঠামোগত নকশায় বড় পরিবর্তন আসবে। নিচের অংশের তুলনায় ওপরের অংশ সরু হওয়ায় কংক্রিট ঢালাইয়ের পরিমাণ কমবে। তবে নির্মাণপদ্ধতি পরিবর্তন এবং কাঠামোগত জটিলতার কারণে কাজের চ্যালেঞ্জ বাড়তে পারে। কাঠামোগত প্রকৌশলী জন পেরোন্টোর মতে, বুর্জ খলিফার উচ্চতা অতিক্রমের সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা এখনো কঠিন, কারণ সামনে স্কাই টেরেস নির্মাণসহ বেশ কিছু জটিল কাজ বাকি রয়েছে।
জেদ্দা টাওয়ারকে ঘিরে সৌদি আরবের পরিকল্পনা শুধু একটি বিশ্বের সর্বোচ্চ ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি পাঁচ মিলিয়ন বর্গমিটারেরও বেশি জায়গাজুড়ে গড়ে ওঠা জেদ্দা ইকোনমিক সিটির কেন্দ্রীয় স্থাপনা হিসেবে তৈরি হচ্ছে। প্রকল্পের প্রথম পর্যায়েই ১১২টির বেশি টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেদ্দা ইকোনমিক কোম্পানির প্রধান উন্নয়ন কর্মকর্তা ফুয়াদ মাখলুফ। ভবনটির পাশাপাশি পানির ফোয়ারা, দোকানপাট, হোটেল, বিনোদনকেন্দ্র ও পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা গড়ে তোলার কাজও পরিকল্পনায় রয়েছে।
সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবেও জেদ্দা টাওয়ারকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। তেলের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটন, ব্যবসা, প্রযুক্তি ও অন্যান্য খাত সম্প্রসারণের যে পরিকল্পনা দেশটি নিয়েছে, এই প্রকল্প তার দৃশ্যমান প্রতীক হয়ে উঠতে পারে। ২০৩০ সালে রিয়াদে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড এক্সপোর আগেই জেদ্দা ইকোনমিক সিটির বিভিন্ন উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে। প্রকল্প পরিচালক মিলারের মতে, জেদ্দা টাওয়ারের পাশাপাশি পুরো শহরকে পর্যটন ও আন্তর্জাতিক বিনিয়োগের উপযোগী করে গড়ে তোলাই মূল উদ্দেশ্য। তাঁর আশা, এই ভবন সৌদি আরবের প্রকৌশল ও নির্মাণ সক্ষমতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে এবং আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জেদ্দার অবস্থান আরও শক্তিশালী করবে।
সংবাদসূত্র: নিউজউইক, যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (নোয়া)।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিশ্ব
View moreচীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানের ৪০ বছর বয়সী সাবেক বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে তিনি দুই চীনা নভোচারী তাং হংবো ও উ ইয়ের সঙ্গে স্টেশনে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে জিশান হলেন মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি এবং তিয়াংগংয়ে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতেও বিদেশি নভোচারীর অংশগ্রহণের ক্ষেত্রে এটি প্রথম ঘটনা। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের সাহায্যে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ছয় ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে তিন নভোচারী তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই অবস্থানরত শেনঝৌ-২৩ অভিযানের নভোচারীরা নতুন দলকে স্বাগত জানান। পুরো অভিযানটি চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের মহাকাশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। জিশান আলী এ অভিযানে মহাকাশযানে বহন করা বৈজ্ঞানিক সরঞ্জাম ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি তিয়াংগং স্টেশনে প্রায় ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন বলে জানিয়েছে রয়টার্স। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে দুই চীনা নভোচারীর সঙ্গে পৃথিবীতে ফিরবেন তিনি। অর্থাৎ, চীনা নভোচারীদের নিয়মিত ছয় মাসের অভিযানের অংশ হিসেবে নয়, বরং স্বল্পমেয়াদি যৌথ মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন পাকিস্তানের এই নভোচারী। মহাকাশে অবস্থানকালে তিনি চীন ও পাকিস্তানের যৌথ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। চীনের মানববাহী মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, উপকরণবিজ্ঞান ও জীবপ্রযুক্তি খাতে চারটি যৌথ গবেষণা প্রকল্প পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে মহাকাশযানে ব্যবহৃত স্ব-নিরাময়যোগ্য কার্বন-ফাইবার উপাদানের ক্ষুদ্র ফাটল নিজে থেকে মেরামত করার সক্ষমতা পরীক্ষা। পাশাপাশি আলোকসংশ্লেষণকারী সায়ানোব্যাকটেরিয়া নিয়েও পরীক্ষা চালানো হবে। এসব গবেষণা ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। এই অভিযানের প্রস্তুতি নিতে বেইজিংয়ে টানা সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন জিশান আলী। মহাকাশযান ও স্টেশনের কার্যক্রম পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চীনা ভাষায় যোগাযোগের বিষয়ে তাঁকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযানের আগে সংবাদ সম্মেলনে জিশান বলেন, তাঁর এই মহাকাশযাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো পাকিস্তানের প্রতিনিধিত্ব করার বিষয়। নিজের কাঁধে দেশের নাম ও কোটি মানুষের প্রত্যাশা বহন করছেন বলেও উল্লেখ করেন তিনি। চীন ও পাকিস্তানের মহাকাশ সহযোগিতার আনুষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ওই সময় পাকিস্তানি নভোচারীকে চীনের মহাকাশ স্টেশনে পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের এপ্রিলে পাকিস্তানের দুই বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। তাঁরা দুজনই চীনে প্রশিক্ষণ নেন। শেষ পর্যন্ত শেনঝৌ-২৪ অভিযানের জন্য জিশান আলীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। জিশানের এই অর্জনে পাকিস্তানের সরকারি পর্যায়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক অভিনন্দন বার্তায় বলেন, এটি শুধু একজন নভোচারীর যাত্রা নয়, বরং পাকিস্তানের ২৪ কোটি মানুষের পাশাপাশি দেশটির তরুণ প্রজন্ম, বিজ্ঞানী ও তাঁদের স্বপ্নের যাত্রা। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ উপলক্ষে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শি জিনপিং দুই দেশের নভোচারীদের যৌথ মহাকাশ অভিযানকে দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন। মহাকাশে মুসলিম বিশ্বের অংশগ্রহণ অবশ্য জিশানের মাধ্যমে শুরু হয়নি। এর আগে সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের নভোচারীরাও মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন। ১৯৮৫ সালে সৌদি আরবের প্রিন্স সুলতান বিন সালমান প্রথম মুসলিম নভোচারী হিসেবে মহাকাশে যান। তবে পাকিস্তানের প্রথম মহাকাশযাত্রী এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী হিসেবে জিশান আলীর এই অর্জন দেশটির মহাকাশ গবেষণা ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তথ্যসূত্র: রয়টার্স ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড
আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা
ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিস তাঁর জীবদ্দশায় তিনবার শয়তান এবং একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর ব্যক্তিগত ডায়েরির কিছু অংশে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক বইয়ে ২০২১ সালের একটি লেখায় তিনি শয়তানের তিনটি দর্শনের কথা উল্লেখ করেন। ডায়েরির তথ্যমতে, তিনি প্রথমবার একটি গাড়ির ভেতর থেকে, দ্বিতীয়বার প্রার্থনা চলাকালীন গির্জার গায়কদলের মঞ্চে এবং তৃতীয়বার ভ্যাটিকান কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের সময় শয়তানকে দেখতে পান। একটি অভিজ্ঞতার স্মৃতিচারণ করে পোপ ফ্রান্সিস লিখেছেন, "আমি তাঁর (শয়তানের) কণ্ঠের সেই প্রচণ্ড কর্কশ ভাব ভুলতে পারি না।" শয়তানের ভয়ংকর চোখের বর্ণনা দিয়ে তিনি লেখেন, "সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে ছিল... যা আগের বারের চেয়েও তীব্র ছিল। চোখগুলো ছিল আগুনের ঝলকানির মতো।" বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালীন একটি কার্মেলাইট চ্যাপেলের ভেতরে দ্বিতীয়বার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি। এছাড়া ২০১৮ সালের জুন মাসে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেছেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, "আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, এবং এটি আমাকে ভীত করে তুলেছিল। আমি আত্মরক্ষার অস্ত্র হিসেবে জপমালা (রোজারি) হাতে তুলে নিয়েছিলাম। নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক, কারণ সেখান থেকে আগুনের শিখা ছিটকে এসে পুড়িয়ে দিতে পারে।" ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়েও নিজের অনুশোচনার কথা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। সে সময় এক যাজকের যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক বিশপের পক্ষ নেওয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে পোপ ক্ষমা চান এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন, যেখানে তাঁরা সবাই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালের এক লেখায় তিনি চিলির সেই পরিস্থিতি নিয়ে নিজেকে 'বিধ্বস্ত' বলে উল্লেখ করেন এবং স্বীকার করেন যে বিষয়টি যে এতটা গুরুতর ছিল, তা তিনি শুরুতে বুঝতে পারেননি। ভ্যাটিকানের ডিকাস্ট্রি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথের প্রধান ও ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এই ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি জনসমক্ষে প্রকাশিত হলো। উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন এবং ১২ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সূত্র: বিবিসি 873/ডিএন
ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?
মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান আলী
পর্তুগালে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বিদেশিদের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নতুন সুযোগ চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা এআইএমএ (AIMA)। এখন থেকে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী বিদেশিরা সংস্থাটির অনলাইন যোগাযোগ ফরম ব্যবহার করে স্থায়ী বসবাসের অনুমতির জন্য সরাসরি সাক্ষাতের সময় চেয়ে আবেদন করতে পারবেন। গত ৫ নভেম্বর ২০২৬ থেকে এই নতুন সুবিধা চালু হয়েছে। পর্তুগালে দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাস করছেন, এমন অভিবাসীদের জন্য প্রক্রিয়াটি সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এআইএমএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ব্যবস্থাটি পর্তুগালের অভিবাসন আইন ২৩/২০০৭-এর ৮০ নম্বর ধারার আওতায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য প্রযোজ্য। আবেদন করতে আগ্রহীদের প্রথমে এআইএমএর অনলাইন যোগাযোগ ফরমে প্রবেশ করতে হবে। সেখানে ‘রেসিডেন্স পারমিট’ বিষয়টি নির্বাচন করে ‘স্থায়ী বসবাসের অনুমতি প্রদানের জন্য অ্যাপয়েন্টমেন্টের আবেদন’ উপবিষয়টি বেছে নিতে হবে। তবে এই সুবিধা সবার জন্য নয়। আবেদনকারীকে অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে অস্থায়ী বসবাসের অনুমতিধারী হতে হবে। পাশাপাশি গত পাঁচ বছরে এমন কোনো অপরাধে দণ্ডিত হওয়া যাবে না, যার একক বা সম্মিলিত কারাদণ্ডের মেয়াদ এক বছরের বেশি। আবেদনকারীর পর্যাপ্ত জীবিকা নির্বাহের ব্যবস্থা, আবাসনের নিশ্চয়তা, পর্তুগিজ ভাষার প্রাথমিক জ্ঞান এবং কর ও সামাজিক নিরাপত্তা খাতে নিয়মিত আর্থিক দায় পরিশোধের প্রমাণ থাকতে হবে। আবেদনের সময় দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। প্রথমত, বৈধ বসবাসের অনুমতিপত্রের ডিজিটাল কপি। দ্বিতীয়ত, অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে বৈধভাবে বসবাসের প্রমাণ। আগের বসবাসের অনুমতিপত্র, সামাজিক নিরাপত্তা খাতে চাঁদা জমার বিবরণী অথবা আয়কর রিটার্নের কপি দিয়ে এ প্রমাণ দেওয়া যেতে পারে। এআইএমএ জানিয়েছে, একই উদ্দেশ্যে একাধিক আবেদন করা যাবে না। একটি আবেদন জমা দেওয়ার পর সেটির নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে। আগের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নতুন করে একই আবেদন পাঠালে তা বিবেচনা করা হবে না। নির্ধারিত যোগ্যতা পূরণ না হলে কিংবা আবেদনের উদ্দেশ্য ৮০ নম্বর ধারার আওতায় না পড়লে সেই অনুরোধও গ্রহণ করা হবে না। তবে নতুন এই সুবিধা স্থায়ী বসবাসের অনুমতিপত্র নবায়নের জন্য নয়। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের স্থায়ী বসবাসের সনদ এবং তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের কার্ডের আবেদনও এর আওতায় পড়বে না। এসব সেবা আগের মতোই এআইএমএর রিনিউয়ালস পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, অনলাইনে ফরম জমা দিলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। এটি মূলত সরাসরি সাক্ষাতের সময় পাওয়ার প্রাথমিক ধাপ। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর নির্ধারিত এআইএমএ কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আবেদনপত্র ও অন্যান্য নথি জমা দিতে হবে। এরপর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে স্থায়ী বসবাসের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে। পর্তুগালে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্যও এ পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যাঁরা পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বৈধভাবে দেশটিতে বসবাস করছেন, তাঁরা নিজেদের যোগ্যতা যাচাই করে নতুন অনলাইন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে পারবেন। সংবাদসূত্র: পর্তুগালের অভিবাসন সংস্থা এআইএমএ, লেজিট ডট এনজি।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া
যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানের আদালতের

