তিন পরাশক্তির বৈঠক: যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন ট্রাম্প, সি ও পুতিন
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেন শহরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ট্রাম্পের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের মতে, এই ঐতিহাসিক বৈঠকে মূলত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিষয়টি প্রাধান্য পাবে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা এবং ওয়াশিংটন-বেইজিং বাণিজ্যিক উত্তেজনার মতো বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, বৈঠকে ট্রাম্পের পক্ষ থেকে চমকপ্রদ সব বক্তব্য এবং আকর্ষণীয় কিছু ফটোসেশন দেখা যেতে পারে। তবে এই তিন নেতা এককভাবে বা যৌথভাবে ইরান কিংবা ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারবেন না বলেই মনে করেন তিনি।
আলোচনার মূল বিষয়বস্তু:
নতুন পারমাণবিক চুক্তি:গত ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়া ‘নিউ স্টার্ট’ (New START) চুক্তিটি ওয়াশিংটন ও মস্কোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের সীমা নির্ধারিত ছিল। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার কাছে, এরপরই যুক্তরাষ্ট্রের অবস্থান; আর চীন দ্রুত তাদের পারমাণবিক ভান্ডার সমৃদ্ধ করছে।
ট্রাম্প চুক্তিটির মেয়াদ বাড়ানোর রুশ প্রস্তাব নাকচ করে চীনকে অন্তর্ভুক্ত করে একটি ‘নতুন ও আধুনিক’ চুক্তির দাবি জানিয়েছেন। তবে চীন এই প্রক্রিয়ায় যুক্ত হতে আগ্রহী নয়। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও তাৎক্ষণিক কোনো চুক্তির সম্ভাবনা নেই।
ইরান যুদ্ধ ও জ্বালানি সংকট:
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ নিয়েও তিন নেতা আলোচনা করবেন বলে জানা গেছে। বর্তমানে পূর্ণমাত্রার হামলা বন্ধ থাকলেও সংঘাতটি অচলাবস্থায় রয়েছে। ১০০ দিনেরও বেশি সময় ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম অস্থিতিশীল হয়ে পড়েছে। যুদ্ধের আগে চীনের মোট অপরিশোধিত তেলের এক-তৃতীয়াংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। এছাড়া যুদ্ধের কারণে চীনা পণ্যের রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, জ্বালানির উচ্চমূল্য এবং ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে রাশিয়া আর্থিকভাবে লাভবান হচ্ছে।
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য লড়াই:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনাকারী মাইক্রোচিপের নিয়ন্ত্রণ এবং বাণিজ্য শুল্ক নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন চলছে। গত বছর ট্রাম্প চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করলে পাল্টা পদক্ষেপ হিসেবে চীন মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসায়। পাশাপাশি চিপ তৈরিতে ব্যবহৃত বিরল খনিজ পদার্থ রপ্তানিতে চীনের কড়াকড়ি উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।
পরবর্তীতে দক্ষিণ কোরিয়া ও ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠকের পর শুল্ক কিছুটা কমানো হলেও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার (Nvidia) সাম্প্রতিক কেলেঙ্কারি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ওপর নজরদারি করছিল—যদিও বেইজিং তা অস্বীকার করেছে।
ইউক্রেন যুদ্ধ:
মার্কিন কর্মকর্তাদের মতে, এই ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলবেন না বলেই ধারণা করা হচ্ছে। চীনও এই যুদ্ধকে ইউরোপের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার বর্তমানে রাশিয়া ও ইউক্রেন সফর করে পৃথক শান্তি আলোচনার চেষ্টা চালাচ্ছেন।
যেহেতু চীন ওই প্রক্রিয়ার অংশ নয়, তাই এই বৈঠকে ইউক্রেন প্রসঙ্গ তোলা সমীচীন মনে করছে না যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধে অনাগ্রহী বলে অভিযুক্ত করেছেন এবং রুশ তেল স্থাপনায় ইউক্রেনীয় হামলার কারণে ডিজেলের দাম বাড়ছে বলে দাবি করেছেন। একই সময়ে তিনি মস্কোর ওপর থেকে তেলের নিষেধাজ্ঞা তুলে নিয়ে রুশ ডিজেল বিশ্ববাজারে প্রবেশের সুযোগ করে দিয়েছেন।
তিন দেশের প্রত্যাশা ও কৌশল:
রাশিয়া:
মস্কোভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ব্রাটারস্কি আল-জাজিরাকে জানান, ইউক্রেন ইস্যুকে পাশ কাটিয়ে বিশ্বমঞ্চে নিজের শক্তিমত্তা প্রদর্শনের জন্য এটি পুতিনের জন্য বড় সুযোগ। এর মাধ্যমে তিনি দেশের অভ্যন্তরে বার্তা দিতে পারবেন যে, ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নির্ধারণে রাশিয়া এখনো অন্যতম প্রধান শক্তি।
চীন:
নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিং ইরান যুদ্ধের দ্রুত সমাধান চায়। পাশাপাশি নিজেদের অজান্তে তৈরি কোনো ত্রিপক্ষীয় পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে জড়াতে চায় না চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে চীনকে এই আলোচনায় টেনে আনা ‘ন্যায্য বা বাস্তবসম্মত নয়’।
যুক্তরাষ্ট্র:
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে চীন ও রাশিয়াকে এক টেবিলে আনাই ট্রাম্পের মূল লক্ষ্য। বিশ্লেষকদের মতে, গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর ট্রাম্প অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা চাপে রয়েছেন। তাই সি ও পুতিনের মতো নেতাদের সঙ্গে বসে তিনি নিজেকে একজন প্রভাবশালী বিশ্বনেতা হিসেবে তুলে ধরতে চাইছেন।
নতুন কোনো ‘ইয়াল্টা সম্মেলন’-এর সূচনা?রুশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান পিয়োতর তলস্তয় এই বৈঠককে ১৯৪৫ সালের ঐতিহাসিক ‘ইয়াল্টা সম্মেলন’-এর সঙ্গে তুলনা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই সম্মেলনে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতারা মিলে নতুন বিশ্বব্যবস্থার রূপরেখা তৈরি করেছিলেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই ত্রিপক্ষীয় বৈঠককে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বললেও স্পষ্ট জানিয়েছেন যে, এই বৈঠকে গৃহীত কোনো সিদ্ধান্ত অন্য কোনো দেশের ওপর চাপিয়ে দেওয়া হবে না।
সূত্র: আল-জাজিরা
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিশ্ব
View moreচীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানের ৪০ বছর বয়সী সাবেক বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে তিনি দুই চীনা নভোচারী তাং হংবো ও উ ইয়ের সঙ্গে স্টেশনে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে জিশান হলেন মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি এবং তিয়াংগংয়ে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতেও বিদেশি নভোচারীর অংশগ্রহণের ক্ষেত্রে এটি প্রথম ঘটনা। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের সাহায্যে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ছয় ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে তিন নভোচারী তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই অবস্থানরত শেনঝৌ-২৩ অভিযানের নভোচারীরা নতুন দলকে স্বাগত জানান। পুরো অভিযানটি চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের মহাকাশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। জিশান আলী এ অভিযানে মহাকাশযানে বহন করা বৈজ্ঞানিক সরঞ্জাম ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি তিয়াংগং স্টেশনে প্রায় ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন বলে জানিয়েছে রয়টার্স। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে দুই চীনা নভোচারীর সঙ্গে পৃথিবীতে ফিরবেন তিনি। অর্থাৎ, চীনা নভোচারীদের নিয়মিত ছয় মাসের অভিযানের অংশ হিসেবে নয়, বরং স্বল্পমেয়াদি যৌথ মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন পাকিস্তানের এই নভোচারী। মহাকাশে অবস্থানকালে তিনি চীন ও পাকিস্তানের যৌথ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। চীনের মানববাহী মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, উপকরণবিজ্ঞান ও জীবপ্রযুক্তি খাতে চারটি যৌথ গবেষণা প্রকল্প পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে মহাকাশযানে ব্যবহৃত স্ব-নিরাময়যোগ্য কার্বন-ফাইবার উপাদানের ক্ষুদ্র ফাটল নিজে থেকে মেরামত করার সক্ষমতা পরীক্ষা। পাশাপাশি আলোকসংশ্লেষণকারী সায়ানোব্যাকটেরিয়া নিয়েও পরীক্ষা চালানো হবে। এসব গবেষণা ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। এই অভিযানের প্রস্তুতি নিতে বেইজিংয়ে টানা সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন জিশান আলী। মহাকাশযান ও স্টেশনের কার্যক্রম পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চীনা ভাষায় যোগাযোগের বিষয়ে তাঁকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযানের আগে সংবাদ সম্মেলনে জিশান বলেন, তাঁর এই মহাকাশযাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো পাকিস্তানের প্রতিনিধিত্ব করার বিষয়। নিজের কাঁধে দেশের নাম ও কোটি মানুষের প্রত্যাশা বহন করছেন বলেও উল্লেখ করেন তিনি। চীন ও পাকিস্তানের মহাকাশ সহযোগিতার আনুষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ওই সময় পাকিস্তানি নভোচারীকে চীনের মহাকাশ স্টেশনে পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের এপ্রিলে পাকিস্তানের দুই বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। তাঁরা দুজনই চীনে প্রশিক্ষণ নেন। শেষ পর্যন্ত শেনঝৌ-২৪ অভিযানের জন্য জিশান আলীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। জিশানের এই অর্জনে পাকিস্তানের সরকারি পর্যায়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক অভিনন্দন বার্তায় বলেন, এটি শুধু একজন নভোচারীর যাত্রা নয়, বরং পাকিস্তানের ২৪ কোটি মানুষের পাশাপাশি দেশটির তরুণ প্রজন্ম, বিজ্ঞানী ও তাঁদের স্বপ্নের যাত্রা। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ উপলক্ষে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শি জিনপিং দুই দেশের নভোচারীদের যৌথ মহাকাশ অভিযানকে দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন। মহাকাশে মুসলিম বিশ্বের অংশগ্রহণ অবশ্য জিশানের মাধ্যমে শুরু হয়নি। এর আগে সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের নভোচারীরাও মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন। ১৯৮৫ সালে সৌদি আরবের প্রিন্স সুলতান বিন সালমান প্রথম মুসলিম নভোচারী হিসেবে মহাকাশে যান। তবে পাকিস্তানের প্রথম মহাকাশযাত্রী এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী হিসেবে জিশান আলীর এই অর্জন দেশটির মহাকাশ গবেষণা ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তথ্যসূত্র: রয়টার্স ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড
আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা
ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিস তাঁর জীবদ্দশায় তিনবার শয়তান এবং একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর ব্যক্তিগত ডায়েরির কিছু অংশে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক বইয়ে ২০২১ সালের একটি লেখায় তিনি শয়তানের তিনটি দর্শনের কথা উল্লেখ করেন। ডায়েরির তথ্যমতে, তিনি প্রথমবার একটি গাড়ির ভেতর থেকে, দ্বিতীয়বার প্রার্থনা চলাকালীন গির্জার গায়কদলের মঞ্চে এবং তৃতীয়বার ভ্যাটিকান কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের সময় শয়তানকে দেখতে পান। একটি অভিজ্ঞতার স্মৃতিচারণ করে পোপ ফ্রান্সিস লিখেছেন, "আমি তাঁর (শয়তানের) কণ্ঠের সেই প্রচণ্ড কর্কশ ভাব ভুলতে পারি না।" শয়তানের ভয়ংকর চোখের বর্ণনা দিয়ে তিনি লেখেন, "সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে ছিল... যা আগের বারের চেয়েও তীব্র ছিল। চোখগুলো ছিল আগুনের ঝলকানির মতো।" বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালীন একটি কার্মেলাইট চ্যাপেলের ভেতরে দ্বিতীয়বার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি। এছাড়া ২০১৮ সালের জুন মাসে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেছেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, "আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, এবং এটি আমাকে ভীত করে তুলেছিল। আমি আত্মরক্ষার অস্ত্র হিসেবে জপমালা (রোজারি) হাতে তুলে নিয়েছিলাম। নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক, কারণ সেখান থেকে আগুনের শিখা ছিটকে এসে পুড়িয়ে দিতে পারে।" ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়েও নিজের অনুশোচনার কথা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। সে সময় এক যাজকের যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক বিশপের পক্ষ নেওয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে পোপ ক্ষমা চান এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন, যেখানে তাঁরা সবাই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালের এক লেখায় তিনি চিলির সেই পরিস্থিতি নিয়ে নিজেকে 'বিধ্বস্ত' বলে উল্লেখ করেন এবং স্বীকার করেন যে বিষয়টি যে এতটা গুরুতর ছিল, তা তিনি শুরুতে বুঝতে পারেননি। ভ্যাটিকানের ডিকাস্ট্রি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথের প্রধান ও ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এই ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি জনসমক্ষে প্রকাশিত হলো। উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন এবং ১২ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সূত্র: বিবিসি 873/ডিএন
ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?
মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান আলী
পর্তুগালে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বিদেশিদের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নতুন সুযোগ চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা এআইএমএ (AIMA)। এখন থেকে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী বিদেশিরা সংস্থাটির অনলাইন যোগাযোগ ফরম ব্যবহার করে স্থায়ী বসবাসের অনুমতির জন্য সরাসরি সাক্ষাতের সময় চেয়ে আবেদন করতে পারবেন। গত ৫ নভেম্বর ২০২৬ থেকে এই নতুন সুবিধা চালু হয়েছে। পর্তুগালে দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাস করছেন, এমন অভিবাসীদের জন্য প্রক্রিয়াটি সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এআইএমএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ব্যবস্থাটি পর্তুগালের অভিবাসন আইন ২৩/২০০৭-এর ৮০ নম্বর ধারার আওতায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য প্রযোজ্য। আবেদন করতে আগ্রহীদের প্রথমে এআইএমএর অনলাইন যোগাযোগ ফরমে প্রবেশ করতে হবে। সেখানে ‘রেসিডেন্স পারমিট’ বিষয়টি নির্বাচন করে ‘স্থায়ী বসবাসের অনুমতি প্রদানের জন্য অ্যাপয়েন্টমেন্টের আবেদন’ উপবিষয়টি বেছে নিতে হবে। তবে এই সুবিধা সবার জন্য নয়। আবেদনকারীকে অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে অস্থায়ী বসবাসের অনুমতিধারী হতে হবে। পাশাপাশি গত পাঁচ বছরে এমন কোনো অপরাধে দণ্ডিত হওয়া যাবে না, যার একক বা সম্মিলিত কারাদণ্ডের মেয়াদ এক বছরের বেশি। আবেদনকারীর পর্যাপ্ত জীবিকা নির্বাহের ব্যবস্থা, আবাসনের নিশ্চয়তা, পর্তুগিজ ভাষার প্রাথমিক জ্ঞান এবং কর ও সামাজিক নিরাপত্তা খাতে নিয়মিত আর্থিক দায় পরিশোধের প্রমাণ থাকতে হবে। আবেদনের সময় দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। প্রথমত, বৈধ বসবাসের অনুমতিপত্রের ডিজিটাল কপি। দ্বিতীয়ত, অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে বৈধভাবে বসবাসের প্রমাণ। আগের বসবাসের অনুমতিপত্র, সামাজিক নিরাপত্তা খাতে চাঁদা জমার বিবরণী অথবা আয়কর রিটার্নের কপি দিয়ে এ প্রমাণ দেওয়া যেতে পারে। এআইএমএ জানিয়েছে, একই উদ্দেশ্যে একাধিক আবেদন করা যাবে না। একটি আবেদন জমা দেওয়ার পর সেটির নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে। আগের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নতুন করে একই আবেদন পাঠালে তা বিবেচনা করা হবে না। নির্ধারিত যোগ্যতা পূরণ না হলে কিংবা আবেদনের উদ্দেশ্য ৮০ নম্বর ধারার আওতায় না পড়লে সেই অনুরোধও গ্রহণ করা হবে না। তবে নতুন এই সুবিধা স্থায়ী বসবাসের অনুমতিপত্র নবায়নের জন্য নয়। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের স্থায়ী বসবাসের সনদ এবং তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের কার্ডের আবেদনও এর আওতায় পড়বে না। এসব সেবা আগের মতোই এআইএমএর রিনিউয়ালস পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, অনলাইনে ফরম জমা দিলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। এটি মূলত সরাসরি সাক্ষাতের সময় পাওয়ার প্রাথমিক ধাপ। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর নির্ধারিত এআইএমএ কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আবেদনপত্র ও অন্যান্য নথি জমা দিতে হবে। এরপর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে স্থায়ী বসবাসের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে। পর্তুগালে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্যও এ পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যাঁরা পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বৈধভাবে দেশটিতে বসবাস করছেন, তাঁরা নিজেদের যোগ্যতা যাচাই করে নতুন অনলাইন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে পারবেন। সংবাদসূত্র: পর্তুগালের অভিবাসন সংস্থা এআইএমএ, লেজিট ডট এনজি।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া
যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানের আদালতের

