ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এই চুক্তির আওতায় ইসরায়েল ও ইতালি একে অপরের সঙ্গে সামরিক সরঞ্জাম, উন্নত অস্ত্রশস্ত্র এবং প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণার তথ্য আদান-প্রদান করত। প্রধানমন্ত্রী মেলোনির এই ঘোষণার ফলে দুই দেশের সামরিক সহযোগিতায় বড় ধরনের ছেদ পড়ল। ইতালির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনসার প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, "বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।" বিশ্লেষকরা মনে করছেন, গাজায় মানবিক বিপর্যয় এবং সম্প্রতি ইরানের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এর আগে স্পেনও ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল। ইতালির এই পদক্ষেপ ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৬ বিশ্বকাপ ফুটবল শুরুর প্রহর যখন ঘনিয়ে আসছে, ঠিক তখনই এক নাটকীয় মোড় নিতে পারে বিশ্বমঞ্চের সমীকরণ। রাজনৈতিক অস্থিরতা ও সামরিক উত্তেজনার কারণে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে। আর এই সুযোগে কপাল খুলতে পারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। টানা দুইবার বিশ্বকাপে সুযোগ না পাওয়া আজ্জুরিদের জন্য এটি হতে পারে এক অভাবনীয় প্রত্যাবর্তন। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাতের কারণে ফিফার ওপর চাপ বাড়ছে ইরানকে এই আসর থেকে সরিয়ে দেওয়ার জন্য। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, তারা ইরানকে খেলায় দেখতে চান, তবুও পর্দার আড়ালে বিকল্প পরিকল্পনা নিয়ে গুঞ্জন থামছে না। ইতালীয় ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি বিষয়টিকে 'খুবই ক্ষীণ সম্ভাবনা' বলে অভিহিত করলেও ফুটবল বিশ্বে গুঞ্জন রয়েছে যে, ইরান বাদ পড়লে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ইতালিকেই মূল আসরে জায়গা দেওয়া হতে পারে। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরান বাদ পড়লে সেই জায়গায় এশিয়ার অন্য কোনো দল—যেমন ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের সুযোগ পাওয়ার কথা। ইতালির সমর্থকরা যেখানে টানা ১২ বছর বিশ্বকাপের স্বাদ না পেয়ে হতাশায় ডুবে আছে, সেখানে এই খবরটি তাদের মনে নতুন আশার আলো দেখাচ্ছে। শেষ পর্যন্ত ফিফা কি নিয়মের বেড়াজালে এশিয়ার কোনো দেশকেই বেছে নেবে, নাকি বানিজ্যিক ও ফুটবলীয় গুরুত্ব বিবেচনায় ইতালিকে ফেরানো হবে বিশ্বমঞ্চে—তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
বিশ্বকাপ বাছাইপর্বের নাটকীয় লড়াইয়ে ইতালিকে হারিয়ে মূল আসরে জায়গা করে নিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। তবে এই ঐতিহাসিক জয়ের নায়ক হিসেবে মাঠের ফুটবলারদের পাশাপাশি এখন একজনের নাম পুরো বলকান রাষ্ট্রজুড়ে মুখে মুখে ফিরছে— তিনি হলেন ১৪ বছর বয়সী এক ‘বল বয়’, আফান সিজমিক। ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মার পেনাল্টি শ্যুটআউটের গোপন নোট সরিয়ে ফেলে এখন বসনিয়ার জাতীয় বীরে পরিণত হয়েছেন এই কিশোর। ঠিক কী ঘটেছিল সেই রাতে? গত ৩১ মার্চ জেনিৎসার বিলিনো পোলজে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইতালি ও বসনিয়া। ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার এই বাঁচা-মরার লড়াই গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শ্যুটআউটের ঠিক আগে ডোনারুম্মা একটি কাগজে লেখা নোট বারবার পড়ছিলেন এবং সেটি তার তোয়ালের নিচে লুকিয়ে রাখছিলেন। ওই কাগজে বসনিয়ার পেনাল্টি শ্যুটারদের শট নেওয়ার ধরন ও দিক সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। মাঠের পাশেই অবস্থান করা বল বয় আফান সিজমিক বিষয়টি লক্ষ্য করেন। ডোনারুম্মা যখন পোস্টের দিকে এগিয়ে যান, আফান ক্ষিপ্র গতিতে এসে তোয়ালের নিচ থেকে সেই নোটটি তুলে নিয়ে দৌড়ে দূরে সরে যান। পরবর্তীতে শ্যুটআউট শুরু হলে ডোনারুম্মা তার নোটটি খুঁজে না পেয়ে মেজাজ হারিয়ে ফেলেন। এমনকি তিনি প্রতিপক্ষ বসনিয়ান গোলরক্ষক নিকোলা ভাসিলজের নোট কেড়ে নেওয়ারও চেষ্টা করেন। ডোনারুম্মার এই অস্থিরতার সুযোগ পুরোদমে কাজে লাগায় বসনিয়া। চারটির মধ্যে একটি পেনাল্টিও সেভ করতে পারেননি ডোনারুম্মা, অন্যদিকে ইতালি তিনটি শট মিস করে বিশ্বকাপ থেকে ছিটকে যায়। ইতিহাসে প্রথমবারের মতো টানা তিনটি বিশ্বকাপে অনুপস্থিত থাকছে সাবেক চ্যাম্পিয়ন ইতালি। বীরোচিত সংবর্ধনা ও মহানুভবতা ম্যাচ পরবর্তী সময়ে আফান সিজমিককে নিয়ে বসনিয়ায় উন্মাদনা শুরু হয়েছে। বিভিন্ন টকশো এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে ব্যস্ত সময় পার করছেন এই কিশোর। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে আফান বলেন, “আমি দেখছিলাম ও বারবার কাগজে কী যেন পড়ছে। তখন মনে হলো এটি সরিয়ে ফেলা উচিত। আমি যা করেছি, ইতালিতে খেলা হলে হয়তো তাদের কোনো বল বয় আমাদের সাথে এটাই করত।” তবে কেবল মাঠের চালাকি নয়, আফান তার মহানুভবতা দিয়েও মানুষের মন জয় করেছেন। ঐতিহাসিক সেই চিরকুটটি তিনি একটি প্লাস্টিক কভারে যত্ন করে রেখেছেন এবং জানিয়েছেন এটি নিলামে তোলা হবে। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থ আর্তমানবতার সেবায় দান করবেন তিনি। বসনিয়ার ফুটবল ভক্তরা এখন দাবি তুলেছেন, বিশ্বকাপে জাতীয় দলের সাথে আফানকেও যেন আমেরিকায় নিয়ে যাওয়া হয়। এনকে চেলিক ক্লাবের যুব দলের এই খেলোয়াড় স্বপ্ন দেখেন একদিন নিজেই জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন। তবে খেলোয়াড় হিসেবে মাঠে নামার আগেই ‘বুদ্ধিমান’ এক বল বয় হিসেবে তিনি যা করেছেন, তা ফুটবল ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে মার্কিন–ইসরায়েলি সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে ন্যাটো মিত্র দেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। মঙ্গলবার রয়টার্সকে তিনি বলেন, ফ্রান্স, ইতালি ও স্পেন তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিচ্ছে না, যা অভিযানকে জটিল করছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ফ্রান্সকে “অসহযোগিতামূলক” উল্লেখ করেছেন। এর পাল্টা ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, তারা সংঘাত শুরুর পর থেকেই তাদের নীতি অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। ফ্রান্সের আকাশসীমা ব্যবহার না দেওয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ফরাসি প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ইতালিও সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে মার্কিন বিমান অবতরণের অনুমতি দেয়নি। অন্যদিকে, স্পেন ইরানবিরোধী অভিযানে আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ বলেন, শুধুমাত্র ন্যাটো সম্মিলিত প্রতিরক্ষা কাজে তাদের ঘাঁটি ব্যবহার অনুমোদিত হবে। যুক্তরাজ্যকেও ট্রাম্প অসহযোগিতার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, জার্মানির রামস্টেইন বিমানঘাঁটি এখনো ব্যবহারযোগ্য থাকলেও দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার সামরিক অভিযানের আইনগত বৈধতা নিয়ে সন্দিহান। উল্লেখ্য, এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসন ও ইউরোপীয় মিত্র দেশগুলোর মধ্যে বিভাজনের প্রতিফলন ঘটাচ্ছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনাপূর্ণ পরিস্থিতিতে বড় ধরনের সিদ্ধান্ত নিলো ইতালি। মধ্যপ্রাচ্যগামী একটি মার্কিন যুদ্ধবিমানকে সিসিলির সিগোনেলা সামরিক ঘাঁটিতে অবতরণ করতে সরাসরি বাধা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যথাযথ পূর্বানুমতি না থাকায় এবং দ্বিপাক্ষিক চুক্তির শর্ত লঙ্ঘিত হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'RAI'-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিমানটি যখন মাঝ আকাশে ছিল, তখনই অবতরণের জন্য অনুরোধ করা হয়। ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেত্তো এই অনুরোধ প্রত্যাখ্যান করে জানান, কোনো ধরনের আলোচনা বা আগাম বার্তা ছাড়াই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। অধিকন্তু, তদন্তে দেখা গেছে এই ফ্লাইটটি সাধারণ লজিস্টিক বা নিয়মিত কোনো কার্যক্রমের অংশ ছিল না, যা বিদ্যমান চুক্তির পরিপন্থী। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইতালি আন্তর্জাতিক চুক্তি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। এর আগে স্পেনও একইভাবে তাদের আকাশসীমা ও ঘাঁটি মার্কিন এবং ইসরায়েলি সামরিক কার্যক্রমের জন্য ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইতালির এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্য সংকটে ইউরোপীয় দেশগুলোর পরিবর্তিত কূটনৈতিক মেরুকরণেরই ইঙ্গিত দিচ্ছে।
জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্ককে পাম সানডে’র গণপ্রার্থনা বা 'মাস' উদযাপনে বাধা দেওয়ায় ইসরায়েলি পুলিশের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে ইতালি। ইতালীর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার ওপর চরম আঘাত হিসেবে অভিহিত করেছেন। লাতিন প্যাট্রিয়ার্কেট সূত্রে জানা গেছে, জেরুজালেমের চার্চ অফ দ্য হোলি সেপালকারে পূর্বনির্ধারিত প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করতে যাচ্ছিলেন কার্ডিনাল পিয়েরবাতিস্তা পিজাবাল্লা। তিনি ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডের ক্যাথলিক বিচারব্যবস্থার প্রধান আর্চবিশপ। তবে সেখানে প্রবেশের সময় ইসরায়েলি পুলিশ তাকে পথিমধ্যে আটকে দেয়। প্রধানমন্ত্রী মেলোনি এক বিবৃতিতে বলেন, "এই ঘটনাটি কেবল মুমিনদের জন্যই নয়, বরং ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করে এমন যে কোনো সম্প্রদায়ের জন্য একটি অবমাননাকর বিষয়।" ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন যে, এই ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ইতালিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছেন। ইসরায়েলি বাহিনীর এমন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।
ইতালির সাম্প্রতিক বিচার বিভাগীয় গণভোটে ‘না’ জয় পাওয়ায় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থি জোট সরকার প্রথম বড় ধাক্কার মুখে পড়েছে। এই ফলাফলের পর তার পরবর্তী পদক্ষেপ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। ক্ষমতায় আসার পর এটি বর্তমান সরকারের প্রথম উল্লেখযোগ্য পরাজয়। এই ফলাফলকে সামনে রেখে বিরোধী দলগুলো মেলোনির ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে ডেমোক্র্যাটিক পার্টির সেক্রেটারি এলি শ্লিন একে ‘বিকল্প সংখ্যাগরিষ্ঠতা’র ইঙ্গিত হিসেবে দেখছেন। গণভোটের এই ফলাফলের পর মেলোনির সামনে কয়েকটি সম্ভাব্য পথ রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার সঙ্গে সাক্ষাৎ করে পার্লামেন্টে পুনরায় আস্থা ভোট নেওয়ার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত। ২০১৬ সালে মাত্তেও রেনজি গণভোটে হেরে পদত্যাগ করলেও মেলোনির ক্ষেত্রে এমন সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। এছাড়া আগাম নির্বাচন দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। সংবাদমাধ্যম রেপুব্লিকার তথ্য অনুযায়ী, দুর্বল অবস্থানে থেকে মেয়াদের শেষ পর্যন্ত যাওয়ার পরিবর্তে আগাম নির্বাচন দিয়ে বিরোধীদের অপ্রস্তুত অবস্থায় ফেলতে পারেন তিনি। অন্যদিকে, নতুন নির্বাচনি আইন প্রণয়নও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে দক্ষিণ ইতালিতে বিরোধীদের উত্থানের প্রেক্ষাপটে বিজয়ী জোটকে বড় ধরনের ‘মেজোরিটি বোনাস’ দেওয়ার মতো আইন আনার চিন্তা করছে সরকার। ডেমোক্র্যাটিক পার্টি এই ফলাফলকে সরকারের বিরুদ্ধে জনমতের প্রতিফলন হিসেবে দেখছে। একই সঙ্গে মেলোনির দল ব্রাদার্স অব ইতালি জোটভিত্তিক শক্তিশালী বোনাস ব্যবস্থার পক্ষে মত দিচ্ছে। বর্তমানে পদত্যাগের সম্ভাবনা কম থাকলেও মেলোনিকে এখন পার্লামেন্ট ও জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ধরে রাখার প্রমাণ দিতে হবে। বিরোধীরা নতুন জোট গঠনের আগেই তিনি কোনো বড় সিদ্ধান্ত নেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে এক ভয়াবহ ড্রোন হামলায় ইতালীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট বা ড্রোন ধ্বংস হয়েছে। ইতালির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল লুসিয়ানো পোর্তোলানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। আক্রমণের শিকার এই বিমানঘাঁটিটি যুক্তরাষ্ট্র এবং ইতালীয় বাহিনীর যৌথ ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জেনারেল পোর্তোলানো জানান, ধ্বংস হওয়া বিমানটি ওই অঞ্চলে সামরিক কার্যক্রম এবং অপারেশনাল ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটি অপরিহার্য সম্পদ ছিল। তবে স্বস্তির বিষয় হলো, হামলায় কোনো ইতালীয় সেনার প্রাণহানি ঘটেনি এবং বর্তমানে সেখানে অবস্থানরত সকল কর্মীরা নিরাপদ রয়েছেন। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গত কয়েকদিন ধরেই ওই ঘাঁটিতে ইতালীয় সেনাদের সংখ্যা কমিয়ে আনা হয়েছিল। বর্তমানে যারা সেখানে অবস্থান করছেন, তারা কেবল অত্যন্ত জরুরি এবং অপরিহার্য দায়িত্বগুলো পালন করছেন। ইতালির প্রতিরক্ষা দপ্তর এবং জয়েন্ট অপারেশন হেডকোয়ার্টার সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং মাঠ পর্যায়ের কন্টিনজেন্টগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।
কুয়েতে অবস্থিত একটি ইতালীয় সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইতালীয় সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এই ঘাঁটিটি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ব্যবহার করে আসছিল। ফরাসি সংবাদ সংস্থা এএফপি-এর তথ্যমতে, হামলার পরপরই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো সেনা সদস্যের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনটি আঘাত হানলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছে ইতালীয় ও কুয়েতি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই হামলাটি বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে।
ইরাকের কুর্দিস্তানে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনার পর সেখান থেকে সাময়িকভাবে নিজেদের সমস্ত সৈন্য ও কর্মী সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি। বৃহস্পতিবার ইতালীয় সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মূলত ওই অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে দেশটি এই পদক্ষেপ গ্রহণ করেছে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেত্তো দেশটির সংবাদমাধ্যম টিজিওয়ান (TG1)-কে জানান, বুধবারের ওই ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও স্পষ্ট করেছেন যে, এই সেনা প্রত্যাহারের পরিকল্পনাটি আগে থেকেই নির্ধারিত ছিল। তবে বুধবারের হামলার ঘটনাটি চলমান এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে চূড়ান্ত রূপ দিয়েছে। বর্তমানে ইরাকি কুর্দিস্তানের ওই ঘাঁটি থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ইতালির এই পিছু হটা এবং সেনা প্রত্যাহারের বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের আঁচ এবার গিয়ে লেগেছে ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে। ইউরোপীয় ইউনিয়নের এই সীমান্ত রক্ষায় এক শক্তিশালী পদক্ষেপ নিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার এক জরুরি ভিডিও বার্তায় সাইপ্রাসে একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ (ফ্রিগেট) মোতায়েনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী মেলোনি স্পষ্ট করে জানিয়েছেন, এই পদক্ষেপ মূলত ‘ইউরোপীয় সংহতি’ প্রদর্শন এবং সংঘাত প্রতিরোধে ইতালির সদিচ্ছার বহিঃপ্রকাশ। তবে তিনি দৃঢ়ভাবে পুনরায় উল্লেখ করেন যে, ইতালি কোনোভাবেই এই যুদ্ধের অংশ নয় এবং তারা সরাসরি সংঘাতে জড়াতে ইচ্ছুক নয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, মোতায়েনকৃত 'ফেডেরিকো মার্টিনেঙ্গো' ফ্রিগেটটি ইতালীয় নৌবাহিনীর অন্যতম শক্তিশালী রণতরী। ১৬০ জনেরও বেশি অভিজ্ঞ ক্রু এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত এই জাহাজটি গত শুক্রবার বিকেলে দক্ষিণ ইতালির তারান্টো বন্দর থেকে সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা হয়েছে। কূটনৈতিক পর্যায়েও বেশ সক্রিয় রোম। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন মেলোনি। এর পাশাপাশি মার্কিন-ইসরাইলি হামলার পাল্টায় ইরানি হামলার আশঙ্কায় থাকা উপসাগরীয় দেশগুলোতেও বিমান প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে মেলোনি সরকার। মূলত আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে নিয়ে আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করাই এখন ইতালির প্রধান লক্ষ্য।
ইতালিতে আগামী তিন বছরের জন্য (২০২৬–২০২৮) প্রায় ৫ লাখ শ্রমিক নিয়োগের প্রথম ধাপ শেষ হয়েছে। বুধবার, ১৮ ফেব্রুয়ারি, এই ধাপে মোট ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন প্রার্থী আবেদন জমা দেন। কড়াকড়ি এবং জটিল প্রক্রিয়ার কারণে এবারের আবেদন সংখ্যা কিছুটা কম হওয়ায়, যোগ্য প্রার্থীদের ভিসা পাওয়ার সম্ভাবনা অন্যান্য বছরের তুলনায় বেশি বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। ভিসা প্রক্রিয়ায় এবার শ্রমিকদের বিভিন্ন খাতে ভাগ করা হয়েছে। সিজনাল বা মৌসুমী কাজ, কৃষি ও পর্যটন খাতে কোটা ছিল ৮৮ হাজার, নন-সিজনাল কাজে ৭৬ হাজার ২০০ এবং স্বনির্ভর কাজের জন্য ৬৫০ জন শ্রমিকের সুযোগ রাখা হয়েছে। ১২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে আবেদন নেওয়া হয়। শেষ দিনে বিশেষ করে গৃহস্থালি বা ডোমেস্টিক কাজে আবেদন জমা দেওয়ার চাপ বেশি ছিল। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এবারের আবেদন প্রক্রিয়া তেমন সহজ ছিল না। আবাসন সনদ এবং রেসিডেন্স সংক্রান্ত কঠোর নিয়মের কারণে অনেকেই আবেদন করতে পারেননি। যারা এই জটিল ধাপ পার হয়ে আবেদন করতে পেরেছেন, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা এবার অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি। তারা আরও সতর্ক করেছেন, এই সুযোগকে কাজে লাগানোর সময় সাধারণ মানুষ যেন দালালদের ফাঁদে না পড়ে। এছাড়া চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরবর্তী ধাপে ১ লাখ ৬৫ হাজার শ্রমিকের জন্য আবেদন শুরু হবে।
১২ ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচন ও গণভোটের পর বাংলাদেশের আগামীর পথচলায় সংহতি প্রকাশ করল ইতালি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে এবং জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষকে একীভূত হওয়ার বিশেষ বার্তা দিয়েছে দেশটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এই শুভেচ্ছা জানায়। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তায় বলা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন। নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক শুভেচ্ছা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী এবং দেশের উন্নয়ন ও স্থীতিশীলতার জন্য আমরা সকল রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। ইতালি সরকার বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বহুজাতিক শান্তি সংস্থা ‘বোর্ড অব পিস’-এ যোগ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতালি। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির সংবিধানে থাকা অলঙ্ঘনীয় আইনি সীমাবদ্ধতার কারণেই তারা এই বৈশ্বিক উদ্যোগে অংশ নিতে পারছেন না। চলতি বছরের জানুয়ারিতে দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প এই ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দিয়েছিলেন। ইতোমধ্যে ১৯টি দেশ এর সনদে স্বাক্ষর করেছে। মূলত গাজার পুনর্গঠন তদারকির উদ্দেশ্যে এই সংস্থাটি গঠনের প্রাথমিক লক্ষ্য জানানো হলেও, এর সনদে সংস্থাটির পরিধি বিশ্বজুড়ে বিস্তৃত করার ইঙ্গিত রয়েছে। ইতালির সংবাদ সংস্থা আনসাকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী তাজানি বলেন, “আমরা বোর্ড অব পিসে পূর্ণাঙ্গ সদস্য হিসেবে অংশ নিতে পারছি না কারণ আমাদের সংবিধানে আইনি সীমাবদ্ধতা স্পষ্টভাবে নির্ধারিত আছে। আইনি দৃষ্টিকোণ থেকে এটি অতিক্রম করা ইতালির জন্য কোনোভাবেই সম্ভব নয়।” ইতালির সংবিধানের ধারা অনুযায়ী, কোনো একক বিদেশি নেতার অধীনে সরাসরি পরিচালিত কোনো সংস্থায় দেশটি পূর্ণ সদস্য হিসেবে যোগ দিতে পারে না। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুরুতে এই উদ্যোগের প্রতি বেশ আগ্রহ দেখিয়েছিলেন। তবে তিনিও স্বীকার করেছিলেন যে বর্তমান কাঠামোতে ইতালির সংবিধানে বড় ধরনের জটিলতা রয়েছে। মেলোনি আশা করেছিলেন, ইউরোপীয় দেশগুলোর উদ্বেগের কথা মাথায় রেখে ট্রাম্প হয়তো এই সংস্থার মূল কাঠামোতে কিছুটা পরিবর্তন আনবেন। কিন্তু তাজানির সাম্প্রতিক ঘোষণা সেই প্রত্যাশায় পানি ঢেলে দিয়েছে। বিশেষ করে মিলানে শীতকালীন অলিম্পিক চলাকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের মাত্র একদিন পরেই ইতালির পক্ষ থেকে এমন কড়া সিদ্ধান্ত জানানো হলো। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ‘বোর্ড অব পিস’-কে অনেকেই বর্তমান জাতিসংঘের একটি শক্তিশালী বিকল্প হিসেবে দেখছেন। এই উদ্যোগ নিয়ে ফ্রান্স এবং ব্রিটেনের মতো ঘনিষ্ঠ মার্কিন মিত্রদের মধ্যেও যথেষ্ট দ্বিধা রয়েছে। সমালোচকদের বড় একটি অংশ মনে করছেন, এই সংস্থার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মূলত আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ইতালির এই পিছুটান ট্রাম্পের এই উচ্চাভিলাষী প্রজেক্টের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।
এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল। এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে। একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই। “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান। এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে। সূত্র: Royanews